দেশান্তরে বাজ – ২০

২০

মুজাফফরাবাদ।

দরবার বাবার মাজারের পেছন দিকে ফকিরদের থাকার ছাউনিতে সাত দিন কাটিয়ে দিয়েছে সৈয়দ। ভোল বদলেছে সে। বাকি ফকিরদের সঙ্গে তাকে আলাদা করার জো নেই। মাদ্রাসার লোকেরা একবার খুঁজতে এসেছিল। কিছুই বুঝতে পারেনি। সৈয়দ ফকিরদের ভিড়ে বোবা সেজে বসে থাকে। ভিক্ষে করে যা পায়, তাই খায়, জিকিরের সময় মাথা দোলায়, আর চোখ দুটো খুলে সারাক্ষণ সব কিছু দেখে যায়। এখান থেকে মাদ্রাসার গেটটা দেখতে পাওয়া যায়। কে ঢুকছে, কে বেরোচ্ছে, যতটা সম্ভব দেখার চেষ্টা করে সে।

মাদ্রাসার গেটে চার জন রক্ষী রাখা হয়েছে। আমিরের মতো নভিস নয় এরা। সকালের দিকে দু-জন থাকে। সন্ধে দু-জন। চারজনেই কঠিন চোখে সারাদিনরাত দাঁড়িয়ে থাকে।

সাত দিনের মাথায় বিকেলে মোকসেদকে দেখতে পেল সৈয়দ। শীত বেড়েছে মাজারে। কম্বল দিয়ে গেছে গ্রামের লোকজন। সে গায়ে সব জড়িয়ে জুবুথুবু হয়ে বসেছিল, নীলমের হাওয়ায় বুকে সর্দি বসেছে, কাশিও হচ্ছে দু-দিন ধরে। খানিকটা চোখ বুজেও এসেছিল শীতের আমেজে, এমন সময় একটা পিক আপ ভ্যান এসে দাঁড়াল মাদ্রাসার গেটে। মোকসেদ প্রায় ছ-ফুট লম্বা। চেইন স্মোকার। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল।

সৈয়দ বুঝল মোকসেদ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে।

গেটের রক্ষীদের সঙ্গে কথা বলে আবার পিক আপ ভ্যানে গিয়ে সমক মোকসেদ। গাড়িটা মাদ্রাসার ভেতরে প্রবেশ করল।

সৈয়দ সারাদিন অপেক্ষা করল। রাত নামতে নীলম বরাবর হাঁটতে হাঁটতে মাদ্রাসার একবারে পেছনের দিকে পৌঁছে গেল। বিল্ডিং-এর আলো জ্বলছে। এদিকটা কাঁটাতার দিয়ে ঘেরা। সৈয়দ ধীর পায়ে সবটা ঘুরে আবার মাজারে ফিরে এল।

পরদিন ভোর হতেই সে মাজার থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। মুজাফফরাবাদ থেকে মাদ্রাসার গেটে পৌঁছোনোর জন্য যে শর্টকাট রাস্তায় এসেছিল, সে রাস্তা না ধরে সে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে বড়ো রাস্তায় পৌঁছে মুজাফফরাবাদের বাস ধরল। বাস স্ট্যান্ডে পৌঁছে হাঁটতে হাঁটতে আবদুল্লার দোকানে যখন ঢুকল, আবদুল্লা তখন দোকানেই ছিল। তাকে দেখে যেন হাতে চাঁদ পেল, ‘উফ! আমি তো ভেবেছিলাম এতক্ষণে খরচ হয়ে গেছেন!’

সৈয়দ আবদুল্লার কথার উত্তর না দিয়ে উলটো প্রশ্ন করল, ‘বোল্ট কাটার আছে?’

আবদুল্লা ঘাবড়ে গিয়ে বলল, ‘ও দিয়ে কী করবেন?’

‘জোগাড় কর। কাজে লাগবে।’

আবদুল্লা কয়েক সেকেন্ড চোখ বড়ো বড়ো করে সৈয়দের দিকে তাকিয়ে থেকে বলল, ‘মাথা-ফাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? ধরা পড়লে…’

সৈয়দ ধমক দিল, ‘বাজে না বকে যা বলছি এনে দে।’

আবদুল্লা বলল, ‘দোকানেই আছে।’

সৈয়দ বলল, ‘ঠিক আছে। বের করে রাখ। আমি ভেতরে ঘুমোতে গেলাম।’

আবদুল্লা মাথা চুলকে বলল, ‘হয়ে গেল। আমি আর বেশিদিন এই পৃথিবীতে নেই। চাচা একাই আমার বারোটা বাজিয়ে দেবে।’

বিকেল হতেই সৈয়দ দোকান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিল। আবদুল্লা দোকানে বসে বসে ঘামতে লাগল।

রাত নামতে সে দোকান বন্ধ করে ফোন খুলল। একটা নাম্বারে মেসেজ করল, ‘ফিরে এসেছিল, আবার চলে গেছে।’

উত্তর এল না। আবদুল্লা অনেকক্ষণ অপেক্ষা করে ‘ধুত্তোর’ বলে খেতে বেরলো।

বাজারের মধ্যে জমজমাট পরোটার দোকান। সে দুটো পরোটা নিয়ে খেতে শুরু করতেই দেখল বাজারে দুটো পিক আপ ভ্যান ঢুকেছে। ষোল-সতেরো বছর বয়সি দশ-বারোটা ছেলে ভ্যান থেকে নেমে খেতে ঢুকল। আবদুল্লা খেয়ে টাকা দিয়ে বেরিয়ে দোকানে ফিরে এল।

ফোন অন করে দেখল মেসেজ এসেছে, ‘স্টে অ্যালার্ট। সকাল আটটার মধ্যে না ঢুকলে বেরিয়ে যাবে। থাকার দরকার নেই। লাহোরে পৌঁছে জানাবে।

আবদুল্লা বিরক্ত মুখে বলল, ‘দেখো অবস্থা। কোথাও একটু তিষ্ঠোতে দেবে না এরা। ঠিক কিছু না কিছু ঝামেলা করে রাখবে। এখানে দিব্যি জমে গেছিলাম, এখন কোথায় যাবো?’

সে রিপ্লাইতে শুধু ‘ঠিক আছে’ লিখলো।

সারারাত এপাশ-ওপাশ করে শেষ রাতের দিকে ঘুম এসেছিল, শাটারে ধাক্কার শব্দে ঘুম ভেঙে গেল…

সে ধড়মড় করে উঠে বসে হাতে একটা ছুরি নিল। আবার ধাক্কা পড়ছে শাটারে। একটু ভেবে ছুরিটা আবার রেখে শাটার খুলল সে। দিনের আলো ফুটেছে চারপাশে। সৈয়দকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক ঠান্ডা হল।

সৈয়দ বিরক্ত মুখে বলল, ‘দিনের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস কেন?

আবদুল্লা বলল, ‘ঘুমোলাম কোথায়? আপনার অপেক্ষায় বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম।’

সৈয়দ বলল, ‘মাঝরাতে কি বাস পাওয়া যায়? কবে যে বুদ্ধিশুদ্ধি হবে তোর! যাক গে, আমি আজ বেরিয়ে যাচ্ছি।’

আবদুল্লা বলল, ‘বাঁচলাম বাবা।’

সৈয়দ কটমট করে আবদুল্লাকে দেখে বলল, ‘সারাদিন তো কোনো কাজ নেই, খাই আর ঘুমাই, আবার বলছিস বাঁচা গেল।’

আবদুল্লা বলল, ‘আপনি স্নান করবেন? গরম জল করে দেবো?’

সৈয়দ মাথা নাড়ল, ‘গায়ে গন্ধ আসছে তো? থাক। এখন আমি বেরিয়ে যাবো। বাসে গন্ধটা থাকুক, লোকে দূরে থাকবে। তবে এখানের গন্ধটা সুবিধেজনক নয়।’

আবদুল্লা বলল, ‘কাল বাজারেও কয়েকটা ছেলে খেতে এসেছিল। ওদের

দেখে এখানকার বলে মনে হল না।’

‘ঠিক আছে, বেরোই। সাবধানে থাকবি। ধরা পড়িস না।

আবদুল্লা কাঁচুমাচু মুখে বলল, ‘আবার অলুক্ষুণে কথা বলে? দুটো দিন থেকে যান বরং। কেস খেলে আপনিও খাবেন। আমি একা কেন খাবো?’

সৈয়দ বলল, ‘না। আমার বস্তির ঘর কাঁদছে। গিয়ে ঘুমোই।’

আবদুল্লা বলল, ‘কীভাবে পারেন জানি না। আপনাকে প্রণাম।’

সৈয়দ বলল, ‘আসি। ভালো থাকিস।

আবদুল্লা শাটার তুলে বাইরেটা দেখে এসে বলল, ‘যান। ক্লিয়ার আছে।’

২১

রাত তিনটে।

তুষার স্টাডিরুমে বসেছিলেন। ফোনে মেসেজ পেলেন, ‘বেঁচে আছে। মুজাফফরাবাদ থেকে ফিরেছে। মোকসেদ লোক জড়ো করছে ওখানে।

তুষার সঙ্গেসঙ্গে চিফকে ফোন করলেন। রিং হতেই চিফ ধরলেন, ‘বল তুষার, আমিও মেসেজটা পেয়েছি। থ্যাঙ্ক গড বিদুর ইজ অ্যালাইভ।’

‘যা বলেছো। তবে মোকসেদের খবরটা ভাবাচ্ছে।’

‘হ্যাঁ। আজ সন্ধে থেকেই তো ওরা আবার সিজফায়ার ভেঙে বেশ কয়েক বার ফায়ারিং করেছে।’

‘হুঁ, এর অর্থ তো বোঝাই যাচ্ছে, ইনফিলট্রেট করবে। বড়ো স্কেলে আঘাত হানতে চাইছে এবার। মোকসেদ ইজ ডেঞ্জারাস। গোটা এলাকাটা ওর মাথার মধ্যে ছাপা আছে। উই নিড টু অ্যাক্ট ফাস্ট।’

‘রেহান আর অবস্তীকে খবর দিয়ে দাও। কাউকে যেন না ছাড়ে। সব তল্লাশি হোক। তাতে যা হয় হবে।’

তুষার ক্লান্ত গলায় বললেন, ‘দিচ্ছি।’

‘আর ইউ ওকে তুষার?’

‘হ্যাঁ, ওকে না হয়ে উপায় আছে? এর শেষ কোথায় জানি না। একটা বাঁচোয়া, বিদুর ঠিক আছে। তুমি ওকে এবার দেশে ফিরতে বল। এত ঝুঁকি আর নিতে হবে না। আর এই আলমগীরের ফান্ডিং লিস্টের দু-জন, ওমর সঈদ আর আবু খালেদ, একজন রাওয়ালপিন্ডি আর একজন করাচিতে আছে। এরাই মূলত সব কিছু জোগাড় করে অপারেশনটা চালাচ্ছে।’

‘হুঁ। কফি বানাও।’

‘এসো।’

তুষার কফি বসিয়ে হাতে পেন আর নোটপ্যাড নিলেন। বেশ কিছুক্ষণ ধরে নোটপ্যাডে কয়েকটা পয়েন্ট লিখে নিজেই সে কাগজটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। ঘড়ি দেখে উঠে দাঁড়িয়ে দরজা খুলে বললেন, ‘এসো।’

চিফ ঘরে ঢুকে বললেন, ‘মিনিস্ট্রিতে কথা বলব না। এ জিনিসের পারমিশন পাওয়া যাবে না।’

তুমার কফি মাগ চিফের দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘তারমানে তুমিও সেটাই ভাবছো, যেটা আমি ভাবছি?’

‘হুঁ। এটা দরকার। মুজাফফরাবাদে আমরা কিছু করতে পারবো না, কিন্তু এ দুটো জায়গায় না করার কিছু নেই।’

তুষার হাসলেন। ঘড়িতে এখন তিনটে পঁয়ত্রিশ বাজে।

চেস বোর্ড সাজাতে শুরু করলেন। চিফ বললেন, ‘মুজাফফরাবাদ আমাদের জন্য খুব বড়ো মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে তুষার। এই জায়গাটাকে নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার।’

‘কীভাবে ভাবতে চাও বল।’

‘জানি না। ওরা একটার পর একটা লঞ্চ প্যাড বানিয়ে চলেছে। আজকাল তো স্বপ্ন আসে আমার, দেখি গোটা পাকিস্তানের সব লোকজন কাশ্মীর বর্ডারে এসে দাঁড়িয়েছে। কেউ আর মানুষ নেই, সব ক-টা জম্বি। একটাই বুলি আউড়ে যাচ্ছে সবক-টা। জাস্ট ভাবো তুষার, এত ছেলে ওরা পাচ্ছে কোত্থেকে?’

‘তুমিও জানো, আমিও জানি। কালকেও অনন্তনাগে একজন নেতার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাদের দাবি হল, কাশ্মীরের স্বাধীনতা চাই। খুঁজলে লস্কর লিঙ্কও পাওয়া যাবে নিশ্চয়ই। আগুন নিয়ে খেলা বোধ হয় একেই বলে, তাই না?’

‘হুঁ। ব্লু উইংস আদৌ কোনোদিন হবে নাকি জানি না, তবে মুজাফফরাবাদ- রাওয়ালপিন্ডি আর করাচির এই ত্রিভুজটা ভাঙতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব।’

তুষার থমকে গিয়ে চিফের দিকে তাকালেন, ‘রশিদ ঠিক হবে?’

‘রশিদ? নট ব্যাড।’

‘তুমি শিওর? মিনিস্ট্রিতে জানাবে না?’

চিফ হেসে উঠলেন, ‘তুমি ক্ষেপেছো?’

‘তা ঠিক।’

নোটপ্যাডটা হাতে নিয়ে তুষার পর পর কয়েকটা পয়েন্ট লিখে বললেন, ‘রশিদ আর আলতাফ বালোচ। করাচিটা আলতাফ হাতের তালুর মতো চেনে। ও পারবে।’

‘আলবাত পারবে। না পারার তো কিছু নেই।

‘তোমরা কি ঠিক করেছো বল তো? রাতে ঘুমটা একবারে বন্ধ করে দেবে? এরপরে তো অসুস্থ হয়ে পড়বে?’

ইরাবতী কখন দরজায় এসে দাঁড়িয়েছেন, দু-জনের কেউই খেয়াল করেননি। তুষার আমতা আমতা করে বললেন, ‘ও কিছু না। তুমি ঘুমোও। চিন্তার কিছু নেই, একদিন সব ঠিক হয়ে যাবে। দারুণ ঘুমোবো দেখবে।’

ইরাবতী বললেন, ‘সে দিনটা কবে? তোমাদের সত্যিই কিছু বলার নেই।

ইরাবতী চলে গেলেন। চিফ হাসলেন, ‘সবার বাড়িতে একই অবস্থা, এরা আমাদের সহ্য করছে এখনও, এটাই বড়ো কথা।’

তুষার বললেন, ‘তা ঠিক। আমাদের আর কী? আমরা তো রাত জেগেই খালাস।’

দু-জনে হো-হো করে হেসে উঠলেন।

২২

ইসলামাবাদ।

সকাল সাতটায় ঘুম ভাঙল আহমেদের। ঘর থেকে বেরিয়ে দেখল সাবা বারান্দায় পায়চারি করছে।

সে জিজ্ঞেস করল, ‘জনাব উঠেছেন?’

সাবা বলল, ‘জানি না।

আহমেদ বুঝল সাবা বেশ রেগে আছে। সে বলল, ‘দেখো না। আজ ক-টায় বেরবো জানতে হবে না?’

সাবা ঘরের ভেতরে চলে গেল। কয়েক মিনিট পর ইব্রাহিম বেরিয়ে এল, ‘ন-টাতেই বেরবো। তুই সাবার সঙ্গে কথা বলছিস কেন?’

আহমেদ বলল, ‘ক-টায় বেরবেন, সেটা জেনে নিতে বললাম। আমি এতক্ষণ কী করব? ওখানে তো ওদের সঙ্গে গল্প-টল্প করতাম।’

ইব্রাহিম বলল, ‘কথা বলার ছুঁতো খুঁজছিস নাকি বলতো? এসব সাবাকে বলার কী আছে? মাঠে দৌড়ো। শরীর শক্ত কর, পাকিস্তান শক্তিশালী হবে।

আহমেদ হেসে বলল, ‘পাকিস্তান শক্তিশালী করে আমার কী লাভ জনাব? পাকিস্তান আমাকে কী দেবে?’

ইব্রাহিম বলল, ‘এ আবার কী কথা? পাকিস্তান তোর দেশ না? দেশ কি কিছু দেয়? নাগরিকদের দেশকে দিতে হয়। জীবন দিয়ে দেয় কত লোক, আর তুই বলছিস কী দিবি?’

আহমেদ বলল, ‘আপনাকে দেখলাম মাঝরাতে জীবন দিতে! কারা এসেছিল?’

ইব্রাহিম তাড়াতাড়ি তার কাছে এসে বলল, ‘গলা নামিয়ে কথা বল। সারা পাড়াকে বলবি নাকি? অনেক হাইফাই লোকজন এসেছিল। তুই চিনবি না। তোর কোনো ধারণা নেই তাদের সম্পর্কে।’

আহমেদ বলল, ‘তাই নাকি? আপনাকে দেখে তো মনে হয় না খুব আনন্দে কিছু করছেন। বরং দেখে মনে হয় আপনার মাথায় পিস্তল ধরে কেউ কাজ করিয়ে নিচ্ছে।’

ইব্রাহিমের মুখ ফ্যাকাসে হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপরেই সে বলল, ‘চুপ থাক। বেশি বকবক করছিস আজকাল।’

আহমেদ ঠোঁটে আঙুল দিয়ে বলল, ‘ঠিক আছে জনাব। আপনি ফজরে বেরোননি? ইব্রাহিম বলল, ‘না। আমি ভোরে উঠতে পারি না। শুধু জুম্মায় মসজিদে যাই। তুই বরং ভোরে উঠতে পারিস।’

আহমেদ বলল, ‘বাঃ জনাব, সব আপনি আমার ঘাড়ে দিয়েই পার পেয়ে যেতে চাইছেন।’

ইব্রাহিম রেগে বলল, ‘তোর সঙ্গে কথা বলাই ভুল হয়েছে। যাই হোক, তোর আপা তোর জন্য খাবার রেখেছে। ওটা খেয়েই বেরোবি। বাইরে যেতে হবে না। আর সাবধান…’

‘সাবার সঙ্গে কিছু করব না।’

কথা শেষ করল আহমেদ।

ইব্রাহিম তর্জনী তুলে বলল, ‘মনে থাকে যেন।

আহমেদ বলল, ‘জি জনাব। আমি একটু ঘুরে আসি।’

‘যা।’

আহমেদ হাঁটতে বেরলো। ব্যাঙ্ক কলোনি ছেড়ে বেরতেই দেখল কাগজওয়ালা ঠেলার সামনে দাঁড়িয়ে রুটি খাচ্ছে। সে হাঁটতে হাঁটতে ঠেলার কাছে পৌঁছোল। কাগজওয়ালা বলল, ‘প্রেম-ট্রেম করছ না তো?’

আহমেদ বলল, ‘না না। পাগল নাকি? ওসব কেউ করে?’

‘করতে পারো। তবে ভবিষ্যৎ নেই কোনো।

‘ও। তার মানে তুমি করেছো বা করেছিলে?’

‘আমার তো আছে। কলকাতায়। টিকবে না।

‘মানে? তোমার এখানে থাকার প্ল্যান নেই?’

‘না। আমি শর্ট অ্যাসাইনমেন্ট নিয়ে আসি। বেশিদিনের কাজ না। শোনো, তোমার জন্য সুখবর আছে। বুড়ো ফিরে এসেছে।’

আহমেদ খুশি হল, ‘বাঃ। বুড়ো মরেনি জেনে ভালো লাগছে।’

‘বুড়োর ইচ্ছামৃত্যু। এত সহজে মরবেও না। তবে বেশিদিন আর থাকবে না। বুড়ো দেশে ফিরবে শিগগিরি।’

‘হ্যাঁ, আমাকে বলেছিল।’

‘তোমাকে তো বলবেই। বুড়োর পেয়ারের লোক তুমি। ইব্রাহিমের থেকে আর কিছু পেলে?’

‘কাল রাতে বড়ো কেউ এসেছিল।’

‘রফিক। ইব্রাহিম এখন সাঁড়াশির প্যাঁচে পড়েছে। বেচারার হাল খারাপ করে দেবে দু-পক্ষই।’

‘লোকটা কিন্তু ভালো।’

‘তাই নাকি? মেয়ের বিয়ে দেবে নাকি? ট্রেনিং ভুলে গেছো?’

আহমেদ লজ্জিত গলায় বলল, ‘ইয়ে মানে ব্যাপারটা তা না। লোকটা একটু খ্যাপা গোছের আছে বটে, কিন্তু ভালো।’

‘ভাই আমার, গিয়ে বল একবার তুই কোত্থেকে এসেছিস। তারপর কতটা ভালো তোকে দেখিয়ে দেবে।’

‘হি হি। তা ঠিক। তুমি কখনো ধরা পড়েছো?’

‘না। কিন্তু পড়তে কতক্ষণ? এর মধ্যেই ইসলামাবাদ থেকে বেরনোর কথা আছে। কোয়েটা যাবো বালোচদের সঙ্গে কাজ করতে। দেখা যাবে তখন ধরা পড়ে গেলাম। ব্যাস! বাকিটা ইতিহাস। যাক গে, এখন বেরোলাম। এখনও অনেকগুলো বাড়িতে কাগজ দেওয়া বাকি। পরে দেখা হবে।’

‘তোমার নাম কী?’

‘পরে বলবো না-হয়। সাবধানে থাকবে।’

কাগজওয়ালা সাইকেলে উঠে বেরিয়ে গেল। আহমেদ আরও খানিকটা রাস্তা হেঁটে কোয়ার্টারে ফিরে এল। সাবা তাকে দেখতেই আবার ভেতরে ঢুকে গেল।

আহমেদ গুণগুণ করে গান ধরল, ‘বারান্দায় রোদ্দুর… হুঁ হুঁ… কী আছে জীবনে… আমকাঠ পেছনে…’

২৩

রাওয়ালপিন্ডি

ওমর শৌখিন মানুষ। রোজ সকালে ন-টা থেকে দশটা পুরো এক ঘণ্টা সে সেলুনে থাকে।

ফরাস টাউনের বস্তিতে বড়ো হয়ে ওঠা ওমর যে কোনোদিন হলিডে অ্যাপার্টমেন্টে থাকবে, কেউ ভাবতে পারেনি।

ফয়জল হেয়ার কাটিং সেলুনের একটা চেয়ার তার জন্য রোজই ফাঁকা থাকে। ওমর এসে বসে। ওই সময়টা অন্য কারো সেলুনে প্রবেশ নিষিদ্ধ। ফয়জল নিজে ওমরের পরিচর্যা করে, ওমরের হয়ে গেলে তারপর সে বাকি কাস্টমারদের ঢুকতে দেয়। কারণ আর কিছুই না, ওমর মোটা বখশিশ দেয়। কে কীভাবে টাকা রোজগার করে, এ শহরে সচরাচর কেউ সরাসরি জিজ্ঞেস করে না। ওমরকে জিজ্ঞেস করার সাহসও খুব কম লোকের আছে। ওমরের স্থানীয় থানায় ভালো মতন চেনাজানা আছে। প্রায়শই থানার কনস্টেবলরা সেলুনে এসে ওমরের সঙ্গে দেখা করে যায়। ওমর পরামর্শ দেয়। তারা শোনে। ফয়জলও শোনে।

বুধবার সকাল ন-টা নাগাদ ওমর যখন সেলুনে ঢুকল, ফয়জল দাঁত বের করে চেয়ার এগিয়ে দিল। গান চালাল নুসরত ফতেহ আলি খাঁ সাহেবের। সোম, বুধ, শুক্র ওমর ফতেহ আলি খান শোনে, মঙ্গল, বৃহস্পতি শনি গুলাম আলি। রবিবার সে শুধু কিশোর কুমার শোনে।

এত দিন পরেও অবশ্য ফয়জল ভালো করে ভাব জমাতে পারেনি। ওমর কথা খুব কম বলে। বেশি ব্যক্তিগত প্রশ্ন পছন্দ করে না।

চেয়ারে বসে ওমর বলল, ‘এই দেখ, আমার সামনের দিকের চার পাঁচটা চুল পেকে গেছে। এটাকে কী করা যায়?’

ফয়জল বলল, ‘কালার করে দিচ্ছি জনাব।’

‘করে দে। তবে ফেস ওয়াস আগে কর।’

‘ঠিক আছে জনাব।’

ফয়জল অভ্যস্ত হাতে ওমরের মুখে ক্রিম মাখিয়ে দিল। ওমর চোখ বন্ধ করে গান শুনছে আর ‘আহা আহা’ করছে মৃদু সুরে।

সেলুনের সামনে চারটে বাইক এসে দাঁড়িয়েছে। ওমর বলল, ‘কারা এল?’

ফয়জল বলল, ‘পাড়ার লোক হবে। দেখব?’

ওমর বলল, ‘না না থাক।’

মিনিট দুয়েক পর রশিদ প্রবেশ করল সেলুনের ভেতর। রশিদ যে ঠিক কোথাকার লোক, তা কেউ জানে না। কখনো তাকে লাহোরে দেখায় যায়, কখনো রাওয়ালপিন্ডিতে। কেউ কেউ বলে এদেশের সব শহরে তার দুটো করে বউ আছে। রশিদের সব কিছুই ভালো, কিন্তু তার চোখ দুটো দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। শান্ত, সমাহিত চোখ দুটোর মধ্যে একটা ভয়ংকর খুনি লুকিয়ে আছে।

রশিদকে ঢুকতে দেখে ফয়জল বিরক্ত গলায় বলল, ‘এখন যাও মিয়াঁ। এখন সেলুন বন্ধ। দশটার পর এসো।

রশিদের পেছন পেছন আরও তিনজন সেলুনের ভেতর ঢুকল। ফয়জল বলল, ‘কী হল? কানে কথা যাচ্ছে না?’

রশিদ কোমর থেকে পিস্তল বের করে ফয়জলের মাথায় ধরে ধমক দিল, ‘বেরো। ফোট।’

ফয়জল এক সেকেন্ডের মধ্যে পালিয়ে গেল। ওমরও পালাতে যাচ্ছিল, পারল না। রশিদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর তিনটে গুলি করল ওমরকে। ওমরের দেহ নিস্তেজ হয়ে গেল।

রশিদ চিরুনি নিয়ে তার চুল আঁচড়ে বলল, ‘চল। বেরনো যাক।’

সেলুন থেকে দলবল নিয়ে বেরোতেই দেখা গেল দূর থেকে দু-জন কনস্টেবল তাদের দিকে ছুটে আসছে। রশিদের দলটা বাইকে উঠে স্টার্ট দিয়ে বেরলো।

এলাকায় অশান্তি নতুন না। কয়েক দিন পর পর সমাজবিরোধীদের দুটো দলের মধ্যে তুমুল গুলিগালাজ চলে। কনস্টেবলরা সেলুনের কাছে পৌঁছোনোর আগে রশিদের দল এলাকা থেকে পালিয়ে গেল।

ফয়জল ভয়ে পালিয়েছিল। পুলিশ দেখে সাহস জুটিয়ে ফিরে এসে কান্নাকাটি জুড়ে দিল, ‘হায় হায়, ওমর ভাই, এত ভালো একটা লোককে কে মেরে দিয়ে চলে গেল! এবার কী হবে? আমার সেলুনে আর কেউ আসবে না। সবাই আমার সেলুনকে অপয়া বলবে।’

কনস্টেবলরা ধমকে চুপ করাতে গেল ফয়জলকে। ফয়জলকে আটকায় কার সাধ্যি। ওমরের রক্তে মেঝে ভেসে যাচ্ছে।

ভিড়ের মধ্যেই একজন কোমরে হাত দিয়ে হতাশ মুখে সবটা দেখছিল। ভিড় ঠেলে এগিয়ে সে এল না। বরং ভিড় থেকে বেরিয়ে সে আলমগীরকে ফোন করল, ‘সর্বনাশ হয়ে গেছে জনাব।’

‘কী হয়েছে? এত উত্তেজিত হবার কী আছে?’

‘উত্তেজিত হব না তো কী জনাব? ওমর খুন হয়েছে।’

‘কী?! কী করে হল?’

‘জানি না জনাব। কে এসেছিল বোঝা যাচ্ছে না। সেলুনের মধ্যে গুলি করে দিয়ে চলে গেছে।’

‘সর্বনাশ…’

‘জনাব… জনাব…’

ওপাশ চুপ করে গেল। এ প্রান্ত থেকে শত ডাকাডাকিতেও আর কোনো উত্তর এল না…

২৪

প্রতিদিনের মতো ইব্রাহিম ন-টাতেই অফিসের জন্য কোয়ার্টার থেকে বেরলো। গাড়িতে উঠে বলল, ‘এটাই ভালো। ওরা কেউ জানতে পারবে না আমি কখন অফিস গেছি।’

আহমেদ হাই তুলল, ‘সবাই সব বোঝে জনাব। কেউ বলে, কেউ বলে না। আপনার কীভাবে এই ধারণা হল কে জানে।’

ইব্রাহিম বলল, ‘বুঝেছি বুঝেছি। তুই ঠিক করে গাড়ি চালা।

আহমেদ বলল, ‘জি জনাব। আপনি যেমন বলবেন।’

ইব্রাহিমের স্ত্রী ফারাহ তার জন্য খাবার রেখেছিল। আহমেদ খেয়ে এসেছে। ইব্রাহিম গুনগুন করে গান ধরল।

আহমেদ বলল, ‘জনাবের মন খুব খুশি আছে দেখছি।’

ইব্রাহিম বলল, ‘আছে তো। তাতে তোর কী? তোর তো এখানে বেশি ভালো থাকার কথা। বস্তিতে থাকতে হচ্ছে না।

আহমেদ বলল, ‘জি জনাব, একবারে জান্নাতে রেখে দিয়েছেন আপনি। ইব্রাহিম গজগজ করতে শুরু করল।

ব্যাঙ্কের সামনে গাড়ি থেকে নেমে ইব্রাহিম হন্তদন্ত হয়ে ব্যাঙ্কে ঢুকে গেল। দশটা নাগাদ ইমরানরা এল। সলমন আর ইমরান একসঙ্গে তার পেছনে লাগল, ‘কীরে ভাই, তুই কি একবারে জামাই হয়ে গেলি নাকি আলুর?’

আহমেদ লজ্জা পাবার ভান করে হাসল, ‘ধুস। কী যে বলিস না। চল খেয়ে আসি।

‘চল চল।’ তিনজনে খেতে বেরলো। রুটি খেতে খেতে ইমরান বলল, ‘তোর জন্য একটা দুঃসংবাদ আছে আহমেদ। তুই সৈয়দের থেকে ধার করেছিলি না? বুড়ো তো কিছুদিন লা পতা ছিল। সবাই ভেবেছিল ফুটে গেছে। ব্যাটা আজ সকালে রাস্তায় দাঁড়িয়ে সে কী গালাগাল। ওর ঝুপড়ির সামনে কে নাকি দাঁড়িয়ে হিসি করে গেছে।’

আহমেদ নাক কুঁচকে বলল, ‘খাবার সময় এসব কী কথা? পরে বলবি তো? আমার এসব শুনলে ঘেন্না লাগে।’

ইমরান বলল, ‘তা ঠিক। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ও চাচা, কোথায় গেছিলে? বলে তোর বউয়ের কাছে গেছিলাম। কী রস এই বয়সেও ভাব।

তিনজনই হেসে উঠল ইমরানের কথায়। সলমন বলল, ‘বুড়ো এরকমই। এত মদ খেতে পারে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কী দিয়ে তৈরি কে জানে।

তিনজন খেতে খেতে গল্প করছিল, এমন সময় আহমেদের নজরে পড়ল আলমগীরের গাড়িটা ব্যাঙ্কের সামনে এসে দাঁড়াল। ইব্রাহিম ব্যাঙ্কের বাইরে বেরিয়ে এসে গাড়ির ভেতর বসতে গাড়িটা বেরিয়ে গেল।

ইমরান বলল, ‘এই আলুর ব্যাপারটা কী বলত? ওর কী হয়েছে? কারা সব আসে, আলু ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায়, ওকে কেউ কিছু বলে না?’

আহমেদ বলল, ‘আমিও জানি না ওর কী হয়েছে। আজকাল একটু বেশিই তিরিক্ষি মেজাজে থাকে। সব কথায় ধমক দেয়।’

ইমরান বলল, ‘আর তেমন সন্দেহ বাতিক। সবাইকে নিয়ে সন্দেহ করে। ওরে আলু, তোর ওই মোটা বিবিকে নিয়ে আমি কী করব বাপ আমার? আনার কি খেয়ে-দেয়ে কাজ নেই?’

খবরের কাগজওয়ালা একটু দূরে এসে দাঁড়িয়েছে। আহমেদ প্লেট রেখে বলল ‘দাঁড়া, আমি একটা কাগজ নিয়ে আসি।

‘কিনে ফেল, আমিও আজ তোর থেকে নিয়ে পড়ব, কাল অস্ট্রেলিয়াকে আমরা দারুণভাবে হারিয়েছি। উফ, কী ব্যাটটাই না করল শেহজাদ ভাই!’

কাগজওয়ালার কাছে গিয়ে দাঁড়াল আহমেদ। কাগজওয়ালা বলল, ‘একটু সাবধানে থাকবে। ওমর উড়ে গেছে। ওরা ইব্রাহিমকে সন্দেহ করছে। মনে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্যই তুলে নিয়ে গেছে।’

আহমেদ বলল, ‘সেরেছে। আলু এমনিতেই টেনশনে থাকে, যাকগে, একটা কাগজ দাও। শাগরেদরা পড়বে।’

কাগজওয়ালা একটা খবরের কাগজ বের করে দিয়ে বলল, ‘আবার বলছি। চোখ-কান খোলা রেখো।’

আহমেদ বলল, ‘ধুস, কী আর হবে? খুব বেশি হলে মেরে দেবে। অত ভয় নিয়ে বেঁচে থাকা যায় নাকি? কী আছে জীবনে আম কাঠ পেছনে।’

কাগজওয়ালা বলল, ‘এদেশে আম কাঠ মিলবে না বাপ। পাতি ঝুলিয়ে দেবে। তাই সাবধানে। এলাম।’

কাগজওয়ালা সাইকেলে উঠল।

আহমেদ হাঁটতে হাঁটতে মেসে ঢুকল।

ইমরান বলল, ‘এত কী কথা বলছিলি কাগজওয়ালার সঙ্গে? ভাই বেরাদর নাকি?

আহমেদ কাগজ খুলে বলল, ‘সৈয়দকে চেনে তো। ওকে নিয়েই কথা হচ্ছিল।’

ইমরান দাঁত বের করল, ‘চাচা ইসলামাবাদে ওয়ার্ল্ড ফেমাস যাই বলিস।’

আহমেদ হাসতে হাসতে বলল, ‘যা বলেছিস। আজ একবার যাবো চাচার কাছে!’

ইমরান বলল, ‘বোতল নিয়ে যাস, নইলে টাকা ফেরত চাইবে।’

আহমেদ বলল, ‘ঠিক বলেছিস। বোতল নিয়েই যেতে হবে।’

কথা বলতে বলতেই আহমেদ বাইরের দিকে তাকাচ্ছিল, আলমগীরের গাড়ি ফেরত এসেছে নাকি দেখার জন্য। গাড়ি ফেরার নামগন্ধ নেই।

ইমরানও সেটা লক্ষ্য করে বলল, ‘আলুকে খুঁজতে বেরোবি নাকি?’

আহমেদ হাল ছেড়ে দেবার ভঙ্গি করে বলল, ‘আমাদের কী? হয়তো অফিসেরই কোনো কাজে গেছে। ছাড়, বাদ দে। খেলার পাতাটা পড়ি বরং…’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *