অধ্যায় ১
সে জানে না সে কোথায়। ধারণা করছে ভালোবাসা মন্ত্রণালয়ের ভেতরেই তার অবস্থান, কিন্তু নিশ্চিত হওয়ার কোনো পথ নেই। মাথার ওপর উঁচু সিলিংয়ের জানালাবিহীন একটি কুঠুরি। সাদা সিরামিকের ঝকঝকে দেয়াল। কোথাও গোপন স্থানে বসানো বাতি থেকে একটি ঠাণ্ডা আলো এসে কক্ষটাকে ভরে রাখে সারাক্ষণ, আর টানা একটা ঝিম ধরা শব্দ কানে আসে। হতে পারে বায়ু আসার পথেই উৎপত্তি এই শব্দের। দেয়ালের চৌদিকটা ঘুরিয়ে পেতে রাখা একটি বেঞ্চ, কিংবা তাকিয়াও বলা চলে। পশ্চাৎদেশ পেতে দেয়ালে পিঠ দিয়ে সটান বসার জন্য যথেষ্টই চওড়া। প্রবেশপথ আর তার ঠিক উল্টোদিকে পায়খানার দরজার কাছে বেঞ্চিটি কাটা পড়েছে। পায়খানার প্যানে নেই কাঠের আসন। প্রতিটি দেয়ালে চারটি করে টেলিস্ক্রিন।
হালকা একটা পেটব্যথা চলছেই। সেই যখন ওরা তাকে বেঁধে বদ্ধ একটি ভ্যানে চড়িয়ে রওয়ানা দিল তখন থেকেই ব্যথাটা শুরু। তবে ক্ষুধাও পেয়েছে তার, যন্ত্রণাদায়ক ফালতু রকমের ক্ষুধা। শেষ খেয়েছে চব্বিশ ঘণ্টা হয়ে গেছে হয়ত, নয়ত হতে পারে ছত্রিশ ঘণ্টাও। এখনও সে জানে না, হয়ত কখনোই জানতেও পারবে না, তার গ্রেফতার ঠিক কখন হয়েছিল সকালে, নাকি সন্ধ্যায়। তবে এটা জানে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার পেটে কোনো দানাপানি পড়েনি।
সরু বেঞ্চটিতে যতটুকু বসা যায় ততটুকুই বসে আছে, হাত দুটো হাঁটুর ওপরে ক্রস করে ফেলে রাখা। চুপচাপ অনড় বসে থাকা এরই মধ্যে সে শিখে গেছে। কোনো রকম অপ্রত্যাশিত নড়াচড়া হলেই টেলিস্ক্রিনে ওদের তারস্বর ভেসে আসে। কিন্তু ক্ষুধার ব্যাকুলতা ক্রমেই তাকে পেয়ে বসছে। এখন তার আর কিছুরই নয়, স্রেফ এক টুকরো রুটির অপেক্ষা। তার ধারণা আলখেল্লার পকেটে গুঁড়ো হয়ে যাওয়া রুটি কিছুটা রয়েছে। হতেও পারে—কারণ পায়ের ত্বকে কিছু একটা অনভূতও হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা রয়েছে পকেটে। ভাবতে ভাবতে ভয়কেও কিছুটা অতিক্রম করেছে সে, আর আলগোছে পকেটে হাতটি ঢুকিয়ে দিয়েছে মাত্র—
‘স্মিথ!’ টেলিস্ক্রিন থেকে ভেসে এলো তীব্র আওয়াজ। ‘৬০৭৯ স্মিথ ডব্লিউ! কারা প্রকোষ্ঠে হাত পকেটে নয়!’
ফের অনড় বসে রইল সে, হাত দুটো হাঁটুর ওপরে আড়াআড়ি হয়ে পড়ে আছে। এখানে আনার আগে তাকে আরেকটি স্থানে নেওয়া হয়েছিল, হতে পারে সেটি সাধারণ কারাগার অথবা টহলদারদের অস্থায়ী লক-আপ। জানে না সেখানে কতক্ষণ ছিল; তবে ঘণ্টা কয়েক তো হবেই; সেখানে কোনো ঘড়ি ছিল না, ছিল না দিনের আলোও, ফলে সময় হিসাব করা কঠিন। ভীষণ শোরগোলে, পুঁতি-গন্ধময় স্থান ছিল সেটি। ওই প্রকোষ্ঠটির আকার এইটির মতোই ছিল তবে ওটি ছিল নোংরা আর আরো দশ পনেরো জনে ঠাসা। ওদের অধিকাংশই ছিল সাধারণ অপরাধী, তবে গুটিকয় রাজনৈতিক বন্দিও ছিল। দেয়ালের সঙ্গে সেঁটে থেকে নিশ্চুপ হয়ে ছিল তারা সবাই, নোংরা শরীরের গন্ধ নাকে লাগছিল কিন্তু পেটের ব্যথা আর ভয়ের চোটে নিজেই এত বেশি কুঁকড়ে ছিল যে ওগুলোয় ধ্যান দেওয়ার সুযোগ ছিল না। তবে দলের কারাবন্দি ও সাধারণ বন্দিদের মধ্যে যে ফারাকটি থাকে তা খুব করে লক্ষ্য করেছে সে। দলের বন্দিরা ভয়ে কুঁকড়ে নিশ্চুপ হয়ে থাকে, কিন্তু সাধারণ অপরাধীরা কেউ কাউরে কিছুতেই পাত্তা দেয় না। ওরা নিরাপত্তা কর্মীদের সঙ্গেও খিস্তিখেউর করে, নিজেরটা ঠিক মতো না পেলে ভয়ঙ্কর হামলা চালায়, গোপনে পাচার করে আনা খাবার খায়, নিজেদের কাপড়ের মধ্যেই কেমন করে কোনো রহস্যময় লুকোনো স্থানে করে বয়ে আনে সেই খাবার, আর টেলিস্ক্রিনে কোনো নির্দেশনা, হুমকি ধমকি এলে পাল্টা চিৎকার শোরগোল বাজিয়ে দেয়। এছাড়াও এদের কারো কারো নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বেশ খাতির। ওরা তাদের ডাকনামে ডাকে, কারো কারো হাতে দরজার গুপ্তফুঁকো দিয়ে এসে পড়ে দু’চারটি সিগারেটও। নিরাপত্তা রক্ষীরাও এই সাধারণ কয়েদীদের বেশ ধৈর্যের সাথে সামলায়, এমনকি যখন তাদের ওপর চড়াও হতে হয় তখনও। বহুল আলোচিত জবরদস্তিমূলক শ্রম ক্যাম্পও রয়েছে যেখানে অধিকাংশ কয়েদীকেই যেতে হয় অবধারিতভাবে। সে জেনেছে, এসব ক্যাম্পে সবই সই, কোনো ভাবনা নেই যতক্ষণ আপনার কিছু ভালো যোগাযোগ আছে, হাতে পেয়ে যাচ্ছেন ধরার মতো রশি। এখানে ঘুষ চলে, চলে পক্ষপাতিত্ব, আছে সব ফন্দি-ফিকির, সমকামিতা, পতিতাবৃত্তিও; আলু দিয়ে এখানে তৈরি হয় চোলাই মদ। আস্থার সবটুকুই এই সাধারণ অপরাধীদের ওপর ন্যস্ত, বিশেষ করে যারা গ্যাংস্টার, খুনি, যারা তৈরি করেছে এক ধরনের আভিজাত্য। আর এই সকল নোংরা কাজই ঘটে চলে রাজনীতির নামে।
যত রকমফের রয়েছে তার সব ধরনের অপরাধীদের আনাগোনা এখানে। মাদক ব্যবসায়ী, চোর, জোচ্চর, দস্যু, চোরা-কারবারি, মাতাল, মদ্যপ, বারবনিতা সব। কোনো কোনো মদ্যপ আবার এতটাই সহিংস ও ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাদের দমাতে অন্য কয়েদীরা একজোট হয়।
ষাটের কাছাকাছি বয়স হবে এমন এক বিশালদেহী, থলথলে স্তন, আর মাথা ভর্তি সাদা চুলের জটওয়ালা এক নারীকে অনেকটা চ্যাংদোলা করে, লাথি-গুঁতো দিতে দিতে আর খিস্তি-খেউর করতে করতে প্রকোষ্ঠে ঢোকাল চার কারারক্ষী। বুটসহ দুই পা দুজন মুচড়ে ধরে আছে, তারই মাঝে নারীটি ওদের লাথি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবেই ঠিক উইনস্টনের কোলের ওপর ঝপ করে তাকে ফেলল কারারক্ষীরা। প্রচণ্ড চাপে তার রানের হাড় ভেঙ্গে যাওয়ার দশা। নারীটি নিজেকে সোজা করে তুললেন আর চিৎকার করে বললেন, ‘ফা… বাস্টার্ডস!’ তখনই খেয়াল করলেন অস্বাভাবিক কিছুর ওপর বসে আছেন, আর দ্রুতই উইনস্টনের হাঁটুর ওপর থেকে হড়কে গিয়ে বেঞ্চিতে বসলেন।
‘মাফ করো, প্রিয়’—বললেন তিনি। ‘আমি তোমার ওপর বসে পড়িনি, ওই জারজগুলো আমাকে তোমার ওপর ফেলেছে। একটা মেয়ে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা ওরা জানে না, তুমিই বলো, জানে নাকি?’ একটু থামলেন, বুকের ওপর হালকা চাপড় দিতে দিতে, বড় একটা ঢেঁকুড় তুললেন। ‘মাফ করো, সত্যি বলছি আমি নিজে কিন্তু বসিনি’—ফের বললেন নারীটি।
এরপর সামনের দিকে ঝুঁকে পড়ে মেঝেতে হড়হড় করে বমি করে দিলেন।
‘ভালোই হলো’—চোখ বন্ধ করে পেছনে হেলান দিতে দিতে বললেন তিনি। ‘জিনিসটা পেটে পড়লে আর নিচে থাকতে চায় না, ঠিক বের হয়ে আসে। ’
আরেকটু ধাতস্ত হলে ফের উইনস্টনের দিকে তাকালেন আর তার প্রতি যেন একটু আগ্রহীই হয়ে উঠলেন। বিপুল দুটি বাহু তার কাঁধের ওপর ফেলে নিজের দিকে ঘুরিয়ে নিলেন তাকে, মুখের ওপর এসে লাগছে বিয়ার আর বমির গন্ধের ধাক্কা।
‘তোমার নাম কী, বলো তো’—বললেন তিনি।
‘স্মিথ’—বলল উইনস্টন।
‘স্মিথ?’ বিস্ময় নারীটির কণ্ঠে। ‘মজার তো। আমার নামও স্মিথ। কেন’—একটু আবেগমাখা উচ্চারণ তার, ‘তাহলে হতে পারে আমি তোমার মা!’
এই নারী হতেই পারেন তার মা, ভাবল উইনস্টন। বয়স আর শরীরের গঠনে মিলে যায়, আর জবরদস্তি শ্রমের ক্যাম্পে বিশ বছর কাটালে মানুষের মধ্যে পরিবর্তন তো আসবেই।
আর কেউ অবশ্য তার সঙ্গে কথা বলেনি। বিস্ময়করভাবেই সাধারণ অপরাধীরা দলের কয়েদীদের অবজ্ঞার চোখে দেখে। ‘দ্য পলিটস’ এই নামেই ওরা তাদের ডাকে, যেন তাদের প্রতি কোনো আগ্রহই নেই। পার্টির কয়েদীরা কারো সঙ্গে কথা বলতে স্রেফ আতঙ্কিত বোধ করে, আর নিজেদের মধ্যে একে অপরের সঙ্গেও নয়। কেবল একবারই, পার্টির দুই নারী সদস্য ঠেলাঠেলিতে কিছুক্ষণের জন্য পাশাপাশি হয়ে পড়েছিল, তখন সে এই শোরগোলের মধ্যেও শুনতে পেল কিছু শব্দ অতি দ্রুততায় চালাচালি হয়ে গেল। তাদের যা বলতে শোনা গেল তা ছিল অনেকটা এরকম ‘রুম ওয়ান-ওহ-ওয়ান’—যা বস্তুত তার বোধগম্য হলো না।
হতে পারে, ঘণ্টা দুই কিংবা তিনেক আগে ওরা তাকে এখানে নিয়ে এসেছে। পেটের ব্যথাটি এক লহমার জন্যও বন্ধ হয়নি, তবে ক্ষণে ক্ষণে কিছুটা কম অনুভূত হয়েছে আবার মাঝে মাঝে চাগাড় দিয়ে উঠছে, তার সঙ্গে মিল রেখে ভাবনার গাড়িও কখনো স্তিমিত কখনো জোর বেগে চলছে। যখন ব্যথাটি বাড়ে তখন ব্যথা আর খাবারের প্রত্যাশা ছাড়া অন্য কিছুই আর ভাবনায় থাকে না। আর যখন ব্যথাটি ধরে আসে তখন মন জুড়ে জেঁকে বসে আতঙ্ক। কোনো কোনো মুহূর্তে তার ভাবনায় ভর করে যা কিছু ঘটতে যাচ্ছে তার কপালে সে সবের কল্পনা। আর এতে তার হৃদযন্ত্রটি লাফাতে থাকে আর শ্বাস-প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। অনুভবে আসে কনুইয়ে লাঠির আঘাত, লোহার পাত বসানো জুতোয় জঙ্ঘাস্থিতে কষে বসানো লাথি, নিজেকে সে দেখতে থাকে মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে আর ভেঙ্গে ফেলা দাঁতের ফাঁকা দিয়ে করে যাচ্ছে ক্ষমার চিৎকার। জুলিয়ার কথা তার মনেই আসে না। এলেও ওর ওপর মনকে স্থির করতে পারে না। জুলিয়াকে সে ভালোবাসে আর তার সঙ্গে প্রতারণা করবে না, কিন্তু সে তো সত্য মাত্র, সেটা সে জানে ঠিক যেমনটি জানে অঙ্কের নিয়ম।
কিন্তু এখন এই মুহূর্তে তার প্রতি কোনো ভালোবাসা সে অনুভব করছে না, এমনকি তার কী হয়েছে সে নিয়ে কৌতূহলও হচ্ছে না। মাঝেমধ্যে ও’ব্রায়েনকেও মনে পড়ে, সূক্ষ্ম একটা আশা জাগানিয়া সে ভাবনা। ও’ব্রায়েন জানলেও জানতে পারেন সে এখন ধৃত। তিনি তো বলেইছিলেন, ব্রাদারহুড কখনোই তাকে রক্ষায় এগিয়ে আসবে না। তবে একটি রেজর ব্লেডের কথা বলেছিলেন, বলেছিলেন ওরা যদি পারে একটি রেজর ব্লেড তোমাকে পৌঁছে দেবে। আর নিরাপত্তারক্ষীরা ছুটে কারা প্রকোষ্ঠে পৌঁছানোর আগে পাঁচ সেকেন্ড সময়ও পাওয়া যাবে। এই ব্লেড তাকে জ্বলন্ত এক শীতল কামড় বসাবে, যে আঙুলে সেটি ধরা থাকবে সেটি কেটে যাবে হাড্ডি অবধি। কল্পনায় সবকিছুই যেন ফিরে এসেছে তার অসুস্থ শরীরে, সামান্য ব্যথা বেড়ে এখন কম্পমান অসহনীয় রূপ নিয়েছে। রেজর ব্লেড হাতে পেলেও তার ব্যবহার করবে কি না তা মোটেই নিশ্চিত নয় সে। নির্ঘাত নির্যাতন জেনেও আরও দশটি মিনিটের জীবন প্রত্যাশিত। একটি মুহূর্ত থেকে আরেক মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকাই এখানে গুরুত্বপূর্ণ।
কুঠুরীতে কতগুলো ইট তা গুনে দেখে কখনো কখনো। গুনে ফেলাটা কঠিন কিছু কাজ নয়, কিন্তু প্রতিবারই কোনো না কোনো পর্যায়ে খেই হারিয়ে ফেলে। বারবার কৌতূহল জাগে, কোথায় সে, কয়টা বাজে এসব জানার। একটা সময় তার নিশ্চিত করেই মনে হয় বাইরে এখন রৌদ্রকরোজ্জ্বল দিবালোক, আবার একটু পরে একই নিশ্চয়তায় তার মনে হয় বাইরে ঘুঁটঘুটে আঁধারের রজনী। এইখানে, গভীর উপলব্ধিতে সে বুঝতে পারে, আলো কখনোই নেভে না। এ এক স্থান যেখানে কোনো আঁধার নেই: এখন সে বুঝল কেন ও’ব্রায়েন সেদিনের সেই পরোক্ষ কথার মানে ঠিক ধরে ফেলেছিলেন। ভালোবাসা মন্ত্রণালয়ে কোনো জানালা নেই। তার প্রকোষ্ঠটি হতে পারে ভবনের ঠিক মাঝখানটিতে, অথবা পাশের কোনো দেয়াল ঘেঁষাও, হতে পারে মাটির নিচে আরো দশতলা গভীরে, কিংবা মাটি থেকে আরো ত্রিশ তলা উপরে। মনে মনে সে বিচরণ করতে লাগল ভবনের এখান থেকে সেখানে, আর শরীর ও মনানুভূতি দিয়ে বুঝতে চেষ্টা করল কোথায় সে, অতি উচ্চে বায়ুতে নাকি অতি গভীর তলদেশে।
বাইরে থেকে অনেক বুটের ঝম-ঝম আওয়াজ আসছে। বিকট শব্দ তুলে খুলে গেল ইস্পাতের দরজা। তরুণ এক অফিসার, কালো উর্দিতে টান টান শরীর, ঝকঝকে চামড়ার পোশাকে আরো চকচকে, কঠোর, নির্জীব চেহারাটি স্রেফ মোমের মুখোশ, দরজাপথে দৃঢ় পা ফেলে ভিতরে ঢুকলেন। সঙ্গে আনা অপর বন্দিকে প্রকোষ্ঠে ঢোকাতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিলেন। ধাক্কাতে ধাক্কাতে ভেতরে ঢোকানো হলো কবি অ্যাম্পলফোর্থকে। আর তখনই বিকট শব্দ তুলে ফের বন্ধ হলো দরজা।
অ্যাম্পলফোর্থ প্রথমেই কুঠুরীর দেয়াল ঘেঁষে কয়েকবার এপাশ থেকে ওপাশে অনিশ্চিত নড়াচড়া করল যেন মনে করেছে এই কক্ষে বাইরে যাওয়ার আরেকটি দরজা ঠিকই আছে, আর অতঃপর কুঠুরীর উপর থেকে নিচটা কয়েকবার দেখে নিল। তখনো উইনস্টনের উপস্থিতি তার নজরে আসে নি। তার পর্যুদস্ত চাহনি তখনও উইনস্টনের মাথারও এক মিটার উপর থেকে ঘুরপাক খাচ্ছে। পায়ে জুতো নেই, বড় বড় নোংরা দুটি বুড়ো আঙুল মোজা ছিঁড়ে বাইরে বের হয়ে আছে। তারও বেশ কিছুদিন দাঁড়ি কামানো হয়নি। খোঁচা খোঁচা দাঁড়িতে ভরে আছে মুখ-চোয়াল। সব মিলিয়ে চেহারাটি হিংস্র রাফিয়ানোদের মতো মনে হচ্ছে, তবে দুর্বল বপু আর ভয়ার্ত নড়াচড়ার সঙ্গে যা একেবারেই বেমানান।
জড়িমা ভেঙ্গে নিজেকে কিছুটা টেনে তুলল উইনস্টন। অ্যাম্পলফোর্থের সঙ্গে তার কথা বলা উচিত, জানা আছে টেলিস্ক্রিন ঝাঁঝিয়ে উঠবে, তারপরেও। এমনও তো হতে পারে সে-ই মূলত রেজর ব্লেডের বাহক।
‘অ্যাম্পলফোর্থ,— বলল সে।
টেলিস্ক্রিন কোনো রা করল না। অ্যাম্পলফোর্থ থমকাল, কিছুটা চমকালোও। আর ধীরে ধীরে নজর ফেলল উইনস্টনের ওপর।
‘অ্যাহ, স্মিথ!’ বলল সে। ‘তুমিও’
‘তুমি কেন এখানে?’
‘তোমাকে সত্যি কথাটি জানাতে’—বলতে বলতে উইনস্টনের উল্টোদিকে বেঞ্চিতে বসে পড়ল সে। ‘অপরাধ তো ওই একটাই, নাকি?’
‘তাহলে তুমি কি সে অপরাধ করেই ফেলেছো?’
‘মনে হয় করে ফেলেছি। ’
একটি হাত কপালে রেখে একপাশে চাপ দিতে লাগল, যেন কোনো কিছু মনে করার চেষ্টা করছে।
‘এভাবেই ঘটনাগুলো ঘটে’—ভাসাভাসা শুরু তার। ‘একটি ঘটনা আমার মনে পড়ছে, হ্যাঁ সম্ভবত একটিই ঘটনা। নিঃসন্দেহে সেটা ছিল অসাবধানতাবশত। আমরা কিপলিংয়ের কবিতার একটি নির্দিষ্ট সংস্করণ তৈরির কাজ করছিলাম। তারই একটি পংক্তির শেষে ‘গড’ শব্দটিকে রেখে দিয়েছিলাম। আসলে উপায় ছিল না!’—উইনস্টনের পানে মুখ তুলে তাকিয়ে অনেকটা ক্রোধের উচ্চারণ তার। ‘লাইনটি পাল্টানো অসম্ভবই ছিল। ছন্দের অপর শব্দটি ছিল “রড”। তুমি জানো গোটা ভাষায় এই “রড”-এর সঙ্গে মিল হয় মাত্র বারোটি শব্দের। কয়েক দিন ধরে এ নিয়ে মাথা খাটিয়ে আর একটি শব্দকেও মেলানোর মতো পাইনি। ’
ওর মুখের অভিব্যক্তি পাল্টে গেল। একটা বিরক্তির ভাব মুখের ওপর দিয়ে বয়ে গেল ঠিকই, তবে এক দণ্ডের জন্য তাকে সন্তুষ্টও মনে হলো। নোংরা উশকোখুশকো চুলের মাঝেও এক ধরনের বুদ্ধিবৃত্তিক উষ্ণতা, পাণ্ডিত্যের আনন্দ ঝিলিক দিচ্ছিল।
‘তোমার কি কখনো মনে হয়েছে, বলো’—বলল সে, ‘ইংরেজি পদ্যের ইতিহাসে কি এই সত্যের মুখোমুখি কেউ হয়েছে কভু যে, এই ভাষায় অন্ত্যমিল শব্দের অভাব রয়েছে?’
নাহ, উইনস্টনের ক্ষেত্রে এমনটা কখনোই ঘটেনি। তবে এই এখন বিষয়টি তার কাছে খুব একটা গুরুত্বের কিংবা আগ্রহেরও মনে হচ্ছে না।
‘তুমি কি জানো দিনের কোন সময়টা এটা?’—প্রসঙ্গ পাল্টে প্রশ্ন তার।
ফের চমকাতে দেখা গেল অ্যাম্পলফোর্থকে। ‘এ নিয়ে ভাবিনি। ওরা আমাকে বন্দি করেছে দিন দুয়েক আগে, দিন তিনেকও হতে পারে। ’ দেয়ালের চারিদিকে ঘুরছে তার চোখ, যেন এখনো তার মাঝে আধা প্রত্যাশা জাগ্রত যে, এই দেয়ালের কোথাও মিলে যাবে একটি জানালা। ‘এইখানে রাত আর দিনে কোনো ফারাক নেই। কেউ সময় হিসাব করতে পারবে এমন কোনো পথ এখানে দেখছি না। ’
বাইরে থেকে অনেক বুটের ঝম-ঝম আওয়াজ আসছে। বিকট শব্দ তুলে খু
তাদের এমন অসংলগ্ন কথাবার্তা চলল মিনিট কয়েক, অতঃপর, আচমকা টেলিস্ক্রিন চিৎকার পাড়লো, আর সাথে সাথে দুজনই চুপ মেরে গেল। নিশ্চুপ বসে উইনস্টন, হাতদুটো আগের মতোই হাঁটুর ওপর আড়াআড়ি করে রাখা। সরু বেঞ্চটি বিশাল বপুর অ্যাম্পলফোর্থের জন্য আরামদায়ক হওয়ার কথা নয়, একটি হাঁটু ঘিরে দুই হাতের আঙুল কেচকি মেরে একবার এদিক আরবার ওদিক তাকাচ্ছে সে। ফের ঘেউ করে উঠল টেলিস্ক্রিন, অ্যাম্পলফোর্থকে সটান হয়ে থাকার নির্দেশ। সময় বয়ে যাচ্ছে। বিশ মিনিট কিংবা এক ঘণ্টা—হিসাব কষা কঠিন। আরো একবার বাইরে থেকে বুটের শব্দ এলো। উইনস্টনের অন্ত্র বার্তা দিল, খুব শিগগিরই, হতে পারে পাঁচ মিনিটে, হতে পারে এখনই এই যে বুটের ভারী শব্দ, যার মানেই হলো তার নিজের পালা এসে গেছে।
দরজা খুলে গেল। শীতল হলুদমুখো কর্মকর্তা প্রকোষ্ঠে পা ফেললেন। হাতের সামান্য ইশারায় তিনি অ্যাম্পলফোর্থকেই ইঙ্গিত করলেন।
‘রুম ১০১’—বললেন তিনি।
অনভ্যস্ত ভঙ্গিমায় নিরাপত্তারক্ষীদের মাঝখান দিয়ে এগিয়ে গেল অ্যাম্পলফোর্থ, তার চেহারায় একটা অস্পষ্ট উদ্বেগ আছে তবে ভয়ের দেখা নেই।
মনে হচ্ছিল দীর্ঘ সময় পার হয়ে গেছে। পেটের ব্যথা ফিরে এসেছে উইনস্টনের। একই কৌশলকে ঘিরে তার মনটাও ঘুরপাক খাচ্ছে; ঠিক যেমন করে একই গর্তের ভেতরে পড়ে একটি বল একইভাবে ঘুরপাক খায়। তার চিন্তা জগতকে ঘিরে রয়েছে মোটে ছয়টি বিষয়। পেটের পীড়া; এক টুকরো রুটি; রক্ত আর চিৎকার; ও’ব্রায়েন; জুলিয়া; আর একটি রেজর ব্লেড। আবারও অন্ত্রে খিঁচুনি অনুভব করল। বুটের শব্দগুলো এগিয়ে আসছে। দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়া বাতাস বয়ে আনল শীতল ঘামের তীব্র কটু গন্ধ। পারসন্সের প্রবেশ কয়েদ খানায়। পরনে খাকি শর্টস আর স্পোর্টস-শার্ট। নিজের অজান্তেই এবার চমকাল উইনস্টন।
‘তুমি এখানে!’—বলল সে।
উইনস্টনের দিকে এক নজর তাকাল পারসন্স, তাতে নেই কোনো বিস্ময়, কোনো আগ্রহও, তবে রহস্যটুকু ঝুলে আছে। উপর-নিচে ঝাঁকি মেরে মেরে হাঁটহাঁটি জুড়ে দিল, সোজা হয়ে থাকা তো তার পক্ষে অসম্ভবই। থলথলে হাঁটু তুলে প্রতিবার পা ফেলার সময় কাঁপছে। চোখ দুটো বিস্ফোরিত, স্থির চাহনি, যেন কাছে ধারের কোনো একটা কিছু চোখ পাকিয়ে দেখছে।
‘তোমাকে ঢুকিয়েছে কেন?’—বলল উইনস্টন।
‘চিন্তা অপরাধ!’—বলল পারসন্স। অনেকটা কাঁদো কাঁদো কণ্ঠ তার। তবে কণ্ঠস্বরই বলে দিচ্ছিল সে মেনে নিয়েছে যে, সে অপরাধী। আর এমন একটা শব্দ তার জন্যই খাটে। উইনস্টনের ঠিক উল্টোদিকে খানিকটা থামল সে, আর বলতে শুরু করল, ‘মনে করো না ওরা আমাকে গুলি করবে, ঠিক তাই বুড়ো ভাম! তুমি কিছু না করলে, ওরা তোমাকে গুলি করবে না—মোটে তো চিন্তা করা, চিন্তার ওপর তো তোমার নিয়ন্ত্রণ নেই। আমি জানি ওরা তোমার কথা শুনবে। ওদের ওপর এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস! ওরা আমার নথিপত্র ঘাটবে, তাই না? তুমি তো জানো কেমন লোক ছিলাম আমি। আমি তো খারাপ ছিলাম না। মেধাবী নই কিন্তু বুদ্ধি তো ছিল। পার্টির জন্য যা কিছু করা সম্ভব ছিল করেছি, বলো করি নি? পাঁচ বছরের মধ্যে আমি ছাড়া পেয়ে যাব, তোমার কী মনে হয়? অথবা হতে পারে দশ বছর। শ্রম-শিবিরে আমার মতো লোক বেশ কাজে লাগবে। একবার লাইনচ্যুত হওয়ার জন্য ওরা নিশ্চয়ই আমাকে গুলি করে মারবে না?’
‘তুমি কি দোষী?’—বলল উইনস্টন।
‘অবশ্যই আমি দোষী!’ টেলিস্ক্রিনের দিকে বশংবদ দৃষ্টি রেখে কাঁদো কাঁদো উচ্চারণ পারসন্সের। তুমি নিশ্চয়ই মনে করো না, পার্টি কোনো একজন নির্দোষ ব্যক্তিকে আটক করবে, তাই না?’ তার ব্যাঙ-সদৃশ মুখখানি আরো শান্ত হয়ে উঠতে থাকল, আর অভিব্যক্তি স্রেফ বকধার্মিকের রূপ নিতে থাকল। ‘চিন্তাঅপরাধ একটা ভয়ঙ্কর কাজ, বুড়ো ভাম’—বলল সে। ‘এটা বিশ্বাসঘাতকতা। অজান্তেই তোমার ভেতরে এটা ঢুকে পড়তে পারে। তুমি জানো আমার ভেতরে কী করে ঢুকল এই অপরাধ চিন্তা? আমার ঘুমের মাঝে! হ্যাঁ, সত্যি বলছি। আমি যেমন ছিলাম, সারাক্ষণ কাজ করে যেতাম, যতদূর পারি—কখনো কি জানতাম আমার মনের ভেতরে রয়েছে এক কু-এর বাস। এরপর আমি ঘুমের মাঝে কথা বলতে শুরু করলাম। তুমি কি জানো, ওরা আমাকে কী বলতে শুনেছে?’
কণ্ঠ নামিয়ে আনল এবার, কেউ যখন স্রেফ চিকিৎসার কারণে কিছু অশ্লীল উচ্চারণে বাধ্য হয় ঠিক তেমনই তার অভিব্যক্তি।
‘বিগ ব্রাদার নিপাত যাক!”—হ্যাঁ, ঠিক সে কথাটাই বলেছি আমি। একবার না, বারবার বলেছি। দ্যাখো বিষয়টা স্রেফ তোমার আর আমার মাঝে, বুড়ো ভাম, আরো বাড়াবাড়ি কিছু করে ফেলার আগেই ওরা আমাকে ধরে ফেলেছে, এতেই আমি খুশি। তুমি কি জানো ওরা আমাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আগেই আমি কী বলতে যাচ্ছি? “তোমাদের ধন্যবাদ”—ঠিক এই কথাটিই আমি ওদের বলব, বলব “খুব দেরি হয়ে যাওয়ার আগেই তোমরা আমাকে রক্ষা করেছো এই জন্য ধন্যবাদ”। ’
‘কে ধরিয়ে দিল তোমাকে?’—প্রশ্ন উইনস্টনের।
‘আমার ছোট মেয়ে’—বলল পারসন্স। দুঃখভরা গর্বের উচ্চারণ তার। ‘চাবিপথে আড়ি পেতে ও শুনে ফেলেছে। ও শুনতে পেয়েছে আমি কথাগুলো বলেছি, আর পরের দিনই তা টহলদারদের কাছে বলে দিয়েছে। সাত বছরের এই দুধের বাচ্চার জন্য এ এক দারুণ কাজ, কী বলো? এ জন্য ওর প্রতি আমার এতটুকু অভিযোগ নেই। আসলে ওর জন্য আমি গর্বিতই বোধ করছি। এতে বোঝা গেল, আমি ওকে সঠিকভাবেই বড় করে তুলতে পেরেছি। ’
আবারও উপর-নিচে ঝাঁকি দিতে দিতে কয়েক পা হাঁটল সে, পায়খানার প্যানটির ওপর দৃষ্টি ফেলে রেখে কয়েকবার হাঁটাহাঁটি করল। এরপর হুট করেই শর্টসের ফিতা খুলে নামিয়ে দিল।
‘ক্ষমা করো, বুড়ো ভাম’—বলল সে। ‘আর পারছি না ধরে রাখতে। ’
বৃহৎ পাছাখানি পায়খানার প্যানে ঝুলিয়ে দিল সে। আর উইনস্টন দুই হাতে মুখ ঢাকল।
‘স্মিথ!’—চিৎকার দিয়ে উঠল টেলিস্ক্রিন। ‘৬০৭৯ স্মিথ ডব্লিউ! মুখ খোলো। কারাকক্ষে মুখ ঢাকা চলবে না। ’
মুখ থেকে হাত সরাল উইনস্টন। পারসন্স পায়খানা সারছে অঢেল আর সশব্দে। অতঃপর দেখা গেল ফ্ল্যাশ কাজ করছে না, ফলে পরের কয়েক ঘণ্টা হাগার ভয়াবহ গন্ধে ডুবে থাকল পুরো কারাকক্ষ।
পারসন্সকেও সরিয়ে নেওয়া হয়েছে। রহস্যজনকভাবে এমন আরো বন্দি এলো আর গেল। এক নারী বন্দিকেও আনা হয়েছিল। তাকে যখন বলা হলো ‘রুম ১০১’—উইনস্টন লক্ষ্য করল, শব্দ দুটি শোনার সঙ্গে সঙ্গে তার মুষড়ে যাওয়া শরীর আর রঙ পাল্টে যাওয়া চেহারার অভিব্যক্তি। একটা সময় এলো, তাকে যদি এখানে সকালে আনা হয় তাহলে তখন বিকেল, আর যদি বিকেলে আনা হয়, তাহলে তখন মধ্যরাত। তখন নারী পুরুষ মিলিয়ে প্রকোষ্ঠে ছয় কয়েদী। সবাই স্থির বসে আছে। উইনস্টনের উল্টোদিকে বসে এক ব্যক্তি, চোয়ালবিহীন দাঁতাল চেহারা, যেন কাঠবিড়ালির বড় অহিংস্র রূপ। তার থলথলে, ঝুলে থাকা গালদুটো নিচের দিকে এতটাই ভারী যে ওখানে কিছু খাবার জমিয়ে রাখা হয়েছে সে কথা মনে না করাটাই কঠিন। ফ্যাকাশে ধূসর চোখদুটো ভয়ার্ত চাহনিতে একের পর অন্যের মুখের ওপর কিছুটা লটকে রেখে অন্যপক্ষ টের পাওয়ার আগেই সরিয়ে নিচ্ছিলেন।
দরজা খুলে গেল, আরেকজন কয়েদীকে ঢোকানো হলো যাকে দেখে উইনস্টনের ভেতরে একটি হিম শীতল অনুভূতি বয়ে গেল। বৈশিষ্ট্যহীন, সাধারণ চেহারার লোকটি প্রকৌশলী বা কারিগর গোছের কিছু একটা হবেন। তবে তার চেহারায় ফুটে ওঠা দুর্বলতা ছিল চমকে দেওয়ার মতো। ওটা যেন স্রেফ একটা খুলি। মুখমণ্ডল এতটাই শুকনো যে চোয়াল আর চোখদুটো মনে হচ্ছিল অপেক্ষাকৃত বড়, আর সে চোখে মেখেছিল কারো কিংবা কোনো কিছুর প্রতি তীব্র ঘৃণা।
উইনস্টনের অদূরেই বেঞ্চির ওপর বসলেন তিনি। উইনস্টন তার দিকে দ্বিতীয়বার তাকাচ্ছিল না, কিন্তু খুলির মতো দেখতে মুখখানি তার মনের মধ্যে এমনভাবে গেঁথে থাকল যেন সেটি ঠিক তার মুখের সামনে। হঠাৎই তার মাথায় এলো ঘটনাটা আসলে কী। লোকটি মূলত ক্ষুধার কারণেই মরতে চলেছে। কারাকক্ষের বাকিদের মাঝেও যেন একই সময়ে সেই একই চিন্তা বয়ে গেল। কারণ বেঞ্চির চারিদিকে সকলের মুখেই তখন একই থমথমে ভাব। চোয়ালবিহীন লোকটিও চোখ দুটো খুলিমুখো মানুষটির ওপর কিছুক্ষণ স্থির করে রেখে অপরাধীর মতো আস্তে সরিয়ে নিলেন, এরপর এক অপ্রতিরোধ্য আকর্ষণে আবার চোখ দুটো ঘুরিয়ে নিলেন তার দিকে। এসময় বসে বসে দুলছিলেন তিনি। অবশেষে তিনি সটান উঠে দাঁড়ালেন, অস্থিরভাবে প্রকোষ্ঠের ভেতর এদিক-ওদিক করলেন, আলখেল্লার পকেটে একবার হাত ঢুকিয়ে দিলেন, আর, অতি লজ্জিত মুখে হাতে তুলে আনা এক টুকরো কালচে রুটি খুলিমুখো লোকটির সামনে ধরলেন।
তীব্র তারস্বরে ক্রোধান্বিত গর্জন বেরিয়ে এলো টেলিস্ক্রিন থেকে। চোয়ালবিহীন লোকটি লাফ মেরে নিজের আসনের সামনে। খুলিমুখো মানুষটি দ্রুতই দুটি হাত লুকিয়ে ফেললেন পিছনে, যেন গোটা বিশ্বকে দেখিয়ে দিতে চান, ওই উপহার তিনি নিতে চান নি।
‘বামস্টিড!’ গর্জে উঠল কণ্ঠস্বর। ‘২৭১৩ বামস্টিড জে.! রুটির টুকরোটি নিচে ফেলে দাও!’
চোয়ালহীন মানুষটি রুটির টুকরোটি মেঝেতে ফেলে দিলেন।
‘ঠিক যেখানে রয়েছো সেখানেই দাঁড়িয়ে থাকো’—নির্দেশ কণ্ঠস্বরের। ‘দরজার দিকে মুখ করো, আর কোনো নড়াচড়া নয়। ’
ঠিক ঠিক মানলেন চোয়ালহীন লোকটি। তার বড় ঝুলে থাকা গালদুটি থরথর করে নিয়ন্ত্রণহীন কেঁপে চলেছে। ক্যাঁচ করে খুলে গেল দরজার পাল্লা। তরুণ কর্মকর্তাটি ভিতরে ঢুকেই পাশের দিকে সরে গেলে বিশাল বাহু আর কাঁধের এক ষণ্ডামার্কা নিরাপত্তারক্ষী ঢুকল। চোয়ালহীনের ঠিক সামনে ততক্ষণে দাঁড়িয়ে সে, আর তখনই, কর্মকর্তার ইশারা পেয়ে, শরীরের সব শক্তি দিয়ে চোয়ালহীন মুখটির ওপর কষে এক ঘুষি বসিয়ে দিল। ঘুষির চোটে লোকটি মেঝেতে পড়ে ছিটকে পায়খানার প্যানের সঙ্গে ধাক্কা খেলেন। হতভম্বের মতো কিছুটা সময় সেভাবেই পড়ে থাকলেন, মুখ আর নাক দিয়ে ততক্ষণে কালো ঘন রক্ত বেরিয়ে এসেছে। একটা অতি হালকা শব্দ গুমড়ে উঠল, অসচেতনতায় তা বেরিয়ে এলো লোকটির মুখ থেকে। এরপর হাত ও হাঁটুতে ভর দিয়ে অবিন্যস্তভাবে নিজেকে তুলে ওঠালেন। রক্ত আর লালা সমেত দুই পাটি দাঁত মুখ থেকে ঝরে পড়ল।
বাকি কয়েদীরা সবাই স্থির বসে আছে। প্রত্যেকের হাত হাঁটুর ওপর আড়াআড়ি করে রাখা। হামাগুড়ি দিয়ে চোয়ালহীন মানুষটি নিজের স্থানে ফিরলেন। মুখের নিচের দিকে একটি অংশে মাংস ততক্ষণে কালচে রঙ ধরেছে। ধীরে ধীরে পুরো মুখটি চেরি-রঙা একটি কদাকার রূপ নিল, যার ঠিক মাঝখানে একটি কালো গর্ত।
একটু পর পর কিছুটা রক্ত আলখেল্লার বুকের ওপর পড়ছে। তার ধূসর চোখ দুটো তখনও মুখ থেকে মুখে ফিরছে, তাতে আগের চেয়েও বেশি অপরাধের অভিব্যক্তি, যেন আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন তার এই অপদস্থতায় অন্যদের অবজ্ঞা কতখানি।
দরজা খুলে গেলো। সামান্য ইশারায় খুলিমুখো লোকটিকে নির্দেশ করলেন তরুণ কর্মকর্তা।
‘রুম ১০১’—বললেন তিনি।
উইনস্টনের দিকটায় একটা হাঁপানি আর ব্যাকুলতার শব্দ উঠল। লোকটি তার দুই হাত জোর করে মেঝেতে লুটিয়ে পড়লেন।
‘কমরেড! অফিসার!’—কান্না জুড়ে দিলেন তিনি। ‘আমাকে ওখানে নেওয়ার প্রয়োজন নেই! আমি তো আগেই আপনাদের সব বলেছি। এর বাইরে আর কী জানতে চান আপনারা? স্বীকার করে নেওয়ার মতো আর তো কিছুই নেই, কিচ্ছু না! আমাকে বলুন আর কী জানতে চান? আমি সোজা সব স্বীকার করে নেব। লিখে দিন আমি সই করে দেই—যা কিছু! কিন্তু ওই ১০১ নম্বর রুমে নেবেন না!’
‘রুম ১০১’—বললেন কর্মকর্তাটি।
লোকটির চেহারা ততক্ষণে ফ্যাকাশে হয়ে এমন রঙ ধরেছে যে উইনস্টনের কাছে অবিশ্বাস্য ঠেকছে, এমনটা হতে পারে। নিশ্চিত আর নির্ভুলভাবে সে রঙটি ছিল সবুজাভ।
‘আমাকে নিয়ে যা মন চায় করুন’—চিৎকার করে উঠলেন লোকটি। ‘আপনারা আমাকে সপ্তাহের পর সপ্তাহ ধরে না খাইয়ে রেখেছেন। এবার ক্ষ্যামা দিন, আমাকে মরতে দিন। আমাকে গুলি করুন, ফাঁসি দিন। পঁচিশ বছরের কারাদণ্ড দিন। আর কার কথা আপনারা আমার কাছে জানতে চান? বলুন কে? আপনারা যা চান আমি তাই বলব। কাউকে নিয়ে আর আমার চিন্তা নেই, কে তা নিয়েও আমি পরোয়া করি না। আমার এক স্ত্রী আর তিন সন্তান। সবচেয়ে বড়টির এখনো ছয় বছর হয়নি। আপনারা ওদেরও নিয়ে যেতে পারেন, আমার সামনেই ওদের জিহ্বা কেটে ফেলতে পারেন, আমি স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কিন্তু আমাকে ওই ১০১ নম্বর রুমে নেবেন না!’
‘রুম ১০১’—শীতল উচ্চারণ কর্মকর্তাটির।
ক্ষিপ্ত চাহনি দিয়ে কক্ষের অন্য কয়েদীদের বিঁধতে থাকলে লোকটি, চোখের ভাষা যেন বলছে, তার স্থানে এদের মধ্য থেকে আরেকজনকে পাঠিয়ে দিতে পারবেন কিনা সেটাই খুঁজছেন। এরপর চোখদুটি গিয়ে স্থির হলো চোয়ালহীন থেঁতলানো মুখটির ওপর। সব ক্ষোভ যেন তারই ওপর। ওর দিকে ক্ষীণকায় একটি বাহু ছুঁড়তে শুরু করলেন।
‘আমাকে নয়, তোমাদের উচিত ওঁকে নিয়ে যাওয়া!’—চিৎকার করে বললেন তিনি। ‘তোমরা শোনোনি, মুখখানি থেঁতলে দেওয়ার পর সে কী বলেছে। আমাকে বলতে দাও, ওর প্রতিটি শব্দ আমি তোমাদের বলে দেব। আসলে আমি নই, সেই হচ্ছে পার্টি বিরোধী। ’
নিরাপত্তা রক্ষীরা সামনে এগিয়ে এলো। লোকটির কণ্ঠ তীক্ষ্ণতর হলো, তোমরা শুনতে পাচ্ছো না আমার কথা! বারবার বলতে লাগলেন তিনি। ‘টেলিস্ক্রিনে কিছু একটা সমস্যা হয়েছে। তোমরা আসলে আমাকে নয় ওকে নিতে চাচ্ছো। ওকেই নিয়ে যাও, আমাকে নয়!’
দুই রক্ষী লোকটির দুই বাহু লক্ষ করে এগিয়ে গেল আর ধরতে উদ্যত হলো। কিন্তু ঠিক তখনই মেঝেতে শুয়ে পড়লেন তিনি আর বেঞ্চিটির একটি লোহার পায়া দুই হাতে শক্ত করে ধরে ফেললেন। এবার কোনো কথা নেই। মুখ থেকে ভেসে আসছে পশুর মতো গোঙানির শব্দ। রক্ষীরা তাকে ধরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু বিস্ময়কর শক্তি দিয়ে তিনি আঁকড়ে ধরে আছেন লোহার পায়া। সম্ভবত বিশ সেকেন্ড রক্ষীরা তাকে টানাটানি করল। বাকি কয়েদীরা মুখে কুলুপ এঁটে বসে আছেন, যার যার হাত হাঁটুর ওপর আড়াআড়ি করে রাখা। প্রত্যেকেরই নিজ নিজ সম্মুখপানে দৃষ্টি। গোঙানি থেমেছে। ফাঁসিতে ঝোলানোর জন্য প্রয়োজনীয় নিঃশ্বাসটুকু ছাড়া লোকটির কাছে তখন আর অবশিষ্ট কিছুই নেই। এরপর শুরু হলো ভিন্ন রকমের কান্না। রক্ষীদের একজনের কষে মারা বুটের লাথিতে লোকটির একহাতের সবগুলো আঙুল ভেঙে গেল। এরপর তার পা ধরে ওরা দুজন তাকে টেনে হিঁচড়ে বের করল।
‘রুম ১০১’—বললেন কর্মকর্তাটি।
লোকটিকে বাইরে নেওয়া হলো। মাথা হেট করে, জখম হাতটি ডলতে ডলতে অবিন্যস্ত পায়ে নিজেই এগিয়ে গেলেন, সংগ্রামের সকল শক্তিই তখন শেষ তার।
এরপরও কেটে গেল দীর্ঘ সময়। খুলিমুখো মানুষটিকে যখন নিয়ে যাওয়া হয়, তখন যদি মধ্যরাত হয়ে থাকে তাহলে এখন সকাল। আর যদি তখন সকাল হয়ে থাকে, তাহলে এখন বিকেল। উইনস্টন এখন একা। কয়েক ঘণ্টা ধরেই সে একা। সরু বেঞ্চিতে বসে থাকতে থাকতে যখন পশ্চাৎদেশে ব্যথা ধরে যায় তখন মাঝে মধ্যে সে উঠে একটু হাঁটাহাঁটি করে। তাতে অবশ্য টেলিস্ক্রিনের কটুকাটব্য শুনতে হয় না। রুটির টুকরোটি চোয়ালহীন ব্যক্তি মেঝের ঠিক যেখানটায় ফেলেছিলেন সেখানেই পড়ে আছে। শুরুতে ওটির দিক থেকে চোখ ফিরিয়ে রাখা কঠিন হলেও এখন পারছে। এখন তার ক্ষুধার চেয়ে পানির তেষ্টাটাই বেশি অনুভব হচ্ছে। মুখের ভেতরটায় কেমন চটচটে আর বিস্বাদ ঠেকছে। ঝিম ধরা শব্দটি আর একই সাদাটে আলো তার মাথার ভেতরে এক ধরনের অচেতনতা ও শূন্যতাবোধ তৈরি করেছে।
এবার একটু উঠতেই হলো কারণ হাড্ডিতে ধরে যাওয়া ব্যথা আর সহ্য করা যাচ্ছিল না; তবে পরক্ষণেই বসেও পড়তে হলো কারণ পায়ের ওপর দাঁড়িয়েও থাকতে পারছিল না। শরীরের যন্ত্রণা যখন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ঠিক তখনই আতঙ্ক ফিরে এলো। কখনো কখনো আবছা আশায় বুক বেঁধে সে ও’ব্রায়েন আর রেজর ব্লেডের কথা ভাবে। ভাবছে রেজর ব্লেডটি তার কাছে আসবে খাবারের মধ্যে করে, যদি কিনা আদৌ তাকে কখনো খেতে দেওয়া হয়। আরো ক্ষীণভাবে তার ভাবনায় আসে জুলিয়া। কোথাও বা অন্যত্র সে হয়ত তার চেয়েও চরম ভোগান্তিতে সময় কাটাচ্ছে। এখনই হয়ত প্রচণ্ড ব্যথায় সে কাতরাচ্ছে, চিৎকার পাড়ছে।
‘যদি নিজের কষ্টকে দ্বিগুণ করে নিয়ে জুলিয়াকে বাঁচানোর সুযোগ পাই, তাহলে কি তা করব? হ্যাঁ, করব’—ভাবল সে।
কিন্তু সেতো স্রেফ এক বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত, সে নিয়েছে কারণ সে ভাবছে তার নেওয়াই উচিৎ। সে তো এটা অনুভব করতে পারছে না। এইখানে আপনি কিছুই অনুভব করতে পারবেন না, স্রেফ ব্যথা ছাড়া, আর ব্যথার ধারণা ছাড়া। এছাড়াও, এও কি সম্ভব, ঠিক যখন আপনি কষ্টে ভুগছেন তখন এমন একটি কারণও কি থাকতে পারে যার জন্য আপনি চাইবেন এই কষ্ট বেড়ে যাক? সে প্রশ্নের জবাব দেওয়ারও সুযোগ এখন নেই।
বুটের ভারী শব্দ আসছে। দরজা খুলে গেল। ও’ব্রায়েন ঢুকলেন।
উইনস্টনের চোখ তার পায়ের দিকে। এই দৃশ্য দেখার পর তার সতর্কতার সকল শক্তিই উবে গেছে। অনেক অনেক বছরে এই প্রথম টেলিস্ক্রিনের উপস্থিতির কথা ভুলে গেছে সে।
‘ওরা আপনাকেও ধরে ফেলেছে!’—চিৎকার করে বলল সে।
‘ওরা আমাকে অনেক আগেই ধরে ফেলেছে’—ক্ষীণ অথচ দুঃখিত স্বরে উচ্চারণ ও’ব্রায়েনের। পা ফেলে একদিকে সরলেন তিনি। তার পেছন থেকে চওড়া বুকের এক রক্ষী লম্বা কালো লাঠি হাতে ঢুকলেন।
‘তুমিও জানো, উইনস্টন’—বললেন ও’ব্রায়েন। ‘নিজেকে ধোঁকা দিও না। তুমি জানতে, তুমি বরাবরই সব জানতে। ’
হ্যাঁ, এখন সে দেখছে, সে তো বরাবরই সব জানত। কিন্তু তা নিয়ে ভাবার সময় এখন নয়। এখন তার চোখ আটকে আছে রক্ষীর হাতের লাঠির ওপর। এখানে সেখানে আঘাত পড়ছে। মাথা, কানের লতিতে, বাহুতে, কনুইয়ে—
কনুই! হাঁটুর ওপর ধপ করে নিজেকে ছেড়ে দিল সে। জরাগ্রস্ত প্রায়, আঘাতপ্রাপ্ত কনুই ডলছে অন্য হাতে। সবকিছুই এক হলুদ আলোয় বিস্ফোরিত হয়ে গেল। অসহনীয়, একটি ঘুষিতেই এত অসহনীয় ব্যথা! এরপর আলো পরিষ্কার হয়ে এলো, তখন সে দেখতে পাচ্ছে অন্য দুজন তার দিকে তাকিয়ে।
রক্ষীটি তার মুষড়ে পড়া দেখে হাসছে। যেভাবেই হোক একটি প্রশ্নের উত্তর মিলেছে। কখনো, পার্থিব কোনো কারণেই, আপনি আপনার ব্যথা বা কষ্ট বাড়াতে চাইবেন না। ব্যথার বিষয়ে আপনার একটিই প্রত্যাশা থাকবে তা হচ্ছে ব্যথা বন্ধ হওয়া। শারীরিক কষ্টের কিংবা ব্যথার চেয়ে খারাপ কিছু এই পৃথিবীতে আর নেই। ব্যথার সামনে কোনো বীরত্ব চলে না, থাকে না বীরের সাহস, মেঝেতে কুঁকড়ে পড়ে থেকে, অকেজো বাম বাহুটি অকারণ চেপে ধরে রেখে সেসবই ভাবতে থাকল সে।
