ভূমিকা
ইসলামাবাদ ক্রাউন হোটেল
হোটেলে ঢোকার মুখে ইব্রাহিম খান দেখল এক যুবক তার নামের বোর্ড হাতে দাঁড়িয়ে আছে। সে ক্যাবের ভাড়া মিটিয়ে তড়িঘড়ি এগিয়ে গেল যুবকের দিকে, ‘সেলাম ওয়ালাইকুম, আমি এসে গেছি।’
যুবক হাসিমুখে বলল, ‘ওয়ালাইকুম আসসালাম জনাব। আসুন আমার সঙ্গে।’
ইব্রাহিম বলল, ‘আমার স্পেশাল গিফ্টটা?’
যুবক বলল, ‘এখানেই আপনার জন্য অপেক্ষা করছে জনাব। ভেতরে আসুন।’
যুবক হাঁটতে শুরু করল। ইব্রাহিম তার পেছন পেছন।
সকালেই তার কাছে ফোন এসেছিল, পরিবারের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে শপিং মলে সে একটা ফর্ম ফিল-আপ করেছিল। বিশেষ পুরস্কার আছে। কাউকে যেন না বলে কারণ একটা বিরাট সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছে।
ব্যাঙ্ক থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছে সে।
হোটেলের ভেতর লিফটে উঠল ছেলেটা। ইব্রাহিমও উঠল। তিন তলায় নেমে একটা ঘরের সামনে গিয়ে বেল বাজাতে এক লাস্যময়ী বেরিয়ে এল।
ছেলেটা বলল, ‘যান জনাব।’
ইব্রাহিমের চোখ কপালে উঠল, ‘যাবো?’
‘জি জনাব, যান।’
ইব্রাহিম রুমে ঢুকল। একটা স্যুইট রুম এটা।
মেয়েটা একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, ‘ওয়েলকাম ড্রিঙ্ক জনাব। এটা খেয়ে নিন।
‘আ… আমার গিফ্ট?’
‘এখনই আসছে জনাব।’
‘আমি একা?’
‘না না। আরও দশ জন সৌভাগ্যবান আছেন। ড্রিঙ্কটা নিন জনাব।
ইব্রাহিম এক ঢোঁকে ড্রিঙ্কটা খেয়ে নিল।
মেয়েটা বলল, ‘আপনি সোফায় বসুন, আমি আপনার গিফ্ট রেডি করছি।’
ইব্রাহিম সোফায় বসল। কয়েক মিনিটের মধ্যে সেখানেই ঘুমিয়ে পড়ল…
১
রাত ন-টা।
খাইবার পাখতুনখোয়ার জামিয়া উসমানিয়া মাদ্রাসা। বিরাট বিল্ডিংটা পাহাড়ের গায়ে লেপটে আছে। বাইরে থেকে কেউ দেখলে সৌন্দর্যে অভিভূত হতে পারে, তবে এর ভেতরে যেসব কাজ হয়, তাতে এলাকার সৌন্দর্য নিয়ে বিশেষ চিন্তাভাবনার অবকাশ থাকে না।
প্রবল ঠান্ডায় মাদ্রাসার মাঠের চারপাশে দশ জন দৌড়চ্ছে। একজন বৃদ্ধ ঘড়ি দেখছিল। দৌড় শেষে সে চিৎকার করে উঠল, ‘বশির।’
বশির ছুটে এল বৃদ্ধর কাছে, ‘জি জনাব।’
বৃদ্ধ বলল, ‘বাকিদের কেমন দেখছিস?’
‘ঠিকঠাক জনাব।’
‘তোর কাজ হবে?’
‘জি জনাব।’
‘ঠিক আছে। ওদের এবার পিঠে পাঁচ কেজির ব্যাগ নিয়ে দৌড়তে বল। আধঘন্টা দৌড়ে আর্মস ট্রেনিং-এ পাঠাবি।’
‘জি জনাব।’
বশির চলে গেল।
বৃদ্ধ মাদ্রাসার ভেতরে গিয়ে দেখল এক আফগানকে টানতে টানতে নিয়ে আসছে তার দেহরক্ষীরা।
বৃদ্ধ থমকে দাঁড়িয়ে বলল, ‘কী হল?’
‘জনাব, প্রাচীর টপকে ট্রেনিং দেখছিল।’
বৃদ্ধর মুখে হাসি ফুটে উঠল। বলল, ‘বাহ, এ তো ভালো কথা, কী নাম তোর?’
আফগান কোনো কথা বলল না। বৃদ্ধ তার জোব্বা থেকে একটা ছোটো ছুরি বের করে সরাসরি আফগানের বাঁ-চোখে ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় আফগান আর্তনাদ করে উঠল। বৃদ্ধ বলল, ‘কীরে, কিছু বলবি না?’
আফগান চিৎকার করে বলল, ‘তোকে ছাড়া হবে না আলমগীর, তুই জানিস না আমরা তোর কী হাল করব।
আলমগীরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, ‘ওহ, এই ব্যাপার! ঠিক আছে। অনেকদিন আমি আমার প্রিয় কাজটা করি না।
ছুরিটা নিয়ে আফগানের গলায় বসিয়ে দিল আলমগীর। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল।
আলমগীর তার এক শাগরেদকে বলল, ‘গলা থেকে পুরোটা কেটে আফগানদের ক্যাম্পে ফেলে দিয়ে আয়। ওদের রাগটা আমি আরেকটু দেখতে চাই।’
আলমগীরের শাগরেদরা এগিয়ে গেল।
আলমগীরের গায়ে রক্ত লেগে ছিল। খানিকটা রক্ত তার হাতে, মুখেও ছিটকে এসেছে।
আলমগীর সেসব পাত্তা না দিয়ে একটা ঘরে ঢুকল। দু-জন ল্যাপটপের সামনে বসে কাজ করছে। আলমগীর জিজ্ঞেস করল, ‘অ্যাকাউন্টের খবর কী?’
‘যে অ্যামাউন্টটা ঢোকার কথা ছিল, ঢোকেনি জনাব। দশ হাজার ডলার কম ঢুকেছে।
‘রফিক আহমেদকে ফোন কর।’
একজন রফিকের নাম্বার ডায়াল করে আলমগীরের দিকে এগিয়ে দিল।
ওপ্রান্তে রিং হতে একজন ফোন তুলে বলল, ‘জনাব এখন মিটিং-এ আছেন।’
‘আমি আলমগীর বলছি।’
কয়েক সেকেন্ড নীরবতার পর রফিক আহমেদের গলা পাওয়া গেল, ‘আজকেই আপনার কথা ভাবছিলাম আলমগীর সাহেব। আপনি তো আমাকে ভুলেই গেছেন। ফোন করেন না, দেখা করেন না, যোগাযোগটুকুও বন্ধ করে দিয়েছেন।’
আলমগীর বলল, ‘সেসব খেজুরে আলাপ পরে হবে। কাজের কথায় আসি রফিক সাহেব। শেখ সাহেব যে টাকা পাঠিয়েছিলেন, আর আপনি যে টাকা আমাদের পাঠিয়েছেন, তার মধ্যে দশ হাজার ডলারের তফাত আছে।’
‘তাই নাকি? ওহ, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার তো। হতে পারে কারেন্সি এক্সচেঞ্জের জন্য কিছু ডলার বাদ চলে গেছে।’
‘আমি বাচ্চা ছেলে না রফিক সাহেব। আমাকে এসব বুঝিয়ে বিশেষ লাভ হবে না। বাকি অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন।’
‘এই মাসে তো হবে না জনাব। আমি লন্ডনে যাবো। ফিরে এসে কথা বলছি। আপনার যেকোনো বিষয় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমি…’
রফিক কিছু বলার আগে ফোন কেটে দিল আলমগীর। ফোনটা ফেরত দিয়ে নিজের ঘরে প্রবেশ করল সে।
বেশ কিছুক্ষণ আয়নার সামনে চুপ করে বসে রইল। আধ ঘণ্টা পরে ড্রয়ার থেকে ফোন বের করে একটা নম্বর ডায়েল করল। ওপ্রান্তে রিং হতেই ধরল, ‘বলুন।’
‘কেমন আছেন মাকসুদ সাহেব?’
‘ভালো আছি। তাড়াতাড়ি বলুন। আমি বাড়ি এসেছি।’
‘রফিককে নিয়ে কী করব? আবার একই কাজ করেছে।’
ওপ্রান্ত চুপ করে গেল। কয়েক সেকেন্ড পর জবাব এল, ‘রফিক সাহেবের ভরসায় থাকার দরকার নেই। প্ল্যান বি-তে চলে যান। এরপর থেকে ওকে ফোন করারও প্রয়োজন হবে না আপনার।’
আলমগীরের মুখে হাসি ফুটল, ‘এটাই সময় তবে?’
হাসান দৃঢ় গলায় বলল, ‘না। আর কোনো সময় নেই আমাদের হাতে। ডেডলাইন এগিয়ে আসছে। ওই দেশটাকে ধ্বংস করতে হবে। তার জন্য আমাদের সব কিছু তাড়াতাড়ি করতে হবে। একটার পর একটা পথ তৈরি করতে হবে। একটা পথ বন্ধ হবে তো আরেকটা পথ খুলতে হবে। ফুল আমাদের ফোটাতেই হবে আলমগীর সাহেব। এবং তা যেকোনো মূল্যে।’
‘রফিককে সরাতে…’
‘সেসব পরে ভাবব। আমার হাতে অত সময় নেই। আপাতত আমি যে ডিটেলস পাঠাচ্ছি, সেভাবে আপনার কাজ আপনি শুরু করুন। বাকিটা দেখা যাবে।’
‘শুকরিয়া জনাব।’
‘খোদা হাফেজ।’
ওপ্রান্তে হাসান মাকসুদ ফোন কেটে দিল…
***
একমাস পর। ইসলামাবাদ। বিকেল পাঁচটা।
অ্যালায়েড ব্যাঙ্কের ড্রাইভার মেস। তিন জন ড্রাইভার বেঞ্চে পড়ে পড়ে নাক ডাকাচ্ছে।
দরজায় নক হল। একজন অফিসার এসে চিৎকার শুরু করল, ‘আহমেদ, এই আহমেদ। চল শিগগিরি। তোকে বলেছিলাম না আজ তাড়াতাড়ি বেরোতে হবে?’
আহমেদ ছেলেটি যুবক। বাইশ-তেইশ বছর বয়স। অফিসারের কথায় ধড়মড় করে উঠে বসে বলল, ‘জি জনাব। চলুন চলুন।
অফিসারের নাম ইব্রাহিম খান। পঁয়তাল্লিশ-ছেচল্লিশ বছর বয়স। সারাক্ষণ তিরিক্ষি মেজাজে থাকে। আহমেদ ঘর থেকে বেরিয়ে গাড়ির দিকে হাঁটা লাগালেও পেছন থেকে গজগজ করে যাচ্ছিল, ‘দেশের যুবসমাজ এক্কেবারে বখে গেছে। এইটুকু ছেলে, কোথায় ফৌজে যাবে, তা না, এখানে বসে বসে ঘুমোচ্ছে। তাও ভরদুপুরে। ছি ছি। কী দিন এল ভাবা যায়?’
আহমেদ গাড়িতে উঠে ইব্রাহিমকে বলল, ‘কোথায় যাবো জনাব?’
ইব্রাহিম আবার খেঁকিয়ে উঠল, ‘ভুলে গেছিস? সেক্টর এইচে যাবার কথা না আজ? তোকে সকালে বলেছিলাম তো!’
আহমেদ জিভ কেটে গাড়ি স্টার্ট করল।
ইব্রাহিম সন্দিগ্ধ কণ্ঠে বলল, ‘প্রেম-ট্রেম করছিস নাকি তুই? সারারাত জেগে ফোনে কথা বলে দুপুরে ঘুমোস নাকি রে?’
আহমেদ জোরে জোরে মাথা নেড়ে বলল, ‘না জনাব। কী যে বলেন? এই ভিখিরিকে কে প্রেম করবে বলুন তো?’
ইব্রাহিম বলল, ‘কে জানে? তুই যা মিথ্যে বলতে পারিস! দেখা গেল বড়োলোক ঘরের মেয়েকে ঠিক বাগিয়ে ফেলেছিস।’
আহমেদ ফিক ফিক করে হাসল। ইব্রাহিম খানের সন্দেহবাতিক আছে। তার অষ্টাদশী কন্যাকে কিছুতেই আহমেদের সামনে আসতে দেয় না। আহমেদ সেটা বুঝলে আরও হাসতে থাকে। ইব্রাহিম খানের পেছনে ড্রাইভাররা তাকে আলু বলে ডাকে। ইনজামাম উল হকের মতো ইব্রাহিম খানের চেহারাও বেশ মোটাসোটা।
আহমেদ বলল, ‘সময় কোথায় জনাব? সারাদিন তো ব্যাঙ্কেই রেখে দেন। বড়োলোকের মেয়ে কোথায় পাবো আমি?’
ইব্রাহিম বলল, ‘একদম চুপ থাক। তোকে আমার একদম বিশ্বাস হয় না। সাবার ধারে-কাছে তোকে যেন না দেখি।’
আহমেদ আবার হাসল। ইব্রাহিম গর্জন করে উঠল, ‘হাসছিস কেন? হাসার কী আছে?’
আহমেদ বলল, ‘জনাব, আপনি সারাক্ষণ আমাকে এসব বলে ধমকে যাচ্ছেন। সাবার সঙ্গে আমার কথা হয়েছে কোনোদিন? তা ছাড়া আমি কেনই-বা সাবার ধারে-কাছে যাবো? এত সন্দেহ হলে আমাকে ডিউটি থেকে সরিয়ে ইমরানকে নিয়ে নিন।’
ইব্রাহিম চুপ করে গেল। ইমরানের বয়স পঁচিশ হলেও ওর ছোঁকছোঁকানি বেশি। তার কোয়ার্টারে গিয়েই ইব্রাহিমের বউয়ের সঙ্গে কথা বলতে চেষ্টা করত। সে তুলনায় আহমেদ ভালো ছেলে। সে অন্তত কোয়ার্টারের ভেতরে ঢোকে না। বাইরেই বসে থাকে। ওর একটাই দোষ। গাড়িতে সারাক্ষণ গান শোনে। তাও বলিউডের। জিজ্ঞেস করলে বলে ও কুমার শানুর জন্য নাকি জান দিয়ে দেবে।
আগের শুক্রবার মিউজিক সিস্টেমে সাবা হঠাৎ করে কুমার শানুর গান শুনছিল। তখন ইব্রাহিমের বুক ধড়ফড় করে উঠেছিল। রেগেমেগে জিজ্ঞেস করেছিল, ‘কী হল, তোর আবার কুমার শানুর গান কবে থেকে এত প্রিয় হল?’
সাবা বলেছিল, ‘এমনিই শুনছি আব্বু। কেন তোমার ভালো লাগে না?’
ইব্রাহিম বলেছিল, ‘না। অন্য গান দে।’
সাবা রেগেমেগে মিউজিক সিস্টেম বন্ধ করে চলে গেছিল। বয়সের মেয়ে। কখন কী করে বসে। ইব্রাহিম ঠিক করেছে সাবার বিয়ে দিয়ে দেবে। অ্যাকাউন্টসের আফজল কিছুদিন আগে জয়েন করেছে। রাওয়ালপিন্ডির ছেলে। কথাবার্তা ভালো। দেখে মনে হয় ভদ্রবাড়ির ছেলে। সমস্যা হল, এই ব্যাঙ্কে মাইনে বড়ো কম। এই মাইনের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ঝুঁকি হয়ে যাবে। সাবার প্রতি তার খালাতো বোনের ছেলে রুহানের নজর আছে। খালা বার কয়েক বলেছে তাকে। ইব্রাহিম শোনেনি। রুহান একটা আওয়ারা কিসিমের ছেলে। লক্ষণ ভালো না। বিয়ের পর কী করবে কেউ জানে না। আফজলের জল মাপার চেষ্টা করছে ইব্রাহিম। শোনা গেছে আফজল বড়ো ব্যাঙ্কে দাঁও মারতে পারে। সে চাকরি পেলে তাকে আর পায় কে? তখন আফজলের গলাতেই সাবাকে ঝুলিয়ে দেওয়া যাবে।
শপিং কমপ্লেক্স পেরোচ্ছে গাড়ি। আহমেদ গাড়ি দাঁড় করিয়ে দিল হঠাৎ করে।
ইব্রাহিম বলল, ‘কী হল?’
আহমেদ বলল, ‘আপা বলেছেন অর্কিড কিনতে। ফেরার সময় নিয়ে যাবেন।’
রাগতে গিয়েও ইব্রাহিম থমকে গেল। এ বাবা। আজ তার বিবাহ বার্ষিকী। কেলো হয়ে যাচ্ছিল। যাক, আহমেদ বাঁচিয়ে দিয়েছে। রাগ করতে পারল না, বলল, ‘হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। আপার সঙ্গে কখন কথা হল?’
আহমেদ বলল, ‘বেরনোর সময় ডাকলেন না? ভুলে গেলেন?’
ইব্রাহিমের মনে পড়ল, হ্যাঁ, তাই তো। তার স্ত্রী ফারাহ ডেকে নিয়েছিল আহমেদকে। যাক, বড়ো ফাঁড়া কাটল।
অর্কিড নিয়ে এসে সেক্টর এইচে পৌঁছোল আহমেদ। বাড়িটার সামনে একটা ছোটো গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে। ইব্রাহিম বলল, ‘এখানেই থাকবি। কোথাও যাবি না।’
আহমেদ ঘাড় নাড়ল, ‘জি জনাব।’
গাড়ি থেকে নেমে ইব্রাহিম বাড়িটায় প্রবেশ করল। ছোটোখাটো একটা বাড়ি। দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুলল এক সশস্ত্র রক্ষী।
ইব্রাহিমকে দেখে দরজা ছেড়ে দাঁড়াল। ইব্রাহিম ঘরের ভেতর প্রবেশ করে দেখল আলমগীর বসে বসে টিভি দেখছে। তার দিকে তাকিয়ে বলল, ‘আসুন জনাব। আপনার জন্য অপেক্ষা করে করে আমার আরও দুটো দাড়ি পেকে গেল তো! বসুন।’
ইব্রাহিম লোকটার পাশে বসতে যাচ্ছিল। দরজা খোলা ছেলেটা চেয়ার এগিয়ে দিয়ে ইশারা করল চেয়ারে বসতে। ইব্রাহিম চেয়ারে বসে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল।
আলমগীর বলল, ‘দৌড়াদৌড়ি করেন না নাকি? আলু হয়ে যাচ্ছেন তো!’
ইব্রাহিম ঘোঁত করে একটা শব্দ করে বলল, ‘জি কাজের খুব চাপ জনাব।’
‘কাজ ছেড়ে দিন। কী হবে কাজ করে? বর্ডারে চলে যান! দুটো ইন্ডিয়ান মেরে আসুন। ভালো থাকবেন। গুলি খেয়ে মরলে জন্নত তো হবেই। আর কী চাই?’
ইব্রাহিম দাঁত বের করল, ‘জি জি। আপনি যা বলবেন, বলুন আমায় কেন ডাকলেন?’
আলমগীর বলল, ‘কাজ আছে বলে ডেকেছি। অকারণ ডেকে গল্প করার মতো সময় আমার আছে বলে কি আপনার মনে হয়?’
ইব্রাহিম ঢোঁক গিলে বলল, ‘তা না জনাব। আপনি ব্যস্ত লোক।
আলমগীর বলল, ‘হুঁ। ঠিক আছে। আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে।’
ইব্রাহিম বলল, ‘জি বলুন কী করতে হবে।’
আলমগীর বলল, ‘এই লিস্টটা নিন। কাগজে কী করতে হবে লেখা আছে।’
দাড়িতে হাত বুলিয়ে আলমগীর পকেট থেকে একটা কাগজ বের করে ইব্রাহিমের হাতে দিল। ইব্রাহিম লিস্টটা দেখে বলল, ‘আবার? এত টাকা ট্রানজাকশন হলে আমাদের উপরে রিপোর্ট করতে হয় জনাব।’
আলমগীর বলল, ‘সে জন্যই তো আপনাকে ডাকা হয়েছে। আপনাকে তো বলা হয়েছে, উপর-নীচ কোথাকার কোনো অফিসার আপনাকে বিরক্ত করবে না। আপনি আপনার কাজ চুপ করে করে যান। বাকিটা আমি বুঝে নেবো। অফিসের কোনো অফিসারকে কিচ্ছু বলবেন না। কেউ যেন কিছু না জানে।’
ইব্রাহিম ঘামছিল। বলল, ‘কিন্তু…’
আলমগীর শান্ত হয়ে বসে থাকলেও ওর চোখ দুটো বুকের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে। সে বলল, ‘আমি কী কাজ করি আশা করি আপনি জানেন। সব কাজ ফেলে এখানে বসে আছি কেন বলুন তো? ছুটি কাটাতে তো আসিনি। আপনাকে যে ভিডিয়োটা পাঠানো হয়েছিল দেখেছেন তো? মেয়েটার কোলে কেমন মাথা রেখে শুয়ে আছেন? মাঝে মাঝে দেখবেন। শরীর আর মন দুই-ই ভালো থাকবে। আপনি করতে না চাইলে গোটা দেশ দেখবে। ভালো লাগবে তখন?’
ইব্রাহিম সঙ্গেসঙ্গে বলল, ‘করে দেবো জনাব। কেউ জানতে পারবে না। আমি সব করে দেবো।’
২
আহমেদ কিছুক্ষণ গাড়িতে বসে রইল। একটা সময় গাড়ি থেকে নেমে রাস্তায় পায়চারি করতে শুরু করল। ছ-টা দশ বাজে। এখনও দিনের আলো আছে। একটু দূরে কয়েকটা বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে। আহমেদ ওদের খেলা দেখছিল।
কিছুক্ষণ পর শিস দিতে দিতে আবার বাড়িটার সামনে চলে এল। শান্ত পাড়া কোথাও কোনো শব্দ নেই। সে আবার গাড়ির ভেতর গিয়ে বসল। অস্থির হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। পারলে বাড়ির ভেতরেই চলে যেত।
কিছুক্ষণ পর বাড়ি থেকে একজন শক্তপোক্ত চেহারার লোক বেরিয়ে তার গাড়ির জানলার কাছে এসে বলল, ‘গাড়িটা এগিয়ে দাঁড় করা। এখানে দাঁড়ানোর দরকার নেই।’
আহমেদ মাথা নেড়ে বলল, ‘জি জনাব।’
গাড়িটা স্টার্ট দিয়ে খানিকটা এগিয়ে দাঁড় করালো সে। লোকটা আবার বাড়ির ভেতর চলে গেল। ইব্রাহিম বাড়িটায় ঢোকার পর কুড়ি মিনিট হয়ে গেছে।
আহমেদ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে গিয়ে দাঁড়াল। ছোটো একটা গেট আছে। জানলাগুলো সবক’টা বন্ধ করা। একটা বাচ্চা জোরে শট মেরেছে। বলটা তার দিকে এল। সে বলটা ধরে বাচ্চাদের ছুঁড়ে দিল।
তখনই ইব্রাহিম বেরিয়ে এসে বলল, ‘খেলতে শুরু করলি নাকি? গাড়িতে থাকবি না?’
আহমেদ বলল, ‘হয়ে গেছে? ঘেমে গেছেন কেন?’
ইব্রাহিম গম্ভীর গলায় বলল, ‘ও কিছু না। চল।’
সে গাড়িতে গিয়ে বসল। ইব্রাহিম গাড়িতে উঠে বলল, ‘গিফ্ট শপে দাঁড় করাস। কোনো গিফ্ট না নিয়ে গেলে আমার খবর হয়ে যাবে।
আহমেদ বলল, ‘এটা কার বাড়ি জনাব? কী মুশকো একটা লোক বেরিয়ে এল বাপরে। দেখে আমার ভয়ে সব শুকিয়ে গেছিল।’
ইব্রাহিম ধমক দিল, ‘তাতে তোর কী? আর কাউকে বলবি না আমি এখানে এসেছিলাম। বাড়িতে বলবি না, ড্রাইভারদের মেসে তো একবারেই না। বুঝেছিস?’
আহমেদ বলল, ‘জি জনাব। কিন্তু কে থাকে এখানে?’
ইব্রাহিম বলল, ‘পাকিস্তানের সবাইকে চিনিস তুই? নাম বললে চিনবি?’
আহমেদ থতোমতো খেয়ে চুপ হয়ে গিয়ে বলল, ‘না না জনাব। আপনি রেগে যাচ্ছেন খামোখা। দাঁড়ান ওস্তাদের একটা ভালো গান শোনাই আপনাকে।’
ইব্রাহিম বলল, ‘বিরাট লোক। এত বড়ো লোক যে তোর কোনো ধারণাই নেই।’
আহমেদ বলল, ‘অত বড়ো লোক হলে এই ছোটো বাড়িতে থাকবে কেন জনাব? তারা তো আলিশান বাংলোয় থাকে, তাই না?’
ইব্রাহিম ধমক দিল, ‘তুই বেশি বুঝিস? কত বয়স তোর? কম বয়সে বেশি পেকে গেছিস। তুই গান চালা। কথা বলতে হবে না। কথা বলতে শেখাতে হবে তোকে।’
আহমেদ তড়িঘড়ি গান চালিয়ে দিল। কিছুটা যাবার পর একটা গিফ্ট শপে গাড়ি দাঁড় করালো। ইব্রাহিম পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে বলল, ‘যা, ভালো কিছু কিনে নিয়ে আয়।’
আহমেদ বলল, ‘আপার কী পছন্দ আমি কী করে জানবো জনাব?’
ইব্রাহিম তাচ্ছিল্যের গলায় বলল, ‘তুইও জানিস না, আমিও জানি না। জেনানার যা পছন্দ হতে পারে, দেখে-শুনে নিয়ে আয়।’
আহমেদ মাথা চুলকে দোকানের ভেতর ঢুকে পড়ল। কিছুক্ষণ পর মস্ত বড়ো একটা টেডি বেয়ার নিয়ে বেরলো। ইব্রাহিম সেটা দেখেই রেগে গেল, ‘এটা আপার জন্য এনেছিস না সাবার জন্য এনেছিস তুই?’
আহমেদ বলল, ‘আমি কী করে জানবো জনাব? আপনি যা বললেন, সেটা বুঝে নিয়ে এলাম। এবার তাহলে আপনি যান।
ইব্রাহিম গজগজ করতে করতে টেডি বেয়ারটা নিয়ে দোকানে চলে গেল।
আহমেদ সঙ্গেসঙ্গে ইব্রাহিমের ব্যাগটা খুলল। কয়েক সেকেন্ড ব্যাগ হাতড়ে একটা কাগজ বের করে সেটা দেখে তার মুখে হাসি ফুটল। কাগজটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগের চেন বন্ধ করে দিল।
মিনিট দশেক পরে দোকান থেকে একটা প্যাক করা বাক্স নিয়ে ইব্রাহিম বেরিয়ে এসে গাড়িতে উঠে বলল, ‘চল এবার। একটু যদি বুদ্ধিশুদ্ধি হয়। কোল্ড ড্রিঙ্ক খাবি?’
ইব্রাহিমের মায়া-দয়া আছে। বকাবকি করে, আবার মাঝে মাঝেই খাওয়ায়।
আহমেদ বলল, ‘না জনাব। এখন কোথায় যাবেন? কোয়ার্টারে দিয়ে আসব?’
ইব্রাহিম বলল, ‘হ্যাঁ। চল।’
গাড়িতে বসল ইব্রাহিম। আহমেদ গান চালিয়ে দিয়েছে। ইব্রাহিম বলল, ‘হ্যাঁরে, সারাক্ষণ এই গানগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে শুনতে ভালো লাগে তোর?’
আহমেদ বড়ো করে ঘাড় নাড়ল, ‘জি জনাব। আব্বু শুনত, আমিও শুনি।’
ইব্রাহিম নিজের মনেই বিড়বিড় করে বলল, ‘ভালোই আছিস তোরা। আর আমি মরছি আমার জ্বালায়।’
আহমেদ যেন কথাটা শোনেনি এমন ভান করে বলল, ‘কিছু বললেন জনাব?’
‘না কিছুই বলিনি। তুই চল। দেরি করিস না।’
আহমেদ আর কথা বাড়াল না। ব্যাঙ্ক কলোনির দিকে গাড়ি ছোটাল। মিনিট কুড়ি পর ইব্রাহিম খানের কোয়ার্টারের সামনে গাড়ি দাঁড় করালো সে। ইব্রাহিম খান গাড়ি থেকে নেমে বলল, ‘কাল সকাল ন-টায়। দেরি করিস না।
আহমেদ অবাক গলায় বলল, ‘আগে যাবেন?’
ইব্রাহিম বলল, ‘হ্যাঁ কাজ আছে। আগে আসবি।’
আহমেদ বলল, ‘জি জনাব। খোদা হাফেজ।’
সাবা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। নিষিদ্ধ বস্তুর আকর্ষণ বরাবর বেশি। ইব্রাহিম সারাক্ষণ তাকে আহমেদের থেকে দূরে থাকতে বলে বলেই হয়তো তার আহমেদের প্রতি একটু হলেও আকর্ষণ তৈরি হয়েছে।
ইব্রাহিম মেয়েকে দেখে আঙুল তুলে বলল, ‘ঘরের ভেতরে যা।’
সাবা ভেতরে চলে গেল। আহমেদ হাসতে হাসতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাস্তায় কোথাও দাঁড়াল না। তাদের আস্তানায় ফিরে এল। পাঁচ জন ড্রাইভার একসঙ্গে থাকে। ইমরান খাটিয়ায় পায়ের উপর পা তুলে কারো সঙ্গে ফোনে কথা বলছে। আহমেদকে দেখে ফোন রেখে বলল, ‘কীরে, তোর সাহেব কোথায় গেছিল আজ? অন্য কোথাও অ্যাকাউন্ট খুলেছে নাকি?’
আহমেদ দাঁত বের করল, ‘না, সাহেবের আজ বিয়ের সালগিরা। গিফ্ট কিনতে গেছিল।
সলমন মুজাফফরাবাদের ছেলে। আহমেদের কথা শুনে হতাশ গলায় বলল, ‘এটা এতক্ষণে বলছিস? আগে বললে সাহেবের থেকে বখশিশ নিতাম।’
আহমেদ মাথা চুলকে বলল, ‘কাল চেয়ে নিস। আমাকে একটা কথা বল দেখি, সৈয়দ চাচা ফিরেছে?’
সলমন বলল, ‘হ্যাঁ, বিকেলেই দেখলাম তো। মদ খেয়ে কোন ড্রেনে পড়েছিল। কেন?’
আহমেদ বলল, ‘টাকা ধার করতে হবে। দাঁড়া ঘুরে আসি।’
ইমরান বলল, ‘কত লাগবে?’
আহমেদ বলল, ‘দু-হাজার।’
ইমরান বলল, ‘নাহ। আমার কাছে নেই। নিয়ে আয় বুড়োর কাছে। বুড়ো ভুলে যাবে ঠিক। আর নয়তো একদিন মরে যাবে। তখন আর ফেরত দিতে হবে না। পাগল বুড়ো।’
বলে খিক খিক করে হাসতে শুরু করল ইমরান।
বাকিরা কেউ কিছু বলল না। বললে যদি আহমেদ তাদের কাছেই ধার চেয়ে বসে!
আহমেদ মেস থেকে বেরলো।
বস্তির মধ্যে ছোটো ছোটো ঘর। আহমেদ দ্রুত পায়ে সৈয়দের গুমটির সামনে গিয়ে দরজায় টোকা দিল।
সৈয়দ ভেতর থেকে গালাগাল দিতে শুরু করল। পাশের গুমটির এক মহিলা বলল, ‘মাতালের কাছে কী করতে এসেছো?’
আহমেদ পাত্তা না দিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে গেল। সৈয়দ খালি গায়ে মেঝেয় শুয়ে আছে। আহমেদ ফিসফিস করে বলল, ‘ওমর সঈদ, আবু খালেদ এরা কারা?
আহমেদের কথা শোনামাত্র সৈয়দ একবারে স্বাভাবিক কণ্ঠে বলল, ‘সব লস্করের ভাই বেরাদার। কেন, কী হয়েছে?’
আহমেদ বলল, ‘ইব্রাহিমের কাছে একটা কাগজ দিয়েছে আলমগীর। নামগুলোর পাশে অনেকগুলো অ্যামাউন্ট।’
পাশের ঘরে একটা বাচ্চা চিৎকার করে উঠল। সৈয়দ চিৎকার করে প্রতিবেশীর উদ্দেশে একগাদা গালাগাল দিয়ে আবার স্বাভাবিক গলায় বলল, ‘ওদের নতুন ফান্ডিংটা শুরু হয়েছে। ইব্রাহিমের মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার করবে। নজর রেখে যা। এই জন্যই তোকে এখানে ঢুকিয়েছি আমি।’
আহমেদ উত্তেজিত হয়ে গেল, ‘নজর রাখব মানে? টাকা নেওয়া মানে তো আর্মস কিনে কাশ্মীরে পাঠাবে নিশ্চয়ই?’
সৈয়দ শান্ত গলায় বলল, ‘তোর কাজ খবর নেওয়া। একা একা যুদ্ধ করবি? ক্ষমতায় কুলোবে? ফিরে যা এখন। এখানে থাকতে হবে না। আমি মুজাফফরাবাদ যাবো। নজর রাখবি সব, ফিরে আসবো শিগগিরি।’
আহমেদ হতাশ হল, ‘কিছুই করব না?’
‘নাহ। কিচ্ছু করবি না। খবর দিলি, ভালো করেছিস। আবার ডিউটি কর মন দিয়ে। কাজটা জমিয়ে করেছিস আজ। কলকাতায় ফিরলে রসগোল্লা খাওয়াবো। যা এবার।’
কথাটা বলেই সৈয়দ আবার প্রতিবেশীর উদ্দেশ্যে বাছা বাছা বিশেষণ প্রয়োগ করা শুরু করল। আহমেদ বলল, ‘দু-হাজার টাকা থাকলে দাও। ওদের বলে এসেছি তোমার থেকে টাকা নিতে এসেছি।’
সৈয়দ পকেট থেকে বেশ কিছু নোট বের করে দিল।
আহমেদ টাকাগুলো নিয়ে সৈয়দের খুপরি থেকে বেরিয়ে গেল…
***
কয়েক বছর পরের কথা।
নতুন দিল্লিতে এক শীতকাল।
বিদুর তার চেম্বারে বসেছিলেন।
নক হল।
বিদুর বললেন, ‘কাম ইন।
সৈকত দরজা ঠেলে ঢুকল, ‘কেমন আছো সৈয়দ সাহেব?’
বিদুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, ‘বস। চিফের প্রেশার বাড়ার পেছনে তোর অবদান যে অনস্বীকার্য, সেটা কি তুই জানিস?’
সৈকত চেয়ারে বসে বলল, ‘আমাকে একটু বেশিই স্নেহ করেন আরকি! তোমার মতোই।’
বিদুর বললেন, ‘রাজকন্যা কোথায়?’
সৈকত বলল, ‘দিল্লিতে গেস্ট হাউজে আছে। কলকাতার ফুচকা খাবার জন্য খুব বায়না ধরেছে। কী করি বল তো?’
বিদুর বললেন, ‘নতুন আইডেন্টিটি তৈরি হওয়া অবধি অপেক্ষা তো করতেই হবে।
‘সেটাই বলেছি। আজ রাতেই আমার দুবাইয়ের ফ্লাইট।’
‘কনফিডেন্ট তুই?’
সৈকত হাসল এবার, ‘তোমার কথাগুলোই মনে রাখার চেষ্টা করি। একজন পারফেক্ট স্পাই হবে ক্ষিপ্র, তার চালচলন শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই সে হাওয়ায় মিলিয়ে যাবে, ভিড়ে মিশে থাকবে, ধৈর্য হবে অপরিসীম…’
‘আর ছদ্মবেশে সে হবে ম্যাজিশিয়ান।’
কথা শেষ করলেন বিদুর।
সৈকত বলল, ‘রাইট স্যার।’
‘কফি?’
বিদুর বেল টিপলেন…
***
বারামুলা, কাশ্মীর। সকাল দশটা।
একটা ঠান্ডা উত্তুরে হাওয়া বইছে। শরীর কাঁপিয়ে দিচ্ছে। কাশ্মীরে পশ্চিমী হাওয়ার মতোই। যখন আসে, তখন শরীর কাঁপিয়ে দিয়ে চলে যায়।
বাজারের ভিতর দিয়ে বশির জোর পায়ে হাঁটছিল। রাস্তার উপরের বাজার পেরিয়ে ভেতরের গলিতে ঢুকতে দেখা গেল একজন যুবক একটা মারুতি গাড়ির ডিকি খুলে ফুটপাথে টি-শার্ট বেচছে।
বশির চারদিক দেখে নিয়ে যুবকের কাছে গিয়ে বলল, ‘ফুটবল টিমের জার্সিটা এসেছে?’
যুবক বলল, ‘না। কবে আসবে সেটা তো আপনি জানেন। আপনি নিয়ে আসেননি?’
বশির বলল, ‘না। সময় হয়নি। গোলকিপাররা এখন সবাই ফিট আছে। আমি একাই এসেছি, তবে তৈরি থাকতে হবে। সময় হলে জানাবো। আজ শ্রীনগর যাবো, ওখানেও একটা অর্ডার আছে।’
যুবক দেখল এক জওয়ান তার গাড়ির দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি একটা টি-শার্ট বশিরের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘এটা হবে আপনার।
বশির বলল, ‘কত দাম?’
—আড়াই-শো টাকা।
— দু-শো দেবো।
জওয়ান এসে পড়েছিল। কড়া গলায় বলল, ‘এখানে গাড়ি রাখা যাবে না। যাও, অন্য জায়গায় গিয়ে দাঁড়াও। এদিকে তোমাকে কালকেও বারণ করা হয়েছিল। কথা শোনার প্রয়োজন বোধ করছ না নাকি?’
যুবক তটস্থ হয়ে বলল, ‘যাচ্ছি স্যার।’
জওয়ান বলল, ‘দশ মিনিট। যাও।’
‘জি জনাব, যাচ্ছি।’
জওয়ান চলে গেল।
অনেক কষ্টে বশির রাগ চেপে রইল। যুবক বলল, ‘এখানে দাঁড়াতেই দেবে না, দাঁড়ালে ঝুঁকি হয়ে যাবে।’
বশির চারদিক দেখে পকেট থেকে দু-শো টাকা বের করে যুবকের দিকে এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, ‘টি-শার্টের দাম। আর মনে রেখো, কাশ্মীরিদের চোখের জলের দাম ওদের দিতেই হবে। ফিরে এসে কথা বলব।’
যুবক টাকাটা পকেটে ভরল। খবরের কাগজে টি-শার্টটা মুড়ে বশিরকে দিল।
বশির টি-শার্টটা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিল।
তার চোয়াল শক্ত হয়ে আছে।
এমন কিছু করতে হবে, যাতে সবাই তাদের ভয় পায়। ভয় কমে আসছে চারদিকে আবার। এই লক্ষণটাই তো ঠিক নয়। মানুষ যত বেশি ভয় পাবে, তারা তত বেশি কাজ করতে পারবে। উপত্যকার মানুষজনের মনেও ভয় থাকার দরকার আছে।
ক্রমাগত নিজের মনে বিড়বিড় করতে করতে সে হেঁটে চলল …
৩
আই এস আই দফতরে রফিক মন দিয়ে একটা ম্যাপ দেখছে। ম্যাপটা কাশ্মীরের। পেনসিল হাতে নিয়ে সে এল ও সি কয়েকটা জায়গা চিহ্নিত করল। কাজের মধ্যেই দরজায় নক হল। রফিক বলল, ‘এসো।’
সোহেল ঘরে প্রবেশ করে বলল, ‘জনাব আলমগীর বুড়ো ফান্ডিং-এর জন্য জ্বালিয়ে খাচ্ছে। বলছে ডলার না এলে বুঝে নেবে।’
রফিক বিরক্ত মুখে বলল, ‘বুঝে নিতে দাও। খালি ফান্ডিং-এর ধান্দা করা ছাড়া ওর কোনো কাজ নেই। আগের মাসেই মিডল ইস্ট থেকে বড়ো একটা অ্যামাউন্ট ঢুকেছে। কী কিনেছে সেসব দিয়ে?’
সোহেল বলল, ‘জানি না জনাব। ও কী করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। ন্যাশনাল ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ছ-মাস হল। জিজ্ঞেস করলে বলছে খবর নাকি লিক হয়ে যাচ্ছে।’
রফিক ভ্রূ কুঁচকালো, ‘হোয়াট ননসেন্স! খবর লিক হবে কেন? হলেই বা সেটা আমি জানি না কেন?’
সোহেল বলল, ‘জানি না জনাব। আপনি কি একবার ওর সঙ্গে বসবেন? সেক্টর এইচে এসেছে মনে হয়।’
রফিক সোহেলের দিকে ঘুরে বলল, ‘তুমি পৃথিবীর অন্যতম সেরা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ কর সোহেল। সব কথার মধ্যে হতে পারে, মনে হয়, এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করলে বেশিদিন এখানে টিকতে পারবে না। ব্যাক অফিসে পাঠিয়ে দেবো। ভালো লাগবে?’
সোহেল থতোমতো খেয়ে বলল, ‘ইয়ে স্যার, মানে হ্যাঁ। আমি ওটাই বলতে চাইছিলাম। যাবেন? একবার না-হয় মিট করে নিন!’
রফিক বলল, ‘হ্যাঁ, ফোন করে দেখো। এখনই চল। ওর কাজকর্ম আমার কিছুই সুবিধের লাগছে না।
ঘণ্টাখানেক বাদে সেক্টর এইচে আলমগীরের আস্তানার বাইরে রফিকের গাড়ি পৌঁছোল। রফিক সতর্ক চোখে চারদিকে দেখে নিয়ে সোহেলকে বলল, ‘তুমি আগে যাও। ভেতরে গিয়ে ফোন কর।’
সোহেল বাড়ির ভেতরে প্রবেশ করে মিনিট দুয়েক বাদে রফিককে ফোন করল। রফিক গাড়ি থেকে নেমে আরেকবার চারদিক দেখে তারপর বাড়ির ভেতরে ঢুকল।
আলমগীর সোফায় পায়ের উপর পা রেখে বসে ছিল। রফিককে দেখে খুশি হবার ভান করে বলল, ‘আরে রফিক সাহেব, আপনি আসবেন শুনেই আমার মন খুশি হয়ে গেছিল। বলুন কী খাওয়াবো? ভালো গোস্ত আছে, খাবেন?’
রফিকের জন্য একটা চেয়ার এগিয়ে দেওয়া হয়েছিল। রফিক সেটায় বসে বলল, ‘আপনি রেস্তরাঁ খুলেছেন জানতাম না তো! জানলে ব্রেকফাস্ট না করেই বেরতাম। আজকাল মকসদের মধ্যে খাওয়া-দাওয়াও ইনক্লুড করছেন দেখছি। এরপরে কী প্ল্যান? ইসলামাবাদে রেস্তরাঁ খুলবেন?
আলমগীর দাড়ির ফাঁক দিয়ে হেসে উঠল, ‘আহা, কী ভালো কথাই না বলেন আপনি। সাহেবি স্কুলে পড়েছিলেন না? লন্ডন থেকে আবার কীসব পাশ করে এসেছিলেন। এমন নিষ্কর্মা লোক, লন্ডনে যতদিন ছিলেন, একটা ব্লাস্টও করাতে পারেননি। কী হিসেবে আই এস আই চিফ হলেন আপনি, কে জানে!’
রফিক পকেট থেকে সিগারেট বের করে ধরালো, ‘আমি খেজুরে আলাপ করতে আসিনি। আমাকে আপনি শুধু বলুন আপনার প্ল্যান কী? আমাকেও উপরে জবাব দিতে হয়। শুধু এদেশে না, যারা আপনাকে ফান্ডগুলো পাঠাচ্ছে, তাদের কাছেও জবাবদিহি করে যেতে হয়। অনেক দিন হয়ে গেল ইন্ডিয়া শান্ত হয়ে আছে। কারো দেখছি কোনো কিছু করার কোনো ইচ্ছে নেই। এভাবে চললে সব ছেড়ে-ছুড়ে দিয়ে দেশ থেকে বেরিয়ে যেতে হবে তো!’
আলমগীর বলল, ‘আপনার ব্যর্থতার কথাটাও বলুন একবার। তিনটে দল গিয়েও বর্ডারে আটকে গেল। ইন্ডিয়ানরা আপনাদের ঘেয়ো কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছে। আপনারা আজকাল সব কিছুতে ইন্ডিয়ার কাছে গোহারান হেরে যান।’
কথাগুলো বলে আলমগীর যেন খুব আমোদ পেলো, দুলে দুলে হাসতে শুরু করল।
রফিক বলল, ‘আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা কুকুর হলে আপনারা কিছুই হননি। আপনি বোধ হয় ভুলে গেছেন, ওই দলে আপনার মাদ্রাসারও সাতটা ছেলে ছিল। সব ক’টাকে জন্নতে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি। তাদেরও কি কুকুর বলছেন আপনি?’
আলমগীর থমকে গেল। এবার তার মুখে রাগ ফুটে উঠল, ‘আপনার কি ধারণা আমি সব ভুলে গেছি? এত সহজ নাকি সব ভুলে যাওয়া? এবার এমন প্ল্যান করেছি, ওই ভাঙা কোমর নিয়ে উঠে দাঁড়াতে ওদের সারাজীবন সময় লেগে যাবে।’
রফিক বলল, ‘সেই প্ল্যানটা শুনতেই তো এলাম। সেসব না বলে আপনি শুধু হেঁয়ালি করে যাচ্ছেন। বলবেন কি এবার, কি প্ল্যান করেছেন?’
আলমগীর কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল, ‘নাহ। আপনাকে এখনই বলব না। আপনাদের ওখান থেকে খবর বেরিয়ে যায়।
রফিক রেগেমেগে বলল, ‘খবর বেরিয়ে যায় মানে? আপনি আমাদের থেকে ফান্ডিং নেবেন আর আমাদের জানাবেন না?’
আলমগীরের এক শাগরেদ এগিয়ে আসছিল, আলমগীর হাত তুলে তাকে নিরস্ত করে বলল, ‘চ্যাঁচামেচি করে কোনো লাভ হবে না সাহেব। আপনি জানেন, আমি কিছু না বলতে চাইলে কারও বাপের সাধ্যি নেই আমার মুখ থেকে কথা বের করে। জানেন তো?’
রফিক চুপ করে গেল। সিগারেটটা অ্যাস্ট্রেতে রেখে উঠে দাঁড়াল, ‘ঠিক আছে, আপনি আপনার মতো কাজ করুন। আমি বেরলাম।’
‘বসুন বসুন। আমার কী লাগবে সেটা তো বলিনি আপনাকে। এখনই চলে যাবেন কেন?’
রফিক দাঁড়িয়ে থেকেই বলল, ‘বলুন।’
আলমগীর বলল, ‘ফান্ড লাগবে।’
‘কত?’
‘আগের বার যা দিয়েছিলেন, তার দশ গুণ, তার সঙ্গে যে টাকাগুলো নিজের পকেটে ঢোকাচ্ছেন, সেগুলো। আমার সব টাকার হিসাব চাই।’
রফিক বলল, ‘দেখছি।’
আলমগীর বলল, ‘মোবাইলের কারখানা খুলব ভাবছি। কী দারুণ জিনিস বেরিয়েছে বলুন তো? আগে ভাবা যেত? পকেটেই থাকছে, ফোন করা যাচ্ছে। দুর্দান্ত বস্তু, তাই না?’
রফিক চোখ কপালে তুলল, ‘কী বলছেন এসব? কারখানা খুলবেন মানে? মাথা গেছে নাকি?’
আলমগীর জোরে হেসে উঠল, ‘ফান্ড চাই জনাব। ফান্ড দিন। দেবেন তো?’
রফিক বলল, ‘দেখছি বললাম তো!’
‘দেখুন, দেখুন, না দেখলে অনেক ভালো ভালো অফিসার আছে আই এস আই চিফ হবার জন্য। কয়েক জন তো যোগাযোগও করছে।’
রফিক বলল, ‘সবাই সব কিছু চায় জনাব। কিন্তু এই জায়গায় এলে বুঝবেন কাজটা যত সহজ বলে মনে হয়, বাস্তবে তত সহজ না। আমার কাজটা আমাকে করতে দিন, বাকিটা সময় বলবে।’
‘কেন যে আপনাকে রাখা হয়েছে, আমি বুঝতে পারি না। পরে মনে হয়, ঠিক আছে, আমি কি সব ঠিক করার দায় নিয়ে বসে আছি? অন্তত আমি জানি আপনি কত কাটমানি খান। তবে আমার কাজটা সময়ের আগেই হওয়া চাই। মকসদ পূরণে ফান্ড যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। আশা করি আপনাকে স্পষ্ট বোঝাতে পারলাম?’
রফিক ঘাড় নেড়ে বলল, ‘জি জনাব। আবার দেখা হবে। চল সোহেল।’
আলমগীর হাত নাড়ল, ‘খোদা হাফেজ। দিন দিন আপনার বুদ্ধি কমে যাচ্ছে জনাব। মাথাটা উপরওয়ালা খাটানোর জন্য দিয়েছেন। একটু মাথা খাটান। ভালো থাকবেন।’
রফিক বলল, ‘খবর লিক হয় বলে বলছেন। কে লিক করে? নামটা বলুন, রেজাল্টটা তারপর দেখবেন না-হয়।’
আলমগীর বলল, ‘আমি কী করে জানবো? আপনার দফতর, আপনি জানবেন। যারা কাজ করে, সবার সম্পর্কে খোঁজ নিন। যা মাইনে পাচ্ছে, তার থেকে বেশি খরচ কারা করছে দেখুন। সে টাকা ইন্ডিয়া থেকে আসছে নাকি, তাও দেখুন। অবশ্য আপনাকেই বা কী বলব? আপনিই বা কম খরচ করেন নাকি?
রফিক রেগে গেল, ‘মানে? আপনি কি বলতে চাইছেন আমি ইন্ডিয়ার থেকে টাকা খাচ্ছি?’
‘না। বলছি না। তার প্রমাণ থাকলে আপনার ধড়ের উপরের অংশটি জায়গামতো রাখতাম না। আপনাকে সতর্ক হতে বলছি। সতর্ক থাকুন। তাহলেই হবে।’
রফিক থমথমে মুখে আলমগীরের বাড়ি থেকে বেরিয়ে গেল।
বাইরে বেরিয়ে সোহেল বলল, ‘জনাব, ও যে অ্যালায়েড ব্যাঙ্কে ট্রানজাকশন করছে, সেটা নিয়ে কিছু বললেন না ওকে?’
রফিক বিরক্ত মুখে বলল, ‘সেসব কেন বলতে যাবো? উফ্, তোমাকে কি সব বোঝাতে হবে নাকি?’
‘না না জনাব। আচ্ছা ঠিক আছে, চলুন।’
রফিক পিছন ঘুরে আলমগীরের বাড়িটা আড়চোখে একবার দেখে নিয়ে বলল, ‘লোক রাখবে একটা এখানে। দূর থেকে নজর রাখে যেন। কে আসছে, কে যাচ্ছে, আমার সব খবর চাই। বুড়ো এই শহরে থানা গাড়ল কেন, আমার জানা দরকার।’
‘জি জনাব। এখনই বলে দিচ্ছি।’
৪
রাত আটটা। রাওয়ালপিন্ডি কসাই গলি। রাওয়ালপিন্ডির কুখ্যাত নিষিদ্ধ পল্লি। গলির একবারে শেষ নীল বাড়িটার সামনে মাছির মতো ভনভন করছে ভিড়। মদের নেশায় টলতে টলতে সৈয়দ বাড়িটার সামনের পানের দোকানে বসল।
পানের দোকানে বেশ কয়েক জন খদ্দেরের ভিড়। দোকানদার তাকে দেখেই গালিগালাজ করতে শুরু করল, ‘এই যে, চাচা এসে গেছ। আমার কাছে কত দেনা আছে মনে আছে?’
সৈয়দ বিরক্ত গলায় বলল, ‘পান দে। মেজাজ গরম আছে। ভাল্লাগছে না।’
‘ঠান্ডা করতে কোঠিতে যাবে নাকি চাচা?’
পানওয়ালার কথায় আশেপাশের ছেলেরাও হেসে উঠল। সৈয়দ উত্তর দিল না। পানওয়ালার দেওয়া পান মুখে পুরে চিবোতে শুরু করল।
প্রায় পনেরো মিনিট পরে দোকান খালি হল। খদ্দেররা মেয়েদের কাছে গিয়ে
দরদাম শুরু করেছে।
সৈয়দ চারদিকে দেখে নিয়ে গলা নামিয়ে বলল, ‘জরুরি খবর আছে। আজকেই পাঠাতে হবে।’
দোকানি বলল, ‘নতুন ছেলেটা দিয়েছে? ও পারছে তো? মানে খবর পাঠিয়ে বেইজ্জত হব না তো? তুমি তো জানোই খবর পাঠানোর কত ঝক্কি আছে।’
সৈয়দ সামনের বয়াম থেকে বেশ কয়েকটা চুইং গাম বের করে পকেটে পুরে বলল, ‘কেন পারবে না? ভালো পারছে। ওকে নিয়ে ভাবতে হবে না। শুধু খবর পৌঁছোনোর জন্য এখানে এলাম। আজ রাতে মুজাফফরাবাদ যেতে হবে।’
দোকানি বলল, ‘ওখানে কী আছে? ফিরে এসে খবর দিলেও তো হত?’
সৈয়দ বলল, ‘আলমগীর বুড়ো আবার নড়ছে। ইসলামাবাদে আস্তানা গেড়েছে।’
দোকানি চিন্তিত কণ্ঠে বলল, ‘তাই? কী খবর পাঠাতে হবে?’
সৈয়দ হঠাৎ করে কাশতে শুরু করল। কাশতে কাশতেই পকেট থেকে একটা কাগজ বের করে বাইরের দিকটা আড়াল করে দোকানির দিকে ছুঁড়ে দিল। দোকানি নিমেষের মধ্যে কাগজটা নিয়ে লুকিয়ে ফেলল।
সৈয়দ বলল, ‘অনেক শুকরিয়া। এলাম।’
আবার কয়েক জন খদ্দের এসে দাঁড়াল।
দোকানি চিৎকার করে বলল, ‘দেনার টাকা না দিলে দোকানে আসবি না বত্তমিজ বুড়ো কোথাকার।’
সৈয়দ দোকানির কথার উত্তর না দিয়ে দোকান থেকে বেরলো। বাইরে মেয়েগুলো সৈয়দকে দেখামাত্র খিলখিল করে হাসতে হাসতে বলল, ‘চাচা, আসবে নাকি?
সৈয়দ টলতে টলতে চিৎকার করে গালাগাল দিতে দিতে গলিতে হাঁটতে শুরু করে দিল। খানিকটা যাবার পর বড়ো রাস্তায় পৌঁছোল সে। অটোয় উঠে বলল, ‘বাস স্ট্যান্ড।’
অটো চলতে শুরু করল। অটোওয়ালা কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, ‘চাচা কি কোঠিতে গেছিলে নাকি? এখনও পারো?’
সৈয়দ কাশতে শুরু করল। অটোচালক বলল, ‘ওই দেখো, এক পা কবরে রেখে চাচা এখানে এসেছিল। একটু উপরওয়ালার কথা তো ভাবো চাচা।
সৈয়দ বলল, ‘তোর বাপকে ভাবতে বল। চুপচাপ অটো চালা। এত কথা কীসের?’
অটোচালক হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ে। বাস স্ট্যান্ডে নেমে সৈয়দ ভাড়া মিটিয়ে মুজাফফরাবাদের বাসে উঠে বসল। বাসে এখনও ভিড় হয়নি। তিন ঘণ্টার রাস্তা অথচ বাসটা সারা রাস্তা ধীরে ধীরে গিয়ে ভোরবেলায় মুজাফফরাবাদ পৌঁছোয়। স্থানীয় ব্যবসায়ীরা এই বাসেই যাতায়াত করে। সৈয়দ পেছনের দিকের একটা কোণার সিটে বসল।
আরও তিন-চার জন ওঠার পর বাস ছেড়ে দিল। সৈয়দ চোখ বন্ধ করে ঘুমনোর চেষ্টা করল। রাতের বাসে মাঝে মাঝে চেকিং হয়। চেকিং-এর নামে পাকিস্তানি পুলিশ মহিলাদের বোরখা তুলে দেখে বলে কিছুদিন আগেও তুমুল ঝামেলা হয়েছিল। আজকেও বাস দাঁড় করালো। বাসে মহিলা না থাকায় পুলিশরা রেগে গিয়ে সব যাত্রীদের বাস থেকে নামিয়ে দিল।
একজন কনস্টেবল ভারী গলায় বলল, ‘আইডি বের কর।’
সৈয়দ পকেট হাতড়ে একটা সিগারেটের প্যাকেট বের করল।
কনস্টেবল প্যাকেটটা নিয়ে বলল, ‘যাও চাচা, বাসে গিয়ে বসো।’
সৈয়দ কাঁদো কাঁদো গলায় বলল, ‘একটা সিগারেট দে বাপ। বাকিগুলো তুই রাখ। কিছু বলব না।’
কনস্টেবলের দয়া হল। সত্যি সত্যি তাকে একটা সিগারেট বের করে দিল। সৈয়দ সেটা পকেটস্থ করে আবার বাসে গিয়ে বসল। প্রায় সব যাত্রীর থেকেই কিছু না কিছু তোলা তুলে তারপর বাস ছাড়ার ব্যবস্থা হল। সৈয়দ চোখ বন্ধ করল। বাস খারাপ না হলে আর বিশেষ ঝামেলা হবার আশঙ্কা নেই।
যাত্রা শেষে দেখা গেল সে ঠিকই ভেবেছিল। ভোর চারটে নাগাদ বাস মুজাফফরাবাদের বাস স্ট্যান্ডে পৌঁছোল। অন্ধকারে মিটিমিট করে আলো জ্বলছে বাস স্ট্যান্ডে। সৈয়দ বাস থেকে নামতেই কনডাক্টর পিছু ডাকল, ‘এত রাতে কোথায় যাচ্ছো চাচা? বাসেই ঘুমিয়ে থাকো। সকালে যেও।’
সৈয়দ হাই তুলে বলল, ‘ভালো বুদ্ধি। তাই করি।’
কনডাক্টর বলল, ‘এখানে কোথায় যাবার আছে তোমার?’
সৈয়দ বলল, ‘আবদুল্লার জুতোর দোকানে। সে ব্যাটাও তো এখন ঘুমোচ্ছে নিশ্চয়ই। একটা কম্বল দিবি?’
‘এই তো সমস্যা তোমার! জায়গা দিলাম, এখন আবার কম্বল চাইছো।’
‘না না, ঠিক আছে। কিছু লাগবে না বেটা। ঘুমাই। তোকে অনেক শুকরিয়া বেটা। ভালো থাক। অনেক বছর বেঁচে থাক।’
বাসের পেছনের সিটে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল সৈয়দ। একবারে নাক ডেকে ঘুমোতে লাগল…
