দেশান্তরে বাজ – ৫০

৫০

‘একটা মেইল পাঠিয়েছি স্যার। দেখুন।’

পীযূষ গোয়েল আশরফ খানের চেম্বারে ঢুকে কথাগুলো বললেন।

পীযূষ বেশ উত্তেজিত।

খান বললেন, ‘কী হয়েছে? হাঁফাচ্ছো কেন?’

পীযূষ বললেন, ‘মেইল দেখুন স্যার। পাঠিয়েছি।

খান তার মেইল খুললেন। কয়েকটা ছবি এসেছে। কয়েক জন চোদ্দো-পনেরো বছরের বাচ্চা ট্রেনিং করছে। কিছু বাচ্চা ইসলামিক স্টেটের পতাকার সামনে দাঁড়িয়ে শপথ নিচ্ছে।

খান বললেন, ‘এসব কোথায় হয়েছে?’

‘মেইল বডিতে লেখা আছে স্যার। রশিদিয়া, মুজাফফরাবাদের ছবি।’

খান ছবিগুলো প্রিন্ট আউট নিয়ে পীযূষকে নিয়ে তুষারের চেম্বারে গেলেন। তুষার জানলার কাছে দাঁড়িয়ে ছিলেন। খান বললেন, ‘স্যার, কিছু ছবি পাওয়া গেছে ওপার থেকে। দেখুন।’

তুষার ছবিগুলো দেখতে দেখতে বললেন, ‘আবার কিছু একটা পাকাচ্ছে। মেইল কে করেছে?’

‘মেইল না স্যার। ডার্ক ওয়েবে পেয়েছে পীযূষ।’

তুষার বললেন, ‘ছবিগুলো দেখে তো মনে হচ্ছে লুকিয়ে তোলা।’

‘হ্যাঁ স্যার।’

পীযূষ বললেন, ‘নতুন সোর্স স্যার। নাম ম্যাক্স সেভেন। ওদের মাদ্রাসায় কী কী হয়, আলমগীর কী করেছে। কেয়ামতের দিন ভয়ংকর হবে, সেসবও বলেছে।’

তুষার ছবিগুলো আরও মন দিয়ে দেখে চেয়ারে বসে বললেন, ‘কেয়ামতের দিন সবসময় ভয়ংকরই হয়। এই নিয়ে কারো কোনো দ্বিধা নেই। সমস্যা হল কেয়ামতটা কাদের, সেটা বুঝতে হবে।’

খান হেসে ফেললেন, ‘রশিদিয়া কিন্তু সবসময় লেগে আছে স্যার। একটা প্ল্যান ফেল হল না কী হল, ওদের কোনো যায় আসছে না।’

তুষার চিফকে ছবিগুলো পাঠালেন। পীযূষ বললেন, ‘ছবিগুলো জেনুইন, এই নিয়ে কোনো সন্দেহ নেই।’

খান বললেন, ‘হ্যাঁ, আর ছবিগুলো দেখলেই বিদুর স্যার আর ফিরবেন না।’

তুষার বললেন, ‘না না। এসব কাউকে পাঠাতে হবে না। রেখে দাও। এটা পিওর ট্র্যাপ।’

মাথুর নক করলেন। তুষার বললেন, ‘এসো, ছবিগুলো দেখো।’

মাথুর ছবিগুলো দেখে বললেন, ‘আমার ছেলের বয়সি বাচ্চাগুলো। দেখে কষ্ট লাগছে স্যার।’

তুষার বললেন, ‘হ্যাঁ, কষ্ট লাগবেই। যাদের ওরা ব্রেন ওয়াশ করছে, তাদের কথা ভাবলে খারাপ লাগে। কিন্তু যুদ্ধে তো বয়স দেখার কোনো জায়গা নেই মাথুর। যুদ্ধ মানে সব আবেগ দূরে রেখে মুখোমুখি হওয়া। মহাভারত ভুলে গেলে? যাই হোক, এই ছবিগুলোর প্রসঙ্গে আসি, ওরা এই ছবিগুলো তুলে ডার্ক ওয়েবে ছাড়ছে আমাদের উস্কানোর জন্য। এর অর্থ দাঁড়ায় ইব্রাহিমের কেসে ওরা কিছু ইনভলভমেন্ট সন্দেহ করছে। কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছে না।’

খান বললেন, ‘ছেলেটার কোনো আপডেট নেই স্যার। চিফ স্যার ভীষণ ওয়ারিড হয়ে পড়েছেন।’

তুষার বললেন, ‘খবর নেই যখন তখন ঠিক আছে। আমি চিন্তার কিছু দেখছি না, পীযূষ, তুমি আরও কিছু ছবি দিচ্ছে নাকি নজর রাখো, বশিরের থেকেও আরও খবর বের করতে হবে।’

পীযূষ বললেন, ‘ঠিক আছে স্যার। আমি দেখছি।

পীযূষ বেরিয়ে গেলেন।

মাথুর বললেন, ‘স্যার, আপনার সোর্সগুলো অ্যাক্টিভেট করতে হবে মনে হচ্ছে। সৈকত ছোটো, ও ধরা পড়লে…’

তুষার মাথা নাড়লেন, ‘ঠিক। আমি দেখছি। তবে ধরা পড়লে এতক্ষণে রফিক আহমেদ ফোন করত…’

কথাটা শেষ হল না তুষারের ফোন বাজতে শুরু করল। তুষার দেখলেন রফিক আহমেদ ফোন করছে। অস্ফুটে বললেন, ‘হোয়াট আ কোইন্সি…’ ধরলেন, ‘আরে, কেমন আছেন?’

‘আমি তো ভালো আছি জনাব। আপনার সব ঠিক ঠাক?’

‘একবারে। বলুন।’

‘আমি ফোন করেছিলাম আপনি জেনিভায় যাচ্ছেন নাকি জানার জন্য। ‘ও হ্যাঁ হ্যাঁ। যাবো তো।’

‘ওহ। ঠিক আছে তবে। দেখা হচ্ছে।’

‘নিশ্চয়ই।’

ফোন কেটে গেল।

তুষার ফোন রেখে বললেন, ‘এই লোকটা সবাইকে জেনিভায় যাবে নাকি জিজ্ঞেস করে যাচ্ছে। স্ট্রেঞ্জ!’

খান বললেন, ‘ওকে দিল্লিতে ডেকে নিন স্যার। বেচারা আপনাদের না দেখতে পেয়ে ঘুমোতে পারছে না।

তুষার হেসেই গম্ভীর হলেন, ‘সব কিছু হাই অ্যালার্টে রাখো। সময়টা ঠিক লাগছে না আমার। ছেলেটা একটা ফোন করলে নিশ্চিন্ত হওয়া যেত, মাথুর আর তুমি বশিরকে প্রশ্ন করে যাও। যতটুকু জানে, বের কর ওর পেট থেকে।

খান বললেন, ‘রাইট স্যার।’

মাথুর বললেন, ‘কচুরি আনতে দিয়েছি। খেয়ে ঢুকছি স্যার।

তুষার বললেন, ‘ওর সামনে খাবে নাকি?’

‘সময় না থাকলে তাই করতে হবে স্যার।

‘ঠিক আছে। খেয়ে নাও। খান আগে যাও তবে, থার্ড, ফোর্স, ফিফথ, যতটুকু দরকার, দিয়ে দাও।

খান জামার হাতা গুটিয়ে বললেন, ‘দেখছি স্যার।’

***

বশিরকে বসিয়ে রাখা হয়েছে। খান ইন্টারোগেশন চেম্বারে ঢুকে ওর সামনে বসলেন।

বশিরের চোখ ঘৃণায় পরিপূর্ণ।

খান বললেন, ‘কী ব্যাপার বশির? রশিদিয়ার ক্ষুদে শয়তানগুলোকে ঢোকাতে পারলি না বলে কষ্ট হচ্ছে?’

বশির রাগী গলায় বলল, ‘নিমকহারাম।

খান বললেন, ‘নিমকহারাম মানে? তোর বাবা খাওয়াতো নাকি আমাকে? জানতাম না তো!’

বশির বলল, ‘একই ধর্মের লোক হয়ে কাফেরদের গোলামি করিস, লজ্জা লাগে না।’

খান হেসে ফেললেন, ‘আবার এক কথা। যাক গে, এসব ইতিহাস ভূগোল নিয়ে তোর সঙ্গে চর্চা করার কোনো ইচ্ছে নেই। তুই বল প্ল্যান কী ছিল?’

মাথুর কচুরির প্লেট নিয়ে চেম্বারে ঢুকে খানের পাশে বসে বললেন, ‘একটা নাও।’

খান একটা কচুরি নিলেন, দু-জনে মিলে চুপ করে খেয়ে হাত-মুখ ধুয়ে আবার বসলেন। এই সময়টা বশির থমথমে মুখে বসে রইল।

এসে মাথুর শুরু করলেন, ‘কীরে বশির, মৌলানার সঙ্গে তোর কোনো প্রেম- ট্রেম আছে নাকি? মানে তোদের তো আবার…’

বশির বলল, ‘আমাকে আমার উকিলের সঙ্গে কথা বলতে দেওয়া হোক।’

খান বলল, ‘পাকিস্তানের নাগরিকদের কোনো মানবাধিকার দেবার ঠেকা নেই ভাই। কোনো উকিল-ফুকিল হবে না। তোর বোনকে খবর দেওয়া হয়েছে। জানুক, এদেশের নাগরিক সেজে ভাই ঠিক কী কী করে বেড়াচ্ছে।’

বশির চমকে উঠে বলল, ‘আমার বোনকে কেন টেনে আনা হচ্ছে এখানে?’

খান বলল, ‘ভয় নেই। আমরা ভারতীয়। ওদেশের মতো জানোয়ার নই। তুই শুধু আমাদের প্ল্যানটা বল। তোর নিরাপত্তার দায়িত্ব আমরা নেবো। তোর থাকা, খাওয়া, বাকি জীবনের সব নিরাপত্তার দায়িত্ব আমরা নেবো। তুই ব্যাপারটা বোঝ বশির, এখানে কোনো আই এস আই, কোনো আলমগীর তোকে বাঁচাতে পারবে না। একটা কুঠুরিতে বাকি জীবনটা কাটাতে হবে। তোর উপর কোনো চার্জ নেই এখনও। ভেবে দেখ, কী করবি।

বশির চুপ করে গেল। খান বশিরের দোলাচলটা বুঝলেন। মাথুরকে বললেন, ‘বাইরে চল। ও একটু ভেবে নিক, তারপর কী করবে দেখুক।

দু-জনে উঠে বেরিয়ে গেলেন।

ঘণ্টাখানেক পর খান আবার চেম্বারে প্রবেশ করলেন।

বশির বলল, ‘জল খাবো স্যার।’

খান জলের গ্লাস নিয়ে এসে বশিরকে খাইয়ে দিলেন।

মাথুর চেম্বারে প্রবেশ করলেন।

বশির জল শেষ করে বলল, ‘আমি কিছু জানি না স্যার। আমি বাইরের এজেন্ট।’

খান বললেন, ‘যা জানিস, তাই বল।’

বশির বলল, ‘আমার শুধু লোক নিয়ে কারবার। বাকিটা আমি কিছু করি না। একটা লোক আছে। মাঝে মাঝে ফোনে ইন্সট্রাকশন দেয়। কোত্থেকে দেয়, জানি না। তবে তার কথাবার্তা পাকিস্তানের কারো সঙ্গে মেলে না।’

খান আর মাথুর মুখ চাওয়াচাওয়ি করলেন। মাথুর বললেন, ‘নাম কী?’

বশির মাথা নাড়ল, ‘জানি না। মৌলানাও ওর কথা শোনে।’

তুষার খানকে ফোন করে বললেন, ‘ছবিগুলো দেখাও ওকে।’

খান ফোন বের করে ছবিগুলো বশিরকে দেখাতে শুরু করলেন, ‘এটা রশিদিয়াই তো?’

বশির ছবিগুলো দেখে বলল, ‘জি।’

তুষার ঢুকলেন চেম্বারে, বললেন, ‘তুমি যার কথা বললে, তার কোড নেম কি ম্যাক্স সেভেন? জানো এই ব্যাপারে কিছু?’

বশির ঘাড় নাড়ল, ‘জানি না।’

তুষার বশিরের সামনে বসলেন। বললেন, ‘কী জানো তাহলে?’

বশির একটু থেমে বলল, ‘এমন শব্দ হবে, যা গোটা পৃথিবী শুনবে। তারপরে ফুল ফুটবে।’

তুষার খানের দিকে তাকালেন। খান বললেন, ‘ব্লাস্ট?’

বশির মাথা নাড়ল, ‘জানি না স্যার।’

পীযূষ কাচের সামনে এসে দাঁড়িয়ে ইশারা করলেন। তুষার চেম্বার থেকে বেরিয়ে গিয়ে বললেন, ‘বল।’

পীযূষ বললেন, ‘স্যার, আরও ফটো দিয়েছে। দিয়েই যাচ্ছে, এ যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।’

তুষার বললেন, ‘ঠিক আছে। কাউকে দেখানোর দরকার নেই। সব ছবি একজায়গায় করে আমাকে পাঠাও।’

পীযূষ বললেন, ‘ওকে স্যার, আরেকটা ছবি আছে স্যার, দেখুন।’

তুষার দেখলেন হাতে স্কেচ করা সৈকতের ছবি। নীচে লেখা সন্ধান দিতে পারলে দশ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার পাওয়া যাবে…।

৫১

‘ম্যাডাম, এই মাত্র একটা খবর পেলাম। খবরটা সত্যি? আপনি কি এই জন্যই কালকের বইপ্রকাশ অনুষ্ঠান বাতিল করলেন?’

আফসানা সঈদ সাংবাদিক সম্মেলনে বসতেই প্রশ্নটা উড়ে এল।

আফসানা টিসু দিয়ে চোখ মুছে বললেন, ‘হ্যাঁ, সত্যি। দুষ্কৃতিরা আমার মা এবং ভাইয়ের পরিবারকে শেষ করে দিয়েছে। পাকিস্তান সরকারকে এর উত্তর দিতে হবে, আমি একটা বিবৃতি দিয়েছি। আপনারা অনুগ্রহ করে প্রত্যেকটা চ্যানেলে আমার বিবৃতিটুকু প্রচার করলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই দেশটা আমার কাছ থেকে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছিল। এখন আমার মা আর ভাইকেও আমার থেকে ছিনিয়ে নিল। কতগুলো সন্ত্রাসবাদী দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানের ভেতরে আর তাদের লালনপালন করছে সে দেশের সরকার। প্রত্যেকটা সন্ত্রাসবাদের পেছনে পাকিস্তান রাষ্ট্রের হাত আছে।’

‘পাকিস্তান সরকার এখনও বিবৃতি দেয়নি, তবে একাংশ বলছে আপনার ভাই দেশবিরোধী কাজে যুক্ত ছিলেন।’

‘মিথ্যে কথা। আপনারা আশা করি বুঝতে পারছেন সবটাই আমার বিরুদ্ধে চক্রান্ত। দেশটার ব্যাপারে যত কম বলা যায়, তত ভালো। আমার পরবর্তী নভেল তো ওদের বিরুদ্ধেই, তাই ওরা আমাকে এভাবে ভয় দেখাচ্ছে। এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না। ভাবছে ওরা ভয় দেখালে আমি আর সব ব্যাপারে লেখা বন্ধ করে দেবো।’

‘আপনার বিচারের জন্য পাকিস্তান সরকার আপনাকে দেশে ফেরানোর ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছেন। এই ব্যাপারে আপনি কিছু বলবেন?’

‘আমাকে ডেকে নিয়ে যাওয়া মানে তো আমাকে মেরে ফেলবে। ওরা এ ছাড়া আর তো কিছু করতে পারবে না। আমার মাকে মেরেছে, আমার পরিবারকে মেরেছে, এবার আমাকে মারবে। শেম অন পাকিস্তান গভর্নমেন্ট।’

আফসানা উঠে দাঁড়াতেও অনেক প্রশ্ন ছুটে আসছিল। তিনি কোনোটাই না শুনে নিজের গাড়িতে উঠে বসলেন। মেসেজ এল একটা, ‘আই অ্যাম রিয়েলি সরি ম্যাম।’

বিরক্ত মুখে আফসানা রিপ্লাই দিলেন, ‘ফা// অফ।’

পরক্ষণেই ফোন বাজতে শুরু করল।

আফসানা কেটে দিলেন প্রথমে। আবার রিং হচ্ছিল। ড্রাইভারকে গাড়ি দাঁড় করিয়ে বললেন বাইরে যেতে। ড্রাইভার নেমে যেতে ফোন ধরে বললেন, ‘কী হল?’

‘মির্জার ফোন আপনি কেটে দিচ্ছেন ম্যাডাম? এত রাগ হয়েছে?’ ও প্রান্ত থেকে মির্জার গলা ভেসে এল।

আফসানা শান্ত গলায় বললেন, ‘আমি রাগ করব না কেন আপনারা জানান। আপনারাই বলুন আমার কেন চুপ করে থাকা উচিত। এটা ঠিক কী হল? এটা আপনারা কী করলেন?’

‘আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ল ভারতীয়দের কাছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনি আরও ফেমাস হলেন। আর কী চাই?’

‘তা বলে কার বিনিময়ে? আমাকে জানিয়ে হল না কেন কিছু? আমার থেকেই খবরটা পেয়ে আমার মাকে… হাউ ক্যান ইউ… আপনাদের সামনে পেলে আমি গুলি করে মারবো।’

‘কোল্যাটারাল ড্যামেজ ম্যাডাম। আমরা, আম কাশ্মীরিরা দিনরাত এই ড্যামেজের মধ্যে দিয়ে যাই। আমার এলাকাতেই একটা ছেলেকে তুলে নিয়ে গেছিল, কাল এনকাউন্টার করে দিয়েছে। আপনি বলুন, আমরা কি কম ভোগ করছি?’

আফসানা আঙুল দিয়ে নিজের কপাল চেপে ধরে কয়েক সেকেন্ড বসে থেকে বললেন, ‘প্ল্যানটা কার ছিল?’

‘আপনি শান্ত হন ম্যাডাম। প্লিজ। লক্ষ্যের কথা ভাবুন। নিজেকে শান্ত রাখুন। আমি বোঝাতে পারছি? আপনি চাইলে হাসান নিজে ফোন করবেন আপনাকে।’

‘উদ্ধার করবেন। কোনো প্রয়োজন নেই। আমাকে যেন কেউ ফোন না করে আজ। আমার আগেই বোঝা উচিত ছিল। হাসান মাকসুদ লোকটা একটা বদ্ধ উন্মাদ লোক। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না।’

‘আপনি যা বলবেন ম্যাডাম।’

ফোন কেটে গেল। আফসানা কিছুক্ষণ সজল চোখে বসে রইলেন। ড্রাইভারকে ইশারা করে আসতে বললেন। ড্রাইভার এলে বললেন, ‘চল। ফিরব।’

তার অ্যাপার্টমেন্টের দিকে গাড়ি চলতে শুরু করল।

আফসানা দেখলেন তার ফেসবুক প্রোফাইলে একটা ফেক প্রোফাইল থেকে মেসেজ এসেছে, ‘সরি ম্যাডাম। আপনাকে বলা উচিত ছিল।’

আফসানা ফোন বন্ধ করে দিলেন। মাথা ধরে গেছে। চিৎকার করে কাঁদতে হবে ফ্ল্যাটে ফিরে। এ ছাড়া আর কোনো উপায় নেই…

৫২

‘মিশে থাকো, ভিড়ে মিশে থাকো। তোমাকে ভিড়ের একজন হতে হবে। আলাদা করে যেন মনে না হয় তুমি অন্য কেউ।’

ট্রেনিং-এর সময় একটা কথাই শুনে গেছে সে। কোয়েটা পৌঁছে বৃদ্ধের সঙ্গেই তার বাড়ি আব্বাসাবাদে চলে গেছে।

রাস্তা কম নয়। সারারাত জেনারেল কামরায় বসে থেকে ভোরবেলা কোয়েটা স্টেশন বাস স্ট্যান্ডে আব্বাসাবাদের জীর্ণকায় বাসে উঠেছে সে। ঝাঁ-চকচকে লাহোর কিংবা ইসলামাবাদের রাস্তার মতো এখানকার রাস্তা না। রুক্ষ শুষ্ক পাথুরে রাস্তায় বাস দাঁড়িয়েছে, আবার চলতে শুরু করেছে।

বৃদ্ধ বলল, ‘তোমার কষ্ট হচ্ছে, তাই না?

আহমেদ মাথা নেড়ে বলেছে, ‘না না।’

‘আমি সেই কবে এসেছিলাম। সারাবছর বাইরে থাকি, একবার করে দেশে ফিরে আসতাম নিজের ভিটেমাটিটুকু দেখার জন্য। এরা সেটাও পুড়িয়ে দিয়েছে। তুমি বাড়ি যাবার জন্য এলে, তোমার কষ্ট হবে না তো?’

‘না না চলুন। আমি তো খবরের কাগজে কাজ করি। দেখে আসি আপনার সঙ্গে।’

‘চল। তুমি লেখবে তো সব?’

বৃদ্ধের চোখে আগ্রহ।

আহমেদের মিথ্যে বলতেও কষ্ট হচ্ছিল, তবু বলল, ‘লেখব চাচা।’

বৃদ্ধ বলে গেল কত কথা। সেই কবে থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাদের উপর অত্যাচার করা শুরু করেছে। শুধু পাকিস্তান সেনাই না, তাদের গ্রামে হানা দিয়েছে ইরান থেকে আসা দস্যুরাও। সব দিক থেকে তারা বিধ্বস্ত। তার উপর দারিদ্র তো আছেই। বৃদ্ধ চায় তাদের কথা গোটা পৃথিবীর মানুষ জানুক। তারা নিজেদের দেশ চায়। এমন এক দেশ, যেখানে শোষণ থাকবে না, ভৌগোলিক অবস্থানের জন্য দুর্দশা থাকবে না। মানুষ অন্তত মানুষের মর্যাদা পাবে।

দুপুরে যখন বাস থেকে নামল তারা, তখন মাথার উপর চড়া রোদ। ধুলো উড়িয়ে শেয়ারের জিপ যাচ্ছে গ্রামের দিকে। তারই একটাতে বসে পড়ল দু-জনে।

গ্রামে পৌঁছে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দিল।

সত্যিই সব পুড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা। বৃদ্ধ কাঁদছে, দিশেহারা হয়ে উঠছে, ছুটে যাচ্ছে একদিক থেকে আরেক দিক।

আবার এসে বলছে, ‘তোমাকে ভালো করে খাতিরদারি করে উঠতে পারছি না বেটা। খুব খারাপ লাগছে। তুমি একটা জায়গায় বসো। এদিকে এসো।’

একটা পুড়ে যাওয়া বাড়ির ভেতরেই আশ্রয় নিল সে। দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজল।

পথশ্রমে প্রবল ক্লান্তি ছিল, যখন ঘুম ভাঙল, তখন বিকেল গড়িয়ে সঙ্গে নেমেছে। গ্রামের লোকেরা ছাউনি তৈরি করছে রাত কাটাবার জন্য। আহমেদ বৃদ্ধের সঙ্গে হাত লাগাল। বৃদ্ধ প্রবল আপত্তি জানালো, ‘তুমি আমার মেহমান। তুমি বিশ্রাম কর। অনেকটা পথ এসেছো তুমি।’

আহমেদ কথা কানে নিল না।

রাত নামল। মশাল জ্বালিয়ে গ্রামের মাঝখানে সবাই রান্নাবান্না শুরু করেছে। অনেক রাতে একটা জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে নামল এক যুবক। জিপের চার জনই সশস্ত্র।

বৃদ্ধকে দেখে জড়িয়ে ধরল যুবক। চেঁচিয়ে বলল, ‘যারা ভেবেছে, বালোচদের বাড়িতে আগুন জ্বালিয়ে, তাদের খাবারে বিষ মিশিয়ে, তাদের বুকে গুলি চালিয়ে বালোচদের দমন করা সম্ভব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাকিস্তান ফৌজকে এর উত্তর দিতে হবে। আমি আফতাব বালোচ, আজ শপথ নিচ্ছি, এই কাজ যারা করেছে, তাদের বেঁচে থাকা আমি দুষ্কর করে দেবো।

সবাই হইহই করে উঠল। একটা মরে যাওয়া, নুইয়ে পড়া গ্রামের মানুষকে কোনো জাদুমন্ত্রবলে যেন আফতাব বালোচ পুনরুজ্জীবিত করে তুলল। আহমেদ মন্ত্রমুগ্ধের মতো আফতাবের ভাষণ শুনল। আফতাব চলে গেলে বৃদ্ধ বলল, ‘ওরা আসে বলেই পাকিস্তান সেনাদের এত রাগ। কিন্তু ওরা আছে বলেই আমরা এখনও স্বপ্ন দেখতে পারি। এই দেশের সরকার আমাদের মানুষ বলে মনে করে না। কিন্তু ওরা আফতাবদের ভয় পায়। এই ভয়টা ওদের মজ্জায় মজ্জায় ঢুকে যাচ্ছে। একদিন আফতাবরা জিতবে বেটা। সেদিন আর পাকিস্তান সেনা এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়ে যেতে পারবে না। আমাদের জলে বিষ মিশিয়ে দিতে পারবে না। সেদিন হয়তো আমি বাঁচতে পারবো না, কিন্তু আমি জানি, সেদিনটা একদিন আসবেই।’

আহমেদ হাসল, ‘নিশ্চয়ই সেদিনটা আসবে। আসতেই হবে।’

রাতে সবার সঙ্গে খাবার খেয়ে খোলা আকাশের নীচে শুল সে। সারাদিনের পরে আবার ইব্রাহিম, ফারাহ, সাবা তার মাথার মধ্যে ফিরে এল। আলমগীররা এভাবেই মেরে যায়। ২৬/১১-এর সময় অপরিচিত মানুষদের এভাবেই নির্বিচারে গুলি করে মেরেছে। সম্মুখ সমর তারা করবে না। নিরস্ত্র, নিরীহ মানুষদের মেরে আলমগীররা ভাবে তারা তাদের জেহাদ সফল করেছে। পাকিস্তান সরাসরি তাদের মদত দিয়ে চলেছে। ইব্রাহিমদের কোনো দোষ ছিল না। তাও একবারও ভাবল না মারার আগে।

সারারাত কিছুতেই আর ঘুম এল না তার। সকালে আবার বুড়োর সঙ্গে গ্রামের কাজে হাত লাগাল। অনেক খাটনির পর দুপুরের দিকে যখন ঘুমল সে, তখন আর কারো কথা মাথায় এল না। ক্লান্তিই তাকে যেন জোর করে ঘুম পাড়িয়ে দিল…

৫৩

শ্রীনগর।

সকাল থেকে দু-বার সার্চ টিম এসে তাদের হাউজবোটগুলো দেখে গেছে। কয়েক দিন হল তাদের হাউজবোটে কেউ থাকতে আসছে না। বাজারেও কানাঘুসো চলছে।

তারেক চুপ করে শুয়েছিল সারাদিন। উসমানের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া যায়নি। রেহানকে ফোন করেছিল সে। রেহান বলেছে আপাতত দেখা না করাই সবার জন্য মঙ্গল। উসমানকে দিল্লি নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। তার নিরাপত্তার জন্য কয়েকটা স্পিড বোট রাখা হয়েছে। তারেকের আজকাল ঘুম হয় না। মাঝরাতে উঠে বসে থাকে। মনে হয় এই বুঝি উসমান চলে এল।

আব্বু আম্মির কথা মনে পড়ে আজকাল। তারা বেঁচে থাকলে এত কষ্ট হত না তার। বিকেলের দিকে আর কিছু ভালো লাগছিল না। তারেক উঠে বসে তৈরি হয়ে নিল। শিকারা নিয়ে বেরিয়ে পাড়ে এসে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগল। হাউজবোটে ফিরতে ইচ্ছে হচ্ছিল না। ফিরলেই উসমানের কথা মনে পড়ে যাবে। অটো নিয়ে লালচকে চলে গেল সে। সন্ধে নেমেছে। এখন কারফিউ নেই। স্থানীয় মানুষদের ভিড়ে লালচক গমগম করছে। কয়েকটা দোকানে ঘুরল সে। পাউরুটি কিনল, কেক কিনল, সোয়েটারের দোকানে দরদাম করে একটা সোয়েটার কিনল। ছোটোবেলা থেকেই আব্বু আম্মি শিখিয়েছিল যা কিনবে দুই ভাইয়ের জন্যই কিনবে। সে নিজের জন্য না কিনে উসমানের জন্য কিনল। রেহান খানকে বললে নিশ্চয়ই উসমানের কাছে পৌঁছে দেবে। হাতে দুটো ব্যাগ হয়ে গেছে। উসমান কাজু খেতে ভালোবাসে। কাজু কেনা যেতে পারে।

উসমান আখরোট খায় না। কাজুই খাবে। আব্বু অনেকবার জোর করে ওকে আখরোট খাওয়াতে গিয়েও পারেনি। তারেক নিজের ভাগের কাজু উসমানকে দিয়ে দিত। সেই ছেলেটা হঠাৎ করে দূরে চলে গেল। তারেকের

আবার মন খারাপ হয়ে গেল।

ড্রাই ফ্রুটসের দোকানের দিকে হাঁটতে শুরু করতে তাকে ঘিরে চার জন যুবক দাঁড়িয়ে পড়ল। তারেক তাদের কখনোই দেখেনি। সে বলল, ‘কী ব্যাপার ভাইরা? কী হল?

‘কেনাকাটা চলছে? কী কিনলে?’

‘তেমন কিছু না। কেন? কী হয়েছে?’

‘উসমান ভাইকে ধরিয়ে দিলি কেন? যে নিজের ভাইয়ের হতে পারে না, সে কাশ্মীরের কখনোই হবে না। কেমন ভাই তুই? লজ্জা লাগে না? ছিঃ।’

একটু দূরেই সেনার চেক পোস্ট। অন্ধকার আর বাজারের ভিড়ে সেটাই বহুদূর মনে হল। চিৎকার করতে গেল তারেক, এক যুবক পেছন থেকে হাত দিয়ে তার মুখ বন্ধ করে বলল, ‘গদ্দার!’ বাকিরা এমনভাবে ঘিরে ধরেছে তাকে, বাজারের ভিড়ের মধ্যেই কেউই কিছু বুঝতে পারল না।

আরেকজন বলল, ‘চল, এগিয়ে চল, ওই পেছনের গলিতে চল। চিৎকার করলেই গুলি করব। একটা কথা বলবি না।’

তারেক থরথর করে কাঁপছিল। তবু ওদের কথা শুনে সে হাঁটতে শুরু করল। ছেলেগুলো ওকে জোর করে হাঁটিয়ে নিয়ে গেল। চেক পোস্টের থেকে দূরে নিয়ে একটা গলিতে ঢুকল ছেলেগুলো।

তারেক ভীত কণ্ঠে বলল, ‘তোমরা কারা? আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে দাও।’

একজন বলল, ‘আমরা তোমার শহরেরই লোক। এই তো, এখানেই থাকি। উসমানের বন্ধু।’

তারেক বলল, ‘তোমাদের তো কখনো দেখিনি! কী চাও তোমরা?’

‘আমরা তোকে দেখতে এলাম। এক ভাই প্রাণ দিয়ে আমাদের মুক্তির জন্য লড়াই করছে, আর আরেকভাই আমাদের সঙ্গে গদ্দারি করছে। গদ্দার…’

তারেক বলতে যাচ্ছিল, ‘আমি গদ্দার নই’, কিন্তু বলতে পারল না।

একজন পকেট থেকে ছুরি বের করে সরাসরি তারেকের গলায় চালিয়ে দিল। একটা তীব্র যন্ত্রণা, তারেক চিৎকারও করতে পারল না, রাস্তায় বসে পড়ল। বাকিরাও তাকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করতে শুরু করল।

থরথর করে কাঁপতে কাঁপতে একটা সময় তারেকের দেহটা স্থির হয়ে গেল।

পোস্টার লিখেই এনেছিল ছেলেগুলো। তারেকের মৃতদেহের উপর সেটা ফেলে চলে গেল। পোস্টারে লেখা, ‘কাশ্মীরিদের সঙ্গে গদ্দারি করার শস্তি পেতেই হবে। গদ্দারির একমাত্র শাস্তি মৃত্যু।’

স্থানীয় পুলিশ খবর পেয়ে যখন এল, তখন আধঘণ্টা হয়ে গেছে।

ওসি রেহানকে ফোন করলেন, রেহান বললেন, ‘সিকিউরিটি ছিল না?

‘না স্যার। এখানে কেউই ছিল না। আমরা এসে দেখছি এখানে পড়ে আছে, ব্যাগ পড়ে আছে। সোয়েটার আছে আর রুটি আছে ব্যাগে, ওগুলো নিয়ে যায়নি কিছুই।’

ওপ্রান্ত চুপ করে গেল। কয়েক সেকেন্ড পর রেহান বলল, ‘ঠিক আছে, যা যা করার করুন। ভরা বাজারে মেরে দিয়ে গেল… কী আর বলব বলুন তো!’

ওসি বললেন, ‘জায়গাটা অন্ধকার স্যার।’

রেহান ফোন কেটে দিলেন…

৫৪

দুপুর দেড়টা।

কোয়েটা প্রিন্স রোড। পর্যটকদের কাছে ফুড স্ট্রিট নামে বেশি পরিচিত। প্রিন্স স্ট্রিট যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই বালোচ পোশাক, জুতোর দোকান শুরু হচ্ছে। যদিও পর্যটকদের ভিড় নেই একবারেই। বিক্ষোভের জন্য সন্ধে থেকে কারফিউ লাগু হয়ে যায়।

রাস্তার মোড়ে একটা ভাস্কর্য রাখা আছে। কোয়েটা চারটি জাতির বাসস্থান। তাদের ঐক্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছিল। যদিও এখন তার ভগ্নদশা। রাস্তার ল্যাম্প পোস্টগুলো তারের ভারে জর্জরিত। পুরোনো মডেলের বাইক, অটো আর বাস বেশি চলে। বালোচ বিপ্লবীদের দাপটে পুলিশ এখানে খানিকটা দিশেহারা। জায়গায় জায়গায় চেক পোস্ট আছে। কোয়েটায় পাকিস্তান আর্মির ক্যান্টনমেন্টও আছে।

মোড়ের মাথায় পরোটার দোকানে ভিড় বাড়ছে। দোকানের সামনেই একটার পর একটা পরোটা ভাজছে জামসেদ নামের এক যুবক। স্থানীয় লোকেদের মতে এই যুবক আসার পর দোকানের খাবারের স্বাদ বেড়ে গেছে। জামসেদের হাতে জাদু আছে। দ্রুত গতিতে কাজ করে চলেছে সে।

উলটোদিকের ফুটপাথে বসে ছেলেটার কাজ দেখছিল আহমেদ। সকাল এগারোটা নাগাদ আব্বাসাবাদ থেকে কোয়েটায় ফিরে এসেছে সে। জামসেদ আহমেদকে দেখে একবার থমকে গিয়ে আবার কাজে মন দিল।

মিনিট দশেক পর রাস্তা পার হয়ে আহমেদ দোকানে ঢুকে বসল। দুটো পরোটা আর মাংস অর্ডার করে জামসেদের তাওয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, ‘মিয়াঁ কি আজ খুব ব্যস্ত?’

জামসেদ বলল, ‘জি, ব্যস্ত তো বটেই। বস, খাবার যাচ্ছে।’

আহমেদ বলল, ‘এদিকে ঝড় ওঠার খবর আছে নাকি?’

জামসেদ পেছন ঘুরে একবার দেখে নিয়ে বলল, ‘আছে। মৌসম বিভাগে ঝড়ের ছবি দেখানো হয়েছে। চিনতে পারলেই ধরবে। এদিকে ঝড়ের তো বোধ কম, সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে।’

আহমেদ বলল, ‘বুঝেছি বুঝেছি। তাড়াতাড়ি খাবার পাঠাও।’

‘টেবিলে যাও।’

আহমেদ টেবিলে গিয়ে বসল। কিছুক্ষণ পর খাবার এল। সে খেয়ে টাকা দিয়ে আবার জামসেদের কাছে গিয়ে বলল, ‘সন্ধেয় দেখা হবে।’

জামসেদ যেন শোনেইনি, এমন ভান করে তাওয়ায় মন দিল।

চারটে নাগাদ দোকান বন্ধ হয়ে যায়। বিকেল থেকে পুলিশি টহল থাকে বলে দোকান খুলে রেখে বিশেষ লাভ হয় না। জামসেদ কাজ শেষে বাড়ি ফিরছিল। শাহবাজ রোডের মুখে আহমেদকে দেখতে পেল। সে না দাঁড়িয়ে হাঁটতে শুরু করল। আহমেদ খানিকটা দূরত্ব রেখে তার পিছু নিল। গলিতে ঢুকে জামসেদ তার ঘরের তালা খুলে ঢুকে দরজা খোলা রাখল।

আহমেদ দরজা খোলা দেখে ঢুকে দরজা বন্ধ করল।

ছোটো ঘর। ঘরের ভেতরে একটা চৌকি, একটা টেবিল, তাকে কিছু জরুরি জিনিস রাখা। আহমেদের তাদের মেসের কথা মনে পড়ে গেল।

সে জিজ্ঞেস করল, ‘একাই থাকো? আমরা এর থেকে একটু বড়ো ঘরে পাঁচ জন থাকতাম। বহুত না ইনসাফি!

জামসেদ কোমরে হাত দিয়ে আহমেদের কাজকর্ম দেখছিল। বলল, ‘তুমি কোয়েটা এসেছো কবে?’

আহমেদ বলল, ‘আব্বাসাবাদ গেছিলাম। কালকেই এসেছি। কেন?’

জামসেদ পকেট থেকে ফোন বের করে তার দিকে এগিয়ে দিল, ‘দেখো।’

আহমেদ দেখল তার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবিটা হাতে আঁকা। সে বলল, ‘ধুস। বিচ্ছিরি এঁকেছে। চেনাই যাচ্ছে না।’

জামসেদ বলল, ‘যারা চেনার তারা ঠিকই চিনবে। নেহাত এদিকে বালোচদের নিয়ে পুলিশ বেশি ব্যস্ত বলে তুমি একদিন গা-ঢাকা দিতে পেরেছ। এখন দয়া করে ক-দিন লুকিয়ে থাকো। এখানে থেকো না, আমি জায়গা দেখছি। আজ রাতটা থাকো।’

আহমেদ চৌকিতে বসে বলল, ‘সে ঠিক আছে। খবর দিতে হবে তো। সাহেবরা চিন্তায় আছে নিশ্চয়ই। বেঁচে আছি নাকি মরে গেছি?’

জামসেদ বলল, ‘খবর দিয়ে দেবো। তথাগত ফিরবে, তুমি ওর সঙ্গে বেরিয়ে যাবে কান্দাহার হয়ে।’

‘তথাগত মানে? ইসলামাবাদে কাগজ বিলি করে?’

‘কাগজ বিলি করে নাকি জানি না, তবে হ্যাঁ, ইসলামাবাদেই ছিল।’

‘বুঝেছি’ আহমেদ বলল, ‘তবে আমি ফিরবো না!’

জামসেদ অবাক হল, ‘ফিরবে না মানে? কোথায় থাকবে? ওরা ধরতে পেলে তোমায় কী করবে বুঝতে পারছ?’

আহমেদ বলল, ‘ধরতে পারবে কেন? তাহলে কী শিখলাম এদ্দিন? আমার কিছু জিনিস লাগবে, হুলিয়া পালটাব। এনে দেবে কাল।’

চৌকিতে বসে পা নাচাতে লাগল আহমেদ।

জামসেদ বলল, ‘ঠিক আছে, এনে দেবো। আর থাকবে কোথায়? এই শহরেই?’

আহমেদ বলল, ‘দেখছি। সেটা এখনও ঠিক করিনি।’

জামসেদ বলল, ‘তুমি ভোগাবে মনে হচ্ছে।’

আহমেদ হাসল, ‘ভোগাবো নাকি জানি না, কিন্তু একটা প্রতিজ্ঞা করেছি আমি। কোনোদিন আর আমার জন্য ইব্রাহিম খানের মতো কাউকে মরতে হবে না। নির্দোষ লোকেদের আমি কোনো ক্ষতি করব না।’

জামসেদ আহমেদের পাশে বসল, ‘তুমি নিজেকে দায়ী করছো নাকি? আলমগীরদের চেনো না তুমি? ওরা সব কিছু করতে পারে। মাথা থেকে ইব্রাহিম খান-টান একবারে বের করে দাও। ভেবোই না এসব নিয়ে।’

আহমেদ মাথা নাড়ল শুধু। আর কিছু বলল না…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *