অধ্যায় পাঁচ
কয়েদি জীবনের প্রতিটি পর্যায়েই সে জানত, বলা যায় ধারণা করতে পারত, এই জানালাবিহীন অতিকায় ভবনের ঠিক কোনখানে তার অবস্থান। হতে পারে বায়ুর চাপের তারতম্য থেকেই বিষয়টি বুঝে নিত। যেই কয়েদখানাগুলোতে রক্ষীরা তাকে বিভিন্ন সময়ে নির্যাতন চালিয়েছে ওগুলো গ্রাউন্ড লেভেলের নিচেই হবে। যে কক্ষে ও’ব্রায়েন তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সেটি ছাদের কাছাকাছি কোনো একটি তলায় ছিল। আর এখন তাকে যেখানে নেওয়া হয়েছে সেটি আন্ডারগ্রাউন্ডেরও অনেক অনেক গভীরে, বলা যায় যতটা গভীরে সম্ভব তার পুরোটাই নিচে অবস্থান এই কয়েদখানার।
এর আগে যতগুলো কুঠুরিতে সে ছিল তার যে কোনোটির চেয়ে এটি অপেক্ষাকৃত বড়। তবে আশপাশে কী আছে তা কদাচই তার চোখে পড়েছে। যা সে দেখেছে তা হচ্ছে— ঠিক সামনে পেতে রাখা দুটি ছোট টেবিল। দুটোর ওপরেই সবুজ রঙের মোটা পশমি কাপড় বিছানো। প্রথমটি তার কাছ থেকে এক কিংবা দুই মিটার দূরে হবে। আরেকটি আরেকটু দূরে, দরজার কাছাকাছি। একটি চেয়ারে পিঠমোড়া বেঁধে রাখা হয়েছে তাকে। এতটাই শক্তভাবে যে কার্যত শরীরের কোনো অংশই নড়াচড়া করাতে পারে না, এমনকি মাথাটিও না। একটা নরম কিছু পেছন থেকে মাথাটি টেনে চেপে রেখেছে। আর সে কারণে স্রেফ সোজা তাকিয়ে থাকতে পারছে। আশপাশে কিছুই দেখার জো নেই।
কিছুক্ষণ সে একাই ছিল, এরপর দরজাটি খুলে গেল আর ও’ব্রায়েন ঢুকলেন।
‘সেবার তুমি আমার কাছে জানতে চেয়েছিলে,’ বললেন ও’ব্রায়েন, ‘রুম নম্বর ১০১ এ কী আছে? আমি বলেছিলাম, তুমি কিন্তু এরই মধ্যে জেনে গেছ। প্রত্যেকেই জানে। বিশ্বের সবচেয়ে খারাপ কিছুই রয়েছে এই রুম নম্বর ১০১ এ।’
ফের খুলে গেল দরজা। একজন রক্ষী ঢুকলেন, হাতে কিছু একটা, দেখে মনে হলো তার দিয়ে তৈরি, বাক্স বা ঝুড়ির মতো কিছু একটা। অপেক্ষাকৃত দূরের টেবিলটির ওপর সে রাখল ওটি। ওই টেবিলটির কাছাকাছিই দাঁড়িয়ে ছিলেন ও’ব্রায়েনও। উইনস্টন দেখতে পাচ্ছিল না, কী ওটি।
‘বিশ্বের সবচেয়ে খারাপ কিছু,’ ফের বললেন ও’ব্রায়েন, ‘তবে ব্যক্তিভেদে তা ভিন্ন ভিন্ন রকম। হতে পারে জীবন্ত কবর দেওয়া হয় ওখানে, আগুনে পুড়িয়ে মারা হয়, চুবিয়ে মারা হয় পানিতে, নয়তো শূলবিদ্ধ করা হয়, এমন আরও পঞ্চাশ ধরনের মৃত্যুর আয়োজন। আরও কিছু আছে যা অপেক্ষাকৃত হালকা গোছের, প্রাণনাশক নয়।’
একদিকে একটু সরলেন ও’ব্রায়েন, তাতে টেবিলের ওপর বস্তুটি ভালো করে নজরে এল উইনস্টনের। একটা আয়তকার হাতলওয়ালা ঝুড়ি। সামনে ঢাকনার মতো কিছু একটা বাইরের দিকে ভাঁজ হয়ে এসেছে। তার থেকে তিন কিংবা চার মিটার দূরে হলেও দেখতে পারছে ঝুড়িটির ভেতরে দুটি অংশ, যার প্রতিটির মধ্যেই একটি করে জন্তু রয়েছে। দু’টি ইঁদুর।
‘তোমার জন্য,’ বললেন ও’ব্রায়েন, ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ হচ্ছে ইঁদুর।’
ঝুড়িটির ওপর প্রথম নজর ফেলেই এক ধরনের কাঁপুনি, আর অনিশ্চিত ভীতি বয়ে গেল উইনস্টনের গোটা শরীর দিয়ে। কিন্তু ঠিক এই মুহূর্তে ওই ঢাকনার মতো দেখতে অংশটুকুই তার গভীরে ঢুকে পড়ল। মনে হলো তার অস্ত্রগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে।
‘আপনি এটা করতেই পারেন না!’ সজোরে চিৎকার করে উঠল সে। ‘আপনি পারেন না, আপনি এটা পারেন না, এটা অসম্ভব।’
‘তোমার মনে আছে,’ বললেন ও’ব্রায়েন, ‘তোমার স্বপ্নগুলোতে একধরনের ভীতি তোমায় পেয়ে বসত? তোমার ঠিক সামনে অন্ধকারের একটি দেয়াল তুমি দেখতে পেতে, আর কানে আসত এক ধরনের ভয়ংকর গর্জন। তুমি বুঝতে পারতে ভয়াবহ কিছু একটা রয়েছে দেয়ালের ওপারে। তুমি এও জানতে যে, ওগুলো কী তা তোমার জানা, কিন্তু তা প্রকাশ্যে আনার সাহস তোমার হতো না। দেয়ালের ওপারে যা ছিল তা ইঁদুর বৈ কিছু নয়।
‘ও’ব্রায়েন!’ বলল উইনস্টন, কণ্ঠস্বর একটু সংযত রাখার চেষ্টা করল, ‘আপনি জানেন এসবের কোনো প্রয়োজন নেই। আমাকে দিয়ে কোন কাজটি করানোর ইচ্ছা হচ্ছে আপনার?’
সরাসরি কোনো উত্তর ও’ব্রায়েন দিলেন না। যখনই কথা বলেন ওই স্কুল মাস্টার গোছের লাগে, কখনো কখনো ওই ভাবভঙ্গিতে আক্রান্তও হয়ে যান তিনি।
‘যন্ত্রণা দেওয়া সবসময় যথেষ্ট নয়। কখনো কখনো মানব সন্তান যন্ত্রণার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে, এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে থামে না। কিন্তু প্রতিটি মানুষের ক্ষেত্রে এমন কিছু একটা থাকে যা সে সহ্যই করতে পারে না- এমন কিছু যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সাহস আর ভীরুতা আলাদা বিষয়। তুমি যখন উপর থেকে পড়ে যাবে তখন হাতের কাছে রশি পেয়ে তা ধরে ফেলা ভীরুতা নয়। পানির গভীর থেকে উঠে এসে ফুসফুস ভরে বাতার নেওয়াও ভীরুতা নয়। এগুলো কিছু সহজাত পথ যা কখনোই ধ্বংস করা যাবে না। ঠিক এই ইঁদুরের মতো। তোমার জন্য, ইঁদুর স্রেফ অসহনীয়। ওগুলো সামনে এলে এমন কিছু হয়ে যায় যা তুমি আদৌ ধারণ করতে পার না, তুমি চাইলেও না। আর তখন তোমাকে যা করতে বলা হবে তুমি তাই করবে।
‘কিন্তু কী করতে হবে, কী? বলুন, আমি যদি নাই জানব, তো আমি কী করেই তা করব?’
‘ও’ব্রায়েন ঝুড়িটি তুললেন আর সেটি এনে অপেক্ষাকৃত কাছের টেবিলটির ওপরে রাখলেন। নিজের সবুজ পশমি কাপড়ের ওপর সাবধানেই ঝুড়িটি বসালেন তিনি। নিজের কানেই নিজের রক্ত চলাচলের শব্দ শুনতে পাচ্ছিল উইনস্টন। তার মনে হচ্ছিল ভীষণ একা হয়ে বসে আছে সে। কোনো এক বিস্তৃত বিশাল শূন্য সমতলে স্রেফ একাই বসে আছে। এক প্রশস্ত মরুভূমিতে তপ্ত সূর্যালোকের নিচে, আর তার কানের মধ্যে এসে বাজছে দূর থেকে ভেসে আসা সব অসহনীয় শব্দ। দুটি ইঁদুর সমেত খাঁচাটি তখন তার থেকে দুই মিটারও দূরে নয়। অতিকায় একেকটা ধারি ইঁদুর। যথেষ্টই বয়সী যে মুখটা ভোতা আর হিংস্র দেখাচ্ছে, আর গায়ের লোমগুলো ধূসরতা হারিয়ে বাদামি হয়ে গেছে।
‘ইঁদুরেরা,’ বললেন ও’ব্রায়েন, যে অদৃশ্য শ্রোতার উদ্দেশ্যেই বলা, ‘কাঠবেড়ালি গোছের হলেও মাংসাসী। আর তুমি সেটা ভালো করেই জান। তুমি নিশ্চয়ই এ শহরে গরিব পরিবারগুলোর ঘরে ঘরে কী ঘটেছে তা শুনেছ। কোনো কোনো এলাকায় মায়েরা তাদের শিশু সন্তানটিকে, পাঁচ মিনিটের জন্যও একা ফেলে রাখতে সাহস করেন না। স্রেফ ইঁদুরের নিশ্চিত হামলার ভয়ে। আর কোনো মানব সন্তান যখন অসহায় থাকে তখন ওরা তা বুঝে ফেলার বিস্ময়কর ক্ষমতা দেখায়।
খাঁচার ভেতর হঠাৎই বিকট কিচকিচ শব্দ তুলল জন্তু দুটি। যেন দূর থেকেই তারা উইনস্টনের ওপর হামলে পড়তে চায়। তবে ততক্ষণে ও’দুটো নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছে। খাচার মাঝখানের বেড়ার ভেতর দিয়েই একটির ওপর চড়াও হতে চায় অন্যটি। অসহায়ত্বের গভীর গোঙানি তার কানে আসছিল। আর সে শব্দ আর কারো নয়, তার ভেতর থেকেই বেরিয়ে আসছে।
খাঁচাটি উপরে তুললেন ও’ব্রায়েন, আর তখনই ওটির ওপরে একটা চাপ বসালেন। খট করে একটা আওয়াজ কানে এল। উইনস্টন উন্মত্ত হয়ে চেয়ার থেকে নিজের বাঁধনগুলো ছিঁড়ে ফেলতে চেষ্টা করল। কিন্তু সবই বৃথা; তার শরীরের কোনো অঙ্গ, এমনকি মাথাটিও সামান্য নড়ানো সম্ভব নয়। ও’ব্রায়েন খাঁচাটি আরও কাছে আনলেন। তখন সেটি উইনস্টনের মুখের এক মিটারও দূরত্বে হবে না।
‘আমি প্রথম হরকাটিতে চাপ দিয়েছি,’ বললেন ও’ব্রায়েন। ‘আর তুমি জান এই খাঁচাগুলো কীভাবে তৈরি হয়। মুখটা ঠিক তোমার মাথার ওপর বসানো হবে, বের হওয়ার কোনো পথ না রেখে। আমি যখন ঠিক দ্বিতীয় হরকাটিতে চাপ দেব, খাঁচার দরজাটি আস্তে করে উপরে উঠে আসবে। আর এই ক্ষুধার্ত জন্তুগুলো ঠিক বুলেটের মতো ছুটে বের হয়ে আসবে। তুমি কখনো ইঁদুরের লাফ দেখেছ? ওগুলো ঠিক তোমার মুখমণ্ডলের ওপর লাফিয়ে পড়বে, আর সেখানেই শুরু হবে ওদের হিংস্রতা। সাধারণত শুরুটা ওরা করে চোখ দিয়ে। কখনো কখনো ধাঁরালো দাঁতে গালটাকেই ছিদ্র করে ফেলে আর জিভ পর্যন্ত খেতে থাকে।
আরও কাছাকাছি নিয়ে এলেন খাঁচাটিকে, ক্রমেই আরও কাছে। কর্ণবিদারী এক হিংস্র শব্দ যেন তার মাথার ওপর দিক থেকে বয়ে আসছে। নিজের ভয়ের বিরুদ্ধে নিজেই ভীষণ লড়াই করে চলেছে সে। এক লহমার জন্য হলেও এখন তাকেই ভাবতে হচ্ছে, ভাবতেই হচ্ছে- কারণ ভাবনাই এখন তার একমাত্র ভরসার স্থল। তখনই ভীষণ ঘিনঘিনে একটা কটু গন্ধ এসে লাগল তার নাসিকারন্ধ্রে। ভীষণ এক বিবমিষা বোধ হতে লাগল তার, মনে হচ্ছিল পেট গুলিয়ে সব বের হয়ে আসবে, আর সব মিলিয়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ছিল সে। এ পর্যায়ে চারদিকটা অন্ধকার হয়ে এল। এক মুহূর্তের জন্য হলেও সে পাগল হয়ে গেল, তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগল আক্রান্ত পশুর আর্তনাদ। এরপর অন্ধকারাচ্ছন্নতা থেকে বেরিয়ে এল সে, সঙ্গে সঙ্গী হয়ে এল একটি ভাবনা। নিজেকে বাঁচানোর একটিই মাত্র পথ তার খোলা। তাকে আরেকটি মানব সন্ত নিকে সামনে ডেকে আনতে হবে, আরেকটি মানুষের শরীরকে দাঁড় করিয়ে দিতে হবে ঠিক তার ও ইঁদুর দুটির মাঝখানে।
খাঁচার মুখটি যতটুকু খুলে গেছে তাতে চোখ বন্ধ করে ফেলা ছাড়া আর কোনো পথ নেই। দরজাটি তার মুখমণ্ডল থেকে সামান্য দূরে। ইঁদুর দুটোও জেনে গেছে এখন ওদের কী করণীয়। একটি তো এরই মধ্যে উপর নিচে লাফালাফি জুড়ে দিয়েছে, অন্যটি ঘিনঘিনে নর্দমাবাসী বুড়ো টেকো দাদাভাইয়ের মতো যেন সবকিছু পরখ করে দাঁড়িয়ে আছে, গোলাপি রঙা একটি থাবা দিয়ে খাচার একটি দণ্ড ধরে রেখে জঘন্যভাবে বাতাসে নাক সিটকাচ্ছে। মুখের গোঁফ আর হলুদ দাঁতগুলোও নজরে এল উইনস্টনের। ফের সেই আঁধার করে দেওয়া ভয় তাকে পেয়ে বসল। অতি দ্রুতই সে দৃষ্টিহীন, অসহায় আর মনশূন্য হয়ে পড়ল।
চীন সাম্রাজ্যে এটা একটা সাধারণ সাজা,’ বললেন ও’ব্রায়েন, আগের মতোই সেই শিক্ষামূলক বাচনভঙ্গি তার।
খাঁচার মুখটি তখন তার আরও কাছে আনছেন তিনি। খাঁচার তারগুলো একবার তার গালে ঘষা লাগিয়ে গেল। আর তখনই— না, কোনো স্বস্তি নয়, স্রেফ আশা, একটি অতি সূক্ষ্ম আশাজাগানিয়া ভাবনা জেগে উঠল তার হৃদয়ে। দেরিই হয়ে গেছে, হয়তো খুবই দেরি হয়ে গেছে। কিন্তু হঠাৎই সে বুঝে গেল এই গোটা পৃথিবীতে মাত্র একটিই মানুষ আছেন যার ওপর সে তার এই শাস্তি আরোপ করে দিতে পারে— একটিই মাত্র শরীর তার ও এই ইঁদুরদ্বয়ের মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া যায়। এবার ভীষণ উগ্রতায় সে চিৎকার জুড়ে দিল— জোরে আরও জোরে।
‘আরে জুলিয়ার কাছে নিয়ে যাও! জুলিয়ার সঙ্গে এগুলো করো! আমাকে নয়! জুলিয়াকে! ওর কী হলো না হলো তাতে আমার কিছুই যায় আসে না। ওর মুখ তোমরা ছিবড়ে ফেলো, গা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে হাড্ডি বের করে দাও। আমার না! জুলিয়ার! আমার না!’
ক্রমেই পেছনের দিকে পড়ে যাচ্ছে সে, অতল গভীরতায় পড়ছে আর পড়ছে, ইঁদুর দুটো থেকে দূরে আরো দূরে। তবে তখনো চেয়ারের সঙ্গেই আষ্টেপৃষ্ঠে বাঁধা সে। সেসব নিয়েই ভবনের দেয়াল ভেঙে, মাটি ফুঁড়ে, সমুদ্রের পানির মধ্য দিয়ে, বায়ুমণ্ডল চিড়ে, এই জ্যোতিষ্কমণ্ডল থেকে অন্য জ্যেতির্মণ্ডলে অসংখ্য তারকারাজির মধ্য দিয়ে— দূরে দূরে আরও দূরে ঘৃণ্য দুটি ইঁদুরের কাছ থেকে সবচেয়ে দূরে। ততক্ষণে যে অনেক আলোকবর্ষ দূরে সরে গেছে, কিন্তু ও’ব্রায়েন তখনও তার পাশে দাঁড়িয়ে। তার গালে তখনও সেই লোহার খাঁচার স্পর্শের ঠান্ডা অনুভূতি। অন্ধকার পুরো গ্রাস করে রাখলেও এরই মধ্যে ধাতব হরকায় আরও একটি চাপের শব্দ তার কানে এল। আর সে জানে খাঁচার দরজাটি এবার খুলল না, বন্ধই হলো।
