৫
ডিউটি যাবার জন্য কোয়ার্টার থেকে বেরিয়েই ইব্রাহিমের মাথা গরম হয়ে গেল। মা আর মেয়ে আহমেদের সঙ্গে গপ্পো জুড়ে দিয়েছে। তাকে দেখে ফারাহ বলল, ‘দেখো ছেলেটা কাল না খেয়ে চলে গেল। তোমাকে যে ওকে বলতে বলেছিলাম, তুমি বলোনি বলছে! তুমি তো বলেছিলে ওর শরীর খারাপ লাগছিল বলে চলে গেছে?’
ইব্রাহিম তড়িঘড়ি গাড়িতে উঠে আহমেদকে ডাকল, ‘চল শিগিরি। অনেক কাজ পড়ে আছে।’
আহমেদ গাড়িতে উঠে স্টার্ট দিয়ে খানিকটা যাবার পরই ইব্রাহিম ধমক দিল, ‘তুই আমাকে আনতে গেছিস, তোর এত গল্প করার কী আছে?’
আহমেদ ভালো মানুষের গলায় বলল, ‘জি জনাব আমাকে আপা জিজ্ঞেস করলেন কাল ঢুকলাম না কেন? আমি বললাম আমার তো দাওয়াত ছিল না!’
ইব্রাহিম বলল, ‘তুই বুঝিসনি যে আমি চাইছি না তুই সাবার সামনে যা?’
আহমেদ বলল, ‘আমি তো কিছু বলি না। সাবা নিজে থেকেই তো কথা বলে!’
ইব্রাহিম গজগজ করতে করতে বলল, ‘সব ক-টা সমান হয়েছে। যেমন ইমরান, তেমন তুই। আমার বুড়ো ড্রাইভার লাগবে। দেখছি কাকে নেওয়া যায়।
আহমেদ বলল, ‘আমার এক চাচা আছে জনাব। সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। ওঁকে রাখতে পারেন।’
ইব্রাহিম ধমক দিল, ‘তোকে বেশি বকতে হবে না। তুই তাড়াতাড়ি চল। আমার অনেক কাজ।’
ব্যাঙ্ক খোলার আগেই ব্যাঙ্কে ঢুকে পড়ল ইব্রাহিম। আহমেদ গাড়ি পার্ক করে এসে ব্যাঙ্কের ভেতরে ঢুকল। ইব্রাহিম একটা বড়ো খাতার ফটোকপি করছে। তাকে দেখে বলল, ‘এদিকে আয়, এই খাতাটার পর পর দশ পাতা কপি কর।’
আহমেদ মাঝে মাঝে ফটোকপি করে। ইব্রাহিমই শিখিয়েছে তাকে। ইব্রাহিমের কথামতো ফটোকপি করে খাতাটা ভালো করে দেখে ইব্রাহিমের কাছে রাখতে গেল।
ইব্রাহিম নরম গলায় বলল, ‘তুই কি রাগ করেছিস? কিছু টাকা রাখ। বিরিয়ানি খেয়ে নিস।’
আহমেদ হাত বাড়িয়ে টাকা নিয়ে বলল, ‘রাগ করার কিছু নেই জনাব। আপনি খামোখা সন্দেহ করেন। সাবাকে বিয়ে করলে আমি খাওয়াবো কী? কী এমন মাইনে পাই?’
ইব্রাহিম চিৎকার করার আগেই সে ব্যাঙ্কের বাইরে বেরিয়ে ফিক ফিক করে হাসতে লাগল। ইব্রাহিম এখন তার পেছনে বেশি লাগবে না। বেশ কয়েকটা অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ দিয়েছে আলমগীর।
আহমেদ মেসে ঢুকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর ব্যাঙ্কের বাকি কর্মচারী, অফিসাররা ঢুকতে শুরু করবে।
ইমরান মেসে ঢুকে বলল, ‘কীরে, আজও আলু তাড়াতাড়ি এসেছে?’
আহমেদ বলল, ‘হুঁ। খুব কাজের চাপ।’
ইমরান বলল, ‘তোকে নিয়ে খুব সন্দেহ করে তাই না? আর তো কাউকে পাচ্ছেও না।’
আহমেদ উঠে বসল। ইমরান রোজ এক বকবক করে যায়। তার খিদে পাচ্ছে। ব্যাঙ্কের বাইরে একটা লোক রুটি নিয়ে বসে। সে ইমরানকে বলল, ‘খেয়ে এসেছিস?’
ইমরান বলল, ‘না। চল খেয়ে আসি।’
দু-জনে বেরলো। রুটি নিয়ে খেতে খেতে আহমেদ দেখল একটা গাড়ি এসে ব্যাঙ্কের সামনে দাঁড়াল। আলমগীরের বাড়ির সামনের গাড়িটা।
গাড়ি থেকে যে নামল, তাকে চিনতে পারল আহমেদ। এ লোকটাই তাকে গাড়ি এগিয়ে রাখতে বলেছিল। ব্যাঙ্কের ভেতর ঢুকল লোকটা। আহমেদ তাড়াতাড়ি খাবারটা শেষ করল। ইমরান অবাক হয়ে বলল, ‘কীরে? বাথরুম পেল নাকি?’
আহমেদ বলল, ‘একটা কাজ মনে পড়ে গেল। কাল আলু দিয়েছিল, ভুলে গেছি। দাঁড়া, আসছি।’
মুখ ধুয়ে ব্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ল সে। ইব্রাহিমের চেম্বারে লোকটা ঢুকেছে। সে সরাসরি চেম্বারে ঢুকে গেল। ইব্রাহিম অবাক হয়ে বলল, ‘কী হয়েছে?’
আহমেদ বলল, ‘আপনাকে বলতে ভুলে গেছিলাম। আপা কতগুলো বাজার আনতে দিয়েছিলেন। টাকা দিন।’
ইব্রাহিম বিরক্ত মুখে মানিব্যাগ বের করল, ‘এদের জ্বালায় আমার কাজ মাথায় উঠেছে। নিয়ে যা এটা। কিনে গাড়িতে রাখবি। খবরদার কোয়ার্টারে দিতে যাবি না। আমি ফেরার সময় নিয়ে যাবো।’
আহমেদ মানিব্যাগটা নিয়ে তার থেকে এক হাজার টাকা বের করে ব্যাগ ফেরত দিল। ইব্রাহিম বলল, ‘টাকা নিয়ে নিলি? ঠিক আছে, এবার বেরো। আমার জরুরি কাজ আছে।
আহমেদ আরেকবার লোকটাকে দেখে চেম্বার থেকে বেরলো।
ইমরান বাইরে দাঁড়িয়ে ছিল। তাকে বেরোতে দেখে বলল, ‘কী হল?’
আহমেদ হেসে বলল, ‘বাজার যেতে হবে। চল ঘুরে আসি।’
৬
দিল্লি। মেঘ করেছে আকাশে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে।
অফিসে ছোলে বাটুরা আনা হয়েছে। খান আর মাথুরের সঙ্গে তুষার তার চেম্বারে বসে খাচ্ছিলেন। চিফ দরজা ঠেলে ঢুকে বললেন, ‘একী, তোমরা ছোলে বাটুরা খাচ্ছো আর আমাকে বাদ দিয়ে দিলে? এসব কী ধরনের না ইনসাফি?’
তুষার বললেন, ‘কে বলেছে তোমাকে বাদ দিয়ে দিয়েছি? তুমি কাল রাতে বলেছিলে আসবে, ঠিক মনে আছে আমার। বসো বসো, হেল্প ইয়োরসেলফ।’
খান উঠে গিয়ে চিফের প্লেটটা নিয়ে এলেন। চিফ খুশি হলেন, ‘যাক, প্রচুর টেনশনের মধ্যে ছোলে বাটুরা খানিকটা শান্তি দিক আমায়। এমনিতেই দিল্লির গরমে হালত খারাপ হয়ে যাচ্ছে, মেঘই করছে শুধু, বৃষ্টি আর হচ্ছে না, তার উপর বাচ্চা ছেলেটা ইসলামাবাদে একা একা কী করছে কে জানে। বিদুর তো ওর কাছে থাকছে না, অনেকটাই দূরে থাকছে!’
তুষার বললেন, ‘এত চিন্তা করার কিছু নেই। ছোটো হোক বা বড়ো, বাঘের বাচ্চা বাঘের বাচ্চাই হয়। তুমি মন দিয়ে খাও।’
চিফ বললেন, ‘চিন্তার কারণ আছে হে। আলমগীর অ্যাক্টিভ হয়েছে। ওর মতো ধূর্ত প্রকৃতির শয়তান খুব কম আছে। ইসলামাবাদে ডেরা বেঁধেছে মানে আবার কিছু-না-কিছু করার প্ল্যান আছে। এর আগে করাচি থেকে অপারেট করত। এখন ইসলামাবাদে গেছে মানে ও আই এস আইকে প্রভাবিত করবে ওখান থেকে।’
তুষার বললেন, ‘হুঁ। কালকের মেসেজটা আমিও পেয়েছি। বাচ্চাটাকে আপাতত বেশি নাড়াচাড়া করতে বারণ কর। অধিক উৎসাহে কিছু করতে গেলে ধরা পড়ে যেতে পারে। যা হচ্ছে দেখুক। যতটা পারছে করুক। বাকিটা আমরা এখান থেকে দেখছি। আপাতত কাশ্মীর সুরক্ষিত করতে হবে।
চিফ বললেন, ‘সঙ্গে অন্য বর্ডারগুলিও। কাশ্মীর ছাড়াও ওরা অন্যান্য জায়গা থেকেও ইনফিলট্রেট করে। বাংলাদেশ বর্ডারের হাল তো তুমি জানোই। কে জানে কবে বর্ডারগুলো পুরোপুরি সিকিওর হবে।’
তুষার বললেন, ‘আলমগীর এখন ঠিক কী প্ল্যান করতে পারে বলে তোমার মনে হয়?’
চিফ মাথা নাড়লেন, ‘নো আইডিয়া। আলমগীরের উপর নজর রাখা দরকার। ওরা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আগে এইচ বি এলে রাখতো, ইসলামিক ব্যাঙ্কেও ছিল। প্রায় এক বছর আগে থেকে অ্যালায়েডে রাখা শুরু করেছে। ইব্রাহিমকে এখন সে জন্যই ডেকেছিল আলমগীর। এতদিন চুপ করে থেকে হঠাৎ নড়চড় শুরু হয়েছে। লক্ষ্য তো বোঝাই যাচ্ছে। খুব শিগিরি কোনো প্ল্যান আছে।’
খান বললেন, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরানোর দুটো মানে হয়। এক, ইসলামিক ব্যাঙ্ক বা এইচ বি এলকে ওরা আর বিশ্বাস করছে না। দুই, টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে আলমগীর আই এস আই-এর সঙ্গে দূরত্ব তৈরি করছে। ওর আরও কিছু সোর্স তৈরি হয়েছে। কে টাকা পাঠাবে ওকে?
মাথুর বললেন, ‘মিডল ইস্টে গাদা গাদা অর্গানাইজেশন তৈরি হয়। এরা সবাই ওদের ফান্ডিং করে যাচ্ছে। এসব ফান্ড নিয়ে তো দুর্নীতি কম নেই। আলমগীর চাইছে না আই এস আই ওর সোর্সগুলো জানুক। তাহলে তো আই এস আইকে ও বেশি চাপ দিতে পারবে না।’
তুষার বললেন, ‘একটা হাসপাতাল গড়ার টাকা পায় না এরা এদিকে কী হারে টেরর ফান্ডিং হয় জাস্ট ভাবো। একটারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাবলেও মাথা গরম হয়ে যায়।’
খান বললেন, ‘ঠিক এই কারণেই তো পৃথিবীর এই দশা হয়ে গেছে স্যার। মানুষ নিজের প্রায়োরিটি ভুলে যাচ্ছে। সারাক্ষণ সবার কী করে ক্ষতি করা যায়, এদের চিন্তা তাই নিয়ে।’
চিফ বললেন, ‘হুঁ, ক্ষতিই করে যাক সবার। মানুষ হয়ে জন্মানোর দরকার ছিল না এদের। অবশ্য এদের মানুষ বলবই বা কেন? এই অমানুষগুলোর বিচার ঠিক হবে একদিন। আমরাই এদের বিচার করব। যাই হোক, আলমগীরের উপর নজর রাখতে হবে। বর্ডারগুলোয় হাই অ্যালার্ট থাকুক আপাতত। তবে যাই বল তুষার, এভাবে কিন্তু হয় না। শুধু ডিফেন্ড করে যাবো?’
তুষার হাসলেন, ‘করব না। আমাদেরও দিন আসবে। চিন্তা করো না। আমাদের অ্যাসেটরা শুধু ঠিক থাকুক এখন।’
চিফ দীর্ঘশ্বাস ফেললেন, ‘ঠিক।’
৭
সকাল দশটা।
আবদুল্লার জুতোর দোকানের সামনে বসে আছে সৈয়দ। দোকানে কোনো খদ্দের নেই। আবদুল্লা কাওয়া এনে দিয়ে সৈয়দের পাশে বসে বলল, ‘একটু সতর্ক থেকো। এ জায়গা কিন্তু ইসলামাবাদ না। এখানে সবার যাতায়াতের উপরেই ওদের কড়া নজর আছে।’
সৈয়দ কাওয়ায় চুমুক দিয়ে বলল, ‘আমার কী? আমি তো সবাইকে বলব আবদুল্লার চাচা আমি। তুই বুঝবি।’
আবদুল্লা বলল, ‘এতদিন কোথায় ছিলে জিজ্ঞেস করলে কী বলব?’
সৈয়দ বলল, ‘সত্যিই বলবি। ইসলামাবাদের বস্তিতে থাকি। এককালে গাড়ি চালাতাম। সবসময় মিথ্যে বলার তো কিছু নেই। যাক গে, ফৈয়াজকে দেখেছিস এর মধ্যে?’
আবদুল্লা বলল, ‘না। ফৈয়াজ এখানে শেষ এসেছিল ছ-মাস আগে। তবে ভ্যালির কাছে যে মাদ্রাসাটা ছিল, সেটায় মোকসেদ এসেছিল দিন তিনেক আগে, এখন আছে নাকি বলতে পারব না।’
সৈয়দ পা নাচাতে শুরু করল, ‘মোকসেদ… মোকসেদ মিয়াঁ, অ্যাবটাবাদ থেকে এসেছিল তার মানে। কয়েকটাকে ওপারে পাঠাবে তার মানে এর মধ্যে।’
আবদুল্লা সতর্ক চোখে চারদিকে দেখে নিয়ে বলল, ‘ধীরে কথা বল। দেওয়ালেরও কান আছে।’
সৈয়দ বলল, ‘ঠিক ঠিক।’
সে কাওয়া শেষ করল ধীরে-সুস্থে। কাপ রেখে উঠে দাঁড়াল।
আবদুল্লা বলল, ‘কী হল? কোথায় যাবে?’
সৈয়দ বলল, ‘এত সুন্দর একটা জায়গায় এসেছি, ঘুরবো না? এখানে বসে থাকব নাকি? ভ্যালি দেখে আসি।’
আবদুল্লা বলল, ‘ধরা পড় না আর যাই কর। আর ধরা পড়লে আমার নাম বল না। কী দরকার তোমার এখন বেরনোর? দোকানেই থাকো না? দরকার হলে ভেতরে গিয়ে বসো।
সৈয়দ বলল, ‘অত সময় নেই আমার। ধরা পড়লে তোর নাম সবার আগে বলব। কুম্ভীপাক নরকে সেদ্ধ হবি তখন, যতসব ভীতুর ডিম।’
আবদুল্লাকে আর কিছু বলতে না দিয়ে হাঁটতে শুরু করল সৈয়দ। দোকান থেকে বেরিয়ে খানিকটা যেতেই বাস পেয়ে গেল সে। বাস স্থানীয় মানুষজনে ভর্তি।
কনডাক্টরকে যখন বলল ভ্যালি ভিউ পয়েন্টে নামবে, কনডাক্টর বেশ আমোদ পেল। হাসতে হাসতে বলল, ‘চাচার দেখি এই বয়সেও ঘোরার অনেক শখ আছে।’
সৈয়দ উত্তর না দিয়ে জোরে জোরে কাশতে শুরু করল। মিনিট কুড়ি বাদে ভিউ পয়েন্টে নামল সে। একটা সরু রাস্তা এখান থেকে নীচে নীলম নদীর দিকে চলে গেছে। উপর থেকেই নদীর পাশের বাউন্ডারি ঘেরা মাদ্রাসাটা দিব্যি দেখা যাচ্ছে। এই রাস্তাটা শর্টকাট। এখান দিয়ে কোনো গাড়ি যায় না।
সৈয়দ ফিসফিস করে কতগুলো ছাপার অযোগ্য এবং অবশ্যই শোনার অযোগ্য গালাগাল দিয়ে হাঁটতে শুরু করল নীচের দিকে। খানিকটা যাবার পরই একটা চেক পোস্ট। পাকিস্তান আর্মির দু-জন জওয়ান দাঁড়িয়েছিল। তাকে দেখামাত্র একজন চিৎকার করে বলল, ‘ও চাচা। কোথায় যাচ্ছো?’
সৈয়দ দাঁড়িয়ে গেল, ‘নদীর ওপাশে যাবো বাবারা। সে কত পথ। তোমাদের আর কী বলব!’
জওয়ান দু-জন মুখ চাওয়াচাওয়ি করল। একজন বলে উঠল, ‘কত পথ মানে কী? কুটন গ্রামে যাবে নাকি? রিভার র্যাফটিং করার ইচ্ছে আছে নাকি?’
কথাটা বলার পর দু-জনেই হেসে উঠল।
সৈয়দ দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘মজা করছ? সেই, বুড়ো সঙ্গে আর কীই-বা করবে? নাহ, আমি একবার দরবার বাবার মাজারে যাবো।
‘তাই বল। আই কার্ড দেখাও। সৈয়দ থমকে দাঁড়াল।
জওয়ানেরা বলল, ‘কী হল?’
সৈয়দ বলল, ‘আই কার্ড নিয়ে আসিনি বাছারা। এক পা কবরে তো দিয়েই আছি। আই কার্ড নিয়ে কী করবে?’
জওয়ানেরা নিজেদের মধ্যেই হাসাহাসি করে বলল, ‘যাও। তোমাকে আর কী আটকাবো? আজকেই ফিরবে তো?’
‘হ্যাঁ হ্যাঁ, আজকেই ফিরব।’
‘যাও চাচা।’
সৈয়দ ধুঁকতে ধুঁকতে গেট পেরিয়ে নীচের রাস্তায় হাঁটতে শুরু করল। রাস্তাটা এখানে পাকদণ্ডী পথ বেয়ে নদীর দিকে নেমে গেছে। একদিকে নদীতে বাঁধ দেওয়া হয়েছে, অন্যদিকে দরবার বাবার মাজার। নদীর এপারেই মাদ্রাসার বাউন্ডারি। পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে অনাথ ছেলেদের এখানে নিয়ে আসা হয়। বিভিন্ন রকম শারীরিক সক্ষমতার ট্রেনিং দেওয়া হয়।
দুপুর বারোটা বেজে গেছে। রাতের দিকে এদিকটা খানিকটা শীতল হলেও দিনের বেলা বেশ গরম। ধড়াচুড়ো পরে সৈয়দের হাঁটতে কষ্ট হচ্ছে নাকি তা তাকে দেখে বোঝা সম্ভব না। একইভাবে হাঁটতে হাঁটতে সে রাস্তায় পৌঁছে মাদ্রাসার বন্ধ গেটের সামনে এসে দাঁড়াল।
বড়ো গেটটা বন্ধ থাকলেও তার লাগোয়া ছোটো গেটটা হাট করে খোলা। সে গেটের বাইরেই বসে পড়ল। মিনিট পাঁচেক পর মাদ্রাসার ভেতর থেকে একজন রক্ষী বেরিয়ে তার কাছে এসে বলল, ‘কী ব্যাপার চাচা, এখানে বসে পড়েছো কেন?’
সৈয়দ জোরে জোরে শ্বাস টানতে টানতে বলল, ‘অনেকটা পথ হেঁটে এসেছি বাবা। দম বন্ধ হয়ে এসেছে। একটু বসে তারপর যাচ্ছি।’
‘পানি দেবো?’
‘দাও।’
ভেতরে গিয়ে জলের বোতল নিয়ে এল লোকটা। সৈয়দ অনেকটা জল খেয়ে সুস্থির হবার ভান করে বলল, ‘খিদেও পেয়েছে। তোমাদের এখানে খাবার দেওয়া হয় না?’
‘জি না চাচা। এখানে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ। তুমি আরেকটু কষ্ট করে মাজারে যাও। ওখানে ফকিরদের খাবার দেওয়া হয়।’
সৈয়দ আবার শ্বাস নিতে শুরু করল জোরে জোরে। রক্ষী বলল, ‘হে আল্লা, তুমি একবারে ক্লান্ত হয়ে আছো যা বুঝতে পারছি। আচ্ছা তুমি আমার ঘরে এসে বসো। এখানে আমি খাবার ব্যবস্থা করছি।
তাকে হাত ধরে গেটের ভেতরের ঘরে নিয়ে গিয়ে বসাল রক্ষী।
সৈয়দ খুশি হয়ে বলল, ‘আল্লা তোমাকে দু-শো বছর আয়ু দিক।’
রক্ষী বলল, ‘অত বছর বেঁচে থেকে কী হবে চাচাজান। বেঁচে থেকে কিছু হয় না। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে মন খারাপ…’ কথাটা বলতে বলতে রক্ষী চুপ করে গেল।
সৈয়দ কথা বাড়াল না। ওখান থেকেই যতটা সম্ভব মাদ্রাসার ভেতরটা চোখ দিয়ে মাপতে শুরু করল। কিছুক্ষণ পর উঠে দাঁড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। রক্ষী ছুটে এসে বলল, ‘কী হল চাচা?’
সৈয়দ শুয়ে পড়ে বড়ো বড়ো শ্বাস নিতে নিতে বলল, ‘পা মচকে গেছে মনে হচ্ছে। আজ আর আমি এতটা পথ যেতে পারব না। হায় আল্লাহ, তুমি এমন জায়গায় আমাকে পাঠালে, এখান থেকে কী করে আমি আবার মাজারে পৌঁছাবো?’
রক্ষী সৈয়দের অবস্থা দেখে কাঁচুমাচু মুখ করে বলল, ‘ঠিক আছে, আমি দেখছি মাদ্রাসায় আজকের রাতটা থাকার ব্যবস্থা করা যায় নাকি, একটা উপায় আছে। মৌলানা বাচ্চাদের নিয়ে বেরিয়েছে। কাল আসবে। দেখি একবার।’
রক্ষী চিন্তিত মুখে মাদ্রাসার দিকে রওনা দিল।
৮
সন্ধে সাতটা। ইসলামাবাদ।
ইব্রাহিম অফিস থেকে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে দেখল আহমেদ গাড়ির সিটে ঘুমিয়ে পড়েছে। সে হর্ন বাজাতে আহমেদ উঠে পড়ল। ইব্রাহিম গাড়িতে বসে বলল, ‘দুপুরে কোথায় গেছিলি? খুঁজেই পেলাম না তোকে!
আহমেদ বলল, ‘বাজারে গেছিলাম জনাব। আপনি ইমরানকে বললেই তো খবর পেয়ে যেতাম।’
ইব্রাহিম খিঁচিয়ে উঠল, ‘সব কথা ইমরানকে বলা যায়? আমার দরকার ছিল। চল সেক্টর এইচে যাবো।’
আহমেদ বলল, ‘সেকি, এখন?’
‘হ্যাঁ তা কখন যাবো তা তোকে জিজ্ঞেস করে যেতে হবে নাকি?’
আহমেদ চোখ মুছে গাড়ি স্টার্ট করল। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ভেজা। দু-বার সিগনালে গাড়ি দাঁড়ালেও সেক্টর এইচে পৌঁছোতে বেশিক্ষণ লাগল না। নামার আগে ইব্রাহিম বলল, ‘গাড়ি আগে দাঁড় করা। আর আমরা যে এখানে আসি, অন্য কোনো ড্রাইভারকে বলিসনি তো?’
আহমেদ জোরে জোরে মাথা নাড়ল, ‘না না জনাব। আমি কাউকে কিছু বলিনি। আপনি তো বলতে বারণ করেছেন। আমি আপাকেও বলিনি। সাবাকেও বলিনি।’
ইব্রাহিম নামতে গিয়েও থমকে গেল, ‘সাবাকে বলিসনি মানে কী? তুই কি সাবার সঙ্গে কথা বলিস?’
আহমেদ বলল, ‘জি জনাব। মাঝে মাঝে কথা হয় তো।’
আহমেদের কথা শুনে ইব্রাহিম তেলে-বেগুনে জ্বলে উঠল, ‘তোকে না বলেছি সাবার সঙ্গে কথা বলবি না?’
আহমেদ বলল, ‘কথা বললেই কি প্রেম হয়ে যায় জনাব? প্রেম অনেক কঠিন জিনিস।’
ইব্রাহিম প্রায় লাফিয়ে উঠছিল, কিন্তু তার আগেই আলমগীরের বাড়ির দরজা খুলে গেল। তর্জনী উঁচিয়ে ইব্রাহিম হুমকি দিল, ‘দেখে নেবো তোকে আমি, দেখে নেবো।’
প্রায় লাফাতে লাফাতেই আলমগীরের বাড়ির ভেতরে চলে গেল সে।
আহমেদ ফিক ফিক করে হাসতে হাসতে গাড়ি থেকে নামল। সূর্যাস্ত হচ্ছে এখন। আলো আছে চারপাশে। বাচ্চাগুলো এখনও খেলছে। ওদের খেলা দেখতে গিয়েই সে লক্ষ করল আলমগীরের বাড়ির সামনে একটা ছোটো পিক আপ ভ্যান এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ভেতর থেকে আলমগীরের দু-জন লোক এসে গাড়ি থেকে মাঝারি মাপের দুটো পেটি নামিয়ে ফুটপাথে রাখল।
দু-জনের মধ্যে একজন তাকে আগে দেখেছে। সেই হাত বাড়িয়ে ডেকে নিয়ে বলল, ‘একটু সাহায্য কর। ভেতরে রাখতে হবে এগুলো।’
পিক আপ ভ্যানের ড্রাইভারও নেমেছিল। চারজনে মিলে পেটি দুটো বাড়ির ভেতরে নিয়ে রাখল। আহমেদ জিজ্ঞেস করল, ‘কী আছে এর ভেতরে?’
লোকটা তার কথার উত্তর না দিয়ে বলল, ‘রোজ রোজ শেখাতে হবে নাকি? গাড়িটা আরেকটু এগিয়ে রাখ। যা যা তাড়াতাড়ি কর।’
একপ্রকার জোর করেই তাকে বের করে দিল। আহমেদ বুঝল ওরা তাকে ভেতরে ঢুকতে দেবে না। সে গাড়িতে উঠে আরও খানিকটা এগিয়ে পার্ক করল। পিক আপ ভ্যানটা বেরিয়ে গেল।
মিনিট পনেরো পরে ইব্রাহিম গাড়িতে উঠে বলল, ‘চল এবার কোয়ার্টারে চল।’
আহমেদ বলল, ‘কী এসেছে জনাব? কী ভারী বাক্সগুলো, উফ!’
ইব্রাহিম বলল, ‘তোকে সেসব জানতে হবে না। কোয়ার্টারে চল। আর আজ থেকে তুই কোয়ার্টারে ঢুকবি না। তোর প্রবেশ নিষেধ। আপা ডাকলে বা সাবা ডাকলেও ভেতরে যাবি না। আমি দেখছি ব্যাপারটা। এতবার বারণ করছি, তবু কেউ শুনছে না। মেয়েটার বিয়ে দিতে হবে।’
আহমেদ বলল, ‘এত তাড়াতাড়ি বিয়ে দেবেন জনাব? পড়াশুনা করবে না?’
ইব্রাহিম বলল, ‘তাতে তোর কী? কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় বুঝিস? থাক, তুই কী করে বুঝবি? সারাদিন তো গাড়ি চালাস, আমার জায়গায় থাকলে বুঝবি।’
আহমেদ বলল, ‘জি জনাব। আমি তো অন্য কিছু কামাই। আমার তো কোনো কষ্টই নেই।
ইব্রাহিম গজগজ করতে লাগল।
কোয়ার্টারের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতেই সাবা বেরিয়ে এল। ইব্রাহিম রেগে গেল আবার, ‘তুই হর্ন দিলি কেন?’
আহমেদ বলল, ‘আপনার ব্যাগটা যা ভারী! একা একা বইতে পারবেন?’
ইব্রাহিম বলল, ‘কেন পারবো না? আমার হাতে কি নুলো হয়েছে? শোন আহমেদ, আমার সঙ্গে চালাকি করবি না। আমি কিন্তু সব চালাকি ধরতে পারি।’
সাবা ডাকল, ‘আব্বু, আম্মি আহমেদ ভাইকে ভেতরে আসতে বলেছে। কী কাজ আছে বলছিল।’
ইব্রাহিম বলল, ‘কোনো কাজ নেই। তুই ভেতরে যা। আর আহমেদ তুই বেরো এখান থেকে।’
আহমেদ হাসতে হাসতে বেরিয়ে গেল।
ইব্রাহিম রাগে কাঁপতে কাঁপতে ঘরের ভেতর ঢুকে চিৎকার করতে শুরু করল, ‘তোমাকে না কতবার বলেছি আহমেদকে ঘরের ভেতর ঢোকাবে না? সাবা বড়ো হচ্ছে!’
ফারাহ বলল, ‘আরে তুমি রেগে যাচ্ছো কেন? আহমেদ খুব ভালো ছেলে। ড্রইং রুমের টিউবলাইটটা খারাপ হয়ে গেছিল না? দুপুরে কিনে এনে লাগিয়ে দিল তো!’
ইব্রাহিম বলল, ‘বটে! আর আমাকে বেমালুম মিথ্যে কথা বলে দিল? এই ছেলেটা কিন্তু সুবিধের না, আমি তোমাকে বলে রাখছি। সাবাকে কিছুতেই ওর সামনে যেতে দেবে না। আমি ছেলে দেখছি, শিগিরি ওর বিয়ে দিয়ে দেবো।
ফারাহ বলল, ‘কী যে ফালতু কথা বল! আহমেদ ওরকম ছেলেই না। যাক গে, ওকে টাকা দেবার জন্য ডেকেছিলাম, তখন তো নিয়ে গেল না। তুমি মনে করে কাল ওকে পাঁচশো টাকা দিয়ে দেবে।’
কোয়ার্টারের সামনে আবার হর্ন বেজে উঠল। ইব্রাহিম বেরিয়ে দেখল আহমেদ তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ‘জনাব আপনি ব্যাগ নিতেই ভুলে গেছিলেন। এত কিছু বললেন, কিন্তু ব্যাগটা নিলেন না।’
ইব্রাহিম ব্যাগটা আহমেদের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, ‘ঠিক আছে।
অনেক কথা হয়েছে। এবার যা।’
আহমেদ কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসল।
ইব্রাহিম ঘরে ঢুকতেই ফারাহ বলল, ‘কে এসেছিল?’
ইব্রাহিম বলল, ‘কেউ না। তুমি দরজা বন্ধ করো। যতসব!’
***
লালচক, শ্রীনগর। বিকেল পাঁচটা।
চেকিং চলছে বশিরের। মিনিট দুয়েক বাদে তাকে ছাড়ল জওয়ানেরা। বাজারে মাঝে মাঝেই চেকিং চলে। বশির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক দলা থুতু ফেলল।
কিছুক্ষণ পর এখানে একটা মিছিল হবার কথা আছে। লোকজন জড়ো হচ্ছে। বশির ফলের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল।
‘চারটে আপেল, চারশো আঙুর।’
ফলওয়ালা বলল, ‘চারটে আপেল? তাহলেই হবে?’
বশির বলল, ‘হ্যাঁ, ভালোটা দাও। ওই ভেতর থেকে।
এক বোরখা পরিহিত মহিলা ঝুড়িতে বেছে ফল নিচ্ছিল। ফলওয়ালা ভেতরে যেতেই বশিরকে বলল, ‘উসমান আজ আসবে।’
বশির বলল, ‘ওর টাকা নিয়ে আসার কথা আছে। টাকা এলে কাজ শুরু হবে।’
‘বলে দেবো।’
বশির বেরিয়ে গেল।
ফলওয়ালা আপেল নিয়ে এসে বশিরকে না দেখতে পেয়ে রেগেমেগে চ্যাঁচামেচি করতে শুরু করে দিল…
৯
পেশোয়ার।
শহরে প্রবেশ করার মুখে বাড়িটা। রফিকের গাড়ি যখন দাঁড়াল, তখন রাত এগারোটা বাজে। দূরে কোথাও একটা জোরে জোরে গান চলছে। রফিক বিরক্ত মুখে বলল, ‘এই বলিউডের গান গোটা পাকিস্তানের বারোটা বাজিয়ে দিল। সারাক্ষণ ইন্ডিয়ান গান চলছে।’
সোহেল বলল, ‘যা বলেছেন জনাব। আসুন।’
গাড়ির দরজা খুলে দিল সোহেল।
রফিক চারদিকে তাকিয়ে নিশ্চিত হয়ে বাড়ির দরজায় দু-বার নক করল। দরজা খুলে গেল, যে দরজা খুলল, তাকে দেখে রফিকের মুখে হাসি ফুটল, ‘আঃ… কতদিন পর। হাসান মাকসুদ।’ সালাম জানাল রফিক।
প্রত্যুত্তরে সালাম জানিয়ে হাসান গম্ভীর গলায় বলল, ‘ভেতরে আসুন। এখানেও কোনো টিকটিকি আছে নাকি কেউ জানে না।’
রফিক ঘরে ঢুকে বলল, ‘ছাড়ুন তো, পেশোয়ারে টিকটিকি কোত্থেকে আসবে? এলেও ল্যাজ-ফ্যাজ কেটে চৌরাস্তায় লটকে রাখবো। আপনি কেমন আছেন? সব ঠিক?’
ঘরে আসবাবপত্রের বাহুল্য নেই। শুধু তিনটে চেয়ার আর একটা সিঙ্গেল বেড খাটিয়া। হাসান চেয়ারে বসে বলল, ‘শত্রুকে যত কমজোরি ভাববেন, তত ক্ষতি হবার সম্ভাবনা বাড়বে রফিক সাব। শত্রুকে চিহ্নিত করে ছদ্মবেশে তার বন্ধু হয়ে ওঠা সবার আগে দরকার। বাকি আপনি বিচক্ষণ লোক, আপনি ভালো বুঝবেন। আলমগীরের ফান্ডিং আটকে রেখেছেন শুনলাম?’
রফিক মাথা নাড়ল, ‘হুঁ। তবে শুরুটা আলমগীরই করেছে। ব্যাঙ্ক চেঞ্জ করার কোনো দরকার ছিল না।’
হাসান এতক্ষণে হাসল, ‘আপনার আর আলমগীরের পথ কি আলাদা রফিক সাহেব? আপনি কি ইন্ডিয়ার বরবাদি চান না? যদি না চান, তাহলে তো কথা বাড়িয়ে লাভ নেই। আমাকেও এত কষ্ট করে কলকাতা থেকে ঢাকা হয়ে এখানে আসতে হত না, তাই না? আলমগীর গত পঁচিশ বছর ধরে যে কাজটা করে চলেছে, আই এস আইও কি ওর সঙ্গে টক্কর দিয়ে পারবে? সাধারণ কিছু কারণের জন্য ওর ফান্ড আটকানোর কোনো মানে আছে কি?’
রফিক নড়েচড়ে বসল, ‘মানে? আপনি কী বলতে চাইছেন?’
হাসান বলল, ‘আমি একটা কথাই বলতে চাইছি। আমাদের সবার উদ্দেশ্য এক, এবং আমাদের এক হয়েই এ কাজটা করতে হবে। আমি প্রতিটা ভারতীয়র কান্না শুনতে চাই। আর্তনাদ শুনতে চাই, তাদের চোখে-মুখে ভয় দেখতে চাই। আর তার জন্য এমন একটা অপারেশন দরকার, যেটা ওদের ভীত নাড়িয়ে দেবে। পাকিস্তানের চোখের দিকে তাকাতে ওরা দু-বার ভাববে। কাশ্মীর শব্দটা উচ্চারণ করতে ভয় পাবে।
রফিক আমতা আমতা করে বলল, ‘সে তো আমিও চাই মাকসুদ সাব। আমি কি এর অন্যথা চাই?’
‘তাহলে আলমগীর যা চাইছে, তা ওকে দেবার ব্যবস্থা করুন। বাকিটা ও বুঝে নেবে।’
‘তাও একবার…’
‘রফিক সাহেব। আপনি বর্ডারের এদিকে আছেন। আপনি কী করে আমাদের কষ্ট বুঝতে পারবেন? কাশ্মীরিরা প্রতিদিন কষ্ট করছে, আমাদের পরিচয় লুকিয়ে থাকতে হচ্ছে। আলমগীরের মতো লোকেরা যখন আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আপনি যদি ওদের সাহায্য না করেন তাহলে কী বার্তা যাবে?
রফিক কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ‘আই এস আই কি আপনাদের পাশে নেই, এরকম কোনো কথা বলেছে? কিন্তু আই এস আই যদি আপনারা কী করতে চাইছেন তা না জানতে পারে, তাহলে কী করে সব কিছু বিশ্বাস করবে? এর আগেও তো অপারেশনের নামে অনেক ডলার নয়-ছয় করা হয়েছে। আপনি সে সম্পর্কে ওয়াকিবহাল আছেন নিশ্চয়ই।’
হাসান মাকসুদ বলল, ‘আপনাকে ঠিক সময়মতো সব কিছু জানানো হবে। তবে এটুকু জেনে রাখুন, আমরা যে কাজে নামতে চলেছি, সে অপারেশন যদি টুয়েন্টি পারসেন্টও সফল হয়, তাহলেও এর সুদূর প্রসারী ফলাফল এই উপমহাদেশে থেকে যাবে।’
রফিক বলল, ‘বেশ, কোন সময়ে জানানো হবে? আপনিই বলুন, ঠিক সময়টা কখন।’
হাসান বলল, ‘আপনি ফান্ড রিলিজ করুন। তারপর বাকিটা আমরা দেখে নেবো।’
রফিক সোহেলের দিকে তাকাল, ‘কী করা যায় সোহেল?’
সোহেল বলল, ‘জনাব, আমার মনে হয় হাসান সাহেবের কথা শুনে নেওয়াই ভালো। কিছু ভালো কাজ হলে তো আপনারই নাম আগে হবে।’
রফিক মাথা নাড়ল, ‘কোতল হলেও আমার কোতলটাই আগে হবে সেটা ভুলে যেও না। এক লাদেনের জন্য আই এস আই চিফ পালটেছে একবার। সে রকম মুখ যেন আর না পোড়ে এবার।’
হাসান বলল, ‘পুড়বে না। আমি কথা দিচ্ছি। কাল আমি ঢাকা রওনা দেবো। তার আগেই কাজটা হয়ে গেলে ভালো হয়।’
রফিক মাথা নীচু করে কিছুক্ষণ ভেবে বলল, ‘ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আপনি বললেন বলেই আমি রাজি হলাম। আপনি জানেন হাসান সাহেব, আলমগীরের থেকে আমি আপনাকে বেশি সম্মান করি।’
হাসানের ঠোঁটের কোণে হাসি ফুটল, ‘জানি জনাব, জানি। আপনাকে লাখ শুকরিয়া। এবার আপনি দেখুন আমরা কী করতে পারি।’
রফিক হাসানের হাত ধরে বলল, ‘সে আশাতেই তো আমরা দিন গুনছি। আপনারা পারবেনই, আমি জানি আপনারা পারবেন।’
হাসান বলল, ‘আমাদের কাজটা একদিনের কাজ না রফিক সাহেব। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যখন দরকার হবে, তখন সবার আগে আপনার সঙ্গেই যোগাযোগ করব। আপনার তাতে হবে তো? একটা ফাইল তৈরি হচ্ছে। নীল রঙের। যথাসময়ে সেটা আপনার কাছে পৌঁছে যাবে।
‘নীল রঙের?’
‘হ্যাঁ। একাত্তরের পর যারা ও দেশের আনাচেকানাচে আত্মগোপন করে এখনও বেঁচে আছে, তাদের খোঁজখবর রাখেন?’
রফিক বলল, ‘আপনি কি …
হাসান বলল, ‘ধৈর্য রাখুন। বললাম তো সময় আসেনি এখনও।’
রফিকের মুখ হাঁ হয়ে গেছিল। সেটা সামলে বলল, ‘আপনি যেমন বলবেন জনাব…’
