ভালোবাসা মন্ত্রণালয় – ২

অধ্যায় ২

পিঠ বলছে যার ওপর শুয়ে আছে সেটি ক্যাম্প খাট গোছের কিছু হবে, মেঝে থেকে বেশ খানিকটা উঁচুতে, আর শরীরটাকে এমনভাবে আটকে রাখা হয়েছে যাতে সে নড়তেও না পারে। সাধারণের চেয়েও একটি শক্তিশালী আলো তার মুখমণ্ডলের ওপর। পাশে ও’ব্রায়েন দাঁড়িয়ে, গভীর মনোযোগে তাকিয়ে আছেন তার দিকে। অন্যপাশে সাদা কোট পরা একজন দাঁড়িয়ে, হাতে একটি ইনজেকশন সিরিঞ্জ।

চোখ খোলা থাকলেও আশেপাশের অবস্থাটা বুঝে উঠতে সময় লাগল। মনে হচ্ছিল কোনো এক ভিন্ন জগৎ থেকে সাঁতরে এই কক্ষে এসেছে সে, পানির তলদেশেরও অনেক গভীরের কোনো জগৎ থেকে। ওই গভীরতায় কতটা সময় তলিয়ে ছিল তার জানা নেই। গ্রেপ্তার হওয়ার পর এপর্যন্ত কোনো আঁধার সে দেখেনি, দেখেনি দিনের আলোও। তার স্মৃতিও সবকিছু ধারাবাহিক ধরে রাখতে পারছে না। কখনো কখনো চেতনা, ঘুমের মাঝেও যে চেতনাটুকু জাগরূক থাকে, মৃত্যুসম লোপ পেয়ে যায়, আবার জেগে ওঠে শূন্যতা ভরা বিরতিতে। তবে সেই বিরতি কয়েক দিনের, কয়েক সপ্তাহের নাকি কয়েকটি ক্ষণের তা বোঝার পথ নেই।

সেই যে, কনুইয়ে প্রথম আঘাত পড়ল তখন থেকেই দুঃস্বপ্নের শুরু। পরে সে অবশ্য বুঝতে পারে এই যা কিছু ঘটছে তা স্রেফ শুরু মাত্র, সব কয়েদীর ক্ষেত্রেই জিজ্ঞাসাবাদের এ এক সাধারণ প্রাথমিক প্রক্রিয়া। অপরাধের অন্ত নাই—ষড়যন্ত্র, নাশকতা আর এমন আরো অনেক—যা প্রত্যেককেই এক পর্যায়ে স্বীকার করে নিতে হবে। এই স্বীকারোক্তি স্রেফ এক আনুষ্ঠানিকতা, তবে নির্যাতন অবশ্যই এক বাস্তবতা। কতবার তাকে প্রহার করা হয়েছে, কতক্ষণ ধরে চলেছে সে প্রহার, সে মনে করতে পারে না। প্রতিবারই পাঁচ/ছয় জন কালো ষণ্ডামার্কা উর্দিধারী তাকে ঘিরে সক্রিয় হয়েছে। কখনো খালি হাতে কিল-ঘুষি, কখনো লাঠি কিংবা ইস্পাতের রড দিয়ে বেদম প্রহার, কখনো শক্ত বুটে কষে লাথি। মাঝে মাঝে সে কুঁকড়ে মেঝেতে পড়ে থেকেছে, পশুর মতো গড়াগড়ি খেয়েছে, আর শরীরকে এদিক ওদিক ঘুরিয়ে, পেঁচিয়ে একেকটি লাথি আর লাঠিপেটা থেকে নিজেকে রক্ষা করার অবিরাম, নিষ্ফল চেষ্টা চালিয়ে গেছে। আর তার ফল হিসেবে পেয়েছে আরো লাথি, পেট, পাঁজর, কনুই, জঙ্ঘা, কুঁচকি, অণ্ডকোষ, মেরুদণ্ডের মূল হাড়—কোনোটিই বাদ যায়নি। কখনো কখনো যখন এমনটা চলতে থাকত তখন তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর, বাজে আর অক্ষমার্য বলে মনে হতো একটি বিষয়কে, তা হচ্ছে—রক্ষীরা তাকে পেটাচ্ছে কিন্তু এরপরেও সে অচেতন হয়ে যাচ্ছে না, কিংবা নিজেকে অচেতন করে ফেলতেও পারছে না। কখনো কখনো মস্তিষ্কানুভূতি তাকে এতটাই ছেড়ে চলে যেত যে সে ক্ষমার জন্য চিৎকার করতে থাকত। এমনকি মারধর শুরুর আগেই চিৎকার জুড়ে দিত। একেকটি ঘুষির জন্য হাত পাকানো দেখেই তার মন বাস্তব আর কল্পিত সকল অপরাধের জন্য স্বীকারোক্তি দিতে প্রস্তুত হয়ে যেত। আবার অন্যকোনো সময় সে সাব্যস্ত করে ফেলত—কিছুই স্বীকার করবে না। কষ্ট আর বেদনার্ততার মাঝ থেকেও একটি শক্তি বেরিয়ে আসত। আবার অন্যসময়, যখন কিছুটা দুর্বলচিত্ত হয়ে পড়ত, তখন নিজেই নিজেকে বলত, ‘স্বীকারোক্তি দেব, তবে এখনই নয়। এই যন্ত্রণা যতক্ষণ না পুরোপুরি অসহনীয় হয়ে পড়ে ততক্ষণ আমাকে শক্তি ধরে রাখতে হবে। আরো তিনটি লাথি, আরো দুটি লাথি বসবে, তারপর আমি সেই কথা বলব যা ওরা শুনতে চায়। ’

কখনো কখনো ওরা পেটাতে পেটাতে তার চলৎশক্তিটুকুও কেড়ে নিত, আর আলুর বস্তার মতো তাকে কোনো একটি কয়েদখানার মেঝেতে ছুড়ে ফেলে যেত, যাতে অবসাদ কাটিয়ে উঠতে পারে এরপর আবারও বের করে এনে আর আবারও পূর্ণোদ্যমে প্রহার শুরু করতে পারে। মাঝে মাঝে সময়টা একটু বেশিই পাওয়া যেত। তবে সেসময়ের কথা অতি অল্পই মনে পড়ে কারণ সে সময়টুকু ঘুমে কিংবা সংজ্ঞাহীনতায় কেটেছে তার। একটি কয়েদখানার কথা মনে পড়ে সেখানে ছিল তক্তার বিছানা, দেয়ালে ঝুলে থাকা তাকিয়া, টিনের বেসিন। খাবার হিসেবে পেত গরম স্যুপ, রুটি, কখনো কখনো কফিও মিলত। তার মনে আছে খিটমিটে মেজাজের এক নাপিত আসত দাঁড়ি কামিয়ে দিতে আর চুল কাটতে, আর কারবারিদের মতো দেখতে, অসহমর্মী সাদা কোটধারী লোকগুলো আসত কখনো নাড়ি দেখতে, তার ইচ্ছানিরপেক্ষ প্রতিক্রিয়াগুলো যাচাই করতে, চোখের পাতা উল্টে, কর্কশ আঙুলগুলো দিয়ে ভাঙা হাড়গুলোর ওপর নির্মমভাবে ঘষাঘষি করে তারা দেখত আর পেশিতে সুঁই ফুটিতে তাকে ঘুম পাড়িয়ে রাখত।

প্রহারের পৌনপৌনিকতা আর মাত্রা এক পর্যায়ে কমে আসে, কিন্তু সেটাই তখন হয়ে ওঠে আতঙ্কের আরেক নাম—এই বুঝি ফের শুরু হবে। কোনো একটি উত্তর মনঃপুত না হলেই প্রহারের ব্যবস্থা। এখন আর কালো উর্দিধারী ষণ্ডারা নয়, প্রশ্ন করছেন পার্টির বোদ্ধারা। নাদুসনুদুস চেহারার লোকগুলো দ্রুত হাত-পা নাড়িয়ে আর চশমায় ঝিলিক তুলে দীর্ঘ সময় ধরে প্রশ্নবান চালিয়ে যান। নিশ্চিত নয়, তবে তার ধারণা, একেক দফায় দশ-বারো ঘণ্টা ধরে চলে একেকটি জিজ্ঞাসাবাদ। এই প্রশ্নকারীরা তাকে নির্যাতনে জর্জরিত দেখেছেন কিন্তু তাতেও হয়ত তাদের মন যেন ভরে না। সে কারণেই তারা মুখে চাপড়ে, কান মলে, চুল টেনে, এক পায়ে খাড়া করিয়ে রেখে, প্রশ্রাবের বেগ চাপলেও আটকে রেখে, চোখ থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত কড়া তীর্যক আলো ফেলে কষ্ট দিয়েছেন।

এসবের একটাই উদ্দেশ্য ছিল—তাকে অপদস্থ করা আর যুক্তি তর্ক চালানোর শক্তি কিংবা যৌক্তিকতার বোধ ধ্বংস করে দেওয়া। মূল অস্ত্রই ছিল নির্মম সব প্রশ্নবাণ, আর একের পর এক, ঘণ্টার পর ঘণ্টা সেই বাণ হেনে চলতেন তারা। থমকে দিয়ে, কথার ফাঁদ পেতে, বক্তব্য বিকৃত করে, পদে পদে মিথ্যাচারের দোষ দিয়ে, স্ববিরোধিতার ধুয়ো তুলে এই চেষ্টা চালিয়ে যান তারা, যতক্ষণ না স্নায়ু দৌর্বল্য কিংবা লজ্জায় ফুপিয়ে কেঁদে দিত—ততক্ষণ। কখনো একদফায় অন্তত আধা ডজনবার তাকে কাঁদতে হয়েছে। প্রতিবারই তারা চিৎকার করে ভর্ৎসনা করেছেন কিংবা উত্তর দিতে সামান্য ইতস্তত করলেই হুমকি-ধমকি দিয়েছেন, ফের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেবেন এটাই ছিল হুমকি। আবার কখনো তাদের সুরটা পাল্টেও গেছে—তাকে কমরেড সম্বোধন করেছেন, ইংসক আর বিগ ব্রাদারের দোহাই দিয়ে অনুনয় বিনয় করে, দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানতে চেয়েছেন পার্টির প্রতি তার আর এতটুকু আনুগত্যও কি নেই?

যে অপরাধ সে করেছে তা আর করবে না সে প্রত্যাশাও ব্যক্ত করেছেন। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদে স্নায়ুতে যখন জ্বালা ধরে যেত, তখন এইসব অনুনয় বিনয়েও তার কান্না পেত। এইসব আদুরে গলা তার ভেতরটা যতখানি ভাঙচুর করে দিত, নিরাপত্তারক্ষীদের বুটের লাথি আর ওজনদার ঘুষিগুলোও ততখানি কাবু করতে পারত না। ততক্ষণে সে স্রেফ একটি মুখ ছাড়া আর কিছু নয় যা শব্দ করে, একটি হাত ছাড়া কিছু নয় যা ইশারা করে। তার কাছে যেমনটি চাওয়া হয় সেই শব্দ কিংবা সেই ইশারাটি করে যাওয়াই তার কাজ। তার একটাই উদ্বেগ আর চাওয়া, তা হচ্ছে—সে বুঝতে চায় আসলে ওরা কী জানতে চায়, কোন স্বীকারোক্তিটি পেতে চায় তার কাছে। আর যখনই বুঝতে পারে তখনই, নতুন করে অপদস্থ হওয়ার আগেই দ্রুত স্বীকারোক্তি দিয়ে দেয়।

এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যা করার স্বীকারোক্তি সে দিয়েছে, রাষ্ট্রদ্রোহী প্যাম্ফেলেট বিলি, সরকারি তহবিল তসরুপ, সামরিক গোপন তথ্য বিক্রি আর সব ধরনের নাশকতা চালিয়েছে বলেও স্বীকার করে নিয়েছে। সে আরো স্বীকার করেছে ইস্টেশীয় সরকারের বেতনভোগী চর ছিল সেই ১৯৬৮ সাল থেকে। স্বীকার করেছে, সে ছিল এক ধর্মবিশ্বাসী, পুঁজিবাদের সমর্থক আর বিকৃত যৌনাচারী। সে স্বীকার করেছে সে ছিল তার স্ত্রীর হন্তারক, যদিও সে জানে এবং প্রশ্নকর্তারাও অবশ্যই জানবেন তার স্ত্রী এখনো জীবিত। স্বীকারোক্তিতে সে আরো জানিয়েছে, গোল্ডস্টেইনের সঙ্গে বছরের পর বছর ধরে তার ব্যক্তিগত যোগাযোগ, গোপন সংগঠনেরও সে একজন সক্রিয় সদস্য আর এর সবাইকেই সে চেনে। সব কিছু স্বীকার করে নেওয়া আর সবাইকে জড়িয়ে ফেলাই ছিল অপেক্ষাকৃত সহজ। তবে, এক অর্থে এর সবকিছুই তো সত্য। এত সত্যি যে, মনে মনে সে ছিল পার্টি বিরোধী, আর পার্টির চোখে কোনো কিছু মনে ভাবা আর কাজে করার মধ্যে কোনো ফারাক নেই।

অন্য ধরনের কিছু স্মৃতিও রয়েছে। সেগুলো যেন তার মন থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে, ঠিক যেভাবে অন্ধকারে ঘিরে ঝুলে থাকে কিছু ছবি।

একটি কয়েদখানায় তাকে রাখা হয়েছিল সেখানে আলো ছিল, আবার অন্ধকারাচ্ছন্নও হয়ে থাকতে পারে, কারণ সেখানে একজোড়া চোখ ছাড়া আর কিছুই সে দেখতে পেত না। হাতের কাছে কিছু একটা যন্ত্র অবিরাম ধীর লয়ে টিক টিক শব্দ করে চলত। চোখ দুটো ক্রমেই বড় আর ভয়ঙ্কর হয়ে উঠত। হঠাৎই বিছানা ছেড়ে ভেসে উঠত তার গোটা শরীর, আস্তে আস্তে চোখ দুটির ভেতরে ঢুকে পড়ত, আর মনে হতো ওগুলো যেন তাকে গিলে খাচ্ছে।

কর্কশ আলোর নিচে ডায়াল ঘেরা একটি চেয়ারে তাকে বেঁধে রাখা হয়েছিল। সাদা কোট পরা একজন সারাক্ষণ সেইসব ডায়াল থেকে রিডিং নিতেন। বাইরে ভারী বুটের টানা শব্দ। ক্যাচ-ক্যাচ শব্দ তুলে দরজা খুলে গেল। মোমমুখো অফিসার ভেতরে ঢুকলেন, পেছনে পেছনে ষণ্ডামার্কা দুই রক্ষী।
‘রুম ১০১’—বললেন অফিসারটি।
সাদা কোটধারী কিন্তু ঘুরলেন না, উইনস্টনের দিকে ফিরেও তাকালেন না, তখনও তার চোখ ডায়াল গুলোতেই স্থির।

একটি বিশাল বারান্দাপথ ধরে তাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এক কিলোমিটার প্রশস্ত সেই পথ জ্বলজ্বলে সোনালি আলোয় ঝলমল, চারিদিক থেকে হাসি-ঠাট্টার গর্জন ভেসে আসছে। আর ভেসে আসছে উচ্চস্বরের সব স্বীকারোক্তি। সব কিছুই স্বীকার করে নিচ্ছিল সে। এতদিনে শত নির্যাতনের পরও যা কিছু নিজের মধ্যে ধরে রাখতে পেরেছিল তাও এবার গড়গড় করে বলে দিল। নিজের জীবনের গোটা ইতিহাস সে তাদের সামনেই আবার তুলে ধরছিল যা তারা আগে থেকেই জানে। তার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা, প্রশ্নকর্তারা, সাদা কোটধারীরা, ও’ব্রায়েন, জুলিয়া, মি. চ্যারিংটন সবাই একই করিডোরে অট্টহাস্যে চিৎকার করে করে ঘুরপাক খাচ্ছে। কিছু কিছু বিষয় কখনো কখনো ভবিষ্যতের জন্য তুলে রাখা হতো, কিন্তু পরে তা কী করে যেন ভুলে এড়িয়ে চলে যেত, ফলে আর কখনোই ঘটত না। এক পর্যায়ে সবকিছুই যেন ঠিকঠাক হয়ে যায়, আর কষ্ট-বেদনা নেই, তার তখন শুধুই খালি পড়ে পড়ে থাকা, জেনে যাওয়া, ক্ষমা করে দেওয়া এক জীবন।

শক্ত তক্তার বিছানায় একটু নড়ে উঠল সে, অনেকটা আধা নিশ্চয়তায় মনে হলো, ও’ব্রায়েনের কণ্ঠই শুনতে পেয়েছে। পুরো জিজ্ঞাসাবাদে সে ও’ব্রায়েনকে আর একবারও দেখেনি, তবে তার মন বলত ও’ব্রায়েন ঠিক তার কনুইয়ের কাছে দাঁড়িয়ে, তবে দেখা যাচ্ছে না। ও’ব্রায়েনের নির্দেশেই সবকিছু হচ্ছে। এ যেন তিনিই, যিনি উইনস্টনের জন্য রক্ষীদের নিয়োজিত করছেন, তিনিই ওদের হাতে তার মৃত্যু ঠেকিয়েছেন। এ যেন তিনিই যিনি সিদ্ধান্ত নিচ্ছেন উইনস্টন কখন ব্যথায় কাতরাবে, কখন শ্বাস নেবে, কখন তাকে খাবার দেওয়া হবে, কখন ঘুমাবে, কখন তার বাহুতে ওষুধ ঢোকানো হবে। এ যেন তিনিই যিনি প্রশ্নগুলো করছেন আর উত্তর কী হবে তাও জানিয়ে দিচ্ছেন। তিনিই যন্ত্রণাদানকারী, তিনিই রক্ষাকারী, তিনিই অনুসন্ধানদাতা, আবার তিনিই বন্ধু। হঠাৎই—উইনস্টন মনে করতে পারে না ওষুধের প্রভাবে, ঘুমের ঘোরে, নাকি সে স্বাভাবিক ঘুমের মাঝে, নাকি পুরোপুরি সজাগ অবস্থাতেই—তার কানে বিড়বিড় করে একটি কণ্ঠ ধ্বনিত হলো: ‘ভয় নেই উইনস্টন, তুমি আমার জিম্মায় আছো। সাতটি বছর আমি তোমার ওপর নজর রেখেছি। এখন ক্রান্তিকাল এসে গেছে। আমিই তোমাকে রক্ষা করব, আমিই তোমাকে সঠিক পথে নিয়ে যাব। ’

সে নিশ্চিত না, কণ্ঠটি ও’ব্রায়েনেরই ছিল কিনা। কিন্তু এটি ছিল সেই একই কণ্ঠ যা তাকে সাত বছর আগে স্বপ্নের মাঝে বলেছিল, ‘আমাদের দেখা হবে কোনো একখানে, যেখানে কোনো অন্ধকার থাকবে না। ’

এই জিজ্ঞাসাবাদ কোথায় শেষ হয়েছিল সে মনে করতে পারে না। একটি অন্ধকারাচ্ছন্ন সময় ছিল, এরপর তাকে নেওয়া হয় আরেকটি কারা প্রকোষ্ঠ কিংবা কামরায়, যেখানটাতেই সে এখন আছে; আর ধীরে ধীরে তার চারিপাশের বাস্তবতা বুঝে উঠতে শুরু করেছে। স্রেফ চিৎ হয়েই পড়ে আছে সে, একটু নড়ার ক্ষমতা নেই। শরীরের প্রতিটি প্রয়োজনীয় অংশেই তাকে বেঁধে আটকে রাখা হয়েছে। আর মাথার পেছনটা একভাবে স্থির করে রাখা। ও’ব্রায়েন তার দিকে গভীর কিন্তু দুঃখময় চাহনিতে তাকিয়ে। নিচ থেকে তার মুখখানা দেখা যাচ্ছে, বেশ মোটা, বদখত, চোখের নিচে দাগ, নাকে, চোয়ালে ক্লান্তির ছাপ। ওর বয়স উইনস্টনের চেয়ে বেশিই, ভাবল সে, হতে পারে আটচল্লিশ কিংবা পঞ্চাশ। তার হাতের নিচে একটি ডায়াল যার ওপরে একটি হাতল আর ডায়ালের ভেতরে কতগুলো সংখ্যা মুখের ওপর ঘুরপাক খাচ্ছে।

‘আমি তোমাকে বলেছিলাম’—বললেন ও’ব্রায়েন, ‘ফের যদি আমাদের দেখা হয় তা হবে এখানেই। ’
‘জ্বি’—বলল উইনস্টন।

ও’ব্রায়েনের হাতটি সামান্য নড়ল আর কিছুই নয়, কিন্তু তাতেই একটি ব্যথার ধমক তার গোটা শরীরের ভেতর বয়ে গেল। ভয়াবহ সেই ব্যথা। এতটাই যে তাতে কী ঘটছে তাও সে দেখতেও পারছে না, তবে তার মনে হলো এক মরণআঘাত হানা হয়েছে তার ওপর। সে বুঝতে পারছে না কোনো কিছু আদতেই ঘটল কিনা, নাকি বৈদ্যুতিক পদ্ধতিতে কিছু সৃষ্টি করা হলো। তবে তার শরীরখানা নিজের কাঠামো ভেঙ্গে মুচড়ে যাচ্ছে, শরীরের জোড়াগুলো ভেঙ্গে ভেঙ্গে আলাদা হয়ে যাচ্ছে। যদিও ব্যথায় তার কপালে ঘাম জমেছে, তবে সবচেয়ে ভয়ের হয়ে উঠেছে যে, তার মনে হচ্ছিল মেরুদণ্ডটি খান খান হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে নাসিকা রন্ধ্র দিয়ে ভারী শ্বাস নিতে শুরু করল সে, আর নীরবে ব্যথা সহ্য করে যাওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা চালাতে থাকল।

‘তোমার ভয় হচ্ছে’—ঠিক মুখের দিকে চোখ রেখে বললেন ও’ব্রায়েন, ‘অল্পক্ষণেই কিছু একটা ভাঙচুর হয়ে যাবে। তোমার বিশেষ ভয় তোমার মেরুদণ্ড নিয়ে। তোমার মনের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে তোমার শিরদাঁড়া ভেঙ্গে ভেঙ্গে আলাদা হয়ে যাচ্ছে, মেরুদণ্ডের মজ্জাগুলো ফোঁটায় ফোঁটায় গলে পড়ছে। এসবই তো তুমি ভাবছো, নয় কি, উইনস্টন?’

সে কোনো উত্তর করল না। ডায়ালের হাতলটি ফের টেনে পেছনে নিলেন ও’ব্রায়েন। যেমন হঠাৎ করে এসেছিল ব্যথার ধমক তেমনই হঠাৎ করেই তা থেমে গেল।

‘ওটা ছিল চল্লিশ’—বললেন ও’ব্রায়েন। ‘তুমি দেখতে পাচ্ছো এই ডায়ালের নম্বরের ঘর একশ’ পর্যন্ত। তুমি কি দয়া করে একটু স্মরণ করবে, আমাদের যে কথা হয়েছিল তার মধ্য থেকে, আমি বলেছিলাম, আমি তোমার ওপর ব্যথা আরোপ করতে পারি যেকোন সময়, আমার মনের মতো যেকোন মাত্রায়? তুমি যদি মিথ্যা বলো, কিংবা সত্য বলা থেকে বিরত থাকার চেষ্টা করো, কিংবা তোমার স্বাভাবিক বুদ্ধিমত্তার নিচে থাকার চেষ্টা করো, তাৎক্ষণিকভাবে তোমাকে ব্যথায় কাঁদতে হবে। বুঝতে পেরেছো?’

‘হ্যাঁ পেরেছি’—বলল উইনস্টন।

ও’ব্রায়েনের আচরণ কিছুটা কম ভয়ঙ্কর হতে শুরু করল। চিন্তিত ভঙ্গিমায় চশমা জোড়া নেড়েচেড়ে বসালেন, আর বারেক কিংবা বার দুয়েক উপর-নিচে, এদিক-ওদিক চোখ ঘোরালেন। যখন কথা বলছিলেন তার কণ্ঠস্বর ছিল নম্র ও শান্ত। মনে হচ্ছিল একজন চিকিৎসক, শিক্ষক, এমনকি ধর্মযাজকের মতো, যিনি আসলে শাস্তি দেওয়ার চেয়ে শিক্ষা দিতে কিংবা বোঝাতেই বেশি করে চান।

‘তোমার জন্য আমাকে ম্যালাই ঝামেলা পোহাতে হচ্ছে, উইনস্টন’—বললেন তিনি, ‘কারণ তুমি ঝামেলা পাকাচ্ছো। তুমি ভালো করেই জানো, তোমার বিষয়টা ঠিক কী। অনেক বছর ধরেই তা জেনে আসছো, তুমি তোমার জ্ঞানের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছো। মানসিকভাবে তুমি বিক্ষিপ্ত। তুমি স্মৃতিশক্তির বিঘ্নে ভুগছো। তুমি সঠিক ঘটনা মনে করতে সক্ষম নও অথচ নিজেকেই নিজে প্রভাবিত করো সেইসব ঘটনা স্মরণ করে যা আদৌ ঘটেনি। তোমার সৌভাগ্য যে, এই রোগ নিরাময়যোগ্য। তবে তুমি নিজে কখনোই এর উপশম করাওনি, কারণ তুমি চাওনি। একটি সামান্যতম চেষ্টাও তুমি চালাতে প্রস্তুত ছিলে না। এমনকি এখনো, আমি ভালো করেই জানি, তুমি তোমার এই রোগেই অনুরক্ত হয়ে আছো এই ভেবে যে এতেই উৎকর্ষ। আসো উদাহরণস্বরূপ একটা পরীক্ষা হয়ে যাক, বলো তো  ঠিক এখন, ওশেনিয়া কোন শক্তির বিরুদ্ধে যুদ্ধরত?’

‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন ওশেনিয়া ইস্টেশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল। ’
‘ইস্টেশিয়ার সঙ্গে। বেশ। তাহলে এবার বলো ওশেনিয়ার যুদ্ধ বরাবরই ইস্টেশিয়ার বিরুদ্ধে, নয় কি?’
লম্বা শ্বাস নিল উইনস্টন। কিছু বলবে বলে একবার মুখ খুলল কিন্তু বলল না। ডায়াল থেকে চোখও সরিয়ে নিতে পারছিল না।
‘সত্য বলো উইনস্টন। তোমার সত্যটি বলো। আমাকে তাই বলো যা কিছু তুমি ভাবছো, যা কিছু স্মরণ করতে পারছো। ’
‘আমার মনে আছে, আমি গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ আগে আমরা আদৌ ইস্টেশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম না। ওদের সঙ্গে ছিল আমাদের মিত্রতা। যুদ্ধ ছিল ইউরেশিয়ার বিরুদ্ধে। তাও চলে আসছিল চার বছর ধরে। তার আগে—’
হাতের সামান্য ইশারায় ও’ব্রায়েন থামালেন তাকে।
‘আরেকটি উদাহরণ নেব’—বললেন তিনি। ‘বছর কয়েক আগে তোমার বড় ধরনের একটি মতিভ্রম ঘটে। তোমার বিশ্বাস ছিল, তিনটি লোক, জোন্স, অ্যারনসন, রাদারফোর্ড নামে এক সময়ের তিন পার্টি সদস্য—যারা পুরোপুরি স্বীকারোক্তি দিয়ে ষড়যন্ত্র আর নাশকতার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তারা কোনোভাবেই ওই অপরাধে অপরাধী ছিলেন না। তোমার বিশ্বাস তুমি এমন নির্ভুল প্রমাণ দেখেছো যা নিশ্চিত করে যে ওদের স্বীকারোক্তি ছিল মিথ্যা। একটি বিশেষ ছবি ছিল যা দেখেই তোমার ওই বিভ্রম সৃষ্টি হয়। তোমার বিশ্বাস সত্যিই তুমি সেই প্রমাণ তোমার হাতে পেয়েছিলে। সেটি একটি ছবি বা তেমনই কিছু একটা ছিল।

ও’ব্রায়েনের আঙুলের ফাঁকে ততক্ষণে একটি সংবাদপত্রের ছেঁড়া অংশ। সম্ভবত উইনস্টনের দৃষ্টিসীমার মধ্যে পাঁচ সেকেন্ডের মতো সেটি ধরা ছিল। এটি একটি ছবি, আর সেটি কিসের সে নিয়ে প্রশ্নেরই কোনো অবকাশ নেই। এ তো সেই ছবিটিই। জোন্স, অ্যারনসন ও রাদারফোর্ডের নিউইয়র্কের পার্টি অনুষ্ঠানের আরেকটি কপি, যা তার হাতেও পড়েছিল আর তাৎক্ষণিকভাবে স্মৃতিগহ্বরে ফেলে ধ্বংসও করে দিয়েছিল। চোখের সামনে মাত্র একবার দেখা গেল আর দ্রুতই তা দৃষ্টি থেকে সরে গেল। কিন্তু সে এটি দেখেছে, প্রশ্নাতীতভাবেই সে ওটা দেখেছে! শরীরের উপরের অংশটা সামান্য একটু নাড়ানোর ব্যথার্ত চেষ্টাই সে করল। কিন্তু কোনো একদিকেও এক সেন্টিমিটার পর্যন্ত নড়া সম্ভব ছিল না। এইক্ষণে ডায়ালটির কথাও ভুলে গেল সে। তার মনজুড়ে তখন একটাই ইচ্ছা, ওই ছবিটিকে আরো একবার যদি আঙুলের ফাঁকে পেয়ে যায়, নয়ত অন্তত একবার সেটি দেখতে পায়।
‘ওটি এখনো আছে!’—বিস্ময়ের প্রকাশ তার মুখে।
‘না, নেই’—বললেন ও’ব্রায়েন।

এবার কামরার ওদিকটায় হেঁটে গেলেন। উল্টোদিকের দেয়াল ঘেঁষে একটি স্মৃতি গহ্বর। ও’ব্রায়েন আস্তে করে ওপরের লোহার ঢাকনাটি তুললেন। আর দেখা না গেলেও ঠিক বুঝে নেওয়া যায়, কাগজের টুকরোটি ততক্ষণে তপ্তবায়ুর স্রোতে পড়ে খাবি খাচ্ছে আর আগুনের লেলিহান শিখায় তা ছারখার হয়ে যাচ্ছে। দেয়াল থেকে মুখ ঘোরালেন ও’ব্রায়েন।
‘স্রেফ ভস্ম’—বললেন তিনি। যে ভস্ম আর চিহ্নিত করারও নয়। এর কোনো অস্তিত্ব নেই, ছিল না কোনোকালেই। ’
‘কিন্তু এর অস্তিত্ব ছিল! অস্তিত্ব আছে! স্মৃতিতেই টিকে আছে এর অস্তিত্ব। আমার ঠিক স্মরণ আছে। আপনারও স্মরণে আছে। ’
‘কই আমার তো স্মরণে নেই’—বললেন ও’ব্রায়েন।
‘উইনস্টনের হৃদয়খানি অতল গহ্বরে তলিয়ে গেল। ওটাই দ্বৈতচিন্তা। ভীষণরকম অসহায়বোধ হতে লাগল তার। যদি নিশ্চিত হতে পারত ও’ব্রায়েন মিথ্যা বলছেন তাহলে সমস্যা ছিল না। কিন্তু এটাও সত্যিই সম্ভব, ও’ব্রায়েন ঠিকই ছবিটির কথা ভুলে গেছেন। আর তা যদি হয়, তাহলে তো এইমাত্র তিনি বিষয়টি মনে থাকার কথা যে অস্বীকার করলেন তাও ভুলে যাবেন, আর এই ভুলে যাওয়ার বিষয়টিও ভুলে যাবেন। কে কিভাবে নিশ্চিত হবে এসবই কূট-কৌশল? হতে পারে মনের এই মতিভ্রম সত্যিই ঘটে; আর এসব ভাবতে ভাবতে নিজেকে তার পর্যুদস্ত মনে হচ্ছিল।

ঠিক ওর দিকেই তাকিয়ে ও’ব্রায়েন, চাহনিতে কিছু একটা বোঝার চেষ্টা স্পষ্ট। পণ্ডিত মশাই ভাবটা অতীতের যেকোন সময়ের চেয়ে এখন বেশি বলেই মনে হলো তার। স্কুলে বেয়াড়া কিন্তু মেধাবী শিশু ছাত্রটির প্রতি শিক্ষক যেভাবে তাকান তেমনই।

‘অতীতের ওপর নিয়ন্ত্রণ আনতে পার্টির একটা স্লোগান আছে’—বললেন তিনি। ‘দয়া করে আরেকবার বলবে। ’
‘অতীত যার নিয়ন্ত্রণে, ভবিষ্যতেরও নিয়ন্ত্রক তিনি: বর্তমান যার নিয়ন্ত্রণে, অতীতেরও নিয়ন্ত্রক তিনি’—বাধ্য ছেলের মতো আওড়ে গেল উইনস্টন।
‘বর্তমান যার নিয়ন্ত্রণে অতীতেরও নিয়ন্ত্রক তিনি’—মৃদু মাথা নেড়ে সম্মতি জানালেন ও’ব্রায়েন। ‘এটা তোমার মত, উইনস্টন, তুমি বলতে চাও অতীতের সত্যিই অস্তিত্ব রয়েছে?’

একটি শৃঙ্খলাবদ্ধ মনই কেবল বাস্তবতা দেখতে পায়, উইনস্টন। তুমি মনে করো বাস্তবতা বস্তুগত, বাহ্যিক, আর তার নিজের অধিকারে অস্তিত্ব পায়। তোমার এও বিশ্বাস বাস্তবতা স্ব-প্রমাণে ভাস্বর। যখন তুমি কোনো কিছু দেখতে পাচ্ছো বলে নিজেকে কোনো ভাবনায় মগ্ন করো, তখন তুমি ধরে নাও তুমি যেমনটা দেখছো, অন্যরাও তাই দেখতে পাচ্ছে। কিন্তু আমি তোমাকে বলছি, উইনস্টন, বাস্তবতা বাহ্যিক কিছু নয়। বাস্তবতা মানুষের মনের মাঝে থাকে, আর কোথাও নয়।

আবারও একটা অসহায়বোধ উইনস্টনকে পেয়ে বসল। তার চোখ ডায়ালে স্থির হয়ে আছে। ব্যথা থেকে পরিত্রাণ পেতে ‘হ্যাঁ’ কিংবা ‘না’র কোনটা হবে উত্তর, সেটা কেবল জানে না তাই নয়, সে এও জানে না, এর মধ্যে কোন উত্তরটি সঠিক বলে সে নিজে বিশ্বাস করে।

ও’ব্রায়েনের মুখে মৃদু হাসি। ‘তুমি অধিবিদ্যায় বিদ্বান নও, উইনস্টন’—বললেন তিনি। ‘এই মুহূর্ত অবধি অস্তিত্ব বলতে কী বোঝায় তা নিয়ে তুমি কখনোই ভাবোনি। আমি বিষয়টি আরো সূক্ষ্মভাবে তুলে ধরছি। অতীত কি সুনির্দিষ্টভাবে টিকে থাকে, মহাকাশে? অন্য কোথাও কিংবা আর কোনোখানে, এই পদার্থের বিশ্বে, যেখানে অতীত এখনও ঘটে চলেছে?’
‘না। ’
‘তাহলে কোথায় অতীতের অস্তিত্ব, যদি আদৌ তা থেকে থাকে?’
‘নথিতে। লিখিতভাবে। ’
‘নথিতে। আর—?’
‘মনে। মানুষের স্মৃতিতে। ’
‘স্মৃতিতে। খুব ভালো, তাহলে। আমরা, এই পার্টি, সব নথিই নিয়ন্ত্রণ করি, এবং আমরা সকল স্মৃতিও নিয়ন্ত্রণ করি। তাহলে আমরা অতীতকেও নিয়ন্ত্রণ করি, নয় কী?’
‘কিন্তু কোন পথে আপনারা মানুষকে অতীত মনে করা থেকে বিরত রাখতে পারবেন?’—ডায়ালের কথা এক মুহূর্তের জন্য বিস্মৃত হয়ে বেশ জোর কণ্ঠেই বলল উইনস্টন। ‘এটা স্বেচ্ছাকর্ম, নিজস্বতারও বাইরে। আপনি কী করে স্মৃতিকে নিয়ন্ত্রণ করবেন? আপনি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারেননি!’

ও’ব্রায়েনের চেহারা ফের কঠোর হয়ে উঠল। হাতটি ডায়ালের ওপর রাখলেন তিনি।

‘পক্ষান্তরে’—বললেন তিনি, ‘তুমিই আসলে নিয়ন্ত্রণে আসোনি। আর ঠিক সে কারণেই আজ তোমাকে এখানে ধরে আনা হয়েছে। তুমি এখানে, কারণ তুমি বিনয়ী হতে পারোনি, তুমি নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারোনি। তোমার ন্যায়পরায়ণতার মূল্য যে আত্মসমর্পণে তা তুমি করোনি। বরং তুমি পাগলাটে হয়ে থাকতে চেয়েছো, সংখ্যালঘিষ্ঠ হতে চেয়েছো। একটি শৃঙ্খলাবদ্ধ মনই কেবল বাস্তবতা দেখতে পায়, উইনস্টন। তুমি মনে করো বাস্তবতা বস্তুগত, বাহ্যিক, আর তার নিজের অধিকারে অস্তিত্ব পায়। তোমার এও বিশ্বাস বাস্তবতা স্ব-প্রমাণে ভাস্বর। যখন তুমি কোনো কিছু দেখতে পাচ্ছো বলে নিজেকে কোনো ভাবনায় মগ্ন করো, তখন তুমি ধরে নাও তুমি যেমনটা দেখছো, অন্যরাও তাই দেখতে পাচ্ছে। কিন্তু আমি তোমাকে বলছি, উইনস্টন, বাস্তবতা বাহ্যিক কিছু নয়। বাস্তবতা মানুষের মনের মাঝে থাকে, আর কোথাও নয়। কোনো ব্যক্তির মনে নয়, যে মন ভুল করতে পারে, কিন্তু যে কোনো পথে শিগগিরই ধ্বংস হয়ে যেতে পারে: একমাত্র পার্টির মনেই বাস্তবতার স্থান, যে পার্টি সমন্বিত ও অবিনশ্বর। পার্টি যাকে সত্য বলে ধরে নেবে, সেটাই সত্য। পার্টির চোখ দিয়ে না দেখলে বাস্তবতা দেখা অসম্ভব। এটা সেই সত্য যা তুমি এখন শিখতে যাচ্ছো, উইনস্টন। এর জন্য তোমার আত্মবিনাশ দরকার, ইচ্ছাশক্তি দরকার। তোমার বুদ্ধি আসবে তখনই, যখন তুমি হবে বিনম্র বিনয়ী। ’

কয়েক দণ্ড থামলেন তিনি, যেন যা বলেছেন তা একটু দমে যেতে দিলেন।

‘তোমার মনে পড়ে’—ফের শুরু করলেন, ‘তুমি ডায়রিতে লিখেছো, “স্বাধীনতা হচ্ছে দুই আর দুইয়ে চার হয়, সে কথা বলতে পারার স্বাধীনতা?’
‘জ্বী’—বলল উইনস্টন।

ও’ব্রায়েন তার বাম হাতটা তুললেন। হাতের পেছনের দিকটা উইনস্টনের দিকে। বুড়ো আঙুলটা গোটানো বাকি চারটি আঙুল সোজা হয়ে আছে।

‘এখানে আমার কয়টি আঙুল তুলেছি, উইনস্টন?’
‘চারটি। ’
‘এখন পার্টি যদি বলে এখানে চারটি নয় পাঁচটি—তাহলে কয়টি?’
‘চারটি। ’

ভয়াবহ একটি ব্যথা শুরুর মধ্য দিয়ে শব্দের উচ্চারণটি শেষ হলো তার। ডায়ালের কাঁটা তখন পঞ্চান্নর ঘরে। উইনস্টনের সারা শরীর থেকে ঘাম যেন ছিটকে বেরিয়ে এলো। বাতাস তার ফুঁসফুঁস বিদীর্ণ করে দিল আর গভীর গোঙানি শুরু হলো, দাঁতগুলো চেপে রেখেও উইনস্টন তা ঠেকাতে পারল না। ও’ব্রায়েন তাকে দেখছেন। চারটি আঙুল তখনও মেলে ধরা। হাতলটি ঘুরিয়ে নিলেন তিনি। এবার ব্যথার সামান্য উপশম হলো মাত্র।

‘কয়টি আঙুল, উইনস্টন?’
‘চারটি। ’
ডায়ালে কাঁটা ষাটের ঘর ছুঁলো।
‘কয়টি আঙুল, উইনস্টন?’
‘চারটি! চারটি! আর কী বলব আমি? চারটি!’

কাঁটা আবারও বেড়ে যাওয়ার কথা, কিন্তু এবার সে আর ওদিকে তাকিয়ে নয়। ভারী কঠোর মুখখানি আর চারটি আঙুল তার দৃষ্টি ঢেকে রেখেছে। তার চোখের সামনে আঙুলগুলো বড়, ভারী পিলারের মতো দাঁড়িয়ে, অস্পষ্ট কিছুটা কম্পমানও মনে হচ্ছে। কিন্তু ভ্রান্তিহীনভাবেই সেখানে চারটি আঙুল সে দেখতে পাচ্ছে।

‘কয়টি আঙুল, উইনস্টন?’
‘চারটি, বন্ধ করুন, বন্ধ করুন এসব। যেভাবেই যা কিছুই আপনি করুন না কেনো ওখানে চারটিই আঙুল। চারটি!’
‘কয়টি আঙুল, উইনস্টন?’
‘পাঁচটি! পাঁচটি! পাঁচটি!’
‘না, উইনস্টন, ওই বলে ফায়দা নেই। তুমি মিথ্যে বলছো। তুমি এখনো ভাবছো ওখানে চারটি। দয়া করে আবার বলবে, কয়টি আঙুল?’
‘চারটি! পাঁচটি! চারটি! আপনার যেটা মনে হয়। আপনি শুধু ওটা বন্ধ করুন, ব্যথা থামান!’

এপর্যায়ে সে বসে আছে। কাঁধ দুটি জড়িয়ে ও’ব্রায়েনের একটি বাহু। কয়েকদণ্ডের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল বুঝি। শরীরের যেসব জায়গায় বেঁধে রাখা ছিল সেগুলো এখন ঢিলা। খুব শীত লাগছে। থরথর করে কাঁপছে, কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। দাঁতগুলোও ঠকঠক করছে। চোখের পানি নেমে এসেছে দুই গাল বেয়ে। হঠাৎ একটু সময়ের জন্য ছোট্ট শিশুর মতো ও’ব্রায়েনকে জড়িয়ে ধরল সে। ওর ভারী হাতদুটি দুই কাঁধ জড়িয়ে থাকায় আরাম পেয়েই বুঝি এমনটা করল। আর মন বলছে, ও’ব্রায়েনই তার রক্ষাকর্তা, যে ব্যথা তাকে দেওয়া হচ্ছে ওটা বাইরের চাপ, অন্যের প্ররোচনা। আর ও’ব্রায়েনই সেই ব্যক্তি যিনি তাকে এসব কিছু থেকে বাঁচাবেন।

‘তুমি ভীষণ ধীর শিখিয়ে, উইনস্টন’—শান্তস্বরে বললেন ও’ব্রায়েন।
‘কিন্তু আমি কী করতে পারি?’ আদুরে গলা তার। ‘চোখের সামনে যা দেখছি তাই তো বলব? দুই আর দুইয়ে চারই হয়। ’
‘কখনো কখনো, উইনস্টন, কখনো কখনো তাতে পাঁচ হয়। কখনো তাতে তিন হয়। আবার কখনো ওগুলো সব মিলে এক হয়ে যায়। তোমাকে আরো কঠোর চেষ্টা করতে হবে। পুরোপুরি পরিশুদ্ধ হয়ে ওঠা সহজ কাজ নয়। ’

উইনস্টনকে বিছানায় শুইয়ে দিলেন তিনি। তার শরীরের বিভিন্ন অংশ আবার শক্ত হয়ে বাঁধা পড়ল। তবে ব্যথা উবে গেছে, আর কাঁপুনিও থেমেছে। এখন তার কেবল একটু দুর্বল লাগছে আর শীত শীত করছে। ও’ব্রায়েন মাথাটি সাদা কোটধারীর দিকে ঘোরালেন, পুরো সময়টি জুড়েই যিনি স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন। সাদা কোটধারী এবার ঝুঁকে পড়লেন আর উইনস্টনের চোখের দিকে তাকালেন, তার নাড়ি পরীক্ষা করলেন, একটি কান বুকের ওপর চেপে ধরে থাকলেন কিছুটা সময় আর শরীরের এখানে সেখানে টিপে টিপে দেখলেন আর ও’ব্রায়েনের দিকে মাথা ঝুঁকিয়ে ইঙ্গিত করলেন।

‘আবার’—বললেন ও’ব্রায়েন।

তার শরীর জুড়ে ব্যথার ধমক বয়ে গেল। এবার ডায়ালের কাঁটা সত্তর কিংবা পঁচাত্তর ছুঁয়েছে নিশ্চয়ই। এবার সে চোখ বন্ধ করে ফেলল। সে জানে আঙুলগুলো তখনও সেখানে ধরে রাখা, আর চারটিই আঙুল। যতক্ষণ এই খিঁচুনি চলবে ততক্ষণ বেঁচে থাকতে পারার চিন্তাটাই এখন তার কাছে মুখ্য। চিৎকার করে উঠছে কি উঠছে না সে নিয়ে ভাবনা এবার সে ছেড়ে দিয়েছে। ফের ব্যথা কমে এলো। সে চোখ খুলল। ও’ব্রায়েন হাতলটি পেছনে ঘুরিয়ে দিলেন।

‘কয়টি আঙুল, উইনস্টন?’
‘চারটি। আমার ধারণা চারটি। তবে আমি চাই পাঁচটি দেখতে। পাঁচটি দেখতে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’
‘তুমি আসলে কোনটা চাইছো, আমাকে প্রভাবিত করতে, যেন আমি ভাবি তুমি পাঁচটি দেখছো, নাকি আসলেই তুমি পাঁচটি দেখতে চাইছো।
‘সত্যিই পাঁচটি দেখতে চাই। ’
‘আবার’—বললেন ও’ব্রায়েন।

হতে পারে কাঁটা এবার আশির ঘরে—নব্বুইও হতে পারে। উইনস্টন তৎক্ষণাৎ ভুলে গেল কেন এই ব্যথার ব্যবস্থা। তার বুঁজে থাকা চোখের পাতার পেছনে এক দঙ্গল আঙুল যেন নাচানাচি করছে, দোল খাচ্ছে, একটি পেছনে অন্যটি এই লুকোচ্ছে, এই বেরিয়ে আসছে। সে ওগুলো গোনার চেষ্টায় রত, কিন্তু সে মনে করতে পারছে না কেন এই গণনা। সে শুধুই জানে এই গণনার চেষ্টা বৃথা, আর তা হয়ত হতে পারে, চার আর পাঁচের রহস্যময় পরিচিতির কারণেই। ফের উবে গেল ব্যথা। যখন সে চোখ খুলল, তখনও তার একই জিনিস দেখার কথা। অসংখ্য আঙুল, ঘুর্ণায়মান গাছেদের মতো তখনও হেলছে দুলছে, এবার এদিক থেকে ওদিকে আরবার ওদিক থেকে এদিকে যাচ্ছে। ফের চোখ বন্ধ করে ফেলল সে।

‘কয়টি আঙুল আমি তুলে ধরেছি, উইনস্টন?’
‘আমি জানি না। আমি জানি না। আপনি যদি আবারও একই কাজ করতে চান তো আমাকে মেরে ফেলেন। চার, পাঁচ, ছয়—সত্যি বলছি, সততার সাথে বলছি আমি জানি না। ’
‘কিছুটা ভালো’—বললেন ও’ব্রায়েন।

উইনস্টনের বাহুতে একটি সূঁচ ঢোকানো হলো। ঠিক তখনই একটি সুখময়, প্রশান্তির উষ্ণতা শরীরের ভেতর দিয়ে বয়ে গিয়ে সবকিছুর উপশম করে দিল। ব্যথার কথা ততক্ষণে আধাটা ভুলেই গেছে সে। চোখ খুলল আর কৃতজ্ঞতার চাহনিতে তাকাল ও’ব্রায়েনের দিকে। ভারী, দাগভর্তি, কদাকার আর বুদ্ধিদীপ্ত মুখখানি দেখে তার হৃদয় যেন গলে গেল। সে যদি নড়তে পারত একটি হাত ও’ব্রায়েনের বাহুতে রাখত। এই মুহূর্তে যতটা লাগছে, এতটা ভালো ও’ব্রায়েনকে আর কখনোই লাগেনি তার, কারণ তিনিই তার ব্যথা থামিয়েছেন। পুরনো ভাবনাটি, ও’ব্রায়েন আসলে বন্ধু, নাকি শত্রু, ফের এসে ভর করল তার মনে। ও’ব্রায়েন এমন একজন যার সঙ্গে কথা বলা চলে। কেউ কারো কাছে যতটা ভালোবাসা চায় তার চেয়ে হয়ত বেশিই চায় তাকে বুঝতে পারুক। ও’ব্রায়েন তার ওপর পাগলের মতো নির্যাতন চালিয়েছেন। কিছু সময়ের জন্য সে নিশ্চিতই হয়ে গিয়েছিল, তিনি ওকে মেরে ফেলতে চান। এতে কিছুই যেয়ে আসে না। অন্য কিছু রয়েছে যা তাকে বলে দেয় তাদের মধ্যে বন্ধুতার চেয়ের গভীর কিছু রয়েছে, তারা একে অপরের ঘনিষ্ঠ: কোথাও বা অন্য কোনোখানে, যদিও সঠিক শব্দগুলো কখনোই হয়ত বলা হবে না, একটি স্থান মিলে যাবে যেখানে তাদের দেখা হবে, কথা হবে। একটি অভিব্যক্তি দিয়ে ও’ব্রায়েন তার দিকে তাকিয়ে, যা বলে দেয়, ঠিক একই ভাবনা তারও মন জুড়ে। যখন কথা বললেন তখন তা সহজ, কথোকথনের ভঙ্গিমায় কাজে বাজল।

‘তুমি কি জানো তুমি এখন কোথায়, উইনস্টন?’—বললেন তিনি।
‘জানি না। তবে ধারণা করছি ভালোবাসা মন্ত্রণালয়েই হবে। ’
‘তুমি কি জানো কতদিন ধরে তুমি এখানে?’
‘জানি না। কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস—আমার ধারণা কয়েক মাসই হবে। ’
‘তুমি কি বুঝতে পারো কেন আমরা মানুষদের এখানে আনি?’
‘স্বীকারোক্তি দেওয়ার জন্য। ’
‘নাহ! ওটা কারণ নয়। ফের চেষ্টা করো। ’
‘তাদের শাস্তি দিতে। ’
‘নাহ!’—বিস্ময়ের উচ্চারণ ও’ব্রায়েনের। তার কণ্ঠ অস্বাভাবিকভাবে বদলে গেল। আর তার চেহারাটি হঠাৎই একইসঙ্গে কঠোর আর চঞ্চল হয়ে উঠল। ‘না হে, কেবলই তোমার স্বীকারোক্তি নিতে নয়, তোমাকে সাজাও দিতে নয়। বলব, কেন আমরা তোমাকে এখানে এনেছি? তোমার নিরাময়ের জন্য! তোমাকে পরিশুদ্ধ করে তোলার জন্য! বুঝেছো হে, উইনস্টন, এখানে আমরা যাকেই নিয়ে আসি তার রোগের নিরাময় না করিয়ে ছাড়ি না। ওইসব ফালতু যে অপরাধ তুমি করেছো তাতে থোড়াই পাত্তা আমরা দেই। কারো বাড়াবাড়িতেও পার্টির নেই সামান্য আগ্রহ, আমাদের কাজের স্থান একটাই তোমার চিন্তা। আমরা আমাদের শত্রুদেরও ধ্বংস করি না, আমরা তাদের পাল্টাই। বুঝেছো আমি কী বলতে চাইছি?

উইনস্টনের দিকে অনেকটা ঝুঁকে পড়েছিলেন তিনি। এতটাই কাছে যে তার মুখটি বিশাল বলে মনে হচ্ছিল, আর আরো কদাকার, কারণ নিচ থেকে সে ওটি দেখছিল। উপরন্তু তাতে মেখেছিল এক ধরনের পরমানন্দ আর পাগলাটেপনা। এতে উইনস্টনের হৃদয়খানি সংকুচিত হলো। হতে পারে এই বিছানাতেই সে গলে যাবে। অনেকটা নিশ্চিত করেই যেন বুঝতে পারছে ও’ব্রায়েন স্রেফ খেয়ালিপনায় আবার টেনে দেবেন ডায়ালের কাঁটা। তবে সেটা না করে ঠিক তখনই ও’ব্রায়েন পেছনে ঘুরলেন। এক-দুই পা আসা যাওয়া করলেন। আর অতঃপর কিছুটা কম উগ্রতায় ফের বলতে শুরু করলেন:

‘প্রথমেই তোমাকে বুঝতে হবে এটা এমন এক জায়গা যেখানে শাহাদৎ লাভের কোনো সুযোগ নেই। অতীতের ধর্মীয় নিপীড়নের কথা তুমি পড়েছো। মধ্যযুগের বিচারসভার কথাও জানো। ওসব কিছুরই কোনো মানে এখানে নেই। ওদের কাজ ছিল উৎপথগামিতার অবসান, আর কেবল অবসানই নয়, পুরোপুরি বিস্মৃত করে ছাড়া। প্রতিটি উৎপথগামিতায় তখন মৃত্যুআজ্ঞাপ্রাপ্তকে বেঁধে রাখা খুঁটিসমেত পুড়িয়ে দেওয়া হতো, আর তাতে অবদমিত হতো আরো হাজারো উৎপথগামী। কেন জানো? কারণ শত্রুদের প্রকাশ্যেই হত্যা করা হতো, আর তাদের এমন সময় হত্যা করা হতো যখনও তারা তাদের কৃতকর্মের জন্য অননুতপ্ত। সেই অননুতপ্ততাই হতো তাদের মৃত্যুর কারণ। মানুষগুলোও মৃত্যুকে বরণ করে নিত কারণ তারা তাদের সত্যিকারের বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকত। আর স্বাভাবিকভাবেই যত যশ তাও ওই ভুক্তভোগীর পক্ষেই যেত আর ঘৃণা বা লজ্জাই জুটত বিচারকর্তার কপালে যারা তাকে পুড়িয়ে মারত। এরপর, বিংশ শতকে, এলো সমগ্রতাবাদীরা। হ্যাঁ ওই নামেই তাদের ডাকা হতো। জার্মানির নাৎসি আর রাশিয়ার সাম্যবাদীরাও ছিল। রুশরা উৎপথগামীদের বিচার করত ধর্মযাজকদের চেয়েও নিষ্ঠুরতায়। তারা মনে করত, অতীত থেকেই তাদের শিক্ষা, তারা জানত, যেভাবেই হোক কারো শহীদান লাভের সুযোগ দেওয়া হবে না। প্রকাশ্য বিচারে তারা যখন কোনো অপরাধীর সাজা দিত, তখন ইচ্ছা করেই তাদের মর্যাদার শেষ তলানিটুকুও খর্ব করে ছাড়ত। নির্যাতনে নির্যাতনে ওদের জর্জরিত করে দিত, যতক্ষণ না পর্যন্ত মাটিতে শুয়ে পড়ে, যা কিছু স্বীকার করে নিতে বলা হতো তাই ওদের মুখে ফুটত, নিপীড়নে, আঘাতে, অপদস্থতায় ওরা একজন অন্যজনের পেছনে লুকোত আর বিড়বিড় উচ্চারণে কেবল ক্ষমা চেয়েই চলত। এর কয়েক বছর পর একই ঘটনা আবারও ঘটত। তখন মৃত ব্যক্তিটি পেত শহীদের মর্যাদা, তাদের অপকৃষ্টতার কথাও সবাই ভুলে যেত। এরপর আবারও, কেন এমন হতো? প্রথমত কারণ তারা যে স্বীকারোক্তি দিয়েছিল তা ছিল ভয় দেখিয়ে আদায় করা আর নিঃসন্দেহেই অসত্য। আমরা এ ধরনের কোনো ভুল করি না। এখানে যে স্বীকারোক্তি উচ্চারিত হয় তার সবই সত্য। আমারাই তাকে সত্যে পরিণত করি। আর এমনকি মৃতদেরও আমরা আমাদের বিরুদ্ধে জাগ্রত হওয়ার সুযোগ দেই না। উত্তরপুরুষ তোমার জন্য ন্যায্যতা এনে দেবে সে অলীক কল্পনা তোমায় বন্ধ করতেই হবে, উইনস্টন। উত্তরপুরুষরা তোমার কথা জানতেই পাবে না। ইতিহাসের স্রোত থেকে তোমাকে পুরোপুরি তুলে নেওয়া হবে। আমরা তোমাকে গ্যাসে পরিণত করব আর আন্তর-আকাশে মিলিয়ে দেব। তোমার কিছুই অবশিষ্ট থাকবে না, রেজিস্ট্রারে থাকবে না, জীবন্ত কোনো মস্তিষ্কেই থাকবে না কোনো স্মৃতি। অতীতে এবং ভবিষ্যতে দুইয়েই তুমি বিলীন হয়ে যাবে। তুমি কখনোই বিরাজিত ছিলে না, নেই, থাকবে না। ’

তাহলে কেন আমাকে এত নির্যাতন? এক লহমার তিক্ততায় ভরা ভাবনা উইনস্টনের। ও’ব্রায়েন থমকালেন, যেন উইনস্টনের ভাবনার কথাটি সশব্দে বেজেছে তার কানে। তার বৃহৎ কদাকার মুখটি, কিছুটা সংকুচিত চাহনি নিয়ে ক্রমেই কাছে আসতে লাগল।

‘তুমি ভাবছো, আমরা যদি তোমাকে ধ্বংসই করে দেই, তাহলে তুমি যা বলছো বা করছো তাতে কিছুই যেয়ে আসে না। আর তাই যদি হয়, কেনই আমরা তোমার ওপর এত কষ্টের জিজ্ঞাসাবাদ চালাচ্ছি? সেটাই তো তো তুমি ভাবছো, নয় কি?’

‘জ্বী’—বলল উইনস্টন।

ইষৎ হাসলেন উইনস্টন। ‘তুমি একটা ঝামেলার মানুষ, উইনস্টন। তুমি একটা কলঙ্ক যা মুছে ফেলতেই হবে। একটু আগেই তোমাকে বললাম না, অতীতের যন্ত্রণাদাতাদের মতো নই আমরা? নেতিবাচক আনুগত্যে আমাদের আস্থা নেই, এমনকি সর্বান্তকরণ সমর্পণের পরেও নয়। সবশেষে তুমি যখন আমাদের কাছে আত্মসমর্পণ করবে তখন তোমাকে নিজের ইচ্ছাতেই করতে হবে। আমরা উৎপথগামীকে ধ্বংস করে দেই না, কারণ সে আমাদের প্রতিহত করে। যতদিন সে প্রতিহত করতে থাকে ততদিন আমরা তাকে ধ্বংস করি না। আমরা তাকে পাল্টে দেই। তার ভেতরের মনটাকে কব্জা করি, তাকে নতুন একটা গড়ন দেই; ভেতরের সকল দুষ্টু চিন্তাকে পুড়িয়ে দেই, আর ভেতর থেকে সকল ভ্রম বের করে আনি; আমরা তাকে পুরোপুরি আমাদের পক্ষে নিয়ে আসি, দেখানোয় নয়, বাস্তবে, মনে আর প্রাণে। আমরা তাকে আমাদেরই একজন করে ফেলি কারণ আমরা তাকে হত্যা করি। বিশ্বের কোথাও একটি ভ্রান্ত ভাবনা টিকে থাকুক তা আমাদের কাছে সহনীয় নয়, হোক সে গোপনে কিংবা অক্ষমতায়—যে কোনোভাবে। একই মৃতের ক্ষেত্রেও আমরা কোনো ব্যত্যয় মেনে নেই না। আগের উৎপথগামীরা মৃত্যু দুয়ারের দিকে এগিয়ে যেত একজন উৎপথগামী হিসেবেই, নিজেদের অবস্থান ঘোষণা দিতে দিতে, উল্লসিত ভঙ্গিমায়। রুশ শুদ্ধিকরণ অভিযানের যারা শিকার তারাও মাথায় বুলেটবিদ্ধ হওয়ার জন্য পথ ধরে এগিয়ে যাওয়ার সময়ও মস্তিষ্কে বিদ্রোহের আগুনই বহন করত। কিন্তু আমরা মস্তিষ্কটি উড়িয়ে দেওয়ার আগে সেটিকে শুদ্ধ করেই ছাড়ি। অতীতের অসীম ক্ষমতাধারীদের নির্দেশ ছিল “তুমি করবে না” সমগ্রতাবাদীদের নির্দেশ ছিল “তুমি করবে”। আমাদের নির্দেশ হচ্ছে, “তুমি রপ্ত করবে”। এই পর্যন্ত এইখানে আমরা যাদেরই এনেছি তাদের কেউই  আমাদের বিরুদ্ধে থাকে নি। প্রত্যেককেই ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এমনই সেই তিন হতভাগা ষড়যন্ত্রী, যাদের তুমি নির্দোষ বলেই একদা ভাবতে—জোন্স, অ্যারনসন, আর রাদারফোর্ড—তারাও শেষমেষ এখানে মাথাকুটে পড়েছিল। ওদের জিজ্ঞাসাবাদে আমি নিজেই অংশ নেই। আমি ওদের ধীরে ধীরে ভাঙতে দেখেছি, গুমড়াতে দেখেছি, আত্মমর্যাদা ভুলে দয়াভিক্ষা চাইতে দেখেছি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেছি—শেষে আর ব্যথা কিংবা ভয়ে নয়, স্রেফ ধৈর্যশীলতায় তারা ওসব চালিয়ে গেছে। আর ওদের সঙ্গে আমাদের কাজ যখন শেষ হলো তখন ওরা মানুষের কাঠামো ছাড়া আর কিছুই ছিল না। তাদের মধ্যে দুঃখবোধ ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। আর সেই দুঃখবোধ ছিল তাদের কৃতকর্মের জন্য আর বিগ ব্রাদারের প্রতি ভালোবাসার জন্য। ওরা তাকে যতটা ভালোবেসেছিল তা ছিল মর্মগ্রাহী। তখন তাদের একটাই প্রার্থনা ছিল, তাদের মন পরিষ্কার থাকতে থাকতে, ফের কলুসিত হওয়ার আগেই যেন তাদের গুলি করা হয়।

এক্ষণে তার কথাগুলো অনেকটা স্বপ্নময় হয়ে উঠেছে। পরমানন্দ, পাগলাটে একটা উদ্দীপক ভাব লেগেই আছে তার চোখেমুখে। তার কথায় কোনো ছল চাতুরি নেই, ভাবল উইনস্টন, তিনি ভণ্ড নন, যা কিছু বলছেন তার প্রতিটি শব্দেই তিনি বিশ্বাস করেন। এখন যা কিছু তাকে অবদমিত করে রাখছে তা হচ্ছে তার নিজের বুদ্ধিবৃত্তিক অধস্তনতা বোধ। বিশাল ভারী মার্জিত মানুষটি তখনও একবার এদিক, একবার ওদিক করে চলেছেন। একবার তার দৃষ্টিসীমা থেকে বের হয়ে যাচ্ছেন, আবার ঢুকছেন। সব দিক থেকেই ও’ব্রায়েন তার চেয়ে বড়। অনেক আগেই যা কিছু জেনে, পরীক্ষা করে, বুঝে ও’ব্রায়েন বাতিল করেছেন তা সে কখনো করতে পেরেছে কিংবা পারবে বলেও তার ধারণা হয় না। তার মন ধারণ করে আছে উইনস্টনের মন। কিন্তু সেই ক্ষেত্রে কী করেই সত্য হয় যে, ও’ব্রায়েন পাগল? আসলে পাগল হচ্ছে সে নিজে, উইনস্টন। ও’ব্রায়েন থামলেন আর নিচে তার দিকে তাকালেন। তার কণ্ঠ আবারও কঠোর হয়ে উঠল।

‘ভেবো না, তুমি নিজে নিজেকে রক্ষা করতে পারবে, উইনস্টন, বরং নিজেকে আমাদের কাছে পুরোপুরি সমর্পণ করো। ছাইদানীতে যারা নিজেদের নিয়ে গেছে তারা কেউ ছাড় পায়নি। আর আমরা যদি তোমাকে তোমার প্রাকৃতিক জীবনের বাইরের জীবনটিও যাপন করতে দেই, তুমি পার পাবে না। এই এখানে তোমার ক্ষেত্রে যা কিছু ঘটছে তা ঘটেই চলবে। বিষয়টা আগেভাগেই বুঝে নাও। আমরা তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে ধুলিস্মাৎ করে দেব যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। তোমার ক্ষেত্রে এমন সব কিছু ঘটবে যা থেকে তোমার পরিত্রাণের আর কোনো উপায় থাকবে না, তা যদি তুমি হাজার বছর ধরে বেঁচে থাকো, তাহলেও না। সাধারণ মানুষের অনুভব ফিরে পাওয়ার যোগ্যতাই তোমার থাকবে না। তোমার ভেতরের সবটাই হবে মৃত। তুমি আর কোনোদিনই ভালোবাসতে পারবে না, বন্ধুত্ব করতে পারবে না, জীবনের আনন্দ খুঁজে পাবে না, হাসি-ঠাট্টা, কৌতূহল, সাহস, মর্যাদা কোনোটারই কোনো বোধ তোমার মাঝে জাগ্রত থাকবে না। তুমি হয়ে যাবে স্রেফ ফাঁকা। আমরা তোমাকে শূন্যতায় সংকুচিত করে দেব, এরপর তোমার ভেতরটা আমাদের দিয়ে ভরে দেব।

থামলেন এবং সাদা কোটধারীর দিকে ইঙ্গিত করলেন। উইনস্টন বুঝতে পারছিল তার মাথার পেছন দিকটাতে ভীষণ ভারী কিছু একটা বস্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ও’ব্রায়েন বিছানার পাশে বসে পড়েছেন ফলে তার মুখখানি এখন ঠিক উইনস্টনের মুখের সামনে।

‘তিন হাজার’—উইনস্টনের মাথার উপর দিয়ে সাদা কোটধারীর উদ্দেশ্যে উচ্চারণ তার।

ইষৎ আর্দ্র দুটি নরম প্যাড উইনস্টনের কপালের দুই দিক থেকে নেমে এসে চেপে ধরল। ভয়ে কুঁকড়ে গেল সে। ব্যথা আসছে, নতুন ধরনের এক ব্যথা। ও’ব্রায়েন তার গায়ের ওপর একটি হাত রাখলেন, নিশ্চয়তার হাত, অনেকটাই দয়াশীলতার সে হাত।

‘এবার তুমি ব্যথা পাবে না’—বললেন তিনি। ‘চোখ দুটো আমার চোখে রাখো। ’

এইক্ষণে তার মনে হলো ঘটে গেছে প্রলয়ঙ্কারী এক বিস্ফোরণ, বিস্ফোরণই, তবে নেই কোনো শব্দ। নিঃসন্দেহে চারিদিকে চোখ অন্ধ করে দেওয়ার মতো আলোর ঝলকানি। উইনস্টন আহত নয় তবে ধরাশায়ী। যদিও আগে থেকেই চিৎ হয়ে শুয়ে আছে, তারপরেও তার মনে হলো বিস্ফোরণের ধাক্কায়ই এমন চিৎপাৎ অবস্থা তার। একটি ব্যথাহীন ভয়াবহ ঘুষিতে সে পুরোই কুপোকাত। এছাড়াও তার মাথার ভেতরেও ঘটে গেছে কিছু একটা। চোখ যখন দৃষ্টিশক্তি ফিরে পেল তখন বুঝতে পারল কে সে, আর কোথায় সে, চিনে ফেলল তার মুখের দিকে তাকিয়ে থাকা মুখটিও। কিন্তু কোথাও বা অন্য কোনোখানে একটি বড় শূন্যতার সৃষ্টি হয়েছে, যেন হতে পারে তার মস্তিষ্কের ভেতর থেকে একটি অংশ খুলে নিয়ে যাওয়া হয়েছে।

‘এটাই শেষ নয়’—বললেন ও’ব্রায়েন। ‘আমার চোখের দিকে তাকাও। ওশেনিয়ার যুদ্ধ এখন কোন দেশের সঙ্গে?’

উইনস্টন ভাবল। তার মনে আছে ওশেনিয়া বলতে কী বোঝানো হচ্ছে। সে নিজে ওশেনিয়ার একজন নাগরিক। ইউরেশিয়া ও ইস্টেশিয়ার কথাও তার মনে পড়ল। কিন্তু যুদ্ধ কার সঙ্গে চলছে তা তার জানা নেই। আসলে এখন সে আর জানেই না, যুদ্ধ বলে কিছু একটা আদৌ চলছে।

‘আমার মনে নেই। ’

‘ওশেনিয়ার যুদ্ধ চলছে ইস্টেশিয়ার সঙ্গে। তোমার কি সে কথা এখন মনে পড়ে?’
‘হ্যাঁ। ’
‘বরাবরই ওশেনিয়ার যুদ্ধ ছিল ইস্টেশিয়ার বিরুদ্ধে। তোমার জীবনের শুরু থেকে, পার্টির জন্মের শুরু থেকে, সেই ইতিহাসের শুরু থেকে যুদ্ধ চলছে অবিরাম, বরাবরই একই যুদ্ধ। তোমার কি তা মনে পড়ে?’
‘হ্যাঁ। ’
‘এগার বছর আগে তুমি তিন ব্যক্তিকে নিয়ে এক কাহিনী বানিয়েছিলে যাদের ষড়যন্ত্রের দায়ে ঘৃণ্য-মৃত্যু হয়েছে। তোমার মনে হচ্ছিল তুমি একটি কাগজের টুকরো দেখেছিলে যা প্রমাণ করে ওরা ছিল নির্দোষ। কিন্তু এমন কাগজের কোনো টুকরোর অস্তিত্ব কখনোই ছিল না। ওটা ছিল স্রেফ তোমার মনগড়া, আর পরে সেটাই তোমার বিশ্বাসে পরিণত হয়। তোমার কি এখন মনে পড়ে ঠিক কখন ওই কাগজের টুকরোটি আবিষ্কার করেছিলে। তোমার মনে আছে?

এখন আমি তোমার সামনে আমার হাতের আঙুলগুলো তুলে ধরব। তুমি পাঁচটি আঙুল দেখতে পাবে। মনে থাকবে?’
‘জ্বী। ’
ও’ব্রায়েন তার বাম হাতের আঙুলগুলো তুলে ধরলেন, বুড়ো আঙুলটি গুটিয়ে রাখা।
‘এখানে পাঁচটি আঙুল। তুমি কি পাঁচটি দেখতে পাচ্ছো?’
‘হ্যাঁ। ’

সে তাই দেখছিল, মনের দৃশ্যপট পাল্টে যাওয়ার আগে এক লহমার জন্য হলেও সে কিন্তু তাই দেখেছে। পাঁচটি আঙুল দেখতে পেয়েছে, আর তাতে নেই সামান্য ভুলও। এরপর অবশ্য সবকিছু স্বাভাবিক হয়ে আসে। হতভম্বতা কাটিয়ে আবার সব ফিরে আসে। কিন্তু একটি মুহূর্ত ছিল—সে জানে না কতক্ষণ স্থায়ী ছিল সেই ক্ষণ, ত্রিশ সেকেন্ড হতে পারে—জাজ্জ্বল্য নিশ্চয়তায় সে বুঝতে পেরেছে ও’ব্রায়েন তখন যা বলেছেন তার সবটাই তার মস্তিষ্কের ফাঁকা অংশটুকুতে জায়গা করে নিচ্ছিল, আর হয়ে উঠছিল সম্পূর্ণ সত্য, আর তখন দুই আর দুইয়ে তিনও হতে পারত আর প্রয়োজন হলে অতি সহজেই হতে পারত পাঁচ। ও’ব্রায়েন তার হাতটি নামিয়ে আনার আগেই সেসব কিছু উবে যায়; তবে ওই অবস্থায় ফিরে যেতে না পারলেও, পুরোটাই মনে করতে পারে সে, কোনো ব্যক্তির জীবনের জাজ্জ্বল্যময় কোনো স্মৃতি মন থেকে যেমন কখনোই সরে না, ঠিক তেমনই।

‘দেখলে তো’—বললেন ও’ব্রায়েন, ‘যেভাবেই হোক এটা সম্ভব। ’
‘জ্বী’—বলল উইনস্টন।

চোখেমুখে সন্তুষ্টির অভিব্যক্তি মেখে উঠে দাঁড়ালেন ও’ব্রায়েন। তার বাম দিকে সাদা কোটধারী লোকটিকে এবার একটি অ্যাম্পল ভেঙে সিরিঞ্জ দিয়ে ওষুধ ঢোকাতে দেখছে উইনস্টন। মুখে হাসি মেখে তার দিকে ফিরলেন ও’ব্রায়েন। অনেকটা আগের মতোই নাকের ডগায় চশমাটিকে ঠিকঠাক বসিয়ে নিলেন।

‘তোমার ডায়রি লেখার কথা মনে আছে’—বললেন তিনি, ‘লিখেছিলে আমি শত্রু নাকি মিত্র তাতে কিছু যায় আসে না। যেহেতু অন্ততপক্ষে আমি এমন একজন যিনি তোমাকে বুঝি আর আমার সঙ্গেই তোমার কথা বলা চলে। তোমার মনের ওই কথাগুলো আমার কাছে একটা আবেদন তৈরি করেছে। এতে আমার নিজের মনেও তৈরি করেছে এক ধরনের প্রতিক্রিয়া, তবে তোমার শুদ্ধবাদিতাটুকু বাদ দিয়ে। আমাদের এই জিজ্ঞাসাবাদের ইতি টানার আগে তুমি চাইলে আমাকে কিছু প্রশ্ন অবশ্যই করতে পারো। ’
‘যা মন চায় সেই প্রশ্নই?’
‘যেকোন কিছু। ’—উইনস্টনের চোখ ডায়ালের ওপর স্থির হয়ে আছে দেখতে পেয়ে বললেন, ‘ওটি বন্ধ আছে। তো বলো তোমার প্রথম প্রশ্নটি কী?’
‘জুলিয়াকে আপনারা কী করেছেন?’—বলল উইনস্টন।

ফের হাসলেন ও’ব্রায়েন। ‘ও তোমার সঙ্গে প্রতারণা করেছে, উইনস্টন। তখনই—সামান্য ইতস্ততাটুকুও ছাড়া। এত দ্রুত আমাদের কাছে এসেছে, এমনটা আমরা কদাচই দেখেছি। ওকে দেখে তুমি আর চিনতেই পারবে না। তার সব বিদ্রোহ, তার ঘৃণা, বোকামি, নোংরা মননশীলতা—সবকিছু তার থেকে উবে গেছে, ভেতর থেকে পুড়িয়ে বের করে দেওয়া হয়েছে। একদম খাঁটি পাল্টে যাওয়া বলতে যা বোঝায়। পাঠ্যবইয়েই তুমি কেবল এমনটা দেখতে পাবে। ’
‘আপনারা ওকে নির্যাতন করেছেন?’
জবাব দিলেন না ও’ব্রায়েন। ‘পরের প্রশ্ন করো’—বললেন তিনি।
‘বিগ ব্রাদার বলে কি কেউ আছেন?’
‘অবশ্যই আছেন। তিনি আছেন, পার্টি আছে। বিগ ব্রাদার হচ্ছেন পার্টির মূর্ত প্রকাশ। ’
‘তার অস্তিত্ব কি ঠিক তেমনই যেমনটা আমার অস্তিত্ব?’
‘তোমার কোনো অস্তিত্ব নেই’—বললেন ও’ব্রায়েন।

অসহায়ত্বের বোধ ফের তাকে নিমজ্জিত করল। সে জানে, কিংবা সে কল্পনা করতে পারে, এইসব বিতর্কই তার অনস্তিত্বের প্রমাণ; কিন্তু ওরা বড়ই নির্বোধ, ওরা কেবলই বাক্যবাণে খেলে। ‘তোমার কোনো অস্তিত্ব নেই’ বলে এই যে উক্তি তাতে কি কোনো যৌক্তিক অযৌক্তিকতা নেই? কিন্তু এই বলায় কীই হয়? যে সদুত্তরহীন ক্ষ্যাপাটে যুক্তি দেখিয়ে ও’ব্রায়েন তাকে ধ্বংস করে দিতে চাইলেন সে নিয়ে ভাবতে গিয়ে তার মন শুকিয়ে এলো।

‘আমি মনে করি আমি আছি’—নিজে নিজেই বলল সে। ‘আমার নিজের পরিচয় নিয়ে আমি সচেতন। আমার জন্ম হয়েছে আর আমি মারা যাব। আমার হাত আছে, পা আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এতটুকু হলেও স্থান দখল করে আছি-থাকি। আমি যখন আছি তখন আর কোনো ঘন বস্তু সেখানটাতে একসঙ্গে দখল নিতে পারে না। আর সেই বিবেচনায়, আদৌ কী বিগ ব্রাদারের অস্তিত্ব আছে?’
‘এসব কথা গুরুত্বহীন, তিনি আছেন এটাই যথেষ্ট। ’
‘বিগ ব্রাদারের কি কখনো মৃত্যু হবে?’
‘অবশ্যই না। তার মৃত্যু কী করে সম্ভব? পরের প্রশ্ন। ’
‘ব্রাদারহুডের কি অস্তিত্ব আছে?’
‘এটা, উইনস্টন, তুমি কখনোই জানতে পারবে না। আমরা তোমার সঙ্গে সব প্রয়োজনীয়তা শেষ করে যদি তোমাকে ছেড়েও দিই, আর যদি তুমি নব্বই বছর বয়স পর্যন্ত বেঁচেও থাকো, তাহলেও তুমি কখনো এই প্রশ্নের হ্যাঁ কিংবা না, কোনো উত্তরই খুঁজে পাবে না। যতদিন তুমি বেঁচে থাকবে এই ধাঁধা প্রহেলিকার মতো তোমার মন জুড়ে থাকবে। সমাধান পাবে না। ’

চুপ করে পড়ে থাকল উইনস্টন। তার বুকটা একবার ফেঁপে উঠে একটু দ্রুতই আবার পড়ে গেল। প্রথম যে প্রশ্নটি তার মনে এসেছিল সেটি এখনো সে জিজ্ঞাসা করেনি। সে জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু তার জিহ্বা থেকে তা এখনো উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। ও’ব্রায়েনের চোখেমুখে এক ধরনের আনন্দের ক্ষীণ রেখা সে দেখতে পাচ্ছে। এমনকি তার চশমার কাচেও লেগে আছে এক ধরনের শ্লেষাত্মক দীপ্তি। উনি জানেন, ভাবল উইনস্টন, উনিই জানেন আমি কী জিজ্ঞাসা করতে চেয়েছিলাম! আর সে কথা যখন ভাবছিল তখনই তার মুখ থেকে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো:
‘রুম নম্বর একশ একে কী আছে?’
ও’ব্রায়েনের মুখের ভঙিমা পাল্টাল না। শুষ্ক কণ্ঠে তার উত্তর:
‘তুমি জানো ১০১ নম্বর রুমে কী আছে, উইনস্টন। প্রত্যেকেই জানে ১০১ নম্বর রুমে কী হয়। ’

সাদা কোটধারীর উদ্দেশ্যে তর্জনি তুললেন তিনি। এই দফা জিজ্ঞাসাবাদের স্পষ্টত এখানেই সমাপ্তি। উইনস্টনের বাহুতে ঝাকি দিল একটি সুঁই। আর অনেকটা তৎক্ষণাৎই সে গভীর ঘুমে তলিয়ে গেল।