মোস্ট বিউটিফুল প্রিন্সেস – অভীক সরকার

মোস্ট বিউটিফুল প্রিন্সেস

“বাব্বা আ আ আ আ আ”

“কী হয়েছে মা?”

—তুমি কীইইই করছ?

—স্টোরি বুক পড়ছি মা।

—শোনো না, আমার সঙ্গে কুইজ কুইজ খেলবে?

ভারি পুলকিত হলাম। হাজার হোক, আমারই তো মেয়ে… হুঁ হুঁ, নইলে এত জ্ঞানস্পৃহা, এই বয়সে চট করে তো…

—এদিকে আয় তো, আমার আইপ্যাডটা নিয়ে আয় তো দেখি। এই দেখ, এটাকে বলে ওয়েবসাইট, বুঝলি? এইবার এই ওয়েবসাইটটা খুললাম। কী লেখা আছে বল দেখি!

—ও…ও…ল ডট কম। এটাতে কী আছে বাবা?

—হুঁ হুঁ, এটাতে সব কিছু আছে মা, খুব মজার জিনিস।

—ডোরেমন আছে? হ্যাঁ বাবা, আছে? আর ওগি অ্যান্ড দ্য ককরোচ?

—না রে পাগলি। এতে সব কিছুর উত্তর আছে, বুঝলি? কুইজ কুইজ খেলতে গেলে ওসব খুব হেল্পফুল। উম্ম, যেমন ধর, বিগেস্ট কান্ট্রি… আ্যায়, এইখানে টাইপ কর, হ্যাঁ, বি আই জি জি… বাহ, সাব্বাস। এইবার এন্টার কর, করলি? কী দেখাচ্ছে?

—ঝাব্বা, বলছে রুস.সি..আ…

—রাশিয়া মা, ওটাকে বলে রাশিয়া।

—ওক্কে, এবার টাইপ করো না বাবা, বিগেস্ট অ্যানিমাল!

—করলুম, অ্যাইই এন্টার… হুমম, পড় দেখি, কী লিখেছে!

—ব্লু হোয়েল, তাই না বাব্বা?

—তাই তো দেখছি মা! আচ্ছা এবার টাইপ করি, উমম, বিগেস্ট বার্ড? কী লিখেছে রে?

—অস..ট্রি..চ?

—অস্ট্রিচ। তবে কী না এরা উড়তে পারে না, বুঝলি?

—সে কী বাবা? উড়তে পারে না? একটুও না? কেন বাবা? উইংস থাকলেও ইউজ করে না কেন?

—আহা, থাকলেই কি ইউজ করতে হবে? ধর এমনিই আছে।

—তাহলে তুমি যে বলো, আমার বুদ্ধি থাকলেও আমি ইউজ করি না… সেটা কি খারাপ বাবা? হ্যাঁ? সেটা কি খারাপ?

—আহহ। চুপ কর তো। যত্তসব বাজে বাজে কথা। এই দেখ, স্মলেস্ট বার্ড… কী বলছে রে?

—উঁউউ… বলছে বীহই হামিং…

—হামিংবার্ড মা, বী হামিংবার্ড। আচ্ছা, এবার বল দেখি, উম্ম, হায়েস্ট প্লেস অন আর্থ?

—কী লিখেছে বাবা? মাউন্ট এভেরে…..

—মাউন্ট এভারেস্ট। জায়গাটা নেপালে, বুঝলি? নেপাল কোথায়? এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, আর এই এখানে হচ্ছে নেপাল।

—বিউটিফুল না বাবা? কি বিউটিফুল না? আচ্ছা, নেক্সট সামারে কি আমরা মাউন্ট এভারেস্ট ঘুরে আসতে পারি না বাবা? হ্যাঁ বাবা, পারি না?

—অ্যাঁ? ইয়ে, মানে, ভেবে দেখছি। এখনো তো সময় আছে কিনা হাতে। পরে না হয় ভেবেচিন্তে…

—উম্ম, বিউটিফুল প্লেস, উম্ম… আচ্ছা বাবা মোস্ট বিউটিফুল প্রিন্সেস দিয়ে দেখো তো একটু!

এইটাতে কেন জানি, ভারী উৎসাহ পেলাম। অত্যন্ত দ্রুত টাইপ করে সার্চ বাটনে আঙুল ছোঁয়াতেই…

পর্দা জুড়ে ফুটে উঠল খাপখোলা তরবারির ফলায় ঝিকিয়ে ওঠা রামধনু! আহা, শরতের আকাশের মতন শান্ত দীঘল চোখ, সোনালি চুল নেমে এসেছে কাঁধ অবধি উচ্ছল ঝরনার তালে, উজ্জ্বল মসৃণ সোনারঙের ত্বক, যেন কাঞ্চনজঙ্ঘার চূড়ো ছুঁলো দিনের প্রথম আলো। আহা, রূপকথা গো, রূপকথা। হেলেন অফ ট্রয় কি এরকমই দেখতে ছিলেন? কিংবা স্বর্গের মেয়ে ফেয়া? এই কি সেই হিংসুটে সুয়োরানীর ম্যাজিক আয়নায় ফুটে ওঠা ‘ধরাতলে রূপসী সে সবাকার চেয়ে’?

পর্দা জুড়ে বিলোল বিভঙ্গে আমার দিকে চেয়ে আছেন প্রিন্সেস গ্রেস অফ মোনাকো!

ছবি মুগ্ধটব্ধ হয়ে গ্যালগ্যালে হাসিমুখে স্ক্রিনের দিকে খুবই মন দিয়ে তাকিয়ে আছি, এমন সময়ে এই ফ্যাঁচফ্যাঁচ আওয়াজটা কোত্থেকে…

“ইঁইইইইই? ঠোঁট ফুলিয়ে ফোঁপাচ্ছিস কেন? কী হল আবার? কান্নাকাটি কীসের? এই তো মোস্ট বিউটিফুল প্রিন্সেস…”

“কিন্তু এই যে তুমি সেদিনকে বললে, আমিই নাকি ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল প্রিন্সেস? নই? আমি নই? হ্যাঁ বাবা, নই? তাহলে ওসব কেন বলছে না… ভ্যাঁভ্যাঁভ্যাঁভ্যাঁভ্যাঁ… তুমি কেন আমাকে বললে… হুঁউউউউউ…”

দু’দিন ধরে এই চলছে মশাই। ফাইন্ডিং ডোরি, বার্বি মেকআপ কিট, বেবিপিঙ্ক কালারের ড্রেস, কিছুতেই শানাচ্ছে না। বলি কি আপনাদের কারো সন্ধানে ভালো ওঝাটঝা আছে? হিমালয়ের সাইডে? হ্যাঁ মশাই, আছে নাকি একটা? ওয়ান বি এইচ কে সাইজের, পরিষ্কার গোছের…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *