অধ্যায় তিন
‘তোমার পুনারাবির্ভাব প্রক্রিয়ার তিনটি ধাপ,’ বললেন ও’ব্রায়েন। ‘একটি শিক্ষণ, একটি অনুধাবন, অন্যটি গ্রহণ। এবার সময় এসেছে দ্বিতীয় ধাপে ঢুকে পড়ার।
আগের মতোই চিৎ হয়ে শুয়ে আছে উইনস্টন। তবে শরীরের বিভিন্ন অংশের বাঁধনগুলো এখন অপেক্ষাকৃত ঢিলা। ওরা এখনও তাকে বিছানাতেই আটকে রেখেছে। কিন্তু চাইলে হাঁটু দুটি সামান্য নাড়াচাড়া করাতে পারে, মাথাটিও এদিক ওদিক ঘোরানো যায়, আর হাত দুটি কনুই অবধি তুলতে পারে। ডায়ালটির ওপর আতঙ্কও ক্রমে কমেছে। দ্রুত একটু মাথাটা কাজ করাতে পারলে যন্ত্রণায় কাতরতার মাত্রাটা নিজেই কিছুটা কমাতে পারে; বিশেষ করে ও’ব্রায়েন যখন হাতলে হাত দেন তখনই সে চেহারায় এক ধরনের নির্বোধের ভাব ফুটিয়ে তোলে। মাঝে মাঝে ওরা জিজ্ঞাসাবাদের পুরো একটি অধিবেশন কাটিয়ে দেয় কিন্তু একটিবারও ডায়ালটি ব্যবহার করে না। সে মনে করতে পারে না, মোট ক’টি অধিবেশনে জিজ্ঞাসাবাদ চলেছে। তরে পুরো প্রক্রিয়াটি চলছে দীর্ঘ একটি সময় ধরে, অনির্দিষ্টকাল ধরে- আবার মোটে কয়েক সপ্তাহ ধরেও হতে পারে- আর দুটি অধিবেশনের মাঝে কখনো কয়েক দিন কেটে যায় আবার কখনো মাত্র দুই-এক ঘণ্টার ব্যবধানেই শুরু হয়ে যায়।
‘শুয়ে থাকতে থাকতে,’ বললেন ও’ব্রায়েন, ‘মাঝে মাঝে নিশ্চয়ই তোমার কৌতূহল জাগে— দুয়েকবার আমার কাছে জানতেও চেয়েছ— এই ভালোবাসা মন্ত্রণালয় কেন তোমার পেছনে এত সময় খাটাচ্ছে, কেনই বা দিচ্ছে এত যন্ত্রণা! যখন তুমি মুক্ত জীবনে ছিলে তখনও মাঝে মধ্যে এমন ধন্ধে পড়ে যেতে এই একই প্রশ্নে। যে সমাজে তুমি বাস করেছ তার কলা কৌশল ঠিকই রপ্ত করেছ, কিন্তু এর পেছনে যে উদ্দেশ্য তা ধরতে পারনি। তোমার কি মনে আছে ডায়েরিতে লিখেছিল, “আমি জানি কীভাবে, কিন্তু জানি না কেন”? এই যে কেন নিয়ে তোমার ভাবনা সেটাই তোমার পরিশুদ্ধতার ওপর সন্দেহের কারণ। তুমি তো গোল্ডস্টেইনের দ্য বুক পড়েছ, অন্তত অংশ বিশেষ হলেও পড়েছ। ওই বই কি তোমাকে এমন কিছু জানাতে পেরেছে, যা তুমি আগে জানতে না?’
‘আপনি পড়েছেন বইটি?’ প্রশ্ন উইস্টনের।
‘ওটি আমি লিখেছি। বলা যায় আমিই, কারণ বইটি লিখতে আমি সহায়তা করেছি। তুমি তো জান কোনো বই কেউ একা তৈরি করতে পারে না।’
‘ওতে যা আছে, তা কি সত্য?’
‘বর্ণনা মতে সত্য। তবে যে কর্মসূচি এতে দেওয়া হয়েছে তা স্রেফ ফালতু। জ্ঞানের গোপন প্রসার— ক্রমে আলোকিত হয়ে ওঠা – তার মধ্য দিয়ে এক সময় প্রলেতারিয়েতদের বিদ্রোহ— আর পার্টির ক্ষমতাচ্যুতি। তুমি নিজেই নিজের কাছে জানতে চাও, দেখবে এই যা কিছু বলা হয়েছে তা স্রেফ ফালতু। প্রলেতারিয়েতরা কখনোই বিদ্রোহ করবে না, হাজার বছরেও না, লক্ষ বছরেও না। ওরা পারে না। কারণ কী? সে কথা তোমাকে আমার বলতে হবে না, তুমিও নিশ্চয়ই ওদের ওপর আশা ছেড়ে দিয়েছ। আর সে কারণেই পার্টিকে সরিয়ে দেওয়ার আর কোনো পথ নেই। পার্টির শাসন চিরস্থায়ী। আর সেটাই হোক তোমার চিন্তার সূচনা বিন্দু।’
বিছানার সন্নিকটে এগুলেন তিনি। ‘চিরস্থায়ী!’ ফের উচ্চারণ তার। ‘আচ্ছা চলো ফের আমরা সেই “কীভাবে” ও “কেন” প্রসঙ্গে ফিরি। তুমি ভালো করেই জান পার্টি কীভাবে এই ক্ষমতা ধরে রাখছে। এখন বলো কেন আমরা ক্ষমতা আঁকড়ে আছি। আমাদের উদ্দেশ্য কী? কেন আমরা ক্ষমতা চাই? বলো, কথা বলো,’ উইনস্টনের নীরবতার মুখে বলতেই থাকলেন তিনি।
আরো এক কিংবা দু’টি ক্ষণ নীরব হয়েই থাকল উইনস্টন। এক ধরনের বিপর্যস্ততাবোধ তাকে জাপটে ধরেছে। ও’ব্রায়েনের চোখে মুখে সেই আবছা ক্ষ্যাপাটে আমুদে ভাবটা ফিরে এসেছে। আগে থেকেই সে জানে কী বলবেন ও’ব্রায়েন। তিনি বলবেন, পার্টি কিন্তু তার নিজের জন্য ক্ষমতা চাইছে না, পার্টির এই চাওয়া স্রেফ সংখ্যাগরিষ্ঠের ভালোর জন্য। পার্টির ক্ষমতা দরকার কারণ তার মানুষেরা খারাপ আছে, তারা সব ভীতু জীব যারা স্বাধীনতা ধরে রাখতে পারে না, সত্যের মুখোমুখি হতে পারে না, আর সে কারণেই তাদের অবশ্যই শাসন করতে হবে, প্রক্রিয়াগতভাবে অপেক্ষাকৃত শক্তিধরদের হাতে তারা থাকবে আষ্টেপৃষ্ঠে বাঁধা। তিনি বলবেন স্বাধীনতা আর সুখ এই দুইয়ের মাঝখানেই থাকে মানুষের পছন্দ। আর অধিকাংশই সুখটাকেই বেশি ভালো বলে বেছে নেয়। তিনি বলবেন, পার্টি দুর্বলদের সার্বক্ষণিক ও চিরায়ত অভিভাবক, একটি বিশেষ নিয়োজিত গোষ্ঠী অপকর্মে লিপ্ত হয়ে ভালোর পেছনে ছুটছে, কিন্তু তারা আসলে তাদের নিজেদের সুখকেই অন্যদের জন্য বিলীন করে দিচ্ছে। ভয়াবহ দিকটি হচ্ছে, ভাবল উইনস্টন, ভয়াবহ হচ্ছে ও’ব্রায়েন যখন এটা বলবেন, সেও তাতেই বিশ্বাস করবে। আপনি ওর চোখেমুখে তাকিয়ে এটাই দেখতে পাবেন। ও’ব্রায়েন সব জানেন। বিশ্বটা কেমন তা উইস্টনের চেয়ে তিনি হাজার গুণ ভালো জানেন, তিনিই জানেন, অধিকাংশ মানুষ কী দুরবস্থায় রয়েছে, পার্টি তাদের কোন মিথ্যার জগতে, বর্বরতার মাঝে ফেলে রেখেছে। এ সব কিছুই তিনি বোঝেন, পরিমাপ করতে পারেন, আর তাতেও কিছু যায় আসে না: কারণ এর সবকিছুরই ন্যায্যতা দেওয়া হয়েছে পার্টির আসল উদ্দেশ্য দিয়ে। একজন ক্ষ্যাপার বিরুদ্ধে আপনি কীই করতে পারেন, ভাবল উইনস্টন, যিনি আপনার চেয়েও বেশি বুদ্ধিমান, যিনি আপনার সব যুক্তি মনোযোগ দিয়ে শোনেন আর ক্ষ্যাপাটেপনাটাই চালিয়ে যান।
‘আমাদের ভালোর জন্যই আপনারা আমাদের শাসন করছেন’ ক্ষীণস্বরে বলল সে। ‘মানুষ নিজে নিজেকে শাসন করতে পারে না এটাই আপনাদের বিশ্বাস, আর সে জন্য—’
তীব্র একটা ঝাঁকি খেয়ে সজোরে চিৎকার করে উঠল সে। প্রদাহের একটি প্রবাহ শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। ও’ব্রায়েন ডায়ালের হাতলটি পঁয়ত্রিশ মাত্রা অব্দি টেনে দিয়েছেন।
‘নির্বুদ্ধিতা!, উইনস্টন, স্রেফ নির্বুদ্ধিতা!’ বললেন তিনি। ‘এসব কথা না বলা ভালো সেটা তোমার জানা উচিত।
হাতলটি পেছনে টেনে আনলেন আর বলেই চললেন:
‘এবার আমি তোমাকে আমার প্রশ্নগুলোরই উত্তর জানাব। হ্যাঁ তাই। পার্টি ক্ষমতা চায় স্রেফ তার নিজের জন্য। অন্যের ভালো কিসে সে নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের আগ্রহ ক্ষমতাকে ঘিরেই। সম্পদে, বিলাসে, সুখের দীর্ঘ জীবনে কোনো কিছুতে নয়, স্রেফ ক্ষমতায়, খাঁটি ক্ষমতায়। খাঁটি ক্ষমতা বলতে ঠিক কী বুঝায় তা তুমি এখন বুঝতে পারছ। অতীতের সকল শাসক গোষ্ঠীর চেয়ে আমরা ভিন্ন, আর আমরা জানি, আমরা কী করছি। অন্য সবাই, এমনকি যাদের হাতে আমরা গড়ে উঠেছি তারাও ছিল কপট, কাপুরুষ। জার্মান নাৎসি আর রুশ সমাজবাদীরা তাদের শাসন পদ্ধতি নিয়ে আমাদের অনেকটা কাছাকাছি এলেও তাদের নিজেদের উদ্দেশ্য স্বীকার করে নেওয়ার সাহস কখনো দেখাতে পারেনি। ওরা ভান করে, হতে পারে বিশ্বাসও করে যে অনিচ্ছাতেই তারা ক্ষমতা কুক্ষিগত করেছে, আর তা সীমিত সময়ের জন্যই। আর মনে করে, এর শেষ প্রান্তে রয়েছে এক স্বর্গীয় সময় যেখানে মনুষ্য জীব স্বাধীন আর সমতায় বাস করবে। আমরা তেমনটি নই। আমরা মনে করি, কেউ ক্ষমতা উৎসর্গ করার জন্য ক্ষমতা দখল করে না। ক্ষমতা কোনো উপায় নয়, ক্ষমতা হাতে পাওয়াই শেষ কথা। বিদ্রোহ থেকে নিরাপদে থাকতে কেউ স্বৈরাচারতন্ত্র প্রতিষ্ঠা করে না, বরং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতেই বিদ্রোহের জন্ম। এই যে যন্ত্রণা দেওয়া তার উদ্দেশ্য যন্ত্রণা দেওয়াই। এই যে নির্যাতন, তার উদ্দেশ্য নির্যাতনই। এই যে ক্ষমতা তার উদ্দেশ্য ক্ষমতাই। এবার কি তুমি আমাকে বুঝতে শুরু করেছ?
ভাবনার মূলে আঘাত পেল উইনস্টন, ও’ব্রায়েনের ক্লান্ত মুখটি দেখে আগে যেমন আঘাত পেয়েছিল ঠিক তেমনই। একসময় এই মুখটি ছিল কর্কশ, মাংসল আর বুদ্ধিদীপ্ত, এক ধরনের নিয়ন্ত্রিত অনুরাগও ছিল কিন্তু এখন সেটি তার কাছে অসহায় লাগছে, ক্লান্ত মনে হচ্ছে। চোখের নিচটা দেবে গেছে, গালের হাড্ডিগুলো থেকে চামড়া কুচকে এসেছে। ও’ব্রায়েন তার ওপর ঝুঁকে পড়লেন, ইচ্ছা করেই শীর্ণ মুখখানি আরও কাছে নিয়ে এলেন।
‘তুমি ভাবছ,’ বললেন তিনি, ‘আমার চেহারাটা বড় বুড়ো আর ক্লান্ত হয়ে পড়েছে। তুমি ভাবছ আমি ক্ষমতার কথা বলছি কিন্তু নিজের শরীরের ক্ষয়ে যাওয়াকেই ঠেকাতে পারছি না। একটু বুঝতে চেষ্টা করবে, উইনস্টন, প্রতিটি মানুষ মূলত একেকটি কোষ? কোষের এই কুচকে যাওয়ার সঙ্গে তেজ কমে যাওয়ার সম্পর্ক নেই। হাতের নোখ কাটলে তুমি নিশ্চয়ই মরে যাবে না!
বিছানার দিক থেকে ফের মুখ ঘোরালেন তিনি, আবারও পায়চারি শুরু করলেন। এবার একটি হাত পকেটে।
‘আমরা হচ্ছি ক্ষমতার পুরোহিত,’ বললেন তিনি। ‘ঈশ্বরই শক্তি। কিন্তু এখন শক্তি হচ্ছে স্রেফ একটি শব্দ। তুমি ঠিক যতটা বুঝে নাও ততটাই এর শক্তি। শক্তি বলতে কী বুঝায় তা বুঝে নেওয়ার জন্য তোমার এখনই সময়। প্ৰথমই তোমাকে বুঝতে হবে, শক্তি সমষ্টিবাচক। ব্যক্তির শক্তি স্রেফ তখনই যখন সে ব্যক্তিসত্তা থেকে বেরিয়ে আসে। পার্টির স্লোগান তো তুমি জানই: — স্বাধীনতা দাসত্ব’। তোমার কী কখনো মনে এসেছে এই কথাটিকে উল্টে দেওয়া যায়? দাসত্বই স্বাধীনতা। একা— মুক্ত— মানুষ মাত্রই পর্যুদস্ত, পরাজিত মানুষ। এমনটা হতেই হবে, কারণ প্রতিটি মানুষের শেষ মৃত্যুতে। আর সেটাই সকল ব্যর্থতার চেয়ে বড় ব্যর্থতা। কিন্তু সে যদি পুরোপুরি নিজেকে সঁপে দিতে পারে, যে যদি নিজের পরিচয় থেকে পালাতে পারে, সে যদি নিজেকে পার্টিতে বিলীন করে দিতে পারে, যেন সেই পার্টি, তাহলে সেই সব শক্তির অধিকারী, অবিনশ্বর। তোমার জন্য দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনুধাবন। তোমাকে অনুধাবন করতে হবে ক্ষমতা আসলে মানুষের ওপরে প্রয়োগের একটি বিষয়। শরীরের ওপর- আর সর্বোপরি মনের ওপর প্রয়োগের বস্তুই হচ্ছে ক্ষমতা। কোনো কিছুর ওপর- যেটা তুমি বলছ বাহ্যিক কিছুর ওপর ক্ষমতার প্রয়োগের আদৌ কোনো গুরুত্ব নেই। বস্তুর ওপর আমাদের ক্ষমতা অনেক আগেই পুরোমাত্রায় প্রতিষ্ঠিত।
একদণ্ডের জন্য ডায়ালের প্রতি অবজ্ঞা দেখাল উইনস্টন। সহিংস ভঙ্গিতে সে নিজেকে একটু তুলে বসানোর চেষ্টা করল, তবে তাতে ভীষণ ব্যথা লাগিয়ে শরীরটিকে সামান্য নাড়াতে পারল মাত্র।
‘কিন্তু আপনি কীভাবে বস্তুতে নিয়ন্ত্রণ আনবেন?’ একটু জোর স্বরেই বলল সে। ‘আপনি তো জলবায়ুতে নিয়ন্ত্রণ আনতে পারেন না, অভিকর্ষে নিয়ন্ত্রণ আনতে পারেন না। রোগে, বেদনায়, মৃত্যুতে-’
হাতের সামান্য ইঙ্গিতে তিনি থামালেন উইনস্টনকে। ‘আমরা বস্তুতে নিয়ন্ত্রণ করি কারণ আমাদের নিয়ন্ত্রণ মনের মাঝে স্থাপিত। বাস্তবতার অবস্থান মানুষের খুলির অভ্যন্তরে। তুমি তার মাত্রা দিয়ে শিক্ষা নেবে উইনস্টন। আমরা পারি না এমন কিছুই নেই। ভোজবাজির মতো অদৃশ্য করে দেওয়া, শূন্যে ভাসিয়ে রাখা- যে কোনো কিছু। এই যে কক্ষ আর এর মেঝে, চাইলে আমি সাবানের বুদবুদের মতো ভাসিয়ে দিতে পারি। তবে আমি চাই না, কারণ পার্টিও তা চায় না। ওই সব উনবিংশ শতাব্দীর প্রকৃতির নিয়মের কথা তোমাকে ভুলে যেতে হবে, ওগুলো থেকে মুক্ত হতে হবে। এখন প্রকৃতির নিয়ম আমরাই তৈরি করি।’
‘আসলে কিন্তু আপনারা নন! আপনারা এই গ্রহের মালিক নন। ইউরেশিয়া আর ইস্টেশিয়ার কথা তাহলে কী বলবেন। আপনারাতো এখনও ওদের দখলে নিতে পারেননি।’
‘গুরুত্বহীন। সুবিধামতো সময়ে আমরা ওদের দখলে নেব। আর যদি তা নাও নেই, কীই ফারাক তাতে? আমরা ওদের অস্তিত্বকেই ঘুচিয়ে দিতে পারি। এই ওশেনিয়াই মূলত গোটা বিশ্ব।’
‘কিন্তু বিশ্বটাইতো সেফ ধূলিকণা মাত্র। মানুষ সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র-অসহায়। কতদিনই আর মানুষ টিকে থাকবে? মিলিয়ন মিলিয়ন বছর এই পৃথিবীতে কেউ ছিল না।’
নির্বোধ। পৃথিবী আসলে আমাদের সমান বয়সী, এর চেয়ে বেশি বয়স পৃথিবীর নয়। এর বড় হবেই কী করে? মানুষের সচেতন বোধের ভেতরে যতটুকু তার বাইরে তো আর কিছুরই অস্তিত্ব নেই ‘
‘কিন্তু পাথরগুলো তো বিলুপ্ত প্রাণীর হাড্ডিরই জমাটরূপ– প্রকাণ্ড লোমশ হাতি আর জংলি জন্তু অতিকায় সরীসৃপ বাস করত যখন মানুষের নাম গন্ধও ছিল না।’
‘ওইসব হাড্ডি কি তুমি কখনো দেখেছ, উইনস্টন? ‘নির্ঘাত দেখনি। উনবিংশ শতাব্দীর জীব বিজ্ঞানীদেরই আবিস্কার ওসব। মানুষের আগে আর কিছুই ছিল না। মানুষের পরে, তুমি যদি সত্যিই অন্তে পৌঁছাতে পার, আর কিছু থাকবেও না। মানুষের বাইরে আসলে আর কিছু নেই।’
‘কিন্তু গোটা বিশ্বই তো আমাদের বাইরে পড়ে আছে। ওই আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে দেখুন! তাদের কোনো কোনোটি মিলিয়ন আলোক বর্ষ দূরে। ওরা চিরতরেই আমাদের নাগালের বাইরে।’
‘কী এই তারকারাজি?’ বললেন ও’ব্রায়েন। ‘ওগুলো স্রেফ কয়েক কিলোমিটার দূরের আলোক ছটা। আমরা চাইলেই ওগুলোর কাছে যেতে পারি। নয়তো ওগুলোর অস্তিত্ব মুছে দিতে পারি। বিশ্বের মাঝে এই পৃথিবীর অবস্থান। সূর্য আর তারাগুলোই একে ঘিরে ঘুরপাক খায়।’
‘আরেকবার প্রবলভাবে নড়ার চেষ্টা করল উইনস্টন। তবে এবার কোনো শব্দ করল না। ও’ব্রায়েন তার কথা চালিয়ে গেলেন যেন তাকে বলতেই হবে:
‘কোনো বিশেষ কারণে নিঃসন্দেহে তা সত্য নয়। আমরা যখন সমুদ্রে জাহাজ চালাই, অথবা আমরা যখন কোনো গ্রহণ হবে বলে ধারণা করি, তখন আমরা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে সেটাকেই সঠিক বলে দেখতে পাই, বুঝতে পারি তারাগুলো মিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু তাতে কীই হয়? তোমার কি মনে হয় এই যে জ্যোতিষ্কমণ্ডল এর একটি প্রতিরূপ বানানো আমাদের পারঙ্গমতার বাইরে? ওই তারকাগুলো আমাদের প্রয়োজন মাফিক আমাদের কাছেও থাকতে পারে আবার দূরেরও হতে পারে। তুমি কি মনে করছ আমাদের গণিতজ্ঞরা তা করতে পারবে না? তাহলে তুমি কি দ্বৈতচিন্তার কথা ভুলে গেছ?’
বিছানায় শুয়ে পিঠে প্রচণ্ড ঝাঁকুনি খেল উইনস্টন। কী উত্তর তার মুখ থেকে বের হয়েছিল সেটা ধর্তব্যের নয়। যে উত্তরই হোক না কেন, সে উত্তরই তাকে এখন মুগুর মেরে গুঁড়িয়ে দিল। তবে এখনও সে জানে, নির্ঘাতই জানে, যা সে বলেছে সেটাই সত্য। তোমার মনে যা কিছু আছে তার বাইরে আর কিছুই থাকতে পারে না— এমনই বিশ্বাস- নিঃসন্দেহে কোনো না কোনো একটি পথ রয়েছে যা দিয়ে এই বিশ্বাসকে মিথ্যা প্রমাণিত করা সম্ভব। অনেক আগেই কি ওই ভাবনা ভ্রান্তিমূলক বলে প্রমাণিত হয়নি? এর একটা নামও দেওয়া হয়েছিল, অবশ্য নামটি সে এখন ভুলে গেছে। একটি আবছা হাসির রেখা খেলে গেল ও’ব্রায়েনের মুখে। তখনও তিনি উইনস্টনের দিকে ঝুঁকে পড়ে টানা তাকিয়ে আছেন।
‘আমি তোমাকে বলেছি, উইনস্টন,’ বললেন তিনি, ‘বলেছি যে, অধিবিদ্যা তোমার শক্ত পয়েন্ট হতে পারে না। তুমি যে শব্দটি স্মৃতিতে হাতড়ে বেড়াচ্ছ ওটা আত্মজ্ঞানবাদ। কিন্তু তুমি ভুল করছ। এই যা কিছু তুমি ভাবছ তা আত্মজ্ঞানবাদ নয়। একে তুমি যৌথ আত্মজ্ঞানবাদ বলতে পার। তবে ওটি ভিন্ন বিষয়, ভিন্ন শুধু নয়, ঠিক উল্টো। এসব কিছুই অপ্রাসঙ্গিক কথাবার্তা,’ একটি ভিন্ন কণ্ঠে বললেন তিনি। ‘প্রকৃত ক্ষমতা, দিনরাত যুদ্ধ চালিয়ে যেতে যে ক্ষমতা আমরা ধারণ করি, তা বস্তুর ওপর প্রয়োগের ক্ষমতা নয়, তা মানুষের ওপরেই প্রয়োগযোগ্য।’ একটু থামলেন, আবারও ঠিক সেই সম্ভাবনাময় মেধাবী ছাত্রটিকে স্কুলশিক্ষকের প্রশ্ন করার ভঙ্গিমায় বললেন: ‘একটি ব্যক্তি ঠিক কীভাবে অন্যের ওপর তার ক্ষমতা খাটায়, উইনস্টন?’
উইনস্টন ভাবল কিছুটা ক্ষণ। ‘তাকে কষ্ট দেওয়ার মধ্য দিয়ে,’ বলল সে।
‘ঠিক তাই। তাকে কষ্ট দেওয়ার মধ্য দিয়েই। আনুগত্যই শেষ কথা নয়। সে যদি ভোগান্তিতে না পড়ে, তাহলে কী করেই তুমি নিশ্চিত হবে সে তার নিজের নয় তোমার ইচ্ছায় এই আনুগত্য দেখাচ্ছে? দুর্বিষহ বেদনা আর অপদস্থতার মাঝেই নিহিত থাকে ক্ষমতা। মানুষের মনকে বহুধা বিভক্ত করে, ছিন্নভিন্ন করে ফের নিজের পছন্দ মতো সেই মন গড়ে তোলাই ক্ষমতা। তাহলে, এখন তুমি কী দেখতে শুরু করেছ, ঠিক কী ধরনের বিশ্ব আমরা গড়ে তুলছি? এটা যারা সুখ বা প্রীতিকেই পরমার্থ ভাবত সেই সেকেলে সংস্কারবাদীদের ইউটোপীয় প্রেয়বাদের ঠিক উল্টো। এটি ভয়, প্রতারণা আর নিদারুণ যন্ত্রণার এক বিশ্ব, পদদলন আর পদদলিত হওয়ার এক বিশ্ব, প্রতিটি পরিশোধনে নির্মমতা কমার নয় বরং ক্রমেই বেড়ে চলার এক বিশ্ব। আমাদের এই বিশ্বে অগ্রগতি মানেই হচ্ছে কষ্ট বাড়ার অগ্রগতি। পুরনো সভ্যতাগুলো দাবি করতে পারে তারা ভালোবাসা আর ন্যায়পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমাদের প্রতিষ্ঠা ঘৃণার ভিতের ওপর দাঁড়িয়ে। আমাদের এই বিশ্বে ভয়, ক্রোধ, বিজয়োল্লাস আর নীচ মনোভাবাপন্নতা ছাড়া আর আবেগের স্থান নেই। এর বাইরে আর যা কিছু সবই আমরা ধ্বংস করে দেব- সবকিছু। এরই মধ্যে বিপ্লব পরবর্তী যে ভাবনাগুলো টিকে ছিল তা আমরা মানুষের মগজ থেকে গুঁড়িয়ে দিতে পেরেছি। আমরা বাবা-মা আর সন্তানের মধ্যে সম্পর্কের ছেদ টেনে দিয়েছি, আলাদা করে দিয়েছি পুরুষে পুরুষে কিংবা পুরুষে নারীতে যে সম্পর্ক তাও। এখন আর কেউ নিজের স্ত্রীকে, শিশুটিকে কিংবা বন্ধুকে বিশ্বাস করার ভরসাটুকুও পায় না। আর ভবিষ্যতে কোনো স্ত্রীও থাকবে না, কোনো বন্ধুও থাকবে না। শিশুদের জন্মের পরপরই মায়ের কোল থেকে নিয়ে নেওয়া হবে, ঠিক যেভাবে মুরগির ওম থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিম। যৌনতার চাহিদা ঘুচিয়ে ফেলা হবে। সহবাস আর জনন হবে স্রেফ বাৎসরিক এক আনুষ্ঠানিকতা। আমরা যৌনতায় রাগমোচনেরও কোনো অস্তিত্ব রাখব না। আমাদের স্নায়ুতত্ত্ববিদরা এ নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। পার্টির প্রতি আনুগত্য ছাড়া আর কোনো আনুগত্যের অবকাশ থাকবে না। বিগ ব্রাদারের প্রতি ভালোবাসা ছাড়া ভালোবাসা বলেও আর কিছু থাকবে না। হাসি-ঠাট্টার অস্তিত্ব থাকবে না, কেবল টিকে থাকবে শত্রুপক্ষের পরাজয়ের পর অট্টহাসিতে ফেটে পড়া। কোনো কলা থাকবে না, সাহিত্য থাকবে না, বিজ্ঞান থাকবে না। আমরাই যখন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাব তখন আমাদের বিজ্ঞানের আর দরকারই হবে না। সুন্দর আর কদাকারের মধ্যে কোনো ভেদ আমরা রাখব না। আমাদের জীবন প্রক্রিয়ায় কোনো কৌতূহলের স্থান থাকবে না, আনন্দিত হয়ে ওঠার মতোও কিছু রাখা হবে না। আনন্দময়তার সব পথ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সদাই— ভুলে যেয়ো না, উইনস্টন— সদাই তুমি দেখতে পাবে ক্ষমতার উন্মত্ততা, সারাক্ষণই চলছে, আর ক্রমাগত অব্যাহতভাবে তা আরও আরও বেড়ে চলছে। সদাই, সারাক্ষণ, জয়ের রোমাঞ্চকর শিহরণ চলতে থাকবে, আর চলবে শত্রুর অসহায় পরাজয়ে খুশির ফল্গুধারা। তুমি যদি ভবিষ্যতের একটি চিত্র এখনই পেতে চাও- স্রেফ কল্পনা কর, বুটের নিচে নিরন্তর নিষ্পেষিত মানুষের মুখ।’
থামলেন তিনি, যেন চাইছেন উইনস্টন কিছু একটা বলুক। বিছানা থেকে আরও একবার পিঠটাকে তুলতে চেষ্টা করল উইনস্টন। সে কিছুই বলতে পারল না। তার হৃদযন্ত্র যেন হীম শীতল হয়ে এসেছে। ও’ব্রায়েন তার কথা চালিয়ে গেলেন:
‘আর মনে রাখবে এটা চিরন্তনভাবেই চলবে। মুখগুলো পায়ের নিচেই নিষ্পেষিত হতে থাকবে। উৎপথগামীরা, সমাজের শত্রুরা সদাই দলিত হবে বুটের নিচে, যাতে তাদের বারবার পরাজয় হয়, বারবারই তারা হয় অপদস্থ। এই যে আমাদের হাতে ধরা পড়ার পর থেকে তোমার সঙ্গে যা কিছু চলছে— তা চলতেই থাকবে, আর ক্রমেই তা হয়ে উঠবে আরও ভয়ংকর। এই যে গুপ্তচরবৃত্তি, প্রতারণা, গ্রেপ্তার, নির্যাতন, হত্যা, গুম যা কিছু দেখছ তা কমবে না কস্মিনকালেও। এটা যেমন সন্ত্রাসের রাজত্ব হবে তেমনি হয়ে থাকবে জয়োল্লাসের রাজত্বও। পার্টি যত বেশি ক্ষমতাধর হবে, ততই বেশি হয়ে উঠবে অসহিষ্ণু : বিরোধিতা যত দুর্বল হবে স্বৈরতন্ত্র ততই জেঁকে বসবে। গোল্ডেস্টেইন আর তার নব্যতান্ত্রিকরাও টিকে থাকবে চিরস্থায়ীভাবে। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে তারা পরাজিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, দায় নিতে থাকবে সকল অপরাধের, তাদের ওপর নেমে আসবে ধ্বংসের খাড়া, আবার অতঃপর বরাবারই তারা টিকে যাবে। সাতটি বছর ধরে আমি যে নাটক নাটক খেলা তোমার সাথে খেলে গেছি সেই নাটকই চলতে থাকবে বার বার, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সর্বদাই আরও কঠোরতায়। বরাবরই আমরা উৎপথগামীদের টিকিয়ে রাখব আমাদের ক্ষমাভিক্ষা চাওয়ার জন্য, নির্যাতনে ব্যথায় চিৎকার পাড়ার জন্য, ভেঙে কুঁকড়ে যাওয়ার জন্য- আর যখন সব শেষ হবে তখন আবার তারাই হবে অনুতপ্ত, তাদের জন্যই তাদের রক্ষা করা হবে, তারা যেন অন্তত হামাগুঁড়ি দিয়ে হলেও আমাদের পায়ের কাছে চলে আসতে পারে, মাথা কুটতে পারে। এটিই হচ্ছে এক বিশ্ব যা আমরা তৈরি করছি, উইনস্টন। এমন এক বিশ্ব যেখানে জয়ের পর জয়ই শুধু আসবে। আর চলবে জয়োল্লাসের পর আবার জয়োল্লাস অতঃপর আবারও জয়োল্লাস: ক্ষমতার মর্মমূলে এভাবেই আমরা আরও সিঁধিয়ে যাব আর যেতেই থাকব। আমি দেখতে পাচ্ছি তুমি বুঝতে শুরু করেছ ঠিক কোন বিশ্বটিই আমাদের পছন্দ। আর শেষ পর্যন্ত তুমি যতটা না বুঝবে তার চেয়ে বেশি করে এই বিশ্বকে মেনে নেবে, স্বাগত জানাবে, হবে এই বিশ্বেরই অংশ।’
এবার বুঝি কথা বলার জন্য একটু শক্তি পেল উইনস্টন। ‘আপনারা পারবেন না!’ ক্ষীণকণ্ঠে বলল সে।
‘এই কথা দিয়ে তুমি কী বোঝাতে চাইছ, উইনস্টন?’
‘যে বিশ্বের বর্ণনা এতক্ষণ ধরে দিলেন তেমন কোনো বিশ্ব আপনারা সৃষ্টি করতে পারবেন না। এটা নিছকই স্বপ্ন। এটা অসম্ভব।’
‘কেন?’
“ভয়, ঘৃণা আর হিংস্রতার কোনো সভ্যতা কস্মিনকালেও খুঁজে পাওয়া যাবে না, কখনোই এমন অবস্থা টিকেও থাকবে না।’
‘কেন নয়?’
‘কারণ এর কোনো বৈধতা থাকবে না। এসব কিছু ভেঙে চৌচির হয়ে যাবে। আত্মহত্যায়ই হবে এর অবসান।’
‘স্রেফ বোকা তুমি। তোমার মনে যে বোধ বাসা বেঁধে আছে তা বলছে ভালোবাসার চেয়ে ঘৃণা আগে ফুরিয়ে যাবে। কেন তা হবে? আর যদি তা হয়ও, কীই বা ফারাক তাতে? ধরে নাও আমরা দ্রুতই ফুরিয়ে গেলাম, আমরা ত্রিশেই বার্ধক্যে উপনীত হলাম। তাতেই কী আসে যায়? তুমি কি বুঝতে পারছ না, কোনো ব্যক্তির মৃত্যুতে এসবের মৃত্যু ঘটে না? পার্টি তো অবিনশ্বর।’
আগের মতো, এই কণ্ঠ উইনস্টনকে আবারও অসহায়ত্বের দিকে ঠেলে দিল। উপরন্তু একটা ভয়ও হতে লাগল যে যদি অস্বীকার করে ও’ব্রায়েন আবারও ডায়ালের হাতল টেনে দেবেন। তবে সে চুপও থাকতে পারল না। ক্ষীণ কণ্ঠে, যুক্তিহীনভাবে, ও’ব্রায়েনের কথায় সৃষ্ট ভয়টুকুও উপেক্ষা করে পাল্টা আঘাতেই ফিরল সে।
‘আমি জানি না- আমি পাত্তাও দেই না। যেভাবেই হোক পরাজয় আপনাদের হবেই। কিছু না কিছু এসে আপনাদের পরাস্ত করবে। জীবনের কাছেই আপনারা হবেন পরাজিত।’
‘আমরাই জীবনকে নিয়ন্ত্রণ করি, উইনস্টন, সর্বত্র, সবক্ষেত্রে। তুমি ভাবছ মানব চরিত্র বলে একটা কথা আছে, আর আজ আমরা যা করছি তা-ই এক সময় চরম নিষ্ঠুরতায় আমাদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে। কিন্তু সত্যি বলতে কি আমরাই মানব চরিত্র গঠন করি। মানুষ কিন্তু নিরন্তর নমনীয়। অথবা হতে পারে, তুমি তোমার সেই পুরনো ধারণায় ফিরে গেছ, প্রোলেতারিয়েতরা কিংবা ক্রীতদাসরা এক সময় জেগে উঠবে আর আমাদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে। এসব ভাবনা মন থেকে হটাও। ওরা অসহায়, স্রেফ পশুর মতো। পার্টিই হচ্ছে মানবতার অপর নাম। বাকি সব কিছু বাহ্যিক- অপ্রযোজ্য।’
‘তাতে আমার কিছু যায় আসে না। শেষমেশ ওরাই আপনাদের পরাজিত করবে। খুব শিগগিরই নয়তো আরও পরে, ওরা ধরে ফেলবে আপনাদের আসল চেহারা, আর অতঃপর ওরা আপনাদের বহুধা খণ্ডে ছিন্নভিন্ন করে দেবে।’
‘এমনটা যে ঘটতে যাচ্ছে তার কোনো প্রমাণ কি তুমি দেখতে পাচ্ছ? অথবা কোনো কারণ কি দেখাতে পার যা বলে দেয় এমনটা ঘটবে?’
‘না তা নেই। এটা আমার বিশ্বাস। আমি জানি আপনাদের পতন হবেই। এই ব্রহ্মাণ্ডে কিছু একটা আছে— আমি ঠিক জানি না, কোনো অশরীরী আত্মা, কোনো মূলমন্ত্র— যাকে আপনারা কখনোই জয় করতে পারবেন না।’
“তুমি কি ঈশ্বরে বিশ্বাস কর, উইনস্টন?’
‘না।’
‘তাহলে কি সেটা, কী সেই মূলমন্ত্র যা আমাদের পরাস্ত করবে?’
‘আমি জানি না। হতে পারে মানুষেরই আত্মা।
‘আর তুমি কি তোমাকে একজন মানুষ ভাব?’
‘হ্যাঁ।’
‘তুমি যদি মানুষ হও তাহলে তুমিই তাদের মধ্যে শেষ মানব সন্তান। তোমার মতোরা আজ বিলুপ্ত হয়ে গেছে; আমরা হচ্ছি তাদের উত্তরাধিকার। তাহলে এবার কি বুঝতে পারছ, তুমি স্রেফ একা। তুমি এখন ইতিহাসেরও অতীত, তুমি অস্তিত্বহীন।’ তার আচরণ পাল্টে গেল আর আরও কর্কশ স্বরে উচ্চারণ করলেন: ‘আর তুমি নিজেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ ভাব, আমাদের মিথ্যাচার আর নিষ্ঠুরতার বিচারেই তুমি তা ভেবে চলেছ?’
‘হ্যাঁ, আমি নিজেকে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করি।’
ও’ব্রায়েন কথা বলছেন না। অন্য দুটি কণ্ঠ তখন কথা বলছে। একটু পরে উইনস্টন চিনতে পারল দুটি কণ্ঠের একটি তার নিজের। এটি আসলে ও’ব্রায়েনের সঙ্গে তার ঘটে যাওয়া কথোপকথনের সাউন্ড ট্র্যাক। সেই রাতের, যে রাতে সে ব্রাদারহুডের সদস্য হয়েছিল। সে শুনতে পাচ্ছে মিথ্যাচার, চুরি, প্রতারণা, হত্যা, মাদকাসক্তি, পতিতাবৃত্তি, সংক্রমণ রোগ ছড়ানো, শিশুর মুখে দাহ্যবস্তু ছুড়ে মারার মতো সব কাজ করার অঙ্গীকার করে চলেছে। একটু অসহিষ্ণু অভিব্যক্তি ফুটে উঠল ও’ব্রায়েনের চেহারায়, যেন বলতে চাইছেন এই কথাগুলো শোনানোর কোনো মানে হয় না। এরপর একটি সুইচ বন্ধ করে দিলেন আর তাতে কথোপকথন থেমে গেল।
‘বিছানা থেকে ওঠো,’ বললেন তিনি।
বাঁধনগুলো আপনা-আপনি শিথিল হয়ে গেল। উইনস্টন নিজেকে মেঝের দিকে নামিয়ে নিল আর একটু কেঁপে কেঁপে উঠে দাঁড়াল।
তুমিই শেষ মানব সন্তান,’ বললেন ও’ব্রায়েন। ‘তুমিই মানব আত্মার অভিভাবক। এবার তুমি যেমন, নিজেকে ঠিক তেমনটাই দেখতে পাবে। কাপড়গুলো খুলে ফেল।’
আলখেল্লার ফিতার গিট্টুটা খুলে দিল উইনস্টন। জিপারটি অনেকদিন খোলা হয়নি। সেই আটক হওয়ার পর সব কাপড় একবারে আর খোলা হয়েছিল কিনা তার মনে পড়ে না। আলখেল্লার নিচে তার গায়ে নোংরা ঘিনঘিনে হলুদ রঙ ধরা শীর্ণ গেঞ্জি জাঙ্গিয়া, অন্তর্বাসের নামে ওগুলো চেনা যাবে এটুকুই মাত্র। কাপড়গুলো খুলে মেঝেতে ছুড়ে দেওয়ার পরই তার নজরে এল রুমের শেষ দিকের তিন-দিকওয়ালা আয়নাটি। ওটির দিকে একটু এগিয়েই থমকে দাঁড়াল সে। নিজের অজান্তেই ভেতর থেকে একটি চিৎকার বেরিয়ে এল।
‘এগিয়ে যাও,’ বললেন ও’ব্রায়েন। ‘আয়নার দুটি পাতের মাঝামাঝি দাঁড়াও। তাতে সাইডভিউটাও দেখতে পাবে।’
ভীষণ ভয় পেয়েই থামল সে। একটি ঝুঁকে পড়া ধূসর-রঙা কঙ্কালসার দেহ তার দিকে এগিয়ে আসছে। এতই ভয়ংকর যে সে ভাবতেও পারছে না ওটাই সে। আয়নার আরও কাছাকাছি এগিয়ে গেল। কুঁজো হয়ে পড়ার কারণে মনে হচ্ছে আয়নার ভেতরের জন্তুটির মুখটা যেন সামনের দিকে ঝুঁকে আছে। একটা দুঃখী, কারাভোগী চেহারায় এক সময়ের অভিজাত কপালটি যেন খুলির ভেতর ঢুকে পড়েছে। বেঁকে যাওয়া নাক, আর ভাঙা চোয়ালের উপরে চোখ দুটো বেশ ভয়ংকর আর তীক্ষ্ণ ঠেকছে। গাল চিমসে গেছে, মুখখানি চুপসে গেছে। নিশ্চয়ই ওটি তারই চেহারা, তবে মনে হচ্ছে ভেতরে ভেতরে নিজে যতটা পাল্টেছে তার চেয়ে একটু বেশিই পাল্টে গেছে চেহারাটি। ভেতরের যে অনুভূতি, আর চেহারায় তার যে প্রকাশ তাতে বেশ পার্থক্যই বোধ হচ্ছে। মাথায় কিছুটা টাক পড়ে গেছে। প্রথম মনে হলো গোটা শরীরটা কেমন ধূসর ধূসর লাগছে, এরপর মনে হলো ঠিক মাথার চামড়াটি ধূসর হয়ে এসেছে। এবার মনে হচ্ছে হাত আর মুখমণ্ডলটুকু ছাড়া তার সারা শরীরেই ময়লা বসে গিয়ে ধূসর রঙ নিয়েছে। জমে যাওয়া ময়লার নিচে এখানে ওখানে আঘাতের লালচে চিহ্ন, আর গোড়ালির কাছে সেই দগদগে ঘা আরও বিস্তৃত হয়ে চামড়া পুড়ে আগুনের রূপ নিয়েছে। তবে সত্যিকারের ভীতিকর হয়ে উঠেছে তার শরীরের দুর্বলতা। তার পাঁজরের হাড় ঠিক কঙ্কালের মতো মনে হচ্ছে, পা দুটো কুঁচকে-শুকিয়ে এমন হয়েছে যে তার হাঁটুর কাছটা এখন রানের দিকের চেয়ে মোটা। এবার তার নজরে এল ও’ব্রায়েন তার সাইড ভিউ বলতে আসলে কী বোঝাতে চেয়েছিলেন। মেরুদণ্ডটি বিস্ময়করভাবে বেঁকে গেছে। সরু কাঁধ দুটো সামনে ঝুঁকে যাওয়ায় বুকের দিকটা যেন গর্তে ঢুকে গেছে। হাড্ডিসার ঘাড়টি খুলির ভারেই যেন দ্বিগুণ ঝুঁকে পড়েছে। নিজেকে তার মনে হলো মারাত্মক রোগভোগে কাতর ষাটোর্ধ কোনো ব্যক্তি।
‘তুমি মাঝে মধ্যে ভাবতে,’ বললেন ও’ব্রায়েন, ‘আমার চেহারাটি— ইনার পার্টির একজন সদস্যের এই চেহারা বুড়িয়ে যাওয়া ভাঙাচোরা লাগে। এখন তুমি তোমার নিজের চেহারা নিয়ে কী ভাবছ?’
উইনস্টনের কাঁধটি চেপে ধরলেন তিনি আর তাকে ঘুরিয়ে নিলেন যাতে তারা মুখোমুখি হতে পারেন।
‘দেখো কোন দশায় এখন আছ তুমি,’ বললেন তিনি। ‘তোমার সারা শরীরের এই ঘিনঘিনে নোংরা ময়লাগুলো দেখো। বৃদ্ধাঙ্গুলের ফাঁকে জমে যাওয়া ময়লা দেখো। তোমার পায়ের দগদগে ঘা দেখো। তুমি কি জান তোমার গা থেকে এখন ছাগলের মতো গন্ধ বের হচ্ছে? সম্ভবত এসব আর তুমি দেখতে চাও না। তোমার শরীরের দুর্বলতা দেখো। দেখতে পাও? আমার বুড়ো আঙুল আর তর্জনি দিয়ে যতটুকু ফাঁকা বানানো যায় তোমার হাত তার ভেতর দিয়েই চলে যাবে। তোমার ঘাড়টাকে আমি ঠিক একটা গাজরের মতো টস করে ভেঙে ফেলতে পারি। তুমি কি জান আমাদের হাতে ধরা পড়ার পর তোমার ২৫ কেজি ওজন কমে গেছে? এমনকি তোমার চুলে হাত দিলে তা মুঠো ভরে উঠে আসবে। দেখো!’ উইনস্টনের মাথায় হাত দিয়ে এক গোছা চুল তুলে আনলেন তিনি। ‘তোমার মুখ খোলো, নয়, দশ, এগারোটা দাঁত অবশিষ্ট রয়েছে। আমাদের কাছে যখন এসেছিল তখন কয়টা ছিল? আর যে ক’টা এখনও টিকে আছে তাও টপাটপ পড়ে যাচ্ছে। এই দ্যাখো!’
উইনস্টনের বাকি থাকা সামনের দাঁত ক’টির একটি বৃদ্ধাঙুল আর তর্জনীর মাঝে চেপে ধরলেন তিনি। গোটা চোয়ালটা ব্যথায় টনটন করে উঠল উইনস্টনের। আর ও’ব্রায়েন তার দুই আঙুলের মাঝে চেপে ধরে গোড়াসমতে বের করে আনলেন একটি দাঁত। আর সেটি মেঝেতে টুপ করে ফেলে দিলেন।
‘তুমি পচে যাচ্ছ,’ বললেন তিনি; ‘তুমি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছ। তুমি কী? এক বস্তা ঘিনঘিনে নোংরার দলা। এবার ঘোরো আর ফের আয়নায় তাকাও। তুমি কি দেখতে পাচ্ছ কে তাকিয়ে তোমার দিকে? ওটাই শেষ মানুষটি। যদি তুমি মানব সন্তান হও, তাহলেও ওটাই মানবতা। এবার আবার কাপড় পরে নাও।’
খুব ধীরে হাত-পা চালিয়ে উইনস্টন কাপড় পরতে শুরু করল। তখনো পর্যন্ত তার জানা ছিল না কতটা দুর্বল সে হয়ে পড়েছে। কেবল একটা চিন্তাই তার মনে জুড়ে ঝড় তুলে যাচ্ছিল: তা হচ্ছে সে আসলে যতটা কল্পনা করতে পারছে তার চেয়েও বেশি সময় থেকে এখানে রয়েছে। আর ঠিক যখন আলখেল্লার ফিতাটি কোমরে বাঁধছিল তখনই হঠাৎ তার পচে যাওয়া শরীরটার জন্য একটা করুণাবোধ কাজ করতে শুরু করল। কী করতে যাচ্ছে তা বুঝে ওঠার আগেই সে বিছানার কাছে পাতা একটি টুলের ওপর বসে পড়ল আর হাউমাউ করে কেঁদে উঠল। তার কদাকার চেহারা, অশোভন শরীর আর নোংরা অন্তর্বাসের নিচে একগাদা হাড্ডি কর্কশ সাদা আলোর নিচে বসে গুমরে কাঁদছে; কিন্তু সে তা থামাতে পারছে না। ও’ব্রায়েন তার কাঁধের ওপর একটি হাত রাখলেন, অনেকটাই দয়ার সে হাত।
‘এমনটা সবসময় থাকবে না,’ বললেন তিনি। ‘তুমি চাইলেই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পার। সবকিছুই নির্ভর করছে স্রেফ তোমার নিজের ওপর।’
‘আপনিই এটা করেছেন!’ ফুঁপিয়ে উঠে বলল উইনস্টন। ‘আপনিই আমাকে শুকিয়ে ফেলে এই দশা করে দিয়েছেন।’
‘না, উইনস্টন, তুমি নিজেই নিজেকে এভাবে শুকিয়ে ফেলেছ। যখন তুমি নিজেকে পার্টির বিরুদ্ধে দাঁড় করালে তখনই তুমি এমন একটা পরিণতি মেনে নিয়েছিলে। এর সব কিছুই সেই প্রথম কাজটির মধ্যে নিহিত। এমন কিছুই ঘটেনি যা তুমি আগে ভেবে রাখনি।
একটু থামলেন তিনি, আর আবারও বলেই চললেন:
‘তুমি নিজেই তোমাকে মেরেছ, উইনস্টন। তুমিই তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছ। এখন তুমি যা দেখলে, ঠিক সেটাই তোমার শরীরের দশা। কিন্তু তোমার মন রয়ে গেছে একই অবস্থানে। আমি মনে করি না এখন আর গর্ব করার মতো অবশিষ্ট কিছু রয়েছে। তোমাকে লাত্থানো হয়েছে, চাবকানো হয়েছে, অপদস্থ করা হয়েছে, তুমি ব্যথায় চিৎকার করেছ, মেঝেতে নিজের রক্ত আর বমির মাঝে গড়াগড়ি খেয়েছ। তুমি গুমরে গুমরে কেঁদেছ আর ক্ষমাভিক্ষা চেয়েছ। আর এসবের মধ্য দিয়ে তুমি সবাইকে প্রতারণা করেছ, সবকিছুর সঙ্গে প্রতারণা করেছে। তুমি কি ভাবতেও পার এমন কোনো হীন আচরণ নেই যা তোমার সঙ্গে করা হয়নি?’
কান্না থামিয়েছে উইনস্টন। তবে অশ্রু তখনও অঝোর ধারায় নামছে তার দুচোখ বেয়ে। মাথা তুলে ও’ব্রায়েনের দিকে তাকাল সে।
‘আমি জুলিয়ার সঙ্গে প্রতারণা করিনি,’ বলল সে।
নিচে সোজা তার চোখে চোখ রেখে তাকালেন ও’ব্রায়েন। ‘না,’ বললেন তিনি; ‘না, সে তুমি নিতান্তই সত্য বলেছ। জুলিয়ার সঙ্গে কোনো প্রতারণা করো নি তুমি।’
ও’ব্রায়েনের প্রতি সেই গভীর শ্রদ্ধাবোধ, যা কোনো কিছুতেই নষ্ট হবে বলে মনে হয় না, আবারও তা উইনস্টনের হৃদয়খানিরে ভাসিয়ে দিল। কী জ্ঞানী, ভাবল সে, কী বুদ্ধিমান একটি মানুষ। ও’ব্রায়েনকে সে যখন যা কিছু বলতে চেয়েছে সেটাই তিনি বুঝে নিয়েছেন। এ পৃথিবীতে আর যে কেউ বলবে, জুলিয়াকে প্রতারণাই করেছে সে। এমন কী আছে, যা তারা নির্যাতনের মধ্য দিয়ে তার ভেতর থেকে বের করে আনেনি? মেয়েটির সম্পর্কে সে যা কিছু জানে তার সবটাই ওদের বলে দিয়েছে, তার অভ্যাস, তার চরিত্র, তার অতীত জীবন, তাদের প্রতিটি সাক্ষাতে যা কিছু ঘটেছে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলোও ওদের বলে দিয়েছে, সেই সব কথাও জানিয়ে দিয়েছে যা জুলিয়া তাকে বলেছে কিংবা সে বলেছে জুলিয়াকে, কালো-বাজারে তাদের খাবার খাওয়া, তাদের যৌনাচার, পার্টির বিরুদ্ধে তাদের সব গালিগালাজ— সবকিছু। আর এতকিছুর পরেও তার মন থেকে বেরিয়ে এসেছে সেই কথাটিই যে, সে জুলিয়াকে প্রতারণা করেনি। তার ভালোবাসা মরে যায়নি, জুলিয়ার প্রতি তার অনুভূতি সেই একই রকম রয়েছে। ব্যাখ্যাতীতভাবে সে যেই কথাটি বলেছে ঠিক সেটাই ধরতে পেরেছেন ও’ব্রায়েন।
‘আমাকে বলবেন,’ বলল সে, ‘কবে, কত দ্রুত ওরা আমাকে গুলিটা করবে?’
‘অনেক সময় লেগে যেতে পারে,’ বললেন ও’ব্রায়েন। ‘তোমার মামলাটা বেশ জটিল। তবে আশা ছেড়ো না। সবারই রোগ নিরাময় হয়, দ্রুত নয়তো একটু দেরিতে। যখন সব শেষ হয়ে যাবে তখনই আমরা তোমাকে গুলিটা করব।’
