৪০
‘জনাব।’
‘বল।’
‘এই যে, ইমরান এর নাম। ওই ছেলেটার মেসে থাকত।’
রফিক ইমরানকে আপাদমস্তক দেখে বলল, ‘বস।’
ইমরান সংকুচিত হয়ে ছিল। রফিকের কথা শুনে বলল, ‘আল্লাহর কসম জনাব, আমি কিছু জানি না। আহমেদ ছেলেটা ভালো, ওই আলুর জন্য ঝামেলায় পড়ে গেছে বিশ্বাস করুন। নিশ্চয়ই আলুর মেয়ে ওকে কিছু করেছে।
রফিক বলল, ‘মানছি তো, আহমেদ ভালো ছেলে। ওর পুরো নাম কী ছিল?’
ইমরান অবাক হয়ে কয়েক সেকেন্ড রফিকের দিকে তাকিয়ে থেকে বলল, ‘ওর কি কিছু হয়েছে জনাব?’
‘না। ওর কী হবে? ওকে পাওয়া যাচ্ছে না, একটু খোঁজখবর করছি এই আর কী। বল বল, ওর পুরো নাম কী ছিল?’
‘ওর নাম? আমরা তো কেউ কেউ ওকে শানু আহমেদ বলে ডাকতাম। শুধু বলত শানুদার জন্য জান দিয়ে দেবে। ‘তেরে সিনে মে মেরা দিল ধড়কে’- এই গানটা খুব গাইত।’
—তাই নাকি? কেমন গাইতো?
—ভালোই গাইতো। আমরা আবার বলতাম তুই আমাদের শানু।
—অ। ও কার কার সঙ্গে মিশত?
—সবার সঙ্গে মিশত। আমাদের ড্রাইভারদের যত বন্ধু শত্রু তো আমরাই জনাব। সারাক্ষণ নিজেদের মধ্যেই থাকতে হয়। কেউ করাচি থেকে এসেছি, কেউ রাওয়ালপিন্ডি থেকে। সবাই একসঙ্গে মেস করে থাকতাম।
—আহমেদ কোত্থেকে এসেছিল?
—বলতে পারবো না জনাব। ও কিছু বলেনি, জিজ্ঞেস করিনি বেশি। সিনেমা দেখতে ভালোবাসত। এই তো সেদিন এক জুম্মাবারে জোর করে সিনেমা দেখতে নিয়ে গেল, তারপর নিজেই হাওয়া হয়ে গেল। পরে এসে বলল… কী বলল ভুলে গেছি জনাব।
রফিক সোহেলের দিকে তাকাল, ‘হাওয়া হয়ে গেছিল?’
ইমরান বলল, ‘জি জনাব।’
সোহেল বলল, ‘তুমি ইব্রাহিম খানের ডিউটি করতে না? তোমাকে দেখেছিলাম মনে হচ্ছে!’
‘জি জনাব। আমিই করতাম। আলু… ইয়ে মানে ইব্রাহিম খান খুব সন্দেহবাতিক লোক ছিল। কে যেন ওকে বলেছিল আমি নাকি বউদিদের পছন্দ করি। ও সন্দেহ করতে শুরু করল। কোত্থেকে একদিন মালিককে বলে আহমেদকে নিয়ে এল। আহমেদের উপর শুরুতে একটু রাগ ছিল না তা না, তবে ছেলেটা এত ভালো, আমাদের সবাইকে জমিয়ে রাখতো। আমরা সবাই গান ভালোবাসি, শানুদা হতে পারে ইন্ডিয়ার কিন্তু শানুদার ফ্যান তো সবাই জনাব।
—মালিক মানে?
—গাড়িগুলো যার। মোস্তাক মিয়াঁর।
সোহেল বলল, ‘মোস্তাক মিয়াঁ আসছে জনাব। খবর দেওয়া হয়েছে।’
রফিক বলল, ‘তাহলে ইমরান তুমি আমাকে বল, এই যে ইয়ে, মানে ইব্রাহিম খানের কানে কে তোমার নামে আজেবাজে কথা বলেছিল, তা তুমি জানো না?
ইমরান মাথা নাড়ল, ‘না জনাব। আমি কী করে জানবো? তা ছাড়া আমার অত সময় কোথায়? এখন শোয়েব সাহেবের গাড়ি চালাই। জনাব খুবই ভদ্রলোক। আমার কোনো মন খারাপও হয় না।
সোহেল বলল, ‘শোয়েব সাহেবের স্ত্রীর সঙ্গে কথা হয়?’
রফিক কড়া চোখে সোহেলের দিকে তাকাতে সোহেল আমতা আমতা করে বলল, ‘মানে আমি বলতে চাইছি শোয়েব সাহেব কেমন অফিস করেন?’
‘ভালো করেন জনাব। খুবই ভালো করেন। আলুর মতো না। বেচারা আহমেদকে ন-টার সময় অফিস নিয়ে যেত আলু। আবার ফেরার পথে এদিক- সেদিক কত জায়গায় নিয়ে যেত। এমন একটা ভাব করত যেন কত কাজ করে। কী কাজ করে কে জানে।’
রফিক পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, ‘ইমরান, আমরা কারা, তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে?’
ইমরান বড়ো করে মাথা নাড়ল, ‘জি জনাব। আছে।
‘তোমার আই ডি কার্ড দাও। বাড়ির ঠিকানা দাও। ফোন নাম্বার দাও। তোমার ভেরিফিকেশন হবে।’
‘কেন জনাব? আমার কি জেল হবে?’
‘হতেই পারে যদি দেখা যায় তুমি মিথ্যে কথা বলছ। বলেছ কি কোনো মিথ্যে কথা?’
‘না না জনাব।’ জোরে জোরে মাথা নাড়তে শুরু করল ইমরান, ‘আপনার যা যা করার আপনি করুন। আমি সব বলে দেবো জনাব’, ইমরান গলা নামিয়ে বলল, ‘আর ওই মোস্তাক মিয়াঁকে একটু রগড়ে দেবেন জনাব, ব্যাটা খুব শয়তান। আমাদের টাকা দিতে চায় না।’
রফিক সোহেলকে বলল, ‘একে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করাও, আর ইব্রাহিমের ম্যানেজারকে ডেকে পাঠাও। আমি ওর সঙ্গেও কথা বলতে চাই। ওই আলু… মানে ইব্রাহিমকে দিয়ে আলমগীর কী কী করাতো, এই সুযোগে সেটাও জেনে যাওয়া যাবে। যাও।’
সোহেল বলল, ‘জি জনাব।
***
মোস্তাক মিয়াঁ এসেছে। তার চোখ-মুখ শুকিয়ে গেছে। রফিক বলল, ‘আপনি স্বাভাবিক হন মিয়াঁ। ভয় পাচ্ছেন নাকি?’
মোস্তাক মাথা নাড়ল, ‘না জনাব।’
‘সব ঠিক আছে?’
‘জি জনাব। সব ঠিক আছে।’
‘গুড। ভেরি গুড। এবার বলুন এই আহমেদ ছেলেটাকে আপনি কোত্থেকে পেলেন?’
‘পাবো আবার কোথায় জনাব? খুব ভালো ছেলে। কোনো ঝামেলা নেই। সৈয়দ চাচা নিয়ে এসেছিল ওকে।’
রফিকের ভ্রূ কুঁচকালো, ‘সৈয়দ চাচা? সে কে?’
‘বস্তিতে থাকে জনাব। এককালে আমার গাড়ি চালাত। ‘ ‘তার বাড়ি কোথায়?’
‘বস্তিতে জনাব।’
‘বস্তিতে?’
‘জি জনাব।’
রফিক সোহেলকে বলল, ‘সৈয়দকে নিয়ে এসো।’
সোহেল ঘাড় নাড়ল।
কিছুক্ষণ পর জানা গেল সৈয়দকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝুপড়ি তালা দিয়ে কোথায় যেন চলে গেছে…
৪১
সন্ধে নেমেছে।
ছাদের উপর খাটিয়ায় শুয়ে ছিল আহমেদ। আকাশে চাঁদ উঠেছে। আজ কি পূর্ণিমা? তাদের ওখানেও এখন ঠিক একই রকম চাঁদ উঠেছে? আহমেদ ভাবার চেষ্টা করছিল।
তার কি বাড়ির জন্য মন খারাপ লাগছে, নাকি সে ভয় পাচ্ছে? তাকে দেখে অবশ্য কিছুই বোঝার উপায় নেই।
তাকে আচমকা চমকে দিয়ে সাবা এসে ফিসফিস করে বলল, ‘তুমি আমার জন্য এত কিছু করছো, তাই না?’
আহমেদ ধড়মড় করে উঠে বসে বলল, ‘একী! তুমি এখানে এসেছো? তোমার আব্বু জানলে তো তুলকালাম করবে!’
সাবা অনুযোগের গলায় বলল, ‘আমি একটা জিনিস দেখেছি। তুমি আব্বুর সামনেই আমাকে বেশি কেয়ার কর। আব্বু না থাকলে তুমি আমার থেকে দূরে চলে যাও। এরকম কেন তুমি?’
আহমেদ বলল, ‘এরকমই তো হওয়া উচিত আপা আমার। যাও, নিজের ঘরে যাও।’
সাবা বলল, ‘আপা আবার কী? আমি তোমাকে বিয়ে করব। আব্বু কী বলবে ওসব নিয়ে ভেবো না। তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আর তুমি শুধু আমার থেকে দূরে চলে যাও।’
আহমেদ বলল, ‘তোমার আব্বু চলে আসবে সাবা। যাও ঘরে যাও।’
সাবা খিলখিল করে হাসতে হাসতে বলল, ‘আব্বু এখন ঘুমোচ্ছে। একগাদা খেয়েছে দুপুরবেলায়। তোমাকে আর আব্বুর চিন্তা করতে হবে না। আম্মিকে আমি ঠিক রাজি করিয়ে নেবো। তুমি আমাদের বাড়িতেই থাকবে।’
আহমেদ বিড়বিড় করে বলল, ‘বেঁচে থাকলে তো থাকবো রে মা’, সাবা বলল, ‘কী বলছ?’
আহমেদ বলল, ‘কিছু বলছি না। তোমার মাথায় কি এসব সারাক্ষণ ঘোরে?’
সাবা বলল, ‘ঘুরবে না কেন? তুমি তো ফরিস্তা! জানো আমাদের ক্লাসের সবার বয়ফ্রেন্ড আছে শুধু আমার নেই। তুমি খুব হ্যান্ডসাম, তুমি আমার বয়ফ্রেন্ড হলে সবাই হিংসেতে জ্বলে পুড়ে মরবে।’
আহমেদ বলল, ‘আচ্ছা, সেসব দেখা যাবে। তুমি এখন নীচে যাও।’
সাবা বলল, ‘নীচে কেন যেতে হবে? তুমি আছো তো। আচ্ছা তোমার বাড়ি কোথায়?’
আহমেদ আমতা আমতা করে বলল, ‘এই তো, ইয়ে মানে পেশোয়ারে।’
সাবা বলল, ‘তোমার বাড়ি যেতে ইচ্ছে করে না? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়ি?’
আহমেদ বলল, ‘ঠিক আছে, নিয়ে যাবো।
সাবা বলল, ‘আমি কিছু চাইলে আব্বু কিছুতেই না করে না। যা চাই, তাই দেয়। তুমি এসব নিয়ে ভাববেই না। আমি সব ম্যানেজ করে নেবো। জানো, তুমি যখন আব্বুর জন্য আমাদের কোয়ার্টারে আসতে, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করে থাকতাম। আব্বুর অনেক টাকা, আমি গুনতে দেখেছি একদিন। তুমি ড্রাইভার তো কী হয়েছে, আমি ঠিক সামলে নেবো সব। আব্বুই তো বলে, আব্বুর টাকা মানে আমারই টাকা।’
আহমেদ খুক খুক করে কাশতে কাশতে মনে মনে বলল, ‘আলমগীরকে একবার জানতে দে, গলায় পাড়া দিয়ে সব টাকা নিয়ে যাবে। আচ্ছা জ্বালায় পড়লাম তো!’ মুখে বলল, ‘ঠিক আছে, ওসব দেখা যাবে। তুমি এখন যাও।
সাবা কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে বলল, ‘তুমি আমাকে একদম ভালোবাস না।’
আহমেদ বলল, ‘ওরে বাবা, কান্নাকাটি শুরু করে দিলে কী করে হবে সাবা? শিগগিরি নীচে যাও।’
‘সারাক্ষণ খালি একই কথা বলে যাচ্ছো, নীচে যাও, নীচে যাও। কেন, তোমার কি কিছু বলার থাকতে পারে না?’
আহমেদ তাড়াতাড়ি ছাদের অন্য দিকে চলে গেল। এদিক থেকে মূল রাস্তাটাও দেখা যায়। ক্ষেতের মাঝখানে বাড়ি থাকার সুবিধা হল উপর থেকে ঠাহর করা যাবে রাস্তায় কোনো গাড়ি এলে।
সাবা তার কাছে চলে এল আবার, বলল, ‘শোনো, তুমি সবসময় একটা জিনিসই ভেবে যাচ্ছো আমি জানি। তুমি ভাবছো তুমি কী খাওয়াবে, আমরা কোথায় থাকবো, মাথা থেকে কিছুতেই এই প্রশ্নগুলো বের করে দিতে পারছ না তুমি, তাই না?
রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি চলে গেল। আহমেদ প্রথমে ভেবেছিল গাড়িটা এই বাড়ির দিকেই আসবে। তাকে স্বস্তি দিয়ে গাড়িটা বেরিয়ে গেল।
আহমেদ সাবার হাত ধরে বলল, ‘শোনো সাবা, আমার কথা শোনো। তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তোমার আব্বু খুব বড়ো একটা বিপদে…’
‘কী করছিস তোরা এখানে?’
ছাদের দরজায় এসে দাঁড়িয়ে ইব্রাহিম রীতিমতো গর্জন করে উঠল। আহমেদ ফিসফিস করে বলে উঠল, ‘এই সেরেছে।’
৪২
শ্রীনগর। রাত বারোটা।
তারেক তার ঘরে চুপ করে শুয়েছিল, হঠাৎ করে স্পিড বোটের শব্দে সে উঠে বসল।
জানলা খুলে দেখল বাইরেটা সার্চলাইটের আলোয় ঝলমল করছে। কামরানভাই পুলিশের বোটে উঠছে। সে সঙ্গেসঙ্গে তার ঘর থেকে বেরিয়ে বাইরে এল। রেহান খান ওয়াকি টকিতে কারো সঙ্গে কথা বলতে বলতে চারদিকে দেখল, আশেপাশের হাউজবোট থেকে কৌতূহলী চোখ তাদের দেখছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হঠাৎ হামলা হবার ঝুঁকি থেকেই যায়।
সে তারেককে দেখে হাত নাড়ল।
তারেকের চোখ পড়ল বোটে বসে থাকা কামরানের দিকে। কামরান ঠান্ডা চোখে তাকে রেহানের হাত নাড়া দেখছে। তারেকের বুকের ভেতরটা ভয়ে কুঁকড়ে গেল।
রেহানরা বেরিয়ে যেতে সে তার ঘরে গিয়ে বসল।
দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে।
তারেক উঠে দরজা খুলল। উসমান জলে ভিজে আছে। রীতিমতো কাঁপছে। ঘরে ঢুকে তাড়াতাড়ি গা শুকিয়ে গায়ে গরম জোব্বা চাপিয়ে বলল, ‘আরেকটু হলে ধরা পড়ে গেছিলাম।
তারেক বলল, ‘এখানেই ছিলিস তুই? পালাসনি?’
উসমান ধমক দিল, ‘তা কোথায় যাবো? এটা আমাদের দেশ, আমরা কী করব, কোথায় যাবো, কোনো হিন্দুস্তানি ঠিক করে দেবে নাকি? তুই রেহান খানের সঙ্গে যোগাযোগ রাখিস নাকি? আমার খবর দিয়েছিস, তাই তো?’
তারেক বলল, ‘না। তোর খবর দিইনি। তুই এমনিই একদিন ধরা পড়বি, আমি জানি।’
উসমান হো-হো করে হেসে উঠে বলল, ‘কে ধরা পড়বে? আমি? কার ঘাড়ে দুটো মাথা আছে যে আমাকে ধরবে? জানিস এই ইন্ডিয়ানদের বুকের উপর দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি? কেউ একজন আমাকে ধরতেও পারছে না।’
তারেক বলল, ‘যেদিন ধরা পড়বি, সেদিন বুঝবি। কামরানভাইকে তো ধরে ফেলল ঠিকই?’
উসমান বলল, ‘কামরানভাইকে ধরে কিছুই করতে পারবেন না। কোনো কিছু প্রমাণও করা যাবে না। ওকে ওরা ছাড়তে বাধ্য। অবশ্য যদি না ছাড়ে, তাহলে ঠিক কী করতে হয়, তা আমি খুব ভালো করে জানি।’
তারেক বলল, ‘তুই পাকিস্তান চলে যা। এই দেশে আর ফিরিস না। রোজ রোজ সেনার সংখ্যা বাড়ছে, নজরদারি বাড়ছে। তোকে ওরা খুঁজে পেলে আর বাঁচবি না।’
উসমান বলল, ‘আমিও ওদের আর বাঁচিয়ে রাখবো না। তারপর পাকিস্তান চলে যাবো।’
অপ্রকৃতিস্থর মতো হাসল উসমান। তারেক ভীত গলায় বলল, ‘কী করবি তুই? কী প্ল্যান করছিস?’
উসমান বলল, ‘তোকে বলব কেন? তুই তো রেহান খানের পোষা ইঁদুর। আমি জানি তুই সব কথা গিয়ে ওকে বলে দিবি। ভাবিস না বেশি, তোদের মতো যারা আমাদের শত্রু, তাদের আমরা কেউ ছাড়ব না। তোদের প্রত্যেকের হিসেব হবে দোজখের মাঠে। কেউ থাকবে না সেদিন তোকে বাঁচিয়ে রাখার জন্য।’
তারেক বলল, ‘আমি তোর ভাই রে উসমান, এসব কী বলছিস তুই?’
উসমান জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, ‘নিজের ইচ্ছেয় নিজের এলাকায় হাঁটা যায় না, যাকে যখন ইচ্ছে তুলে নিয়ে যাবে, আর কিছু বলতে পারবো না, এসব বেশিদিন চলবে ভেবেছিস, চলবে না। সব ঠিক করে দেবো আমরা।’
তারেক বলল, ‘ঠিক করে দিয়ে কী করবি? ওপারের কাশ্মীরিদের মতো সুখে থাকবি? ওরাও কি খুব সুখে আছে?’
উসমান রেগে গিয়ে তারেকের চোয়াল লক্ষ্য করে জোরে ঘুসি মারল। তারেক মেঝেয় পড়ে গেল। উসমান বলল, ‘তোর মতো লোকেদের জন্য আমাদের লোকেরা আজ এত কষ্টে আছে। তুই এত বকছিস কেন? তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি?’
তারেকের ব্যথা লেগেছিল। সে মেঝে থেকে উঠতে পারছিল না।
উসমান হিসহিস করে বলল, ‘তুই কী ভেবেছিস? আমাদের সবার সঙ্গে গদ্দারি করে রেহান সুখে থাকবে? থাকবে না। একদিন রেহান ঠিক নরবে। আনরা মারবো রেহানকে। মিলিয়ে নিস তুই।’
তারেক বলল, ‘মানুষকে মেরে কী প্রমাণ করতে চাস তোরা? পাকিস্তানে কে সুখে আছে?’
উসমান ঝুঁকে পড়ে বলল, ‘সুখে না থাকুক, আমাদের লোকেরা আছে ওখানে। মাথার মধ্যে ঢুকিয়ে নে কথাগুলো। শুধু আমার দাদা হবার জন্য তুই বেঁচে আছিস। নইলে তোকে সরিয়ে দিতে ওদের একটুও সময় লাগবে না।’
তারেক বলল, ‘মেরে ফেলুক। আমি শুধু তোর দাদা হবার জন্য মরে যেতে রাজি আছি। আমার ঘেন্না লাগে তোর মতো লোক আমার ভাই। ছিঃ।’
উসমান তারেককে আবার ঘুসি মারল। তারেক পড়ে গেল।
উসমান বলল, ‘ওরা কামরানের খবর পেল কী করে? তুই দিসনি তো? সত্যি করে বল।
তারেক বলল, ‘আমি জানি না।
উসমান সজোরে মেঝেয় পা ঠুকে বলল, ‘ঠিক আছে। কেউ পালিয়ে কোথাও যাবে না, ঠিক ধরব একদিন। সব ক-টার গলা কেটে…’
না ঘুমিয়ে ঘুমিয়ে উসমানের চোখের নীচে কালি জমেছে। তবু সে যেন উৎসাহে টগবগ করে ফুটছে। এই প্রবল উত্তেজনা, এত জীবনীশক্তি সবটাই ধ্বংসাত্মক কাজের জন্য উৎসর্গ করা হয়েছে।
তারেক একবার বলতে চেষ্টা করল, ‘শোন ভাই, আমার কথা শোন…’
উসমান শুনল না। ঝড়ের গতিতে বেরোতে গিয়ে থমকে গেল, ‘চল, তোকে আমি এখানে রেখে যাবো না। আমার তোর উপর সন্দেহ হচ্ছে। তুই নিশ্চয়ই কোনোভাবে রেহান খানকে খবর দিচ্ছিস।’
তারেক বলল, ‘আমি কীভাবে খবর দেবো? তুই কোনো উপায় রেখেছিস?’
উসমান শুনল না। বলল, ‘তুই এখানের হাওয়া বাতাস সব চিনিস। তোকে ফাঁকা ছেড়ে রাখাই আমার ভুল হয়েছিল। তুই নিশ্চয়ই খবর দিয়েছিস রেহানকে। চল, এখানে থাকা যাবে না।’
তারেক বলল, ‘দেখ উসমান, এখন বাইরে পুলিশ আর আমি ঘুরে বেড়াচ্ছে। এত রাতে বেরোলে ঠিক নজরে পড়ে যাবো। আজকের রাতটা এখানেই থাক।’
উসমান পকেট থেকে ছুরি বের করে বলল, ‘আমি জানি কখন কী করতে হবে। চল, বেরো।’
তারেক কোনো মতে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে বাইরে বেরলো। শিকারার কাছে যাবার আগেই রেহানের বোট এসে তাদের হাউজবোটে ভিড়ল। রেহানের হাতে উদ্যত রিভলবার। রেহান বলল, ‘চল উসমান, তোর সঙ্গে ওপারের গল্প করব। কত গল্প শোনা বাকি এখন তোর থেকে।’
উসমান হতচকিত হয়ে গেছিল।
পরমুহূর্তেই সে রাগে পাগল হয়ে গেল। তারেকের গলায় ছুরি ঠেকিয়ে বলল, ‘গদ্দার, এই ছিল তোর মনে? আমি ঠিক জানতাম তুই গদ্দার, এই রেহান খান, কাফেরের চামচা, তুই কী ভেবেছিস? তারেককে আমি ছেড়ে দেবো? একদম ছাড়বো না। কাফেরের চাকরেরা কাফেরই হয়। আমায় যেতে দে, নইলে তারেককে….’
হাউজবোট ঘিরে ফেলেছিল পুলিশ আর সেনার যৌথ বাহিনী। তারেক উসমানকে প্রাণপণে জোরে ঠেলে দিল। উসমান কিছু বুঝে ওঠার আগেই উসমানের পায়ে গুলি করল রেহান। উসমান সামলাতে পারল না। মেঝেয় পড়ে গেল।
রেহান হাউজবোটে উঠে এসে তারেকের কাঁধে হাত রেখে বলল, ‘শুকরিয়া তারেক। দেশের জন্য তুমি যা করলে….’
তারেক বলল, ‘দেশের জন্য না, আমি আমার ভাইয়ের জন্য করেছি। ওর যেন ফাঁসি না হয় রেহানভাই, আপনাকে আমি অনুরোধ করছি একটু দেখবেন।’
উসমান তীব্র রাগে ও ঘেন্নায় কাতরাতে কাতরাতে তারেকের দিকে থুতু ছুঁড়ে বলল, ‘গদ্দার… গদ্দার… সব হিসেব ঠিক করবো তোদের, ভাবিস না…’
***
এই ঘটনার কিছুক্ষণ আগের ঘটনা। রাত দশটা। বারামুলা।
সাতজনের দলটা বিচ্ছিন্ন হয়ে থাকা বাড়িটাকে ঘিরে ধরেছে।
একটা ঘরের আলো জ্বলছিল শুধু। সেটাও নিভে গেল।
বাড়ি থেকে বেরিয়ে লোকটা সবে রাস্তায় নেমেছিল, এমন সময় মাটি ফুঁড়ে দু-জন জওয়ান তার সামনে এসে দাঁড়ালো, ‘চল।’
লোকটা পালাতে যাচ্ছিল। যখন বুঝল তাকে ঘিরে ফেলা হয়েছে, হাল ছেড়ে দিল…
৪৩
মুজাফফরাবাদ রশিদিয়া মাদ্রাসা। রাত একটা।
গেট থেকে এল ও সি-র অভিমুখে একটা ছোটো বাস বেরলো। বাস চালাচ্ছে মোকসেদ। বাসের পেছনে একটা ইনসুলেটেড মই, বেশ কিছু কম্বল রাখা আছে। পাহাড়ি রাস্তা এখন একবারে ফাঁকা। মাঝে মাঝেই চাকা গর্তে পড়ছে। বাসের ভেতরের তরুণদের মুখে অবশ্য কোনো শব্দ নেই। তারা ভাবলেশহীন মুখে বানের ভেতরে বসে আছে। প্রায় ঘন্টাখানেক যাবার পর বাস দাঁড়াল। মোকসেদ ড্রাইভিং সিট থেকে নেমে বাসের ভেতরে এসে বলল, ‘আমার বাচ্চারা, অনেক দিন ধরে আমি আজকের দিনটার অপেক্ষা করছিলাম। এই দিনটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা জানি, কাশ্মীরে আমাদের ভাইয়েরা কত কষ্টে আছে। দিনের পর দিন ধরে ওরা আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা কখনো ওদের সাহায্য করতে পেরেছি, কখনো পারিনি। এবারে আমাদের সবার সর্বস্ব দেবার পালা। আমরা যে, যতটুকু পারি, সবটা করব। যা বললাম, সবার কানে গেছে?’
সবাই সমস্বরে বলে উঠল, ‘জি জনাব।’
মোকসেদ বলল, ‘এবার আমরা অপেক্ষা করব। ওপার থেকে গ্রিন সিগনাল এলেই তোমরা বাস থেকে নামবে এবং আমার সঙ্গে রওনা দেবে। কোনো প্রশ্ন?’
‘না জনাব।’
মোকসেদের মুখে হাসি ফুটে উঠল। সে বাস থেকে নেমে স্যাটেলাইট ফোন বের করে নাম্বার ডায়াল করল। ওপ্রান্তে ফোন রিং হয়ে গেল, কেউ ধরল না।
মোকসেদ অন্ধকার রাস্তায় পায়চারি শুরু করল। ঘড়িতে রাত দুটো পনেরো। আড়াইটার মধ্যে তাদের ওপারে যাবার কথা আজ। সে আবার নাম্বার ডায়াল করল। এবারেও কেউ ধরল না। বিরক্ত হয়ে সে মৌলানাকে ফোন করল।
মৌলানা ফোন ধরে বলল, ‘কাজ হয়ে গেছে?’
মোকসেদ বলল, ‘না। বশির ফোন ধরছে না।’
‘দেখছি।’
ফোন কেটে গেল।
অন্ধকার রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকা। এরকম অপারেশন আগেও করেছে মোকসেদ। আগেও সিগনাল আসতে দেরি হয়েছে, কিন্তু আজ যেন কোনো কিছুই ঠিক করে হচ্ছে না।
মিনিট তিনেক পর মৌলানার ফোন এল, সে ধরে বলল, ‘জি জনাব
মৌলানা বলল, ‘ফায়ারিং কি চলছে?’
মোকসেদ বলল, ‘জি জনাব। যেদিকে চলার কথা, সেদিকে ঠিকই চলছে। তারপরেও শুয়োরের বাচ্চা বশির কেন ফোন ধরছে না বুঝতে পারছি না।’
মৌলানা বলল, ‘ফোন না ধরলে ফিরে আয়।’
মোকসেদ বলল, ‘কিন্তু জনাব…’
মৌলানা ফোন কেটে দিল।
রেগেমেগে মোকসেদ ফোনটা ফেলে দিতে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে বাসে উঠে সে বাসটা আর্মি ক্যাম্পের গেটের কাছে গিয়ে দাঁড় করিয়ে বাস থেকে নামল। ঠান্ডা যেন আরও জাঁকিয়ে পড়েছে।
আর্মি ক্যাম্পের গেটের কাছেই মেজর ইশাক রহমান দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তাকে দেখে এগিয়ে এসে বলল, ‘দেড় ঘণ্টা ধরে ফায়ারিং চালু রেখেছি। আপনারা এখন এলেন সবে?’
মোকসেদ বলল, ‘কোন কমবখত বলে আমরা এখন এসেছি? কখন থেকে বশিরের ফোনের জন্য অপেক্ষা করছি। ফোনই করছে না। শেষে এখানে আসতে বাধ্য হলাম।’
ইশাক অবাক হয়ে বলল, ‘সেকি! বশির ফোন ধরছে না?’
মোকসেদ তার ফোন বের করে বশিরের নাম্বার ডায়াল করল, ‘দেখুন, লাইভ দেখুন।’
এবারেও বশির ফোন ধরল না। মেজর বলল, ‘তাহলে আর ফায়ারিং চালু রেখে কী হবে? বন্ধ করতে বলি।
মোকসেদ বলল, ‘আশ্চর্য! বশিরকে নিয়ে আপনার কোনো চিন্তা হচ্ছে না? আমরা কি শুধু নিজেদের জন্য এই অপারেশনটা করছি?’
মেজর বলল, ‘অনেক কারণে ফোন না ধরতে পারে। আমি কী করে জানবো কেন ধরছে না? আমি আপনাকে বলতে পারি, আপনি ক্যাম্পের ভেতরে অপেক্ষা করতে পারেন। যখন ফোন ধরবে, তখন যাবেন!’
মোকসেদ বলল, ‘আপনি কি এসব এত সোজা মনে করেন? দিনের বেলা ছেলেদের নিয়ে আমি ওপারে যাবো নাকি কবে জয়েন করেছেন আপনি? আপনাকে নতুন মনে হচ্ছে? আপনার কী মনে হয়, আমরা যে কাজটা করি, তা খুব সহজ কাজ?’
মেজর কয়েক সেকেন্ড মোকসেদের দিকে তাকিয়ে থেকে বলল, ‘তাহলে আপনারা এখন ফিরে যান। বশির ফোন ধরলে আসবেন না-হয়।
মোকসদ রেগেমেগে বাসে গিয়ে বসল। নিশ্চিত কাজ না হলে যেরকম খুব মাথা গরম হয়, তার তাই হচ্ছিল।
ভোর চারটে নাগাদ তার ফোন বেজে উঠল।
মৌলানা ফোন করছে। সে ধরে বলল, ‘জনাব।’
‘ফিরে আয়, বশির ধরা পড়েছে।’
কথাটা বলে মৌলানা ফোন কেটে দিল।
মোকসেদ খবরটা শুনে স্থবির হয়ে গেল…
৪৪
—বশির।
—জি জনাব।
—কাজটা কারা করছিল?
—কোন কাজ জনাব?
রেহান চুপ করে গেল। বশিরের বয়স ত্রিশ থেকে বত্রিশ। সুগঠিত চেহারা। সুপুরুষও। চুপ করে বসে আছে।
বাড়ি থেকে প্রথমে গাড়িতে এবং পরে চপারে করে শ্রীনগরে নিয়ে আসা হয়েছে। বশিরের চোখ-মুখ শান্ত। প্রশ্নোত্তর শুরু করতে গিয়েই রেহান যেন একটা ধাক্কা খেল।
—চা বা কফি কিছু দেবো? কাওয়া?
—জি না জনাব। এখন কিছু খেতে ইচ্ছে করছে না।
—তোর কি মন খারাপ লাগছে?
–কেন জনাব?
—আজকের অপারেশনটা ফেল করে গেল। মন খারাপ হবারই তো কথা। —কীসের অপারেশন জনাব?
রেহান বলল, ‘উসমান ধরা পড়েছে, তোকেও এখানে নিয়ে এসেছি। তোর কী মনে হয়, আমরা এখানে ঠিক কী করছি? কিছু না জেনে নিয়ে এসেছি তোকে? বল কীসের অপারেশন?
বশির মৃদু হাসল এবার, বলল, ‘ওহ… এরকম একটা অপারেশনের নাম পাড়ার লোকেদের কাছে শুনেছিলাম বটে। একটা অপারেশন হচ্ছে তো, অপারেশন গদ্দার। কাশ্মীরের যে যে লোক কাশ্মীরিদের সঙ্গে গদ্দারি করছে, তাদের…’
রেহান বলল, ‘চোদ্দো-পনেরো বছর বয়সি ছেলেদের এপারে নিয়ে এসে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে দেওয়াটা তোর কাশ্মীরিদের জন্য ভালো কাজ বলে মনে হয়?’
বশির চুপ করে গেল।
রেহান বলল, ‘তোর কী ধারণা? আমি মরতে ভয় পাই?’
বশির বলল, ‘এসব কী কথা জনাব?’
রেহান বলল, ‘মোকসেদের মকসদ ব্যর্থ হয়েছে। তোকে ফোন করে আজ
আর পাবে না। কেমন লাগছে?’
বশির বলল, ‘আপনার কোনো গলতফয়মি হয়েছে জনাব। আমি মোকসেদ নামে কাউকে চিনি না।’
রেহান পকেট থেকে একটা ছবি বের করে টেবিলের উপরে রাখল, ‘এই দ্যাখ, এটা তোর আর আলমগীরের ছবি। পাশে দ্যাখ, মোকসেদ আছে। দেখ তো, কী সুন্দর ছবিটা উঠেছে, ইসলামাবাদ সেক্টর এইচ, আলমগীরের বাড়ির সামনে।’
বশির এবার চমকে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখ-মুখ সাদা হয়ে গেল। রেহান বলল, ‘কী বিচ্ছিরি ব্যাপার দ্যাখ বশির। কোথায় তোরা এই দেশে গোবেচারা হয়ে ঘুরে বেড়াস আর ও দেশে গিয়ে কত কিছু করছিস, তার সব কীর্তির ছবি আমাদের কাছে চলে আসে। এভাবে কি খেলা যায়? বল?’
বশির বলল, ‘এটা আমি না, আমার ছবি ফটোশপ করা হয়েছে। আমি একজন উকিলের সঙ্গে কথা বলতে চাই। বারামুলার পাশা সাহেবকে ফোন করতে দিন আমাকে। আমাকে আপনি আটকাতে পারেন না। এদেশের নাগরিক হিসেবে আমার ফান্ডামেন্টাল রাইটস আছে।’
রেহান ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘ভারতের নাগরিক হিসেবে অবশ্যই আছে। কিন্তু ভারত তোকে নাগরিক হিসেবে মানবে না তো। রাওয়ালপিন্ডিতে হোটেল সেভেন স্টারে তেইশ নাম্বার ঘরে থাকতিস। সন্ধে বেলা আবার বাখরখানি খেতেও বেরোতিস। ওই শুকনো শুকনো বাখরখানি খেতিস কী করে বল তো?’
বশিরের হাত কাঁপছে। রেহান হঠাৎ করে এগিয়ে এসে সজোরে বশিরের কান মুলে দিল। বশির যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। রেহান রাগে কাঁপতে কাঁপতে বলল, ‘তোদের জন্য আমরা নিশ্চিন্তে এদেশে থাকতে পারি না। তোরা কী ভেবেছিস? এভাবেই দিনের পর দিন কাটিয়ে যাবি তোরা? শুধু মারবি আর আমরা মার খেয়ে যাবো? অত সোজা সব কিছু? যদি তাই ভেবে থাকিস, তবে মূর্খের স্বর্গে বাস করবি।’
রেহান বশিরের কান ছেড়ে দিল। বশিরের মুখ যন্ত্রণায় বেঁকে গেছে, সে হাঁফ ধরা গলায় বলল, ‘রেহান খান, তোর কী ধারণা? তুই হাতে পিস্তল নিয়ে নিজের লোকেদের মেরে বেড়াবি, আর আমরা কেউ কিছু করব না? তোর নিজেরও ধারণা নেই তোর জন্য কেমন মৃত্যু অপেক্ষা করে আছে। বেঁচে নে তুই নিজের মতো করে কিছুদিন। তারপর দেখবি …’
রেহান বশিরের মুখে সজোরে একটা ঘুসি মেরে বলল, ‘রেহান খান মরতে ভয় পায় না। আমাকে ওসব ভয় দেখাবি না। এবার বল, প্ল্যান কী ছিল?’
বশিরের ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করেছে। সে বলল, ‘আমি আবার জিজ্ঞেস করছি। কীসের প্ল্যান?’
রেহান চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইন্টারোগেশন চেম্বার থেকে বেরিয়ে তুষারকে ফোন করল। তুষার সবটা শুনে বললেন, ‘উসমানের সঙ্গে বশিরকেও দিল্লিতে পাঠিয়ে দাও। স্পেশাল খাতিরদারি করতে হবে।’
‘আমি যাবো স্যার? অনেকদিন চাঁদনি চকের কাবাব খাওয়া হয় না। খান স্যার
আর মাথুর স্যারের সঙ্গেও দেখা হয়ে যাবে।’
‘আরে, আসবে না মানে? এসো এসো? রাতে কিন্তু আমার বাড়িতে খাবে, আমি ইরাবতীকে বলছি।’
‘নিশ্চয়ই স্যার, আমরা এক ঘণ্টার মধ্যে শ্রীনগর থেকে বেরোচ্ছি।’
‘গুড। চলে এসো, আর হ্যাঁ… সাবধানে এসো।’
‘নিশ্চয়ই স্যার।’
