চৈতন্য (শহিদুল শাহ) – ৬

অভিশাপ

বেশ কিছুদিন যাবত কোথাও যাওয়া হচ্ছে না। সবসময় আশ্রমেই পড়ে থাকি। মন চাইলে খাই, না চাইলে না-খেয়েই ঘুমিয়ে পড়ি। খাবারদাবার নিয়ে কোনো অস্থিরতা বা চিন্তা নেই। আশ্রমের উঠানে শাকসবজির অভাব নেই। গাছে-গাছে ফলফুল কোনাটা-না-কোনোটা আছেই। প্রায় প্রতিদিন কেউ-না-কেউ গুরুদেবের জন্য প্রসাদ নিয়ে আসেন। মাঝেমধ্যে গুরুমাও খাবার নিয়ে আসেন। আমাদের না-খেয়ে থাকতে হচ্ছে না। আশ্রমে বিশ্রাম ও আনন্দ উদযাপন ছাড়া আমাদের কোনোকিছু করার নেই। আমি ও গুরুদেব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জাগতিক ভোগবিলাসে মত্ত কিছু মানুষ ক্লান্ত হয়ে আমাদের কাছে আসে সুখের সন্ধানে। জন্মচক্রের বন্ধনে বন্দী দুঃখী মানুষেরাও আসে আমাদের কাছে মুক্তির সন্ধানে। এতে মনে হয়—আমরা এই পৃথিবীর বড়-বড় রাজাদের চেয়েও বড় রাজা।

সেদিন গুরুদেবের আশ্রমে এক যুবক আসলেন, যার মুখে অস্থিরতা এবং বিষণ্নতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিলো। যুবকটি গুরুদেবের পায়ে সাষ্টাঙ্গসিজদা দিয়ে বললেন, “প্রভুজি, আমার নিজের কাছে নিজেকে অভিশপ্ত মনে হয়। বুদ্ধি হবার পর থেকে আমি আমার জীবনে যাকিছু চেয়েছি, তার কোনোকিছুই পাইনি। মনে হয় আমার জীবনটা অন্ধকারে ঘেরা। আমি জানি না, কেন না-পাওয়ার বেদনা আমাকে স্বস্তিতে থাকতে দেয় না। কেউ তো আমাকে অভিশাপ দেয়নি, তবুও আমি কেন অভিশপ্ত? এই অভিশাপ থেকে মুক্তির পথ কী?”

গুরুদেব যুবকের চোখে চোখ রাখলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, “তুমি যে অভিশাপের কথা বলছো, তা আসলে কোথা থেকে এসেছে? তোমার মধ্যে কি সত্যিই ক্ষোভ ও ঘৃণা আছে, নাকি তুমি শুধু অতীতের দুঃখের চাপে নিজেকে অভিশপ্ত অনুভব করছো?”

যুবক মাথা নিচু করে বলল, “হ্যাঁ, হয়তো। তবে, আমার জীবনটা কখনোই ঠিক পথে চলেনি। আমি যা চেয়েছি, তা কখনো পাইনি।”

গুরুদেব বললেন, “জীবন কখনো সরলরেখায় চলে না, বাপ। এটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উত্তাল। যে নদী একবার শান্ত ছিল, সে আবার উত্তাল হতে পারে। জীবনও তেমন। তুমি অভিশাপের কথা বলছো, এতে কিছু হয় না। কিন্তু, তোমার ভিতরের শক্তি যদি পরিবর্তিত হয়, যদি তুমি জীবনের দুঃখ এবং আনন্দ দুটোই গ্রহণ করতে শিখো, তবে এই নদীটা তোমার দিকে আর মন্দভাবে প্রবাহিত হবে না।”

যুবক মাথা তুলে বললেন, “তাহলে অভিশাপ বলে কিছু নেই?”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “শুভকামনা এবং অভিশাপ, দুটোই মাত্র শব্দ। মানুষ একে অপরকে অভিশাপ দেয়, বা শুভকামনা জানায়, কিন্তু এসব শুধুই ভাবনা। মানুষ যখন নিজে ভেতর থেকে শান্ত থাকে, যখন সে দয়ার চোখে দেখবে অন্যদের, তখন সে প্রকৃত শুভকামনা করবে। যখন সে অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করবে, তখন সে প্রকৃত সহানুভূতি প্রকাশ করবে।”

যুবক বেশকিছুক্ষণ কী যেনো ভাবলেন। তারপর বললেন,“তাহলে, কীভাবে আমি আমার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবো?”

গুরুদেব ধীরে-ধীরে বললেন, “প্রথমে তোমাকে নিজেকে বুঝতে হবে। তুমি যা চাওনি, তা যদি পাও, তাহলে তুমি কী করবে? যদি জীবনের নদী শান্তভাবে প্রবাহিত হয়, তোমার কী হবে? জীবন কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ নয়, এটা একটি যাত্রা। তুমি যদি এই যাত্রাকে অপরের সহানুভূতি ও ভালোবাসায় ভরিয়ে দাও, তবে তুমি নিজেই শান্তি পাবে। অন্যদের অভিশাপ বা শুভকামনা তোমার সুখে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু তোমার অন্তরের প্রশান্তি সবার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসবে।”

যুবকটি আবারও গুরুদেবকে সাষ্টাঙ্গসিজদা দিলেন এবং বিদায় নিয়ে চলে যাবার জন্য প্রস্তুতি নিলেন। গুরুদেব তাঁকে থামিয়ে এক শান্ত হাসি দিয়ে বললেন, “তুমি যখন সহানুভূতির সঙ্গে জীবন কাটাবে, তখনই প্রকৃত শুভকামনা তোমার অন্তরে জন্ম নেবে, আর অভিশাপ স্রেফ অশান্তির ভাষা হয়ে থাকবে।”

যুবকটি চলে গেলেন। আমি আমার দুচোখ বন্ধ করে অনুভূতির চক্ষু দিয়ে দেখলাম—জীবন যেখানে যেমন, তেমনটা মেনে নেওয়াই অভিশাপ মুক্তির পথ।

আপনজন

কয়েকদিন পর, গুরুদেবের এক পুরনো ভক্ত আশ্রমে এসে গুরুদেবকে জিজ্ঞেস করলেন, “গুরুজি, জীবনে তো কম মানুষের সঙ্গে চললাম না, কিন্তু আমার মন প্রায়ই একা অনুভব করে। আমি জানি না, প্রকৃত ‘আপনজন’ কে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন, এদের মধ্য থেকে আমি আমার প্রকৃত আপনজনকে কীভাবে খুঁজে পাবো?”

গুরুদেব তাকে বসতে ইঙ্গিত দিলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, “বাপ, তুমি ঠিকই বলেছো—এই পৃথিবীতে আমরা অনেক সম্পর্ক তৈরি করি, অনেক মানুষের সঙ্গ পাই। কিন্তু প্রকৃত আপনজন কে, আমরা অনেকেই তাঁকে খুঁজে পাই না। কেন পাইনা তার সম্ভাব্য কারণ হলো—আমরা শুধু রক্তের সম্পর্ক এবং ‘তোমাকে ভালোবাসি’ মুখে বলা লোকদের আপন মনে করি।”

ভক্ত মাথা নেড়ে বললেন, “তাহলে, প্রকৃত আপনজনের পরিচয় কী? তাঁকে কোথায় খুঁজে পাবো?”

গুরুদেব একটুখানি হেসে বললেন, “প্রকৃত আপনজন সে-ই, যিনি তোমার অন্তরের অনুভূতিগুলো বুঝতে পারেন। যে, তোমার না-বলা কথা শুনতে পারেন, যে তোমার চোখের ভাষা বোঝেন। সে তোমাকে কখনো বিচার করে না, শুধু তোমার মনের গভীরতা উপলব্ধি করার চেষ্টা করে।”

ভক্ত একটু ভাবলেন, তারপর বললেন, “তাহলে, রক্তের সম্পর্কের মানুষগুলি কেন আপনজন হতে পারে না?”

গুরুদেব বললেন, “পারে না আবার পারেও। কারণ— রক্তের সম্পর্কও সবসময় প্রকৃত আপনজন হতে পারে না। অনেক সময়, তুমি যাদের জন্য এত কিছু করো, তারা তোমার ‘আপন’ হতে পারে না। কারণ, তারা তোমার অন্তর বুঝতে পারে না, তোমার অন্তরের অনুভূতি উপলব্ধি করতে পারে না। প্রকৃত আপনজন সে, যে তোমার সুখ-দুঃখ, আশা-নিরাশা, সব কিছু গভীরভাবে জানে। কিন্তু, সে তোমাকে কোনোদিন বিচারের চোখে দেখে না, শুধু ভালোবাসে।”

ভক্ত নিরব হয়ে গেল। কিছুক্ষণ পর, গুরুদেব বললেন, “প্রকৃত আপনজন, সে-ই, যে কখনো তোমাকে বিচারের দৃষ্টিতে দেখবে না, বরং তোমার পাশে দাঁড়িয়ে তোমার সঙ্গে থাকবেই। সে, তোমার অন্ধকার দিকগুলোও জানে, আলোকিত দিকগুলোও জানে এবং সবকিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসে।”

ভক্ত গুরুদেবের কথা শুনে এক গভীর উপলব্ধিতে পৌঁছালো। সে মাথা নেড়ে বললেন, “তাহলে, প্রকৃত আপনজনের মানে শুধু রক্তের সম্পর্ক নয়, সে তো সেই, যে আমার অন্তরটাকে বুঝতে পারে।”

গুরুদেব মিষ্টি হাসি হেসে বললেন, “যখন তুমি কাউকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে, তাকে বুঝতে চেষ্টা করবে, তখনই তুমি বুঝবে—প্রকৃত আপনজন কে।”

ভক্ত কিছুক্ষণ পর চলে গেলেন। আমি আমার চোখ দুটো বন্ধ করে গুরুদেবের কথা গভীরভাবে অনুভব করলাম। আমার মন পরিষ্কার হয়ে গেল, আমি জানলাম— প্রকৃত ‘আপন’ সে, যে আমার অন্তরের সঙ্গী, যে আমার গভীরতম অনুভূতি বুঝতে পারে, না-বলা কথাগুলো শুনতে পারে!

আকাঙ্খার চোরাবালি

বিকেলবেলা, দামী গাড়িতে করে একটা লোক আসলেন গুরুদেবের আশ্রমে। ঝুড়িতে করে ফলফলাদি, মিষ্টি এবং শপিং ব্যাগে নতুন কাপড়চোপড় নিয়ে এসেছেন। সেগুলো গুরুদেবের সামনে রাখলেন। তাঁদের দুজনের কুশল বিনিময়ের ভাব দেখে বুঝতে পারলাম লোকটা গুরুদেবের বাল্যবন্ধু। এখন সে অনেক টাকাপয়সার মালিক। অনেক টাকাপয়সার মালিক হলেও সে তাঁর পুরনো বন্ধুকে ভুলে যায়নি। অনেক কথার ফাঁকে লোকটা গুরুদেবকে জিজ্ঞেস করলেন, “বন্ধু, আমি কত কিছু চাই। সবকিছু পাওয়ার পরও কেন যেন মনে হয়, জীবনে কিছুই পাইনি! বল তো, কেন এই অতৃপ্তি?”

গুরুদেব মাটি থেকে একটি ভাঙা ইটের টুকরো হাতে নিয়ে তাকে দেখিয়ে বললেন, “এই পাথরটি দেখতে কেমন, বন্ধু?”

লোকটা জিজ্ঞাসু চোখে বললেন, “এটা তো শুধু এক টুকরো ইট। এর মধ্যে কি বিশেষ কিছু আছে?”

গুরুদেব হেসে বললেন, “যখন তুমি চাও, তখন তোমার হৃদয়ের মধ্যে একটি তৃষ্ণা তৈরি হয়, বন্ধু! ঠিক যেমন তুমি এই পাথরটি দেখে মনে করছ যে এটি কিছুটা মূল্যহীন, তেমনি আকাঙ্খা যতই বাড়ে, ততই তা তোমাকে তৃপ্তি দিতে অক্ষম হয়ে যায়। আকাঙ্খার চোরাবালিতে তখন তুমি ডুবতে থাকো…। যতটা চাও, ততটা যখন না পাও, তখন তোমার আত্মা শূন্য হয়ে যায়!”

লোকটি গভীর মনোযোগে কথাগুলো শুনতেছিলেন। গুরুদেব আবারও বললেন, “তবে মনে রেখো, চাওয়া মানেই খারাপ নয়। প্রয়োজন, লক্ষ্য—এসব জীবনের অংশ। কিন্তু সে চাওয়াগুলোকে যদি সীমাবদ্ধ না রাখো, তবে তুমি অগণিত স্বপ্নের পেছনে ছুটতে থাকবে, যেমন এক পিপঁড়ে ফুলের মধুর খোঁজে ছুটে চলতে থাকে। কিন্তু কখনোই সে তার মূল গন্তব্যে পৌঁছাতে পারে না।”

গুরুদেব একটু থামলেন। মিষ্টির প্যাকেট থেকে কয়েকটি মিষ্টি লোকটাকে এবং আমাকে খেতে দিয়ে বললেন, “আত্মজ্ঞানই একমাত্র ঔষধ, যা আকাঙ্খার বৃত্ত থেকে তোমাকে মুক্তি দিতে পারে। যদি তুমি জানো—তোমার কতটুকু প্রয়োজন, তাহলে অন্যসব জল্পনা-কল্পনা তোমার জীবন থেকে সরে যাবে। তখন তুমি এমন এক অবস্থানে পৌঁছে যাবে, যেখানে তুমি অল্পতেই সন্তুষ্টি লাভ করবে।”

লোকটা মাথা নত করে বললেন, “কিন্তু, কীভাবে জানব, কোনটা প্রয়োজন আর কোনটা শুধুই আকাঙ্খা?”

গুরুদেব বললেন, “শুধু নিজের অন্তরের ডাক শুনো। তোমার মনের গভীরে যা শান্তি ও প্রশান্তির অনুভূতি জাগায়, সেটিই প্রয়োজন। আর যেটি তোমাকে উত্তেজনা দেয়, রঙিন স্বপ্ন দেখায়, সেটি আকাঙ্খা।”

লোকটা এক পলক চুপ থাকলেন। তারপর গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, “ধন্যবাদ, বন্ধু। আজ থেকে আমি সজাগ হয়ে পথ চলবো, আকাঙ্খার চোরাবালিতে পা দেবোনা। আর জানব, কখন থামতে হবে। আজকের মতো আসি তাহলে।”

লোকটি চলে গেলেন, আর আমি আমার মনের আকাঙ্খার বৃত্ত থেকে মুক্তি লাভ করলাম!

লাভ জিহাদ

আজকের বিকেলটা আমার জীবনের সবচেয়ে দুর্বলতম নিরীহ এক বিকেল, আজ আমি তুলসীদের বাড়ির সামনে অবস্থিত মন্দির চত্বরে অপমানিত হলাম!

না, আমি কিছু চুরি করিনি। না, আমি কারো মেয়েকে জোর করে ভালোবেসেও ফেলিনি। কোনো হিন্দু মেয়েকে মুসলিম বানানোর ধান্দায় প্রেমের অভিনয়ও করতে আসিনি, আমি শুধু একজন মানুষের সঙ্গে, একজন মেয়ে তুলসীর সঙ্গে, একটু দেখা করতে—তাঁর বাড়ির সামনে এসেছি, একটু গল্প করতে এসেছি। ভালো লাগে তাই এসেছি।

আমি মুসলিম ঘরে জন্মেছি — এটিই আমার অপরাধ। আর তুলসী হিন্দু ঘরে জন্মেছে— ওটা তাঁর অপরাধ। আমরা একসঙ্গে বসে কথা বলি— এটা সমাজের চোখে আমাদের সবচেয়ে বড় অপরাধ।

তুলসীদের বাড়ির আঙিনায় যেতে-না-যেতেই মন্দিরের পুরোহিত লোকটা আমাকে হঠাৎ করেই ডেকে নিলো। কোনো ভূমিকা নয়, কোনো জিজ্ঞাসা নয়—সরাসরি অপমান করে বসলো! সে বলল, “তুই লাভ জিহাদি। তুই অভিনয় করছিস, তুলসীকে মুসলমান বানাবি।”

পুরোহিতের কথা শুনে কিছু একটা আমার ভেতরে ভেঙে গেল। শুধু অপমান নয়, অপবিত্রতার অভিযোগ—যা আমার হৃদয়ের চেয়েও নির্মল কিছু জিনিসকে কলুষিত করল!

যা প্রশ্ন তুলল আমার মনুষ্যত্বে, আমার নীরব বন্ধুত্বে, আমার নির্দোষতা আর আত্মিকতায়।

আমি কোনোদিন ধর্ম নিয়ে ভাবিনি এভাবে।

আমি মনে করি, মানুষের মাঝেই ঈশ্বর থাকেন।

একজন মানুষকে আপন করে নেওয়াতেই তো আল্লাহকে ছোঁয়া যায়, ভগবানকে চেনা যায়।

কিন্তু আজকে, প্রথমবারের মতো আমি বুঝলাম— এই সমাজে ভালোবাসার আগে পরিচয় দিতে হয়, এই সমাজে ভগবানকে খোঁজার আগে ধর্মের বৈধতা জমা দিতে হয়।

আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না।

আমি কেঁপে উঠলাম, আর কাঁপতে কাঁপতে শুধু একটা বাক্য পুরোহিতের উদ্দেশ্যে ছুড়ে দিলাম, “আপনি জীবন্ত শয়তান।”

এরপর পরিস্থিতি আরও বিশৃঙ্খলার দিকে এগুতে লাগলো। উপস্থিত লোকজন অধিকাংশ হিন্দু। কারণ তুলসীদের গ্রামটা ছিলো হিন্দু প্রধান এলাকা। তুলসীর বাপ-মা এসে পুরোহিতের হাতেপায়ে ধরে আমাকে বিদায় করে দিলেন। আমি লজ্জায় ও ঘৃণায় মাথানিচু করে সেখান থেকে চলে আসলাম। আমার কোনো কথাই ওরা শুনছিলো না। ওরা আমার হৃদয়টাকে কোনোভাবেই বোঝার চেষ্টা করেনি।

আশ্রমে ফিরে আসার পড়েও সেই বাক্যটা আমার কানে বাজছে—তুই লাভ জিহাদি। লাভ জিহাদি কী? এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আগে জানতাম না, আজই জানলাম। প্রেমের অভিনয় করে হিন্দু মেয়েকে যে মুসলমান বানায়, সে-ই লাভ জিহাদি। শব্দটা আমার জন্য খুবই লজ্জাজনক। পুরোহিতকে ‘শয়তান’ বলাটা হয়তো উচিত হয়নি।

কিন্তু ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কেউ যদি ঈশ্বরের চেহারা বিকৃত করে ফেলে, তবে কি তাকে ‘শয়তান’ বলা অন্যায়?

হিন্দুধর্মের অসুর আর ইসলামধর্মের শয়তান চরিত্র নিয়ে আমার মনে একটা খটকা ছিলো। আমি প্রায়ই ভাবতাম—অসুর বা শয়তান চরিত্রটা কাল্পনিক নাকি পৌরাণিক? এই চরিত্রের কি কোনো বাস্তবতা আছে? গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, পৃথিবীতে কি অসুর নামে কেউ কখনও ছিলো? শয়তান চরিত্রটারই বা বাস্তবতা কী? শয়তানকে আমরা কেন দেখতে পাইনা?”

গুরুদেব বললেন, “অসুর চরিত্র ছিলো এবং এখনও আছে। শয়তানের বাস্তবতা হলো—সে জনসম্মুখে দিব্যি ঘোরাফেরা করে! শয়তান আর অসুর একই চরিত্র।”

আমি অবাক হয়ে বললাম, “শয়তান ও অসুর একই চরিত্র? তারা এখনও আছে? তারা জনসম্মুখে ঘোরাফেরা করে, কই আমি তো দেখতে পাইনা!”

এরপর গুরুদেব দুচোখ বন্ধ করে বললেন, “অসুররা সাধারণত নিজের শক্তি বা জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ মনে করে। তারা অন্যকে তুচ্ছ করে এবং ক্ষমতার অপব্যবহার করে। তারা ইন্দ্রিয়ের ভোগে আকৃষ্ট থাকে। সীমাহীন কামনা, সম্পদের প্রতি আসক্তি এবং ভোগই তাদের উদ্দেশ্য। অসুর চরিত্রের মানুষ সাধারণত অন্যের দুঃখ, কষ্ট বা দুর্বলতাকে উপলব্ধি করতে অক্ষম। বরং তারা দুর্বলতার সুযোগ নেয়। তারা প্রায়ই মিথ্যা, ছলনা ও ষড়যন্ত্রের আশ্রয় নেয়, নিজ স্বার্থ হাসিলের জন্য। তাদের মধ্যে ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য, বা শুদ্ধ-অশুদ্ধের উপলব্ধি অনেকটাই ঝাপসা হয়ে যায়, বা তারা ইচ্ছাকৃতভাবে সেই বিবেককে উপেক্ষা করে। তারা সামাজিক শান্তি, সাম্য বা ন্যায়ের বদলে সংঘর্ষ, বিদ্বেষ বা বিভাজনের পথে এগোয়। অসুর চরিত্র আমাদের ভেতরের সেই অন্ধকার, যেটা চেতনা না থাকলে আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। এটি কোনো ধর্মীয় পরিচয় নয়—বরং একটি মনস্তাত্ত্বিক অবস্থা।”

গুরুদেবের কথা শুনে নিশ্চিত হলাম—তুলসীদের মন্দিরের পুরোহিতটা সত্যিই জীবন্ত শয়তান। এমন শয়তান নিশ্চয়ই মসজিদেও যাওয়া-আসা করে। যারা ধর্ম দিয়ে প্রেমকে বিচার করে, তারা শয়তান নয়তো কী?

সহজ মানুষ

মনমেজাজ খিটখিটে। পুরোহিতের ঘটানো ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তুলসীর সঙ্গে পুনরায় কীভাবে দেখা হবে সেই পথাটাও খুঁজে পাচ্ছি না। দুঃখে বুক ফেটে যাচ্ছে। গুরুদেবকে বিষয়টা জানানোর পরেও গুরুদেব এবিষয়ে কোনো কথা বললেন না। এতে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়লাম।

আশ্রমের উত্তর পাশে পাকুড় গাছের নিচে চোখেমুখে বিষণ্ণতার ছাপ নিয়ে বসে আছেন মধ্যবয়সী এক লোক । গাছের পাতার ফাঁক গলে রোদ এসে পড়ছে তার অবনত মুখে। আশ্রমের ভেতর থেকে গুরুদেব লোকটিকে দেখতে পেলেন। আমাকে বললেন লোকটাকে ভেতরে ডেকে নিয়ে আসতে। লোকটাকে ডেকে নিয়ে আসলাম। গুরুদেব তাকে বসতে বললেন, লোকটি বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, “কী হইছে আপনার? মনটা খারাপ কেন?”

লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ঠাকুর, আমি তো কারও ক্ষতি করি না, কাউকে ছোটও করি না। সত্য বলি, প্রতারণা করি না, কারও দুঃখ দেখলে কষ্ট পাই। কিন্তু মানুষ আমাকে বোঝে না। আমার সরলতাকে দুর্বলতা ভাবে, কেউ কেউ তো ঠকিয়ে আনন্দও পায়। আচ্ছা, আমি কি তবে ভুল মানুষ?”

গুরুদেব মৃদু হেসে বললেন, “নদী কি কখনো ভাবে, সে ভুল পথে প্রবাহিত হচ্ছে? বাতাস কি কখনো ভাবে, সে অকারণে বইছে?”

লোকটি কিছু বলল না, চুপ করে গুরুদেবের মুখের দিকে তাকিয়ে রইলেন। গুরুদেব আবার বললেন, “আপনি ভুল মানুষ না; সহজ মানুষ। সহজ মানুষের বৈশিষ্ট্য হলো—তাঁরা ভাবে, কেন মানুষ প্রতারণা করে? কেন কথা দিয়ে কথা রাখে না? কেন তারা ভালোবাসতে জানে না? কেন তারা এত কুটিল? কেন তারা এমন? কেন তারা বৈষম্যের সৃষ্টি করে, কেন তারা মানুষে-মানুষে বিভাজনের সৃষ্টি করে? কিন্তু প্রিয়, কখনো ভেবে দেখেছেন, সহজ হওয়াটাই তো এক অলৌকিক ব্যাপার! যেখানে সবাই কঠিন হওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে আপনি সহজ হয়ে বেঁচে আছেন—এটাই তো বড় আশ্চর্যের বিষয়!”

লোকটি গুরুদেবের কথা মুগ্ধ হয়ে শুনছেন। গুরুদেব একটু থেমে আবার বললেন, “নদী কি থেমে থাকে পাথরের বাধায়? বাতাস কি দেয়াল দেখে দিক বদলায়? সহজ মানুষরা এই দুনিয়ার রীতিনীতি দেখে প্রশ্ন করে যায়, কিন্তু উত্তর পাওয়ার জন্য নয়। তাঁরা ভাবে—পৃথিবীটা এমন কেন? তাঁরা প্রশ্ন করে, কারণ তাদের হৃদয় এখনো জীবন্ত। আর যতদিন হৃদয় বেঁচে থাকবে, ততদিন পৃথিবী একটুখানি হলেও সুন্দর থাকবে।”

লোকটির চোখে জল চলে এলো। সে মাথা নিচু করে বললেন, “তাহলে কি আমি এই পৃথিবীতে টিকে থাকতে পারব, ঠাকুর?”

গুরুদেব লোকটির মাথায় স্নেহময় হাত রাখলেন। মৃদু হেসে বললেন, “সহজ মানুষরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য আসে না, প্রিয়। তারা আসে পৃথিবীকে একটুখানি সহজ করে যেতে।”

লোকটি গুরুদেবকে প্রণাম করে বিদায় নিলেন। তাঁর চোখেমুখে তৃপ্তির ছায়া অনুভব করলাম। পাকুড়ের ঢালে তখন সূর্য ঢলে পড়ছে। আকাশের রঙ বদলে যাচ্ছে…। আমি দুচোখ বন্ধ করে অনুভব করলাম সহজ মানুষের সংজ্ঞা। এই দুনিয়ায় সহজ মানুষেরা শুধু প্রশ্ন করে যায়… উত্তরহীন এক জীবন নিয়ে! আমি উপলব্ধি করলাম—গুরুদেব কথাগুলো ঐ লোকটাকেই শুধু বললেন না, আমাকেও বললেন। আমি যা বোঝার বুঝে গেলাম। আমি আশ্বস্ত হলাম।

ক্ষুধার ধর্ম

ধর্ম মানুষকে শেখাবে—ভালোবাসা, দয়া, সহমর্মিতা। অথচ ধর্ম নিয়েই ধার্মিকেরা যদি বিভক্ত হয় এবং রক্তপাতের সৃষ্টি করে, তাহলে প্রশ্ন জাগে—এই মতভেদ কী ঈশ্বরের ইচ্ছা? নাকি মানুষের ব্যাখ্যার সীমাবদ্ধতা? নাকি ধর্ম বিষয়টিই মানবজাতির জন্য বিষবৃক্ষ?

সব নদী সাগরে মেশে, কিন্তু নদীগুলোর উৎস, পথ আর প্রবাহ এক নয়। কেউ পাহাড় ভেদ করে আসে, কেউ ঝর্ণা হয়ে ঝরে পড়ে, কেউ আবার ধীরে ধীরে সমতলে বয়ে চলে। ঠিক তেমনি—সব ধর্মই শেষমেশ সত্যের সন্ধানে যাত্রা করবে, ভাষা, রীতি আর প্রতীক আলাদা-আলাদা যা-ই হোক। এই ভিন্নতা কাল, স্থান ও সমাজের বৈচিত্র্য থেকে হতেই পারে। কিন্তু এটা ঈশ্বরের অভিপ্রায় হতে পারে না।

একজন হিন্দু বলতেই পারে—মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজ তাঁরে; একজন মুসলিম বলতে পারে—যদি ভোগ দিলে ভগবান মিলতো খোদা মিলতো শিন্নিতে; একজন বৌদ্ধ বলতে পারে—আত্মজ্ঞানই মুক্তি; একজন খ্রিস্টান বলতে পারে—প্রেমই ঈশ্বরের পথ। এতে করে একে অপরকে ভুল প্রমাণ করার অবকাশ থাকে না। বরং যে যেভাবেই বলুক, এখানে একটি মাত্র দিকই তুলে ধরা হয়।

ধার্মিকদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিলো আত্মশুদ্ধি, কিন্তু তারা ধর্মকে কলুষিত করেছে ক্ষমতা, লোভে, স্বার্থ এবং গোঁড়ামির মোড়কে। তারা নিজস্ব দল, জাতি বা সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ধর্মকে হাতিয়ার বানিয়েছে। কোনো শিষ্য যদি শুধুই গুরুর পোশাক দেখে তাঁর শিক্ষার গভীরতা মাপতে চায়, তবে সে শুধু অন্ধ ভক্ত, প্রকৃত অনুসন্ধানী হতে পারে না। ঠিক তেমনি কোনো ধার্মিক যদি জন্মসূত্রে পাওয়া ধর্ম দিয়ে অন্য ধর্মকে বিচার করতে চায়, তাহলে সে অন্ধবিশ্বাসী, আত্মতাত্ত্বিক নয়।

বুদ্ধ বলেছেন—“নিজে যাচাই করো, অনুসরণ করো না কেবল শ্রদ্ধা থেকে।” বুদ্ধের এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগে। কথাগুলোর মাঝে আছে সহজসরল মিমাংসা। এই আলাপের মধ্যে লুকিয়ে আছে মতভেদকে মেনে নেওয়ার শ্রদ্ধা, অনুসন্ধান চালিয়ে যাওয়ার স্বাধীনতা।

মতভেদ হবে, যেমন দিগন্তে রঙ বদলায় সূর্য ওঠা-নামার সময়। কিন্তু আলো তো একই থাকে—সেই সূর্যই সব রঙে খেলে। ঠিক তেমনই, ধর্মের রঙ আলাদা হলেও আলো একটাই—সত্য, দয়া, প্রেম।

ধর্ম যদি সত্যিই ঈশ্বরের পথ হয়, তাহলে সে পথ কাউকে ছোট করে নয়, বড় করতে শেখায়। যে পথ অহং বাড়ায়, গণ্ডি টানে, বিদ্বেষ ছড়ায়—তা পথ নয়, তা বিভ্রান্তি।

ধর্মের জন্য তো মানুষ না, মানুষের জন্য ধর্ম। ধর্মই যদি মানুষে-মানুষে বিভাজনের সৃষ্টি করে, তাহলে ধর্মের চেয়ে নিকৃষ্ট আর কী থাকতে পারে? তুলসী আর আমার মাঝখানে দেয়ালটা দেখছি ধর্ম। ধর্ম কেন হৃদয়ের ডাক শুনতে পায় না? কেন ধার্মিকরা হৃদয়ের কান্না উপলব্ধি করতে চায় না?

তুলসী আর আমার মিলনের পথে ধর্ম যদি হয় কাঁটা, তাহলে সেই ধর্মকে আমি প্রত্যাখান করতে চাই। আমি মুসলিম থেকে হিন্দু হতে চাই। অথবা দুজনেই দুটো ধর্মকে পরিত্যাগ করতে চাই। কারণ, আমার কাছে ধর্মের চেয়ে প্রেম বড়। প্রেমই আমার ধর্ম।

হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শুয়োর খায় না। কেন খায় না? শুনেছি এটা না-কি ধর্মের বিধিনিষেধ। পৃথিবীতে যতো ধর্মই থাক, সব ধর্মের গন্তব্য যদি হয় ঈশ্বর পর্যন্ত, তাহলে সেই ঈশ্বর একেক ধর্মের মানুষকে একেকরকম খাদ্যের বিধিনিষেধ দিলেন কেন? এটা কি সত্যিই ঈশ্বরের বিধিনিষেধ? এই প্রশ্নগুলো আমার মাথায় বারংবার ঘুরপাক খাচ্ছে…! কারণ, ধর্মের প্রতি আমি এখন চরম বিরক্ত। গরম কড়াই থেকে লাফ দিয়ে চুলোয় ঢুকে পড়া আর এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে ধর্মান্তরিত হওয়া একই কথা। তুবুও আমি ধর্মান্তিরত হতে চাই। কারণ প্রেমের ঊর্ধ্বে ধর্ম হতে পারে না—আমি ধর্ম চাই না, প্রেম চাই।

প্রেমের কারণে ধর্মান্তিরত হওয়ার পক্ষে গুরুদেবের অবস্থান কী জানার জন্য কৌশলে গুরুদেবকে বললাম, “বাজান, প্রেমের কারণে কোনো মুসলিম যদি শুয়োর খায় এবং কোনো হিন্দু যদি গরু খায়, তাহলে পাপ হবে?”

গুরুদেব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, “একটা গল্প বলি শোনো: গভীর অরণ্যের মাঝে এক পুরনো বৌদ্ধ মঠ। কয়েকজন ভিক্ষু আর তাদের গুরু সেখানেই বসবাস করেন। বৃষ্টি, ঝড়, দুর্ভিক্ষ—সবকিছু পেরিয়ে মঠ টিকে আছে বছরের পর বছর। কিন্তু এবার পরিস্থিতি ভয়াবহ। তিন মাস ধরে পর্যাপ্ত খাদ্য নেই। বন-জঙ্গল চষে যা পাওয়া যায়, তাই দিয়ে চলছে দিন। ভিক্ষুরা শুকিয়ে কাঠ। গুরুজীও নীরব। শুধু ধ্যান করছেন, যেন মনকে ক্ষুধার যন্ত্রণা থেকে দূরে রাখতে পারেন।

চতুর্থ মাসের শুরুতে অবস্থা চরমে পৌঁছাল। এক রাতে মঠের দরজায় কেউ করাঘাত করল। দুর্বল হাতে এক শিষ্য দরজা খুলতেই দেখল—একজন শিকারি দাঁড়িয়ে আছে। তার কাঁধে সদ্য মারা এক হরিণ। শিকারি বলল—আমি দেখেছি, তোমরা ক্ষুধার্ত। এটা গ্রহণ করো।

ভিক্ষুরা নড়ে উঠল। কিন্তু গুরু ধীর স্বরে বললেন— হে আগন্তুক, আমরা নিরামিষভোজী, আমরা মাংস গ্রহণ করি না। এটা আমাদের ধর্মের শিক্ষা।

শিকারি তাকিয়ে থাকল কিছুক্ষণ, তারপর বলল—আপনারা বেঁচে থাকলেই তো ধর্ম থাকবে। পেটে ক্ষুধার আগুন দাউদাউ করে জ্বললে, কেউ কি প্রার্থনা করতে পারে?

ভিক্ষুরা চুপ। গুরু কিছুক্ষণ তাকিয়ে রইলেন মৃত হরিণের দিকে। তারপর ধীরে উঠে দাঁড়িয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বললেন—ক্ষুধার কাছে ধর্ম নেই। ধর্ম টিকে থাকে প্রাণের ভিতর। বেঁচে থাকাই প্রথম ধর্ম।

তিনি হাত বাড়িয়ে হরিণের শরীর ছুঁলেন। সেদিন প্রথমবারের মতো মঠের প্রদীপগুলো আলোয় জ্বলে উঠল, আর শিষ্যরা ভাতের সাথে মাংস খেলো—নীরব, অপরাধবোধহীন, নিছক বেঁচে থাকার জন্য!”

গুরুদেবের গল্প বলা শেষে বুঝতে পারলাম—ক্ষুধার আগুনে যেমন ধর্মের বিধানও পুড়ে ছাই হয়ে যায়, তেমনি প্রেমিকের প্রেমাগুনে স্বয়ং ঈশ্বরও গলে যান! তাই প্রেমের জয়কে রক্ষা করতে ধর্ম পরিবর্তন ব্যপার না। পেটের ক্ষুধায় ধর্মকে অস্বীকার করতে পারলে, প্রেমের ক্ষুধায় কেন পারবো না? অনেকটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম—তুলসীকে পাবার জন্য প্রয়োজনে ধর্ম ত্যাগ করবো…..

জীবন্ত উঠান

কাজকর্ম নেই। আশ্রমে সারাদিন শুয়ে-বসে থাকতেও ভালো লাগছে না। মনটা কেমন যেন উদাসী-উদাসী। ভাবলাম দূরে কোথাও থেকে ঘুরে আসা যাক। কিন্তু কোথায় যাবো? কোনো গন্তব্য নাই। গুরুদেবকে বলেকয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্যহীন পথ চলা। হাঁটছি তো হাঁটছিই…।

শহরের সদরদরজা ভেদ করে চলে গেলাম শেষ প্রান্তে। একটা ছোট্ট চায়ের দোকান থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। কাছে যেতেই দেখলাম—আরে এতো আমার বাল্যবন্ধু খোদাবক্স! খোদাবক্স আমার খেলার সাথীদের যে-কাউকে কথায়-কথায় হেয় করত, ঈর্ষা করত এবং নিজেকে সবসময় বড় করে দেখাতো। এতোদিন পর দেখা, যেখানে সে জানতে চাইবে আমি কোথায় আছি কেমন আছি, তা না করে বরং বলল, “কি রে, তোর এই ফকিরের বেশ কেন?”

ওর কথায় আমি খুব লজ্জিত হলাম এবং কথা না-বাড়িয়ে পথ হাঁটা শুরু করলাম। এই ঘটনায় আমি দুঃখও পেলাম অনেক। মনটাকে ভালো করার জন্য বেরিয়েছিলাম, অথচ মনটা আরও খারাপ হয়ে গেল। তাই আর বেশিদূর না এগিয়ে উল্টোপথ ধরলাম আশ্রমের উদ্দেশ্যে। হাঁটতে-হাঁটতে আশ্রমে চলে এলাম। তখনও আমার মন খারাপ। গুরুদেব আমাকে দেখে আমার মনখারাপের কারণ জানতে চাইলে আমি তাঁকে সব খুলে বললাম। গুরুদেব আমাকে তাঁর পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, “তুমি কি জানো অরণ্যের সবচেয়ে সুন্দর গাছটিও বিষাক্ত হয়?”

আমি খিটখিটে মেজাজে উত্তর দিলাম, “না, জানি না।”

গুরুদেব বললেন, “এমন গাছও আছে, যে গাছ বাহ্যিকভাবে সুন্দর, ফুল ঘ্রাণময়, কিন্তু তার ফল খেলে মৃত্যু নিশ্চিত! ঠিক তেমনি, সমাজে এমন সৌন্দর্যের মানুষও আছে, যাদের বাইরে সুন্দর, ভেতরটা বিষাক্ত। আত্মরতির মোহই তাদের সৌন্দর্য মনে হয়। তারা অন্যকে খাটো করে বড় হতে চায়, কিন্তু তাদের ভিতর বিষে ভরা। তাদের ছায়ায় থাকলে সেই বিষ তোমাকেও গ্রাস করবে।”

তখনও সেই বন্ধুর প্রতি আমার রাগ ভাঙেনি। হৃদয়টা জ্বলেপুড়ে ছাই হয়ে যাচ্ছিলো। হৃদয় পোড়া গন্ধ উগরে গুরুদেবকে বললাম, “তাহলে এখন আমার কী করা উচিৎ?”

গুরুদেব বললেন, “তোমাকে অরণ্যের বিষবৃক্ষ চিনতে হবে। না চিনলে বিষবৃক্ষের ছায়া এড়িয়ে চলবে কেমনে? মনে রেখো, সত্যিকারের মানুষ নিজের আলোয় জ্বলে, অন্যের আলো নেভানোর প্রয়োজন তার হয় না। যারা অন্যকে ছোটো করে, যারা অন্যের আলো নিভিয়ে দিতে চায়, তারা সেই বিষবৃক্ষের মতোই, আর এরাই সমাজের বিষমানব।”

আমি বললাম, “সমাজে অধিকাংশ মানুষ বিষমানব, এদের হাত থেকে বাঁচা অসম্ভব। বাঁচতে চাইলে ঠিক তোমার মতো সমাজ পরিত্যাগ করতে হবে।”

গুরুদেব বললেন, “বাপ, একদিন খুব নিঃসঙ্গ বোধ করছিলাম। চারদিকে কংক্রিট, যান্ত্রিকতা, অরণ্যহীনতা, আর বিষমানবের ছড়াছড়ি—সব মিলে যেন আত্মা শুকিয়ে যাচ্ছিল আমার! তখন হঠাৎ ইচ্ছে জাগে—আমি এই সমাজ পরিত্যাগ করবো। কিন্তু, এই সমাজ পরিত্যাগ করে কীভাবে বাঁচবো? সিদ্ধান্ত নিলাম— আমি একটা গাছ লাগাবো। না, শুধু একটা গাছ নয়, একটা উঠান তৈরি করব—যেটা প্রাণে ভরে উঠবে, ছায়ায় ঢেকে দেবে ক্লান্ত দুপুর, আর তার ডালে উঠবে জীবন। আমি ভাবলাম, একদিকে বট, অন্যদিকে পাকুড়। যেন স্থিতি আর গতি পাশাপাশি দাঁড়িয়ে থাকে। একদিকে ধ্যান, অন্যদিকে দোল। একদিকে অতীতের মতো গভীর, অন্যদিকে বর্তমানের মতো প্রাণবন্ত। এই উঠান হবে শুধু আমার নয়, তাঁদেরও—যারা নিঃশ্বাস নিতে চায় প্রকৃতির ছায়ায়। যারা স্বস্তি পেতে চায় বিষমানব থেকে। এখানে থাকবে না কোনো দেয়াল, থাকবে না কোনো দড়ি দিয়ে বাঁধা নিষেধ। এখানে বসবে শিশুরা, বয়স্কেরা, প্রেমিকযুগল, একাকী পথিক, অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা ঘাসে গড়াগড়ি দেওয়া কুকুর। এই উঠানে সময় থেমে যাবে, আর প্রকৃতি বলবে তার নিজস্ব ভাষায়—“তুমি এসেছো, এখন বসো”। পাকুড় গাছের পাতা হাওয়ায় নড়বে, পাখি ডেকে উঠবে তার ফল খেতে এসে। আর বটগাছ তার ঝুলন্ত শিকড় ছুঁয়ে দেবে পৃথিবীকে—যেন বলে উঠবে, “আমি আছি, যতদিন এই ভূমি আছে”। এই জীবন্ত উঠান হবে আমার ছোট্ট এক বর্ণময় বিদ্রোহ—নির্জীব জীবনের বিরুদ্ধে। আমি গাছ রোপণ করব, যত্ন নেব, দেখব কেমন করে সময়ের সঙ্গে সঙ্গে একটা জীবন নিজেই বিস্তার লাভ করে। আমি জানতাম, আমি আমার আশানুরূপ তেমন কিছু করতে পারবোনা। কিন্তু একটা গাছ রোপণ করলেই তো শুরু হয় এক মহাকাব্য। একটা ছায়া মানেই তো এক আশ্রয়। একটা পাতা মানেই তো একটা কবিতা। তাই নিজের জমানো কিছু টাকা দিয়ে পরিত্যক্ত মন্দিরের জায়গাটুকু কিনে নিলাম। আনন্দের বিষয় হলো— বট ও পাকুড় গাছ আমাকে রোপণ করতে হলোনা। যুগযুগ ধরে এখানেই দাঁড়িয়ে ছিলো গাছ দুটো। আমি আশ্রয় নিলাম এই উঠানে, এই গাছের ছায়ায়। এই উঠান এখন শুধু উঠান নয়— এটা আমার ছোট্ট একটা প্রাণতীর্থ, যেখানে বিষাক্ত মানুষের আনাগোনা নেই।”

গুরুদেবের কথা শুনে আমার মনে আর কোনো দুঃখ রইল না। আমি বুঝতে পারলাম কেন গুরুদেব সমাজ পরিত্যাগ করেছিলেন। আমিও মুগ্ধ এবং কৃতজ্ঞ এজন্য যে, এমন একজন নির্ভেজাল গুরুর চরণতলে ঠাই পেয়েছি।

লজ্জার আয়না

সন্ধ্যার কালো রং আশ্রমের আঙিনায় ধীরে-ধীরে ছড়িয়ে পড়ছে। বটগাছের ডালে বসা পাখিগুলো নীরব হয়ে এসেছে, যেন তারা কোনো অদৃশ্য নির্দেশে ধ্যানস্থ হয়ে গেছে। পশ্চিমের আকাশে সূর্য তার শেষ রক্তিম আভা ছড়িয়ে দিতে-দিতে হারিয়ে গেছে। বাতাসে কুড়ানো পাতা ও ধূপের গন্ধ মিশে এক অদ্ভুত পবিত্রতা তৈরি করেছে আশ্রমের চারপাশ। আশ্রমের ভেতরে জ্বলছে একটা টিমটিমে প্রদীপের আলো।

গুরুদেব সিদ্ধি সেবায় নিমগ্ন। পাশে বসে আমি তাঁর সেবায় নিয়োজিত। আমার মনটা আজ শান্ত। প্রতিটি মুহূর্তে গুরুদেবের নিঃশ্বাস, হাতের মুদ্রা, চোখের দৃষ্টি যেন আমার মনকে নতুন কোনো উপলব্ধির দিকে ঠেলে দিচ্ছে। হঠাৎ আশ্রমে প্রবেশ করলেন গুরুদেবের এক দূরসম্পর্কের নাতি। ছেলেটির মুখে পথচলার ধুলো, চোখে ক্লান্তি, কিন্তু কপালে এক আশ্চর্য আকুতি।

গভীর শ্রদ্ধায় মাথা নত করে ছেলেটি বলল, “আসসালামু আলাইকুম, নানা। কেমন আছেন? অনেকদিন পর এলাম। ভাবলাম একবার আপনাকে দেখে যাই। আগামীকাল সকালেই আবার ফিরে যাব।”

গুরুদেব শুধু হালকা মাথা নেড়ে সাড়া দিলেন। তারপর তাকে বসতে বললেন। ছেলেটি ধীরে ধীরে গুরুদেবের পাশে বসে পড়ল। এখন আমরা তিনজন। ধূপের ধোঁয়া আমাদের মাঝখানে পর্দার মতো ভাসছে। আমাদের মধ্যে নানাবিধ কথাবার্তা হতে লাগলো। অনেক কথার ফাঁকে হঠাৎ ছেলেটি গুরুদেবকে বলল, “নানা, আমি বড় কিছু করতে চাই। আমার মধ্যে ইচ্ছে আছে, চিন্তা আছে, অনেক স্বপ্ন আছে। কিন্তু এক অদৃশ্য শিকল যেন আমায় আটকে রাখে। আমি যখনই কোনো কাজ করতে যাই, আমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ওঠে—‘তুই পারবি না। এটা করলে লোকে কি ভাববে?’ সেই কণ্ঠস্বরই যেন আমাকে হাত-পা বেঁধে রাখে। এই অবস্থা থেকে আমার মুক্তির উপায় কী নানা?”

গুরুদেব একটু হেসে তাঁর নাতির দিকে তাকালেন, কিছু বললেন না। তাঁর ডান হাতটা ধীরে-ধীরে উপরের দিকে ওঠালেন। আশ্রমের দেয়ালের দিকে ইশারা করে বললেন, “ওদিকে তাকাও।”

ছেলেটি আশ্রমের দেয়ালের দিকে তাকালেন। সঙ্গে আমিও তাকালাম। আমাদের মাঝখানে যে প্রদীপটা জ্বলছে, তার আলোয় আমাদের প্রতিবিম্ব ফুটে উঠেছে। আমাদের মুখ—আলো ও ছায়ার মাঝখানে দাঁড়িয়ে। মুখের একপাশে আলো, অন্য পাশে ছায়া। আমি নিজের প্রতিচ্ছবি ভালো করে দেখলাম—এক অদ্ভুত আলোআঁধারি মুখ হলেও, কোনটা কার প্রতিবিম্ব তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

গুরুদেব এবার প্রশ্ন করলেন, “লজ্জা কি তোমার শক্তি, না দুর্বলতা?”

ছেলেটি চুপ করে রইল। আমিও চুপচাপ তাঁদের কথাই শুনছি। ছেলেটি বলল, “ লজ্জা আমার শক্তি নাকি দুর্বলতা, তা জানি না। তবে লজ্জা আমাকে পেছনে টানে। আমি যা ভাবি, তা করতে পারি না। নিজেকে সবসময় ছোট মনে হয়। লোকে কী বলবে—এই ভেবে আমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। আমি অনেক কাজ করার পরিকল্পনা করি, কিন্তু শুরু করতে গিয়েই ফিরে আসি।”

গুরুদেব নিজের হাত বাড়িয়ে প্রদীপটা নাড়াতে লাগলেন। আলো কেঁপে উঠল। দেয়ালে আমাদের প্রতিচ্ছবি যেন কুয়াশার মধ্যে হারিয়ে যেতে লাগল। মুখগুলো বিকৃত হয়ে গেল, কোনটা কার প্রতিচ্ছবি বোঝা যাচ্ছে না। ছেলেটি বলল,

“প্রদীপটা নাড়ানোর কারণে আমাদের মুখ বিকৃত হয়ে গেছে।”

গুরুদেব বললেন, “ঠিক তাই। আলো যখন স্থির থাকে, তুমি নিজের মুখ দেখতে পাও। কিন্তু আলো যখন নাড়ানো হয়, ছায়া আর আলো মিশে যায়, তখন নিজের প্রতিচ্ছবিকেই তুমি ভয় পাও। লজ্জাও ঠিক তেমন। যতক্ষণ তুমি তাকে বাইরে থেকে দেখবে, যতক্ষণ তুমি তাকে ভয় পাবে, সে ততক্ষণ তোমার উপর ছায়া ফেলবে। তুমি ভাববে—এই আমি তো দুর্বল, ছোট, অপূর্ণ। কিন্তু একবার যদি তুমি লজ্জাকে স্পর্শ করো, প্রশ্ন করো, তার মুখোমুখি দাঁড়াও—সে নিজের ভ্রান্ত ছায়া হারিয়ে ফেলবে। ঠিক যেমন এই দুলন্ত প্রদীপে প্রতিচ্ছবি বিকৃত হয়ে যায়, তেমনই ভয়ও বিকৃতি তৈরি করে।”

আমি তখন নিজের ভেতরেও সেই একই দ্বিধার কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই ভয়, সেই ‘মানুষ কী বলবে’-র ছায়া আমার মধ্যেও যে কতদিন ধরে বাসা বেঁধে আছে, তা যেন হঠাৎ করেই টের পেলাম। মনে হচ্ছিল, গুরুদেব যেন আমাকেও এই প্রশ্ন করছেন।

গুরুদেব প্রদীপটা আবার স্থির করলেন । আমরা দুজন—নাতি আর আমি, আবার তাকালাম দেয়ালে। এখন আর বিকৃতি নেই। মুখগুলো পরিষ্কার, আলোয় উজ্জ্বল। যেমন আমরা, তেমনই দেখা যাচ্ছে।

নাতি ধীরে-ধীরে বলল, “তাহলে তো আমার ভয়টা আমিই বানিয়েছি। লজ্জাটা তো আমার নিজেরই সৃষ্টি।”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “নিজেকে বুঝতে না পারার মাঝেই লজ্জার জন্ম। আর বুঝতে পারলে সে আর থাকতে পারে না। লজ্জা ভয় থেকে আসে, আর ভয় মনের দুলুনিতে জন্মায়। মন যদি স্থির করো, ভয়ও থেমে যায়। আর তখন তুমি দেখতে পাবে—তোমার ভেতরের আলো আসলে কখনো নিভে যায়নি।”

রাত ক্রমেই গভীর হয়ে আসছে। আশ্রমের উঠানে চাঁদের আলো পড়েছে, যেন প্রকৃতি নিজেই স্বীকৃতি দিচ্ছে গুরুদেবের বাণীকে। বাতাস এখন ঠান্ডা, কিন্তু ভেতরের আগুন উজ্জ্বল।

আমি চোখ বন্ধ করে ভাবলাম—যে ভয়কে আমি এতকাল সত্য ভেবেছিলাম, সে আসলে এক দুলন্ত প্রদীপের ছায়া ছাড়া কিছু নয়। লজ্জার আয়নায় মুখ না দেখে তা ভেঙে ফেলাই উত্তম। লজ্জার আয়নায় মুখ দেখা মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। এবং সফলও হতে পারে না।

শাসনের দর্শন

আমি সৌভাগ্যবান এজন্য যে, আমার গুরুদেব এমন একজন গুরু, যিনি ধর্ম, দর্শন, বিজ্ঞান ও জ্ঞানের এমন কোনো শাখা নেই যা সে কমবেশি বোঝেন না। আজ হটাৎ করে আশ্রমে সিভিল ড্রেস পরে এক পুলিশ কর্মকর্তা এসেছেন। তিনি আইনের মানুষ, অথচ তাঁর ভেতরটা পুরোই আধ্যাত্মিক। আমাদের দেশের আইনের চোখে যেহেতু গাঁজা সেবন করা অপরাধ, তাই তাঁর পেশার প্রতি শ্রদ্ধা রেখে নামোল্লেখ করছি না। তিনি গুরুদেবের পাশে গাঁজা সেবন করছিলেন আর জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করছিলেন। লোকটি গুরুদেবকে ‘দয়াল’ সম্বোধন করে কথা বলছিলেন। একসময় লোকটি গুরুদেবকে জিজ্ঞেস করলেন, “দয়াল, শাসন বলতে আপনি কী বোঝেন? শাসক কি আপনার কাছে শুধুই ক্ষমতার প্রতীক?”

গুরুদেব লোকটিকে বারবার দাদাভাই সম্বোধন করে কথা বলছিলেন। লোকটির প্রশ্নের জবাবে গুরুদেব বললেন, “না, দাদাভাই। শাসন হল আত্মার এক দায়বদ্ধতা। যে সত্যকে ধারণ করে, সেই প্রকৃত শাসক। ক্ষমতা যার লক্ষ্য, সে শাসক নয়, সে কেবল এক ভয়ানক তৃষ্ণার দাস!”

গুরুদেবের উত্তর শুনে লোকটি বিস্মিত হলেন৷ আমি নিজেও পাশে বসে অবাক হলাম। গুরুদেব আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন নাই, অথচ তিনি শাসন ও শাসকদের নিয়েও কথা বলতে পারেন! গুরুদেবের ভেতর থেকে আরও কিছু মূল্যবান কথা বের করার জন্য আমি মাঝখান থেকে বললাম, “কিন্তু বাজান, আমরা তো দেখি, আইনের মাধ্যমে শাসন চলে। আইনই তো মানুষের আচরণ নির্ধারণ করে। এখানে তো আত্মার দায়বদ্ধতা নেই!”

গুরুদেব বললেন, “হ্যাঁ বাজান, আইন মানুষের বুনো প্রবৃত্তির মধ্যে সীমারেখা টানে। কিন্তু মনে রেখো, আইন কেবল তখনই ন্যায়ের বাহক, যখন তার উৎস নৈতিকতা। নৈতিকতা হারালে আইন হয়ে যায় শৃঙ্খলার নামে নিপীড়নের অস্ত্র!”

ভদ্রলোকটি বললেন, “আর আইনজীবী সম্পর্কে আপনার অভিমত কী?”

গুরুদেব গালে টোলপড়া হাসি হেসে বললেন, “আইনজীবী ভাষার কারিগর। কিন্তু ভাষা নিরপেক্ষ নয়। সত্যকে শব্দে ধরতে গেলে সততার প্রয়োজন। যদি ভাষা বিক্রি হয়, তবে সত্যও বিক্রি হয়!”

পুলিশ কর্মকর্তা বললেন, “দয়াল, সত্য বিক্রি হবে কীভাবে? সত্যকে পাহারা দেবার জন্য তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনার তাদের প্রতি বিশ্বাস নেই? যারা আইনশৃঙ্খলা রক্ষা করছে—তারা কি সত্য বা ন্যায়ের রক্ষক নয়?”

গুরুদেব চটজলদি উত্তরে বললেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটা সদস্য যদি সত্যকে রক্ষা করেন, তবে নিশ্চয়ই তারা সত্যের রক্ষক। কিন্তু যদি তারা শাসকের ইচ্ছায় সত্যকে চাপা দেয়, তবে তারা আর রক্ষক নয়, তারা হয়ে ওঠেন নিয়ন্ত্রণের যন্ত্র। আর তখন সমাজ তাদের ভয় পেলেও, শ্রদ্ধা করে না!”

লোকটি নাছোড়বান্দা টাইপের। গুরুদেবের কথা শেষ হতে-না-হতেই আবারও বললেন, “তাহলে বিচারক? তিনি তো চূড়ান্ত সত্যের ধারক, তাই না?”

গুরুদেব বললেন, “বিচারক যদি নিজের আত্মার দরজায় কড়া নাড়েন প্রতিটি রায়ের আগে, তবে তিনি সত্যের সেবক। কিন্তু যদি তিনি বিধি পালনকে দায়িত্ব মনে করে আত্মিক জবাবদিহিতাকে ভুলে যান, তবে তিনি কেবল নিয়ম প্রয়োগকারী, ন্যায়ের নয়!”

গুরুদেবের কথা শুনে লোকটি মনে হলো হাল ছেড়ে দিলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে অতঃপর বললেন, “তাহলে দয়াল, “শাসন জিনিসটা আসলে কী?”

গুরুদেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, “শাসন হল এক আত্মিক শপথ—সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, মানুষের মর্যাদার প্রতি। শাসক, আইন, বিচার—এসব একেকটি আয়না, যেখানে সমাজ নিজের মুখ দেখে। আয়না যদি মলিন হয়, প্রতিচ্ছবিও বিকৃত হয়। তাই শাসনের প্রশ্ন কেবল রাজনৈতিক নয়—এ এক অস্তিত্বের প্রশ্ন। মূলকথা হলো—আমরা আসলে সত্যের কতটা যোগ্য?”

লোকটি আর কোনো কথা বললেন না। কোলাকুলি ও পায়ে ছালাম করে বিদায় নিলেন। যাবার সময় অনেকগুলো টাকা গুরুদেবকে প্রণামী দিতে চাইলেন, গুরুদেব কোনোমতেই নিলেন না। লোকটি আমার পকেটে টাকাগুলো গুঁজে দিয়ে ব’লে গেলেন—এমন মানুষের চরণ ছেড়ে দিও না!

অশ্রুর আলো

নির্জন আশ্রমঘরে কেবল নিঃশ্বাসের শব্দ আর একটিমাত্র মোমবাতির শিখা। আশেপাশে গাঢ় অন্ধকার, যেন প্রকৃতিই এক নিঃশব্দ শ্রোতা হয়ে বসে আছে। সেই নীরবতার মাঝে গুরুদেব সহ আমরা কয়েকজন মৌন আড্ডায় মেতে আছি। অনেকক্ষণ পড়ে একজন গভীর নিশ্বাস ফেলল। তার চোখে কেবল হাহাকার। গুরুদেব তার চোখে চোখ রাখলেন। লোকটা মাথা নত করলেন। গুরুদেব তাঁকে তাঁর মনের কথা খুলে বলার জন্য ইংগিত দিলেন। কাঁপুনি কণ্ঠে লোকটা বললেন, “প্রভু, মনটা খুব ভারী লাগছে। সব কিছু যেন ফসকে যাচ্ছে হাতের মুঠো থেকে… আমি বুঝতে পারছি না, কীভাবে নিজেকে টিকিয়ে রাখব। সংসারের জ্বালা দূর করতে কত চেষ্টা করছি, পারছিনা! পরিবারকে সুখী করতে নিজের জীবন-যৌবন সবই খোয়াচ্ছি, লাভ হচ্ছে না। নিজের কাছে নিজের কোনো মূল্য খুঁজে পাচ্ছি না, প্রভু!”

গুরুদেব ধীরে-ধীরে মোমবাতির দিকে তাকালেন। শিখাটি হালকা বাতাসে কাঁপছে, কিন্তু নিবছে না। তাঁর চোখে যেন এক প্রাচীন প্রশান্তি, যেটা শত বেদনার মধ্যেও নষ্ট হয় না। তিনি শান্ত গলায় বললেন, “এই মোমবাতিটা কি কখনো কাঁদে, বাপ?”

আমার গুরুভাই, অর্থাৎ, আমার সহযাত্রী লোকটা একটু থমকে গেলেন। প্রশ্নটি তাঁর কাছে অপ্রত্যাশিত, গভীর ও জটিল মনে হচ্ছিল সম্ভবত। তবুও ইতস্তত কণ্ঠে বললেন, “না তো, কাঁদে না।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “তবু দেখো, এটি গলে যায়। প্রতিটি ফোঁটা গলনের মাঝে, সে নিজেকে হারায়। কিন্তু সেই হারানোতেই তো তার আলো, তার উজ্জ্বলতা। সে নিজেকে নিঃশেষ করে, যাতে আশেপাশের অন্ধকার সরে যায়।”

আমার সহযাত্রী লোকটা নিশ্চুপ। তাঁর কথা যেন গলায় আটকে আছে। কিছুক্ষণ পর সে নিচু গলায় বলল, “তাহলে আমি কি শুধু গলে যাব, প্রভু? জ্বলেপুড়ে নিজেকে শেষ করে দেয়াটাই কি আমার জীবনের সার্থকতা?”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, বাপ। তুমি কাঁদবে, তুমি ব্যথিত হবে, তুমি শেষ হবে জেনেও নিজেকে গড়বে—কারণ তুমি মানুষ। তবে লক্ষ্য রেখো, কোনো দুঃখ যেন তোমাকে অন্ধকার জীবনে নিক্ষেপ না করে, বরং তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে তোলে। কান্না তখনই পবিত্র, যখন তা অন্ধকারে দীপ্তি আনে।”

আমার গুরুভাইয়ের চোখ জলে ভিজে উঠল। তাঁর চোখের অশ্রু কান্নার নয়, এ অশ্রু যেন এক অদ্ভুত আত্মদীপ্তির বাহক। আমি অনুভব করলাম—তাঁর বুকের ভারটা একটু হালকা হয়েছে। অন্ধকার ঘরে এক নতুন আলো জ্বলে উঠেছে—তার ভেতরে। এ আলো নিঃশব্দ, কিন্তু প্রবল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *