ভালোবাসা মন্ত্রণালয় – ৬

অধ্যায় ছয়

একটা পত্রশূন্য চেস্টনাট গাছ খাড়া দাঁড়িয়ে। জানালা পথে সূর্যের তীর্যক আলো এসে পড়েছে ধূলিজমা টেবিলটির পাটাতনে। বিকেল তিনটার নিঝুম একাকিত্বের সময়। টেলিস্ক্রিন একটা হালকা সুরধ্বনি ছড়াচ্ছে।

অভ্যাসমতো কক্ষের এক কোনায় বসে উইনস্টন। একটি খালি গ্লাসের দিকে দৃষ্টি নিবদ্ধ। তবে একটু পরপর চোখ যাচ্ছে উল্টো দিকের দেয়ালেও। সেখানে অতিকায় একটি মানুষের মুখ ঠিক তারই দিকে তাকিয়ে। ‘বিগ ব্রাদার তোমায় দেখছেন’ লেখা আছে ছবির ক্যাপশানে। না ডাকতেও ওয়েটারদের একজন এলেন আর গ্লাসটি ভরে দিলেন ভিক্টরি জিনে। আরেকটি বোতল হালকা ঝাঁকি দিয়ে মুখে কর্ক চেপে ধরে কয়েক ফোঁটা তরল ফেললেন গ্লাসের ভেতর। ওটা লবঙ্গের গন্ধযুক্ত স্যাকারিন, এই ক্যাফের বিশেষত্ব।

টেলিস্ক্রিনেই কান পাতা উইনস্টনের। তখনও তাতে স্রেফ সুরধ্বনিই বাজছে, কিন্তু যে কোনো মুহূর্তে শান্তি মন্ত্রণালয়ের একটা বিশেষ বুলেটিন শুরু হয়ে যাওয়ার কথা। আফ্রিকান যুদ্ধক্ষেত্রের খবর। সেখানে উত্তেজনা চরমে পৌঁছেছে। আর দিনভর সে নিয়েই উদ্বেগে কেটেছে উইনস্টনের। ইউরেশীয় এক সেনা (ওশেনিয়ার যুদ্ধ চলছে ইউরেশিয়ার বিরুদ্ধে: আর বলাই বাহুল্য ওশেনিয়ার যুদ্ধ বরাবরই ইউরেশিয়ার বিরুদ্ধে) ভীষণ শক্তি আর গতি নিয়ে দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে। দুপুরের বুলেটিনে ঠিক কোথায় তার অবস্থান তা বলা হয়নি; তবে হতে পারে এরই মধ্যে কঙ্গো যুদ্ধক্ষেত্রের উপকণ্ঠে পৌঁছে গেছে। এতে বিপদের মুখে পড়েছে ব্রাজিভিল ও লিওপল্ডভিল। এর মানে কী তা বুঝে নেওয়ার জন্য কারো ম্যাপ ঘাঁটতে হবে না। আর এ খবর স্রেফ দক্ষিণ আফ্রিকার ওপর নিয়ন্ত্রণ হারানোর প্রশ্নেই নয়, সমগ্র যুদ্ধে এই প্রথম বারের মতো ওশেনিয়া নিজেই হুমকির মুখে পড়েছে সে প্রশ্নেও ভয়াবহ।

একটা সহিংস অনুভূতি, ঠিক ভয় নয়, এক ধরনের অনির্দিষ্ট উত্তেজনা তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, যা একবার জাগ্রত আবার স্তিমিত হচ্ছে। এবার যুদ্ধ নিয়ে ভাবনাই বন্ধ করে দিল। আজকাল আর কোনো একটি বিষয়ে দণ্ড কয়েকের বেশি সময় ধরে ভাবতে পারে না। গ্লাসটা তুলে নিয়ে গোটাটাই এক ঢোকে পেটে চালান করে দিল। বরাবরের মতোই পেটে গিয়ে একটা ঝাঁকুনি দিল জিন, কিছুটা বমনউদ্রেকও সৃষ্টি করল। জঘন্য একটা পানীয়। লবঙ্গ নির্যাস আর স্যাকারিনও তাদের নিজেদের অখাঁটিত্বে অখাদ্য, আর তাতে তেলতেলে গন্ধটা থেকেই গেছে; তবে সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে এই জিনের গন্ধ, তার মধ্যে যে গন্ধের বাস দিবারাতি, মনের মধ্যেও মিশে আছে যে গন্ধ, সেই—

কখনো এর কোনো নাম দেয়নি সে, এমনকি চিন্তায়ও আনেনি, আর যতটা সম্ভব প্রত্যক্ষবৎ স্মরণও করেনি। তবে তার পরেও সদা আধা-সচেতনতায় তা আর জেগে থাকে তার মাঝে, যা চোখ-মুখের সামনেই ঘোঁৎ ঘোঁৎ শব্দ তুলে চলে, একটা বিকট গন্ধ নাসিকা রন্ধ্রে যেন লেগেই থাকে। ঢেঁকুরের মধ্য দিয়ে একটু জিন তার রক্তবর্ণ ঠোঁটের ফাঁক বেয়ে বেরিয়ে এল। ওরা ছেড়ে দেওয়ার পর একটু মুটিয়ে গেছে সে, আর পুরনো গাত্রবর্ণটাও ফিরে পেয়েছে— বলা যায় ফিরে পাওয়ার চেয়েও একটু বেশি কিছু। তার শরীরের ভাঁজ আর খাঁজগুলো আগের চেয়ে স্থূল। নাকের ডগা আর গালের হাড় দুটির ওপরটা বেশ লাল, এমনকি টেকো মাথাটিও এখন গাঢ় গোলাপি। একজন ওয়েটার আবারও এলেন, অনাহুত, হাতে একটি দাবার কোট নিয়ে, আর অন্যহাতে ‘দ্য টাইমস’র সবশেষ সংখ্যা। পত্রিকাটির যে পাতায় দাবা সমস্যা নিয়ে আয়োজন সেটি খোলা। তখনই ওয়েটারের চোখে পড়ল উইনস্টনের সামনের গ্লাস খালি, আবারও জিনের বোতল এনে সেটি ভরে দিলেন। অর্ডার দেওয়ার দরকার নেই, ওরা তার অভ্যাসটা জানে। দাবার বোর্ডটি আগের মতোই তার চালের অপেক্ষায় সাজান, কোনার এই টেবিলটি তার জন্য সংরক্ষিত; এমনকি গোটা ক্যাফে যখন ভরে থাকে তখনও এটিতে সে একাই বসে; আসলে অন্য কেউ তার কাছেধারে এসে বসতেও চায় না। কয়বার বা কয় পেগ পান করল তা সে গুনেও দেখে না। একটা অনির্দিষ্ট অনিয়মিত সময়ের ব্যবধানে ওরা একটা নোংরা কাগজের টুকরো ওর হাতে ধরিয়ে দেয়; ওটাই বিল। তবে কেনই যেন মনে হয় ওরা তার কাছ থেকে কম দাম নিচ্ছে। তবে যদি ওরা বেশিও নিত তাতেও কিছু যেত আসত না। এখন তার হাতে অর্থ অফুরান। একটা কাজও তার আছে, দায়-দায়িত্বহীন একটি সম্মানি পদ, আগের কাজের চেয়ে অনেক অনেক বেশি বেতনের।

টেলিস্ক্রিনে গানের সুর থেমে গেল আরেকটি কণ্ঠের উপস্থিতিতে। উইনস্টন তার মাথা তুলল আর সতর্ক হয়ে কান পাতলো শোনার জন্য। তবে, যুদ্ধক্ষেত্রের কোনো বুলেটিন নয়, প্রাচুর্য মন্ত্রণালয়ের ছোট্ট একটি ঘোষণা পাঠ হলো। বলা হলো গত কোয়ার্টারে দশম ত্রি-বার্ষিক পরিকল্পনায় জুতোর ফিতে বাবদ যে কোটা বরাদ্দ ছিল তার ৯৮ শতাংশের বেশি পূরণ হয়েছে।

টাইমসের দাবার পাতায় মন দিল সে। খুবই একটা কৌশলী সমস্যা দেওয়া হয়েছে, এক জোড়া ঘোড়ার চালেই খেলা শেষ হবে। ‘সাদা পক্ষের চাল আর আর দুই চালেই খেলা মাত।’ উইনস্টন চোখ তুলে একবার বিগ ব্রাদারের ছবিটি দেখল। সাদাই সবসময় খেলা মাত করে, এক ধরনের ধোঁয়াশা মাখা রহস্যময়তায় ভাবনাটি মনে এল তার। সবসময়, একটি ব্যতিক্রমও পাওয়া যাবে না, খেলাটা এভাবেই সাজান। সভ্যতার সেই শুরু থেকে আজতক দাবা খেলায় কালোপক্ষ কখনোই জেতেনি। এই দিয়ে কি দুষ্টের দমন শিষ্টের জয়কেই নির্দেশ করা হয়নি? পেছন থেকে অতিকায় মুখটি চোখ পাকিয়ে তাকেই দেখছে, শান্ত শক্তির পূর্ণতায়। সাদা পক্ষই করবে বাজিমাত।

টেলিস্ক্রিনের কণ্ঠটি একটু থামল আর একটা ভিন্ন আরও গম্ভীর স্বরে বলতে শুরু করল: ‘ঠিক সাড়ে তিনটায় একটি জরুরি ঘোষণা আসছে, সবাইকে সব কিছু বন্ধ রেখে তা শুনে নেওয়ার জন্য হুঁশিয়ার করা হচ্ছে। তিনটা ত্রিশ মিনিট! অতি গুরুত্বপূর্ণ খবর পেশ করা হবে। খেয়াল রাখতে হবে, কারো এড়িয়ে যাওয়া চলবে না। বেলা তিনটা ত্রিশ মিনিট!’ আগের সেই মৃদু সুরসংগীত ফের বাজতে শুরু করল।

উইনস্টনের হৃদযন্ত্র রীতিমত লাফাতে শুরু করেছে। ওটাই হতে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের বিশেষ বুলেটিন, আর তার মন বলছে, খারাপ খবর আসছে। সারাদিন মৃদু উত্তেজনা নিয়ে তার মনের মধ্যে খেলে যাচ্ছে একটিই ভাবনা, আফ্রিকায় পরাভূত হচ্ছে ওশেনিয়া। সে যেন দেখতে চায় ইউরেশীয় সেনারা অজেয় সীমান্ত পদদলিত করেই পিঁপড়ার দলের মতো সারিবেঁধে আফ্রিকার ভেতর ঢুকে পড়ছে। কোনো পথে কেনই ওদের ঘিরে ফেলা যাবে না? গোটা আফ্রিকান উপকূলের সীমারেখা তার মুখস্ত। একটি সাদা ঘোড়া হাতে তুলে নিল আর সেটিকে দাবা কোর্টের ওপর দিয়ে আড়াআড়ি চালিয়ে দিল। আছে নিশ্চয় এক মোক্ষম জায়গা। এমনকি যখন কালো মানুষগুলোকেও দক্ষিণের পানে ছুটে যেতে দেখে, সে দেখতে পায় আরও একটি শক্তি, রহস্যজনকভাবে তারা পুঞ্জীভূত হচ্ছে, আর হঠাৎই তারা পিছনে ঘুরে যাচ্ছে, স্থল আর সমুদ্র উভয় পথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। ভাবল এই ইচ্ছা দিয়ে সে আসলে অন্য শক্তিটিতে অস্তিত্বে ফিরিয়ে আনতে চায়। তবে কাজটি করতে হবে খুব দ্রুত। তারা যদি গোটা আফ্রিকার ওপর দখল নিশ্চিত করতে পারে, আর যদি অন্তরীপে তাকে সাবমেরিন বেজ আর আকাশ পথে শক্তি থাকে, ওশেনিয়া ঠিক দুই খণ্ড হয়ে যাবে। এর মানে হতে পারে যে কোনো কিছু: পরাভূত, পর্যুদস্ত, ব্রহ্মাণ্ডের নতুন বিভাজন, পার্টির বিনাশ! গভীর শ্বাস টেনে নিল সে। একটা অনন্যসাধারণ মিশ্র অনুভূতি — ঠিক মিশ্র নয়; বরং বলা চলে অনুভূতির ধাপানুসার, যেখানে কোন ধাপটি সবচেয়ে নিচে তা বলা কঠিন— তার ভেতরে যুদ্ধ করে চলছে।

উত্তেজনা কেটে গেছে। সাদা ঘোড়াটিরে আগের জায়গায় বসাল, কিন্তু এ মুহূর্তে দাবার চালের এই জটিল সমস্যায় মন দিতে চাইছে না। তার চিন্তা আবারও গতি পাল্টাল। আর অনেকটা অসচেতনতায় ধূলি জমে থাকা টেবিলের ওপর আঙুল ঘুরিয়ে লিখে ফেলল:

২+২=৫

‘ওরা তোমার ভেতরে ঢুকতে পারবে না,’ মেয়েটি বলেছিল। কিন্তু ওরা ভেতরেই ঢুকে যায়। ‘এখানে তোমার ক্ষেত্রে যা কিছু হচ্ছে ওটাই স্থায়ী,’ বলেছিলেন ও’ব্রাযেন। এটাই সত্য কথা। নিজের কিছু কাজ থাকে, যা থেকে কখনোই রেহাই মেলে না। বুকের ভিতরে বিষয়গুলো মেরে ফেলা হয়, ভস্ম করে দেওয়া হয়, ক্ষার কিংবা গরম লোহার ছ্যাক দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

মেয়েটির সাথে তার দেখা হয়েছে, কথাও হয়েছে। এতে আর কোনো বিপদের কারণ নেই। সে ভালো করেই জানে ওরা আর তার কাজ-কর্ম নিয়ে আগ্রহী নয়। দুজনের মধ্যে কারো ইচ্ছা থাকলে দ্বিতীয়বার দেখার আয়োজনও করা যেত। তবে তাদের দেখাটি হয়েছিল ঘটনাক্রমেই। একটি পার্কে, মার্চের তীব্র বীভৎস এক শীতের দিনে, মাটি তখন লোহার মতো শক্ত, ঘাসগুলো মরে গেছে, একটি অঙ্কুরেরও দেখা নেই কোথাও, গুটিকয় প্রথম বসন্তের ফুল ঠেলেঠুলে ফুটে বের হলেও বাতাসের তীব্রতায় ছিন্নভিন্ন। প্রথম দেখতে পেয়ে তার বরফ জমা হাত আর অশ্রুভেজা চোখ দুটো কী তাড়াহুড়োই না করছিল। সে ছিল মাত্র মিটার দশেক দূরে। ওর বদখত করে দেওয়া চেহারাটা দেখামাত্রই ভীষণ আঘাত পেল। দুজন দুজনকে প্রায় অতিক্রমই করে যাচ্ছিল কিন্তু কারো মধ্যেই প্রকাশিত হলো না কোনো অভিব্যক্তি, এরপর সে ঘুরল আর ওর পিছু নিল, তবে খুব যে একটা আগ্রহে তা নয়। তার জানা, বিপদের কোনো আশঙ্কা নেই, তাকে নিয়েও নেই কারো কোনো আগ্রহ। মেয়েটি সামান্য কথাও বলল না। ঘাস মাড়িয়ে কোনাকুনি পথে হেঁটে এগিয়ে যাচ্ছিল যেন তাকে এড়াতে পারলে বাঁচে, এরপর আবার যেন ইচ্ছা পাল্টাল আর তাকে এগিয়ে গিয়ে পাশাপাশি হাঁটার সুযোগ করে দিল। এক পর্যায়ে দুজন পৌঁছে গেল পত্রপল্লববিহীন গুল্মোদ্যানের ভেতরে, এখানে আর নিজেকে লুকিয়ে রাখার চেষ্টাই বৃথা। দুজনই থামল। তীব্র শীত যেন কামড় বসাচ্ছে শরীরে। ন্যাড়া ন্যাড়া গাছগুলোর মধ্য দিয়ে শীষ তুলে বইয়ে হিম হাওয়া। বাহু দিয়ে তার কোমড় জড়িয়ে ধরল সে।

কোনো টেলিস্ক্রিন নেই। কিন্তু লুক্কায়িত মাইক্রোফোন তো অবশ্যই রয়েছে: তাছাড়া, বাইরে থেকেও তাদের দেখা যাচ্ছে। তবে তাতে কিছুই যায় আসে না, কিছুই না। ওরা মাটিতে শুয়ে পড়তে পারত, আর চাইলে ওসব কিছুও করতে পারত। কিন্তু সে ভাবনা আসতেই তার রক্ত-মাংস স্রেফ হিমায়িত হয়ে গেল। আর কটিদেশে বাহুর চাপ পেয়েও ওর কোনো প্রতিক্রিয়া ছিল না, আবার নিজেকে সরিয়ে নেওয়ার সামান্য চেষ্টাও ছিল না। সে জানে ওর ভেতরে এখন কী পরিবর্তন এসে গেছে। তার মুখটা এখন আরও পাংশুবর্ণ নিয়েছে, কিছুটা চুলে ঢাকা পড়লেও কপাল থেকে পাশের দিকে আঘাতের একটা লম্বা দাগও দেখা যাচ্ছে, তবে পরিবর্তন সেখানে নয়। তার কোমড়ের দিকটা একটু মোটা হয়ে গেছে, আর, অদ্ভুতভাবে, কিছুটা শক্ত। মনে পড়ে কীভাবে একবার, রকেট বোমা বিস্ফেরণের পর, ধ্বংসস্তুপ থেকে সে একটি মরদেহ বের করে এনেছিল, আর সে মরদেহটির অবিশ্বাস্য ওজনই কেবল নয়, শক্ত হয়ে থাকায় নড়াচড়া করানোই হয়ে পড়ে ভীষণ মুশকিল, তখন ওই শরীরের মাংস তার কাছে পাথরের চেয়েও শক্ত মনে হয়েছিল। মেয়েটির শরীরে হাত দিয়ে আজ তার সে কথাই মনে পড়ে গেল। তার মনে হলো ওর গোটা শরীরের কাঠামোটাই আগে যেমন ছিল তার চেয়ে পাল্টে গেছে।

ওকে চুমু দেওয়ার সামান্য চেষ্টাটিও সে করল না, কথা বলারও না। যখন তারা ঘাস মাড়িয়ে আবার ফিরে যাচ্ছিল তখনই মেয়েটি তার দিকে প্রথমবার চোখ তুলে তাকাল। মাত্র এক লহমার দৃষ্টি, তবে তা ভরা ছিল অমর্যাদা আর অপছন্দে। তার জানতে ইচ্ছা হচ্ছিল এই অপছন্দ কি অতীতের সব কিছু থেকে উৎসারিত, নাকি তার এখনের বদখত চেহারা, আর তীব্র হিমবায়ে জমে যাওয়া অশ্রু দেখেই এই অমর্যাদার উদ্রেক। দুটি লোহার চেয়ারে পাশাপাশি বসেছিল তারা, তবে ঘেঁষাঘেঁষি করে নয়। একবার দেখল মেয়েটি কথা বলতে চাইছে। কিন্তু তখনই আবার বেমানা জুতো পরা একটি পা কয়েক সেন্টিমিটার উপরে তুলে একটি শুকনো কাঠির ওপর ফেলল। তার মনে হলো পাটি একটু বেশিই চ্যাপ্টা হয়ে গেছে।

‘আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি,’ খটখটে গলায় বলল মেয়েটি।

‘আমিও তোমার সঙ্গে প্রতারণা করেছি,’ বলল সেও।

আরও একবার তীব্র অপছন্দের চাহনি হানল সে।

‘কখনো কখনো,’ বলল সে, ‘ওরা তোমাকে এমন কিছু দিয়ে ভয় দেখাত যে তুমি সহ্যও করতে পারতে না। আর তখন তুমি বলতে, “আমার সঙ্গে এগুলো কোরো না, অন্য কারো সঙ্গে করো, এমন সবই তো।” আর পরে হয়তো তুমি বুঝতে পারতে এসব স্রেফ ওদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই বলতে, আসলে তুমি ওমনটা চাইতে না। তুমি ভাবতে এমনটা ছাড়া আর কোনো পথই ছিল না তোমার নিজেকে রক্ষা করার, আর সেভাবে নিজেকে বাঁচানোর জন্য পুরোপুরি প্রস্তুতই তুমি ছিলে। তুমি চাইতে ঘটনাগুলো অন্য কারো ক্ষেত্রে ঘটুক। তখন তোমার মনেও হতো না অন্যরা কী ভোগান্তিতে আছে। তুমি স্রেফ নিজের কথাই ভাবতে।’

‘তুমি আসলে স্রেফ নিজের কথাই ভাব,’ ওর কথারই প্রতিধ্বনি তার কণ্ঠে।

‘কিন্তু পরে আর তাকে নিয়ে তোমার ভাবনাটি একই রকম থাকে না।’

‘না,’ বলল, ‘তোমার ভাবনা একই রকম থাকে না।’

এরপর মনে হলো কারোই আর কিছু বলার নেই। তীব্র বাতাস এসে পাতলা আলখেল্লা শরীরের সঙ্গে বসিয়ে দিল। ঠিক তখনই নীরবে বসে থাকাটা অসহনীয় ঠেকতে লাগল। তাছাড়া, এত ঠান্ডা যে স্থির হয়ে বসে থাকাও যাচ্ছিল না। মেয়েটি, টিউব ধরতে হবে, বা তেমন কিছু একটা বলতে বলতে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াল।

‘আমাদের অবশ্যই ফের দেখা হবে,’ বলল সে।

‘হ্যাঁ,’ বলল মেয়েটি, ‘আমাদের অবশ্যই ফের দেখা হবে।’

কদ্দূরখানেক সেও তার পিছু পিছু গেল, কিছুটা দূরত্ব রেখে। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। তাকে বারণ করার চেষ্টা সে করল না, তবে এমন গতিতে হাঁটল যেন কাছাকাছি ঘেঁষতেও না পারে। উইনস্টন ভাবল অন্তত টিউব স্টেশন অব্দি যাবে ওকে সঙ্গ দিয়ে, কিন্তু হঠাৎই তার মনে হলো এই অনুসরণ স্রেফ অহেতুক আর অসহনীয়ও বটে। জুলিয়ার কাছাকাছি থাকার চেয়ে চেস্টনাট ট্রি ক্যাফেতে যাওয়ার উচ্ছ্বাসটাই বেশি কাজ করছিল। অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকাল জায়গাটি তার বেশি ভালো লাগে। কোনার টেবিলটিতে খবরের কাগজ আর দাবার কোট নিয়ে বসা আর জিনের অফুরন্ত সরবরাহ তাকে কিছুটা নস্টালজিকও করে দেয়। আসলে জায়গাটির উষ্ণতা কখনোই ফুরায় না। এসব ভাবতে ভাবতে ঠিক পরের মুহূর্তেই, সব মিলিয়ে দৈবাতও বলা যাবে না, একটি ছোট্ট ভিড়ের মাঝে সে জুলিয়াকে হারিয়ে যেতে দিল। মন যে খুব করে চাইছিল ফের ওকে খুঁজে বের করে, তেমনও নয়। এরপর গতি কমিয়ে দিয়ে এক পর্যায়ে ঘুরল আর উল্টো পথ ধরল। পঞ্চাশ মিটারের মতো এগিয়ে একবার পিছনে ফিরে তাকাল, সড়কটিতে খুব যে ভিড় ছিল তা নয়, কিন্তু তাকে আর চিহ্নিত করা গেল না। ডজন খানেক মানুষের যে অবয়ব দেখা যাচ্ছে তার যে কোনোটিই হতে পারে জুলিয়ার। সম্ভবত তার মুটিয়ে যাওয়া শক্ত শরীরটি আর পেছন থেকে চেনার উপায় নেই।

‘ঘটনাটি যখন ঘটে,’ ও বলছিল, ‘তুমি কিন্তু কাজটা ঠিকই করতে চেয়েছিলে।’ সেও আসলে তাই করতে চেয়েছিল। স্রেফ কথার কথা ছিল না, তার ইচ্ছাই ছিল অমন কিছু একটা ঘটুক। তার মনে হয়েছিল তাকে নয় বরং মেয়েটিকেই সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া হোক-

টেলিস্ক্রিনের সুরধ্বনি কিছুটা পাল্টে গেল। একটা কর্কশ শব্দ তুলে স্ক্রিনটা হলদে রঙ নিল। আর তখন— হতে পারে এমনটা ঘটেও নি, অথবা সে ছিল স্রেফ স্মৃতি থেকে উৎসারিত কোনো শব্দমালা। সে শুনতে পেলে ওটা গাইছে:

‘ছড়িয়ে পড়া চেস্টনাট গাছের ছায়ায়
আমি তোমাকে বেচলাম, তুমি বেচলে আমায়-’

অশ্রুতে তার দুচোখ ছল ছল করে উঠেছে। পাশ দিয়ে যাচ্ছিল যে ওয়েটার, লক্ষ্য করল তার গ্লাসটি খালি। দ্রুতই এক বোতল জিন নিয়ে এল সে।

গ্লাসটি তুলে নিল আর চুমুক বসাল। যতবারই মুখে নেয় এই বস্তু আগের চেয়ে কখনোই কম নয়, বরং অনেক বেশি অখাদ্য ঠেকে তার কাছে। কিন্তু এটাই একমাত্র বস্তু যাতে সে সাঁতারে চলে। এই জিনেই এখন তার জীবন, তার মৃত্যু, আর তার পুনরুত্থান। এর মধ্যেই প্রতিরাত সে ডুব দেয়, আর জিনই তাকে প্রতি ভোরে জাগিয়ে তোলে, তবে সকাল এগারোটার আগে কখনোই না। তার লেগে থাকা চোখের পাতা, এঁটো মুখ আর ভাঙা পিঠ নিয়ে বিছানা ছাড়া অনেকটাই অসম্ভব হয়ে পড়ে যদি কিনা বিছানার পাশে রেখে দেওয়া এককাপ জিন পেটে চালান করতে না পারে। দুপুর নাগাদ বিছানায় ঢুলুঢুলু চোখে উঠে বসে সে, হাতে উঠে আসে পুরো বোতল, আর কান পাতে টেলিস্ক্রিনে। আর বিকেল তিনটা থেকে বন্ধ না হওয়া পর্যন্ত চেস্টনাট ট্রি ক্যাফেতে গ্যাঁট হয়ে বসে থাকে। সে কী করছে তা নিয়ে কারো কোনো আগ্রহ নেই, তাকে জাগিয়ে তোলার জন্য কোনো হুইসেল বাজে না, টেলিস্ক্রিনে তাকে নিয়ে আসে না কোনো নির্দেশনা। মাঝে মধ্যে, হতে পারে সপ্তাহে দুবার, সে সত্য মন্ত্রণালয়ের একটি ধুলোজমা অফিসে যায়, যেটি দেখে মনে হয়, এর কথা সবাই বুঝি ভুলেই গেছে, আর কিছু কাজবাজ করে, অথবা সেই আসলে একে কাজ বলে মনে করে, আর কেউ না। একটি উপ- কমিটির উপ-কমিটিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে যা এমন অগুনতি কমিটির একটি আর তার কাজ হচ্ছে নিউস্পিকের এগারোতম সংস্করণে যেসব ছোট ছোট অসঙ্গতি পাওয়া যাচ্ছে তা একত্রিত করা। তাদের দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন তৈরি করা, আর বাস্তবতা হচ্ছে যে বিষয়ে তাদের এর প্রতিবেদন তৈরি করতে হবে, তেমন সুনির্দিষ্ট কিছু এ পর্যন্ত তার চোখেই পড়েনি। এখানে কাজটা হচ্ছে, প্রয়োজনীয় কমাটি ব্রাকেটের ভিতরেই পড়বে নাকি বাইরে তা ঠিক করা। এই কমিটিতে তার সঙ্গে আরও চারজন রয়েছেন, তাদের প্রত্যেকের অবস্থা তারই মতো। কোনো কোনো দিন তাদের একসঙ্গেও দেখা হয়, আর দ্রুতই তারা একমত হয়ে চলে যায় যে, তাদের আসলে করার কিছুই নেই। তবে কোনো কোনো দিন তারা বেশ আগ্রহ নিয়ে কাজটি করতে বসে, আর ভীষণভাবে জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে আলোচনা করে আর বিশাল এক স্মারকলিপি তৈরির কাজ শুরু করে, যা আদতে কখনোই শেষ হয় না। কখনো কখনো তাদের মধ্যে সামান্য বিষয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে যায়, ধীরে ধীরে তা তুঙ্গে রূপ নিয়ে ভীষণ ঝগড়ায় পরিণত হয়, একে অন্যকে দেখে নেওয়ার হুমকি ধমকি দিতে থাকে এমনকি ঊর্ধ্বতনে নালিশ ঠুকে দেওয়ার হম্বিতম্বিও চলে। এরপর হঠাৎই তাদের জীবন আর তাদের হয়ে থাকে না, দপ করে সবার তেজ নিভে যায়, যে যার আসনে বসে পড়ে আর কুতকুতে চোখে একে অপরের দিকে তাকাতে থাকে, অবশেষে ভূত যেমন কাক বনে যায়, তেমনই অবস্থা দাঁড়ায় প্রত্যেকের।

একটু ক্ষণ নীরব হয়ে থাকল টেলিস্ক্রিন। ফের মাথা তুলল উইনস্টন। এবার বুলেটিন! কিন্তু ওরা বাজনায় কোনো পরিবর্তন আনল না। তার চোখের পাতার পেছনে লটকে আছে দক্ষিণ আফ্রিকার ম্যাপ। সেনাবাহিনীর একটি চক্রাকার দল এগিয়ে যাচ্ছে একটি কালো তীর দক্ষিণমুখো হয়ে উপরের দিকে তাক করা, অপরটি সাদা তীর, আড়াআড়ি তাক করা রয়েছে পূর্বমুখে। প্রথমটির ঠিক লেজের মধ্য দিয়ে। যেন নিশ্চিত হতে চায়, সেভাবেই চোখ তুলে পোট্রেইটের শীতল মুখটির দিকে আরেকবার তাকাল সে। এটা কী হতে পারে, দ্বিতীয় তীরটির আদৌ কোনো অস্তিত্ব নেই?

তার আগ্রহ ফের পতাকা ওড়ালো। মুখ ভরে আরেক ঢোক জিন পেটে চালান করে দিল, সাদা ঘোড়াটিকে তুলে নিয়ে একটি চাল দিল। চেক। তবে নিঃসন্দেহে এটি সঠিক চাল ছিল না, কারণ-

অজান্তেই, অযাচিতভাবে একটি স্মৃতি তার মনকে ভাসিয়ে দিল। সে দেখতে পাচ্ছে মোমের আলোয় আলোকিত একটি কক্ষ, সাদা চাদর বিছানো বিশাল বিছানা, আর সে, নয়-দশ বছরের এক বালক, মেঝেতে বসে একটি ডাইস বক্স সজোরে ঝাকাচ্ছে আর উত্তেজনায় হাসছে। মা তার সামনে বসে আছেন; তিনি ও হাসছেন।

মেয়েটি যে হারিয়ে গেল তার পরে মাস খানেক গত হয়েছে। সেটি ছিল সমঝোতার এক মুহূর্ত, যখন পেটের ক্ষুধার কথাও সে ভুলে যায়, আর সাময়িকভাবে তার মধ্যে ওর জন্য মায়া জেগে ওঠে। দিনটির কথা ভালোই মনে করতে পারে সে। ভেজা স্যাতস্যাতে একটি দিন, জানালার শার্সি বেয়ে পানি নেমে আসছে আর ভেতরের আলোতে পড়া দায়। অন্ধকার, ঠাসাঠাসির একটি শয়নকক্ষে দুটি শিশুর একঘেয়ে আচরণ ক্রমেই অসহ্য হয়ে উঠেছে। উইনস্টন খাবারের জন্য টানা ঘ্যানঘ্যান করে চলছে, আর রুমের এদিক ওদিক ছুটে যেখানে হাতের কাছে যা পাচ্ছে ছুড়ে মারছে, দরজার পাল্লায় টানা লাথি মেরে চলছে, তাতে ছুটে এসেছে প্রতিবেশীরা, ‘আর অপর শিশুটি স্রেফ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সব দেখছে। অবশেষে তার মা বললেন, ‘এবার থামো শান্ত হও, আমি তোমাকে খেলনা কিনে দেব, খুব সুন্দর খেলনা- তোমার ভালো লাগবে’; আর সে কথা বলে মা বৃষ্টির মধ্যেই ঘরের বাইরে বের হয়ে গেলেন, কাছেই একটি দোকানে গিয়ে সেখান থেকে একটি সাপ আর মই বসানো একটি লুডুর বক্স নিয়ে এলেন। ছাতড়াপড়া সেই কার্ডবোর্ডের গন্ধ আজও তার নাকে লেগে আছে। বাইরেটা একেবারেই ফালতু। বোর্ডটির এখানে সেখানে হাচড়া-খাচড়া আর ছোট কাঠের ছক্কাটি এতটাই ফালতু করে কাটা যে ছুড়ে দিলে কোনো একটা পাশ‍ই ঠিকমতো বসতে পারে না। গোমড়ামুখে অনাগ্রহের চোখে ডিজনিসটি দেখছিল উইনস্টন। কিন্তু তখনই তার মা একটি মোমবাতি জ্বালালেন আর মেঝেতে বসে পড়লেন খেলবেন বলে। কিছুক্ষণের মধ্যে সাপলুডুর উত্তেজনায় মগ্ন সে আর যতবার মই বেয়ে উপরে উঠছিল আর সাপের গ্রাসে পড়ে লেজ বেয়ে প্রায় শুরুর দিয়ে নেমে পড়ছিল ততবারই হাসিতে ফেটে পড়ছিল। মোট আট দান খেলল মা- ছেলে। তাতে দুজনই চার দান করে জিতল। তার ছোট্ট বোনটি, এই খেলা যে কী যা বোঝারই বয়স তার ছিল না সেও পাশে বসে অন্যদের হাসির দেখাদেখি খিলখিল করে হাসছিল। গোটা বিকেলটি তারা সবাই মিলে সে কী আনন্দেই না কেটেছিল তাদের, ঠিক তেমনি যেমন ছিল তার আরও ছোটবেলার প্রতিটি বিকেল।

ছবিটি ধাক্কিয়ে মনের বাইরে বের করে দিল। এটি ছিল আসলে এক মিথ্যা স্মৃতি। ইদানীং প্রায়ই এমন মিথ্যা স্মৃতি এসে তাকে জ্বালাতন করে। কেউ অনেক আগে কী ছিল তাতে এতদিন পর কিছুই আসে যায় না। কিছু ঘটনা ঘটেছে, আর কিছু ঘটনা হয়তো ঘটেইনি। ভাবতে ভাবতে ফের দাবার কোর্টের দিকে ফিরল আর সাদা ঘোড়াটি আবারও হাতে তুলে নিল। ঠিক তখনই সেটি শব্দ করে বোর্ডের ওপর পড়ে গেল। আর তার মনে হলো শরীরের ভেতরে একটি সুঁচ তার বিঁধে গেছে। তীব্র তূর্যধ্বনি বাতাস বিদীর্ণ করে দিল। বুলেটিন শুরু হবে। বিজয়ের ঘোষণা! তূর্যধ্বনি বেজে ওঠার পর খবর আসলে তা বিজয়েরই হয়ে আসছে। গোটা ক্যাফেতে এক ধরনের বৈদ্যুতিক ঝাঁকুনি খেয়ে গেল। এমনকি ওয়েটাররাও থমকে গিয়ে কান পাতল।

তূর্যধ্বনি এবার কিছুটা দমে গিয়ে ভীষণ শোরগোলের শব্দ আসতে লাগল। তৎক্ষণাৎ একটি উত্তেজনাপূর্ণ কণ্ঠ টেলিস্ক্রিন থেকে ভেসে আসতে শুরু করেছে; কিন্তু সে কণ্ঠও সামান্য বেজে উঠে বাইরের আনন্দোল্লাসের ধ্বনিতে ঢাকা পড়ল। ম্যাজিকের মতো চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। টেলিস্ক্রিন থেকে যেটুকু শব্দ তার কানে পশল তাতে সে বুঝে নিল, যা ঘটার তা ঘটে গেছে, যা ছিল তার পূর্বপরিজ্ঞেয়; সমুদ্রপথে আসা এক বিশাল রণতরীর বহর গোপনে শত্রুপক্ষের পশ্চাৎভাগে ঢুকে পড়েছে, আর একটি সাদা তীর কালো তীরের লেজের দিকটা গেঁথে দিয়েছে। তাদের জয়োল্লাস প্রকাশে নানা পরিচিত শব্দের ফুলুরি ছুটে আসছে: ‘বিশাল কৌশলগত অভিযান- সঠিক সমন্বয়- চরম পরাজয়— অর্ধলক্ষ কারাবন্দী— মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া— গোটা আফ্রিকার নিয়ন্ত্রণ— যুদ্ধকে শেষের কাছাকাছি নিয়ে আসা- বিজয়- মানব ইতিহাসের শ্রেষ্ঠ বিজয়- বিজয়- বিজয়- বিজয়।

টেবিলের নিচে উইনস্টনের পা দুটো ততক্ষণের বিক্ষুব্ধের আচরণ করে চলেছে। চেয়ার ছেড়ে একটু নড়েনি সে, কিন্তু তার মন ছুটে চলছিল, ক্ষিপ্ৰ গতিতে ছুটছে, সেও ততক্ষণে বাইরে ভিড়ের মাঝে মিশে গেছে, আর আনন্দ চিৎকারে নিজেকে বধির করে তুলেছে। ফের মুখ তুলে বিগ ব্রাদারের ছবি দেখে নিল সে। যে অতিকায় মূর্তি গোটা বিশ্বকে ডিঙিয়ে গেছে! যে পাথরটির গায়ে বৃথাই হেলান দিয়ে রয়েছে এশিয়ার মানুষ। সে ভাবল কীভাবে, মোটেই দশ মিনিট আগে, হ্যাঁ দশ মিনিটই বটে— তার মনের মধ্যে হৃদয় জুড়ে ভাবনায় জয় আর পরাজয় উভয়েরই ছিল সমান আনাগোনা। আহা, ধ্বংস হয়ে যাওয়া একজন ইউরেশীয় সেনার চেয়েও এটা বাড়াবাড়ি! ভালোবাসা মন্ত্রণালয়ের প্রথম দিনটির পর থেকে তার ভেতরে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু চূড়ান্ত অপরিবর্তনীয় পরিবর্তন কখনোই আসেনি, অন্তত এই মুহূর্ত পর্যন্ত নয়।

টেলিস্ক্রিন থেকে ভেসে আসা কণ্ঠ তখনও বন্দী, লুটতরাজ, জবাইয়ের গল্প শুনিয়ে চলেছে, তবে বাইরে চিৎকার-শোরগোল কিছুটা কমে এসেছে। ওয়েটাররাও নিজ নিজ কাজে ফিরেছে। তাদেরই একজন একটি জিনের বোতল হাতে এগিয়ে এল। গ্লাস ভরে দিয়ে চলে গেল কিন্তু পরম সুখস্বপ্নে বিভোর উইনস্টন সেদিকে ফিরেও তাকাল না। এখন আর তার মন দৌড়াচ্ছে আর আনন্দ করছে না। সে ফিরে গেছে ভালোবাসা মন্ত্রণালয়ে, তার সবকিছু ক্ষমা করে দেওয়া হয়েছে, তার আত্মা এখন তুষারের মতো সাদা। তাকে গণশুনানিতে হাজির করা হয়েছিল, আর সবকিছুই সে স্বীকার করে নিয়েছে, জড়িত সকলের কথা বলে দিয়েছে। সাদা টাইলস বসানো বারান্দা ধরে সে হেঁটে যাচ্ছিল, যেন হেঁটে যাচ্ছে সূর্যালোকিত কোনো পথে, আর এক সশস্ত্র প্রহরী তার পেছনে পেছনে যাচ্ছে। আর দীর্ঘ প্রত্যাশিত বুলেটটি তার মস্তিষ্কে ঢুকে পড়েছে।

ফের অতিকায় মুখটির দিকে তাকাল সে। কালো ঘন গোঁফের আড়ালে লুক্কায়িত এ কোন হাসি যা বুঝতে চল্লিশটি বছর কেটে গেল। হে নিষ্ঠুর, অহেতুক অবুঝ! হে একগুঁয়ে, ভালোবাসার বুক থেকে নির্বাসিত স্বার্থপর! জিনের গন্ধময় দু’ফোঁটা অশ্রু তার নাকের দুদিক বেয়ে নেমে আসল। তবে এই ভালো, সবকিছুই আছে ঠিকঠাক, সংগ্রামের অবসান ঘটেছে। তার নিজের বিরুদ্ধে হয়েছে নিজেরই জয়। বিগ ব্রাদারকে সে ভালোবাসে।