4 of 4

১৬৬. ভীষ্মের আদেশে যুধিষ্ঠিরাদির হস্তিনায় প্রবেশ

১৬৬তম অধ্যায়

ভীষ্মের আদেশে যুধিষ্ঠিরাদির হস্তিনায় প্রবেশ

জনমেজয় কহিলেন, ব্ৰহ্মন্! আমার পূর্ব্বপিতামহ ধৰ্ম্মরাজ যুধিষ্ঠির কৌরবধুরন্ধর বীরজনোচিত-শরশয্যায় শয়ান মহাবীর ভীষ্মের নিকট ধর্ম্মশাস্ত্র ও দানবিধি শ্রবণপূর্ব্বক সংশয়সমুদয় অপনোদন করিয়া পরিশেষে কি কাৰ্য্যের অনুষ্ঠান করিয়াছিলেন, তাহা কীর্ত্তন করুন।।

বৈশম্পায়ন কহিলেন, মহারাজ! মহাবীর ভীষ্ম এইরূপে যুধিষ্ঠিরকে উপদেশ প্রদানপূর্ব্বক মৌনাবলম্বন করিলে পার্শ্বস্থিত নরপতিসকল চিত্রার্পিতের ন্যায় ক্ষণকাল নিস্তব্ধ হইয়া রহিলেন।

ঐ সময় সত্যবতীপুত্র মহর্ষি বেদব্যাস ক্ষণকাল চিন্তা করিয়া শরশয্যায় শয়ান ভীষ্মকে সম্বোধনপূৰ্ব্বক কহিলেন, “গাঙ্গেয়! এক্ষণে কুরুরাজ যুধিষ্ঠির প্রকৃতিস্থ হইয়া স্বীয় ভ্রাতৃগণ, কৃষ্ণ ও অন্যান্য নরপতির সহিত তোমার সমীপে উপস্থিত রহিয়াছেন। এক্ষণে তুমি ইঁহাকে হস্তিনাগমনে অনুমতি কর।” ভগবান বেদব্যাস এই কথা কহিলে মহাত্মা ভীষ্ম যুধিষ্ঠিরকে সম্বোধনপূৰ্ব্বক কহিলেন, “রাজন! তুমি অচিরাৎ অমাত্যগণের সহিত স্বীয় পুরমধ্যে প্রবেশ কর। আর যেন তোমার মনোমধ্যে কোন গ্লানি উপস্থিত না হয়। এক্ষণে তুমি মহাত্মা যযাতির ন্যায় শ্রদ্ধা ও দমগুণসম্পন্ন হইয়া ভূরিদক্ষিণ বিবিধ যজ্ঞের অনুষ্ঠান, ধৰ্ম্মনিরত হইয়া পিতৃলোক ও দেবগণের তৃপ্তিসাধন, প্রজাবর্গের মনোরঞ্জন এবং সুহৃদগণের যথোচিত সম্মান কর, তাহা হইলে নিশ্চয়ই তোমার মঙ্গললাভ হইবে। বিহঙ্গম যেমন বলবান চৈত্যবৃক্ষকে আশ্রয় করিয়া জীবিকানির্ব্বাহ করে, তদ্রূপ তোমার সুহৃদগণ তোমাকেই অবলম্বন করিয়া জীবনযাপন করুন। এক্ষণে তুমি স্বচ্ছন্দে হস্তিনায় গমন কর; ভগবান্ ভাস্করের উত্তরায়ণ আরম্ভ হইলে, পুনরায় আমার নিকট আগমন করিও।”

মহাত্মা শান্তনুতনয় অনুমতি করিলে, ধৰ্ম্মরাজ যুধিষ্ঠির তাঁহার বাক্যে সম্মত হইয়া তাঁহাকে অভিবাদনপূৰ্ব্বক মহাত্মা ধৃতরাষ্ট্র ও পতিব্রতা গান্ধারীকে অগ্রসর করিয়া স্বীয় ভ্রাতৃগণ, ঋষিগণ, মহাত্মা কেশব, পৌরবর্গ, জনপদবাসিগণ, অমাত্যসমুদয় ও অন্যান্য পরিবারদিগের সহিত হস্তিনায় প্রবেশ করিলেন।

আনুশাসনিকপৰ্ব্বাধ্যায় সমাপ্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *