দেশান্তরে বাজ – ১০

১০

মুজাফফরাবাদ, রশিদিয়া মাদ্রাসা।

রক্ষী আমির কাজের লোক। সৈয়দের শরীর খারাপ ইত্যাদি বলে মাদ্রাসার ভিতরে একটা ঘরের ব্যবস্থা করতে পেরেছে। একবারেই ছোটো অপরিসর একটা ঘর। চৌকিতে শুইয়ে রেখে গেছে রক্ষী। যাবার আগে বলেছে, ‘মৌলানা সাহেব বড়ো ট্রাকে করে পাহাড়ের ওদিকে ট্রেনিং-এ নিয়ে গেছে অনেকগুলো বাচ্চাকে। কাল ফেরার কথা। যদি রাতে ফেরে, বলবে তুমি আমার চাচা। কুটন থেকে এসেছো।’

সৈয়দ অনেক কান্নাকাটি করে ধন্যবাদ জানিয়েছে। সারাদিন সে শুয়ে কাটালো। মাদ্রাসা থেকে কেউ তার ঘরে আসেনি। বিকেলের দিকে আমির এল। একটা থালায় ডাল রুটি এনে বলল, ‘খেয়ে নাও চাচা। এটুকুই জোগাড় করতে পারলাম। রাধুনেগুলো মজা বজ্জাত। শুধু প্রশ্ন করে। তোমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি আমার চাচা। নইলে আবার জ্বালাতন করবে।’

সৈয়দ খুশি হয়ে বলল, ‘অনেক শুকরিয়া বেটা তোমাকে। তুমি আছো বলেই আল্লাহর দুনিয়ায় এখনও মানবিকতা বেঁচে আছে।

আমির বলল, ‘কী আর বলবো চাচা, দুপুরে কিছু ব্যবস্থা করতে পারলাম না। মাফ করে দিও।’

সৈয়দ কথা না বাড়িয়ে খেয়ে নিল। আমির বলল, ‘কাল ভোরে চলে যেও চাচা। এখানে অনেক নিয়মকানুন আছে। মৌলানা লোকটা খুব কড়া। মাঝখান দিয়ে আমার চাকরি চলে যাবে।’

সৈয়দ বলল, ‘চলে যাবো বেটা। আল্লাহ তোমার ভালো করুক।’

রাত গড়াতেই চারদিক নিস্তব্ধ হয়ে এল। এখানে আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। মাদ্রাসার ছেলেগুলো ঘুমিয়ে পড়েছে নাকি বোঝা যাচ্ছে না।

সৈয়দ ঘর থেকে বেরলো। একটা লম্বা বারান্দার একদিকে মাঠ, অন্যদিকে একটার পর একটা ঘর। সব ঘরের দরজা বন্ধ। কিছুটা যাবার পর একটা জানলা খোলা দেখতে পেল সে। সন্তর্পণে ভেতরের দিকে নজর দিল। মেঝের উপরে

একগাদা বাচ্চা শুয়ে আছে। তাদের গায়ে চাদর দেওয়া।

‘এখানে কী করছেন? আপনার ঘরে থাকার কথা না?’

এক মাঝবয়সি লোক এগিয়ে এসেছে। সৈয়দ সালাম দিয়ে বলল, ‘শরীরটা একটু ভালো লাগছে জনাব। খিদে পাচ্ছে, রুটি খেলাম বটে, কিন্তু পেট ভরল না।’

‘কোনো খাবার নেই। যান ঘরে যান।’

লোকটা একপ্রকার তাড়িয়ে দিল তাকে।

তাড়াতাড়ি নিজের ঘরে এল সে। চুপ করে কিছুক্ষণ বসে রইল।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত বাড়ছে। নোংরা একটা কম্বল ছিল চৌকির উপরে। সৈয়দ সেটাই গায়ে দিয়ে শুল। ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভাঙল দরজায় ঠক ঠক শব্দে। সে উঠে দরজা খোলার আগে জোরে জোরে কেশে নিল।

বাইরে থেকে আমিরের গলা ভেসে এল, ‘চাচার শরীর খুব খারাপ মৌলানা সাব, কাল সকালেই চলে যাবে।’

‘দরজা খুলতে বল।’

সৈয়দ দরজা খুলল। মৌলানার পাশে মাঝবয়সি লোকটাও দাঁড়িয়ে আছে। মৌলানা তাকে আপাদমস্তক দেখে বলল, ‘নাম?’

সৈয়দ কাশতে কাশতে বলল, ‘সৈয়দ আমিনুল হক জনাব।’

কাশতে কাশতে তার জোব্বায় থুতু গড়িয়ে পড়ল।

মৌলানা কিছুটা পেছনে সরে গিয়ে বলল, ‘আপনি আমিরের চাচা?’

‘জি জনাব।’

মৌলানা আমিরের দিকে ফিরে কড়া গলায় বলল, ‘ওকে গেটে নিয়ে যাও। তোমার চাচা ওখানেই রাতটা থাকুক, ভোরে যেন এই চত্বরে না দেখি।’

আমির ভয়ে ভয়ে ঘাড় নেড়ে বলল, ‘জি জনাব।’

‘কোন সাহসে তুমি মাদ্রাসার ভিতরে ওকে ঢুকতে দিয়েছো?’

আমির চুপ করে দাঁড়িয়ে রইল। মৌলানা কয়েক সেকেন্ড কড়া চোখে আমিরের দিকে তাকিয়ে বলল, ‘এর পরের বার এমন হলে…’

আমির উত্তর দিল না।

মৌলানা চলে গেল।

আমির বলল, ‘চলুন চাচা, শিগগিরি চলুন।’

সৈয়দকে আমির আবার গেটের পাশের ঘরে নিয়ে বসাল। সৈয়দ বুঝতে পারল আমির ভয়ে কাঁপছে। সে বলল, ‘ভয় পেও না, কিছু হবে না।

আমির বলল, ‘না চাচা, মৌলানার স্পষ্ট নির্দেশ ছিল মাদ্রাসার ভেতরে কিছুতেই কাউকে ঢোকানো যাবে না। খুব রেগে গেছে যা বুঝতে পারছি।’

সৈয়দ ঘড়ি দেখল। রাত একটা বাজে। সে বলল, ‘ঠিক আছে। আমি এখানেই শুয়ে পড়ছি। ভোরে তুলে দেবে। আমি মাজারে চলে যাবো। ভয় পেও না।

আমির বলল, ‘আজ রাতেই যে চলে আসবে, আমি বুঝতে পারিনি। মৌলানাকে কেউ খবর দিয়েছে ওই ঘরে আমি আপনাকে রেখেছি। কিন্তু যে খবর দিয়েছে, সে তো আমাকেও বলতে পারতো, তা না বলে সরাসরি মৌলানাকে বলে দিয়েছে।’

সৈয়দ মনে মনে হেসে নিল। বুঝল, আমিরের দুনিয়াটা এই গেটটা ঘিরেই। কম্পাউন্ডের ভেতরে কী চলে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। বলল, ‘ভেবো না। মাথায় এসব নিও না। কাল যা হবে দেখা যাবে।’

আমির মন মরা হয়ে পড়েছিল। সৈয়দ চোখ বুজল। কিছুক্ষণ পর যখন চোখ খুলল, তখন আমির চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে।

সে আমিরকে না জাগিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাজারের দিকে রওনা দিল। নীলম ব্রিজ পেরিয়ে মাজার পৌঁছে দাঁড়াল। মাজার থেকে মাদ্রাসার বিল্ডিং- এর আলো দেখা যাচ্ছে। সৈয়দ চুপ করে সেদিকেই তাকিয়ে রইল।

***

সকাল ছ-টা।

আমিরের ঘুম ভাঙল হিম শীতল জলের স্পর্শে। চমকে উঠে দেখল তার দিকে মৌলানা তাকিয়ে আছে। সে ধড়মড় করে উঠে দাঁড়াল, ‘জি জনাব।’

মৌলানা বলল, ‘বুড়োটা কোথায়?’

আমির দেখল সৈয়দ চলে গেছে। মৌলানাকে সেটাই বলল। মৌলানা আমিরকে একটা চড় মারল, ‘কত টাকা নিয়েছিলি তুই বুড়োটাকে ভেতরে ঢোকাতে?’

আমির কেঁদে ফেলল, ‘আমার চাচা জনাব।’

মৌলানা আমিরের বুকে সজোরে লাথি কষাল। আমির মেঝেয় পড়ে গেল। মৌলানা মেঝেয় বসে বলল, ‘সত্যি কথা বল।’

আমির চুপ করে গেল। মৌলানা উঠে দাঁড়াল। শাগরেদদের বলল, ‘এটাকে ভেতরে নিয়ে চল। কাকে নিয়ে এসেছিল ওর পেট থেকে বের কর।

না বলতে চাইলে নীলমের জলে ভাসিয়ে দে, আর ওই বুড়োটাকে খোঁজ। যেখানে পাবি, এখানে নিয়ে আসবি। যত তাড়াতাড়ি সম্ভব!’

আমির প্রাণভিক্ষা চেয়ে কাঁদতে শুরু করল। মৌলানা পাত্তা না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল…

১১

তিনজনে খেতে বসেছে। ইব্রাহিম থমথমে মুখে খাচ্ছে। ফারাহ বলল, ‘তুমি আহমেদকে নিয়ে অতিরিক্ত করছ। ছেলেটাকে যখন যা বলি, তাই করে দেয়। এরকম তো না যে তুমি অনেক মাইনে পাও, আমার দশটা দাসী-বাঁদি আছে। আমিই বা কী করব?’

ইব্রাহিম বলল, ‘আমাকে বলবে। আমি ঠিক কিছু-না-কিছু ব্যবস্থা করব। সাবা ছোটো। ওর উপর খারাপ প্রভাব পড়ে।’

সাবা অবাক হয়ে বলল, ‘আমার উপর কী খারাপ প্রভাব পড়বে?’

ইব্রাহিম বলল, ‘তুই বুঝবি না। তুই পড়াশুনা কর, কলেজ যা। রেজাল্ট খারাপ হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না।

ইব্রাহিম ঘামছিল। ফারাহ সেটা দেখে বলল, ‘তুমি কি কোনো ব্যাপার নিয়ে খুব টেনশনে আছো? সেই টেনশনটাই আমাদের উপরে দেখানোর চেষ্টা করছো?’

ইব্রাহিম বলল, ‘টেনশনের কিছু নেই। আমি যেটা বলি, তোমরা সেটা কর না। আমি বলেছিলাম আহমেদকে ঘরের মধ্যে অ্যালাউ করবে না। সে ছেলে ঘরে ঢুকে যাচ্ছে। দুপুরে এখানে চলে আসছে, এগুলো কেন হবে?’

ফারাহ কড়া গলায় বলল, ‘তুমি যেমন মেয়ের বাবা, আমিও মেয়ের মা। কে খারাপ প্রভাব ফেলবে আর কে ভালো প্রভাব ফেলবে, আমার থেকে ভালো কেউ জানবে না। আহমেদ যথেষ্ট ভালো ছেলে, আর সাবার উপরেও ওর কোনো কুদৃষ্টি নেই। আমি তোমাকে বলছি।’

ইব্রাহিম দেখতে পেল না সাবার গালটা একটু লাল হয়েছে। সাবা তাড়াতাড়ি খাবারে মন দিল। ইব্রাহিম বলল, ‘সময় খুব খারাপ যাচ্ছে। এখন আমি যা বলছি তাই শোনো। আমি আফজলকেই বলবো। আফজল ভালো ছেলে। ও রাজি হলে কাজি ডেকে নিকাহ পড়িয়ে দেবো। ব্যস, আমার কাজ শেষ, তারপর যা হবার হবে।’

সাবা বলল, ‘আমি এখনই বিয়ে করব না আব্বু। আমি আরও পড়াশুনা করতে চাই।’

ইব্রাহিম বলল, ‘বিয়ের পর অনেক পড়াশুনা করবি। আফজলকে আমি বলে দেবো। আফজল এখন মেসে থাকে, বিয়ে হয়ে গেলে ও আনাদের আশেপাশেই কোনো একটা কোয়ার্টার নিয়ে নেবে। তুই আমাদের কাছেই থাকবি। আমার ভাবা হয়ে গেছে। এর পর আর কোনো কথা হবে না।’

সাবা কাঁদো কাঁদো মুখে ফারাহর দিকে তাকাল, ‘আম্মি, এই দেখো আব্বু আবার সেসব আজেবাজে কথা বলা শুরু করে দিয়েছে।’

ফারাহ বলল, ‘বিয়ে নিয়ে এত চিন্তা করছ কেন? আচ্ছা আফজলকে দেখেছো, ঠিক আছে, ওর বাড়িতে কে কে আছে?’

ইব্রাহিম বলল, ‘আফজল এতিম।’

ফারাহ কড়া গলায় বলল, ‘তাহলে ও ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। ভালো পরিবার ছাড়া আমি বিয়ে দেবো না।’

ইব্রাহিম বলল, ‘আহমেদও তো এতিম।’

ফারাহ বলল, ‘তাতে কি? তুমি কি আহমেদের সঙ্গে সাবার বিয়ে দেবে নাকি? ইব্রাহিম চুপ করে গেল। ফারাহ আগেও বলেছিল এতিম ছেলের সঙ্গে বিরে দেবে না। তার ধারণা এতিমখানায় ছেলেদের সঙ্গে আজেবাজে কাজকর্ম হয়। এই নিয়ে কথা উঠলেই ও শক্ত হয়ে যায়। সাবা পুরো খাবার না খেয়ে উঠে গেছে। ইব্রাহিম বিরক্ত হয়ে বলল, ‘বাড়িতে এলেই শুধু অশান্তি। আমার আর ভালো লাগে না।’

ফারাহ বলল, ‘অশান্তি তো তুমি ডেকে আনো। মেয়েটার জোর করে বিয়ে দিতে চাইছো। একটা ভালো সম্বন্ধ আনতে পারো না। যাও বা আহমেদ ছেলেটা ঘরের কাজকর্ম করে দিচ্ছিল, সেটাও বারণ করে দিচ্ছো…’

ইব্রাহিম ফারাহকে থামিয়ে দিয়ে বলল, ‘ঠিক আছে, আহমেদ কোনো কাজ করতে চাইলে করতে পারে। কিন্তু কড়া নজর রাখবে। সাবা…’

সাবা ঘরের ভেতরে চলে গেছে। সাড়া দিল না।

ইব্রাহিম গলা নীচু করে বলল, ‘আমি দেখেছি, আহমেদ এলেই সাবা ঘরের বাইরে বেরিয়ে আসে। এই বয়সটাতে মাথার মধ্যে গাধা ভর করে। পৃথিবীর সবাইকে ভালো লাগে। আহমেদের একটা ভালো ঘর অবধি নেই। ড্রাইভারদের মেসে থাকে। সারাজীবন তাই থাকবে। এখন থেকে না দেখলে হবে? যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়?’

ফারাহ কড়া গলায় বলল, ‘হবে না। আমি বলছি যখন, হবে না।’

কলিং বেল বাজল। ইব্রাহিম অবাক হল, ‘এত রাতে আবার কে এল?’

ফারাহ গিয়ে দরজা খুলল, আহমেদ দাঁড়িয়ে আছে।

ইব্রাহিম বলল, ‘কী হল? এত রাতে কী?’

আহমেদ বলল, ‘গাড়িতে একটা কাগজ পেলাম। দেখুন তো এটা আপনার নাকি?’

ইব্রাহিম উঠে কাগজটা হাতে নিয়ে দেখে এঁটো হাত মাথায় দিল, ‘এটা গাড়িতে পড়েছিল?’

আহমেদ বলল, ‘জি জনাব। এই তো গাড়ি মুছতে গিয়ে পেলাম।’

‘ও আল্লা! আয় বাবা, বস। রাতের খাবার খেয়ে যা। আয় আয়। আহমেদ ঘরের ভেতর প্রবেশ করতেই সাবা বেরিয়ে এল।

ইব্রাহিম এখন বিশেষ রাগ করতে পারল না। আহমেদ যে কাগজটা গাড়িতে কুড়িয়ে পেয়েছে, সেটা হারালে আর দেখতে হত না!

১২

রাত দেড়টা। নতুন দিল্লি।

তুষার ঘুমোচ্ছিলেন। ফোন বেজে উঠল।

ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে একটা গান ভেসে এল, ‘হে আপনা দিল তো আওয়ারা…।’

তুষার ঘুমের ঘোরেই হাসলেন, ‘বল।’

‘স্যার একটা খারাপ খবর আছে।’

তুষার উঠে বসলেন, ‘কী হয়েছে?’

‘বিদুর স্যার মুজাফফরাবাদ গেছিলেন। ফেরেননি। কোনো খবর নেই।’

‘আবদুল্লার দোকানে?’

‘সকালে বেরিয়েছিলেন। দু-দিন ফেরেনি। কোনো খবর নেই। ওদিকে

রশিদিয়া মাদ্রাসার সিকিউরিটির ছেলেটার লাশ পাওয়া গেছে।’

তুষার চুপ করে গেলেন। মাথার মধ্যে হেমন্তের গানটা ঢুকেছে। ওটা কিছুক্ষণ ঘুরবে।

‘স্যার।’

‘বল।’

‘কী করব?’

‘তুমি কী করতে চাইছো?’

‘একবার গিয়ে দেখতে হবে। সেটার জন্য আমাকে পাকিস্তানে যেতে হবে।

‘যেও না। আরও দু-দিন দেখো।’

‘টেনশন হচ্ছে স্যার।’

‘টেনশন করতে হবে না। লাশ পাবার থাকলে ওরও পেতে।’

‘কী যে বলেন স্যার!’

‘মাথা অন্য কাজে লাগাও সায়ক। বিদুর ফিরলে একবার ফোন করতে বলবে।’

‘যদি বিপদে থাকে?’

তুমি গিয়ে কিছু করতে পারবে না। গুড নাইট।’

‘গুড নাইট স্যার।’

ফোন রাখলেন তুষার। চিফকে ফোন করলেন। একটা রিঙেই ফোন ধরলেন চিফ, ‘বল হে।’

‘জেগেছিলে নাকি?’

‘হ্যাঁ। ঘুম আসছে না। সেই ইনসমনিয়া ফিরে এসেছে আর কী! কোনো খারাপ খবর দিও না। শুনতে ইচ্ছে করছে না।’

‘খারাপ খবর না। তবে খবর। বিদুর আপাতত লা পতা। রশিদিয়া মাদ্রাসায় গেছিল, এখনও ফেরেনি। এদিকে মাদ্রাসার গার্ড খুন হয়েছে।’

‘কে খুন করেছে? বিদুর?’

‘কেউ জানে না।’

‘উফ। এবার বুড়োটাকে ফিরিয়ে আনো তো। একে নিয়ে আর পারা যাচ্ছে না। এত সাহস হয় কী করে?’

‘জানি না। কিন্তু ভয় তো একটা থেকেই যায়।’

‘থেকে যায়? আমার প্রেশার বেড়ে গেল। কী করা যাবে?’

‘সায়ককে আপাতত পরিস্থিতির উপর নজর রাখতে বললাম। এখান থেকে তো আর কিছু করা যাবে না।’

‘বেঁচে আছে তো?’

‘বলা যাচ্ছে না!’

‘উফ। গেল রাতের ঘুমটা। কফি বানাও। আমি আসছি।’

‘এসো।’

ফোন রেখে তুষার খাট থেকে নামলেন। ইরাবতীর ঘুম ভেঙে গেছিল। বললেন, ‘কী হল?’

‘কিছু না। তুমি ঘুমোও। কফি বানাবো।’

ইরাবতী আর কিছু না বলে চোখ বুজলেন। অভ্যাস আছে তার।

তুষার কিচেনে গিয়ে কফি বসালেন। জল গরম হতে হতে গোটা পরিস্থিতিটা মাথায় আরেকবার ঝালিয়ে নিলেন। দু-কাপ কফি নিয়ে স্টাডি রুমে গিয়ে দাবার বোর্ডটা সাজিয়ে সদর দরজা খুললেন।

চিফ গাড়ি পার্ক করে ঘরে ঢুকে বললেন, ‘টেনশন হচ্ছে তুষার। এটা খুবই ট্রিকি সিচুয়েশন।

‘হুঁ, এসো এক হাত দাবা খেলা যাক।

‘লাস্টেরটাই কন্টিনিউ কর। ওটায় আমি জিতছিলাম।’

‘রিয়েলি? তুমি জিতছিলে? ওকে, দেখা যাক কে জেতে।’

দু-জনে মিলে খেলতে শুরু করলেন। কয়েকটা চাল দেবার পর চিফ নিজের মনেই বললেন, ‘বিদুর হঠাৎ করে এতটা এগোলো কেন? ও কি কোনো ভয় পাচ্ছে?’

তুষার নিজের চাল দিয়ে বললেন, ‘পেতে পারে। আলমগীর অ্যাক্টিভেট হয়েছে কেন নিজে দেখতে চাইছে। নিশ্চয়ই কোনো সিরিয়াস লিড পেয়েছে। লিড ছাড়া ও এত বড়ো ঝুঁকি নেবে না।’

‘হুঁ। ধরা পড়েনি তো?’

তুষার থমকে গেলেন। কয়েক সেকেন্ড পর বললেন, ‘না, পড়েনি। কেউ ধরা পড়লে আগে রফিক ফোন করবে আমাদের।’

‘তা ঠিক। ওর ওই আপার হ্যান্ড নেওয়াটা জাস্ট নেওয়া যায় না।’

চিফ হাসলেন। তারপরেই তার ভ্রূ কুঁচকাল, ‘হতে পারে রফিকের কাছে এখনও খবর যায়নি, তুমি নৌকো সামলাও।’

তুষার মন দিয়ে বোর্ডটা দেখে চাল দিলেন, ‘আপাতত অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারি না আমরা।’

‘হ্যাঁ। আর অপেক্ষা করা মানে রাতের ঘুমটা গেল। কাল একবার মিনিস্ট্রিতে যাবো। এখনই কিছু বলব?’

‘না। লোকটার নাম বিদুর। সেটা ভুলে যাচ্ছো কেন? নাও। তোমার নৌকো গেল।’

‘ক্লেভার… ভেরি ক্লেভার… ওকে তাই হোক। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। বিদুর… তাই তো… এত ভয় পাচ্ছি কেন? ভয়ের কিছু নেই… ভয়ের কিছু নেই…’

১৩

শ্রীনগর, কাশ্মীর।

ডাল লেকের একটা পরিত্যক্ত হাউজবোটে তল্লাশি চলছে। স্থানীয় পুলিশ এবং সেনার যৌথ উদ্যোগে। অবস্তী নিজে এসেছেন।

প্রায় ঘন্টাখানেক তল্লাশির পর সবাই বেরিয়ে এসে বলল, ‘ক্লিয়ার স্যার। কিছু নেই।

অবস্তী ভ্রূ কুঁচকে বাকি হাউজবোটগুলোর দিকে তাকালেন। এখন সিজন চলছে। সব হাউজবোটে তল্লাশি নেওয়ার আগে গেস্ট লিস্টটা ভালো করে দেখা দরকার। ভ্যালিড আই কার্ডগুলোও চেক করতে হবে। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বোট থেকে বেরিয়ে গেলেন তিনি। তল্লাশি দলও তার পেছন পেছন বেরলো।

নুর এ কাশ্মীর হাউজবোটের কিচেন থেকে তীক্ষ্ণ চোখে সবটা দেখছিল এক বারো বছরের কিশোর। তল্লাশি দল বেরিয়ে যেতেই সে তেরো নম্বর ঘরে ঢুকল, উসমান তার ফোনে গেম খেলছিল। কিশোরকে দেখে সে বলল, ‘কী হল?’

‘চলে গেছে।’

উসমানের মুখে হাসি ফুটল, ‘সাবাস। যা, আমার জন্য কাওয়া নিয়ে আয়।’

কিশোর চলে গেল।

উসমান দূরবিন নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়াল। সার্চ বোটটা দেখতে দেখতে নিজের মনেই বলল, ‘খোঁজো, খোঁজো সাহেব, ভালো করে খোঁজো। যতক্ষণ বেঁচে থাকবে, ভালো করে খোঁজো।’

কাওয়া নিয়ে এসেছে ছেলেটা। উসমান বলল, ‘আজ বেরিয়ে যাবো। এখানে আর থাকবো না। তুই শিকারা বের কর।’

ছেলেটা সভয়ে বলল, ‘এখন বেরবে?’

উসমান বলল, ‘হ্যাঁ, এখন বেরবো।’

ছেলেটা বলল, ‘এখন যেও না। আরও তল্লাশি হবার খবর আছে। নীচে শুনলাম ওরা আরও লোক নিয়ে আসবে বলেছে। সবার আইডেন্টিটি কার্ডের লিস্ট চেয়েছে।’

উসমানের চোয়াল শক্ত হল, ‘বাঃ। খুব ভালো। আরও বেশি করে তল্লাশি করুক। যত বেশি তল্লাশি, তত বেশি নিরাপত্তা। সাত নম্বর ঘরের বাঙালি লোকগুলো আজকে পহেলগাঁও যাবে না? কোথায়?’

‘শিকারায় বেরিয়েছে।’

‘চাবি দে।

ছেলেটা পকেট থেকে চাবি বের করে উসমানকে দিল।

উসমান চাবি নিয়ে সাত নম্বর ঘরে ঢুকল।

হানিমুনে আসা দম্পতির ঘর। ঘরের মধ্যে মিষ্টি পারফিউমের গন্ধ। উসমান জোরে শ্বাস নিয়ে বলল, ‘বাঃ, সুন্দর।’

খাটে কিছুক্ষণ গড়াগড়ি করে নিল উসমান। দিব্যি লাগে এই গন্ধটা। সেও একদিন বিয়ে করবে শুধু এই গন্ধটা পাবার জন্য।

ওয়ার্ডরোব খুলল সে। একটা ট্রলি ব্যাগ, খোলাই আছে। পকেট থেকে একটা ফোন বের করে ট্রলিতে সবে ঢোকাতে যাচ্ছিল, এমন সময় তারেকের গলা শুনতে পেল, তারেক ভ্রূ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে, ‘কী করছিস ঘরের ভেতর?’

উসমান হাসল, ‘কিছু না তো! এমনি দেখতে গেছিলাম। বিলাল বলল পরিস্কার করবে, দরজা খুলেছে। আমিও তাই এলাম।’

‘চল, আমার সঙ্গে ভেতরে চল। আমাকে দেখা পকেটে কী লুকোলি।’

তারেক এগিয়ে এল।

উসমান আবার হাসল, ‘আরে ভাই, কিছু না, চল আমার ঘরে গিয়ে গেম খেলি।’

তারেক উসমানের মুখে সজোরে ঘুসি মারল। উসমান বুঝতে পারেনি আঘাতটা এভাবে আসবে। সে ছিটকে মেঝেয় পড়ে গেল। তারেক ঝাঁপিয়ে পড়ে তার কলার ধরে বলল, ‘বল, কী করেছিস? আমাদের কাশ্মীরিদের এমনিতেই সবাই সন্দেহের চোখে দেখে, এরপরে যদি কিছু হয়, তাহলে আমরা এখানে আর ব্যাবসা করতে পারবো।’

উসমান হাসতে হাসতে বলল, ‘খুব আনন্দে ব্যাবসা করছিস যেন? দিন দশবার করে তল্লাশি হয়, নিজেদের এলাকায় বাজারে গেলেও আই কার্ড দেখাতে হয়, কাকে ফোন করছিস, কোথায় যাচ্ছিস, সব জানাতে হয়, আর তুই বলছিস আমরা এখানে আনন্দে আছি?’

তারেক বলল, ‘তোর সঙ্গে এত কথা আমি বলব না, যেদিন থেকে তুই পালিয়ে বেড়াচ্ছিস, সেদিন থেকেই আমি জানি তোকে বুঝিয়ে আর কিছু হবে না। কিন্তু তুই এখন যেগুলো করছিস, সেগুলো আমার এখানে করবি না। বাইরে যা, যেখানে যা খুশি কর, আমার সঙ্গে…’

উসমান এবার তারেককে ধাক্কা দিয়ে ফেলে দিল। উঠে দাঁড়িয়ে বলল, ‘আমি যা খুশিই করব। তুই আটকাতে পারলে আটকা।

তারেক পড়ে গেছিল। উসমান উঠে শিকারার দিকে রওনা দিল। তারেক উসমানকে আটকাতে পারল না। সে চিৎকার করল, ‘বিলাল।’

কিশোরটি ততক্ষণে শিকারায় উঠে উসমানের সঙ্গে হাউজবোট থেকে পালিয়েছে। তারেক কয়েক সেকেন্ড হতবুদ্ধি হয়ে বসে থেকে রিসেপশনে দৌড়ল। উসমানকে আটকাতে হবে। নইলে উসমান বিলালকেও ওদের দলে নিয়ে চলে যাবে।

ফোন?… ফোনটা কোথায়?… উসমান শিকারা থেকে চিৎকার করে তার হাতের ফোনগুলো দেখাল। তারেক কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে সঙ্গেসঙ্গে সিদ্ধান্ত নিল। না, এদের ছাড়া যাবে না। কিছুতেই ছাড়া যাবে না।

নিজের ভাই বলে উসমানকে অনেকদিন ছাড় দিয়ে রেখেছিল সে। উসমান এখনও ভাবে এসব ঘটনা তার ভাই নিজেদের মধ্যেই রাখবে। কাউকে কিছু বলবে না। কিন্তু না, এখন যদি সে ছেড়ে দেয়, তাহলে তাদের সবার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।

পাশের হাউজবোটটা তাদের হাউজবোটের সঙ্গেই লাগোয়া। তারেক পাটাতনের উপর দিয়ে হেঁটে পাশের হাউজবোটে পৌঁছে হাউজবোটের মালিক কামরান খানের ঘরে ঢুকে উত্তেজিত ভাবে বলল, ‘কামরান ভাই, কথা আছে।’

কামরান তাকে দেখে ঘাবড়ে গেল, ‘কী হয়েছে? এরকম উত্তেজিত কেন তুই? বস বস।’

তারেক বসল না, বলল, ‘আমি আপনাদের কাউকে বলিনি। উসমান ফিরে এসেছিল, আমার কাছেই ছিল। লুকিয়ে। ও কিছু একটা করেছে কামরান ভাই মানে ও ওপার থেকে সাতদিন আগে ফিরেছে। আমাকে একটা ফোন করতে দিন তো। আমি রেহান খানকে ফোন করে সব বলে দিচ্ছি। ও যা করছে…’

কামরান একটা সিগারেট ধরিয়ে বলল, ‘জানি তো, আমার জন্য সিগারেটও এনেছে। ইমপোরটেড। যা করছে, করতে দে। কী দরকার ঝামেলা করার?’

তারেক বিস্ফারিত চোখে কামরানের দিকে তাকাল, ‘মানে? তুমি… সব…’

‘তোর তো গর্ব হওয়া উচিত তারেক। তোর ভাই একজন মুজাহিদিন। কোথায় গর্ব করবি তা না, বলছিস কাফেরদের সব জানিয়ে দিবি। ছি ছি… কী যে করিস। কাবাব খাবি? এই কে আছিস… কাবাব নিয়ে আয় তো!’

তারেক চুপ করে বসে রইল। তার সব তালগোল পাকিয়ে যাচ্ছে…

১৪

শুক্রবার। দুপুরবেলা।

জুম্মাবারে ব্যাঙ্ক বন্ধ থাকে। দুপুরের দিকে ইমরান ঘুমোতে চেষ্টা করে। আহমেদ কিছুতেই তাকে ঘুমোতে দেয় না। কোথাও না কোথাও নিয়ে যাবেই।

এদিনও ইমরান রুটি খেয়ে এসে ঘুমনোর তোড়জোড় করছিল, আহমেদ বলল, ‘চল বাজার থেকে ঘুরে আসি।’

ইমরান বিরক্ত গলায় বলল, ‘আমাকে গুলি করলেও আমি বাজারে যাবো না। ঘুমাতে দে আমাকে। এখন একদম জ্বালাতন করবি না।’

আহমেদ ছাড়বার পাত্র না। এমন ঘ্যান ঘ্যান করতে শুরু করল যে কিছুক্ষণ পর ইমরানের রাজি না হয়ে আর কোনো উপায় রইল না।

রাস্তায় বেরিয়েই ইমরান বলল, ‘খামোখা ভালো ঘুমটা নষ্ট করলি আমার। দিব্যি ঘুমচ্ছিলাম।’

আহমেদ বলল, ‘আরে সিনেমা দেখব ভাবছি। যাবি? অনেকদিন সিনেমা দেখা হয় না।’

ইমরান অবাক হয়ে বলল, ‘ওই দেখো, বাজার যাবে বলে সিনেমা দেখতে চাইছে।’

আহমেদ বলল, ‘চল না, অনেক সুন্দরী আসে। তোর তো আবার সুন্দরীদের দেখতে ভালোই লাগে।’

আহমেদ জানত এই টোপটা ইমরান গিলবে। বলল, ‘হুঁ, বুঝেছি বুঝেছি। কোথায় যাবি?’

আহমেদ বলল, ‘গিগা মল চল।’

ইমরান চোখ বড়ো বড়ো করে বলল, ‘খেপেছিস? সেখানে অনেক টাকা লাগে।’

আহমেদ বলল, ‘নইলে রাওয়ালপিন্ডি যেতে হবে সস্তার হলে দেখতে। কী দরকার? গিগা মলেই চল। আমি টিকেটের দাম দিয়ে দেবো।’

ইমরান বলল, ‘তুই এত টাকা কোত্থেকে পেলি? আলু দিয়েছে না আলুর বউ? পকেট-ফকেট মারিসনি তো রে ভাই?’

‘তাতে তোর কী? যাবি নাকি বল?’

‘ঠিক আছে, চল।’

অনিচ্ছা সত্ত্বেও আহমেদের সঙ্গে অটোয় উঠল ইমরান।

মলে ঢোকার পর এস্কেলেটরে উঠেই হঠাৎ করে ইমরানের খেয়াল হল তার পাশে আহমেদ নেই। সে ফার্স্ট ফ্লোরে নেমে ভালো করে চারদিক দেখল। নাহ, সত্যিই কোথাও নেই! আহমেদকে ফোন করল। ফোন সুইচ অফ। ইমরান ভাবল আহমেদ হয়তো হলের টিকেট কাউন্টারে চলে গেছে। সেখানে গিয়েও আহমেদকে পেল না সে। রেগেমেগে নিজের টাকা দিয়েই টিকেট কেটে হলে ঢুকে বসল। সিনেমা শুরু হবার মিনিট পাঁচেক পর অন্ধকার হলের মধ্যেই আহমেদের চিৎকার শোনা গেল, ‘ইমরান ভাই।’

হলের ভেতরে লোকজনকে বিরক্তিসূচক শব্দ করতে দেখে তড়িঘড়ি ইমরান উঠে আহমেদের কাছে গিয়ে রাগী গলায় বলল, ‘কীরে, কোথায় গেছিলি?’

আহমেদ বলল, ‘পেট খারাপ হয়ে গেছিল। বাথরুমে গেছিলাম। সিনেমা দেখে নাও, তারপর কথা বলছি। আমি তোকে টিকেটের টাকা দিয়ে দেবো। চিন্তা করিস না।’

ইমরান গজগজ করতে করতে আবার নিজের জায়গায় ফিরে গেল।

সিনেমার ইন্টারভালে ইমরান আহমেদকে খুঁজে পেল না। নিজের মনেই গজগজ করে ‘মরুক গে’ বলল। সিনেমা শেষেও যখন পেল না, তখন আর একটুও অপেক্ষা না করে মেসে ফিরে এল।

রাত ন-টা নাগাদ আহমেদ ফিরল। ইমরান রাগী গলায় বলল, ‘এটা কী হল?’

আহমেদ কাঁচুমাচু মুখ করে বলল, ‘আর বলিস না, হল থেকে বেরোতেই আমার এক চাচির সঙ্গে দেখা হয়ে গেল। সে চাচি জোর করে ওদের বাড়ি নিয়ে গেল সেক্টর সি-তে। তোকে আর কী বলব, বকবক করে আমার মাথা খারাপ করে দিয়েছে।’

ইমরান বলল, ‘তোর যদি আমার সঙ্গে নাই ঘোরার ছিল তাহলে খামোখা আমাকে ডাকতে গেলি কেন? দিব্যি ঘুমোতাম।’

আহমেদ পকেট থেকে এক হাজার রুপি বের করে ইমরানকে বলল, ‘এই নে, ক্ষতিপূরণ দিলাম। এবার খুশি।’

ইমরান বলল, ‘সত্যি করে বল তো, তুই কোত্থেকে টাকা পাচ্ছিস? কুপথে যাসনি তো? দেখ আমরা কিন্তু ড্রাইভার, তুই কোথাও ফেঁসে এলে আমিও ফেঁসে যাবো। দু-দিন পরে আমি বিয়ে করবো। তখন যদি কোনো বদনাম হয়…’

আহমেদ ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘সে ভাবিদের পেছনে ভুই একটু বেশিই সময় দিস। তোকে বদনাম করার তোর ভাবিরাই করে দেবে।

ইমরানের রাগ গলে জল হয়ে গেল। সে বলল, ‘তা বটে। আমার ভাবিদের খুব ভালো লাগে। তুই সিনেমাটা দেখেছিলি? ইন্টারভালেও তো ছিলিস না।’

আহমেদ বলল, ‘ইন্টারভালেও বাথরুমে গেছিলাম। দুপুরের খাওয়াটা ভালো ছিল না।

‘কেন? আমার তো কোনো অসুবিধে হয়নি।

‘তুই পালোয়ান মানুষ। ওই জন্য তোর কিছু হয়নি। চল, খেয়ে আসি। কাবাব খাবো চল।’

‘আবার ভাগবি না তো?

‘না রে ভাই। ভাগবো না।’

দু-জনে আবার বেরলো। ইমরান বলল, ‘সৈয়দ বুড়ো কোথায় যেন গেছে। ফেরেনি এখনও।’

আহমেদ একটু চমকে সামলে নিল, ‘তাই? আমি জানি না তো। যাবি একবার দেখতে?’

‘নাহ। থাক। কাল রাতে যাবো। খ্যাপা বুড়ো, কোথায় মরে পড়ে আছে দেখা যাবে।’

‘দূর, এরকম কথা বলিস না। কিছু হয়নি।’

‘তোর আবার কী? দেখা যাবে তুই মেরে দিয়েছিস। ধার নিয়েছিলিস না? ওই টাকায় খাওয়ালি নাকি? তুই বুড়োটাকে মেরে দিসনি তো?’

দু-জনেই হো-হো করে হেসে উঠল।

আহমেদের যে অস্বস্তি হচ্ছিল তা ইমরান বুঝল না।

গিগা মলে আলমগীরের লোককে দেখে তার পিছু নিয়েছিল আহমেদ।

গিগা মলের বাইরে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান থেকে বেশ কয়েকটা ফোন কিনেছে লোকটা। কথাগুলো সৈয়দকে জানানো দরকার। অথচ সৈয়দ এখানে নেই। কথাগুলো জানানো দরকার কোথাও।

অস্বস্তিটাকে কোনোমতে চেপে রেখেই সে কাবাবের দোকানের দিকে রওনা দিল….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *