চৈতন্য (শহিদুল শাহ) – ১১

চরিত্রের বাঁধ

নিশীথ রাতে চাঁদের আলো ফোঁটায় ফোঁটায় পড়ছে পুকুরের শান্ত জলে। পাকুড় গাছের ফাঁক দিয়ে হালকা বাতাস বয়ে আসছে, বাতাসের তোড়ে বটগাছের পাতার মৃদু শব্দ যেন সৃষ্টির গোপন কোনো মন্ত্র পাঠ করছে। বটগাছের নিচে গুরুদেব ধ্যানমগ্ন ছিলেন, আমার পদধ্বনি শুনে ধীরে ধীরে চোখ খুললেন। কিছুক্ষণ পর গুরুদেব বললেন, “কিছু বলবে বাপ?”

আমও দীর্ঘশ্বাস ফেলে বললাম, “সাঁইজি, মানুষ কেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে? একজন আমার উপর আস্থা রাখে, আর আমি যদি তাকে আঘাত করি—এ আমার কেমন প্রবৃত্তি?”

গুরুদেব বললেন, “এই প্রশ্নের উত্তর পেতে হলে, আগে বলো—নদী কখন বাঁধ ভেঙে বন্যা সৃষ্টি করে?”

আমও কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর বললাম, “যখন জল সীমার বাইরে চলে যায়, তখনই তো নদী ভাসিয়ে দেয় চারপাশ!”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “ঠিক তাই। মানুষের মনেও রয়েছে সীমারেখা। সমাজ, নীতি আর ভয় সেই বাঁধের মতো, যা মানুষকে সংযত রাখে। কিন্তু যখন স্বার্থপরতা, লোভ কিংবা ভয় সেই বাঁধ ভেঙে দেয়, তখনই সে বিশ্বাসঘাতকতা করে।”

আমি চুপ করে রইলাম, গুরুদেব আবার বললেন, “ব্রুটাস কি জন্ম থেকে বিশ্বাসঘাতক ছিল? না, সে সিজারের প্রিয়পাত্র ছিল। কিন্তু যখন মনে হলো, তার অস্তিত্ব হুমকির মুখে, তখন সে বন্ধুর উপরই ছুরি চালাল। মানুষ তখনই প্রতারণা করে, যখন মনে করে, সে না করলে সে নিজেই হারিয়ে যাবে।”

আমি বললাম, “তাহলে কি বিশ্বাসঘাতকতা অনিবার্য?”

গুরুদেব কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন, যেন তার উত্তর বাতাসের সঙ্গে মিশে আছে। তারপর বললেন, “যদি বাঁধ যথেষ্ট শক্ত হয়, তবে নদী কখনোই আগ্রাসী হতে পারবে না। তেমনি, যার নৈতিকতা শক্ত, যার আত্মা সত্যের সঙ্গে বাঁধা, সে কখনো বিশ্বাসঘাতক হবে না।”

আমি মাথা নত করে বললাম, “তাহলে আমাকেও নিজের চরিত্রের বাঁধ শক্ত করতে হবে, যেন কোনো লোভ বা ভয় তা ভেঙে না দিতে পারে।”

গুরুদেব হাসলেন, তারপর বললেন, “তুমি সঠিক পথেই আছো, বাপ।”

কিছুটা সময় নিরবে নিভৃতে চলে গেল। আমার হৃদয়ের গভীরে কিছু প্রশ্ন উথাল পাথাল ঢেউ তুলছে। কিন্তু প্রকাশ করতে পারছি না। গুরুদেব আমার নির্লিপ্ততার দেয়াল ভেদ করে বললেন, “তুমি কি কোনো বিষয় নিয়ে নিজেই নিজের সঙ্গে বোঝাপড়া করতেছে, বাপ?”

আমি শুধু একটিবার ‘তুলসী’ শব্দ উচ্চারণ করে থেমে গেলাম। গুরুদেব কর্কশ গলায় বললেন, ‘তুমি প্রেমের জগতে অযোগ্যতার পরিচয় দিয়েছ!”

গুরুদেবের কথা শুনে আমার শরীরের প্রতিটা লোমকূপ শিউরে উঠলো। বুকের বাম পাঁজরে থাকা হৃদপিণ্ডটা বারবার কেঁপে উঠছে…! দুচোখের পাতায় লজ্জা ও ঘৃণারা ভর করেছে। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে হাতুড়িপেটা করছে আমার বিবেক। এ আমি কী করছি? আমি কীভাবে তুলসীকে ভুলে আছি? তুলসী কেমন আছে?

তুলসীকে ভাবতে-ভাবতে রাতে একটুও ঘুমোতে পারলাম না। কী করবো ভেবে ঠিক করতে পারছিলাম না। ভোরে ঘুম থেকে উঠে সকালের নাস্তা না করেই রওনা দিচ্ছিলাম গ্রামের ছোটো-ছোটো বাজারগুলোর উদ্দেশ্যে। কাচামাল কিনতে হবে, আবার তা শহরে নিয়ে বিক্রি করতে হবে। এরমধ্যে অবাক করে দিয়ে গুরুদেব বললেন, “আমিও তোর সঙ্গে যাবো।”

আমি গুরুদেবকে অনেক নিষেধ করলাম, তিনি মানলেন না, ভ্যানে উঠে বসলেন।

জীবনের আয়না

তোরাবগঞ্জ বাজার থেকে কাচামাল কেনা শেষ। আজকে মাল কিনতে একটু বেশিই সময় লেগেছে। ভরদুপুর বেলা, আমরা যাচ্ছিলাম খড়মপুর গ্রাম পেরিয়ে বাইচালি শহর হয়ে আমার দোকানের দিকে। খড়মপুর গ্রামটি যখন পাড়ি দিচ্ছিলাম, তখন খেয়াল করলাম—রাস্তার পাশেই একটি ক্ষেতে একজন কৃষক, যিনি নিজ হাতে ধান কাটছেন। ঘামে ভেজা শরীর, কিন্তু মুখে প্রশান্তির আলো। একটু দূরে, স্ত্রী স্বামীর জন্য পানির কলসি হাতে দৌড়ে আসছে। কৃষক কলসি হাতে নিলেন, জল পান করলেন, আর আদরমাখা নয়নে স্ত্রীর চোখে চোখ রেখে মুচকি হাসলেন। আমি বিস্ময়ে দেখলাম, সে চেনা এক ছবি, কিন্তু এই দৃশ্যটি আমার কাছে নতুন এক উপলব্ধির মতো মনে হলো।

বাইচালি শহরে এসে পৌঁছলাম। এই শহরের ফটকে প্রথমেই খেয়াল করলাম, সেখানে এক বিশাল অট্টালিকার জানালায় আলো ঝলমল করছে। এক বিখ্যাত অভিনেতা আয়নার সামনে দাঁড়িয়ে হাসছেন, কৃত্রিম হাসি। পরপর কয়েকবার চেষ্টা করলেন, যেন নিখুঁত দেখায়। তারপর দীর্ঘশ্বাস ফেললেন, চেয়ারে বসলেন, আর একা একা ছাদবিহীন ঘরের দিকে তাকিয়ে রইলেন।

গুরুদেব এবার আমার দিকে তাকালেন। বললেন, “সুন্দর জীবন কোনটা, বুঝতে পারলে বাপ?”

আমি বললাম, “আমি বুঝতে পারছি, সাঁইজি। আমার মন বলছে খ্যাতি কিংবা বাহ্যিক সাফল্যই সুন্দর জীবনের মাপকাঠি নয়। শান্তি, ভালোবাসা এবং জীবনকে উপভোগ করাই আসল সৌন্দর্য।”

গুরুদেব মৃদু হেসে বললেন, “তুমি সত্যের দ্বারপ্রান্তে এসেছ, বাপ। মনে রেখো, জীবন তখনই সুন্দর, যখন তুমি নিজের হৃদয়ের সঙ্গে সৎ থাকো।”

আমি আর কথা বাড়ালাম না। বাতাসে সেই কৃষকের হাসির শব্দ ভেসে আসছিলো আমার কর্ণকুহরে। এতোটা পথ ভ্যান চালিয়ে আসতে-আসতে পানির তৃষ্ণা পেয়েছে অনেক। ভ্যান চালাতে-চালাতেই উপলব্ধি করলাম— তুলসী জল হাতে দাঁড়িয়ে আছে আমার মনের দুয়ারে!

বোধিসেতু

রাত গভীর। শহর থেকে এসে গুরুদেব আর আমাকে একসঙ্গেই রান্নাবান্না করতে হয়েছে। রাতের সেবা গ্রহণ করে সাধুসঙ্গে বসেছিলাম। যারা এসেছিলো, তারা চলে গেছে। এখন শুধু আমি এবং গুরুদেব বসা। আমি গুরুদেবের সামনে বসা, আজ আমার মনে এক গভীর প্রশ্নের উদয় হয়েছে। গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, অনেক শাস্ত্র পড়লাম, তত্ত্ব জানলাম; কিন্তু আমার মনে হয়, আমি এখনো সত্যকে স্পর্শ করতে পারিনি। অথবা এতোসব জেনে আমার কোনো লাভ হয়নি। কেন জানি সবকিছু দূরে মনে হয়!”

গুরুদেব হাতের লণ্ঠনটি আমার সামনে ধরে বললেন, “এই আলোটা দেখো, বাপ। এটি কিসের তৈরি?”

আমি বললাম, “এটি আগুনের আলো।”

গুরুদেব বললেন, “কিন্তু এই আগুন কি নিজে-নিজে জ্বলছে?”

আমি বললাম, “ না, এটি তেল ও বাতাসের সাহায্যে জ্বলছে।”

গুরুদেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, “জ্ঞান হলো এই তেল—তুমি যত পড়বে, যত জানবে, তত জ্ঞান অর্জন করবে। কিন্তু শুধু তেল থাকলেই আলো জ্বলে না, আগুন চাই। তাহলে আগুন কী? আগুন হলো প্রজ্ঞা। জ্ঞান যখন বাস্তবে কাজে লাগে, তখনই তা আগুনের মতো প্রজ্জ্বলিত হয়। কিন্তু তেল আর আগুন থাকলেই কি যথেষ্ট? বাতাস না থাকলে শিখা টিকে থাকে? তাহলে বাতাস কী? বাতাস হলো… চৈতন্য। চৈতন্য জ্ঞান ও প্রজ্ঞাকে একীভূত করে। তুমি শুধু জানলেই হবে না, শুধু বুদ্ধিমান হলেই হবে না—তুমি যদি নিজের অস্তিত্ব ও সত্যকে চেতনার আলোকে গভীরভাবে অনুভব করতে না পারো, তাহলে সেই আলো কখনোই সম্পূর্ণ হবে না!”

আমি গুরুদেবের পায়ে ভক্তি চুম্বন করে বললাম, “আমি কীভাবে আমার অস্তিত্ব ও সত্যকে জানতে পারবো? কীভাবে আমি আমার চেতনাকে জাগ্রত করবো?”

গুরুদেব ধীরে লণ্ঠনটি তুলে নিলেন এবং বললেন, “নদী পারি দিতে মানুষ যেমন দুই তীরের মাঝে সেতু খোঁজে, তেমনি তোমাকেও জ্ঞান থেকে প্রজ্ঞা হয়ে চৈতন্যের দিকে যেতে হবে। জ্ঞান থেকে প্রজ্ঞা হয়ে চৈতন্যের দিকে এগিয়ে যাওয়াটাই হলো বোধিসেতু। একবার যদি তুমি এই সেতু পার হতে পারো, তবে তুমি সত্যকে উপলব্ধি করতে পারবে। আর এই সেতুটি নির্মাণ করা হয়েছে নিরবতা, স্থিরতা ও পরিশুদ্ধ মনের কংক্রিট দিয়ে।”

আমি গুরুদেবের চোখের দিকে তাকালাম। মনে হলো, আমি যেন সত্যিই কোনো এক সেতুর মুখে দাঁড়িয়ে আছি—অজ্ঞতা পেরিয়ে আলোর পথে যাওয়ার এক সেতু, বোধিসেতু!

বহু মহাবিশ্ব

ইদানিং গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গে বেশি সময় দিতে পারছি না। কেনাবেচা, ঘুম, গোসল, খাওয়া ও বাড়িতে টুকটাক কথা বলা ছাড়া বাকিটা সময় নিরবতা, স্থিরতা ও পরিশুদ্ধতা অর্জনের গভীর তপস্যায় চলে যাচ্ছে…। অস্থিরতা দূর করতে চাই, আরও বেশি অস্থিরতা আমাকে চেপে বসেছে! আজ আমি বড় অস্থির! আজ আমি আমার অতীত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবতে-ভাবতে পেরেশান! অনেক ভাবনার শেষে আমি ভাবছি—এই মহাবিশ্ব কি একমাত্র বাস্তবতা, নাকি এর বাইরে আরও কিছু আছে?

আশ্রমে সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছে। দূরে নদীর স্রোত শান্ত, বাতাসে ধূপের মৃদু সুবাস। আমি ধীরে-ধীরে গুরুদেবের কাছে গিয়ে বসলাম। বোধহয় গুরুদেব আমার প্রশ্নের অপেক্ষায় রয়েছেন! আমি জিজ্ঞেস করলাম, “সাঁইজি, যদি এই মহাবিশ্বই একমাত্র সত্য হয়, তাহলে এত অসংখ্য সম্ভাবনা কোথায় যায়? যদি প্রতিটি সিদ্ধান্ত শুধু একটিই ফল দেয়, তাহলে বিকল্পগুলো কোথায় বিলীন হয়?”

গুরুদেব কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর একটি ছোট প্রদীপ হাতে নিলেন এবং আমার সামনে রাখলেন। প্রদীপের আলোয় গুরুদেবের মুখমণ্ডল চকচক করছিল। গুরুদেব বললেন, “এই প্রদীপটি দেখো, বাপ। যখন আমি এটি জ্বালিয়েছি, তখনই আলো তৈরি হয়েছে। কিন্তু একই সময়, এক অন্য জগতে এটিকে হয়তো নিভিয়েও দেওয়া হয়েছে!”

আমি গুরুদেবের কথা কিছুই বুঝতে পারিনি। আমি চুপচাপ বসে রইলাম। গুরুদেব তখন প্রদীপটিকে একটু উঁচু করে ধরলেন। বাতাসে শিখাটি দুলে উঠল, কখনো একদিকে হেলে পড়ল, কখনো স্থির হলো। গুরুদেব বললেন, “ভাবো, যদি প্রতিটি মুহূর্তে বিকল্প সিদ্ধান্তের কারণে বাস্তবতা বিভক্ত হয়, তাহলে কি কেবল একটিই সত্য থাকে?”

এবার আমি হতবাক না হয়ে পারলাম না। আমার চিন্তার জগতে বিশাল এক ভূমিকম্প সংঘটিত হলো! সত্যিই তো…প্রদীপের আলো একই সঙ্গে দুলে উঠল, হেলে পড়ল আবার স্থির হলো। গুরুদেবকে কাঁপতে-কাঁপতে আবারও জিজ্ঞেস করলাম, “তাহলে কি আমরা একই সঙ্গে বহু মহাবিশ্বের অস্তিত্ব ধারণ করি?”

গুরুদেব হাসতে-হাসতে বললেন, “ঠিক যেমন নদীর জল একসঙ্গে বহু তরঙ্গে প্রবাহিত হয়, তেমনই বাস্তবতাও বহুমাত্রিক। হয়তো এক মহাবিশ্বে তুমি প্রশ্ন করছ, আর অন্য এক মহাবিশ্বে তুমি উত্তর পেয়ে গিয়েছ!”

আমি আবারও জিজ্ঞেস করলাম, “তাহলে কি আমাদের কর্ম শুধু এই মহাবিশ্বেই প্রভাব ফেলে, নাকি অন্য বাস্তবতাতেও প্রতিফলিত হয়?”

গুরুদেব প্রদীপটি নিভিয়ে দিয়ে বললেন, “হয়তো প্রতিটি ভাবনা, প্রতিটি কাজ, প্রতিটি ইচ্ছা একেকটি নতুন জগত সৃষ্টি করে। হয়তো এক মহাবিশ্বে তুমি আলো জ্বালালে, আরেক মহাবিশ্বে অন্ধকার নেমে আসে! এখানে এই জায়গায় তোমার সঙ্গে তুলসী নাই, কিন্তু অন্যকোনও জগতে হয়তো তুলসী আর তুমি পাশাপাশি বসে রয়েছ!”

তুলসী এবং আমি অন্যকোনও জগতে পাশাপাশি বসে রয়েছি গুরুদেবের মুখে একথা শুনে চাঁদনী রাতের আকাশের দিকে অপলক তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো, আমার চারপাশে অসংখ্য মহাবিশ্বের দরজা খুলে গেছে—আমি শুধু প্রবেশ করার সাহস খুঁজে পাচ্ছি না!

বহুমাত্রিক অস্তিত্ব

সত্যি কথা হলো—আমি যতোই সত্যের আলো পাই ততোই বিভ্রান্তির বেড়াজালে আটকে যাই! বহু মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে যেদিন গুরুদেবের কাছ থেকে ধারণা পেলাম, সেদিন থেকেই আমার বহুমাত্রিক অস্তিত্বের চিন্তা আমাকে ঘুমোতে দিচ্ছে না। সন্ধ্যায়, গুরুদেব যখন সিদ্ধি সেবা নিচ্ছিলেন, তখন আমি ধীর কণ্ঠে প্রশ্ন করলাম, “সাঁইজি, এই আমি এখানে আপনার সামনে বসে আছি, আবার এই আমিই মহাবিশ্বের অন্য কোথাও ভিন্ন কিছু করছি, এই বহুমাত্রিক অস্তিত্বটাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিনা, আবার অবিশ্বাসও করতে পারছিনা!”

গুরুদেব মৃদু হাসলেন, তারপর পাশে রাখা একটি ছোট কাঁচের গ্লাস হাতে নিলেন। গ্লাসটি স্বচ্ছ ছিল, কিন্তু তাতে আলো পড়ার কারণে বিভিন্ন প্রতিফলন তৈরি হচ্ছিল। গুরুদেব বললেন, “এই গ্লাসটিকে দেখো। এতে কী দেখছ?”

আমি বললাম, “আমি তো শুধু একটি স্বচ্ছ গ্লাস দেখছি।”

গুরুদেব তখন একটি মোমবাতি জ্বালালেন এবং গ্লাসের সামনে ধরলেন। গ্লাসের কাচে একাধিক প্রতিফলন তৈরি হলো। গুরুদেব বললেন, “এবার দেখো, একই গ্লাস, কিন্তু এতে কতগুলো প্রতিবিম্ব তৈরি হলো! বলো তো, কোনটি বাস্তব?”

আমি যা দেখলাম, তা-ই বললাম। বললাম, “সবই তো একভাবে বাস্তব!”

গুরুদেব মাথা নেড়ে বললেন, “ঠিক বলেছ। আমাদের চোখ যে জগত দেখে, তা মাত্র একটি স্তর। বাস্তবতা বহুমাত্রিক, যেমন এই কাঁচে বহু প্রতিবিম্ব। তোমার অস্তিত্বও কেবল এই শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বহুস্তরে প্রবাহিত।”

আমি সোজাসাপটা বললাম, “তাহলে কি আমাদের এই দেহই একমাত্র সত্য নয়?”

গুরুদেব গভীর দৃষ্টিতে আমার চোখে চোখ রাখলেন। তারপর বললেন, “দেহ তো সময়ের প্রবাহে ক্ষণস্থায়ী, কিন্তু চেতনা…?”

আমি গুরুদেবকে উল্টো জিজ্ঞেস করলাম, “চেতনা কি অন্য মাত্রায় যেতে পারে?”

গুরুদেব হাসলেন, মোমবাতির শিখাটি নিভিয়ে দিলেন, কিন্তু গ্লাসে প্রতিফলিত আলো তখনও কিছু সময়ের জন্য মিটমিট করছিল! গুরুদেব বাঁকা ঠোঁটের কোণায় স্মিথ হাসি রেখে বললেন, যা দেখো না, তা-ও কি থাকে না?”

এবার আর আমার মনে কোনো বিভ্রান্তি রইল না। মনে হলো তুলসীকে আমার পাশে দেখতে পাচ্ছি না, তবুও তুলসী আমার পাশেই রয়েছে! অন্ধকারের মধ্যেও আমি অনুভব করলাম, আমার অস্তিত্ব যেন শুধু এক জগতের নয়—বরং বহুমাত্রার এক প্রবাহ! সেই প্রবাহে তুলসী আমার তরঙ্গ!

ইচ্ছাশক্তি

যদিও অলৌকিকতা বিশ্বাস করি না, তবুও ইদানিং অলৌকিক বিষয়-আশয় আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আসাযাওয়া করছে! সুযোগ পেয়ে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, কোনো বস্তু স্পর্শ না করেও তা একস্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা সম্ভব কি?”

গুরুদেব আমাকে পাল্টা প্রশ্ন করলেন, “তুমি কী মনে কর?”

আমি উত্তর দিতে গিয়ে দ্বিধান্বিত হয়ে বললাম, “আমি জানি না। কিন্তু যোগীরা বলেছেন, ধ্যানের মাধ্যমে বস্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার বিজ্ঞান বলেছে, এটা অসম্ভব। সত্যটা কী?”

গুরুদেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটি ছোট্ট পাথর তুললেন এবং আমার সামনে রেখে বললেন, “এটিকে না-ছুঁয়ে, তোমার মানসিক শক্তি দিয়ে সরাও।”

আমি গভীর মনোযোগ দিলাম, চোখ বন্ধ করলাম, সমস্ত শক্তি প্রয়োগ করলাম, কিন্তু পাথর একটুও নড়ল না। গুরুদেব বললেন, “তোমার ইচ্ছাশক্তি কি কম?”

আমি হতাশ স্বরে বললাম, “সাঁইজি, আমি যথেষ্ট চেষ্টা করলাম। কিন্তু কিছুই হলো না। তবে কি এটা অসম্ভব?”

গুরুদেব বললেন, “এবার চোখ বন্ধ করো। পাথরটিকে সরানোর চেষ্টা করোনা। শুধু অনুভব করো, তোমার মন ও বিশ্ব একসঙ্গে মিশে গেছে।”

আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার মনে হলো— পাথরটি আর আলাদা কিছু নয়, এটি আমার অস্তিত্বেরই অংশ। এমন সময় দমকা বাতাস বইল। সেই বাতাসে পাথরটি সামান্য গড়িয়ে গেল। আমি চোখ খুলে বিস্ময়ে অভিভূত হয়ে বললাম, “সাঁইজি, এটা কীভাবে সম্ভব?”

গুরুদেব ধীর কণ্ঠে বললেন, “বাতাস কি তোমার চিন্তার ফল, না কি প্রকৃতির ইচ্ছা? বিজ্ঞান, দর্শন, ধর্ম— সবই সত্যের দিকে পথ খোঁজে। কিন্তু সত্য কোথায়, তা জানতে হলে মনকে মুক্ত করতে হয়।”

আমি নির্বাক হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর গুরুদেবকে আবারও জিজ্ঞেস করলাম, “পাথরটি যে নড়েছিল, সেটি কি কেবল বাতাসের কারণে, নাকি আমার মনের গভীর কোনো শক্তির স্পর্শে?”

গুরুদেব কোনো উত্তর দিলেন না, শুধু মিষ্টি হাসলেন। তাঁর হাসির রহস্য অনুমান করতে আমার সমস্যা হলো না। পাথরটি নেড়েছে আমার মনের গভীরে থাকা অদৃশ্য এক শক্তির কারণে। যে শক্তি দিয়ে দূরে থেকেও তুলসীকে আমি প্রভাবিত করতে সক্ষম!
 

চৈতন্যশক্তি

আমি শুনেছিলাম— ওলী-আউলিয়া নাকি একস্থান থেকে মূহুর্তের মধ্যেই অন্য স্থানে চলে যেতে পারে! এমন শক্তি অর্জন করার আমার খুব ইচ্ছে ছিলো। তাই আমি বহুদিন ওলীর সন্ধান করেছি। কিন্তু এমন শক্তিসম্পন্ন ওলী আমি আমার জীবনে খুঁজে পাইনি। তাই এটি সত্য নাকি মিথ্যা জানার জন্য গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “সাঁইজি, যদি আমি এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে স্থানান্তরিত হতে পারতাম, তবে কি আমি আসলেই ‘আমি’ থাকতাম? আর এটা কি সম্ভব?”

গুরুদেবের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, “তুমি যদি নদীর এক বিন্দু জল অন্য জায়গায় ফেলো, সেটা কি একই জল?”

আমি বললাম, “জল তো একই, তবে জায়গা বদলে গেছে। কিন্তু আমি তো নদী নই, আমি একজন মানুষ!”

গুরুদেব আমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, “তবে বলো তো, তুমি কে? তোমার শরীর, না তোমার চেতনা?”

গুরুদেবের প্রশ্ন শুনে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তারপরও সাহস করে বললাম, “আমার চেতনা তো আমার স্মৃতি, অনুভূতি আর অভিজ্ঞতার ধারাবাহিকতা। আর আমার শরীর আমার চেতনাকে সংরক্ষণকারী।

গুরুদেব বললেন, “কোথাও যাওয়ার জন্য তোমার শরীরকে কি যেতে হয়? নবি সোলায়মানের দরবারে সিংহাসন কি শরীর দিয়ে চলেছিল? যোগীরা কি পদক্ষেপ ফেলে হাঁটেন?”

আমি বিভ্রান্ত হলাম এবং বিস্ময়ে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর বললাম, “তাহলে কি চেতনাই আসল? যদি তাই হয়, তবে শরীরের প্রয়োজন কী?”

গুরুদেব এবার এক মুষ্টি ধুলো হাতে নিলেন, বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, “শরীর হলো এই ধূলিকণার মতো। বাতাস যেখানে নিয়ে যায়, সেখানেই তার অস্তিত্ব। কিন্তু বাতাস কোথায়? চেতনা যদি স্থির থাকে, তবে স্থানান্তরের দরকার কী?”

এইবার আমার মনোজগতে যেন ঝড় বয়ে গেল। আমি বললাম, “তাহলে কি সত্যিকারের স্থানান্তরিত হওয়া মানে শরীরের স্থানান্তর নয়, বরং চেতনার মুক্তি?”

গুরুদেব মৃদু হেসে বললেন, “যে মুক্ত, সে সব জায়গায় একসঙ্গে থাকতে পারে। আর যে আবদ্ধ, তার জন্য অসীম আকাশটাও এক কারাগার!”

গুরুদেবের কথা শুনে চুপচাপ বসে আছি। এমন সময় কেউ যেনো নৈরাক্যভাবে আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল— ‘তাহলে তুই কেন চেতনার পাখা মেলে তুলসীর কাছে উড়ে যাস না?’ আমি নির্বিকার বসে রইলাম….

গুপ্তদূত

আমি গুরুদেবের সামনে বসা, কিন্তু আজ আমার মনোযোগ অন্য কোথাও। গুরুদেবের তীক্ষ্ণ দৃষ্টিতে বিষয়টি এড়ায়নি। গুরুদেব বললেন, “কী ভাবছ, বাপ?”

আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, “সাঁইজি, যাঁর অবস্থান আমার পরাণের গহীনে, অনুভবের দুয়ারে আমি যার জন্য প্রতিক্ষায় আছি, আমার কল্পনার মন্দিরে যাঁকে নিয়মিত পূজা দিচ্ছি, যে-কোনো মূল্যে আমি যার ভালোবাসা পেতে চাই, তাঁকে কেন আমি এই বাহ্যিক জগতে নিজের করে পাচ্ছি না? তাঁর সঙ্গে আমার দূরত্ব কেন এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের ব্যবধান? সে হিন্দু, আমি মুসলিম। আমি ভবঘুরে বাউণ্ডুলে, সে সাদামাটা। আমি কীভাবে তাঁর চেতনার দুয়ারে প্রবেশ করবো?”

গুরুদেব সামনে রাখা প্রদীপের শিখার দিকে তাকিয়ে বললেন, “আকাশের তারা দেখো। তারা তোমার কাছে এল না বলে কি তারা নেই? তুমি তার হৃদয়ে প্রবেশ করতে চাও, অথচ তার অনুভূতির ভাষা বোঝার চেষ্টা করোনি। যেমন কেউ যদি তোমার দরজার সামনে দাঁড়িয়ে শুধু কড়া নাড়ে, কিন্তু কীভাবে দরজা খোলা যায় তা না বোঝে, তোমাকে না ডাকে, তাহলে কি সে কখনো তোমার গৃহে প্রবেশ করতে পারবে?”

আমি মাথা নেড়ে সহমত প্রকাশ করলাম। গুরুদেব একটু থেমে বললেন, “মানুষের হৃদয়ও তেমনি। তুমি শুধু নিজের অনুভূতি জানো, কিন্তু তার অনুভূতি পড়তে পারছো না। সে যখন হাসে, তার চোখ কী বলে? সে যখন কথা বলে, তার কণ্ঠের সুর কেমন? তার দেহভাষা কী প্রকাশ করছে? এগুলো বোঝার ক্ষমতা অর্জন করেছ? তুমি প্রথম যেদিন আমার সন্ধান পেয়েছিলে, আমি সেদিনই তোমাকে দেহপাঠের ভাষা আয়ত্ব করার কথা বলেছিলাম, মনে পড়ে?”

আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে বললাম, “হ্যাঁ সাঁইজি। আমার মনে পড়েছে—আপনি বলেছিলেন, প্রতিটা মানুষই একেকটা মানবগ্রন্থ। আমি লজ্জিত এজন্য যে, যে মানুষটাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপন করে পেতে চেয়েছিলাম, সেই মানুষটার ক্ষেত্রে আমি শুধু নিজের চাওয়াকেই গুরুত্ব দিয়েছি, তার অনুভূতির ভাষা বুঝতে চেষ্টা করিনি! কয়েকদিন দূর থেকে দেখা, তারপর একদিন একমুহূর্তের আলাপ, এরপর কিছুদিন পাশে দাঁড়ানোর সুযোগ, অতঃপর একটা ঝড়োমেঘে সবকিছু লণ্ডভণ্ড! ঝড়োমেঘে আমার প্রিয় বইটি ভিজে যাবে, ছিড়ে যাবে, পাতাগুলো উড়ে যাবে, আর সেই ভয়েই আমি বইটি দূরে সরিয়ে রেখেছি। আমার পছন্দের বইটিকে তর্জমা করা বন্ধ করে দিয়েছি। আমি ভুল করেছি সাঁইজি। আমি আমার পছন্দের বইটিই পাঠ করতে পারিনি। আমি মানবগ্রন্থের পাঠোদ্ধার করতে ব্যর্থ হয়েছি!”

গুরুদেব মৃদু হেসে বললেন, “বাপ, তুলসীকে আমিও মিস করি, অথচ, তাঁকে কোনোদিন দেখিনি! দেখিনি, তবুও কেন মিস করি জানো? মিস করি এজন্য—যে আমার ভালোবাসা, আমি তাঁর ভালোবাসার পূজারি! আমি হয়তো এই ধরাধামে বেশিদিন থাকব না, আমার বিদায়বেলার কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা কোরো। একটা কথা মনে রেখো— কারও হৃদয়ে জায়গা পেতে হলে প্রথমে তার মনের দরজা খুলতে হয়। আর সেই দরজা কেবল পর্যবেক্ষণ, সহানুভূতি ও গভীর মনোযোগের চাবিতেই খোলে। যখন তুমি সত্যিই তার হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করবে, তখন দেখবে—তোমার ছবি তাঁর হৃদয়মন্দিরের দেয়ালে ঝুলছে…!

আমি বিস্মিত হলাম! আমার দুচোখের কোণায় জলের উপস্থিতি অনুভব করলাম। আমি গুরুদেবের পা ছুঁয়ে জিজ্ঞেস করলাম, “ প্রিয়, তুমি এখনও তুলসীকে মনে রেখেছ?”

গুরুদেব বললেন, “আমি মানবগ্রন্থের পাঠক, আমি মানুষের হৃদয়ের ভাষা বুঝি বাপ! আমি গুপ্তদূত, এই ধরাধামে এসেছিলাম কোনো বিধান দেবার জন্য না, এসেছিলাম মানুষকে পাঠ করতে। আমি পাঠোদ্ধার করতে পেরেছি। তুমিও পাঠযোগ্যতা প্রায় অর্জন করার পথে। তোমার প্রতি জন্মজন্মান্তরের অবিরাম ভালোবাসা ও শুভকামনা রইল…..”

সন্দেহ

আমি দেহপাঠের ভাষা প্রায় পুরোপুরি বুঝতে শিখেছি। আমার চালচলন কাজকর্ম ও কথাবার্তার ধরন আর দশটা মানুষ থেকে আলাদা। আমি এখন ভিন্ন এক মানুষ। আমার গতিবিধি নিয়ে চারপাশের লোকজন আড়চোখে তাকাতে শুরু করল। কেউকেউ আমাকে হিংসার চোখে দেখতে লাগলো। আমি পুরো বিষয়টা অনুভব করতে পারলাম। বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলে দিলো। গুরুদেবকে সিদ্ধি সাজিয়ে দিয়ে বললাম, “বাজান, সবাই আমাকে সন্দেহ করে! আমি তো কিছু লুকাই না, তবু কেন এমন হচ্ছে?”

গুরুদেব মুচকি হাসলেন। ইদানিং তিনি আশ্রম থেকে বের হোন না। তাঁর শরীরটা নরম হয়ে গেছে। কথাও খুব কম বলেন। খাবারদাবারের প্রতি অনীহা বেড়ে গেছে। আজকাল গুরুমা ঘনঘন আশ্রমে আসেন, গুরুদেবের সেবা করেন। দু’জন দুজনের মধ্যে না-পাওয়ার কোনো বেদনা নেই। কারও প্রতি কারও অভিযোগ নেই। গুরুদেবের গতিবিধি ও কথাবার্তা এখন কেমন যেন অতিরিক্ত ভাবগাম্ভীর্যে ভরা! আমি গুরুদেবের দিকে নিষ্পলক তাকিয়ে আছি। গুরুদেব ইশারায় তাঁকে ধরে আশ্রমের বাইরে নিয়ে যেতে বললেন। আমি তাঁর হাত ধরে আশ্রমের বাগানে নিয়ে গেলাম। হাঁটতে-হাঁটতে পুকুর পাড়ে চলে গেলাম। সেখানে একটি পুরনো আমগাছ ছিল, যার নিচে বসে অনেকেই ধ্যান করত, গুরুদেব ও আমিও মাঝেমধ্যে আড্ডা দিতাম। পুকুরের ঐপাড়ে ছিলো আরেককটি করই গাছ। আমগাছের দিকে ইশারা করে গুরুদেব বললেন, “দেখো, এই গাছটি প্রতি বছর অনেক আম দেয়, তাই না?”

আমি বললাম, “হ্যাঁ, বাজান।”

গুরুদেব আমগাছের নিচে কাঁপতে-কাঁপতে বসলেন এবং বললেন, “মানুষ এই গাছের নিচে ছায়া নিতে আসে, ফল পাড়ে, কখনো ডাল নাড়া দিয়ে দেখে পাকা আম পড়ে কিনা। কিন্তু পাশের ঐ করই গাছটির দিকে কেউ খেয়ালই করে না। এমনটি কেন হয়, বলতে পারো আব্বা?”

আমি সরাসরি বললাম, “কারণ, করই গাছ ফল দেয় না।”

গুরুদেব আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বললেন, “ঠিক তাই। যখন তুমি নিজেকে সাধারণের মতো মিলিয়ে দাও, তখন কেউ তোমাকে সন্দেহ করবে না, কারণ তুমি করই গাছের মতো—নির্বিকার। কিন্তু তুমি যদি আমগাছ হও, যদি তোমার জ্ঞান, চিন্তা বা কাজ অন্যদের থেকে আলাদা হয়, তবে মানুষ তোমাকে খুঁটিয়ে দেখবে, সন্দেহ করবে, তোমার উদ্দেশ্য যাচাই করতে চাইবে।”

আমি চুপ হয়ে গেলাম! নিস্তব্ধতা বিদীর্ণ করে তিনি আবারও বললেন, “মানুষ সবসময় অচেনাকে সন্দেহ করে। তুমি যদি সত্যের পথে থাকো, তাহলে সন্দেহ তোমাকে ছুঁতে পারবে না। বরং সময়ই একদিন তোমার সত্যকে প্রতিষ্ঠিত করবে।”

সত্যের ভার

গুরুদেবের অবর্তমানে এই আশ্রমটাকে কেন্দ্র করে কোনো সংগঠন গড়ে উঠুক এটা যেমন গুরুদেবের পছন্দ না, তেমনি আমারও না। বয়সের ভারে গুরুদেবের দেহ মোবারক ক্রমাগত নিস্তেজ হতে চলছে। আজকাল আশ্রমে গুরুদেবের উত্তরসূরী, আত্মীয়স্বজন ও পাড়াপড়শিদের আনাগোনা বেড়ে গেছে। গুরুদেবের অবর্তমানে কে কীভাবে এই আশ্রমটা পরিচালিত করবেন, তা নিয়ে কানাঘুঁষা চলছে। এটাকে আমি সুবিধাজনক বলে মনে করতে পারছিলাম না। তাঁর অবর্তমানে তাঁকে নিয়ে যেন কেউ ব্যবসা করতে না-পারে সেটা কতটুকু সামাল দিতে পারব, তা নিয়েও শংকা তৈরি হলো। তাঁর জীবদ্দশায়তেই এটার ফায়সালা হওয়া উচিত। তাই গুরুদেবকে নির্জনে জিজ্ঞেস করলাম, “বাজান, অধিকাংশ মানুষ যা বলবে, সেটাকেই কি সত্য হিসেবে মেনে নিতে হবে?”

গুরুদেব বললেন, “যদি দশজন চোখ বন্ধ করে বলে—সূর্য রাতে উদিত হয়, তবে কি তা সত্য হয়ে যায়?”

আমি বললাম, “না, বাজান। সত্য তো নিরপেক্ষ!”

গুরুদেব বললেন, “তবে মনে রেখো, সত্যের পথ একাকী হতে পারে, কিন্তু তা কখনো দুর্বল হয় না।”

আমি বললাম, “কিন্তু বাজান, যদি সবাই এক ভুলকে সত্য বলে মানতে থাকে, তবে সত্যের কী হবে?”

গুরুদেব বললেন, “তখন সত্য ভারী হয়ে পড়বে, যেমন জলভরা মেঘ ঝরে। একসময় সে আপনিই বর্ষণ হবে, আর ভুল মাটিতে মিশে যাবে। যেমন দেহত্যাগ করার আগে মহাপ্রভু মুহাম্মদ সত্যের ভার দিয়েছিলেন মাওলা আলীকে। প্রভু মুহাম্মাদের অবর্তমানে সেই সত্য ছিনতাই করার অপচেষ্টা করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সত্য এখনও টিকে আছে।”

আমি বললাম, “তাহলে কি সত্য একাই যথেষ্ট?”

গুরুদেব বললেন, “সত্য একাই যথেষ্ট, কিন্তু তার ভার বহন করার জন্য দৃঢ় চিত্তের প্রয়োজন। এজন্য আলী সত্তাকে ধারণ করতে হয়। তুমি কি সে ভার নিতে প্রস্তুত?”

আমি নীরবে মাথা ঝুঁকালাম!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *