৩০
আলমগীরের বাড়ি থেকে ইব্রাহিম বেশ ফুরফুরে মেজাজে বেরলো। গাড়িতে উঠে বলল, ‘চল দেখি, সাবার জন্য ভালো পেস্ট্রি কিনে নিয়ে যাবো আজ।’
আহমেদ বলল, ‘কী ব্যাপার জনাব, দুপুরে তো কাপড়েচোপরে হয়ে গেছিলেন, এখন আবার পেস্ট্রি কিনতে ইচ্ছে হচ্ছে, ব্যাপারটা কী?’
ইব্রাহিম রেগে গেল, ‘কাপড়েচোপরে হয়ে গেছিলাম মানে কী, আমার গারে বাসের ছিটকে আসা জল লেগেছিল। তোর সাহস হয় কী করে আমার সঙ্গে তুই এভাবে কথা বলছিস?’
আহমেদ বলল, ‘ও, তাহলে লোকের বাথরুম ছিটকে এসেছিল জনাব, দুপুরে গাড়িতে যা গন্ধ ছিল, তা তো শুধু কাদার গন্ধ ছিল না, তাই বলছিলাম আর কী!’
ইব্রাহিম বলল, ‘খুব বাড় বেড়েছিস তুই। তোকে আমি রাখবো না। পালটাবোই, মিলিয়ে নিস।’
আহমেদ বলল, ‘আপনার প্যান্ট না আমরা জনাব, আমরা ড্রাইভার। এভাবে পালটানো যায় না।’
ইব্রাহিম চিড়বিড় করে উঠতে যাচ্ছিল, আহমেদ একটা কেকের দোকানের সামনে দাঁড়িয়ে বলল, ‘চকলেট পেস্ট্রি নিয়ে নিন জনাব, সাবার খুব পছন্দ। ‘ ইব্রাহিম নামতে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, ‘তুই কী করে জানলি?’
আহমেদ বলল, ‘আন্দাজ করলাম।’
ইব্রাহিম গজগজ করতে করতে দোকানে ঢুকল।
ইব্রাহিম দোকানে ঢুকতেই আহমেদ ইব্রাহিমের ব্যাগটা তাড়াতাড়ি একবার দেখে আবার আগের মতো করে রেখে দিল।
জানলায় টোকা পড়ল তার। চমকে ফিরে দেখল সৈয়দ দাঁড়িয়ে আছে।
আহমেদ কাচ নামিয়ে বলল, ‘ভয় পেয়ে গেছিলাম। কী হয়েছে?’
‘কাল ভোর ছ-টায় রাওয়ালপিন্ডি স্টেশনে চলে যাবি। তোর কাজ শেষ। এবার ফিরে যাবি। খালেদ ফুটে যাবে কাল। এলাম।’
আহমেদকে আর কথা না বাড়াতে দিয়ে সৈয়দ চলে গেল।
আহমেদ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল।
মিনিট পাঁচেক পর ইব্রাহিম গাড়িতে এসে বসে বলল, ‘তোর জন্য আলাদা প্যাকেটে নিয়ে এসেছি। একা একা খাবি। নইলে তোর জন্য আবার আলাদা করে ফারাহ পেস্ট্রি পাঠাবে। এই নে, ধর।’
আহমেদ তার প্যাকেটটা নিয়ে সিটের পাশে রেখে বলল, ‘জনাবের মনটা কিন্তু খুব ভালো আছে আজ। কী ব্যাপার বলুন তো?’
ইব্রাহিম বলল, ‘তোর এত বুঝে কাজ নেই। বড়ো ফাঁড়া মিটেছে বলা যায়। তুই জানিস এই আলমগীর সাহেব কে?’
আহমেদ বলল, ‘আমি কী করে জানবো আপনি না বললে?’
ইব্রাহিম শ্বাস ছেড়ে বলল, ‘খুব সাংঘাতিক লোক। একগাদা কাজ দিয়েছিল, সব প্রায় শেষ করে এনেছি। এর থেকে মুক্তি পেলে বাঁচবো। উফ্! কী যে জ্বালাতন করল এই ক-দিন। কত অ্যাকাউন্ট বানালাম, কত লোনের ব্যবস্থা। আবার লকার লাগবে, উফ্।’ নিজের মনেই বিড়বিড় করে বলে যেতে লাগল ইব্রাহিম।
আহমেদ বলল, ‘আচ্ছা, জনাব, আমি তো ব্যাঙ্কের কাজকর্ম এত বুঝি না, ব্যাঙ্কের মাধ্যমে আমি করাচিতে টাকা পাঠাতে পারবো?’
ইব্রাহিম হাসল, ‘হ্যাঁ, হ্যাঁ, সব পারবি। করাচিতে পারবি, লাহোরে পারবি, দেশের সব জায়গায় পারবি।’
‘আর বাইরে থেকে আমার কাছে টাকা আসতে পারে?’
‘হ্যাঁ, না আসার কী আছে? কেন, তোকে কেউ টাকা পাঠাবে নাকি?’
‘কী যে বলেন জনাব, আমি গরিব মানুষ, আপনাদের লাথি ঝাঁটা খেয়ে দিন কেটে যাবে, আমাকে আবার কে টাকা পাঠাতে আসবে। সে রকম হলে কি আর এই পোড়ার মুলুকে পড়ে থাকতাম?’
‘তা যা বলেছিস। আমারও মাঝে মাঝে মনে হয় এই দেশ ছেড়ে চলে যাই। আর থাকতে ভালো লাগে না।’
‘আচ্ছা জনাব, এই আলমগীর সাহেব তো খুব সাংঘাতিক লোক বললেন, যদি ওর কাজকর্ম করিয়ে ওর মনে হয় আপনি বেঁচে থাকলে ওর বিপদ আছে, তাহলে কি ও আপনাকে সরিয়ে দিতে পারে?’
ইব্রাহিম চুপ করে গেল। লুকিং গ্লাসে আহমেদ দেখল ইব্রাহিম রুমাল বের করে ঘাম মুছে তোতলাতে তোতলাতে বলল, ‘এসব কী ভয় দেখাচ্ছিস আহমেদ?’
‘ভয় দেখাচ্ছি না জনাব, আমার মনে হল বলে বলছি। সাংঘাতিক লোক মানে কেমন সাংঘাতিক সেটা তো বললেন না, তাই বলছি। সিনেমায় দেখেছি কাজ হয়ে গেলে লোকজন খুন করে দেয়। এ সে রকম নাকি?’
‘না না ধুস, কী যে বলিস না। তুই মন দিয়ে গাড়ি চালা দেখি। বেশি বাজে বকে যাচ্ছিস খামোখা। চল চল।’
আহমেদ চুপ করে ইব্রাহিমের অবস্থা দেখতে লাগল। কলোনিতে ঢুকে ইব্রাহিম কথা না বাড়িয়ে সরাসরি ঘরের ভেতর চলে গেল। আহমেদ গাড়ি রেখে নিজের ঘরে ঢুকল। মিনিট পাঁচেক পরে সাবা এসে নক না করেই ঢুকে গিয়ে বলল, ‘পেস্ট্রি এনেছি।’
আহমেদ বলল, ‘আমার জন্য জনাব পেস্ট্রি এনেছেন তো। তোমরা খাও।’
সাবা বলল, ‘ও। ঠিক আছে। যাই তাহলে।’
‘যাও।’
সাবা বেরোতে যাচ্ছিল, আহমেদ ডাকল, ‘শোনো সাবা।’
সাবা সঙ্গেসঙ্গে দাঁড়িয়ে বলল, ‘কী?’
আহমেদ জিজ্ঞেস করল, ‘তোমাকে যদি বলি এখনই পালিয়ে যেতে হবে, তোমার তৈরি হতে কতক্ষণ লাগবে?’
৩১
রাত দশটায় তুষার বাড়ি ফিরলেন।
ইরাবতী দরজা খুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আবার একটা বিনিদ্র রাতের প্রস্তুতি শুরু হল নাকি?’
তুষার সোফায় হেলান দিলেন, ‘হতে পারে, নাও হতে পারে। আমি তো তাও ঘুমোই, কত লোক ঘুমোতেই পারে না ঠিক করে।
ইরাবতী বললেন, ‘শুধু হেঁয়ালি করে কথা বল আজকাল। যাই হোক, তোমার সৈন্যরা সব ঠিক আছে তো?’
তুষার মাথা নাড়লেন, ‘হ্যাঁ, ঠিক আছে।’
ইরাবতী বুঝলেন তুষার কিছুক্ষণ একা থাকতে চান। তিনি অন্যঘরে চলে গেলেন।
তুষার কয়েক মিনিট চুপ করে থেকে ফোন বের করলেন, রেহান খানকে ফোন করলেন। একবার রিং হতেই রেহান ফোন ধরলেন, ‘হ্যাঁ স্যার।
তুষার ক্লান্ত কণ্ঠে বললেন, ‘সব ঠিক আছে রেহান?
রেহান বললেন, ‘আপাতত। কেন বলুন তো স্যার?’
তুষার বললেন, ‘আমার সিক্সথ সেন্স বলছে কিছু ঠিক নেই। বড়ো কোনো সমস্যা হতে পারে। তুমি আরেকবার তল্লাশি শুরু কর।’
রেহান বললেন, ‘স্যার আপনি যখন বলছেন, তখন সেটাই শিরোধার্য। কিন্তু কেন আপনার একথা মনে হচ্ছে একবার খোলসা করবেন?’
তুষার বললেন, ‘বিদুর মুজাফফরাবাদে বড়ো কিছু হবার গন্ধ পেয়েছে। ওদের লঞ্চ প্যাডগুলোয় আবার ওরা একগাদা ছেলেদের জড়ো করেছে। হয়তো বেশ কয়েক জনকে পাঠিয়েও দিয়েছে। কিন্তু ওদের আসল শক্তি তো দেশের বাইরের লোকেরা নয়, আমাদের ভেতরের লোকদের মগজধোলাইটাই ওদের আসল টার্গেট। এবার ভেতরে ভেতরে কতখানি এগিয়েছে, তা কী করে বুঝবো বল তো?’
রেহান বললেন, ‘ভেতরে ভেতরে কতটা এগিয়েছে তা বোঝা কঠিন এই নিয়ে কোনো দ্বিধা নেই। কতবার ওরা আমাকেই টার্গেট করেছে। হুমকি ফোন এসেছে, কেউ কেউ আবার হুমকি না দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা আসলে এদেশেরই কেউ না। ওদের সাহায্য করলেই বরং আমি কাজের কাজ করব।’
তুষার বললেন, তা আমার থেকে আর কেউ ভালো জানে না রেহান। তুমি আমাকে লোকেশন ধরে ধরে একটা রিপোর্ট দিও তো কাল। সারপ্রাইজ চেকিং চালাও সারাদিন ধরে, দরকার হলে আজ রাতেও কর। কিছু একটা ঠিক নেই রেহান।
রেহান বললেন, ‘ঠিক আছে স্যার, আমি আমার ইনফরমারদের সতর্ক করে দিচ্ছি, আমি কোনোরকম খবর পেলেই আপনাকে জানিয়ে দেবো।’
‘থ্যাঙ্কস রেহান। গুড নাইট। ভালো থাকো।’
‘আপনিও ভালো থাকুন স্যার।’
ফোন কেটে কপালে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন তুষার।
প্রায় সঙ্গেসঙ্গেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটল তার, ফোন ধরতেই ও প্রান্ত থেকে পরিচিত গলাটা ভেসে এল, ‘এয় মেরে প্যারে ওয়াতান…’
‘টেলিপ্যাথি তো হে। আমি তোমার কথাই ভাবছিলাম।’
‘কাশ্মীর হাই অ্যালার্টেই আছে আশা করি?’
‘হ্যাঁ। রেহান নিজে আজ রাতটা জাগবে।’
‘আশা করি সব ঠিক হয়ে যাবে স্যার।’
‘হ্যাঁ, সবসময় তো আশা করেই চলছি হে। রোজ শুধু ডিফেন্স করে চলেছি রাহুল দ্রাবিড়ের মতো। শেওয়াগের মতো স্টেপ আউট কবে করছি, শুধু সেটা ভেবে যাচ্ছি।’
‘একদিন নিশ্চয়ই হবে স্যার। সেদিন বল শুধু বাউন্ডারি পেরোবে না, একবারে স্টেডিয়ামের বাইরে চলে যাবে।
‘সে আশাতেই বেঁচে থাকা। টেক কেয়ার।’
‘আপনিও স্যার। ভালো থাকুন।’
ফোন কেটে গেল। তুষার উঠে দাঁড়িয়ে স্টাডি রুমে গিয়ে বসলেন। বেশ কয়েকটা ইমেল করলেন পর পর।
দাবার বোর্ড সাজিয়ে কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে হেসে ফেললেন।
নিজের মনেই বললেন, ‘ইরাবতীই ঠিক বলেছে। আরেকটা বিনিদ্র রাতের প্রস্তুতি….’
৩২
রাত এগারোটা।
কোয়েটা-করাচি এক্সপ্রেসওয়েতে বাস দাঁড়িয়ে আছে বারান হোটেলে। সিমেন্টের খাটিয়ার উপরে গদি রেখে লোক বসে খাওয়ার ব্যবস্থা করা আছে।
তৃতীয় সারির একবারে শেষ গদিতে বসে যে লোকটা রুটি খাচ্ছে, তার উচ্চতা খুব বেশি হলে পাঁচ ফুট ছয় হবে। লোকটা একটু খাচ্ছে, আর অনেকটা জল খাচ্ছে। বাসে তার পাশে যে লোকটা বসেছিল, সে বলল, ‘এত পানি খাচ্ছো কেন মিয়াঁ? কী হয়েছে?’
লোকটা বলল, ‘শুকনো হয়ে গেছে গলা।’
‘ও, তা হতে পারে। শুখা জায়গা তো।’
লোকটা আরও কিছু বলার চেষ্টা করেছিল, এ পাত্তা দিল না। প্রায় জল দিয়েই সবটা রুটি খেয়ে বাসে উঠে বসল।
তার কি-প্যাড ওয়ালা ফোন বেজে উঠল, ধরতে ওপ্রাত্ত থেকে ভেসে এল, ‘আলতাক, পৌঁছেছ?’
‘না। রাস্তায় আছি। বাসে যাচ্ছি। রাস্তার হাল ভালো না। ভোর হয়ে যাবে।’
‘তোমার আজ সন্ধেয় করাচি পৌঁছোনো দরকার ছিল। সময় লাগে তো সব কিছু ঠান্ডা মাথায় করার।’
‘ও আমি বুঝে নেবো।’
‘কাজটা বুঝে নিয়েছ তো? না বোঝাবো?’
‘ছেড়ে দিন। আমার সব ঠিক হয়ে গেছে। আমি বুঝে নেবো।’
‘কাজটা…’
‘বলছি তো আমি বুঝে নেবো।’
‘ঠিক আছে।’
ফোন কেটে দিল আলতাফ। বাসের বাকি যাত্রীরা একে একে এল। তার পাশের যাত্রী এসে আবার খেজুর শুরু করল, ‘খেলেন তো ঠিক করে?’
আলতাফ বলল, ‘জি জনাব।’
কথাটুকু বলেই চোখ বুজে ফেলল সে। লোকটাকে আর কথা বলার অবকাশ দেওয়া যাবে না। কিছুক্ষণ পর বাস নড়ল। জানলা দিয়ে হিম শীতল হাওয়া আসছে। আলতাফের তাতে কিছু এল গেল না। সে জানলার দিকেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর রীতিমতো নাক ডাকতে লাগল তার।
বাস যখন করাচি ক্যান্টনমেন্টের বাস স্ট্যান্ডে পৌঁছোল, তখন ভোর চারটে। ভোর শব্দটা নামেই। এখানে ভোর অনেক পরে হয়।
বাস থামতেই আলতাফ বাস থেকে নেমে পড়ল। অটো স্ট্যান্ডে গিয়ে বলল, ওরাজি টাউন চল।’
অটোওয়ালা বলল, ‘মিয়াঁ কি কোয়েটা থেকে?’
আলতাফ বলল, ‘জি, চল।’
‘এখন কিন্তু বেশি ভাড়া লাগবে। তুমি চাইলে প্রথম বাসের জন্য অপেক্ষা করতে পারো। পাঁচটা নাগাদ ওদিকের একটা বাস পাবে।’
আলতাফ ঠান্ডা গলায় বলল, ‘চল। আমার তাড়া আছে।’
অটো স্টার্ট দিল। রাস্তার মতো এখানে অত ঠান্ডা নেই। আলতাফের অবশ্য কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। সে স্থির চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। ভোর রাতে কোনো ট্র্যাফিক নেই। মিনিট কুড়ির মধ্যেই অটো ওরাঙ্গি টাউনের গেটে দাঁড়াল।
আলতাফ অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে বস্তির ভেতর প্রবেশ করল। প্রায় কুড়ি মিনিট হাঁটার পর সে একটা ঝুপড়ির দরজার সামনে গিয়ে দরজায় আঙুল দিয়ে দু-বার শব্দ করতে দরজা খুলে গেল।
মিরান, তার বন্ধু। তাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরল।
আলতাফ কেজো গলায় বলল, ‘তাড়াতাড়ি কর। আমায় আজ আবার কোয়েটা ফিরতে হবে। অনেক কাজ আছে।’
মিরান হেসে ফেলল, ‘এত তাড়া তোর? ফিরতে পারবি তো?’
আলতাফ প্রত্যুত্তরে হাসল, ‘দেখা যাক। কখন বেরোবি?’
মিরান বলল, ‘আমরা এখনই বেরোই। ড্রেস পরে নে।’
সাফাই কর্মীর পোশাক পরে নিল আলতাফ। ব্যাগটা রেখে সে মিরানের সঙ্গে যখন বেরলো, তখন ভোরের আলো ফুটেছে।
একটা লজঝড়ে বাইকে ওঠাল তাকে মিরান।
আলতাফ বলল, ‘এটা চলবে?’
‘দৌড়বে। ওঠ। হেলমেট পর।’ দু-জনে হেলমেট পরে নিল।
দেখা গেল মিরান ঠিকই বলেছে। ফাঁকা রাস্তায় সানরাইজ অ্যাপার্টমেন্টে পৌঁছোতে বেশি দেরি হল না। সিকিউরিটি গার্ড মিরানকে চেনে। তাদের পোশাক দেখে কিছুই বলল না। মিরান সোজা পার্কিং-এ বাইক নিয়ে গিয়ে দাঁড় করালো।
বেসমেন্ট ফাঁকা। এখনও কেউ নামেনি।
মিরান বলল, ‘ওই বিল্ডিংটা, অন্তত আধঘণ্টা হাতে সময় আছে। ওই ফ্লোরে ও ছাড়া আর কেউ থাকে না। ওর ভয়ে ওখানে কেউ ফ্ল্যাট কেনেনি। চল।’
আলতাফ ঠান্ডা চোখে বিল্ডিংটা দেখল। আবু খালেদ আই এস আই আর লস্করের হয়ে কাজ করে। তাদের একটা মিছিলে কিছুদিন আগে পাকিস্তান আর্মি ভয়াবহ লাঠি চার্জ করে তার ভাইকে মেরে ফেলেছিল।
সে বলল, ‘চল।’
দু-জনে লিফটে উঠল। আলতাফ পিস্তল বের করল। তিন নম্বর ফ্লোরে নেমে তিনশো সাত নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে মিরান কলিং বেল টিপল। আলতাফ দরজার পাশে দাঁড়াল।
ঘুমচোখে দরজা খুলেই আবু খালেদ গালাগাল শুরু করল, ‘শুয়োরের বাচ্চা, তোকে বলেছি না এত ভোরে গারবেজ ক্লিনিং করতে আসবি না?’
আলতাফ আবু খালেদের সামনে গিয়ে গুলি চালাতে যাচ্ছিল। সে ভেবেছিল খালেদ বুঝতে পারবে না। কিন্তু তার সে ধারণা ভুল প্রমাণিত হল।
আবু খালেদ একজন প্রশিক্ষণপ্রাপ্ত মিলিট্যান্ট। সে মুহূর্তের প্রতিক্রিয়ায় আলতাফকে ঠেলে সরিয়ে দিল। আলতাফ ধাক্কাটার জন্য প্রস্তুত ছিল না। সে মেঝেয় পড়ে গেল।
আবু খালেদ আলতাফের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, তার আগে মিরান আবু খালেদের মুখে সজোরে ঘুসি মারল। খালেদ টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। আলতাফ এবার আর ব্যর্থ হল না। উঠে দাঁড়িয়ে আবু খালেদ কিছু বুঝে ওঠার আগেই সরাসরি আবু খালেদের মাথায় গুলি করল। হালকা একটা শব্দ হল শুধু। আবু খালেদ প্রতিক্রিয়া জানানোরও সময় পেল না। মেঝেয় লুটিয়ে পড়ল।
কয়েক সেকেন্ডের মধ্যে গোটা ঘটনাটা ঘটে গেল। আলতাফ স্থির চোখে আবু খালেদের মৃতদেহটা দেখল। মিরান বলল, ‘কেয়া বাত, ট্রেনিংটা দারুণ করেছিস তার মানে!
আলতাফ আবু খালেদের শরীরে একটা লাথি কষাল।
দু-জনেই হাঁফাচ্ছিল। আলতাফ মিরানকে বলল, ‘দু-মিনিট দাঁড়া।’
মিরান বলল, ‘কী দরকার? চল ভাই।’
আলতাফ বলল, ‘দাঁড়া দাঁড়া।’
আবু খালেদকে ডিঙিয়ে আলতাফ ফ্ল্যাটের ভেতরে গেল। এক মিনিটের মধ্যেই খালেদের ফোন নিয়ে বেরিয়ে বলল, ‘চল।’
মিরান তখনও কিছুটা বিহ্বল হয়ে ছিল। আলতাফ মিরানের হাত ধরে টেনে লিফটে তুলল।
বাইক নিয়ে যখন গেট থেকে বেরোচ্ছে দু-জন, সিকিউরিটি একবার শুধু বলল, ‘কী হল?’
মিরান চিৎকার করল, ‘ফিনাইল লাগবে। খুব নোংরা।’
‘ও, যাও যাও। আমার ঘরটাও পরিষ্কার কর আজ।’
‘ঠিক আছে।’
খানিকটা গিয়ে আলতাফ বুঝল মিরানের হাত কাঁপছে। সে বলল, ‘আমি চালাচ্ছি।’
মিরান আপত্তি করল না।
কিছুক্ষণ পর দু-জনে ওরাঙ্গি টাউন পৌঁছে বাইক রেখে অটো ধরে স্টেশনে পৌঁছোল। বোলান এক্সপ্রেস স্টেশনেই দাঁড়িয়ে ছিল। যেন তাদের অপেক্ষাতেই ছিল। তারা ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিল।
সিট পেল না দু-জনে। আলতাফ দরজায় পা ঝুলিয়ে বসল।
মিরান বলল, ‘নসিব ভালো ছিল, ওই ফ্লোরে কেউ থাকলে একবারে ধরা পড়ে যেতাম যাই বলিস।’
আলতাফ হাসল। কিছু বলল না। পকেট থেকে একটা কাগজ বের করল সে। খালেদের ঘর থেকে নিয়ে এসেছে। কাগজটা পড়তে পড়তে এতক্ষণে তার মুখে হাসি ফুটল…
৩৩
ভোরে উঠে আলমগীর রোজ মসজিদে যায়। ফেরার পথে এলাকাটা একটু হেঁটে তারপর বাড়িতে ঢোকে।
ভোরের দিকে মসজিদে বেশ ভালো ভিড় হয়েছিল।
নামাজ শেষে বেরোতে যাবার সময় এলাকার কয়েক জন লোকের সামনে পড়ে গেল সে, ‘আপনি এ পাড়ায় এসেছেন, অথচ এখনও পরিচয় হয়ে ওঠেনি। আপনি কি ইসলামাবাদেই থাকতেন? এখন রিটায়ারমেন্ট নিয়েছেন?’
আলমগীর বিরক্ত মুখে দায়সারা উত্তর দিয়ে তাড়াতাড়ি মসজিদ এলাকা ত্যাগ করল। এলাকার দোকানগুলো এখন বন্ধ। সেক্টরের পার্কে প্রবেশ করল সে। পার্কের চারপাশে বেশ কয়েক বার হেঁটে নিয়ে আলমগীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুব আকাশ লাল রং ধারণ করেছে। সেসব অবশ্য তার চোখে পড়ল না। তার মাথায় ঘুরছে বেশ কিছু হিসেব। দু-দিন পর আঠাশ জনের দল বর্ডার পেরবে। বাড়ি ফিরে সে সংক্রান্ত বেশ কয়েকটা ফোন করতে হবে তাকে। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ি ফিরে নিজের ঘরে গেল সে। মুজাফফরাবাদে মোকসেদকে ফোন করল আগে। মোকসেদ ফোন ধরে সালাম জানিয়ে বলল, ‘জনাব কি মসজিদ থেকে ফিরলেন?’
‘হুঁ। ফিরেছি। তোর ওদিকে আপডেট কী?
‘আপডেট মাসাল্লাহ খুবই ভালো জনাব।’
‘ঠিক আছে। দল তৈরি?
‘জি জনাব। আর্মসগুলো এলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো।’
‘আর্মস চলে যাবে। আমার খালেদকে বলা আছে। তোর জন্য যা লাগবে, তা শিগিরি পাঠিয়ে দেবে।’
‘খালেদ আজকাল খুব বদ হয়ে গেছে জনাব। খারাপ পাড়ায় যাচ্ছে, মেয়ে পুষছে, ওকে এখানে পাঠিয়ে দিন। ভালো পথে থাকবে, মানুষ হবে।
‘পাঠাবো। আমিও ঠিক করেছি সেটা। ওর উপর আমি পুরোপুরি ভরসা করি না, কিন্তু কিছু করার নেই। এখন ওকে ভরসা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ঠিক আছে, নিজের কাজ কর, খোদা হাফেজ।’
‘খোদা হাফেজ জনাব।’
ফোন কাটল আলমগীর। খালেদ নিশ্চয়ই এখন ঘুমোচ্ছে। ওকে জাগানো দরকার। খালেদের নম্বরে ফোন করল সে। রিং হতে শুরু করেছে ওপ্রান্তে। একবার রিং হল ধরল না। আলমগীর রেগে গিয়ে বিড়বিড় করে গালাগাল দিতে দিতে আবার ফোন করল। এবারেও ধরল না।
তিনবারের বার ফোন রিসিভ হল, ওপ্রান্ত ধরতেই আলমগীর গালাগাল দিতে শুরু করল, ‘কীরে হারামজাদা, ফোন ধরছিস না কেন?’
‘আবু খালেদ মরে গেছে। ওকে আমি মেরে দিয়েছি।’
‘কী?’
আলমগীরের হাত থরথর করে কাঁপছিল। ফোন কেটে গেল।
আলমগীর চিৎকার করে ডাকল, ‘সামিম, এই সামিম।’
আলমগীরের একজন শাগরেদ ছুটে এল, ‘জি জনাব।’
‘খালেদকে কে মেরে ফেলেছে বলছে ওর নাম্বারে ফোন করলে। শিগিরি খোঁজ নে। ওর কাছে আমাদের অনেক কিছু আছে। শিগিরি খোঁজ নে।’
ঘরের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে গেল।
মিনিট সাতেকের মধ্যে সামিম খবর নিয়ে চলে এল, ‘জি জনাব, ফ্ল্যাটের বাইরে লাশ পড়ে আছে।’
আলমগীর মেঝের উপরে তিড়িং বিড়িং করে লাফাতে শুরু করল, ‘নেপিয়ার রোডে লোক পাঠা, ওখানে ওর জিনিসপত্র আছে। তাড়াতাড়ি, দেরি করা যাবে না।’
সামিম ছুটে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর এসে বলল, ‘লোক চলে গেছে। চিন্তা করবেন না জনাব, মালপত্র সব ঠিক আছে। ওই এলাকায় আমাদের অনেক লোক আছে। মালপত্র কোথায় যাবে আর?’
আলমগীর নিজের গালে একটার পর একটা চড় মারতে মারতে বলল, ‘আমি বুঝেছি, সব বুঝেছি। এসবই ওই ইব্রাহিমের কাজ। ওকে নিয়ে আয়। ওকে আমি নিজের হাতে জবাই করব। যা, এখনই গাড়ি পাঠা।’
সামিম বেরিয়ে গেল। আলমগীর পা নাচাতে নাচাতে বিড়বিড় করে গালাগাল দিতে লাগল, হঠাৎ তাকে চমকে দিয়েই ফোন বেজে উঠল, ওপ্রান্তে রফিক আহমেদ, ‘জি জনাব, খালেদের খবর পেলাম। খালেদ আপনার কাজই তো করত যতদূর সম্ভব মনে পড়ছে আমার। ভুল বলছি আমি?’
আলমগীর রাগী গলায় বলল, ‘আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন?’
রফিক বলল, ‘আমি কেন ধৈর্যের পরীক্ষা নেবো জনাব? খালেদ যে আপনার লোক, সেটা সবাই জানে। এ নিয়ে আর পরীক্ষা নেওয়া ইত্যাদির কথা আসছে কেন?’
আলমগীর বলল, ‘আপনাকে মাকসুদ সাহেব নিজে এসে বলে গেলেন আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে, তারপরেও আপনি এই কাজটা করতে পারলেন?’
‘আশ্চর্য! আমি কী কাজ করেছি? আপনি কি আমাকে সন্দেহ করছেন?
‘সন্দেহ করার কিছু নেই। এই কাজটা আপনিই করেছেন। একথা অন্য কেউ অবিশ্বাস করতে পারে, আমি করি না। আমি জানি আপনিই করিয়েছেন। আমাকে কাদায় ফেলে আপনি মজা দেখতে চাইছিলেন।
‘আপনি মাথা ঠান্ডা করুন জনাব। আমি কিছু করিনি। আপনাকে বুঝতে হবে।’
আলমগীর ফোন কেটে দেওয়ালে ছুঁড়তে যাচ্ছিল। ফোন বেজে উঠল আবার। দেখল সামিম ফোন করছে। ফোন ধরতেই বলে উঠল, ‘ইব্রাহিম কোয়ার্টারে নেই জনাব। দরজায় তালা ঝুলিয়ে কোথাও চলে গেছে। প্রতিবেশীরা বলল রাতেই চলে গেছে।’
আলমগীর এবার সত্যি সত্যিই ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল…
৩৪
শেষ রাতের দিকে ঘুম এসেছিল তুষারের। ঘুম ভাঙল ফোনের শব্দে। ধরে বললেন, ‘বল, খবরটা পেয়েছো তো?’
‘পেয়েছি, কিন্তু সমস্যা সেটা না। আরেক মহা জ্বালা হল!’ ওপ্রান্ত থেকে চিফের উত্তেজিত কণ্ঠস্বর পাওয়া গেল।
তুষার বললেন, ‘কী হয়েছে?’
‘ভোরে সৈকতের ইসলামাবাদ থেকে বেরিয়ে যাবার কথা ছিল। সে গায়েব।’
‘গায়েব মানে?’
‘গায়েব মানে গায়েব। ইব্রাহিম খান আর তার ফ্যামিলি নেই, সৈকতও নেই। সব একসঙ্গে গায়েব।
‘বোঝো!’
‘কী আর বুঝবো? কতটা ইরেসপন্সিবল বুঝেছো?’
তুষার বললেন, ‘হুঁ, আমিও একটু অবাকই হচ্ছি। বেরিয়ে আসার পরিবর্তে ইব্রাহিম খানকে বাঁচাতে চাইছে। মায়া পড়ে গেছে যা বুঝতে পারছি।’
‘দয়ামায়ার কী আছে বল তো?’
‘তা নয়। তবে আলমগীর ইব্রাহিমকে ছাড়ত না। পেলে শুধু ইব্রাহিম না, ওর গোটা ফ্যামিলিকে মেরে ফেলতো। সৈকত সেটা বুঝেই ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে।’
‘প্লিজ তুষার, তুমি আর ছেলেটাকে ডিফেন্ড কর না। ও যা করেছে, তা ক্ষমার যোগ্য না। এখন যদি ইব্রাহিমই ওকে ধরিয়ে দেয়?’
চিন্তায় পড়ে গেলেন তুষার, ‘ঠিক আছে, আজকের দিনটা দেখো। যদি যোগাযোগ করে, তাহলে তো হয়েই গেল। আর কনগ্র্যাচুলেশনস, আবু খালেদের জন্য।’
‘রাখো তো, সবার বেরনোর প্রসেস শুরু হয়েছে, আর এ এখন ঘরের খেয়ে পাকিস্তানের মোষ তাড়াতে গেছে। একে পেলে আমি কোর্ট মার্শাল করব।’
‘ঠিক আছে, উত্তেজিত হোয়ো না। কিছু হবে না।
‘আমাকে সান্ত্বনা দিও না। আমার মাথা ভীষণ গরম হয়ে আছে। রাখছি এখন। আজই আবার মিটিং আছে। তুমি সামলিও আমায়।’
‘হ্যাঁ হ্যাঁ। সামলে নেবো। এখন মাথা ঠান্ডা কর। টেক কেয়ার।
ফোন রেখে উঠে বসলেন তুষার। একটু সময় চিন্তা করে একটা নাম্বার ডায়াল করলেন। ওপ্রান্ত ফোন ধরলে কয়েকটা নির্দেশ দিয়ে ফোন কেটে উঠে ঘর থেকে বেরিয়ে দেখলেন ইরাবতী ব্রেকফাস্ট রেডি করছেন। তাকে দেখে ইরাবতী বললেন, ‘কোনো সমস্যা হয়েছে?’
তুষার হাসলেন, ‘সমস্যা ঠিক না। আবার সমস্যাও বলতে পারো। যাই হোক, আমি এখন বেরিয়ে যাবো। একটা জরুরি মিটিং আছে।’
‘খেয়ে যাও।’
‘হ্যাঁ, খেয়ে নেবো।’
স্নান সেরে নিলেন তুষার। বেরিয়ে দেখলেন রেহান ফোন করছেন। ধরলেন, ‘গুড মর্নিং রেহান।’
‘গুড মর্নিং স্যার। কাল কয়েকটা জায়গায় আমরা হানা দিয়েছিলাম। বস্তির একটা বাড়ি থেকে চারটে ফোন পাওয়া গেছে।
‘ফোন মানে সেই কি-প্যাড ওয়ালা ফোন তো?’
‘হ্যাঁ স্যার।’
‘ফোন পেয়েছো মানে ফোনগুলো যে কারণে ব্যবহার করা হবে, সেগুলোও পেয়ে যাবে। আরও খুঁজতে হবে।’
‘স্যার আরেকটা লিড আছে।’
‘বল।’
‘ইসফাককে তুলেছিলাম। ও বলছে সামনে বড়ো দলের আসার কথা আছে।’
‘ব্যাটাকে ছেড়ো না। আরও জিজ্ঞাসাবাদ কর।’
‘হ্যাঁ স্যার সে তো করছি।’
‘করে যাও। কোনোরকম চান্স নেওয়া যাবে না।’
‘রাইট স্যার। আমি লেগে থাকছি।’
‘হাউজবোটগুলো ক্লিয়ার?’
‘অলমোস্ট। অল্প কিছু বাকি আছে।’
‘দেখে নাও। সব পথ বন্ধ কর।’
‘রাইট স্যার।’
‘উসমানের খবর কী?’
‘খোঁজ চলছে। এদেশেই আছে।’
‘ছাড়া যাবে না।’
‘ছাড়ব না স্যার। কথা দিলাম।’
‘জয় হিন্দ।’
‘জয় হিন্দ স্যার।’
ফোন রাখলেন তুষার। বেরোতে হবে। মাথায় চিন্তা ভর করতে শুরু করেছে। সৈকতের বয়স কম। কী করতে কী করবে কিছুই বোঝা যাচ্ছে না। হৃদয় দৌর্বল্য নাকি? এই বয়সে সেসব হতে পারে তবে সৈকতকে তারা অনেকভাবে ট্রেইন করেছিলেন। তাতে হৃদয় দৌর্বল্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সৈকত বুদ্ধিমান, সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
ছোটো বলেই সে সব কিছু ওলোটপালোট করে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই।
অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া এদেশে থেকে আর কিছু করার নেই…
