পরকীয়া
পাহাড়ের কোলে বয়ে চলেছে এক সরু নদী। তার জল কখনো শান্ত, কখনো উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। বাতাসে ভেসে আসছে পাহাড়ি মেয়ের গানের সুর। জঙ্গলের পাখিররা আপন মনে গান গাইছে। আমরা উঁচুনিচু পাহাড়ি পথ বেয়ে হেঁটে চলেছি, বাবা খোরশেদ চাঁনের আশ্রমের উদ্দেশ্যে। ভাবলাম এই নিরিবিলি পরিবেশে গুরুদেবকে কিছু প্রশ্ন করা যাক, কথা বলতে-বলতে আমরা এগোই। গুরুদেবকে বললাম, “আচ্ছা সাঁইজি, সমাজ বলে পরকীয়া অনৈতিক, কিন্তু বাস্তবতা কী বলে? পরকীয়া কি সত্যিই খারাপ?”
গুরুদেব গাছের একটি ঢাল ভেঙে সেটাতে ভর করে পাহাড়ি পথ হাঁটছিলেন। ঢালটি ফেলে দিয়ে এবার তিনি আমার কাঁধে হাত রেখে হাটতে শুরু করলেন। আমি তাঁর কাছ থেকে কাঁধের ঝোলাব্যাগটা নিয়ে নিলাম। তিনি বললেন, “প্রকৃতিই তো প্রেমের আসল শিক্ষক। নদী কি এক কূল আঁকড়ে থাকে? বাতাস কি এক বৃক্ষের কাছে বেঁধে রাখে নিজেকে? ভালোবাসাও তাই—যেখানে হৃদয় সাড়া দেয়, সেখানেই তার প্রবাহ।”
আমি অপার বিস্ময়ে চারপাশে তাকালাম। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারা যেন আমার হৃদয়ের কোথাও বেজে ওঠে। আমি বললাম, “তাহলে বিবাহপ্রথার দরকার কী?”
গুরুদেব বললেন, “বিবাহ সমাজের সেতু, ভালোবাসা হৃদয়ের স্রোত। সমাজ বলে, এই সীমারেখা মেনে চলো। কিন্তু হৃদয় বলে, আমি তো কোনো সীমানা মানি না।”
নদীর জলে পাথর ফেলে দিলে কিছুক্ষণ তরঙ্গ ওঠে, কিন্তু পরে তা মিশে যায় বয়ে চলা স্রোতে। ঠিক তেমনি আমার মনেও এক তরঙ্গ খেলে যায়। আমি বললাম, “তাহলে কি পরকীয়া দোষের কিছু নয়?”
গুরুদেব বললেন, “দোষ যদি বলতেই হয়, তবে সেটা হলো—ভালোবাসার অভাব। যেখানে ভালোবাসা পূর্ণতা পায় না, সেখানে মন বাঁধ মানে না। যেমন শুকনো মাটিতে বৃষ্টি পড়লে সে পানিকে গিলতে চায়, তেমনি শুষ্ক হৃদয় একটু ভালোবাসা পেলেই তার দিকে ঝুঁকে পড়ে।”
আমি চিন্তায় পড়ে গেলাম। কত দাম্পত্য জীবনেই তো ভালোবাসা নেই। তবুও তো তারা বিয়ে নামক বন্ধনে টিকে আছে। এই বন্ধন অতিক্রম করে পরকীয়ায় জড়ালে তো বিপত্তি! তাই গুরুদেবকে বললাম, “তবে সাঁইজি, যদি কেউ ভালোবাসাহীন সম্পর্কে আটকে থাকে, তখন?”
গুরুদেব বললেন, “যে পাখি খাঁচায় বন্দি, তার ডানা কেটে দিলেই কি সে উড়তে ভুলে যায়? সে উড়তে চায়, ঠিক যেমন প্রেমহীন হৃদয় নতুন আশ্রয় খোঁজে।”
এক ঝলক বাতাস এসে আমাদের দুজনের গায়ে লেগে যায়। দূরে সূর্য ডুবে যাচ্ছে, আকাশজুড়ে কমলা আর বেগুনি রঙের মিশেল। আমি নীরব। গুরুজির কথা আমার হৃদয়ের অনেক অজানা দ্বার খুলে দিয়েছে। আমার মনপাখি বলে উঠলো—যে বোঝে, সে আর শিকল পরবে কেন? রাধা বুঝতে পেরেছে বলেই তো সমাজের শিকল ছিঁড়ে কৃষ্ণের কাছে এসেছে!
ইচ্ছামৃত্যু
বাবা খোরশেদ চাঁন আশ্রমের পাশে পাহাড়ের খাঁজে একটি বটগাছ,গাছটির নিচে আমি এবং গুরুদেব আসন বসিয়েছি। গুরুদেব সিদ্ধি সেবন করে বিশ্রাম নিচ্ছেন, অথবা ঘুমিয়ে গেছেন। পাহাড়ি পথ বেয়ে হেঁটে এসেছেন, সম্ভবত তিনি খুব ক্লান্ত। আমার ঘুম আসছে না। আমি দুচোখ বন্ধ করে অনেককিছুই ভাবছি….। ভাবছি, বেঁচে থাকার সার্থকতা কী? কেন বেঁচে আছি? একদিন তো মারা যাবোই, এখন মরলে সমস্যা কী? আচ্ছা, আত্মহত্যা কি পাপ? অথবা, যে মানুষটার বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক, সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে কি পাপ হবে? যে মরতে চায়, তার মৃত্যুকে সহজ করে দেবার জন্য সমাজ কেন ব্যবস্থা নেয় না? আমার চিন্তার স্রোত যেন থামছেই না। রাত গভীর থেকে গভীর হচ্ছে। এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। শোয়া থেকে উঠে বসে পড়লাম। আমার স্পর্শে গুরুদেব ঘুম থেকে মোচড় দিয়ে উঠে বসলেন। তিনি বললেন, “কি রে বাপ, ঘুম আসছে না? কিসের এতো চিন্তা তোর? কিছু বলবি?”
আমি বললাম, “বাজান, কেন যেন আমার মনটা খুব ক্লান্ত। এই জীবন আর আমার ভালো লাগে না। জীবন যেন এক অনিঃশেষ শৃঙ্খল, যেখানে মুক্তি নেই, আছে কেবল যন্ত্রণা!”
গুরুদেব ধীরে ধীরে মোমবাতি জ্বালালেন। ব্যাগ থেকে তামাক বের করে হাতের তালুতে ঢলতে-ঢলতে বললেন, “তুমি মুক্তি চাও?”
আমি বললাম, “হ্যাঁ বাজান। আমি এ জীবনের ভার আর বইতে পারছি না। স্বেচ্ছায় বিদায় নিতে চাই। অনেক তো হলো। এই পৃথিবীর অনেক কিছুই তো দেখলাম। কতকিছু জানলাম। এসবে কী আছে? একবার মরে দেখতে চাই। মৃত্যুর স্বাদ কেমন আমি তা উপভোগ করতে চাই। মরে দেখতে চাই আরও কিছু আছে কিনা।”
গুরুদেব একটু চুপ করে থাকলেন, তারপর মৃদুস্বরে বললেন, “তাহলে চল, তোমাকে এক কাহিনি শোনাই।”
আমি নীরব হয়ে বসে রইলাম। গুরুদেব চোখ বন্ধ করলেন এবং বলতে শুরু করলেন, “অনেক যুগ আগে মহাভারতের ভীষ্ম, যিনি ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন, যুদ্ধের শেষে শরশয্যায় শুয়ে ছিলেন। তাঁর শরীর বিদীর্ণ, তবু তিনি তখনই মৃত্যুকে আহ্বান করেননি। তিনি অপেক্ষা করেছিলেন, সূর্যের উত্তরায়ণ হওয়ার। কেন জানো? কারণ মৃত্যুকে তিনি দুর্বলতা থেকে নয়, বরং পরিপূর্ণতা থেকে ডাকতে চেয়েছিলেন। তিনি চলে গিয়েছিলেন স্বেচ্ছায়, তবে পরিপূর্ণতার সঙ্গে।”
গুরুদেব এক মুহূর্ত থামলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, “তোমার ক্লান্তি যদি পরিপূর্ণতার মতো পূর্ণতা লাভ করে, যদি তুমি উপলব্ধি করো যে জীবন তোমাকে আর কিছুই দিতে পারবে না, তাহলে মৃত্যু হবে মুক্তি। কিন্তু যদি এ কেবল এক অস্থায়ী ক্লান্তি হয়, তবে তুমি কি নিশ্চিত, সেটিই প্রকৃত মুক্তি?”
গুরুদেবের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। বটগাছের শেকড়ের দিকে তাকিয়ে মনে হলো, হয়তো তাকে এখনই উপড়ে ফেলতে হবে না। হয়তো এখনো তার ডালপালায় নতুন কিছু জন্ম নিতে পারে…
গর্ভপাত
“সাঁইজি, আত্মার কি জন্ম হয়?”
গুরুদেব আমার প্রশ্নে বিব্রত হলেন না। আমি জানি তাঁকে যেকোনো প্রশ্ন করা যায়। তিনি আমার প্রশ্ন শুনে উত্তর দিতে দেরি করলেন না। খুব সহজেই বললেন, “আত্মা জন্ম নেয় না, সে কেবল দেহে প্রবাহিত হয়, যেমন নদীর জল বয়ে চলে।”
আমি বললাম, “কিন্তু যদি সে প্রবাহ শুরু হতেই না পারে? যদি তাকে জন্মানোর সুযোগ না দেওয়া হয়?”
গুরুদেব বললেন, “আমি বুঝতে পারছি তুমি গর্ভপাত প্রসঙ্গে জানতে চাইছো। দেখ, সমাজ বলে—নারীর মাতৃত্ব তার ধর্ম। আর যে নারী অসচেতনভাবে গর্ভধারন করেছে, সে ভাবে এই মাতৃত্ব তার জন্য শাস্তি! এখন ঐ নারীটি মাতৃত্বের স্বাদ নিবে নাকি শাস্তি থেকে মুক্তি কামনা করবে? কোনটা?”
গুরুদেব আমার প্রশ্ন করার পথকে আরও সহজ করে দিলেন। আমি সরাসরি বললাম, “হ্যা বাজান, যদি সে নতুন প্রাণকে গ্রহণ করতে না চায়, অর্থাৎ, গর্ভের সন্তানকে নষ্ট করতে চায়, তাহলে কি সেটা অন্যায় হবে?”
গুরুদেব বললেন, “যে প্রাণের আলো সে বহন করছে, তার কি অধিকার নেই আলোতে আসার? নাকি এই আলো তার জন্যই অন্ধকার হয়ে উঠবে? নতুন প্রাণের গতিপথ রুদ্ধ করে দেয়াটা তো সাধারণ দৃষ্টিতে অন্যায়।”
আমি বললাম, “কিন্তু এই নতুন প্রাণপ্রবাহ নারীটির জন্য যদি নগদ জাহান্নাম দাঁড়ায়, তখন?”
গুরুদেব বললেন, “হ্যা, সে যদি জাহান্নাম থেকে মুক্তি কামনা করে, তাহলে তাঁর অন্যায় বা পাপ হবে না। কারণ, শরীর তাঁর, সিদ্ধান্ত তাঁরই হওয়া উচিত। এই মাতৃত্বের যন্ত্রণা, এই পথের কাঁটা— এগুলো তাকেই পেরোতে হবে; সমাজ এর দায়ভার নিবে না বরং কটূক্তি করবে।”
আমি কিছুক্ষণ নীরব রইলাম। বাতাসে বেলির মৃদু সুবাস ভাসছিল। আমি গভীরভাবে শ্বাস নিলাম, যেন কোনো এক ভার আমার বুক থেকে নেমে গেল।
কথার ফাঁকে গুরুদেবের সিদ্ধি প্রস্তুতপর্ব শেষ। সিদ্ধির কল্কিতে আস্তে করে একটা টান মেরে বললেন, “বাপ, জীবন শুধু জন্মের গল্প নয়, এটি সম্মানের গল্পও। কেউ জন্ম দিয়ে সম্মানিত হয়, কেউ নিজের অস্তিত্ব রক্ষা করে সম্মানিত হয়। নারীরা যে সিদ্ধান্তই নিক, সেটি যেন ভালোবাসার ভিত্তিতে হয়, ভয় থেকে নয়। নারীরা ইচ্ছে করলে অবৈধভাবে সন্তান জন্ম দিয়েও যিশুখ্রিষ্টের সম্মান দান করতে পারেন!”
আমি অনুভব করলাম— বিতর্ক কখনো শেষ হয় না। কিন্তু সত্য? সে সবসময় নীরবতার মধ্যে অপেক্ষা করে…
পবিত্র পাগল
গুরুদেবের আশ্রমে একেবারে চলে আসার আগে আমি যে বাসায় থাকতাম তার পেছনের গলির শেষপ্রান্তে এক ভাঙাচোরা বেঞ্চির উপর ঘুমিয়ে থাকতো একজন মানুষ। চুল-দাড়ি একাকার, গায়ে ময়লা চাদর, চোখ দুটো সবসময় বন্ধ। শিশুরা তাকে ডাকতো “গাঁজাখোর পাগল” বলে। বড়রা তাকে এড়িয়ে চলতো, কেউ-কেউ টিটকিরি মারতো।
কিন্তু আমি তাকে শ্রদ্ধা করতাম। কেন করতাম জানিনা। তাঁর প্রতি অদৃশ্য এক মায়া জাগতো আমার হৃদয়ে। তাঁর নাম জানতাম না, বয়স জানতাম না—জানতাম শুধু, শহরের দুধভাতে মানুষগুলো যখন অন্যায়ের সঙ্গে আপস করে, যখন সুদ-ঘুষে চুমুক দেয়, যখন টাকার বদলে চরিত্র বিকিয়ে দেয়—তখন এই পাগলটা শহরের সব চাওয়া-পাওয়া থেকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে, বসে থাকে। সে গাঁজা খায়, ঠিক। কিন্তু তার চোখে কোনও হিসাব নেই, তার হাতে কোনও মামলা-মোকদ্দমার নথি নেই, তার জিভে কোনও মিথ্যা নেই, তাঁর কোনো দুঃখ নেই।
তাঁর পাশদিয়ে গলির শেষপ্রান্তে মাঝেমধ্যেই যেতাম। সেখানে একলোক গাঁজা বিক্রি করতেন। আমি নিজেও টুকটাক গাঁজা সেবন করতাম। আমার গুরুদেবের জন্যও সেখান থেকেই গাঁজা কিনতাম। তাই সেখানে মাঝেমধ্যে যেতে হতো এবং পাগলটার সঙ্গে দেখা হয়ে যেতো। একদিন আমি সাহস করে পাগলাটারে জিজ্ঞেস করেছিলাম, “পাগল, তোমার কি কিছু লাগবে?”
সে শুধু তাকিয়ে হেসে বলেছিল, “ একসময় অনেকিছুই লাগতো ভাই, এখন লাগে না। সব চাওয়া-পাওয়া ছেড়ে দিয়েছি। কারণ, এই চাওয়া-পাওয়ার প্রতিযোগিতায় মানুষ সব অমানুষ হয়ে গেছে।”
আজকে আবারও সেই পাগলের সঙ্গে দেখা। গুরুদেব আর আমি বিভিন্ন তীর্থভ্রমণ শেষে আশ্রমে ফিরে এসেছি। বেশকিছুদিনের জন্য আর বাইরে যাওয়া হবে না। আগামীকাল থেকে নিয়মিত দোকান খুলতে হবে। এই কয়েকদিনে জমানো টাকাপয়সাও প্রায় শেষ হয়ে এসেছে। তুলসীর সঙ্গে কতদিন ধরে দেখাসাক্ষাৎ নেই, ও যেন কি-না-কি ভেবে বসে আছে। হয়তো অভিমানও করেছে। আশ্রমে বাজার-সদাইও নেই। তাই ভাবলাম— তুলসীর সঙ্গে দেখা করে আসি, আর শহর থেকে কিছু বাজার-সদাই এবং গুরুদেবের জন্য একটু গাঁজা নিয়ে আসি।
তুলসীর সঙ্গে দেখা হলো। ও জানতে চাইলো এতোদিন কোথায় ছিলাম। ওকে বিস্তারিত বললাম। তুলসীদের বাড়িতে অনেকটা সময় পেরিয়ে গেল। তুলসীর কাছ থেকে বিদায় নিয়ে শহরে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল। আমি এসে পৌঁছালাম শহরের সেই গলির শেষপ্রান্তে। এসে দেখি ভাঙাচোরা সেই বেঞ্চিতে সেই পাগলটা শুয়ে আছে।
ভাবলাম পাগলটাকে জাগিয়ে তুলে কিছু কথা বলি। ঠিক এমন সময় একজন পথচারীর পথরোধ করলো কয়েকজন যুবক। তার কাছে যাকিছু পেলো, সব ছিনিয়ে নিয়ে গেল। যাবার সময় চোখের পলকে লোকটাকে ছুরিকাঘাত করে যুবকেরা পালিয়ে গেল! চোখের সামনে এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে গেলাম। বিপদের আশংকা দেখে দ্রুত সরে এলাম। আর আসার সময় খেয়াল করলাম—পাগলটা আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে বলে উঠলো, “মায়ার বাঁধন ছিঁড়েছি রে…”
আশ্রমে ফিরে আসার পরেও বুকটা ধুকপুক করছিল, ভয়ে। আর মনে পরছিল পাগলটার কথা। চোখের সামনে এমন একটা ঘটনা ঘটার পরে-ও কিভাবে সে শান্ত রইলো? আবার গানও গাইলো! তাঁর গানের কলিটা এখনও আমার কানে বাজছে। তাঁর গানটা আমি জ্ঞান ও মন দিয়ে অনুভব করার চেষ্টা করলাম। আমার অনুভবের দুয়ারে পাগলটা এসে বলল, “আমি পাগল। কিন্তু আমার জীবনটা বিষয়-মোহ বিবর্জিত এবং পরিশুদ্ধ। নির্লোভ ও নির্মোহতাই আমাকে মুক্তি দিয়েছে। এখন আমি মুক্ত, এই পৃথিবী গোল্লায় যাক, তাতে আমার কিচ্ছু যায়-আসে না।”
অনুভবের দুয়ারে আমি সজোরে হোচট খেলাম! আমার মনে হলো— আমরা যারা সভ্যতার মুখোশ পরে হন্যে হয়ে দৌড়াই, তার সামনে আমাদের সভ্যতা নগ্ন! সত্যি বলছি, আমি চাই না এই সমাজের অধিকাংশ মানুষের মতো ছুটে চলি ক্ষমতা, যৌনতা, অর্থ আর মিথ্যার পেছনে। যদি কিছু চাই— এমনই এক পবিত্র পাগল হতে চাই,
যে গাঁজার ধোঁয়ায় আকাশ দেখে, আর মানুষ খেয়ে ফেলা দুনিয়ার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে থাকে।
আমার অস্থিরতা দেখে গুরুদেব বললেন, “কি হয়েছে বাপ? তোমাকে অস্থির লাগছে কেন?”
আমি গুরুদেবকে এই ঘটনা খুলে বললাম। গুরুদেব উত্তরে বললেন, “দুধ দিয়ে ভাত খেয়ে আকাম-কুকাম করার চেয়ে মদ খেয়ে বেহুঁশ হয়ে পড়ে থাকা ভালো!”
আধ্যাত্মিকতা বনাম রাজনীতি
রাত পেরিয়ে সকাল হলো। সকাল পেরিয়ে দুপুর। দুপুরবেলা আমার উপজেলার সাবেক সংসদ সদস্য বেশকিছু লোকজন নিয়ে গুরুদেবের আশ্রমে আসলেন। আমি ভাবলাম—নিশ্চয়ই আশির্বাদ নেবার জন্য এসেছেন। কিন্তু অবাক করা বিষয় হলো—তিনি এসেই গুরুদেবের সঙ্গে রাজনৈতিক আলোচনা শুরু করে দিলেন, আর গুরুদেবও তাঁকে রাজনৈতিক দিকনির্দেশনা দিতে লাগলেন! গুরুদেব এমনভাবে কথা বলছিলেন, যেন সে বড়মাপের রাজনীতিবিদ! আমার মনে সংশয়ের সৃষ্টি হলো। মনেমনে চিন্তা করলাম—গুরুদেব কি সত্যিই আধ্যাত্মিক মানুষ? নাকি সে মুখোশধারী? আধ্যাত্মিক মানুষ কেন রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন? প্রশ্নগুলো মাথায় যতো ঘুরপাক খাচ্ছিলো, ততই গুরুদেবের প্রতি আমার সন্দেহের মাত্রা বৃদ্ধি পাচ্ছিলো। লোকটা, মানে আমার উপজেলার সাবেক সংসদ সদস্য যখন চলে গেলেন, তখন গুরুদেবকে বললাম, “বাজান, আধ্যাত্মিক মানুষরা তো রাজনীতি পছন্দ করেন না, কিন্তু আপনি দেখছি পুরোই রাজনীতিবিদ!”
গুরুদেব গভীরভাবে বললেন, “ভোরের আলো যখন ধীরে-ধীরে আঁধারকে সরিয়ে দেয়, তখন প্রকৃতির প্রতিটি অনুরণন যেন বলে—সত্য আর আলো কখনো দীর্ঘকাল চাপা থাকে না। কিন্তু মানব সমাজে সেই সত্য আর আলোর জায়গায় বহুসময় রাজনীতির নামে প্রবেশ করে ক্ষমতার লালসা, মিথ্যা ও বিভেদের বিষ। তাই অনেক আধ্যাত্মিক মানুষ রাজনীতিকে অপছন্দ করেন। তারা ভাবেন—এই জগৎ কলুষিত, আমি তাতে নিজেকে মিশিয়ে নষ্ট করতে চাই না। কিন্তু প্রশ্ন থেকে যায়—এটাই কি মুক্তির পথ?”
আমি বললাম, “হ্যা, ক্ষমতার লালসা, মিথ্যা ও বিভেদের বিষ ছাড়া রাজনীতিতে কিচ্ছু নাই। এজন্যই আধ্যাত্মিক মানুষ রাজনীতি পছন্দ করেন না। কিন্তু, আপনি দেখছি আলাদা এক আধ্যাত্মিক মানুষ!”
গুরুদেব বললেন, “আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান, প্রার্থনা, নিঃসঙ্গতা নয়। সত্য, করুণা ও ন্যায়ের জন্য অবস্থান গ্রহণ করাও এক ধরনের আধ্যাত্মিক কাজ। গৌতম বুদ্ধ রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি সমাজে শান্তির বীজ বপন করেছিলেন। গান্ধীজী রাজনীতিবিদ ছিলেন বটে, কিন্তু তার রাজনীতির মূল ছিল আত্মশুদ্ধি ও অহিংসা। সুতরাং, আধ্যাত্মিকতা আর রাজনীতি পরস্পরবিরোধী নয়—বরং একে অপরকে পরিপূরক করে তুলতে পারে। আমরা যদি ভাবি, রাজনীতি নোংরা, তাই আমি তাতে নেই—তবে তা পালিয়ে যাওয়ার নামান্তর। যে আশ্রমে বসে তুমি আমার সঙ্গে আলোচনা করছো, সেই আশ্রমের নিরাপত্তাও একসময় রাজনীতির সিদ্ধান্তের ফল। তুমি যে মুক্তভাবে মত প্রকাশ করতে পারো, সেটাও একটি রাষ্ট্রিক কাঠামোর দান। সুতরাং, যত বড় আধ্যাত্মিক ব্যক্তিই হও না কেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তোমার রাজনীতির বাইরে থাকা সম্ভব নয়।”
আধ্যাত্মিক মানুষ রাজনীতির সঙ্গে জড়িত হোক এটা আমি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। গুরুদেব যত কথাই বলুক, আমার ধারণা—প্রকৃত আধ্যাত্মিক মানুষ রাজনীতির সংস্পর্শে কখনোই আসবেন না। আমি চুপচাপ রইলাম। গুরুদেব আবারও বললেন, “তবে হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে যদি কেউ নিজের চেতনা হারায়, সেটি আত্মঘাতী। তাই দরকার সচেতন অংশগ্রহণ—যেখানে আধ্যাত্মিক মানুষ রাজনীতিকে শুদ্ধ করার চেষ্টায় অংশ নেন।
যেখানে প্রতিযোগিতা নয়, সেবা হয়ে ওঠে নীতির ভিত্তি, আর মিথ্যা নয়, সত্য হয়ে ওঠে আলোচনার মূলনীতি। সমাজ তখনই বদলায়, যখন আধ্যাত্মিক মানুষেরা চুপচাপ না থেকে ন্যায়ের পক্ষে কথা বলেন।”
গুরুদেবের সঙ্গে খোলামেলা আলাপ করা যায়, তাই তাঁকে যেকোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ করি না। মনের মধ্যে যে প্রশ্নই আসুক, তা অবলীলায় বলে ফেলি। গুরুদেবকে বললাম, “যে মানুষ ঘরসংসার ছেড়ে সমাজের তোয়াক্কা না করে লোকচক্ষুর আড়ালে শুধু ধ্যান আর জ্ঞানের সাধনা করে, সে কি ভুল মানুষ? যে লোক ঘরসংসার ও সমাজ ছেড়েছে, তাঁর চোখের সামনে চুলোয় যাক দেশটা, তাতে তাঁর কী আসে-যায়?”
গুরুদেব বললেন, “তাহলে একটা গল্প শোনো: শরতের দুপুর। গঞ্জের মোড়ের পাশে একটা বটগাছের নিচে বসে আছেন এক সাধুবাবা। একমনে জপ করছেন— ‘ওঁ শান্তি, ওঁ শান্তি…।’ এক দিনমজুর গঞ্জে যাচ্ছিলেন। একটু বিশ্রাম নেবার জন্য বটগাছের নিচে দাঁড়ালেন। তিনি সাধুবাবাকে বললেন, ‘সাধুবাবা, একটু শুভদৃষ্টি দিন, দেশের অবস্থা খুব একটা ভালো না—চারদিকে অন্যায়, অবিচার, অভাব আর হাহাকার!’ সাধুবাবা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন, কিচ্ছু বললেন না। দিনমজুর চলে গেলেন।
কিছুক্ষণ পর, কয়েকজন যুবক এলো। চোখে আগুনের শিখা, মুখে ক্ষোভের ছাপ। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, ‘সাধুবাবা, আপনি তো সব জানেন! দেখছেন না, সরকার কী করছে? আমাদের কণ্ঠরোধ করছে, কৃষকদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, গরিবের পেটে লাথি মারছে! আপনি কিছু বলবেন না?’ সাধুবাবা চোখ বুঁজলেন এবং শান্ত স্বরে বললেন, ‘হে যুবক, আমি দুনিয়াবিমুখ, রাজনীতির কথা আমি বুঝি না। আমি শুধু ঈশ্বরের আরাধনা করি।’
যুবকেরা হতাশ চোখে ফিরে গেল। দিন গেল। মাস গেল। হঠাৎ একদিন, সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। বাজারে খাবারের দাম আকাশছোঁয়া, কৃষকদের ফসল ন্যায্য দামে বিক্রি হচ্ছে না, চাকরিজীবীরা বেতন পাচ্ছে না। কলকারখানা বন্ধ। দেশে বিদেশি বিনিয়োগ নাই। অযোগ্য সরকারের সঙ্গে প্রতিবেশি রাষ্ট্রের ভালো কোনো সম্পর্ক নাই। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতাশ। দেশে শুরু হলো দুর্ভিক্ষ। খাদ্যসংকটে মানুষ দিশেহারা! এখন আর সাধুবাবাকে কেউ দানখয়রাত করে না। সাধুর পেটে ক্ষুধার যন্ত্রণা। তাই সাধু ভিক্ষার ঝুলি হাতে বের হলেন, কিন্তু দেখলেন ঝুলি ফাঁকা! কারও কাছে দেওয়ার কিছু নেই। নিজেরাই ভাত পায় না, তারা সাধুবাবাকে দেবে কী?
সাধুবাবা বিচলিত হলেন। চারপাশের দুর্দশা দেখে তার মনে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। তিনি বুঝতে পারলেন—পতিতালয়ে আগুন লাগলে দেবালয়ও পুড়ে যেতে পারে!
সেই রাতে, প্রথমবারের মতো সাধুবাবা জপের মালা নামিয়ে রেখে শহরের পথে হাঁটলেন। এবার আর শুধু ভিক্ষার জন্য নয়, বরং মানুষের কথা শুনতে, তাদের কষ্ট বুঝতে। কারণ, কেউ দুনিয়াবিমুখ হলে দুনিয়াও তাকে ভুলে যায়!”
এদিকে দুপুর গড়িয়ে সূর্যটা পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। আমাকে তাড়াতাড়ি দোকান খুলতে হবে। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে দোকান খোলার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। তুলসীদের বাড়ির কাছাকাছি যেতে-না-যেতেই দেখি জনতার ঢল! মিছিল, ভাংচুর আর স্লোগানে উত্তাল পুরো এলাকা! বুঝতে পারলাম এরা সরকার বিরোধী আন্দোলন করতেছে। এমতাবস্থায় দোকান খোলা অসম্ভব, তাই ফিরে এলাম আশ্রমে।
বিদ্বেষের সীমান্ত পেরিয়ে
আমার রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্পর্ক শত্রুতা দিয়ে জর্জরিত। ইতিহাস, যুদ্ধ, রাজনীতি আর ভুল বোঝাবুঝি—সব মিলিয়ে দুইপাশে জমেছে ঘৃণার গাঢ় কুয়াশা। অধিকাংশ নাগরিকই পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করে; গর্বের সাথে ঘৃণা জাহির করে, যেন তা-ই দেশপ্রেমের চূড়ান্ত রূপ। কিন্তু সেই স্রোতে আমার গা ভাসাতে মন সায় দেয় না।
আমি কোনো দেশকেই ঘৃণা করি না। বরং আমি চাই, দুই দেশের মানুষের ভালো হোক। আমি চাই সীমান্তের এপারের শিশুটি যেমন হাসে, ওপারের শিশুটিও তেমনি নিশ্চিন্তে খেলুক। আমি চাই, এক দেশের কৃষক যেমন আশায় বীজ বোনে, অন্য দেশের কৃষকও তেমনি স্বপ্নে জল ঢালুক। আমি ঘৃণা করি না, কারণ আমি মনে করি—ঘৃণার ফলশ্রুতি কখনও শান্তি নয়, শুধুই আরেকটি গভীর ক্ষত।
অনেকেই ভাবতে পারে—এই অবস্থান নড়বড়ে, কাণ্ডজ্ঞানহীন, এমনকি দেশদ্রোহিতার শামিল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার অবস্থান নৈতিক। কারণ, আমি রাজনীতির শত্রুতা নয়, মানুষের মধ্যে মিল খুঁজি। আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সীমান্ত থাকলেও হৃদয়ের সীমান্ত থাকা উচিত নয়।
যদি শান্তি চাই, তবে শুভবোধের পাশে দাঁড়াতেই হবে। বিদ্বেষের জবাব ঘৃণায় দিলে শুধু আগুন বাড়ে—কিন্তু ভালোবাসা একদিন সেই আগুনকে নিভিয়ে দিতে পারে। আমি সেই ভালোবাসার সম্ভাবনাতে দাঁড়াতে চাই—নির্জনে, কিন্তু দৃঢ়ভাবে।
আমার চিন্তাচেতনা কতটুকু যুক্তিসংগত তা যাচাই করার জন্য গুরুদেবকে বললাম, “গুরুদেব, আপনি আপনার এই দেশটাকে কতটা ভালোবাসেন? ধরুন, আপনার প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছে, এখন আপনি কোন দেশের পক্ষে কথা বলবেন?”
গুরুদেবের চোখ তখন আশ্রমের বেলকনিতে বসে থাকা কয়েকটি চড়ুই পাখির দিকে নিবদ্ধ। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, “যখন আকাশে সূর্য ওঠে, তখন কি তার আলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডের হয়?”
আমি কিছু বললাম না। গুরুদেব নিজেই বললেন, “সূর্য যেমন সবার জন্য আলো দেয়, তেমনি যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করে, তার জন্য কোনো সীমানা থাকে না।”
গুরুদেবের কথায় ব্যাখ্যা পেলাম, কিন্তু তাঁর অবস্থান জানতে পারলামনা। তাঁর অবস্থান জানতে আবারও প্রশ্ন করলাম, “তাহলে জন্মভূমির প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই?”
গুরুদেব বাঁকা ঠোঁটের কোণায় হাসি রেখে বললেন, “যেখানে অন্যায় দেখবে, সেখানে প্রতিবাদ করো; যেখানে দুঃখ দেখবে, সেখানে সান্ত্বনা দাও; যেখানে বিভেদ দেখবে, সেখানে ভালোবাসা ছড়িয়ে দাও। শুধু ভূমিকে নয়, মানবতাকে আপন করে নাও। তাহলেই প্রকৃত দেশপ্রেম জন্ম নেবে।”
গুরুদেবের কথায় প্রাণটা জুড়িয়ে গেল! আমি চড়ুইদের দিকে তাকালাম। আমার মনে হলো—পাখিদের সীমানা প্রাচীর নেই, মানুষের আছে; পাখিদের চেয়ে মানুষ বড্ড বেশি বোকা!
স্বৈরশাসক
সমস্ত সমাজ যখন দগ্ধ হচ্ছে বিভ্রান্তির আগুনে, রাজপথ যখন দলাদলি আর হানাহানিতে রক্তে ভেজা, তখন আমার মনপ্রাণ বলে উঠলো—কেউ যদি এসে এক ঝটকায় সব থামিয়ে দিতো! কেউ যদি কঠোর সিদ্ধান্ত নিতো এবং সেই সিদ্ধান্তেই রাষ্ট্রটি বেঁচে যেতো, তাহলে কত-না ভালো হতো। হোক সে স্বৈরশাসক, তবুও দলকানা, বিভ্রান্ত ও হুজুগে পথচলা নাগরিকদের হাত থেকে দেশটিকে বাঁচাক।
যে নিজের জ্ঞান ও নৈতিকতার ওপর ভর করে রাষ্ট্র চালাবে, সে গণতান্ত্রিক নিয়ম মানুক আর না-মানুক, তবুও সে নিসন্দেহে যোগ্য শাসক। কারণ সে সত্য জানে, সত্য তার কাছে স্পষ্ট।
সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এক অনমনীয় নেতৃত্ব দিয়ে দুর্নীতিকে দমন করে রাষ্ট্রকে শিক্ষায়, শিল্পে ও শৃঙ্খলায় উঁচু স্থানে নিয়ে গিয়েছেন। আতাতুর্ক তুরস্ককে ছিন্ন করে দেন পুরোনো জড়তা থেকে। যুগোস্লাভিয়ার তিতো—যিনি স্বৈরশাসকের তকমা নিয়েও জাতিকে সংহত রেখেছিলেন বহুদিন।
আমি যে রাষ্ট্রে বাস করি, সে রাষ্ট্রে এতো মতামত, এতো জটিলতা আর এতো-এতো দল, এ যেনো বার রাজপুত্রের তেরো হাঁড়ি!
রাষ্ট্রের এমন সংকট মূহুর্তে গুরুদেবকে প্রশ্ন করলাম, “গুরুদেব, একজন ন্যায়পরায়ণ শাসক যদি কঠোর হাতে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য হোন, তাহলে কি তাঁকে স্বৈরশাসক বলা উচিৎ হবে?”
গুরুদেব বললেন, “একটি গল্প শোনো। এক রাজা ছিলেন, অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি কঠোর হাতে দুর্নীতিবাজদের শাস্তি দিতেন, দেশকে সুশাসনে পরিচালিত করতেন। কিন্তু একদিন, তাঁরই কিছু উপদেষ্টা ষড়যন্ত্র করে প্রচার করল যে তিনি অত্যাচারী, ক্ষমতালিপ্সু। জনগণের একাংশ তা বিশ্বাস করল, বিদ্রোহ শুরু হলো। রাজা বললেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, ন্যায় প্রতিষ্ঠা করেছি, তবু আমার বিচার এই?’’
আমি পাল্টা জবাব দিলাম, “তাহলে তো জনগণই ভুল করল!”
গুরুদেব বললেন, “একদা এক কৃষক তার ক্ষেতের আগাছা তুলে ফেলতে লাগল। পাশের এক সন্ন্যাসী বললেন, ‘ওগুলোকেও থাকতে দাও, কারণ ওগুলোও প্রকৃতিরই সৃষ্টি।’ কৃষক উত্তর দিলো, ‘যদি আমি এগুলো না তুলি, তবে ফসল বাঁচবে না।’ ঠিক তেমনই, শাসক যদি অন্যায় দমন না করেন, তবে রাষ্ট্র টিকে থাকতে পারবে না।”
আমি উপলব্ধি করলাম—গুরুদেব এইবার ঠিক বলেছেন। ফসল বাঁচানোর জন্য কৃষককে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। ঠিক তেমনি রাষ্ট্রের মঙ্গলের জন্য ন্যায়পরায়ণ শাসককেও প্রয়োজনে স্বৈরশাসক হতে হবে। কিন্তু গুরুদেব এবার সতর্ক করে বললেন, “কিন্তু মনে রেখো, কৃষক যদি ভালো গাছের সঙ্গে ভুল করে ফসলও উপড়ে ফেলে, তবে সে একদিন নিজের ক্ষুধাতেই মারা যাবে। কঠোরতা তখনই গ্রহণযোগ্য, যখন তা ন্যায়সঙ্গত হয়।”
গুরুদেবের কথাগুলো মনোযোগ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলাম। বাইরে তখন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, ধোঁয়ার আস্তরণ ভেদ করে আলো এসে পড়েছে গুরুদেবের শান্ত মুখে।
দ্বিতীয় ঈশ্বর
আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। এ কথা আমি একান্ত আন্তরিকভাবে বলছি, কারণ এ দেশের রাজনৈতিক বিভাজন বরাবরই সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমি আমার বিবেককে অস্বীকার করতে পারি না, বিশেষ করে যখন দেখছি—পরিবর্তনের নামে প্রতারণা চলছে, সংস্কারের নামে চলছে ধ্বংস।
আমার বুদ্ধি হওয়ার পর থেকে বাংলাদেশের অনেক সরকারপ্রধান দেখেছি। প্রত্যেকেই নানা রকম প্রতিশ্রুতি নিয়ে এসেছেন, কেউ কেউ কিছু অর্জনও করেছেন। তবে স্বীকার করতে দ্বিধা নেই, শেখ হাসিনাই ছিলেন সবচেয়ে বেশি ব্যবহারিক, রাজনৈতিকভাবে দূরদর্শী এবং কুসংস্কারবিমুখ। তিনি কোনো মিথ্যাচার দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে চাননি। কিন্তু তাঁরও ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল।
হটাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলেন! তাঁর চলে যাবার দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিলাম না সত্যিই তিনি পালিয়ে যাচ্ছেন কি-না। একটা সময় নিশ্চিত হলাম—হ্যাঁ, তিনি পালিয়েছেন। আমার দেশের রক্ষাকর্তা শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন আমি ভেঙে পড়িনি—বরং আশাবাদী হয়েছিলাম, ভেবেছিলাম—এবার নতুন কেউ এসে হয়তো আরও ভালো কিছু করবে।
কিন্তু নতুন অধ্যায় শুরু হলো সংস্কার নয়, প্রতারণার মাধ্যমে। ক্ষমতায় এলেন ড. মুহাম্মদ ইউনূস—বিশ্বজয়ী এক নাম, একসময় যাঁকে আমি শ্রদ্ধা করতাম। কিন্তু তাঁর শাসনামলে যা দেখছি, তা শুধু ভয়াবহ নয়, চরম হতাশাজনক!
বাংলার শতাব্দীপ্রাচীন সুফি দরগাগুলো এদেশে একটি মেলবন্ধনের জায়গা—ধর্ম, মত, জাতপাত অতিক্রম করে মানুষের অন্তর্গত চেতনার কেন্দ্র। কিন্তু এখন সেসব দরগা “কুসংস্কারের জায়গা” আখ্যা পেয়ে হামলার শিকার হচ্ছে। মাজারগুলোতে দেদারসে তওহিদি জনতা ভাংচুর চালাচ্ছে! এযেন, হাজার বছর ধরে যার উপর দাঁড়িয়ে আছে এই জাতিসত্তা—ভাষা, সংস্কৃতি, সম্প্রীতি—সবকিছুকে ধ্বংস করার এক মৌন তৎপরতা।
নারীর অধিকার আজ প্রশ্নবিদ্ধ। বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার নাম পর্যন্ত অপমানের শিকার হচ্ছে—তাকে “মাগি” বলা হচ্ছে প্রকাশ্যে, সামাজিক মাধ্যম আর ধর্মীয় বক্তৃতায়। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করা হচ্ছে। স্বাধীন দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, জাতীয় পতাকা পরিবর্তনের কথা উঠছে। ভাস্কর্যে ভাংচুর চালাচ্ছে। বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের হিড়িক পড়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আদিবাসীরা—তারা এখন নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত। যে দেশ ১৯৭১ সালে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রক্ত দিয়েছিল, আজ সেই দেশের ভেতরে ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে। শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। অপরাধীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, আর সাধারণ মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছে।
ভারতের সঙ্গে বন্ধুত্বে যে কূটনৈতিক ভারসাম্য ছিল, তা ভেঙে দিয়ে নতুন সরকার চীনের সঙ্গে গোপন আঁতাত করতে চাইছেন। ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য, সমুদ্রবন্দর ভাড়া দেওয়ার পরিকল্পনা, বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে নিজেই কথা বলা—এগুলো যেন দেশের আন্তর্জাতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করছে।
ক্ষমতায় এসেই ড. ইউনূস আমেরিকা সফরে গিয়ে বললেন, “এই সরকার পরিবর্তন একটি মেটিকুলাস ডিজাইন ছিল।” অর্থাৎ, এই সরকার আন্দোলনের ফলে নয়, পরিকল্পনার ফলেই এসেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি স্তম্ভিত! এইযে শেখ হাসিনাকে তাড়ানোর লোকদেখানো আন্দোলন, ক্ষোভ, প্রতিবাদ ও আত্মত্যাগ—সবই তাহলে পরিকল্পনার পুতুল?
এরপর দেখা গেল ড. ইউনুসের—ব্যক্তিগত ব্যবসা বাড়ানো, কর মওকুফ, নিজের মামলার রায় খালাস করে নেওয়া—সবই হচ্ছে নির্বিকারভাবে। তাহলে এটি কী? সংস্কার? নাকি ক্ষমতার ছদ্মবেশে আত্মসাৎ?
আমি সাধারণ মানুষ। আমার কোনো বাহিনী নেই, কোনো দল নেই, কেবল বিবেক আছে। আমি চিৎকার করে বলতে চাই—এই দেশের জন্ম হয়েছিল ভাষার অধিকার, সংস্কৃতির মর্যাদা ও ধর্মনিরপেক্ষতার জন্য। আজ যদি এই সবকিছু ধ্বংস হয়ে যায়, তাহলে স্বাধীনতা মানে কী? শেখ হাসিনার শাসনের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজ যাকিছু ঘটছে তা উন্নয়নের নামে প্রতারণা, সংস্কারের নামে সংস্কৃতি বিনাশ ছাড়া আর কী?
তুলসীদের ছোট্ট পরিবার। আন্দোলনের সময় ওদের বাড়িতে লুটপাট হয়েছে। পরিবারের সবাই অপদস্ত হয়েছে। শ্রীশ্রী গৌড় বিগ্রহ নিতাই মন্দিরে হামলার স্পষ্ট ছাপ রয়ে গেছে। তুলসীদের বাড়িতে গুছিয়ে রাখা আমার দোকানের মালামাল সব লুট হয়ে গেছে। তুলসীদের মতোই আবারও আমি পথের ফকির হয়ে গেলাম। আমার সহায়সম্বল সব শেষ। তুলসীদের পাশে দাঁড়ানোরও আমার পক্ষে সম্ভব না।
অপরদিকে দেখছি শেখ হাসিনাকে তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দেওয়া অল্পবয়স্ক ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে দামি দামি পোশাক পরে গাড়ি ও হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, সারাদিন রাজনৈতিক বক্তব্য দেয়। আন্দোলনের আগেও যাদের অর্থনৈতিক করুণ দশা ছিলো, তারা এখন বড়লোক, সম্মানের পাত্র। ওদের জীবনদর্শন দেখে আবারও উপলব্ধি করলাম—জীবনে ক্ষমতা আর টাকাই সব।
রাতে গুরুদেবকে বললাম, “ক্ষমতা আর অর্থই জীবনের সব, তাইনা বাজান? যার কাছে টাকা নেই, তার কথা কেউ শোনে না, সম্মানও করে না।”
গুরুদেব বললেন, “সত্য কখনও একরৈখিক নয়, বরং বহুমুখী। জীবনে অর্থ এবং ক্ষমতা প্রয়োজন, কিন্তু এগুলো যদি পেয়ে যাবার পর মনকে গ্রাস করে, তাহলে তার জন্য অর্থই হবে অনর্থের মূল, আর ক্ষমতা হবে নীচে নেমে যাবার সিড়ি!”
আমি আবারও গুরুদেবকে বললাম, “কিন্তু বাজান, দুনিয়ায় তো দেখছি ক্ষমতা আর টাকার জন্যই মানুষ মরিয়া হয়ে ওঠে। এখানে ধনীরা সম্মান পায়, গরীবরা অবহেলিত হয় আর অসহায়রা হয় নির্যাতিত। ক্ষমতা আর টাকা কি তবে মানুষের দ্বিতীয় ঈশ্বর?”
গুরুদেব বললেন, “তুমি কি দ্বিতীয় ঈশ্বরের পূজা করতে চাও? তবে মনে রেখো: ক্ষমতা আর টাকা জীবনকে সহজ করে তোলে, কিন্তু একে জীবনের সর্বস্ব ভাবলে তা দাসত্বে পরিনত হয়। অর্থ এবং ক্ষমতা থাকা দরকার, তবে তা যেন মনকে নিয়ন্ত্রণ না করে, দম্ভ বেড়ে না যায়। ক্ষমতা ও অর্থকে যদি তুমি দাস বানাতে পারো, তবে তা আশির্বাদ। আর যদি অর্থ ও ক্ষমতাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে তুমি নিজেই তার দাস হয়ে যাও, তাহলে সেটা তোমার জন্য অভিশাপ! তোমার পতন অনিবার্য! অতিরিক্ত ক্ষমতা আর টাকা কিন্তু মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না!”
গুরুদেবের কথাগুলো আমি হৃদয় দিয়ে উপলব্ধি করলাম। আশায় বুক বাঁধলাম—আজ যারা অর্থ ও ক্ষমতা পেয়ে যাচ্ছেতাই করে যাচ্ছে, একদিন তাদেরও পতন হবে।
বর্তমানের ছোঁয়া
ব্যবসা-বাণিজ্য বন্ধ, হাতে টাকাপয়সা নেই, ভবিষ্যতও অন্ধকার। কী করবো বুঝতে পারতেছি না। মনটা খারাপ। আনমনে পুকুরপাড়ে বসে আছি। হাঁটতে-হাঁটতে গুরুদেব আমার পাশে এসে বসলেন। পুকুরে মাছেরা খেলা করতে ছিলো। গুরুদেব বললেন, “পুকুরে অনেক মাছ হয়েছে, মাছগুলো বিক্রি করা দরকার।”
আমি বললাম, “মাছগুলো কেন বিক্রি করবে? ওরা পুকুরে খেলা করছে, এটাই তো ভালো।”
গুরুদেব বললেন, “মাছগুলো বিক্রি করবো, দরকার একটা নিশ্চয়ই আছে। তুমি উত্তরপাড়া জেলে বাড়ীতে যাও। গিয়ে রঞ্জু জেলেকে আমার সঙ্গে দেখা করার জন্য আসতে বলবে।”
আমি তখনই রঞ্জু জেলেদের বাড়ি চলে গেলাম। রঞ্জু জেলেকে গুরুদেবের সঙ্গে দেখা করতে আশ্রমে আসতে বললাম। রঞ্জু জেলে রাতেই আশ্রমে আসলেন। গুরুদেব পুকুরের সব মাছ বিক্রি করতে চান, রঞ্জুকে জানালেন। রঞ্জু জেলে নদী থেকে শুধু মাছই ধরেন না, তিনি জেলেদের কাছ থেকে পাইকারি ধরে মাছ কিনে বাজারে বসে ভাগা দিয়ে বেশি দামে বিক্রি করেন। পুকুর কিংবা ডোবার মাছ, তিনি মালিকদের কাছ থেকে অনুমানের উপর ভিত্তি করে কিনে নেন। তারপর জল সেঁচে মাছ ধরেন। বলতে গেলে বলা যায়—রঞ্জু জেলে পানির পোকা। তিনি অনুমানেই বুঝতে পারেন জলের নিচে কতটা মাছ আছে। তিনি সরাসরি গুরুদেবকে বললেন, “চাচা, একদাম পঁচিশ হাজার টাকা দিমু।” গুরুদেবও বাড়তি কোনো কথা বললেন না। শুধু বললেন, “তুমি যা ভালো মনে করো।”
পুকুরের মাছ বিক্রি হয়ে গেল। পরদিন সকালবেলা রঞ্জু জেলে মাছ ধরার জাল ও লোকজন নিয়ে হাজির। গুরুদেবের হাতে টাকা দিয়ে মাছ ধরতে শুরু করলেন। মাছ ধরা শেষে রঞ্জু জেলে অনেক খুশি। কারণ তিনি প্রত্যাশার চেয়েও বেশি মাছ পেয়েছেন। মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় রঞ্জু জেলে সবচেয়ে বড় দুটো মাছ গুরুদেবকে দিলেন। গুরুদেব প্রথমে নিতে চাইলেন না। অনেক জোরাজোরির গুরুদেব মাছ রাখলেন। মাছ দুটো আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, “যাও, মাছ দুটো নিয়ে তোমার গুরুমাকে দিয়ে আসো।”
মাছ দুটো নিয়ে আমি সোজা গুরুদেবের বাড়িতে চলে গেলাম। গুরুমা বাড়িতেই ছিলেন। তিনি আমার হাতে মাছ দেখে জানতে চাইলেন আমি কেন মাছটা নিয়ে এসেছি। আমি বিস্তারিত গুরুমাকে জানালাম। গুরুমা মুচকি একটা হাসি দিয়ে বললেন, “আসো, বসো।”
আমাকে বসতে দিয়ে তিনি দ্রুত রান্না করতে গেলেন। আমি দেরি করতে চাইলাম না, কিন্তু তিনি অনেক অনুরোধ করলেন দেরি করার জন্য। অল্প সময়ের ভেতরেই রান্না করে আমাকে খেতে দিলেন। সবগুলো গুরুদেবের পছন্দের খাবার। শেষে বেশকিছু খাবার একটা পাত্রে ভরে বললেন, “এগুলো সাঁইজির জন্য। তাঁকে বলো আমরা বেশ ভালো আছি। আর আমি সময়-সুযোগ হলে তাঁকে দেখে আসবো।”
আমি খাবারগুলো নিয়ে আশ্রমে ফিরে এলাম। গুরুদেব খাবারগুলো দেখে মৃদু হাসলেন। আমি জল এনে দিলাম, তিনি পরম মমতায় খাবার খেতে লাগলেন। খেতে-খেতে বললেন, “পুকুরের মাছ তো খাচ্ছি, মনটা সাগরের মাছ খেতে চাইছে। চলো আমরা সমুদ্র সৈকত দেখে আসি এবং সমুদ্রের মাছ খেয়ে আসি। আগামীকালই যাবো। তুমি প্রস্তুতি নিয়ে রাখো।”
গুরুদেবের কথা শুনে আমি তো অবাক! এই মানুষটার কখন কী মনে চায় বুঝতে পারি না। আমিও দ্বিমত করলাম না। জীবনে আমারও সাগর দেখা হয়নি। তাই প্রস্তুতি নিয়ে রাখলাম।
পরদিন ভোরে রেলস্টেশনে চলে গেলাম। সেখান থেকে ট্রেনযোগে সন্ধ্যার আগেই আমরা কক্সবাজার পৌঁছালাম। তারপর ‘নিদ মহল’ নামক একটা গেস্ট হাউজে উঠলাম। সকালবেলা চলে গেলাম সমুদ্র সৈকতে।
সেদিন চারপাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, আর শান্ত সাগরের জলে সূর্যের কিরণ পড়ছিল, যা এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করছিল। কপোত-কপোতীরা আনন্দের সাথে গান গাইছিল আর জলক্রীড়া করছিল, স্নিগ্ধ বাতাস বইছিল। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল।
সাগরের ধূ-ধূ জলরাশির দিকে যতদূর চোখ যায় প্রশান্ত নয়নে ততোদূর তাকিয়ে গুরুদেবকে বললাম, “সাঁইজি, এই পৃথিবীর সব কিছুই এত সুন্দর, কিন্তু তারপরও মানুষ কেন নিজের ভিতরে শান্তি খুঁজে পায় না?”
গুরুদেব সাগরের ঠাণ্ডামিষ্টি খোলা বাতাসে বুকভরে শ্বাস নিয়ে বললেন, “প্রকৃতি মানুষকে যা দেখাচ্ছে, সেটি তারা দেখতে পাচ্ছে। কিন্তু প্রকৃত শান্তি আর সুখ মানুষের মনের মধ্যে লুকিয়ে রয়েছে। যখন এই মানুষগুলো প্রকৃতির মতো সরল হবে, তখন তাদের অন্তরও উদ্ভাসিত হবে। ডায়োজিনিসের মতো যদি তারা তাদের জীবনকে সহজভাবে গ্রহণ করে, তাদের মনের শান্তি তখনই প্রকাশিত হবে।”
গুরুদেবের চেতনার গভীর থেকে আরও কিছু মুক্তা বের করে আনার জন্য প্রশ্ন করলাম, “জীবনে শান্তি-অশান্তি যা-ই থাক, জীবনের আসল উদ্দেশ্য কী, বাজান?”
গুরুদেব মৃদু হেসে বললেন, “প্রকৃতির মধ্যে যে শান্তি, তা যেমন বাহ্যিক নয়, তেমনি প্রতিটা মানুষের জীবন একান্ত এবং তাদের শান্তির রূপরেখা আলাদা; যা তাদের জীবনদর্শনে ফুটে ওঠে। তারা যে পথে চলে, তা তাদের নিজস্ব তৈরি পথ। যদি তুমি একটি সুখী জীবন চাও, তাহলে তোমাকে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে জীবন কাটাতে হবে। অনেক চাওয়া-পাওয়ার বাসনা পরিত্যাগ করে একটি লক্ষ্য নিয়ে জীবনের পথ হাঁটলে, নিশ্চয়ই সেই পথই তাদের অন্তরকে তৃপ্তি ও স্বস্তি দিবে। জীবনচলার পথে একটু তৃপ্তি ও স্বস্তি পাওয়াটাই মূলত জীবনের উদ্দেশ্য।”
এক মুহূর্ত চুপ থেকে আমি আবারও জিজ্ঞেস করলাম, “আচ্ছা, অতীত আর ভবিষ্যত নিয়ে অবিরাম চিন্তা করা কি মানুষের মুক্তির পথে বিঘ্ন ঘটাতে পারে?”
গুরুদেব বালুর উপর আঙুল দিয়ে একটা রমণীর ছবি আঁকতে-আঁকতে বললেন, “হ্যা, অতীত চলে গেছে, ভবিষ্যত এখনও আসেনি। সুতরাং, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে মুক্তির পথটাকে বন্ধ করে রাখা। মানুষের প্রকৃত সুখ এই মুহূর্তের মধ্যে রয়েছে। জীবন প্রতিটি মুহূর্তে নতুনভাবে সৃষ্টি হয়।”
সমুদ্র সৈকত দেখে যতোটা না তৃপ্তি পেলাম, তারচে বেশি মুগ্ধ হলাম গুরুদেবের কথায়। এই সাগরপাড়ে এসে গুরুদেবের কথা শুনে উপলব্ধি করলাম—ভবিষ্যত নিয়ে বিচলিত হবার কিছু নেই। আগামীকাল কী হবে আমরা জানি না। জীবন এখানেই। এই মূহুর্তটাকেই উদযাপন করা উচিৎ। যা হবার তা তো হবেই….
অনুরাগ
দুইদিন পর আমরা আশ্রমে ফিরে এলাম। এসে দেখি একদল লোক বটগাছের নিচে আসন পেতে সিদ্ধি সেবন করছে আর মনের আনন্দে গান করছে। আমাদের দেখে তাঁরা শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করলো। তাঁদের প্রতি অবিরাম ভালোবাসা জানালাম। এরপর পরনের পোষাক পরিবর্তন করে এবং ফ্রেশ হয়ে তাঁদের সঙ্গে আড্ডায় মেতে উঠলাম।
ইদানীং গুরুদেবের আশ্রমে লোকজনের আনাগোনা বেশি। তাঁরা আসে, বসে, সাধুসঙ্গ করে, দুয়েকটা ভাবের কথা শোনে, বলে এবং গান গায়। এখানে কোনো ষড়যন্ত্র কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চলে না; বড়জোর সিদ্ধি সেবন চলে। কিন্তু পরিতাপের বিষয়—সমাজের অধিকাংশ মানুষ গুরুদেবের নামে কুৎসা রটাচ্ছে—গুরুদেব ধর্মকর্ম করে না, গাঁজা খায়, ধর্মবিরোধী কথা বলে এবং পরনারী নিয়ে আড্ডা দেয়! এককথায় মানুষ বলতে চাইছে—গুরুদেব নাস্তিক, ভণ্ড এবং নেশাখোর!
শুক্রবার দুপুরবেলা, একদল মুসুল্লি এসে গুরুদেবকে যাচ্ছেতাই বলতে শুরু করল! গুরুদেব শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। কত জঘন্য ভাষায় তারা গালাগালি করল! কয়েকজন তো মারতেও আসলো! সাদা লুঙ্গি ও শার্ট পরা একটা লোকের দিকে তাকিয়ে গুরুদেব দুচোখের জল ছেড়ে দিলেন। ভয়ে আমার শরীরটা কাঁপতে ছিলো, তবুও গুরুদেবকে ছেড়ে পালিয়ে যাইনি। আমার সিদ্ধান্ত—গুরুদেবের শরীরে কেউ আঘাত করলে, সেটা যেনো প্রথমে আমার শরীরে লাগে। উগ্রবাদী লোকজন চলে যাবার পর গুরুদেবকে জিজ্ঞেস করলাম, “বাজান, সবাই কত কথা বলল, তাদের কথা শুনেও শুনলেন না, কিন্তু একটা লোক কিছু বলল না, সে দাঁড়িয়ে-দাঁড়িয়ে তামাশা দেখছিল, আপনি তার দিকে তাকিয়ে কান্না করে দিলেন কেন?”
গুরুদেব বললেন, “বাপ, যারা গালাগালি করতেছিল, তারা ছিল অজ্ঞতার প্রতীক। তাদের কথা শুনতে খারাপ লাগলেও, আমার মন ছিল অটুট, কারণ আমি জানি—এই লোকগুলো বোঝে না, এরা অন্ধ। কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে-দাঁড়িয়ে তামাশা দেখতেছিলো—সে বোঝে, সে অনুভব করতে পারে, সে প্রেমিকপুরুষ—তবুও সে দাঁড়িয়ে রইল দর্শকের মতো! তার নিষ্ক্রিয় প্রেম ও নিঃশব্দ মায়া আমার জন্য সবচেয়ে বড় ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিলো, তাই চোখের জল ধরে রাখতে পারিনি। প্রেম মানে কেবল অনুভব নয়, মুখের কথা নয়, প্রেম মানে অংশগ্রহণ। অথচ, সে প্রেমে ছিল, তবু দাঁড়িয়েছিল দূরে। সে বুঝেও কিছু করেনি, বলেনি। এই প্রেমের মুখোমুখি কোনোদিন হইনি, এই প্রথম। এই প্রেম কী এক অদ্ভুত সত্য—যেখানে একজনের নিস্পৃহ মমতাই হয়ে দাঁড়ায় সবচেয়ে তীব্র আঘাত! এটা তো সেই প্রেম—যে ভালোবাসে, কিন্তু বাঁচাতে এগোয় না! যে চোখে অশ্রু রাখে, তবু প্রতিবাদ করে না। এ প্রেম পাথরের চেয়ে ভারী, বাপ!”
গুরুদেবের কথা শুনে বুঝতে পারলাম সেই লোকটাকে গুরুদেব ভালোবাসেন এবং লোকটা গুরুদেবকে খুব ভালো করেই চেনেন। লোকটার প্রতি একটা আত্মবিশ্বাস ছিলো—নিশ্চয়ই সে গুরুদেবের পাশে এসে দাঁড়াবেন। কিছুক্ষণ চুপ করে থেকে অতঃপর বললাম, “যাইহোক বাজান, এই লোকগুলোর সঙ্গে আপনার কড়া ভাষায় কথা বলা উচিত ছিলো। ঝগড়া লেগে গেলে যেতো, হয় মরতাম নয় মারতাম।”
গুরুদেব বললেন, “ঘৃণার আগুনে কখনো জয়ের ফুল ফোটে না, বাপ। শত্রুর পতন হয় তলোয়ারে, কিন্তু হৃদয়ের বিজয় ঘটে প্রেমের আলোয়। রাগের অন্ধকার যখন নিঃশব্দে ছায়া ফেলে, তখন একটুকরো অনুরাগের প্রেম যদি দীপ্তি ছড়ায়, সে আলো কেবল পথই দেখায় না—পরিবর্তন আনে হৃদয়ের গভীরে। অন্ধকারে আলো যেমন অপরিহার্য, তেমনি বৈরিতার ভিড়ে অনুরাগের প্রেমই একমাত্র সত্য ও শাশ্বত সৌন্দর্য। এই প্রেমে বাঁচলেও জয়ী, মরলেও জয়ী!”
