৫৫
রাত সাড়ে ন-টা।
দাবা খেলছেন দুই প্রৌঢ়।
তুষারের বাড়ি আসার সময় লাড্ডু নিয়ে এসেছেন চিফ। ইরাবতী লাড্ডু দেখে খানিকটা চোখ পাকালেও দু-জনকে একটা করে লাড্ডু খাবার পারমিশন দিয়েছেন।
চিফ মন দিয়ে বোর্ডটা দেখতে দেখতে বললেন, ‘তাহলে তুমি বলতে চাইছো আই এস আই রশিদিয়া মাদ্রাসার ছবি পাঠিয়ে আমাদের উত্তেজিত করতে চাইছে?
তুষার মাথা নাড়লেন, ‘ওদের খুব লেগেছে যা বুঝলাম। ত্রিভুজ ভাঙাটা বেচারারা মনে নিয়ে নিয়েছে। আবু খালেদ, ওমর সঈদ… ওদের বোঝা দরকার, আমরা চাইলে ওদের বাড়াবাড়ি বন্ধ করে দিতে পারি। রশিদ কিংবা আলতাফ তো ওদের দেশেই থাকে। কার নামে অভিযোগ করবে? কাকে অভিযোগ করবে? কেনোই-বা করবে?
চিফ বললেন, ‘কিন্তু আলমগীরের কাছে এখনও ফান্ড আছে। একটা প্ল্যান ব্যর্থ হয়েছে শুধু, বাকিগুলো…’
তুষার চিফের গজ খেয়ে নিয়ে বললেন, ‘কী প্ল্যান করতে পারে ওরা?
চিফ বললেন, ‘সামনাসামনি এসে দাঁড়ানোর সাহস তো নেই। যা করবে চোরাগুপ্তা করবে। তোমার বর্ডারগুলোকে নিশ্ছিদ্র করতে হবে, অনুপ্রবেশ রুখতে হবে তুষার। কিচ্ছু করার নেই। দেশের নিরাপত্তার সঙ্গে কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না, এই নাও, তোমার মন্ত্রী যাবে এবার।’
তুষার বললেন, ‘এক্সেলেন্ট চাল। হ্যাঁ, তোমার কথাটা একদম ঠিক। কোনো কম্প্রোমাইজ করা যাবে না।’
কলিং বেল বেজে উঠল। তুষার ভ্রূ কুঁচকে বললেন, ‘এখন আবার কে এল? দাঁড়াও, দেখি।’
তুষার উঠে দরজা খুলে দেখলেন বিদুর ভরদ্বাজ দাঁড়িয়ে আছেন। তার মুখে হাসি ফুটে উঠল, ‘সরাসরি এ বাড়িতেই চলে এলে নাকি?’
বিদুর জুতো খুলে ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ‘আমি তো জানি তোমরা এখানেই আছো। কফি আছে, না বসাতে হবে?’
তুষার বললেন, ‘লাড্ডু আছে। চলবে?’
বিদুর পকেট থেকে সিগারেট বের করে বললেন, ‘ইরাবতী কাছাকাছি নেই তো? আমি কিন্তু চেইন স্মোকার হয়ে গেছি। সিগারেট আর মদ ছাড়তে রিহ্যাবে যেতে হবে মনে হয়।’
চিফ বিদুরের গলা পেয়ে বাইরে এসে বিদুরকে জড়িয়ে ধরলেন, ‘যাক, অনেক দিন পর তিন বুড়ো এক হল।’
বিদুর বললেন, ‘দেখি, চেস বোর্ডের কী অবস্থা’… স্টাডি রুমে ঢুকলেন বিদুর বোর্ডটা দেখতে দেখতেই বললেন, ‘রশিদিয়ার ছবিগুলো ভেরি মাচ টেম্পটিং।’
চিফ বললেন, ‘তুমি আর যাবে না। অনেক হয়েছে। এবার বেরোলে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। এদিকে সৈকত আরেকদিকে তুমি, তোমরা যা শুরু করেছো, জাস্ট ভাবা যাচ্ছে না।’
তুষার মাথা নাড়লেন, ‘না না। ওটা তো ট্র্যাপ। ডাকছে, গেলেই মারবে।’
বিদুর বললেন, ‘অভিমন্যু ট্র্যাপ, তাই তো? তা হোক না মিশন অভিমন্যু। আমি না যাই, আমার প্রিয় ছাত্র সায়ক যাক।’
তুষার আর চিফ একসঙ্গে বললেন, ‘কোনো দরকার নেই। একটা দিন আসবে যেদিন আমরা রশিদিয়ায় সরাসরি মিসাইল ছুঁড়বো। আমাদের কারো যাবার দরকার নেই।’
বিদুর বললেন, ‘সায়ককে বুঝিও তোমরা।’
তুষার কড়া গলায় বললেন, ‘আমি বুঝিয়ে দেবো। কোনোমতেই আমি সায়ককে ওখানে যেতে দিতে পারি না। বিদুর, প্রশ্রয় দিও না কিন্তু কোনোভাবেই। ফোন করলে বারণ করে দেবে।’
বিদুর বললেন, ‘ঠিক আছে। রাগ হচ্ছে জানো তুষার। পাঁচ-ছ-বছরের বাচ্চাগুলোকে ব্রেইন ওয়াশ করছে, ট্রেনিং দিচ্ছে। ভীষণ রাগ হচ্ছে। এটাই তো কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে। আমরা কি কিছুই করতে পারি না? লোকজন যেমন অফিস যায়, এরা তেমন ট্রেনিং ক্যাম্প চালায়।’
চিফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘এসো, দাবাটা কন্টিনিউ করা যাক।’
বিদুর ফোন বের করে বললেন, ‘তোমরা খেলো। আমি ছবিগুলো আরেকবার দেখি। যে মাদ্রাসায় কাউকে ঢুকতে দেয় না, সেখানকার ভেতরের এতগুলো ছবি বাইরে বের করে দিল… এই যে দেখছ মাঠটা, এটাই ওদের অ্যাসেম্বলি পয়েন্ট। এই এখান থেকে গাড়িগুলো ঢোকে। এখন সিকিউরিটি বেড়েছে যদিও, তবে ওরা ক্যামেরা বসাবে না কিছুতেই… হুঁ…’
চিফ বললেন, ‘দেখে যাও তুমি, তবে আমরা তোমাকে আর ওদিকে পাড়ি দিতে দিচ্ছি না, এটা জেনে রেখো।’
বিদুর কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় তুষারের ফোন বেজে উঠল, তুষার বললেন, ‘রেহান ফোন করছে কেন আবার? দেখি।’
ফোন ধরলেন তিনি, ‘বল রেহান।’
‘স্যার একটা খারাপ খবর আছে।’
‘কী?’
‘সন্ধের দিকে তারেককে খুন করে গেছে ওরা। ছেলেটা বেরিয়েছিল বাজারে, ওখানেই খুন করে গেছে।
‘শিট! কারা করেছে?’
‘লোকালই হবে। খোঁজ চলছে। আমি কাল সকালেই শ্রীনগরে ফিরে যাচ্ছি স্যার। দিল্লিতে না থাকলে হয়তো এটা আটকানো যেত। নিজের কাছে নিজে অপরাধী হয়ে গেলাম স্যার।’
‘কী করবে আর? আশরফ আর মাথুর তোমার সঙ্গে যাবে বলছিল…’
‘হ্যাঁ স্যার। আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছি। ওদের পরশু যাবার কথা আছে।’
‘আমি বলে দেবো, ওরা তোমার সঙ্গেই যাবে।’
‘মন খারাপ হয়ে গেল স্যার। তখন থেকে ফোনেই সব সামলাতে হচ্ছে। শেয়ার করতে ফোন করলাম।’
‘না না। তুমি আমার সন্তানসম। যখন খুশি ফোন করবে। আমারও মন খারাপ হয়ে গেল। উসমান খুশি হবে হয়তো… নাও হতে পারে।’
‘জানি না স্যার। এদের মগজধোলাই দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম, গুড নাইট স্যার।’
‘টেক কেয়ার রেহান। এর মানে হল ওরা এখনও লড়ে যাচ্ছে। মাথাটা খোঁজার চেষ্টা করতে হবে। দেখো তিনজন বসে কিছু করতে পারো নাকি।’
‘রাইট স্যার।’
ফোন কেটে তুষার চুপ করে বসে রইলেন কিছুক্ষণ।
বিদুর বললেন, ‘এদের বড্ড বাড় বেড়েছে। এই ডালপালা কিন্তু ছাঁটতেই হবে।’
চিফ বললেন, ‘প্ল্যান জমা দাও। দেখছি কী করা যায়, উই নিড টু অ্যাক্ট ফাস্ট। অনেক বাঁদরামি সহ্য হয়েছে। আর করা যাবে না।’
তুষারের ফোনে মেসেজ টোন বেজে উঠল। সৈকত কোয়েটায় আছে। নিরাপদ। ফিরবে না বলেছে।
তুষার ফোনটা চিফের দিকে এগিয়ে দিলেন। চিফ উত্তেজিত হয়ে বললেন, ‘ফিরবে না মানে? এই ছেলেটা আমাকে পাগল করে দেবে।’
বিদুর বললেন, ‘থাকতে দাও। হি ইজ গুড। ভেরি গুড। ওখানে থাকুক। যত থাকবে, তত মিশবে, তত উন্নতি হবে।
চিফ তুষারের দিকে তাকালেন। তুষার হেসে ঘাড় নাড়লেন, ‘আমারও মনে হয় বিদুর ঠিক বলছে।’
চিফ রেগেমেগে বললেন, ‘যা পারো কর তোমরা, আবার আলমগীরকে মারতে চলে যাবে না তো?’
বিদুর বললেন, ‘যাবে না। তবে মারার দরকার পড়লে ওই মারবে।’
চিফ বললেন, ‘সিরিয়াসলি বিদুর, প্রেশার বাড়িও না আমার। কন্ট্যাক্ট কর যেভাবে হোক।’
বিদুর বললেন, ‘করব। তুমি চেস বোর্ডে মন দাও। আমি দেখছি বাকিটা। ‘ চিফ বললেন, ‘ঠিক আছে। দেখো তোমরা, এই ছেলে আমাকে একদিন পাগল করে দেবে, আমি নিশ্চিত!’
বিদুর আর তুষার দু-জনেই একসঙ্গে হেসে উঠলেন….
***
ইসলামাবাদ হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে সিগারেট খাচ্ছিল রফিক। আলমগীরের গাড়ি এসে দাঁড়াল তার পাশে। রফিক সিগারেট ফেলে আলমগীরের পাশে উঠে বসল। ড্রাইভার নেমে গেল।
রফিক বলল, ‘আপনার তবে এবার ইসলামাবাদে থাকার মেয়াদ শেষ হল?’
আলমগীর বলল, ‘হুঁ। ওই ইবলিশের বাচ্চা দুটোর খবর পেয়েছেন?’
রফিক বলল, ‘না। এখনও পাইনি। পেয়ে যাবো। পালিয়ে যাবে কোথায়?’
‘আপনার নাকের তলায় বসে ওরা কাজ করছিল। আর আপনি এখনও নিশ্চিন্তে বসে আছেন। আপনার আত্মবিশ্বাস দেখে আমি চমকে যাই।’
রফিক হাসল, ‘দেখুন আলমগীর সাহেব, আপনার ইব্রাহিম খানকে দরকার ছিল। তাকে আপনি পেয়েছেন…’
রফিককে থামিয়ে দিল আলমগীর, ‘সেটা আপনি দেননি কিন্তু। হাসান মাকসুদ হদিশ দিয়েছিলেন। আপনি কী করেছেন?
‘আমি করব। আপনি ভাববেন না। এই দেশে অনেক জায়গা আছে যেখানে গিয়ে লুকোলে আমরা কিচ্ছু করতে পারবো না। কে পি কে….’
‘জানি। জানি আপনার সোর্স ব্যবহার করুন।’
‘আমি তো বলছি আপনাকে। ওদের ঠিক ধরতে পারবো দেখবেন। এই দেশে লুকিয়ে থাকা কি অতই সহজ?’
আলমগীর বিরক্ত মুখে বলল, ‘জানি না আপনার মধ্যে হাসান কী দেখেন। যাই হোক, আমার কাজ আপনাকে এই ফাইলটা পৌঁছে দেওয়া, আমি দিলাম, নিন।’
রফিক ফাইলটা নিল। উপরে লেখা ‘কনফিডেন্সিয়াল’।
আলমগীর বলল, ‘ঠিক যা যা লাগবে আপনার থেকে, তার লিস্ট আপনি ফাইল খুললেই পাবেন। এই ফাইলটা আপনি বাড়িতে রাখবেন। অফিসে….’
রফিক বলল, ‘ইন্ডিয়ার লোক আছে, খবর কি করবে, তাই তো? তাকে আইডেন্টিফাই করতে পেরেছেন?’
আলমগীর বলল, ‘সেটা আমার কাজ না। আপনার কাজ। যাই হোক, এবার আসুন।
রফিক বলল, ‘আপনি আমাকে না বললে কী করে হবে?
আলমগীর বলল, ‘জানতে পারলে আপনাকে জানাবার আগেই গলাটা কেটে চৌরাস্তায় ঝুলিয়ে দিতাম। আমার হাত থেকে কেউ বাঁচবে না। আর হ্যাঁ, যদি জানতে পারি এর মধ্যে আপনিও আছেন…’
রফিক বলল, ‘এসব কী বলছেন আপনি?’
আলমগীর বলল, ‘যান, আমাকে অনেকটা দূরে যেতে হবে। কথা বলার দরকার হলে ঠিক কথা বলে নেবো।
রফিক মাথা নেড়ে গাড়ি থেকে নেমে গেল।
আলমগীরের ড্রাইভার সহ দেহরক্ষীরা গাড়িতে উঠল। গাড়িটা বেরিয়ে গেল তার সামনে দিয়ে।
রফিকের ফোন বাজছিল। রফিক ফোনটা হাতে নিয়ে দেখল একটা ভারতীয়
নাম্বার থেকে ফোন আসছে। ধরল, ‘কে?’
‘রফিক সাহেব।’
‘বলুন।’
‘বিদুর ভরদ্বাজ বলছি। চেনেন আমায়?’
‘নাম শুনেছি। বলুন জনাব।’
‘বলছিলাম জেনিভা যাবেন তো?
৫৬
কয়েক দিন পরের কথা। রাত বারোটা।
কলিং বেলের শব্দ শুনে মিনি দরজা খুলতে গিয়ে দেখল জ্যোতির্ময় ফিরেছেন।
মিনি অবাক হয়ে বলল, ‘এত রাতে?’
জ্যোতির্ময় বললেন, ‘হ্যাঁ, আগের ট্রেনে চলে এলাম। ঘুমিয়ে পড়েছিলি নাকি?’
‘না না, ঘুমোইনি। তুমি খাবে তো? মাকে ডাকবো?’
‘না রে মা। খেয়ে এসেছি। দরজা বন্ধ করে দে ভালো করে। পাড়ায় চোর-টোর আছে নাকি কে জানে।’
কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চললেন জ্যোতির্ময়। মিনির মন খারাপ হয়ে গেল। জ্যেঠুটা বড়ো একা হয়ে গেছে…
একটু খ্যাপাটেও। বলল, ‘মাকে ডাকছি না তবে।
‘না রে মা। বললাম তো। যা ঘুমিয়ে পড়।’
ঘরের সামনে গিয়ে পকেট থেকে চাবি বের করে তালা খুলে দরজা ঠেলে ঢুকলেন জ্যোতির্ময়। আলো জ্বেলে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালেন।
নিজের মনেই আয়নার ভদ্রলোককে বললেন, ‘সেলাম ওয়ালাইকুম, আমি হাসান… মাকসুদ… রশিদিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম জানাই…’
***
