১৫
সন্ধ্যা সাতটা, শ্রীনগর
সবে সূর্যাস্ত হয়েছে।
তিন-চার জন বাঙালি টুরিস্টদের পেছনে লেগে আছে একদল অটো চালক। যেভাবেই হোক তারা তাদের কাশ্মীরি শালের ফ্যাক্টরিতে নিয়ে যাবে। না যেতে চাইলেও জোরাজুরি চলছে।
কিছুটা দূরে আর্মি চেক পোস্ট। দু-জন জওয়ান এলাকার উপর নজর রাখছিলেন। কাশ্মীর অনেকটা গ্রীষ্মের বিকেলের মতো। কখন আচমকা কালবৈশাখী এসে যায়, কেউ জানে না।
এক যুবক হনহন করে হেঁটে চলেছে বুলেভার্ড রোড ধরে। তার হাঁটার গতি দেখে টহলদারি সেনাদের সন্দেহ হতেই দাঁড় করানো হল তাকে।
‘কী নাম?’
‘সুমন ভট্টাচার্য।’
‘বাড়ি?’
‘কলকাতা।’
‘আই কার্ড দেখি।’
সুমন আই কার্ড বের করে দিল। সেনা দেখল তাতে লেখা সুমন ভট্টাচাৰ্য, বাবার নাম জ্যোতির্ময় ভট্টাচার্য। কলকাতার একটা ঠিকানা দেওয়া।
‘একা একা কোথায় যাচ্ছেন?’
‘ঘুরতে বেরিয়েছি স্যার। শহরে থাকতে এই সময়টা হাঁটতে বেরতাম। এখানেও সেই অভ্যাসটা থেকে গেছে।
‘ওকে। যান।’
সুমনকে ছেড়ে দিলেন জওয়ানেরা।
সুমন হাঁটতে হাঁটতে আরও খানিকটা পথ এগোতে একটা অটো তাকে পেরিয়ে খানিকটা এগিয়ে দাঁড়াল। সুমন কোনো কথা না বলে অটোতে উঠে বসল। অটো স্টার্ট করে অটোওয়ালা বলল, ‘এত দেরি হল? কখন ঢুকেছ?’
‘দুপুরে। ভীষণ কড়াকড়ি এখানে। আই কার্ড চেক হয়ে গেছে একবার।’
‘একবার? আরও কতবার হয় তার কোনো ঠিক আছে?’
‘ঠিক আছে। টেনশন দিতে হবে না। উসমান কোথায়?’
‘আন্ডারগ্রাউন্ডে আছে। দেখা করাটা সমস্যার হতে পারে।’
‘উঁহু। আব্বু বলেছে উসমানের সঙ্গেই দেখা করতে হবে। নাহলে ছেড়ে দাও। আমি চলে যাচ্ছি।’
অটোওয়ালা হেসে উঠল, ‘আমি জানি তুমি খুব জেদি। বসে থাকো, নিয়ে যাচ্ছি।’
অটো একটা গলিতে ঢুকল। প্রায় কুড়ি মিনিট পর একটা পুরোনো ধরনের বাড়ির সামনে অটো দাঁড়াল। অটোওয়ালা বলল, ‘দোতলায় চলে যাও।’
গেট ঠেলে বাড়িতে প্রবেশ করল সুমন। নীচে বেশ কয়েক জন লোক কাঠের কাজে ব্যস্ত। তাকে দেখে কেউ চোখ তুলেও তাকাল না। সিঁড়ি খুঁজে সে দোতলায় চলে গেল। একটা বন্ধ দরজার ওপাশ থেকে কমেন্ট্রির শব্দ ভেসে আসছে। টিভিতে কোনো ফুটবল খেলা চলছে।
দরজায় টোকা দিল সে।
‘কে?’ টিভি মিউট হল।
‘আমি। সুমন।’
দরজা খুলে গেল। সুমন বলল, ‘উসমান?’
উসমান বলল, ‘ভেতরে এসো।’
সুমন ভেতরে ঢুকলে উসমান দরজা বন্ধ করে দিল। উসমান বলল, ‘বল, এত ঝুঁকি নিয়ে আসার কী দরকার ছিল?’
সুমন পকেট থেকে একটা চিঠি বের করে উসমানের দিকে এগিয়ে দিল। উসমান চিঠিটা পড়ে বলল, ‘হাসান মাকসুদ যে আমাকে মনে রেখেছেন, আমি এতেই খুশি।’
সুমন বলল, ‘আব্বু জাল বিছোচ্ছেন। জাল কখনো শক্ত হয়েছে, কখনো খুবই পলকা। আব্বু চান না কোনো অংশ যেন এতটুকু পলকা থাকে। তোমাকে খুব ভরসা করছেন। তোমাদের ফান্ডের জন্য এই সময়েও অনেকটা ঝুঁকি নিয়ে তিনি পেশোয়ার ঘুরে এসেছেন। সুখবর এটাই, ফান্ড নিয়ে আর কোনো চিন্তা নেই।’
উসমানের চোখে-মুখে হাসি ফুটে উঠল, ‘সুবহনাল্লাহ। এই জন্যই তিনি হাসান মাকসুদ। আর কোনো বার্তা এনেছ?’
সুমন বলল, ‘বার্তা একটাই, তৈরি হতে হবে। ইসলামাবাদ তৈরি, মুজাফফরাবাদ তৈরি। এবার তোমাদের শুরু করার পালা।’
উসমান বলল, ‘শুরু আমি করে দিতাম। আমার গাধা দাদাটার জন্য পারিনি। দেখিয়ে দিতাম শুরু কাকে বলে। ঠিক আছে, চিন্তার কিছু নেই, যা ভেবেছিলাম, তার থেকেও বড়ো শুরু করব এবার আমরা।’
সুমন বলল, ‘দাদা মানে? কেউ কি জানতে পেরেছে?’
উসমান দাঁত বের করল, ‘পেরেও লাভ হয়নি। মুখ বন্ধ করা হয়েছে। ওকে আটকে রাখা হয়েছে।’
সুমন বলল, ‘কথা শুনছে না?’
‘না। খুব গোঁয়ার।’
সুমন ঠান্ডা গলায় বলল, ‘তাহলে সরিয়ে দাও। মকসদের সামনে ভাই, বোন, বাবা, মা কেউ কিচ্ছু না। আব্বুকে ফোন করলে আব্বুও তাই বলবে।’
উসমান ফ্যাকাসে হয়ে গেল, ‘আরে না। অত চিন্তা করতে হবে না। আমি সামলে নেবো।’
‘ঠিক আছে। ছেড়ে রাখো। নজরবন্দি করে রেখে দাও। আটকে রাখলে সন্দেহ হবে। গুম থাকলেও তাই। বোঝাতে পারছি?’
‘জি… জনাব…’
তারেককে যে সে ভালোবাসে, তা হঠাৎ করেই উপলব্ধি করল উসমান।
১৬
অন্যান্য অফিসাররা সকাল দশটায় ব্যাঙ্কে যায়। ইব্রাহিম খান আজকাল সকাল ন-টায় যাচ্ছে। আহমেদ সাড়ে আটটায় উঠে গাড়ি ধুচ্ছিল, এমন সময় এক কাগজওয়ালা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, ‘সৈয়দের কোনো খবর নেই। কবে আসবে জানি না। খবর পেলে বলব। তোমার কাছে কী খবর আছে?
আহমেদ চমকাল না। কাপড়টা নিয়ে গাড়ি মুছতে শুরু করল। কাগজওয়ালা বলল, ‘উফ, এ আরেকজন। অ্যায় মেরে ওয়াতান কে লোগো, বল বাবা, কোনো খবর আছে?’
আহমেদের মুখে হাসি ফুটল, বলল, ‘আলমগীরের লোক সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছে কাল। বাড়িতে বাক্স টাইপের জিনিস জমাচ্ছে।’
‘ওকে, বোমের ট্রিগার বানাচ্ছে আর কী, জানোয়ারের দল।
সাইকেল নিয়ে লোকটা চলে গেল। আহমেদ চারদিকে দেখে নিল। নাহ, রাস্তায় কেউ নেই। তার পেট ফেঁপে যাচ্ছিল কথাগুলো না বলতে পেরে। এতক্ষণে স্বাভাবিক হল।
সে তৈরি হয়ে নিল। ইমরান তখনও ঘুমোচ্ছে। ইমরানের পেটে খোঁচা মারল সে। ইমরান বিরক্ত মুখে বলল, ‘কী রে, জ্বালাতন করছিস কেন?’
আহমেদ বলল, ‘যাবি না?’
‘যাবো তো। আগে তুই যা। তোকে তো অনেক আগে যেতে হয়।’
‘হুঁ। আজ সিনেমা যাবি ডিউটির পর?’
‘ভাগ। তোর সঙ্গে আমি আর কোথাও যাবো না।’
হাসতে হাসতে ঘর থেকে বেরলো আহমেদ। ইব্রাহিম খানের কোয়ার্টারের সামনে গিয়ে দেখল ইব্রাহিম থমথমে মুখে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে বলল, ‘পাঁচ মিনিট লেট হয়ে গেছে। এত লেট হলে কী করে হবে?’
আহমেদ বলল, ‘সিগনাল ছিল জনাব। মেস এত দূরে, আসতে সময় তো লাগবেই। আপনি বললে আপনার সারভেন্টস কোয়ার্টারে থেকে যাবো না হয়।’
‘চুপ কর বেয়াদব। শুধু ফালতু কথা। তোকে এখানে রাখবো?’
‘ও। আপনি তো রাখবেন না। সাবা আছে। কিন্তু আপনি এখন তাড়া দেন, না খেয়ে এলাম।’
‘টাকা দিয়ে দেবো, খেয়ে নিবি। আমিও খাইনি। এত কাজের চাপ।’
‘কী এমন চাপ জনাব? সবাই দশটায় আসে, আপনি এত তাড়াতাড়ি যান, ইমরানও বলছিল!’
ইব্রাহিম ঘাবড়ে গেল, ‘বলছিল মানে, কী বলছিল? একে কী বলেছিস?’
‘আমি কিছুই বলিনি জনাব। ওই বলছিল আমি কেন আগে বেরোই। একই মেসে থাকি, কখন বেরোই কখন ঢুকি সব দেখতে পায় তো। ড্রাইভারদের মধ্যে তো এমনিই খুব কথা-টথা হয় সাহেবদের ডিউটির ব্যাপারে। অনেকেই জিজ্ঞেস করে সাহেবের এত আগে ডিউটি কেন থাকে। নতুন কিছু তো না!’
ইব্রাহিম কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল, ‘ঠিক আছে, তুই আমার সারভেন্টস কোয়ার্টারে চলে আয়। কাউকে সন্দেহ করানো যাবে না।’
আহমেদের চোখ কপালে উঠল, ‘এত বড়ো কুরবানি দেবেন আপনি জনাব? সাবা আছে তো!’
‘থাকুক। ও আমি বুঝে নেবো। তুই আজ রাতেই চলে আয়।’
‘আর যদি তাতে ওদের সন্দেহ হয়? কিছু জিজ্ঞেস করে?’
‘বলবি আমি বলেছি থাকতে। সারভেন্টস কোয়ার্টারে তো ড্রাইভারই থাকে। আর কে থাকবে?’
‘তা ঠিক তা ঠিক। পরে আবার তুলে দেবেন না তো? আমি যদি আবার মেসে ফিরে যাই সেটা খুবই লজ্জাজনক হবে জনাব।’
‘দেবো না।’
‘ঠিক আছে। আজকেই চলে আসছি।’
‘হু।’
অন্যমনস্ক হয়ে গেছে ইব্রাহিম। আহমেদ গাড়ির মিররে দেখল, ইব্রাহিমের চোখের তলায় কালি পড়েছে। রাতে ঘুমোতে পারছে না নাকি লোকটা?
আহমেদ আর কোনো প্রশ্ন করল না। ব্যাঙ্কে শশব্যস্ত হয়ে ঢুকে গেল ইব্রাহিম। আহমেদ মেসে ঢুকে শুয়ে পড়ল। মাথাটা এখন খানিকটা হালকা লাগছে। সৈয়দের জন্য চিন্তাও হচ্ছে। সৈয়দ যে সময়ের জন্য যাবে বলেছিল, তার থেকে বেশিদিন থাকছে, বড়ো কোনো ঘটনা ঘটেছে কি?
‘কীরে, খেতে যাবি না?’
চিন্তা করতে করতেই চোখ বুজে এসেছিল। ইমরান ডেকে তুলল তাকে। চোখ মুছে রুটি খেতে বাইরে গিয়ে দেখল সেই গাড়িটা আবার এসে দাঁড়িয়েছে। সে আর ভেতরে ঢুকল না। ইমরানের সঙ্গেই রুটির দোকানে পৌঁছোল। দূর থেকে দোকানটা দেখতে দেখতেই খবরের কাগজওয়ালাকে দেখতে পেল সে। ব্যাঙ্কের সামনে সাইকেল রেখে হন্তদন্ত হয়ে ব্যাঙ্কে ঢুকছে লোকটা।
হাসি পেল তার। এরও সৈয়দের মতোই সাহস যা দেখা যাচ্ছে!
***
উরি সেক্টর, ভারত।
দুপুর বারোটা নাগাদ উরি ভিউ পয়েন্টে পৌঁছে বশির চুপ করে বসে রইল। মন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লাইন অফ কন্ট্রোলের ওপারটা দেখে যাচ্ছিল।
‘চকলেট নেবেন?’
একটা ফেরিওয়ালা এসে দাঁড়িয়েছে তার কাছে। বশির চেক পোস্টের দিকে একবার তাকিয়ে নিয়ে নীচু গলায় বলল, ‘ফোন পাঠানোর ব্যবস্থা করতে বল। এখানে যোগাযোগ করা যাচ্ছে না।’
‘পেয়ে যাবে। ফরিদ ফটো স্টুডিয়োর পেছনের গলিতে সন্ধে সাতটায়, মনে আছে তো?’
‘হুঁ, দেখি এই চকলেটটা দাও।’
‘এটা না। মিল্ক চকলেটটা নাও। মোড়ক দেখে নিও।’
টাকা দিয়ে বশির পকেটে চকলেটটা পুরল। ফেরিওয়ালা চলে গেল…
১৭
ইসলামাবাদ, দুপুর দেড়টা।
রফিক তার চেম্বার থেকে সোহেলকে ডেকে পাঠাল।
সোহেল ঘরে ঢুকতে বলল, ‘বসো।’
সোহেল চেয়ারে বসে বলল, ‘জনাব কি খুব চিন্তায় পড়ে আছেন?’
রফিক বলল, ‘হুঁ, চিন্তায় তো আছিই। হাসান মাকসুদ খুব বড়ো একটা ঘুঁটি সোহেল। ওর কথা অমান্য করার সাহস আমাকে উপরওয়ালা দেননি। উনি যখন বলছেন, তখন আলমগীরের বাকি ফান্ড আমাদের পাঠাতেই হবে। প্রসিডিওর শুরু করে দাও।’
সোহেল বলল, ‘সে ব্যাপারেই খোঁজখবর নিয়েছিলাম জনাব। আলমগীর তার সমস্ত কাজ সেক্টর জি সিক্স থেকে করছে। লোকটার নাম…’ পকেট থেকে নোটবুক বের করে সোহেল বলল, ‘জি… ইব্রাহিম খান।’
রফিক বলল, ‘এই ইব্রাহিম খান অ্যালায়েডে কাজ করে?
‘জি জনাব। আরেকটা মজার ব্যাপার আছে। আমি ইব্রাহিম খানের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম।’
‘কী জানতে পারলে?’
‘ইব্রাহিম খান একজনের দূর সম্পর্কের ভাই। তার নাম হল আফসানা সঈদ। যদিও তার সঙ্গে এখন ইব্রাহিমের কোনো যোগাযোগ নেই। এদেশ থেকে যাবার পর আফসানা তো এখন ইন্ডিয়াতেই আছে।’
রফিক শিস দিয়ে উঠল, ‘ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আলমগীর তাহলে ঠিক লোককেই ধরেছে বলছ?’
সোহেল হেসে বলল, ‘জনাব, আমার তো মনে হয় এই সমস্ত প্ল্যান আলমগীরের না, হাসান মাকসুদের করা। এত নিখুঁত প্ল্যান আমি কাউকে করতে দেখিনি।’
রফিক বলল, ‘ঠিক বলেছো। হাসান মাকসুদেরই প্ল্যান এটা। এমন একটা প্ল্যান, যেটা সব কিছু নিয়ে তৈরি হচ্ছে। ভারত, পাকিস্তান, সব দেশ ওর মাথায় ঢুকে আছে।’
রফিক উত্তেজিত হয়ে মনিটরের দিকে তাকাল। হাসান মাকসুদ কিছুক্ষণ আগেই একটা ইমেল করে জিজ্ঞেস করেছিল আলমগীরকে ফান্ড ট্রান্সফার করা হয়েছে নাকি। সে উত্তর দিল, আজকের মধ্যেই হয়ে যাবে। উত্তর দিয়েই উঠে দাঁড়াল, ‘চল। সেক্টর জি সিক্স যাওয়া যাক।’
‘জি স্যার।’
গাড়িতে উঠে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরাল রফিক। সোহেলই চালকের আসনে বসল।
গাড়ি রাস্তায় বেরোতে রফিক বলল, ‘আলমগীরের কথা নিয়ে গোঁয়ারতুমিটা না করলেই ভালো হত।
সোহেল বলল, ‘ওটা নিয়ে চিন্তা করবেন না স্যার। আপনি ঠিক কাজই করেছিলেন। আলমগীরের হিস্ট্রি তো ভালো না। এর আগেও ও অনেক দুর্নীতি করেছে। হাসান গ্যারান্টার হল যখন তখন আর আপনার মাথা ব্যথার কোনো কারণ রইল না।’
‘হুঁ। হাসান মাকসুদ ইজ এ বিগ গাই। ওকে যত আড়ালে রাখা যাবে, আমাদের পক্ষে তত ভালো হবে।’
‘জি জনাব। হি ইজ এ জিনিয়াস। আমি নিশ্চিত, এবার ও এমন কিছু প্ল্যান করছে, যাতে সবার মাথা খারাপ হয়ে যাবে।’
‘শুধু আমাদের জানাচ্ছে না। ওর ধারণা আমাদের মধ্যে কেউ খবর দেয় ওপারে। সন্দেহ করেছে এবং তাকে আইডেন্টিফাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে ধরতে পারলেই কিস্তিমাত। কিন্তু …’
রফিক চিন্তামগ্ন হয়ে পড়ল।
ব্যাঙ্কের সামনে গাড়ি দাঁড় করিয়ে সোহেল বলল, ‘আপনি বসুন স্যার, আমি ইব্রাহিম খানকে ডেকে নিয়ে আসি। এখানে নিশ্চয়ই কিছু বলার নেই?’
রফিক বলল, ‘নিয়ে এসো, কিন্তু কেউ যেন কিছু বুঝতে না পারে।’
‘জি জনাব। তাই করছি।’
সোহেল ব্যাঙ্কের ভেতর ঢুকল। মিনিট পাঁচেক পর তার পেছন পেছন ইব্রাহিম খান এসে গাড়ির পেছনের সিটে বসল।
সোহেল গাড়ি স্টার্ট দিতেই ইব্রাহিম ভীত মুখে প্রশ্ন করল, ‘আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?’
রফিক বলল, ‘ভয় পাবেন না জনাব। আমাকে আপনার বন্ধু ভাবুন। আমি রফিক, আই এস আই-এর নাম শুনেছেন?’
ইব্রাহিম ঢোঁক গিলে বলল, ‘ওরে বাবা, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমাকে কি জেলে নিয়ে যাবেন?’
রফিক হো-হো করে হেসে উঠে বলল, ‘সে কী জনাব, আপনি এত সিরিয়াস একটা কাজে জড়িয়েছেন আর আমাকে ভয় পাচ্ছেন? আপনার কি ধারণা আলমগীর আর আমি, এই দু-জন একে অপরের বিরোধী? সেটা কি হওয়া সম্ভব?’
ইব্রাহিম বলল, ‘কী করতে হবে আমাকে বলুন জনাব।’ তার গলা কাঁপছিল।
রফিক বলল, ‘ঠান্ডা হন মিয়াঁ। এত ভয়ের কিছু নেই। আপনার ভয় দেখে আমারই খারাপ লাগছে। আলমগীরের ফান্ড তো আপনিই হ্যান্ডেল করছেন? হাই ভ্যালু ট্রানজেকশন রিপোর্ট করেছেন?’
ইব্রাহিম বলল, ‘না। করিনি। আলমগীর সাব সেই ইন্সট্রাকশনই দিয়েছিলেন আমাকে। জানিয়েছিলেন তিনি সব বুঝে নেবেন। কাউকে কিছু বলা যাবে না।’
‘ঠিক আছে। এতে করাপশন চার্জ হয় জানেন তো? ১৯৯১-এর বি সি সি আই স্ক্যাম ভুলে গেলেন এর মধ্যেই?’
ইব্রাহিম আরও ঘামতে শুরু করল।
রফিক বলল, ‘ঠিক আছে জনাব, আপনি খামোখা ভয় পাচ্ছেন। আলমগীর সাব ঠিকই বলেছিলেন, আপনার কিছুই হবে না, আমরা একই দলে খেলছি। সোহেল, খান সাহেবকে ব্যাঙ্কে নামিয়ে দিয়ে এসো। উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, তবে ইব্রাহিম সাহেব। একটা কথা। আলমগীর সে যতগুলো ট্রানজেকশন করছে, আমার তার ডিটেলস চাই। ভয় পাবেন না, আলমগীর জানতে পারবে না। ফটোকপি করে রাখবেন। রাতে নিয়ে নেবো ঠিক।’
ইব্রাহিম বলল, ‘আলমগীর জানলে…’
‘জানবে না। আমি কথা দিচ্ছি তো।’
ঠান্ডা গলায় বলল রফিক।
ব্যাঙ্কের কিছুটা দূরে গাড়ি দাঁড়িয়ে গেল। রফিক সোহেলকে বলল, ‘আলমগীর সাবের চেকটা খান সাহেবকে দিয়ে দাও সোহেল। বাকি ব্যাপারটা উনি বুঝে নেবেন।’
সোহেল বলল, ‘জি জনাব।’
ইব্রাহিম চেকটা নিয়ে প্রায় দৌড়ে ব্যাঙ্কের মধ্যে ঢুকে গেল।
সোহেল হাসতে হাসতে বলল, ‘ভয় পাইয়ে দিয়েছেন বেচারাকে।’
রফিকও হাসল, ‘এবার অফিসে ফেরা যাক। অনেক কাজ বাকি পড়ে আছে…’
১৮
‘সামনের দিনে খুব বড়ো কিছু একটা ঘটতে চলেছে। খুব বড়ো কিছু। ওরা জাল বিছাচ্ছে। আমরা এখনও বুঝতে পারছি না জালটা কতদূর বিস্তৃত।’
খান চিন্তিত মুখে কথাগুলো বললেন।
বিকেল চারটে। মাথুর কাবাব আনিয়েছিলেন। খেতে খেতে বললেন, ‘এই একটা দেশ সত্যি। সারাক্ষণ জাল বিছিয়ে যাচ্ছে। এদের আর কোনো কাজ নেই?’
খান বললেন, ‘মিডল ইস্ট থেকেও একটা খেলা চলছে। পাকিস্তান নিজেও জানে ওদের দেশের সব জায়গায় ওদের নিজেদের নিয়ন্ত্রণ নেই। কেপিকে কিংবা পেশোয়ারের সর্বত্র ওরা সহজে খেলতে পারে না।’
মাথুর বললেন, ‘আর বালুচিস্তান?’
খান হেসে বললেন, ‘কন্ট্রোল নেই। কিন্তু পাক সেনার দমন নীতি খুব ভয়ানক। দেশের লোক-ফোক ওরা দেখে না। বিদ্রোহ দেখা দিলে নির্বিচারে খুন করে যাবে। আচ্ছা বিদুর তো মুজাফফরাবাদের মাদ্রাসায় গেছিলেন, সেখানে যদি এখন গা-ঢাকা দিয়েও থাকেন, তাহলে বুঝতে হবে মুজাফফরাবাদে আমাদের জন্য বড়ো কোনো লিড অপেক্ষা করে আছে।’
মাথুর মললেন, ‘পুঞ্চে কালও ফায়ারিং করেছে ওরা। সিজফায়ার ছিল।’
খান টেবিলে ঘুসি মেরে বললেন, ‘চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনফিলট্রেট করানোর।’
তুষার ঢুকলেন মাথুরের চেম্বারে। মাথুরকে খেতে দেখে বললেন, ‘এই তো কিছুক্ষণ আগে লাঞ্চ করলে। এখন আবার কাবাব? ফেটে যাবে তো হে!’
মাথুর কাঁচুমাচু মুখে বললেন, ‘খিদে পাচ্ছে স্যার। কী করব?’
তুষার চেয়ারে বসে বললেন, ‘হুঁ, কীই-বা আর করার আছে? শোনো, কয়েক জন পুরোনো মেহমান কাশ্মীরে ঢুকেছে। রেহান ফোন করেছিল একটু আগে। ওর ইনফরমাররা বলছে উসমানকে ওরা শ্রীনগরে দেখেছে। আমার মনে হচ্ছে ওরা আবার কিছু ঝামেলা করার চেষ্টা করতে পারে।
মাথুর বললেন, ‘আর কত সিকিউরিটি বাড়াবেন স্যার? আর কি বাড়ানোর কোনো জায়গা আছে?’
তুষার বললেন, ‘আছে। সেটাই দেখতে বললাম। কালকেও একটা বিক্ষোভ থেকে পাথর ছোঁড়া হয়েছে। বুঝতেই পারছ ওপারের ইন্ধন ছাড়া এই কাজ হবে না। মুজাফফরাবাদ অরিজিনেটেড বেশ কয়েকটা লিফলেট পাওয়া গেছে লালচকে। আবার দুই কাশ্মীরের এক হবার ডাক দেওয়া চলছে।’
খান বললেন, ‘মুজাফফরাবাদেই তো বিদুর স্যার…’
তুষার চিন্তিত মুখে বললেন, ‘হ্যাঁ, ও ওখানেই কিছু একটা গন্ধ পেয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে পঞ্চাশটার বেশি লঞ্চ প্যাড আছে যেখান থেকে ওরা ওদের মগজধোলাই করা ছেলেদের এদেশে পাঠায়। দিনে দিনে নতুন নতুন মুজাহিদিন তৈরি হয়। শুধু পাকিস্তান থেকেই না, এপারের কাশ্মীর থেকেও ছেলেদের তুলে নিয়ে ওপারে গিয়ে মগজধোলাই চলে। ধর্ম… ধর্ম… ধর্ম… বড়ি গেলাও, এপারে পাঠিয়ে দাও। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জম্বি বানিয়ে দিচ্ছে। কী ভয়ানক। আর ভাল্লাগে না খান, সব ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যাবো।’
খান হেসে ফেললেন, ‘সেটা আপনি কোনোদিনও পারবেন না, এটা আমার থেকে ভালো কেউ জানে না। পাহাড়ের কোনো গুহায় ধ্যান করতে গিয়ে দেখবেন ওখানেও লস্কর ঘুরছে, ব্যাস, সব ছেড়েছুড়ে দিয়ে ওদের বারোটা বাজাতে দৌড়বেন।’
তুষার হাসতে হাসতে বললেন, ‘তা যা বলেছো। আমার আর ছুটি হবে না।’
মাথুর কাবাবটা শেষ করে বললেন, ‘তা হবে না স্যার। এত তাড়াতাড়ি ছুটির কথা ভাববেনই বা কেন?’
তুষার বললেন, ‘আমাকে একটা কথা বল তো। সরফরাজ খান এখন কোথায় আছে? ওরই তো আই এস আই চিফ হবার কথা ছিল। মাঝখান দিয়ে রফিকের শিকে ছিঁড়ল কী করে?’
খান বললেন, ‘সরফরাজ বাকুতে ছিল আগের সপ্তাহে। আমার মনে হয়, এটাই ওদের স্ট্র্যাটেজি স্যার। রফিক সামনে থাকবে, আসল খেলাটা সরফরাজ খেলবে।’
তুষার বললেন, ‘তাহলে এই পুরো টাকা লেনদেনের খেলাটাও কি ওর নেতৃত্বে হচ্ছে? নাকি আলমগীর একটা খুঁটি, রফিক আরেকটা খুঁটি আর সরফরাজ আরেকটা?’
মাথুর বললেন, ‘আমি কিন্তু আরেকটা চতুর্থ ঘুঁটির অস্তিত্ব টের পাচ্ছি স্যার। আই এস আইকে বাইরে থেকে যেমন লিড করছে সরফরাজ খান, একইসঙ্গে একজন কো অরডিনেটর আছে যে বার বার লস্কর সম্পর্কিত যত রকম সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো মিটিয়ে দিচ্ছে।’
তুষার বললেন, ‘সে কে?’
মাথুর বললেন, ‘এখন সেটাই দেখছি আমি। আমার মনে হচ্ছে এদের উপরে অন্ধকার থেকে কেউ সুতো নাড়ছে, এই ছায়াযুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয়, তত ভালো।’
তুষার জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। আকাশের কোণে মেঘ করেছে। যখন-তখন বৃষ্টি নামতে পারে। পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে চিন্তিত মুখে কিছুক্ষণ আকাশ দেখে বললেন, ‘সায়কও আমাকে এরকম কিছু একটা বলছিল বটে। ওর ট্র্যাকিং বলছে লাস্ট উইকে রফিক পেশোয়ারে গেছিল… কিন্তু কেন?
১৯
জিনিসপত্র বলতে সাকুল্যে একটা ব্যাগ। সেটা দেখে ইব্রাহিম চোখ কপালে তুলে বলল, ‘একী, আর কিছু নেই তোর?
পাশের সিটে ব্যাগটা রেখে গাড়ি স্টার্ট দিল আহমেদ, বলল, ‘গরিব মানুষ জনাব। আমার আর কী থাকবে? খুবই গরিব আমি।’
ইব্রাহিম বলল, ‘বুঝেছি। হয়েছে, অত গরিবি দেখাতে হবে না। শোন, ওখানে কথায় কথায় সাবার সঙ্গে মেশার চেষ্টা করবি না। তুই বড়ো, ও বাচ্চা। ও ওসব বুঝবে না। তোকেই দায়িত্ব নিয়ে ওর থেকে দূরে থাকতে হবে যাতে কিছুতেই দু- জনে একসঙ্গে না হতে পারিস। বুঝেছিস?’
গাড়ি সঙ্গেসঙ্গে দাঁড় করিয়ে আহমেদ বলল, ‘তাহলে ছেড়ে দিন জনাব। আমি যাবো না। এত ঝামেলার থেকে আমি বরং এখানেই থাকি।’
সঙ্গেসঙ্গে ইব্রাহিমের গলা নরম হয়ে গেল, ‘ঠিক আছে। চল বাবা চল। আর ঝামেলা করিস না। তুই বুঝতে পারছিস না আমি খুব কঠিন একটা ঝামেলায় পড়েছি।’
আহমেদ বলল, ‘কী ঝামেলায় পড়েছেন?’
‘তুই বুঝবি না। এসব জানতে পড়াশুনা করতে হয়। মোট কথা হল ঝামেলাটা বেশ বড়োসড়ো। অনেক উঁচু মহলের লোকজন আমার খোঁজে আসছে, একটু এদিক-সেদিক হলেই হয়ে গেল, আর আমাকে খুঁজে পাওয়া যাবে না।’
রাতের ইসলামাবাদ এখন শান্ত। রাস্তায় গাড়ি কম।
রাত সাড়ে ন-টা বাজে।
আহমেদ বলল, ‘তাহলে আপনি অস্ত্রশস্ত্র কিনে সঙ্গে রাখুন। আমি আগে পেশোয়ারে থাকতাম, ওখানে সবার হাতেই কিছু-না-কিছু থাকত। পিস্তল কিনবেন?’
ইব্রাহিম সভয়ে বলল, ‘এ আবার কী কথা? আমি কি গুন্ডা বদমাশ? আমি ওসব চালাতে পারি না।’
আহমেদ বলল, ‘শিখে নিন। কখন কী দরকার হয় কেউ জানে না।
ইব্রাহিম বলল, ‘জানতে হবে না। তুই তোর ঘরটা দেখে নে। পরিষ্কার করিয়ে দিয়েছি। একটা চৌকি আছে। হয়ে যাবে।’
আহমেদ চলে এসেছিল ইব্রাহিমের কোয়ার্টারের সামনে। সারভেন্টস কোয়ার্টার ইব্রাহিমের কোয়ার্টারের লাগোয়া। ঘর দেখে আহমেদ খুশি হল, ‘এই তো। এতদিন বরং এখানে থাকলেই ভালো হত। কী যে কষ্ট করে থাকতে হত।’
ইব্রাহিম পকেট থেকে টাকা বের করে বলল, ‘এই নে, খেয়ে নিবি। খাওয়ার ব্যবস্থাটা আমি দেখছি কী করা যায়।’
আহমেদ টাকা নিল। সাবা ঘর থেকে বেরিয়ে কৌতূহলী চোখে দেখছিল, ইব্রাহিম সাবাকে বকে ঘরে পাঠিয়ে দিল।
দরজা বন্ধ করে কিছুক্ষণ পর আহমেদ কলোনির বাইরের রাস্তায় খেতে বেরলো। খানিকটা হাঁটলে একটা খাবারের ঠ্যালা আছে, সেখান থেকেই খেয়ে নেওয়া যাবে। ঠ্যালার সামনে চেয়ার টেবিল আছে।
দোকানে ভিড় কমই ছিল। রুটি মাংস নিয়ে খেতে বসল সে।
‘তুমি এখানে চলে আসবে, বলবে না?’
কখন যে পাশে একটা প্লেট নিয়ে লোকটা বসে পড়েছে, বুঝতে পারেনি আহমেদ। ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে বলল, ‘আমি জানি তুমি ঠিক খুঁজে নেবে। সব খবর ঠিক আছে তো?’
‘ঠিক নেই। ভেবেছিলাম রফিকের সঙ্গে আলমগীরের ঝামেলা লেগে যাবে, আদতে লাগেনি। এর মানে দাঁড়ায় আলমগীর যা চেয়েছিল, তা পেয়ে যাচ্ছে।’
‘তা হবে। ইব্রাহিমও টেনশনে আছে। বলছে বড়ো বড়ো লোক দেখা করতে আসছে। ভয় পাচ্ছে।’
‘পাবারই কথা। ছা-পোষা লোক। বাজে ফেঁসেছে।’
‘ফেঁসেছে?’
‘হ্যাঁ, ওকে ফাঁসিয়েছে আলমগীরের লোকজন। ব্যাটা বুঝতে না পেরে আলমগীরের হানি ট্যাপে পড়ে গেছিল। আলমগীরের লোক তারপর থেকে ওকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল। ওখান থেকেই এখন আলমগীরের হাতের পুতুল হয়ে গেছে।’
‘অ্যাঁ? ধুস। এরকম কিছু হতে পারে না। ও পরিবার অন্ত প্রাণ।’
‘পরিবার অন্ত প্রাণ হলে তাকে ফাঁসানো যাবে না, কে বলল তোমায়? এদের মায়াদয়া জিনিসটা কম আছে। আলমগীরের কাজ ও বেশ কিছু দিন থেকেই করে। এখন কাজের মাত্রা বেড়েছে। সে জন্যই তোমাকে এখানে ঢোকানো হয়েছে। চোখ-কান খোলা রাখবে। রিপোর্ট নেবার জন্য ঠিক চলে আসব আমি।’
‘ঠিক আছে।’
‘আরেকটা কথা, ওমর সঈদ আর আবু খালেদের ঠিকানাটা মনে আছে?’
‘মুখস্ত আছে।’
‘বল। এরা এই ঠিকানায় আছে নাকি দেখতে হবে।’
‘টি সেভেন, হলিডে অ্যাপার্টমেন্ট, রাওয়ালপিন্ডি, ওমর সঈদ। তিনশো সাত, সানরাইজ অ্যাপার্টমেন্ট, করাচি।’
‘গুড। ভেরি গুড। তোমার উন্নতি হবে। আর বকাবো না। গুড নাইট।’
‘গুড নাইট।’
লোকটা চলে গেল। আহমেদ খাবার শেষ করে আবার ঘরে ফিরে এল। ইব্রাহিম লোকটাকে সাদাসিধেই লেগেছিল। এর মধ্যে এত কিছু গল্প ছিল কে বুঝবে?
এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়েছিল সে, ঘুম ভাঙল দরজার শব্দে। কেউ সশব্দে কড়া নাড়ছে। খাট থেকে নেমে চোখ মুছে দরজা খুলে দেখল সাবা হাসিমুখে দাঁড়িয়ে আছে। সে ঘাবড়ে গিয়ে বলল, ‘কী হয়েছে?’
‘কিছু হয়নি। তোমাকে দেখতে এলাম।’
‘এখন তো অনেক রাত হয়েছে। ঘরে যাও।’
‘ধুস। সবে সাড়ে এগারোটা। বাবা ঘুমিয়ে পড়েছে। তুমি তো আমার জন্যই এখানে এসেছো, তাই না?’
সাবার চোখ-মুখ ঝলমল করছে উত্তেজনায়…
আহমেদ দরজার ফাঁক দিয়ে একবার ইব্রাহিমের কোয়ার্টারের দিকে তাকাল। সব অন্ধকার। সে গলা নামিয়ে বলল, ‘তোমার মাথাটা পুরোপুরি গেছে দেখছি। জনাব জানতে পারলে আমাকে কালকেই তাড়িয়ে দেবে, জানো সেটা?’
সাবা ঠোঁট উলটে বলল, ‘জানবে কী করে? আব্বু ঘুমোলে বাড়িতে বাজ পড়লেও টের পায় না। আম্মি বলে আব্বুর নাক ডাকার শব্দে চোর পালিয়ে যায়।’
‘চোর না পালালেও আমাকে পালাতে হবে। যাও সাবা, ঘরে যাও। ভালো মেয়ে।’
‘তুমি আমাকে বাচ্চা মেয়ের মতো বোঝাবে না তো! আমি আঠেরো হয়ে গেছি।’
আহমেদ হাসি চাপল। এই মেয়েটার জেদ দেখলে তার মাঝে মাঝে ইব্রাহিমের জন্য মায়াই হয়। সে শাস্ত গলায় বলল, ‘আঠেরো হয়েছ বলেই তো বলছি। ঘরে যাও সাবা। পরে কথা হবে।’
সাবা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, ‘তুমি খুব খারাপ।’
‘জানি। এবার যাও।’
সাবা লাজুক কণ্ঠে বলল, ‘কাল বিরিয়ানি বানাবো আমি। আম্মি শেখাবে বলেছে। তোমাকে দিয়ে যাবো, খাবে?’
‘জনাবকে জিজ্ঞেস করে দিও। উনি হ্যাঁ বললে নিশ্চয়ই খাবো।’
সাবা রাগ করে চলে গেল।
দরজা বন্ধ করে আহমেদ চৌকিতে এসে শুল। চোখ বুজে কিছুক্ষণ শুয়েছিল, হঠাৎ গাড়ির আওয়াজ পাওয়া গেল। সে উঠে বসল। জানলার কাছে গিয়ে দেখল ইব্রাহিমের কোয়ার্টারের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা হর্ন দিল। মিনিট দুয়েক পর দেখা গেল ইব্রাহিম কোয়ার্টার থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে।
ভাগ্যিস সে সাবাকে প্রশ্রয় দেয়নি। ইব্রাহিম বুঝতে পারলে আজ রাতেই তাকে এ ঘর ছাড়তে হত…
