৪৫
রাত দুটো।
আহমেদ ঘুমিয়ে পড়েছিল। ছাদে সাবার সঙ্গে তাকে দেখে ইব্রাহিম রেগেমেগে তাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ক্ষেতের মধ্যে স্টোর হাউজে পাঠিয়ে দিয়েছে।
সাবাকে ধমকে নীচে পাঠিয়ে দিয়ে ইব্রাহিম যত চিৎকার করছিল, আহমেদের তত হাসি পাচ্ছিল। শেষে ইব্রাহিম নিজেই বলল, ‘তোর কথা শোনাই আমার বোকামি হয়েছে। আমার উচিত ছিল থানায় গিয়ে সারেন্ডার করা।’
আহমেদ আবার হেসে ফেলল।
ইব্রাহিম তেড়ে উঠল, ‘কী হল?’
আহমেদ বলল, ‘আপনার কী মনে হয়? থানায় গেলে আপনি বেঁচে যাবেন?’
ইব্রাহিম মাথা চুলকে বলল, ‘ঠিক আছে। তুই স্টোর রুমে থাক। তুই এখানে থাকলেই সাবা চলে আসবে। তোর লক্ষণ ভালো ঠেকছে না আমার।’
আহমেদ বলল, ‘আমি এখানে থাকলে আপনার সুবিধা হত কিন্তু। ছাদ থেকে সবটা নজর রাখতে পারতাম।
ইব্রাহিম বলল, ‘কিচ্ছু নজর রাখতে হবে না। তুই ওখানেই যা।’
আহমেদ হাই তুলে বলেছে, ‘ঠিক আছে, তাই হবে।’
ইব্রাহিম বলল, ‘তোকে যত ভাবি মাথায় তুলব না, তুই মাথায় চড়ে বসিস।’
আহমেদ বলল, ‘আমি কিন্তু কিছুই করিনি। আপনি আমাকে খামোখা বকাবকি করছেন।’
ইব্রাহিম বলল, ‘তুই চুপ থাক। তোকে আমি কী বলেছিলাম? সাবা যেখানে থাকবে, তার ধারে-কাছে থাকবি না?’
আহমেদ বলল, ‘ও, তাই তো। মনে পড়েছে। ঠিক আছে, আর থাকবো না। ইব্রাহিম বলল, ‘খেয়ে নে। খেয়ে যাবি। আমার জীবনের সমস্যা একটাই। আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাস করতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। সবাই শুধু আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে।’
আহমেদ বলল, ‘কে ব্ল্যাকমেল করেছে আপনাকে? ইমরান বলছিল বটে আপনার কী একটা কেস আছে।’
‘ইমরান? ইমরান কী জানে?’ ইব্রাহিম কৌতূহলী হল।
আহমেদ বলল, ‘বলছিল। কী কেস আছে আপনার? মহিলাঘটিত?’
‘কোনো কেস নেই? শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল ওরা। তারপর আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি কী করে জানবো?’
ইব্রাহিম মরিয়া হল।
আহমেদ বলল, ‘আপনাকে এভাবে ফাঁসালো আর আপনি ফেঁসে গেলেন? কে ফাঁসিয়েছিল আপনাকে? ওই বুড়োটা? যার বাড়ি যান?’
ইব্রাহিম ভ্রূ কুঁচকে বলল, ‘তুই জানলি কী করে?’
আহমেদ বলল, ‘না জানার তো কিছু নেই। যেভাবে ছুটে যেতেন, দেখে বোঝাই যেত ওই বুড়োটা আছে এসবের মধ্যে।’
ইব্রাহিম ফোঁস করে নিশ্বাস নিয়ে বলল, ‘আমার জীবনটা শেষ হয়ে গেল। এখান থেকে পালাতে হবে। আমি সারাজীবন তো এখানে থাকতে পারবো না। সাবার বিয়ে দিতে হবে। কথা বলতে হবে কয়েক জনের সঙ্গে। আমি আর ওদের কথা শুনব না। আর তোর কথাও শুনব না। তুই খেয়ে-দেয়ে স্টোর রুমে চলে যা। আমার মেয়ের ধারে-কাছে থাকলে তোকে আমি গুলি করে দেবো।
আহমেদ ঘাড় নেড়েছিল, ‘ঠিক আছে।’
স্টোর রুমে মশা আছে। আহমেদের তাতে সমস্যা হয়নি।
ইব্রাহিমের টেনশন আহমেদ বোঝে। সর্বক্ষণ কাজের মধ্যে থাকলেও বসে থাকলে নিজে থেকেই ঘেমে যায়। একা একা পায়চারি করে। মেয়েকে নিয়ে চিন্তাও করে। ফারাহ আপু একদিন তাকে জিজ্ঞেস করেছিল, ‘তোর জনাবের কী হয়েছে রে আহমেদ? আগে এরকম ছিল না। আজকাল কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। কোয়ার্টারে ফিরে একা একা থাকে, হঠাৎ হঠাৎ রেগে যায়। কী হতে পারে বল তো?’
আহমেদ মাথা চুলকে বলেছে, ‘তা তো জানি না আপা।’
আহমেদের খারাপ লাগলেও কিছু বলতে পারেনি।
আলমগীর ইব্রাহিমকে পাগল করে দিয়েছে। ইব্রাহিমের চিন্তা করার ক্ষমতা কেড়ে নিয়েছে। সৈয়দ বলেছিল এরা এরকমই। নিজেদের স্বার্থের জন্য নিজের দেশের নাগরিকদের জীবন নিয়েও এরা বিন্দুমাত্র চিন্তিত নয়।
আহমেদ প্রায় রাত বারোটা অবধি জেগেছিল। পথশ্রমে সে ক্লান্ত ছিল। কখন চোখ বুজে এসেছিল সে নিজে জানে না।
.
রাত দুটো নাগাদ আচমকা গুলি চালানোর শব্দ ভেসে এল। আহমেদ চমকে উঠে বসে জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে যা দেখল, তাতে তার বুক ঠান্ডা হয়ে গেল। বাড়ির সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। বেশ কয়েকটা টর্চের আলো পড়ছে বাড়ির উপরে। ক্ষেতের দিকেও আলো পড়ছে।
আহমেদ তৎক্ষণাৎ তার ব্যাগ নিয়ে স্টোর রুম থেকে বেরিয়ে ক্ষেতের ভেতরে লুকিয়ে পড়ল। আবার পর পর দুটো গুলির শব্দ এল। আহমেদ আর দেরি করল না। ক্ষেত পেরিয়ে সে রাস্তায় পৌঁছে গেল। সে স্পষ্ট বুঝতে পারছিল একটু পরেই ওরা তাকে খুঁজবে।
তার ধারণাই সঠিক প্রমাণিত হল। একটু পরেই ক্ষেতে টর্চের আলো পড়তে শুরু হল। রাস্তা পেরিয়ে উলটোদিকের ক্ষেতের যতটা সম্ভব ভেতরে প্রবেশ করে দম বন্ধ করে বসে রইল সে।
‘ছেলেটাকে পেলি?’
এখান থেকেও ওদের গলা শোনা যাচ্ছে। চিৎকার করে বলছে কেউ।
‘না জনাব।’
‘এখানেই থাকার কথা তো! দেখ ভালো করে। দেখলেই গুলি কর। আমার কাছে নিয়ে আসার দরকার নেই।’
‘জি জনাব।’
‘আমার মনে হয় চলে গেছে জনাব। এই ক্ষেতের মধ্যে থাকবে কোথায়?’
‘তাও দেখ ভালো করে।’
‘দেখেছি জনাব। কেউ নেই। চলে গেছে। এখানে নামিয়ে দিয়ে ইসলামাবাদেই ফিরে গেছে মনে হচ্ছে।’
‘ঠিক আছে। দেখে নে তাও।’
আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি চলল। আহমেদ নড়ল না। চুপ করে শুয়ে রইল। আশেপাশে বাড়ি থাকলে লোক জড়ো হয়ে যেত। সেসবের কিছুই হল না। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু ক্ষেত, বাড়ি ঘর কিচ্ছু নেই।
‘ঠিক আছে, চল এখন। আর থাকার দরকার নেই।’
মিনিট কুড়ি পর আর কোনো শব্দ পাওয়া গেল না। আহমেদ বেরলো না।
দু-ঘণ্টারও বেশি সময় ধরে একই জায়গায় চুপ করে বসে রইল। ভোর সাড়ে চারটে নাগাদ সন্তর্পণে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছে যা দৃশ্য দেখল, তাতে সে হতভম্ব হয়ে গেল।
গেটের সামনে ইব্রাহিম খান পড়ে আছে। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। আহমেদ গলা তুলল, ‘সাবা… আপা…।’
দরজা হাট করে খোলা। আহমেদ খানিকটা ইতস্তত করে ইব্রাহিনকে ডিঙিয়ে ঘরের ভেতরে ঢুকল। ফুপু, সাবা আর ফারাহ আপার রক্তাক্ত দেহ পড়ে আছে ঘরের ভেতরে। কেউই আর বেঁচে নেই এখন…
৪৬
কলকাতা।
ভোরবেলায় ফোন বাজতে শুরু করল জ্যোতির্ময়ের। ইয়াসমিন ঘুমোচ্ছিলেন।
তিনি জেগেই ছিলেন। ফোন ধরে বললেন, ‘হুঁ।’
‘ব্যাঙ্কের অতিথিদের যথাস্থানে পাঠিয়ে দিয়েছি।’
‘ড্রাইভার কোথায়?’
‘নেই। গাড়িটা ক্ষেতে লুকোনো ছিল। ড্রাইভার আগে থেকেই কোথাও চলে গেছিল।’
উঠে বসলেন জ্যোতির্ময়, ‘পালিয়ে গেছিল? এলাকা খোঁজা হয়েছে?’
‘বাড়িটা খুঁজেছি, ক্ষেতে খুঁজেছি, ড্রাইভারটা কোথাও ছিল না।’
‘ছিল না?’
‘না, তবে গাড়ি রেখে যদি কাল ও ট্রেনে বা বাসে করেই অন্য কোথাও চলে যায়?’
জ্যোতির্ময় বললেন, ‘তাহলে আর কী?’
‘হতে পারে ড্রাইভার কিছু জানে না। ইব্রাহিমকে জিজ্ঞেস করেছিলাম ড্রাইভার কোথায়। বলেছিল চলে গেছে।’
ফোন কেটে চুপ করে বসে রইলেন জ্যোতির্ময়।
আফসানাকে ওর মা ফোন না করলে ইব্রাহিম ওখানে আছে জানা যেত না। কিন্তু ড্রাইভারটা…
নাহ, পালিয়ে যাবেই বা কোথায়? পালাক। যেখানে ইচ্ছে পালাক। কেউ ছাড় পাবে না। কাউকে ছাড়বেন না তিনি।
একটু হেঁটে আসা যায় এখন।
ট্র্যাকশুট পরে ঘর থেকে বেরলেন।
বেরিয়ে কোলাপসিবল গেটটা টেনে দিয়ে রাস্তায় নামলেন।
শহর জাগছে।
ফোনে মেসেজ এল, ‘প্ল্যান ফেইল্ড। উসমান, বশির ওদের কব্জায়। সব শেষ। ত জ্যোতির্ময় দাঁড়িয়ে পড়লেন। টাইপ করতে শুরু করলেন, ‘জানি। কোনো কিছু শেষ হয় না। আবার নতুন করে শুরু হয় শুধু।’
উত্তর এল, ‘আপনার অসীম ধৈর্য।’
‘হ্যাঁ মির্জা। আমার অসীম ধৈর্য।’
‘এবার?’
‘এবার প্ল্যান বি।’
‘প্ল্যান বি-তে রিস্ক আছে।’
‘থাকতে পারে। কিন্তু সফল হলে প্ল্যান বি-ই হবে।’
‘আপনি মহান।’
রিপ্লাই দিলেন না আর। ফোন রাখলেন জ্যোতির্ময়। আধঘণ্টা ধরে হাঁটার পর একটা পার্কে ঢুকে বসলেন। পার্কের ভেতরে স্বাস্থ্য সচেতন নারী পুরুষ কেউ দৌড়চ্ছে, কেউ প্রাণায়াম করছে।
জ্যোতির্ময় একটা নাম্বার ডায়াল করলেন। ওপ্রান্তে রিং হয়ে গেল। কেউ ধরল না।
মিনিট পাঁচেক পর কলব্যাক হল।
জ্যোতির্ময় ধরলেন, ‘ঘুমোচ্ছিলে?’
‘হুঁ। এত সকালে কী করব? এখন এটাই আমার রুটিন।’
‘নিজের নামটা মনে আছে না সেটাও ভুলে গেছো মুদসসর?’
ওপ্রান্ত চুপ করে গেল। কয়েক সেকেন্ড পর বলল, ‘ভোলা কি এতোই সহজ?’
‘সহজ না বলেই তো জিজ্ঞেস করলাম। বীরেন কেমন আছে?’
‘ভালো আছে। ভালো দৌড়চ্ছে। সামনে একটা পরীক্ষা আছে, তার জন্য রোজ পাড়ার মাঠে দৌড়চ্ছে।’
‘ওকে যে আমার চাই এবারে।’
আবার নীরবতা ওপ্রান্তে। তারপর জবাব এল, ‘আমি একবার আপনার সঙ্গে দেখা করব।’
‘এসো। এখানে না। আমি একটা ঠিকানা বলব, সেখানে এসো। তোমার সময় এসে গেছে।’
ফোন কেটে দিলেন জ্যোতির্ময়।
‘আরে, আপনাকে অনেক দিন পর দেখলাম, কেমন আছেন?’
জিলিপি খেতে খেতে তার সামনে এসে দাঁড়িয়েছেন অমিতবাবু। সদ্য রিটায়ার করেছেন। সুগার সত্ত্বেও বাড়িতে গিন্নিকে লুকিয়ে জিলিপি খান। জ্যোতির্ময়ের সঙ্গে পার্কেই পরিচয়। মাঝে মাঝে এখানেই কথা হয় দু-জনের
জ্যোতির্ময় বললেন, ‘এই একটু নর্থ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম।’
‘বাঃ বাঃ। আমিও যাবো ভাবছি। তবে নর্থে না, সাউথে। বাসে আমার আবার খুব অসুবিধা হয়। ছেলেকে বলেছি, ওরা ব্যাঙ্গালোর অবধি ফ্লাইটে নিয়ে যাবে। সেখান থেকে গাড়িতে উটি। সেই নাইন্টিজে গেছিলাম শেষবার। এতদিন পর আবার যেতে ইচ্ছে করছে।’
‘বাহ, ভালো তো। ঘুরে আসুন। ভালো লাগবে।’
‘আপনি গেছেন?’
‘তিন বছর আগে গেছিলাম। ঘুরে আসুন।’
ফোন বাজতে শুরু করল আবার। হোয়াটস অ্যাপ কল এসেছে। জ্যোতির্ময় নাম্বার দেখে উঠে দাঁড়ালেন, ‘আচ্ছা, আমার একটা জরুরি ফোন আসছে। আমি একটু কথা বলে নি।’
‘হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। প্রাইভেসিই আসল বুঝলেন কিনা…’
জ্যোতির্ময় একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে বললেন, ‘বল।’
‘এত কিছু করেও কোনো লাভ হল না আব্বু। সব শেষ হয়ে গেল’, সুমনের গলায় হতাশার ছাপ স্পষ্ট।
‘কিচ্ছু শেষ হয়নি তো। কোথায় শেষ হয়েছে?’
‘ছেলেগুলো মুজাফফরাবাদেই ফিরে গেল, বি, ইউ দু-জনেই আটকে গেল। আর কী হবে? আমার এত পরিশ্রম…’
‘তৈরি হ। নীল ফুল ফোটার সময় এসে গেছে।’
‘কী?’ উত্তেজনায় সুমন যেন ওপ্রান্তে লাফ দিয়ে উঠল।
‘হুঁ, আমি আর ধীরে চলো নীতিতে বিশ্বাসী নই। এবার হয় এসপার, নয় ওসপার। বি নেই তো কী হয়েছে, লাখ লাখ বি বসে আছে আমাদের কথা শোনার জন্য। চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।
ফোন কেটে ফিরে এলেন জ্যোতির্ময়।
অমিতের সঙ্গে আবার গল্প করা শুরু করে দিলেন।
অমিত জানেন না তিনি কার সঙ্গে এত প্রাণের গল্প জুড়েছেন…
৪৭
অফিস থেকে বেরিয়ে একটা পার্কের সামনে ইব্রাহিম গাড়ি দাঁড় করাতে বলেছিল একদিন। গাড়ি থেকে নেমে শ্বাস নিয়ে বলেছিল, ‘বড়ো হওয়াটা খুব যন্ত্রণার রে আহমেদ। ছোটো ছিলাম, ভালো ছিলাম। এত চাপ নিতে পারি না। নির্ঘাত একদিন মাথা ফেটে মরে পড়ে থাকব।’
খারাপ লেগেছিল সেদিন।
আর তারপর এই রাতটা এল।
জোরে জোরে শ্বাস পড়ছে বাসে উঠে। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখছিল আহমেদ।
ভোর সাড়ে ছ-টা নাগাদ লাহোরগামী একটা বাসে উঠে বসেছে। জীবনে কোনো কোনো সময় আসে যখন মানুষ সব কিছু খুব সহজে ভুলে যায়। আহমেদ ভুলে যাচ্ছিল সে অন্য দেশে আছে, তাকে আত্মগোপন করে থাকতে হবে, কিছুতেই যেন ওরা তাকে ধরতে না পারে।
তার নার্ভ যথেষ্ট শক্তপোক্ত। তবু তার প্রবল অস্বস্তি হচ্ছিল।
ইব্রাহিম খানের ঘরে কিচ্ছু পায়নি সে। ব্যাগের ভেতরের সব জিনিস মেঝেয় ফেলে রাখা হয়েছে। জামা কাপড় ছাড়া আর কিছুই নেই।
মানুষগুলো এই তো ছিল কিছুক্ষণ আগেও। জীবনের কোনো দাম নেই? ইব্রাহিম খান আর পাঁচটা সাধারণ মানুষের মতোই লোক ছিল। অফিস যেত, বাড়ি ফিরত। ওরা ইব্রাহিমকে টার্গেট বানিয়ে ওকে দিয়ে নিজের মতো করে কাজ করিয়ে যাচ্ছিল। ইসলামাবাদে থাকলেও ওরা ইব্রাহিমকে মেরে ফেলত। কিন্তু এই বাড়ির ঠিকানা এত তাড়াতাড়ি পেল কী করে তার কিছুতেই মাথায় ঢুকছিল না। রাস্তা দিয়ে গাড়ি যাবার শব্দ পাওয়া যাচ্ছিল।
যখন বুঝল এখানে আর এক সেকেন্ডও থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না তখন পড়ে থাকা শরীরগুলো পেরিয়ে স্টোর রুমে ফিরে এল সে। একটু পরেই সূর্য উঠবে।
ব্যাগ থেকে জামা কাপড় বের করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের চেহারা পালটে নিল। পায়জামা পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি পরল। চোখে সুরমা দিল। ক্ষেতের পেছনের দিকের পথ ধরে হাঁটতে হাঁটতে রাস্তায় পৌঁছোল। হাত পা কাঁপছে মাঝে মাঝে। কাঁপার কথা না। তবু কাঁপছে। নিজেকে চড় মারতে ইচ্ছে করেছে। বিদুরের সঙ্গে চলে গেলে এই দৃশ্য দেখতে হত না। রাস্তা ফাঁকা। আহমেদ হেঁটে যাচ্ছিল। গতকাল এখানে আসার সময়ে বাস স্ট্যান্ড দেখেছিল। সে পথে হেঁটেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিল।
আকাশে ভোরের আলো ফুটেছে।
গত সন্ধেয় সাবা ছাদে না এলে সে এতক্ষণ বেঁচে থাকত না। ট্রেনিং-এ বার বার শেখানো হত তাঁদের যন্ত্রমানব হয়ে উঠতে হবে, কোনোরকম আবেগ থাকবে না, শুধু মস্তিষ্ক কাজ করবে, হৃদয় নয়, অথচ এখন সমস্ত রক্তক্ষরণ যেন শুধু হৃদয় থেকেই হয়ে যাচ্ছিল। তার ভয় পাবার কথা, যারা ইব্রাহিমকে মারতে এসেছে, তারা এখন তাকেও খুঁজে বেড়াচ্ছে, অথচ সে ভয় পাচ্ছিল না।
লাহোরের বাসে উঠে একদম পেছনের সিটে জায়গা পেল সে। কয়েকটা বাচ্চা গান করছে বাসের মধ্যে। কোনো বিয়ে বাড়ি যাচ্ছে তারা। উৎসবের পরিবেশ।
সাবা বাচ্চা মেয়ে। কিছু না জেনেই প্রেমে পড়েছিল তার। তরুণীর ভালোবাসা। তার দিক থেকে কোনো অনুভূতি না থাকলেও মেয়েটা তো ওসব ভাবেনি। দুঃস্বপ্নেও কল্পনা করেনি তাকে এভাবে মরতে হবে। কাল রাতেও সাবার সঙ্গে কথা বলার সময় মনে মনে হেসেছিল সে। এখন কষ্ট হচ্ছে। এরকম তো হবার কথা ছিল না। ইব্রাহিমের স্ত্রী কতবার জিজ্ঞেস করত সে খেয়েছে নাকি। কতবার জোর করে টিফিন দিয়ে দিয়েছে। সাবা বা ফারাহর তো কোনো দোষ ছিল না।
ইব্রাহিমকে আলমগীরের মারতেই হত। কিন্তু বড্ড তাড়াতাড়ি খুঁজে পেল। কী করে পেল?
লাহোরে ঢোকার মুখে বাস দাঁড়িয়ে গেল। আহমেদ দেখল ড্রাইভার জানলা দিয়ে মুখ বাড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলছে। পেছন থেকে কিছু শোনা গেল না।
একজন কনস্টেবল বাসে উঠেছে। আহমেদ চুপ করে বসে রইল। কনডাক্টর কনস্টেবলের কানে কানে কিছু একটা বলে পকেটে টাকা গুঁজে দিল। কনস্টেবল মাথা নাড়তে নাড়তে নেমে গেল।
বাস ছাড়ল। আহমেদ শ্বাস ছাড়ল। লেনদেনের ব্যাপার ছিল।
লাহোর শহরে বাস ঢুকেছে। ভোরবেলা খুব বেশি ট্রাফিক নেই। কিছুক্ষণ পর স্টেশন বাস স্ট্যান্ডে পৌঁছে গেল সে।
এখানেও বেশ কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে। সে বাসে বসে রইল। বেশ কিছুক্ষণ নজর রাখার পর বুঝল চেকিং চলছে না। নিজেদের মধ্যে গল্প করছে ওরা। সে নেমে অটো স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করে দিল।
৪৮
‘প্রথমে রশিদিয়া মাদ্রাসায় নজর এবং তারপর ইব্রাহিম খানের ডেটাবেস কব্জা, এক্সেলেন্ট।’
কাগজে লেখাটা লিখে চুপ করে বসে রইলেন জ্যোতির্ময়। কিছুক্ষণ পর কাগজটা ছিঁড়ে ফেলে উঠে দাঁড়ালেন। ইয়াসমিন রান্না করছেন। তাকে উঠতে দেখে বললেন, ‘বেরোচ্ছ?’
জ্যোতির্ময় বললেন, ‘না। সুমন ফোন করেছিল তোমায়?’
ইয়াসমিন বললেন, ‘না। মন খারাপ লাগে ছেলেটার জন্য।’
জ্যোতির্ময় বললেন, ‘মন খারাপের কিছু নেই। আমরা পৃথিবীতে শুধু মন খারাপ করার জন্য আসি না। কাজ করার জন্য আসি। বুঝতে পারলে কি বলছি?’
ইয়াসমিন মাথা নেড়ে বললেন, ‘না।’
জ্যোতির্ময় হাসলেন। ইয়াসমিন সব কথা বোঝেন না। বুঝেই বা কী করবেন? ডায়েরি খুলে বসলেন তিনি। মন দিয়ে ছবি আঁকতে শুরু করলেন, একটা ইঁদুরকে বিড়াল ধরেছে। ছবি আঁকার পর পাতাটা ইয়াসমিনকে দেখালেন তিনি, ‘কেমন লাগছে?’
ইয়াসমিন মুখ চেপে হেসে বললেন, ‘ভালো।’
‘ইঁদুরটা কে বল তো?’
‘কে?’
‘বিদুর ভরদ্বাজ। খুব বড়ো অফিসার। সব খানে নাক গলাতে চলে যায়। নাকটা কেটে ফেলার ব্যবস্থা করতে হবে। কেটে নীলমের জলে ভাসিয়ে দিতে হবে। বুঝেছো?’
ইয়াসমিন আবার হাসলেন, ‘বুঝেছি।’
জ্যোতির্ময় বললেন, ‘ভেবেছে আমি কিছু বুঝব না। আমাকে গাধা ভেবেছে। গাধা বানানো এত সোজা না আমাকে। আমিও ছাড়বো না। দেখে নেবো।’
জ্যোতির্ময় রেগে গেছেন। জোর পায়ে পায়চারি করতে শুরু করলেন ঘরের ভেতরে, ‘ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। তোমার লুকিয়ে থাকা আমি বের করছি।
ইয়াসমিন ভীত গলায় বললেন, ‘সব ঠিক আছে তো?’
জ্যোতির্ময় কম্পিউটারের সামনে বসে কম্পিউটার অন করে বললেন, ‘কিছুই ঠিক নেই। কিসসু ঠিক নেই। এভাবে কিছু ঠিক হয় না। তবে ঠিক করতে হবে। আমি করব ঠিক। সব শালা আমার পায়ের কাছে এসে বসে থাকবে। ভেবেছে এভাবে হবে? হবে না। আমি কিছুতেই কাউকে শান্তিতে থাকতে দেবো না।
তার ইমেল খুললেন জ্যোতির্ময়। একটা সাংকেতিক ইমেল করলেন। ফোন বের করে একটা ফোন করে জামা পালটে বললেন, ‘আমি একটু ঘুরে আসছি।’
ইয়াসমিন বললেন, ‘খাবে না?’
‘এসে খাবো।’
ইয়াসমিন আর কিছু বললেন না। জ্যোতির্ময় বেরলেন। উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ হেঁটে শিয়ালদা স্টেশনে পৌঁছে টিকিট কেটে বনগাঁ লোকালে উঠে বসলেন। এখন দুপুরবেলা। তা সত্ত্বেও ট্রেনে যথেষ্ট ভিড়। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ফেরিওয়ালা উঠল। জ্যোতির্ময় বাদাম খেলেন। কমলালেবু কিনলেন। দু-ঘণ্টা পর বনগাঁ পৌঁছে স্টেশনে নেমে ফোন করলেন, ওপ্রান্ত একবার রিং হতেই ধরল, ‘কেমন আছেন? অনেক দিন তো আর ওদিকে যান না, কবে যাবেন?’
‘আজ। এখন।’ গম্ভীর গলায় বললেন জ্যোতির্ময়
‘এখন? এই দুপুরে? এখন কী করে হবে?’
ওপ্রান্ত থেকে বিস্মিত কণ্ঠস্বর ভেসে এল। জ্যোতির্ময় বললেন, ‘ব্যবস্থা কর। আমার দরকার আছে।’
‘তাহলে পাসপোর্ট নিয়ে আসুন। এভাবে হয় নাকি?’
ফোন কেটে দিলেন জ্যোতির্ময়। বিরক্ত লাগছে। এরকম হয় না। আজ হচ্ছে। মনে হচ্ছে হেরে গেলেন। সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে।
আবার ফোন বাজতে শুরু করল, ধরলেন, ‘বল।’
‘সন্ধেবেলা একটা টেরাই নিতে পারি। যাবেন?’
‘থাক। আমি ফিরে যাচ্ছি।’
‘যাবেন না?’
‘না।’
‘একদিন আগে জানাবেন। যদি কিছু করতে পারি। এরকম দিনের বেলা হয় না জানেন তো। আপনি তো আজ থেকে …’
‘হ্যাঁ, জানি। ঠিক আছে। রাখলাম।’
কথাগুলো কেটে কেটে বলে ফোন রাখলেন তিনি। প্ল্যাটফর্মে পৌঁছে আবার ট্রেনে উঠে বসলেন। দিনগুলো এভাবে কাটাতে হবে। একদিন সময় আসবে, আসতেই হবে। তখন বুঝে নেবেন সবার সঙ্গে।
‘আরে? জ্যোতির্ময়বাবু না? এখানে কী করছিলেন?’ অমিতবাবু বললেন।
জ্যোতির্ময় হাসলেন, ‘কাজে এসেছিলাম।’
‘কাজে মানে? আরে কোথায় বলবেন তো? এখানেই আমার ভাইয়ের বাড়ি তো!’
জ্যোতির্ময় বিরক্তি চেপে বললেন, ‘বর্ডার পেরোতে এসেছিলাম।’
অমিতবাবু হো-হো করে হেসে উঠলেন, ‘আচ্ছা রসিক লোক আপনি। বলে বর্ডার পেরোতে নাকি! হো হো হো হো। ওহ… ভালো মজা করেন তো! দেখে মনে হয় না কিন্তু মশাই কোনোভাবেই। চা খাবেন?’
‘নাহ। আপনি খান।’
ট্রেন ছাড়ল। অমিতবাবু গল্প জুড়ে বসলেন। জ্যোতির্ময় হুঁ হা করতে লাগলেন। ট্রেন গতি নিচ্ছে। জ্যোতির্ময় অমিতের কথা আর কানে তুলছেন না।
মাথার মধ্যে কথাগুলো আবার ফিরতে শুরু করেছে, বিড়বিড় করে বলে ফেললেন একবার, ‘বিদুর ভরদ্বাজ… ঘুঘু দেখেছো তুমি… ফাঁদ দেখনি…’
৪৯
রাত নেমেছে।
আকবর এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে চুপ করে বসে আছে সে।
ট্রেনের সবাই ঘুমোচ্ছে। সে জেগে বসে আছে। ট্রেন লিয়াকতপুর ছেড়েছে একটু আগে। স্টেশন থেকে পাউরুটি কিনে এনে শুকনো পাউরুটি চিবিয়েছে।
লাহোরে পৌঁছোনোর পর আলিবাগ গেছিল সে। তাকে বলা হয়েছিল, লাহোরে কোনো দরকার হলে আলিবাগ গলির উনিশ নম্বর দোকানে যেতে পারে। গিয়ে দেখল দোকান বন্ধ। অপেক্ষা করলে লাভ হত হয়তো, সে থাকেনি। স্টেশনে গিয়ে কোয়েটার ট্রেনে উঠে বসেছে।
প্রথমে খানিকটা ভয় থাকলেও পরে সেটা কেটেছে। কোথাও কোনো চেকিং হয়নি। বওয়াহলপুরের পর থেকে ট্রেনে ভিড় বেড়েছে। ঠান্ডা একটা হাওয়া আসছে জানলা থেকে। আহমেদ বাইরেটা ঠাহর করার চেষ্টা করছিল। এখন কিছুই বোঝা সম্ভব না। মাঝে মাঝে লোকালয় পেরোচ্ছে ট্রেন। বাকি সময় শুষ্ক প্রাত্তর অথচ ক্ষেত। অন্ধকার হবার পর থেকে এসব কিছুই বোঝা সম্ভব না।
চেকার ঢুকেছে কামরায়। বিনা টিকিটের লোকজনদের বকাঝকা করছে।
তার কাছে চেকার এলে আহমেদ টিকিট এগিয়ে দিল। চেকার টিকিট দেখে বলল, ‘এতটা রাস্তা জেনারেলে যাবেন? খুব দরকার আছে নাকি?’
আহমেদ ঘাড় নাড়ল, ‘আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আমার আর কোনো উপায় ছিল না জনাব।’
চেকার টিকিট ফেরত দিয়ে দুঃখিত গলায় বলল, ‘হ্যাঁ, আমারও এরকম অবস্থা হয়েছিল একবার। কাজ করতে তো হবেই ভাই।
আহমেদ আর কিছু বলল না। খানপুর জংশনে গাড়ি দাঁড়াতে বেশ কয়েক জন ট্রেনে উঠে সিট নিয়ে বচসা শুরু করে দিল। আহমেদ চুপ করে বসে রইল। একটু পরে টিটি এসে বিনা টিকেটের লোকেদের জোর করে নামিয়ে দেওয়ায় কামরা অনেকটা খালি হয়ে গেল।
তার পাশে একজন বসে পেছনের একজনের সঙ্গে চিৎকার করে ঝগড়া শুরু করে দিয়েছে। একটা সময় সবাই চুপ করে গেল। নিভু নিভু আলোয় ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে।
আহমেদ চোখ বন্ধ করল। ইব্রাহিম খান করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে, যেন বলছে ‘ভালো থাকিস আহমেদ। ফেঁসে গেলাম রে। বাজে ফাঁসা ফেঁসে গেলাম।
কথাটা মাঝে মাঝেই বলত ইব্রাহিম। এখনও যেন বলছে।
আহমেদ মনটা অন্যদিকে নেবার চেষ্টা করল। মানসিকভাবে শক্ত থাকার ট্রেনিং নেওয়া আছে তার। অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে হবে। সে তার বাড়ির কথা ভাবতে চেষ্টা করল। মা জানে না সে এখন এভাবে শত্রু দেশে পুলিশ আর আই এস আই-এর হাত থেকে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। ইব্রাহিম খানের ঘটনাটা জানলে কী বলবে মা? সে কি ঠিক করল? কিন্তু কীই-বা করার ছিল তার? অতগুলো লোকের সঙ্গে নিরস্ত্র সে কিছুই করতে পারতো না। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থল থেকে সরে যাওয়াকে কাপুরুষতা বলে কি? না বোধ হয়। তবু অপরাধবোধ পিছু ছাড়ছিল না তার।
রোহরি জংশনে ট্রেন যখন দাঁড়ালো, তখন রাত দুটো বাজে। স্টেশন ফাঁকা। প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে ট্রেন ছাড়ল। সামনের সিটে এক বৃদ্ধ এসে বসেছে। বৃদ্ধের চেহারা বিধ্বস্ত। তাকে বলল, ‘কোথায় নামবেন?’
আহমেদ বলল, ‘কোয়েটা।’
‘আপনি কী করেন?’
‘সাংবাদিকতা করি।’
কেন কথাটা বলল, নিজেও জানে না সে।
বৃদ্ধ বলল, ‘আমিও কোয়েটা যাচ্ছি। কী কাজ আছে? খবর করবেন?’
আহমেদ বলল, ‘বাড়ি যাবো একবার।’
বৃদ্ধ বলল, ‘তাও ভালো। আমার তো বাড়িতেই আগুন জ্বালিয়ে দিয়েছে পাক সেনারা। গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দিয়েছে।’
আহমেদ বলল, ‘একটু আস্তে কথা বলুন। সবাই শুনবে।’
‘কেউ শুনবে না। আমাদের কষ্টের কথা কেউ শুনবে না। আমরা তো কিছুই চাইনি, শুধু নিজের অধিকার চেয়েছিলাম। এটা যদি আমাদের দেশ হত, তাহলে কি আমাদের এভাবে মারতে পারতো ওরা?’
বৃদ্ধ কথা বলতে বলতে কেঁদে ফেলল।
আহমেদ বলল, ‘আপনি শান্ত হন চাচা। সব ঠিক হয়ে যাবে।’
‘কিচ্ছু ঠিক হবে না। এরা সব কিছু শেষ করে দেবে। জানি না বাড়ি ফিরে কী দৃশ্য দেখতে হবে। এই বয়সে এত কিছু সহ্য করতে হবে ভাবিনি।’
‘আপনি কি এখানে থাকতেন?’
‘হ্যাঁ। রোহরিতে এক দোকানে কাজ করতাম। দুপুরে ফোনে খবর এল। দৌড়তে হচ্ছে।
বৃদ্ধ চুপ করল। আহমেদ বৃদ্ধকে আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ পর নিজের মনেই বিড়বিড় করতে শুরু করল বৃদ্ধ
একটা দেশের ভেতরে এত সমস্যা, তবু এরা শুধুমাত্র শত্রুতার তাগিদে সর্বশক্তি দিয়ে প্রতিবেশী দেশের বিপক্ষে প্রতিনিয়ত সমস্যা তৈরির চেষ্টা করে যাচ্ছে। এই অহেতুক যুদ্ধের পরিণতি কী হবে শেষমেষ? ভারতবর্ষকে কত আর চুপ করে সহ্য করে যেতে হবে বছরের পর বছর?
ট্রেনের গতি বাড়ছে। আহমেদ চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল…
