দেশান্তরে বাজ – ২৫

২৫

হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করানো হয়েছে। আলমগীর অন্য একটা গাড়ি থেকে এসে ইব্রাহিমের পাশে বসে বলল, ‘কেমন আছেন আপনি?’

ইব্রাহিম বলল, ‘এভাবে ডাকার তো কোনো দরকার ছিল না জনাব! আপনি ডাকলেই তো আমি চলে যেতাম।’

‘তাই?’

‘জি জনাব। এর আগেও যতবার আপনি ডেকেছেন, আমি গেছি। অফিসের কাজের সঙ্গে রোজ আপনার কাজ করে যাচ্ছি। মরে যাওয়া লোকেদের নামে অ্যাকাউন্ট বানাচ্ছি, সেই লিস্টও আপনার লোকের কাছে রোজ যাচ্ছে। এখন এই ব্যাঙ্কিং আওয়ারের মাঝখানে আমাকে ডেকে আনলেন কেন?

‘তেমন কোনো কারণ নেই। শুধু একটা কথা জিজ্ঞেস করার জন্যই আপনাকে ডাকা হল।’

‘কী জনাব?’

‘ওমর সঈদের নাম আপনি কাউকে বলেছিলেন?’

ইব্রাহিম অবাক হয়ে বলল, ‘না তো জনাব। আমি কেন কাউকে বলতে যাবো? আপনার আর আমার মাঝে কেউ নেই।’

‘আপনি মিথ্যে কথা বলছেন ইব্রাহিম সাহেব। আপনার সঙ্গে রফিক আহমেদ দেখা করতে গেছিল কেন?’

হাইওয়ে দিয়ে প্রবল বেগে গাড়িগুলো যাচ্ছে। কোত্থেকে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজ গরমটা অন্যদিনের তুলনায় কম। তাতেও অবশ্য ইব্রাহিমের ঘাম হওয়া আটকালো না। দরদর করে ঘামতে শুরু করল সে। ‘আমি… সেটা জানি না জনাব। রফিক আমার কাছে এসেছিলেন ঠিকই, কিন্তু ওকে আমি ওমরের ব্যাপারে কিছু বলিনি। ও তো আপনার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতেই এসেছিল।’

আলমগীর জানলার বাইরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ‘রফিক সাহেব লোকটা মন্দ নয়, তবে আমার সঙ্গে তো তার খুব বেশি ভাব ভালোবাসা নেই, তাই আমি তাকে খুব বেশি একটা বিশ্বাস করি না বুঝলেন? হতে পারে সে আপনার থেকেই ওমরের ডিটেলস পেয়েছে।’

ইব্রাহিম বলল, ‘উনি আই এস আই-এর লোক জনাব। ওর কাছে সবার ডিটেলসই থাকবে।’

‘ছাড়ুন তো। আই এস আই হল ভেড়ার পাল। আমরা না থাকলে সে ভেড়াদের আর কিছু করার মুরোদ আছে? ছাড়ুন, ছাড়ুন। আমি অন্য কথা বলছি আপনাকে। আমাদের আবার কথা বের করার পদ্ধতি খুব একটা পছন্দ হবে না আপনার। ধরুন আপনার একটা পায়ে গুলি করে জিজ্ঞেস করলাম ওমরের কথা আপনি কাকে বলেছেন। বুঝতে পারছেন তো?’

ইব্রাহিম পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে নিয়ে বলল, ‘আল্লাহর কখন জনাব। আমি কাউকে বলিনি। কিন্তু কী হয়েছে সেটা বলুন না।’

‘ওমর খুন হয়েছে আজ সকালে। আমার বাচ্চা, আমার নিজের হাতে তৈরি করা বিশ্বস্ত মুজাহিদিন ওমর, আজ খুন হয়েছে। আমার মনটা একদম খারাপ হয়ে আছে বুঝলেন। তাড়াতাড়ি বলে দিন রফিককে কী বলেছেন, তাতে আমার কাজটা সহজ হয়ে যাবে। খালেদের ব্যাপারে কিছু বলেননি তো?’

‘আমি কারো ব্যাপারেই কিছু বলিনি জনাব। ওই ভিডিয়োটা আপনার কাছে আছে। আমি কেন লোকজনকে এসব ব্যাপারে বলব বলুন তো?’

মরিয়া হল ইব্রাহিম।

আলমগীর পা নাচাতে নাচাতে বলল, ‘তা অবশ্য ঠিক। আপনাকে বিশ্বাস করা উচিত বলে আমারও মনে হচ্ছে। আপনি তো আলু, ব্যাটসম্যান ছিল আমাদের আলু। ব্যাটসম্যান হিসেবে আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়াই যায়। কী বলেন?’

অন্য কেউ তাকে আলু বললে ইব্রাহিম তুলকালাম কাণ্ড করে দিত, এখন সেসব কিছুই না করে মিনমিন করে বলল, ‘জি জনাব। আমি কাউকে কিছু বলিনি। ওমর ভাইজান খুন হয়ে গেছে বলে খুবই খারাপ লাগছে আমার বিশ্বাস করুন, কিন্তু আমি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করি। ওই মেয়েটার সঙ্গেও আমি সেদিন কিছু করিনি, আমার কোল্ড ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল কেউ, তারপর কী হয়েছিল আমার নিজেরও মনে নেই। আমাকে ব্যাঙ্কে দিয়ে আসুন জনাব।’

‘আবার জিজ্ঞেস করছি, সত্যি বলছেন তো?’

‘সত্যি বলছি জনাব, বিশ্বাস করুন। ব্যাঙ্কের সময় আমার বাইরে থাকাটা ঠিক হবে না জনাব, সবাই সন্দেহ করবে।’

‘হুঁ, তা ঠিক। এই, খান সাবকে ব্যাঙ্কে ফেরত দিয়ে আয়। আপনি সাতটার সময় আসবেন আজ। রফিক এলে কথা বলবেন না। ও আপনার থেকে কথা বের করার চেষ্টা করবে। আজ মুজাফফরাবাদে বড়ো অ্যামাউন্টও পাঠানোর দরকার আছে। ঠিক আছে? যা বললাম, বুঝেছেন তো?

‘বেশক জনাব।’

আলমগীর গাড়ি থেকে নেমে গেল।

ইব্রাহিম হাঁফ ছাড়তে গিয়ে দেখল তার প্যান্ট ভিজে গেছে।

২৬

রফিক চিন্তিত মুখে পায়চারি করছিল। সোহেল এসে বলল, ‘গ্যাং ওয়ার মনে হচ্ছে জনাব। রশিদের সঙ্গে কিছু-না-কিছু বিষয়ে ওমরের ঝামেলা ছিল। সেটা থেকেই উড়িয়ে দিয়েছে।’

রফিক বলল, ‘রশিদকে তোলার ব্যবস্থা কর। ওর সঙ্গে কথা বলে দেখতে চাই ও কেন মারল। ওমর সঈদ লস্করের হয়ে যেমন কাজ করেছে, আমাদের হয়েও কম কাজ করেনি। এই কিছুদিন আগেও ও শ্রীনগর থেকে এসে আমাকে বলেছিল নতুন একটা পথ বের করেছে ওপারে যাবার। সেই ছেলেটাকে মেরে দিল…’

রফিক চুক চুক করে শব্দ করল।

সোহেল বলল, ‘রশিদের খোঁজে পুলিশ গেছে স্যার। খুব সম্ভবত ও অ্যাবোটাবাদের দিকে পালিয়েছে। ওখানে একবার ঢুকে যেতে পারলে ওকে বের করতে কালঘাম ছুটে যাবে।’

রফিক বলল, ‘আলমগীর মারেনি তো? হতে পারে আলমগীরের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা চলছিল! আলমগীর এখন ইসলামাবাদে আছে, ওর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতেই পারে।’

সোহেল বলল, ‘আলমগীরের কাছে যাবেন?’

রফিক মাথা নাড়ল, ‘যাবো না। ওকে ফান্ড রিলিজ করছি, এই অনেক। আমি ওকে একবারে ভরসা করি না।’

সোহেল বলল, ‘আলমগীর ওমরের সঙ্গে বহুদিন ধরে কাজ করছে। ওদের ঠিক কী কী স্বার্থের সংঘাত থাকতে পারে সেটা আমি দেখতে বলেছি।’

রফিক বলল, ‘দেখো। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখো।’

রফিকের ফোন বাজছিল। রফিক ধরতে ওপাশ থেকে আলমগীরের কণ্ঠস্বর ভেসে এল, ‘সেলাম ওয়ালাইকুম রফিক সাহেব।’

রফিক প্রত্যুত্তরে সেলাম জানিয়ে বলল, ‘হঠাৎ আজ আমাকে মনে পড়ল, কী ব্যাপার আলমগীর সাহেব? আপনার ফান্ড তো রিলিজ করে দিয়েছি আমি।’

আলমগীর বলল, ‘সে ব্যাপারে শুকরিয়া জানানোর জন্য ফোন আমি করিনি। আমাকে আপনি সরাসরি একটা কথা বলুন, আমি জানতে চাইছি ওমরকে কি আপনারা সরিয়েছেন?’

রফিক বলল, ‘না। ওমরের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না। ওকে আমি কেন সরাতে যাবো?’

আলমগীর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ‘আমারও তাই মনে হয়। একই মকসদের যাত্রীরা নিজেদের মধ্যে মারপিট করবে, ব্যাপারটা ঠিক ভালো দেখায়ও না, তাই না রফিক সাহেব?’

রফিক বলল, ‘একবারেই তাই। আপনি আপনার সোর্স লাগিয়ে খোঁজ করে দেখুন, ওকে আমি মারিনি। রশিদ আমাদের লোক না।’

‘জানি। রশিদ একটা খবিসের বাচ্চা। এরকম খবিসের বাচ্চাগুলো এই দেশের পবিত্র জমিতে থেকে জমিকে কলুষিত করছে। ওকে যেদিন আমি পাবো, আমি… আমি ওকে নিজের হাতে মারব। আপনি ওকে আশ্রয় দেবেন না আশা করব।’

‘আমি রশিদকে আশ্রয় দিতে যাবো কেন? রশিদ টাকার চাকর। যে ওকে টাকা দেবে, ও তার হয়ে কাজ করবে। আমি ওর খোঁজে সব থানায় নির্দেশ পাঠিয়েছি, আপনিও আপনার লোকেদের বলুন।’

ফোন কেটে গেল। রফিক বলল, ‘অত্যন্ত অসভ্য একটা লোক। মুখের উপর ফোন কেটে দিল। যতসব!’

সোহেল বলল, ‘ও কিছু করেনি, তাই তো জনাব?’

‘না। ও করেনি। কে করল তবে?’

‘বলছি তো স্যার, গ্যাং ওয়ার। ওমরের অনেকগুলো ব্যাবসা ছিল। ও ফরেন ফান্ডগুলো দিয়ে বিভিন্ন জায়গায় টাকা খাটাতো। রশিদের সঙ্গে সে ব্যাপারেই কোনো ঝামেলা হয়েছিল।’

রফিক রেগে গেল, ‘আবার তুমি অনুমানের ভিত্তিতে কথা বলা শুরু করেছো? তোমাকে বলেছি না নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে আসবে না? তুমি আই এস আই-তে কাজ করছো, ফালতু কোনো এজেন্সিতে না।’

‘ঠিক আছে জনাব। আমি দেখছি।’

সোহেল ঘাবড়ে গিয়ে রফিকের চেম্বার থেকে বেরিয়ে গেল।

রফিক তার ড্রয়ার থেকে একটা ফোন বের করে মেসেজ করল, ‘রশিদের ব্যাপারে খোঁজ চাই। কারা ওকে রিক্রুট করল?’

মেসেজ ডেলিভার হবার কয়েক মিনিট পর মেসেজ এল, ‘জি জনাব। রশিদ ফ্রি এজেন্ট। সি আই এ থেকে র, সবার হয়েই কাজ করতে পারে।

‘খোঁজ নাও।’

‘জি জনাব।’

রফিকের কপালে চিন্তার ভাঁজ বাড়ল…

২৭

তারেক উবু হয়ে বসে আছে তার হাউজবোটের বাইরে। হাওয়া দিচ্ছে উত্তুরে। অন্য সময় হলে সে এই সময়টা শিকারা নিয়ে বেরতো। ডাল লেকে অনেকক্ষণ ঘুরে আবার ফিরে আসতো।

এখন মন খারাপ হয়ে আছে। উসমান ছোটো থেকেই হাতের বাইরে বেরিয়ে গেছিল। একবার বিক্ষোভকারীদের দলে পড়ে লালচকে পাথর মেরে ধরা পড়ার ভয়ে অনেকদিন শ্রীনগর থেকে পালিয়ে গেছিল। আব্বু আম্মি ভেবেছিল ছেলেটা বুঝি মরে গেছে।

তারপর একদিন উসমান এল। বাইরেটা একই রকম ছিল। ভেতরটা যে ভয়াবহভাবে পালটে গেছে, প্রথম আভাসটা তারেকই পেয়েছিল।

এক রবিবারের দুপুরবেলা অনেক টুরিস্ট এসেছে ডাল লেকে, উসমান তার কাছে এসে বসে বলেছিল, ‘এই কাফেরদের বোম মেরে উড়িয়ে দিতে হয়। অন্যের দেশ দখল করে ঘুরতে এসেছে আবার। থুঃ।’

তারেক অবাক হয়ে গেছিল, ‘এসব কী বলছিস?’

উসমান নিজের মনেই বিড়বিড় করতে শুরু করেছিল, ‘কাফের… কাফের… কাফেরদের একটাই শাস্তি হয়… মৃত্যু। এদের মরে যাওয়া ছাড়া আর কিছু শাস্তি হতে পারে না। হিন্দুরা আমাদের শত্রু, ভারতীয়রা আমাদের শত্রু…’

তারেক উত্তেজনায় ভাইয়ের হাত চেপে ধরেছিল, ‘একী রে উসমান। এগুলো কে শিখিয়েছে তোদের?’

উসমান দাঁত বের করে বলল, ‘আলমগীর সাব শিখিয়েছে। মুজাফফরাবাদে, পরেরবার আমাকে কেপিকে নিয়ে যাবে বলেছে। আমাকে কতবার পিঠ চাপড়ে দিয়েছে। খুব ভালোবাসে সবাই।’

তারেকের মাথা ঘুরিয়ে উঠেছিল, ‘তুই মুজাফফরাবাদে গেছিলি?’

‘হুঁ… আমাদের মকসদ কী জানিস? আমাদের মকসদ একটাই… হিন্দুস্তানের বরবাদি। তোকে নিয়ে যাবো।’

আব্বু আম্মিকে চুপিচুপি বলেছিল তারেক। তারা হেসে উড়িয়ে দিয়েছিল, ‘তুই জানিস না? উসমান ছোটো থেকে তোর পেছনে লাগে? তোকে খ্যাপাচ্ছিল।’

তারেক অবশ্য একবারে উড়িয়ে দেয়নি। উসমানের সঙ্গে ছোটো থেকে সেই বেশি থাকত। এই কথা উসমান এমনি এমনি বলেনি সে জানে।

উসমান কয়েকটা ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে যেত। ও তাদের কাছে গিয়ে একথা-সেকথার পর জিজ্ঞেস করেছিল, ‘উসমান যে পালিয়েছিল, কোথায় গেছিল তোদের বলেছে?’

সবাই নিজেদের মধ্যে একচোট হেসে নিয়ে বলেছিল, ‘তোকে বলেনি? আমরা সবাই জানি। ও সবসময় বলে আমার দাদাটা গাধা। বুঝতে পারছি কেন বলে।’

আব্বু আম্মির ভুল অবশ্য ঠিক হবার সুযোগ হয়নি। অনন্তনাগ যাবার পথে দু-জনে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়। সে সময় থেকে তারেক একা ব্যাবসার হাল ধরেছিল। উসমান বলতো ব্যাবসা করবে। কখনো দিল্লি যেত। কখনো বঙ্গে। একদিন হাউজবোটে রেহান খান এসে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করার পর বলেছিল, ‘তারেক, তোমাকে আমরা ভালোবাসি বলেই বলছি, আমাদের কাছে কিন্তু খবর আছে উসমান কুসঙ্গে পড়েছে। আমি একবার ব্যক্তিগতভাবে তোমাকে সতর্ক করে দিয়ে গেলাম। ভাইয়ের দিকে নজর রাখো।’

তারেক মুজাফফরাবাদের কথাগুলো কিছু বলেনি। শুধু বলেছিল সে উসমানকে বোঝাবে। তারপরেই উসমান একবারে হাওয়া হয়ে গেছিল।

রেহান আবার এসে জানিয়েছিল দিল্লিতে একটা ব্লাস্টের ঘটনায় কয়েক জন সন্দেহভাজনের মধ্যে উসমানও আছে। তারেক যা বোঝার বুঝে গেছিল। সে ঘটনারও একবছর পর উসমান ফিরে এসে হাউজবোটে লুকিয়ে থেকেছিল।

কিন্তু তাকে অনেক বেশি চমক দিল কামরান ভাই। কামরান ভাই প্ৰতি পনেরোই আগস্ট হাউজবোটে জাতীয় পতাকা তোলে। সে মানুষেরও মনের ভেতরে এত কিছু লুকনো ছিল, সে ভাবতে পারেনি।

একপ্রকার নজরবন্দি করে রাখা হয়েছে তাকে। কামরান এসে বলে গেছে কোথাও যাওয়া যাবে না।

মাঝে মাঝে তারেকের মাথায় আত্মহত্যার চিন্তাও আসছে। চেনা পরিচিত সবাই যদি একই পথের পথিক হয়, তাহলে আর বেঁচে থেকে কী হয়? এত কষ্ট করে দাঁড় করানো পারিবারিক ব্যাবসাটা আদৌ টিকিয়ে রাখতে পারবে বলেও মনে হয় না আজকাল।

কামরান শিকারা নিয়ে বেরিয়েছে। তাকে দেখে হাসিমুখে হাত নাড়ল। দু- জোড়া টুরিস্ট আসবে আজ হাউজবোটে। তাদের জন্য ঘর পরিষ্কার করা চলছে।

আরও কিছুক্ষণ পরে স্পিড বোটে রেহানকে দেখতে পেল সে। রেহান তার হাউজবোটের সামনে এসে বলল, ‘সব ঠিক আছে তারেকভাই?’

তারেক হাসল, ‘হ্যাঁ রেহানভাই।’

‘কোনো খবর?’

‘না।’ জোরে জোরে মাথা নাড়ল তারেক। খানিকটা দূরে শিকারায় বসে কামরান তাকে তীক্ষ্ণ নজরে দেখছিল স্পষ্ট বুঝতে পারছিল তারেক।

রেহান চলে যাবার পর কামরান হাত নাড়ল আবার, ‘সব ঠিক আছে?’

তারেক প্রত্যুত্তরে হাত নেড়ে জানাল, ‘হ্যাঁ।’

কামরান শুধু মাথা নাড়ল। তারেকের ভয় বাড়ছিল।

সে ঘরে এল। উসমান ঘরে কোনো ফোন রাখেনি। একটা উপায় আছে। যে কাজটা সে কোনোদিন করেনি। সেই কাজটাই করতে হবে।

চোয়াল শক্ত করল সে। যেভাবেই হোক তাকে পারতেই হবে…

২৮

বিকেল চারটে।

ইমরান আর সলমন দু-জনেই রীতিমতো নাক ডেকে ঘুমোচ্ছে। আহমেদ ঘাপটি মেরে পড়েছিল, ঠিক চারটেতেই উঠে বসল। এই সময়েই সৈয়দ আসতো আগে। বেরিয়ে দেখল ঠিক এসে বসে বসে বিড়ি টানছে।

আহমেদ ধীর পায়ে হাঁটতে হাঁটতে সৈয়দের পাশে বসে বলল, ‘সব ঠিক আছে তো?’

সৈয়দ বলল, ‘কিছুটা আছে, কিছুটা নেই।’

আহমেদ বলল, ‘আমার কী করার আছে?’

সৈয়দ মাথা নাড়ল, ‘জানাবো। ইব্রাহিমের উপর নজর রেখে যা।’

আহমেদ বলল, ‘রাখছি। ওকে আলমগীর তুলে নিয়ে গেছিল।’

সৈয়দ বলল, ‘জানি। আলমগীর আর রফিক দু-জনেরই নেকনজরে আছে।’

আহমেদ বলল, ‘মাঝরাতে ওর কাছে রফিক এসেছিল কেন এখনও বের করতে পারিনি।’

সৈয়দ বলল, ‘ফান্ড। আসল হল ফান্ড। রফিক অতি উচ্চমানের দুর্নীতিবাজ পাবলিক। ওর কাছে ফান্ড এলেও ও সবটা সবাইকে দিত না। কাটমানি রেখে দিত। আলমগীর সেসব বুঝে টাকা নিজে ম্যানেজ করা শুরু করেছিল ইব্রাহিমের মাধ্যমে। সেসব রফিক বুঝে উঠে এখন ইব্রাহিমকে চাপ দিয়ে জানতে চাইছে কোথায় কী পাঠাচ্ছে আলমগীর। মাঝখান দিয়ে বেচারি ইব্রাহিমের জীবনটা ঘেঁটে যাবে। আর হ্যাঁ, ইব্রাহিম সব ডকুমেন্টের একটা ব্যাকআপ রাখবে। সেগুলো বের করে ফেল।’

আহমেদ বলল, ‘খবরের কাগজের দাদা বলল, আলমগীর ওকে হানিট্র্যাপড করেছিল।’

সৈয়দ বলল, ‘এরা সব কিছু করতে পারে। নিজের দেশ, পরের দেশ কোনো দেশেই এরা কোনো এথিকসের ধার ধারে না। আর যারা এথিকস মেনে চলে না, তাদের সঙ্গে যুদ্ধে নামলে এথিকস মানার দরকার নেই।’

আহমেদ বলল, ‘যুদ্ধ কবে?’

‘এই তো। এখন যুদ্ধ চলছে। আগেও চলছিল, এখনও হচ্ছে। যুদ্ধ সবসময় চলছে।’

‘এভাবে ফুটপাথে বসে?’

‘হ্যাঁ। বললাম তো, সব অবস্থায়, সবসময় যুদ্ধ চলছে। ফুটপাথে বসে, ইব্রাহিমকে নিয়ে গাড়ি চালাতে চালাতে, ইব্রাহিমের মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করতে করতে…’

‘ধুস, ওখানে আমি কিছু করছি না।’

‘করলেও আপত্তি নেই। যা করবি, তা যেন বিশ্বাসযোগ্য হয়। নিজের শেকড় রাখবি না খালি, নিজে ইনভলভ হয়ে পড়বি না। হঠাৎ চলে যেতে হলে যেন পরমুহূর্তে মন খারাপ না করে।

‘এগুলো ট্রেনিং-এও বলেছিলেন।’

‘বার বার বলি। তোকে বলি, নিজেকে বলি। সবাইকে বলি। দিল্লি চলে যাবার পরেও ঝুপড়ির ঘরটার কথা মনে পড়বে খুব। দিব্যি কেটে গেল কয়েকটা বছর।’

‘তুমি চলে যাবে?’

‘যেকোনো দিন।’

‘ওরে বাবা, আমি একা একা পারব?’

‘সাইকেল চালানো শিখে গেছিস তো, আর ক-দিন সাইকেল ধরে থাকবো? এবার তোদের পালা।’

‘কবে যাবে?’

‘যেকোনো দিন। আমার আজ ইচ্ছে নেই যাবার, তাই এসে বসেছি। তোর সিদ্ধান্ত তোকে নিতে হবে। ধরা পড়লে তোকে আমরা কেউ চিনি না।

‘ধরা পড়ব না। যদি ধরা পড়ি…’

উঁহু, যদি-ফদি না। পড়বি না, ওই অবধিই বলবি। বাকি কথা আমি শুনতে চাই না।’

‘রাইট স্যার।’

‘দুপুরে ইব্রাহিম বাড়ি গেছিল কেন?’

‘প্যান্ট ভিজে গেছিল। আলমগীর নামিয়ে যেতেই তো গাড়িতে উঠে আমাকে

ডাকতে শুরু করল। সে কী কাণ্ড।’

‘রফিক যখন আসবে কাছাকাছি থাকার চেষ্টা করবি।’

‘ঠিক আছে।’

‘আসি। মদের জোগাড় করতে হবে।’

‘তুমি কি সত্যিই এত মদ খাও?’

আহমেদের প্রশ্নের উত্তর না দিয়ে সৈয়দ উঠে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল।

আহমেদ কিছুক্ষণ চুপ করে একা একা বসে আবার মেসে ঢুকল। খবরের কাগজ পড়তে শুরু করল।

কাগজের চিঠিপত্রের জায়গায় দেশের অনেকে আফসানা সঈদের বিরুদ্ধে চিঠি লিখেছে। ভদ্রমহিলা দেশের নাম ধুলোয় মিশিয়ে দিচ্ছেন ইত্যাদি লেখা। ক্রিকেট ম্যাচ নিয়েও একটা দীর্ঘ প্রতিবেদন আছে। আহমেদ কাগজটাই পড়ছিল এমন সময় দরজায় একটা টোকা পড়ল।

ইব্রাহিম এসে দাঁড়িয়েছে, ক্লান্ত গলায় বলল, ‘চল, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরব।’

আহমেদ উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল, ‘এখন?’

‘হ্যাঁ, কী সমস্যা? চল।’

‘চলুন।’

গাড়িতে গিয়ে উঠে বসল সে। ইব্রাহিম বলল, ‘সেক্টর এইচ চল।’

‘অ। তাই বলুন। আগে বলবেন তো!’

‘ওখানে বলব? ওদের সামনে?’

ইব্রাহিম রেগে গেল।

‘তাও ঠিক। আরেকটা প্যান্ট এনেছেন তো?’

‘তুই গাড়ি চালা। তোর পাকামি আমি বের করছি হারামজাদা।’

আহমেদ ফিক ফিক করে হাসতে হাসতে গাড়ি স্টার্ট দিল।

২৯

করাচি।

সন্ধে নেমেছে।

দুপুর থেকে একটানা ঘুমিয়েছে আবু খালেদ। ঘুম ভাঙল ফোনের শব্দে ধরতেই আলমগীরের গলা ভেসে এল, ‘কোথায় তুই?’

খালেদ বলল, ‘ফ্ল্যাটে জনাব। ঘুমোচ্ছি।’

‘ওমরের খবরটা পেয়েছিস?’

‘জি জনাব।’

‘ফ্ল্যাটে কাউকে ঢুকতে দিবি না। বেরোতে গেলে লোক নিয়ে বেরবি।’

খালেদ হেসে উঠল, ‘জনাব অকারণ চিন্তা করছেন। পাকিস্তানে এমন কোনো

মায়ের ছেলে নেই যে আমার গায়ে হাত দিতে পারে।’

‘চুপ কর।’

চিৎকার করে উঠল আলমগীর, ‘আমি যা বলছি তা মন দিয়ে শোন। তোর কী মনে হচ্ছে, তা জেনে আমার কোনো লাভ নেই। মুসাদ্দেকদের বলে দে। তোর ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে থাকবে।’

খালেদ বলল, ‘জনাব এত ভয় পেয়ে যাছেন কেন? ওমরের কথাটি জানি, আপনাকে বলছি শুনুন। ফরাস বস্তিতে একটা মেয়েকে রেপ করেছিল ওমর। ওর বাড়ির লোকই রশিদকে ওর পেছনে লাগিয়েছিল।’

আলমগীর থমকে গিয়ে বলল, ‘তুই কী করে জানলি?’

খালেদ বলল, ‘আমি জানি জনাব। ন-বছরের মেয়েটাকে তুলে নিয়ে গেছিল ওমর। তারপর থেকেই ওর পেছনে ওরা আজরাইলের মতো পড়েছিল।

আলমগীর বলল, ‘তুই ঠিক জানিস? এদিকে ব্যাঙ্কের অফিসারের তো প্যান্ট ভিজিয়ে দিলাম আমি।’

খালেদ খিকখিক করে হাসতে হাসতে বলল, ‘সেটা ভালো কাজ করেছেন জনাব। ব্যাঙ্কের লোকটা কোনো কাজের না।’

আলমগীর বলল, ‘সব জেনে বসে আছিস তুই। টাকাগুলো কোথায় রেখেছিস?’

খালেদ ফোন কেটে দিল।

আলমগীর আবার ফোন করতে শুরু করল।

খালেদ ফোন কেটে খাট থেকে নামল। গ্রাউন্ড ফ্লোরে তার গাড়ি রাখা : গাড়িতে উঠে নেপিয়ার রোডের দিকে রওনা দিল। আলমগীর ফোন করছিল আবার, সে একটা গালাগাল দিয়ে ফোন সুইচ অফ করে দিয়ে ফিক ফিক করে হাসতে হাসতে বলল, ‘শালা বুড়ো। ভাগ শালা।’

নেপিয়ার রোডের বাইরে গাড়ি রেখে সে শিস দিতে দিতে তার কোঠিতে ঢুকল।

কোঠিটা তার নিজের।

এই সময়ে এখনও তেমন ভিড় হয়নি। মেয়েরা নিজেদের ঘরে তৈরি হচ্ছে। দু-চার জন খদ্দের গেটের সামনে দাঁড়িয়ে দরদাম করছে।

খালেদ কাউকে পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে কোঠির চিলেকোঠার ঘরে গিয়ে পকেট থেকে চাবি বের করে তালা খুলে ঢুকল। ঘরের ভেতরে চারটে সিন্দুক। দুটো বড়ো আলমারি। খালেদ দরজা বন্ধ করে সিন্দুক খুলল। থরে থরে টাকা সাজানো। খালেদ বান্ডিলগুলো নিয়ে নেড়ে ঘেঁটে আবার রেখে আলমারি খুলল। আলমারি ভর্তি অস্ত্রশস্ত্রে। সে আলমারি আর সিন্দুক আবার যত্ন নিয়ে বন্ধ করল।

চিলেকোঠার ঘর বন্ধ করে নীচের হল ঘরে এসে বসল।

তিন-চার জন মেয়ে এসে দাঁড়িয়েছে ঘরে। খালেদকে সালাম দিল। খালেদ বলল, ‘আজ থেকে কয়েকটা ছেলে নীচের ঘরে থাকবে। এই বাড়ির হেফাজতের জন্য রাখা হবে। রান্নাবান্না করে দিবি তোরা।’

মেয়েরা মাথা নেড়ে বলল, ‘জি জনাব।’

খালেদ ঘর থেকে সব মেয়েদের বেরিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে যেতে বলে এবার আলমগীরকে ফোন করল। আলমগীর ফোন ধরে যথেচ্ছ গালিগালাজ শুরু করল। খালেদ সব গালাগাল চুপ করে শুনে বলল, ‘তাহলে জনাব আপনি এক কাজ করুন। আমার জায়গায় অন্য কাউকে কাজে রাখুন। আমি আর এইসব কাজ করব না এখন। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি। করাচিতে আপনার কাজ করার জন্য যদি একজন লোক থেকে থাকে সেটা আমি, এই সব জিনিসের যদি সব থেকে নিরাপদ জায়গা কিছু থেকে থাকে, সেটা এই কোঠিবাড়ি।’

আলমগীর বলল, ‘তা বলে তুই আমার ফোন কেটে দিবি? এত সাহস হয় কী করে তোর? যত দিন এগিয়ে আসছে, তোর বাড়াবাড়ি তত বেড়ে যাচ্ছে। তুই জানিস কত বড়ো কাজ হতে চলেছে এটা?’

খালেদ বলল, ‘জানি জনাব। আমি জানবো না তো কে জানবে। আপনি শুধু বলুন ডেলিভারি কবে নেবেন?’

আলমগীর বলল, ‘জানিয়ে দেবো ঠিক। সব অবস্থার জন্য তৈরি হতে হবে। কোঠিতে লোকজন আছে?’

খালেদ বলল, ‘আমি কাল সকাল থেকেই লোক রেখে দিচ্ছি। আপনি আমাকে যতটা হালকা ভাবে নেন, আমি অত হালকা লোক নই। ওমরের মতো হারামখোরও নই। আপনার চিন্তার কোনো কারণ নেই।’

আলমগীর বলল, ‘তোর জন্য যেন আমাকে আলাদা করে মাথাব্যথা সহ্য করতে না হয় খালেদ।’

খালেদ বলল, ‘হবে না জনাব। আমি আপনার জন্য জান দিতে পারি, আপনি জানেন জনাব।’

আলমগীর বলল, ‘নিজেকে বাঁচিয়ে রাখ। তাহলেই হবে।’

ফোন কেটে গেল। খালেদ ভ্রূ কুঁচকে বসে রইল। আলমগীর সাহেব তো মিথ্যে

কথা বলবে না। তার পেছনে কে লাগতে পারে? তাকে মেরে ফেলবে? এত সাহস? সেও দেখে নেবে কার এত সাহস আছে করাচিতে এসে তাকে মারবে!

***

কোয়েটা।

স্টেশনের বাইরের জুতোর দোকানে একটা লোক জুতো পছন্দ করছে। ফোনের মেসেজ টোন বেজে উঠল লোকটার।

মেসেজে লেখা, ‘ওই অ্যাপার্টমেন্টে আমি অনেকদিন ধরে কাজ করি। চিন্তা নেই।’

লোকটার মুখে হাসি ফুটল, তবে বেশি সময়ের জন্য না…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *