৩৫
তারেক দুপুরে একবার বেরনোর চেষ্টা করেছিল। শিকারা বাঁধা থাকে বোটের সঙ্গে। নিজের ঘরের জানলা থেকে চারদিকটা ভালো করে দেখে তারেক শিকারার কাছে গিয়ে সবে শিকারাকে হাউজবোটের থেকে আলাদা করতে যাবে, এমন সময় কামরানের গলা পেয়ে চমকে উঠল সে, ‘বোটে যাও তারেক মিয়াঁ। বোকামি কর না। তুমি কি ভেবেছো আমি ঘুমিয়ে আছি?’
তারেক কাঁদো কাঁদো গলায় বলল, ‘আমার আর এক জায়গায় থাকতে ভালো লাগছে না। আপনিও চলুন, লালচক বাজার থেকে ঘুরে আসি।’
কামরান বলল, ‘ডেকে নেবো। তবে এখন না। যাও, ঘরে যাও।’
তারেক বুঝল এখান থেকে পালানো সহজ হবে না। সে আবার তার ঘরে ফিরে গেল। উসমান রীতিমতো হুমকি দিয়ে রেখেছে। কোনো টুরিস্ট যেন কোনোভাবেই আঁচ না পায় তার অবস্থা। সামান্য কিছু এদিক-ওদিক হলে সে টুরিস্টদের মেরে দেবে।
তারেক সভয়ে বলেছে সেসব কিছু করবে না সে। উসমান অত্যন্ত ঠান্ডা মাথার খুনি। কোনোরকম বোকামি করে সাধারণ কোনো টুরিস্টের জীবনহানি ঘটাতে চায় না তারেক।
মায়াবী হ্রদে একসময় সন্ধ্যা নামে। পর্যটকেরা ফিরে আসে হাউজবোটে। কেউ এসেই ঘরে ঢুকে যায় দরজা বন্ধ করে, কেউ বা ড্রইং রুমে বসে টিভি দেখে, ভাব জমায় দূর থেকে আসা দুটো পরিবার। এসবই দেখে অভ্যস্ত তারেক এতদিন পর পর্যটকদের দেখেও কেঁপে ওঠে। বার বার তার চোখ বাইরের দিকে চলে যায়। ভাবে এই বুঝি উসমান এসে এই নিরীহ লোকগুলোকে মেরে দিয়ে চলে যাবে। চিন্তা করতে পারে না সে। ভাবলে বুক ভার হয়ে আসে। রাতে আতঙ্ক গ্রাস করে তাকে। একটার পর একটা বিনিদ্র রজনী চলে যায়। এই উপত্যকা ছোটো থেকে নানা কারণে উপদ্রুত হয়ে আছে, সে অনেক দেখেছে। অনেক প্রলোভন ছিল, কিছুতেই কোনো ফাঁদে পা দেয়নি। ভাইয়ের উদাহরণ দেখিয়েও মিলিট্যান্টরা তাকে দলে ভেড়াতে চেয়েছিল, কতজন এসে তাকে ‘ডরপোক’ বলেছে। বলেছে সে তার বেরাদরদের ভালোবাসে না। তাদের প্রতি তার কোনো আনুগত্য নেই।
তারেক এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করেছে শুধু তার আব্বুর কারণেই। আব্বু সেই ছোটোবেলায় বলেছিল মেহমানকে প্রাণ দিয়ে রক্ষা করার দায়িত্ব তার। কারো যেন গায়ে কেউ একটু খোঁচাও না মারতে পারে। উসমান কথাগুলো শুনে কী হাসত!
তারেক কোনোদিন হাসেনি। হৃদয়ের মধ্যে কথাগুলো গেঁথে গেছে। মানুষের খারাপ ভাবতে পারে না সে। অথচ তার ভাই-ই এমন হল!
রাত ন-টা। তারেক বিছানায় শুয়ে পড়েছিল। এমন সময় তার ঘরের দরজায় এসে কেউ ঠক ঠক করতে থাকল।
তারেক উঠে বসে বলল, ‘কে?’
‘দরজা খোল।’
উসমান!
তারেক বলল, ‘কী চাই?’
‘খোল বলছি।’
তারেক দরজা খুলল। উসমান দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে একগাদা গালাগাল দিয়ে বলল, ‘কাফের রেহানটা আবার তল্লাশি শুরু করেছে।’
তারেক বলল, ‘কী করতে চাস তুই? মানুষের ক্ষতি করতে চাস? নিরীহ মানুষদের মারতে চাস তুই?’
উসমান আঙুল তুলে বলল, ‘সে কৈফিয়ত আমি তোকে দেবো? আমরা বেঁচে থাকলেও যাদের শ্বাস নিতে কষ্ট হয়, তাদের হয়ে কথা বলার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। উপর থেকে অর্ডার ছিল তোকে সরিয়ে দেবার, আমার জন্য বেঁচে আছিস, ভুলে যাস না। এমনকী কামরান ভাইও আমাকে বলেছিল তোকে সরিয়ে দিতে।
তারেক বলল, ‘সরিয়ে দিচ্ছিস না কারণ আমি গুম হয়ে গেলে রেহান খান সন্দেহ করবে। ভালোবাসা দেখাচ্ছিস? আমার তোর ভালোবাসার দরকার নেই।’
উসমান পকেট থেকে রিভলবার বের করে তারেকের কপালে ঠেকিয়ে বলল, ‘চুপ করে থাক। আমাকে বেশি বকাবি না। তোর সঙ্গে আমি কোনোরকম আলাপ করতে চাই না।’
তারেক কেঁপে উঠে চুপ করে গেল।
উসমান খাটে উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করল। পুলিশের স্পিড বোটের শব্দ দূরে চলে গেছে।
উসমান স্বস্তির শ্বাস ফেলে খাট থেকে নেমে বলল, ‘ভালো ছেলে হয়ে থাক। ইনাম পাবি।
তারেক কিছু বলল না। চুপ করে রইল।
উসমান ঘর থেকে বেরনোর আগে বলল, ‘ইন্ডিয়ানদের চোখে ভালো ছেলে হয়ে থেকে ভাবছিস ওরা তোকে কিছু করবে না? ভুল ভাবছিস। আমাকে ওরা যে চোখে দেখে, তোকেও ওরা সে চোখেই দেখে। তুই একটা গাধা।’
তারেক বলল, ‘আমি গাধাই ভালো। আমাকে বোঝাতে হবে না। তুই যা যে চুলোয় যাবি।
উসমান সশব্দে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে চলে গেল।
তারেক কয়েক সেকেন্ড চুপ করে থেকে জোরে শ্বাস নিল। নাহ… এবার একটা কঠোর সিদ্ধান্ত তাকে নিতেই হবে…
৩৬
ইসলামাবাদ।
রফিক নিজেই ড্রাইভ করে আলমগীরের বাড়িতে পৌঁছোল। আলমগীর থমথমে মুখে বসে আছে। রফিক বলল, ‘আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আপনাকে আমি খোলসা করে বলি আলমগীর সাহেব, আপনার কোনো বিষয়ে আমি মাথা গলাইনি। আপনার কোনো লোককে আমি মারিনি। আমাদের সবার মকসদ এক।’
আলমগীর গম্ভীর মুখে হাত নেড়ে রফিককে বসতে বলল।
রফিক বসতে আলমগীর বলল, ‘আমি আপনাকে বলেছিলাম, আপনার দফতর থেকে খবর বেরিয়ে যায়। আমার ধারণা যে পাখি আপনার অফিসে বসে, সে পাখি আমার এখানেও বসেছিল। যেভাবে আমার দু-জন সৈন্যকে মারা হল, তা স্বাভাবিক না। আমাদের পরের কাজের সব থেকে গুরুত্বপূর্ণ দু- জন পর পর খুন হল।’
রফিক বলল, ‘আপনি কি আমাকে বলবেন, মানে এখন বলতে পারবেন আপনার পরের কাজ কী ছিল?’
আলমগীর বলল, ‘বলব, তার আগে আপনি বলুন ইব্রাহিম খানের সঙ্গে আপনার এত কীসের কথা ছিল?’
রফিক বলল, ‘আপনার সোর্সটা জানার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটাও আপনার ক্ষতি করার উদ্দেশ্যে করিনি, স্বাভাবিক কৌতূহল…’
‘কিংবা আরও ভেতরে ঢোকার চেষ্টা। আপনি ইব্রাহিম খানকে লুকোননি, তাই তো?’
রফিকের আরও অবাক হবার পালা, ‘লুকবো মানে? আমি কেন লুকোতে যাবো?’
আলমগীর বলল, ‘সেটা আপনিই বলতে পারবেন। আমি কী করে বলব? ইব্রাহিম খানকে পাওয়া যাচ্ছে না। আবু খালেদের ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না। ইব্রাহিম খানের পক্ষে আবু খালেদ কেন মরেছে তা জানা সম্ভব না। কিন্তু ও জেনেছে এবং পালিয়েছে। এর অর্থ হল যারা আবু খালেদকে মেরেছে, তাদের মধ্যে ইব্রাহিম খান আছে।’
রফিক কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ‘হুঁ, এর মানে তাই দাঁড়ায় বই কী। আরেকটা জিনিস হতে পারে। ইব্রাহিম খানকে কেউ গুমখুন করেছে। হতে পারে আপনার গোপন কথা সে জানে বলে আপনিই করেছেন।’
আলমগীর বলল, ‘আপনার কি মনে হয় না এবার আপনি ফালতু কথা বলছেন? আমি তো শুরুতেই বলেছি আসুন সবাই নিজের গোপন তাসগুলো দেখাই। আপনি জানেন ইব্রাহিম খানকে কে গুম করেছে?’
রফিক বলল, ‘জানি না। ইব্রাহিম খান পালাতে পারবে না। ওই আলুমার্কা চেহারা নিয়ে কোথায় আত্মগোপন করবে? ঠিক বের করে নেবো।’
আলমগীর বলল, ‘আমার ওকে চাই রফিক সাহেব। ওর গলায় পা দিয়ে পিষে ওকে আমি নিজের হাতে মারবো। এত বড়ো সাহস! আমার দু-দু-জন লোককে মেরে দিল?’
রফিক বলল, ‘আপনি আপনার লোকেদের খুঁজতে বলুন। আমিও খোঁজ লাগাচ্ছি। পালিয়ে যাবেই বা কোথায়? যেখানেই যাক, ঠিক বের করে নেবো। কোনো নরকে গিয়েই আর পালিয়ে বাঁচতে পারবে না ও।’
আলমগীর বলল, ‘আপনার এখানে হাত নেই, আমি বিশ্বাস করছি আপাতত। তবে ওকে পেলে আপনি আমার হাতে তুলে দেবেন। এই বিষয়ে আপনি কোনো আপত্তি করবেন না।’
রফিক শ্বাস ছাড়ল, ‘করব না। দেখছি কী করা যায়। ওর যাদের সঙ্গে ওঠা- বসা, তাদের ধরে দু-ঘা দিলেই সব বেরিয়ে যাবে।’
‘অফিসের লোকদের সঙ্গে কথা বলুন। তবে ওর ড্রাইভারকেও কিন্তু পাওয়া যাচ্ছে না।’
‘গাড়ি নিয়ে পালিয়েছে আর কী! খুব বেশি দূর যেতে পারবে না। দেখছি আমি। আপনি ভাববেন না।’
‘যা কথা ছিল, সেটার যেন অন্যথা না হয়।’
‘হবে না আলমগীর সাহেব। আমি দেখছি। যা করার আমিই করব।’
‘দেখি, কী করেন আপনি। আমি অপেক্ষা করব।’
রফিক উঠে দাঁড়াল। ভ্রূ কুঁচকে আছে তার।
ইব্রাহিম?
বিশ্বাস হচ্ছে না এখনও। সোহেলকে ফোন করে অ্যালায়েড ব্যাঙ্কের ড্রাইভারদের ব্যাপারে খোঁজ নিতে বলল সে। ইব্রাহিমের পরিবার…
রফিক ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল। ওপ্রান্তে রিং হয়ে একজন
ধরলে সে বলল, ‘ম্যাডামকে ফোন দাও।’
কয়েক সেকেন্ড পর একটা কণ্ঠস্বর ভেসে এল, ‘বল।’
‘ইব্রাহিম খান… নামটা চেনা চেনা লাগছে আফসানা ম্যাম?’
‘হুঁ, কী হয়েছে?’
‘ওকে দিয়ে আলমগীরের কাজ করানোর প্ল্যানটা নিশ্চয়ই তোমার ছিল? তুমি ছাড়া এত বুদ্ধি আর কার হবে? তুমি তো বুদ্ধির জাহাজ!’
‘উফ, এত উত্তেজনা কেন সকাল সকাল? কী হয়েছে বলুন।’
ইব্রাহিম খান পালিয়ে গেছে। ওমর সঈদ আর আবু খালেদ দু-জনেই খুন হয়েছে।’
‘হোয়াট? আবু খালেদও? আর এক মিনিট, এক মিনিট… ওমর সঈদেরটা আমি জানি। খালেদ… ওহ আল্লাহ। বিশ্বাস হচ্ছে না। কিন্তু ইব্রাহিমের ক্ষমতা নেই এসব করার। ওকে আমি ছোটোবেলা থেকে চিনি। আপনাদের কোনো ভুল হচ্ছে।’
‘যদি তাই হয় তবে নিখোঁজ হয়ে গেল কেন? কোথায় গেছে?’
‘কোথায় আর যাবে? ওর বুদ্ধিশুদ্ধি চিরকালই কম। না আবার থানার সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিল।’
আফসানা জোরে হেসে উঠল।
রফিক বিরক্ত গলায় বলল, ‘এখন হাসাহাসির সময় নয় ম্যাডাম। আলমগীর প্রথমে আমাকে সন্দেহ করছিল।’
‘সন্দেহ তো করবেই জনাব। আপনার টাকা খাবার ক্ষমতা নিয়ে সবাই সম্যক ওয়াকিবহাল।’
রফিক হাসল, ‘তোমার কেন মনে হয় টাকার জন্য আমি ওদের মারবো?’
‘কারণ ওদের কাছে টাকা আছে। আলমগীর ওদের মাধ্যমে কাশ্মীরে টাকা পাঠাচ্ছে।’
রফিক শিস দিয়ে উঠল।
আফসানা বলল, ‘কী হল? এত আনন্দ কেন?’
রফিক হাসতে হাসতে বলল, ‘আমি মিসিং লিঙ্কগুলো খোঁজার চেষ্টা করছিলাম। আলমগীর আমাকে পুরো অন্ধকারে রেখেই সবটা করছিল কিনা! এবার তুমি সবটা বলে দিলে। আর কোনো সমস্যা রইল না।’
‘নো ওয়ে! আলমগীর রফিক আহমেদকে, আই মিন আই এস আই চিফের কাছ থেকে গোটা ব্যাপারটা লুকিয়ে রেখেছিল? কান্ট বিলিভ দিস।’
‘হুঁ… হাসান মাকসুদ আমাকে এর মধ্যে নাক গলাতে বারণ করেছিলেন। আমার জানার কথা ছিল, কোট আনকোট ‘সময় হলে’।’
‘তাহলে তো আমি কথাগুলো বলে ভুল করেছি।
‘না, ভুল করনি। আপাতত তোমার ওই ভাইয়ের খোঁজ করা যাক। ব্যাটা অনেক কিছু জানে। পালিয়ে গেল কেন?’
‘হতে পারে ওকে নিয়ে বেশিই ভাবা হচ্ছে। হতে পারে ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়! এমনিই পালিয়েছে আর সময়গুলো ম্যাচ করে গেছে। ও এত কিছু করতে পারে বলে আমি বিশ্বাস করি না।
‘টাকার পরিমাণটা কত?
রফিকের প্রশ্ন শুনে আফসানা চুপ করে গেল।
রফিক বলল, ‘আমি শুনতে চাই… বল।
আফসানা বলল, ‘আমি জানি না। আস্ক আলমগীর। আমার আর কিছু বলা
ঠিক হবে না। ডু ইয়োর জব অফিসার।’
রফিক ফোন কেটে দিল।
সোহেল ফোন করছে আবার, ধরল সে, ‘বল।’
‘ইব্রাহিম খানের ড্রাইভারের আসল ঠিকানা কেউ জানে না জনাব। কেউ বলছে করাচি, কেউ বলছে কাশ্মীর, কেউ বলছে ফয়সলাবাদ।’
রফিক হেসে ফেলল আবার, ‘খোদার উপরে খোদকারি হয়েছে মনে হচ্ছে সোহেল। ছবি আঁকিয়ে খোঁজাও। এখনই।
‘ওকে জনাব।’
ফোন রেখে রফিক গাড়িতে উঠে বসল।
নিজের মনেই বলল, ‘ইন্টারেস্টিং… ভেরি ইন্টারেস্টিং…’
৩৭
‘দুটো নিউজ এসেছে ওপার থেকে। আমি খবরটা পেয়ে গেছি, আপনি কি জানেন সেটা?’
প্রতিরক্ষা মন্ত্রী চিফের দিকে তাকিয়ে কথাগুলো বললেন।
এই ঘরে আপাতত চিফ আর মন্ত্রী ছাড়া আর কেউ নেই।
চিফ বললেন, ‘ওপার মানে?’
‘ওপার মানে পাকিস্তান। আর দু-জন মানে ওমর সঈদ আর আবু খালেদ। এই দু-জনের নাম জানেন তো আপনি?’
‘হ্যাঁ, জানি তো স্যার। দু-জনেই নটোরিয়াস ক্রিমিনাল। খবরটা পেয়ে খুবই খুশি হয়েছি।’
‘আপনি করাননি বলছেন?’
‘না না স্যার। আমি আবার এসব কেন?’
‘চিফ সাহেব, আপনি কিন্তু…’ মন্ত্রী রাগতে গিয়ে হেসে ফেললেন।
চিফ বললেন, ‘ওরা বড়ো প্ল্যান করছে স্যার। আমরা চেষ্টা করছি সব রকমভাবে প্রতিরোধ করার।’
‘আপনার দিক থেকে আপনি নিশ্চিন্ত তো? কোনো ভারতীয় ওদেশে আটক হলে আমার রক্তক্ষরণ হয় চিফ সাহেব। ওই অস্বস্তি আমাদের মতো সাধারণ নাগরিকরা নিতে পারে না। আপনাদের হৃদয় শক্ত, আপনারা হয়তো পারেন। আমরা পারি না।
‘আমার হৃদয়ও নরম। আমিও নিতে পারি না স্যার।’
‘আর তুষার? তুষার কী বলছেন? আপনাদের দাবা খেলাটা চলছে?’
‘চলছে স্যার। রাত জেগে তাই তো করি আমরা।’
‘আমাকেও ডেকে নেবেন আর কী! আমারও আজকাল ঘুম হয় না। কী যে করছেন আপনারা।’
‘আশা করি সব ঠিক হয়ে যাবে স্যার।’
‘এই দু-জনের ঘটনায় কি কোনো লাভ হবে?’
‘হওয়া উচিত। আমি হয়তো খুব শিগিরি আপনাকে কোনো সুभव দিতে পারবো।’
‘অপেক্ষায় থাকব। টেনশন দেবেন না চিফ।’
‘না না স্যার। একবারেই না।’
প্রতিরক্ষা মন্ত্রীর ঘর থেকে বেরিয়ে চিফ অফিসে ফোন করলেন। ওপ্রান্তে
ফোন রিসিভ হতেই বললেন, ‘ছেলেটার কোনো আপডেট?’
‘নেগেটিভ স্যার। এখনও কোনো খবর নেই।
‘উফ! টেনশনে ফেলে দিল তো!’
‘স্যার, আমরা দেখছি স্যার। কোনো খবর এলেই আপনাকে জানাচ্ছি।
ফোন রাখলেন চিফ। গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, ‘অফিস।’
গাড়ি চলতে শুরু করল। চিফ ভ্রূ কুঁচকে গোটা পথ দিল্লির রাস্তাঘাট দেখে গেলেন। চেম্বারে ঢুকে তুষারকে ফোন করলেন। তুষার ফোন ধরে বললেন, ‘কথা হল?’
‘হ্যাঁ। সন্দেহ করছেন। হয়তো বুঝেও গেছেন।’
তুষার হাসলেন, ‘আরে সে তো বুঝতে পারবেনই। রেগে আছেন কি?’
‘সেটা বোঝা যায়নি। ছেলেটার কোনো খবর পেলে?’
‘আরে তুমি অস্থির হয়ে যাচ্ছো কেন? চিন্তা কর না অকারণ। ওয়েল ট্রেইন্ড নওজওয়ান, ও ঠিক সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবে। বিদুরের কাছে থেকে থেকে ওর মতো হবার চেষ্টা করছে আর কি!
‘সব ঠিক আছে কিন্তু ওদের মেহেমানদারির কথা মাথায় এলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।’
‘কিছু ভাবতে হবে না…’
কথা বলতে বলতেই চিফ দেখলেন তার আরেকটা ফোনে রফিক আহমেদ ফোন করছে। তুষারকে হোল্ড করতে বলে রফিকের ফোনটা ধরলেন তিনি, ‘কী খবর?’
‘আরে আপনি আপনার খবর বলুন। সব ঠিক আছে তো?’
‘হ্যাঁ, দিল্লির ওয়েদার একবারেই ঠিকঠাক এখন। ঠিকই আছে। হঠাৎ আমাকে মনে পড়ল, সব ঠিক আছে তো?’
‘জেনিভায় আপনি যাচ্ছেন তো?’
‘হ্যাঁ, যাচ্ছি। তুষারও যাবে।’
‘বাঃ। বাঃ। খুব ভালো। দেখা হবে। এই জন্যই ফোন করেছিলাম। অনেকদিন
পরে দেখা হবে, খোঁজখবর রাখতে তো হবেই। খোদা হাফেজ।’
‘খোদা হাফেজ।’
ফোন কেটে চিফ বিড়বিড় করে বললেন, ‘স্কাউড্রেল।’
তুষারের ফোনটা ধরে বললেন, ‘ব্যাটা কিছু একটা বুঝতে পেরেছে বুঝলে তুষার, ফোন করে খেজুরে আলাপ করছে।’
‘তা তো করবেই। ওদিকেও বিশেষ তল পাচ্ছে না যা মনে হচ্ছে। আলমগীর ওকে একবারেই পছন্দ করে না।’
‘হুঁ। কিন্তু রফিক ভীষণ ধূর্ত আর শয়তান। ও বুঝতে চেষ্টা করছে আবু খালেদ ওমর সঈদের ঘটনায় আমরা আছি নাকি। আমি কথা বাড়াইনি।
‘কথা বাড়ানোর দরকারও নেই।’
‘ছেলেটা মহা চিন্তায় রাখল। আজ বিকেলের মধ্যে ওরা ও দেশ থেকে বেরিয়ে যেত। কী করছে, কী প্ল্যান ছিল, এসব কমিউনিকেট করে রাখলে চিন্তার কোনো কারণ ছিল না।’
‘তোমার মন বার বার ওর দিকে যাচ্ছে কেন? অন্য কিছু ভাবো। ফোনে গেম খেলো।’
‘তা কি সম্ভব? ব্যাটা এমনি এফিশিয়েন্ট কিন্তু ওর মাথাটা মাঝে মাঝে বিগড়োয়।’
‘ভেবো না ভেবো না। বরং দাবার চালটা নিয়ে ভাবো যাতে নিজের মন্ত্রী বাঁচাতে পারো।’
‘দেখা যাবে। আমিই জিতব দেখবে শেষমেষ
‘বেশ তো, বেস্ট অফ লাক।’
ওপ্রান্তে হাসতে হাসতে ফোন রাখলেন তুষার।
চিফের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠেছিল, পরক্ষণেই সৈকতের কথা মাথায় আসায় সে হাসি চলে গেল…
৩৮
কলকাতা। ভোর সাড়ে পাঁচটা।
মিনির ঘুম ভেঙে গেল সকাল সকাল।
বাইরের ঘর থেকে জ্যেঠুর কাশির শব্দ আসছে। সে ঘর থেকে বেরিয়ে দেখল জ্যেঠু তৈরি হচ্ছে।
অবাক গলায় বলল, ‘কোথায় যাচ্ছো তুমি?’
জ্যেঠু রাগী গলায় বলল, ‘সব ভুলে যাস নাকি? তিন দিন আগেই তো তোকে
বলেছিলাম একটা দলের সঙ্গে নর্থ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছি। মন কোথায় থাকে আজকাল?’
মিনি জিভ কাটল প্রথমে, পরক্ষণে তার মনে পড়ল জ্যেঠু এরকম তো কিছু বলেনি! সে বলল, ‘তুমি এরকম কিছু বলোনি জ্যেঠু! কাকে বলতে কাকে বলে দিয়েছো, তারপর আমার নামে বিল কাটছ? মনে করে দেখো দেখি, মাকে বলেছো না কাকিমাকে?’
জ্যোতির্ময় বললেন, ‘থাক, এখন ইতিহাস ভূগোল ঘাঁটতে হবে না। মানিব্যাগটা ফেলে এসেছি। নিয়ে আয় দেখি, এই নে চাবিটা নে। আসার সময় ঘর তালা দিয়ে চাবিটা আমাকে দিবি। তালা দিতে ভুলিস না। তোর হুলো বেড়ালটা নইলে আমার ঘরে গিয়ে হেগে মুতে আসবে, কারো তো কোনো খেয়াল থাকরে না। ঘরটা নোংরা হবে খামোখা।’
মিনি বলল, ‘দাঁড়াও, এখনই নিয়ে আসছি।
জ্যেঠুর মানিব্যাগ জ্যেঠুর ঘরেই থাকে, মিনি তালা খুলে মানিব্যাগটা দেখতে পেল। বেরনোর সময় আবার ঘরটা তালা দিয়ে এল।
চাবি আর মানিব্যাগটা জ্যেঠুকে ফেরত দিয়ে বলল, ‘আজকাল খুব একা একা ঘুরছো তুমি। আগে আমাদের সঙ্গেই যেতে।’
জ্যেঠু বলল, ‘কী বলব বল? তোর বাবা আর কাকার তো সময়ই হয় না। আমার আবার বেশিক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে না। এদিক-সেদিক না গেলে হয়?
মিনি বলল, ‘নিজে নিজে ব্যাগ গোছালে? আমাকে ডাকতে পারতে। আমি গুছিয়ে দিতাম।’
জ্যেঠু বলল, ‘নেবার তো তেমন কিছু নেই। চারটে জামা, চারটে প্যান্ট, ঘরে পরার কিছু… তোকে ডাকলে তুই যদি আবার বিরক্ত হতিস!’
মিনি বলল, ‘এবাবা, এসব কী কথা বলছ? আমি আবার বিরক্ত হব কেন?’
সোমেনও উঠে পড়েছিলেন। বাইরে এসে জ্যোতির্ময়কে দেখে বললেন, ‘তুই কোথায় যাবি আবার?’
জ্যোতির্ময় বললেন, ‘নর্থ ইন্ডিয়া। বলেছি না?’
সোমেন একটু ভেবে বললেন, ‘বলেছিস নাকি? হবে হয়তো! ভুলে গেছি। ক-দিনের জন্য?’
জ্যোতির্ময় বললেন, ‘দিন পনেরো লাগবে। বেনারস যাবো, হরিদ্বার, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সব যাবো। বাসে করে ঘোরাবে।’
সোমেন বললেন, ‘সে ঠিক আছে। ফোন ধরবি। আর কে যাচ্ছে? অন্য কারো একটা ফোন নাম্বার দে।’
জ্যোতির্ময় রেগে গেলেন, ‘অন্য লোকের নাম্বার আবার কী? আমি কি কচি খোকা? এসব কথা বলবি না।’
মিনি খিলখিল করে হেসে উঠল, বলে কচি খোকা নাকি। ও জ্যেঠু, কী নিয়ে আসবে?’
জ্যোতির্ময় বললেন, ‘দেখি কী আনা যায়। তুই ভালো করে পড়াশুনা করিস। আমি আসি রে। ট্যাক্সি একটা আছে দেখছি এলাকায়, দেখি ওটা যায় নাকি।’
তাড়াহুড়ো করেই যেন বেরিয়ে গেলেন জ্যোতির্ময়। সোমেন খানিকটা ব্যথিত কণ্ঠে বললেন, ‘দাদাটা কেমন যেন হয়ে গেল। অবশ্য কীই-বা করবে? একা একা থাকা কি সম্ভব? হ্যাঁ রে মিনি, আমি তো নানা কাজে ব্যস্ত থাকি, তুই কথা-টথা বলিস তো দাদার সঙ্গে, মানে যখন বাড়িতে থাকে?’
মিনি বলল, ‘হ্যাঁ, কেন বলব না। সবসময় তো ভালো মুড থাকে না। কখনো কখনো গেলে গম্ভীর গলাতেই বলে আমি এখন কাজ করছি। তুই পরে আসিস। মানে একরকম ভাগিয়ে দেয় আর কি! তখন আমার বেশ ভয় লাগে।’
সোমেন বললেন, ‘তা হতে পারে। মুড সুইং হয় এই বয়সে। একাকীত্বও থাকে। কীই আর করা যাবে!’
মিনি বলল, ‘তুমিও বরং কথা বল। লোকটা একা একা বেড়াতে যাচ্ছে। এটা দেখতে খারাপ লাগছে। বাড়ির কাউকে কিছু বলেওনি! এসব দেখলে মন
খারাপ লাগে।’
সোমেন বললেন, ‘ঠিকই বলেছিস। একা থাকতে থাকতে লোকটা কেমন পেগলে গেল।’
মিনি বলল, ‘একটা কোথাও বেড়াতে চল না, সেই ছোটোবেলার মতো। জ্যেঠুও যাবে। দেখো না, আমার পরীক্ষাটা হলেই চল বরং।’
সোমেন দুঃখিত কণ্ঠে বললেন, ‘ঠিক বলেছিস। সেই দিনগুলোই কোথায় যেন চলে গেল সব।’
৩৯
দুপুর একটা।
ইসলামাবাদ লাহোর মোটরওয়ের পাশ দিয়ে একটা রাস্তা বেঁকে গেছে মান্ডিয়ালির দিকে। সে রাস্তায় দশ কিলোমিটার গিয়ে গম ক্ষেতের পাশে গাড়ি দাঁড় করিয়ে আহমেদ বলল, ‘আপনার আত্মীয়ের বাড়ি এই দিকেই তো? আপনি ঠিক জানেন?’
ইব্রাহিম মাথা চুলকে বলল, ‘আমার যতদূর মনে পড়ছে ফুপু এই রাস্তার কথাই বলেছিল। আরেকটু চল দেখি।’
আহমেদ গজগজ করতে করতে গাড়ি স্টার্ট দিল।
সাবা গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে পড়েছিল। ইব্রাহিমকে একটা নকল দাড়ি পরিয়েছে আহমেদ। মাঝে মাঝেই সেটা কুটকুট করছে। ইব্রাহিম একবার রেগেমেগে দাড়িটা খুলতে যাচ্ছিল। আহমেদ হাঁ হাঁ করে উঠে আটকেন্তে, ‘আপনার কি মাথা খারাপ হয়েছে? আলমগীরের লোক গোটা পাকিস্তানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাকে খুঁজে পেলে আর রক্ষে নেই!’
ইব্রাহিম কাঁদো কাঁদো গলায় বলল, ‘কী জ্বালা হল বাপু। যার হয়ে কাজ করলাম, সেই আমাকে ফাঁসিয়ে দিল?’
ইব্রাহিমের স্ত্রী ফারাহ বললেন, ‘কী কাজ করেছো তুমি? মেয়েটা ছোটো। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো নাকি?’
ইব্রাহিম ধমক দিল, ‘তুমি বুঝবে না। আমার অফিসে অনেক ঝামেলা হয়ে গেছে।’
ফারাহ বললেন, ‘চুরি করেছো নাকি? হায় আল্লাহ, আমার একী সর্বনাশ হল গো, শেষে চুরি করলে তুমি?’
ইব্রাহিম আহমেদের দিকে ফিরে বলল, ‘এর থেকে ওরা আমাকে মেরে ফেলতো! সুখে থাকতাম আমি। তোর বুদ্ধিতে আমি বেরিয়েছি। কী দরকার ছিল? নিয়ে গেলে নিয়ে যেত।’
আহমেদ বলল, ‘আপা আপনি একটু শান্ত হন। জনাব তেমন কিছুই করেননি। দু-দিন লুকিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে। কতগুলো খুনি বদমাশ জনাবের পেছনে লেগেছে।’
ফারাহর কান্না কমল না। বেড়ে গেল। ইব্রাহিম মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। আহমেদ গাড়ি স্টার্ট করে আরও দু-কিলোমিটার যাবার পর একটা চৌরাস্তা পড়ল।
ইব্রাহিমের চোখ-মুখ উজ্জ্বল হল, ‘এই তো মনে পড়েছে। ডান দিকের রাস্তা নে। ফুপুর বাড়ি এখানেই।
আহমেদ স্বস্তির শ্বাস ফেলল। চাষ জমির মাঝে একটা বড়ো বাড়ি। আশেপাশে আর কোনো বাড়ি নেই।
ইব্রাহিম বলল, ‘যাক বাবা, রাস্তাটা মনে ছিল। চল চল। সবাই ভেতরে চল।’
আহমেদ বলল, ‘এবার দাড়িটা খুলুন।’
ইব্রাহিম দাড়িটা টান মেরে খুলে দিয়ে বলল, ‘বাঁচলাম। উফ, জীবনে এত টেনশন জানলে কে এই পৃথিবীতে আসতো?’
আহমেদ দাড়িটা আবার ইব্রাহিমের হাতে দিয়ে বলল, ‘সঙ্গে রাখুন। আবার কখন কী কাজে লাগবে, জানি না।’
ইব্রাহিম কাঁদো কাঁদো গলায় বলল, ‘সারাজীবন পালিয়ে পালিয়ে থাকতে হবে নাকি?’
আহমেদ ভাবলেশহীন গলায় বলল, ‘জীবন এখনই শেষ করতে না চাইলে আপনাকে পালিয়েই থাকতে হবে জনাব। দেশের বাইরে যাবার ব্যবস্থা করতে হবে।’
সাবা উত্তেজিত কণ্ঠে বলল, ‘তাই? তুমিও যাবে?’
ইব্রাহিম মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, ‘এই এক মেয়ে হয়েছে। আমার এখানে জীবন নিয়ে টানাটানি চলছে, আর ওর এখন কত আনন্দ। তুই যা, ভেতরে যা।’
ফারাহ সাবাকে নিয়ে বাড়ির ভেতরে গেলেন।
ফুপুর বয়স হয়েছে। এত বড়ো বাড়িতে একাই থাকেন। ইব্রাহিমকে দেখে কান্নাকাটি শুরু করে দিলেন।
বাইরে এসে ইব্রাহিম বলল, ‘এবার কী হবে?’
আহমেদ বলল, ‘আমি কী করে জানবো? আপনার ছবি দিয়ে টিভিতে প্রচার হতে পারে। তাই বেশি বেরবেন না। বেরলেও দাড়ি লাগিয়ে বেরবেন।’
ইব্রাহিম ঘাবড়ে গিয়ে বলল, ‘কী প্রচার করবে?’
আহমেদ বলল, ‘আপনি খুন করেছেন।’
ইব্রাহিম মাথায় হাত দিল, ‘আমি তাহলে একবার আলমগীরকে ফোন করি?’
আহমেদ হাসল, ‘তার থেকে পিস্তল জোগাড় করে নিজেই নিজেকে ঠুকে দিন। সেটা কাজের কাজ হবে।’
ইব্রাহিম বলল, ‘তুই কিছু কর।’
আহমেদ বলল, ‘আমি আবার কী করব? আমি এবার ফিরে যাবো। নইলে আমার ছবিও বেরিয়ে যাবে।’
ইব্রাহিম আহমেদের হাত ধরে বলল, ‘তুই চলে গেলে ওরা আমাকে ঠিক খুঁজে বের করে মেরে দেবে। আমার পরিবার পথে বসবে। তুই যাস না বাপ আমার।’
আহমেদ বলল, ‘ঠিক আছে, ঠিক আছে। থাকছি। ফুপুকে বলুন ভালো করে রান্নাবান্না করতে। আর কাউকে যেন না বলে আপনি এখানে আছেন।’
ইব্রাহিম বলল, ‘তাই করব। আয় আয়, ভেতরে আয়।’
ইব্রাহিম আহমেদকে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসাল। দেওয়ালে এক মহিলার ছবি টাঙানো। আহমেদ বলল, ‘একে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি।
ইব্রাহিম বলল, ‘আমার বোন তো। ওর নাম আফসানা সঈদ। ও তো পালিয়েই বেড়াচ্ছে। এখন ইন্ডিয়া চলে গেছে। ফুপুর কত কষ্ট বল তো!’
আহমেদ বলল, ‘ওরে বাবা, আফসানা সঈদের নামে তো মাঝে মাঝেই কাগজে বেরোয়। দেশের বিরুদ্ধে কীসব কথা বলেছে বলে দেশ থেকে বের করে দিয়েছে।
ইব্রাহিম দুঃখিত গলায় বলল, ‘আর বলিস না। সেসব নিয়ে খুব ঝামেলা গেছে। ও তো আর এখানে থাকত না, এ শহর সে শহর করে বেড়াতো। এই ধানের বাড়িতে ওরা মা থাকেন। সব কষ্ট তার উপর দিয়ে গেল।’
আহমেদ বলল, ‘আপনার জন্য সেটা ঝুঁকির ব্যাপার হবে না তো? ওঁকে খুঁজতে গিয়ে যদি এখানে পুলিশ আসে?’
ইব্রাহিম বলল, ‘না না। এখানে কোনো ঝামেলা নেই আর। কেউ আসবে না।’
আহমেদ বলল, ‘তাহলেই ভালো।’
সাবা লাফাতে লাফাতে বাইরে এসে বলল, ‘আব্বু, বাইরের ক্ষেতটা কী সুন্দর। আমি একটু ঘুরে আসি?’
ইব্রাহিম বলল, ‘একা একা যাস না। এখন চারদিকে বিপদ।’
সাবা বলল, ‘তাহলে আহমেদ ভাইজানকে নিয়ে যাই?’
ইব্রাহিম তর্জনী তুলে বলল, ‘ভেতরে যা। ঘরে গিয়ে বস। যা।’
সাবা মুখ গোমড়া করে চলে গেল।
ইব্রাহিম রুমাল বের করে ঘাম মুছে বলল, ‘যত্তসব। এদের নিয়ে কোথাও যাওয়া!’
আহমেদ বলল, ‘কী আছে? আমি সাবাকে নিয়ে ঘুরে আসি বরং।’
ইব্রাহিম আবার তর্জনী তুলে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে, ‘তু… তুই… তু…’ ছাড়া আর কিছুই বেরলো না।
