অধ্যায় ১০
দীর্ঘ ঘুম হয়েছে, ঘুম ভেঙ্গে এমন একটা অনুভূতিই হচ্ছিল তার। কিন্তু নজর পড়তেই পুরোনো আমলের ঘড়িটি বলে দিল রাত মোটে সাড়ে আটটা। মটকা মেরে আরো কিছুক্ষণ পড়ে থাকল সে; তখনই নিচের আঙ্গিনা থেকে ভেসে আসলো দরাজ গলায় গাওয়া গানের কলি:
নিষ্ফল এক অলীক কল্পনা ছাড়া কিছু নয়,
ফুরিয়ে গেল যেভাবে এপ্রিল ফুরোয়
কিন্তু সেই চাহনি, সেই শব্দ আর স্বপ্ন
হরণ করে নিয়ে যায় আমার হৃদয়।
এই অর্থহীন সঙ্গীত বুঝি তার জনপ্রিয়তা ধরেই রেখেছে। এখনো আপনি এখানে সেখানে শুনতে পাবেন। ঘৃণাগীতকেও ছাপিয়ে গেছে এই গান। গানের শব্দেই ঘুম ভাঙল জুলিয়ারও। লম্বা হাই তুলে মনের সুখে হাত পা ছুঁড়ে বিছানা ছাড়ল সে।
‘খিদে লেগেছে’—বলল সে। ‘চলো আরেকটু কফি বানাই। এই যা! স্টোভতো নিভে গেছে আর পানিও পুরো ঠাণ্ডা। ’ স্টোভটি তুলে ঝাকি দিল। ‘আরে এর তেলও তো ফুরিয়ে গেছে দেখছি!’
‘বুড়ো চ্যারিংটনের কাছ থেকে একটু ধার পাওয়া যাবে নিশ্চয়ই, না কি?’
‘অদ্ভুত লাগছে, পুরো তেলভর্তি ছিল স্টোভটি! যাক কাপড় তো পরি’—বলেই চলল জুলিয়া। ‘মনে হচ্ছে একটু ঠাণ্ডা পড়েছে। ’
উইনস্টনও বিছানা ছাড়ল, আর কাপড় পরে নিল। নিচে শ্রান্তিহীন কণ্ঠ তখনও গেয়ে চলছে:
তারা বলেছিল সবই হবে ঠিক
বলেছিল, তুমিও ভুলে যাবে সব
কিন্তু যে হাসি আর কান্না কেঁদেছি এতটা বছর
আমার হৃদয় আজো বিদীর্ণ হয় তাতে…
জানালায় ঝুলিয়ে রাখা আলখেল্লার বেল্ট তুলে বাঁধল সে। বাড়িগুলোর ওপারে সূর্য হেলে পড়েছে, আঙ্গিনায় আর নেই ঝলকানো রোদ। পাথুরে মেঝেটা ভেজা, যেন কিছুক্ষণ আগেই ধুয়ে রাখা হয়েছে। তার মনে হলো, ধুয়ে দেওয়া হয়েছে যেন আকাশটাকেও। পরিচ্ছন্ন হালকা নীল আকাশটা চিমনিগুলোর মাঝ দিয়ে উঁকি মারছে। শ্রান্তিহীন অবিরাম যাওয়া আর আসার মাঝে নারীটি মুখে একবার ছিপি পরছে একবার খুলছে আর তাতে থেমে থেমে ভেসে আসছে গানের সুর, সাথে একের পর এক ডায়াপার ঝুলছে শুকোনোর রশিতে। উইনস্টনের মনে প্রশ্ন জাগে, ধোপার কাজেই কি জীবিকা এই নারীর? নাকি বিশ-ত্রিশটা নাতি-নাতনির কোনো সংসারের কৃতদাস সে? জুলিয়া এসে পাশে দাঁড়াল, দুজনই অনেকটা মুগ্ধ হয়ে নিচের শক্ত-সামর্থ নারীটির দিকে তাকিয়ে। মহিলাটির চারিত্রিক ধরন ধারণ, মোটা বাহুদ্বয়ের ওঠানামা, মাদী ঘোড়ার মতো শক্ত-নধর নিতম্বদ্বয়ের বল্লরী দেখতে দেখতে প্রথমবারের মতো তার মনে হলো, বেশ তো সুন্দরী এই নারী! সন্তান জন্ম দিয়ে দিয়ে ফুলে যাওয়া বিশাল বপু কাজ আর শ্রমে শক্ত সুঠাম হয়ে বুড়ো শালগমে রূপ নেওয়া পঞ্চাশোর্ধ এক নারীকে সুন্দরী মনে করার মতো ঘটনাটিও তার জীবনে প্রথমই ঘটল। কিন্তু ব্যাপারটা এমনই, অন্তত তার মন তাই-ই বলছে। আর কেনই নয়? গ্রানাইটের মতো পেটানো শরীর, আঁচড়কাটা লাল ত্বক মিলিয়ে যেন তরুণীর দেহ বল্লরীই তুলছে সে। গোলাপের গাছে তো গোলাপের ফলও ধরে। ফুলের চেয়ে ফলকে কেনই ছোট করে দেখা?
‘নারীটি সুন্দরী’—অস্ফুট শব্দে উচ্চারণ তার।
‘নিতম্বের ঘের এক মিটার হবে, আমার বিশ্বাস’—বলল জুলিয়া।
‘ওতেই সৌন্দর্যটা ফুটে উঠেছে’—বলল উইনস্টন।
জুলিয়ার কোমল কটিদেশ দুবাহুতে জড়াল সে। নিতম্ব থেকে হাঁটু অবধি তারও বেশ মাংসল। কোনো সন্তান জন্ম নেবে না তাদের এই সব মিলন থেকে। এই একটি কাজ তারা কখনোই করতে পারবে না। কেবল মুখের বুলি আওড়িয়ে, মন দেওয়া নেওয়া করে, গোপন ইচ্ছাটি বাঁচিয়ে রেখে সময় পার করে দেবে তারা। নিচে কর্মরত ওই নারীর কোনো মন নেই, তার কেবল আছে দুই শক্ত-সামর্থ্য বাহু, উষ্ণতায় ভরা হৃদয়, আর অতি উর্বরা এক গর্ভ। তার কৌতূহল হলো জানার, ক’টি সন্তানের জন্ম দিয়েছে এই নারী! খুব সহজেই বলে ফেলা যায় অন্তত পনেরটি।
আশা যদি কিছু থেকে থাকে তা ওই প্রোলদের মাঝেই প্রোথিত!
তারও ছিল ক্ষণকালের ফুটন্ত সময়, হতে পারে বছর খানেক বন্য গোলাপের মতোই ফুটেছিল সে, এরপর হঠাৎ তার ফুলে পড়েছে পরাগ রেণু তাতে ফল এসেছে, এরপর ধীরে ধীরে দেহখানি হয়ে উঠেছে আরো শক্ত, লাল আর মোটা, এরপর তার জীবন জড়িয়ে গেছে ধোলাই, সারাই, সেলাই, রান্নাবান্না আর ঝাড়ামোছার কাজে, প্রথমে নিজের সন্তানদের জন্য পরে নাতি-নাতনীদের জন্য টানা ত্রিশটি বছর, অবিরাম। আর এত কিছুর পরেও সে এখনো গান করেই চলেছে। নারীটির জন্য রহস্যময় এক শ্রদ্ধাবোধ সে অনুভব করল, যা মিশে একাকার হয়ে গেল চিমনির পাত্রগুলোর পেছনে অসীম দূরত্বে ক্রমেই প্রলম্বিত হয়ে পড়া ফ্যাকাশে মেঘহীন আকাশের পথে। এবার তার ভাবনায় এলো—সবার জন্যই আকাশটি এক, ইউরেশিয়া কিংবা ইস্টেশিয়ার আকাশও ঠিক একই রকম যেমনটি এখানে এই ওশেনিয়ায়। আর এই আকাশের নিচের মানুষগুলোও একই রকম—সর্বত্র, সারা বিশ্বে, শত কোটি মানুষ ঠিক এমনই, এভাবেই তারা একে অন্যের অস্তিত্বের বিষয়েও অজ্ঞ, ঘৃণা আর মিথ্যার দেয়াল দিয়ে তারা বিচ্ছিন্ন, আর সর্বত্রই একই রকম—মানুষ কখনোই ভাবতে শেখেনি, কিন্তু তারা তাদের হৃদয়ে, পেটে আর পেশিতে পুঞ্জিভূত শক্তি ধারণ করে চলেছে যা একদিন গোটা বিশ্বটিকেই উল্টে দেবে। আশা যদি কিছু থেকে থাকে তা ওই প্রোলদের মাঝেই প্রোথিত!
এই বইটির শেষাবধি না পড়েই সে জেনে গেছে, এটাই হতে চলেছে গোল্ডস্টেইনের চূড়ান্ত বাণী। ভবিষ্যতের মালিক এই প্রোলরা। আর সে কতটাই বা নিশ্চিত করে বলতে পারে, যখন তাদের সময় আসবে তখন এই যে পার্টির বিশ্ব হিসেবে যে বিশ্ব তারা গড়েছে তাতে সে, উইনস্টন স্মিথ, নিজেই হয়ে উঠবে না এক ভিন গ্রহের মানুষ? হ্যাঁ, তাই হবে কারণ একদিন এই বিশ্ব যাবে সুস্থ মানসিকতার মানুষদের দখলে। যেখানে সাম্য সেখানেই সুস্থতা। খুব দ্রুত কিংবা আরও পরে একদিন সেটাই ঘটবে, শক্তি পরিবর্তিত হবে সচেতনতায়। প্রোলরা অবিনশ্বর, আঙ্গিনায় ওই বলশালী তনুখানি একবার যে দেখবে তার আর এ কথা অস্বীকার করার জো থাকবে না। একদিন অবশেষ তারা জেগে উঠবে। আর যতদিন না সেটা ঘটবে, হতে পারে হাজার হাজার বছর লেগে যাবে, তারা সকল জঞ্জালের বিরুদ্ধে পাখিদের মতো সারাবেলা জেগে থাকবে, শরীর থেকে শরীরে পার করে দেবে সেই সচেতনতার শক্তি যা পার্টি কখনোই করেনি আর যে শক্তিকে পার্টি মেরে ফেলতেও পারেনি।
‘তোমার মনে আছে’—বলল সে, ‘সেই যে প্রথম দিন জঙ্গলের কিনারে আমাদের জন্য পাখিটি গাইছিল?’
‘ওর সেই গান আমাদের জন্য ছিল না’—বলল জুলিয়া। নিজের মনে নিজেকে তৃপ্ত করতেই গাইছিল সে। কেবল তাই নয়, ওটা ছিল পাখিটির স্রেফ গেয়ে যাওয়া। ’
পাখিরা গায়, প্রোলরাও গায়, কিন্তু পার্টির নেই কোনো গান গাওয়া। সারা বিশ্ব জুড়ে, এই লন্ডনে, নিউইয়র্কে, আফ্রিকায়-ব্রাজিলে, যুদ্ধক্ষেত্রের ওপারের সেই রহস্যঘেরা নিষিদ্ধ ভূমিতে, প্যারিস ও বার্লিনের রাস্তায়, রাশিয়ার বিস্তীর্ণভূমির গ্রামে গ্রামে, চীন ও জাপানের বাজারে বাজারে—সর্বত্রই একই অজেয় পেটানো শরীর দাঁড়িয়ে আছে, সন্তান জন্ম দিতে দিতে আর কাজ করতে করতে যা আরও দৈত্যাকায় রূপ নিয়েছে কিন্তু এখনও গেয়ে চলেছে গান। ওই শক্ত-সামর্থ নিতম্বের দোলা থেকেই সচেতনতার এক দৌড় একদিন শুরু হবে। তখন তোমরা হবে মৃত, ওদেরটাই হবে ভবিষ্যত। তুমিও হতে পারবে সেই ভবিষ্যতের ভাগীদার যদি তুমি তোমার মনকে বাঁচিয়ে রাখতে পারো ঠিক যেভাবে তারা বাঁচিয়ে রেখেছে তাদের শরীর আর সময় পার করে দিচ্ছে সেই মতবাদে অতি গোপনে দৃঢ় বিশ্বাস রেখে যে, দুই আর দুই মিলে চার হয়।
‘আমরা মৃত’—বলল সে।
‘আমরা মৃত’—পাশে দাঁড়িয়ে তাই দায়িত্বের অংশ হিসেবে একই উচ্চারণ জুলিয়ার।
‘হ্যাঁ তোমরা মৃত’—ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক লৌহ কঠিন কণ্ঠ।
ছিটকে আলাদা হলো দুজন। উইনস্টনের অন্ত্র অবধি বরফ হিম হয়ে গেছে। জুলিয়ার চোখের কনীনিকা স্রেফ সাদাই দেখতে পেল সে। তার মুখমণ্ডল দুধহলুদ রঙ নিয়েছে। দুই গালে মাখানো রুজের প্রলেপ আরও কড়া হয়ে উঠেছে যেন ত্বকের নিচের সজীবতা থেকে তা পুরোই বিচ্ছিন্ন।
‘তোমরা মৃত’—লৌহকণ্ঠে ফের উচ্চারণ।
‘ছবিটির পিছন থেকে আসছে শব্দ’—শ্বাস ফেলে বলল জুলিয়া।
‘ছবির পেছন থেকেই’—বলল কণ্ঠটিও। ‘ঠিক যেভাবে রয়েছে সেভাবেই থাকো, আদেশ দেওয়ার আগে আর কোনো নড়াচড়া নয়। ’
শুরু হয়ে যাচ্ছে, অবশেষে তা শুরু হয়ে যাচ্ছে! একজন আরেকজনের দিকে নির্লিপ্ত তাকিয়ে থাকা ছাড়া তারা আর কিছুই করতে পারল না। জীবন নিয়ে পালিয়ে যাওয়া, দেরি হওয়ার আগেই এই ঘর ছেড়ে বের হয়ে যাওয়া—এসবের কিছুই তাদের মনে এলো না। দেয়াল থেকে ভেসে আসা কণ্ঠটিকে অমান্য করা স্রেফ অচিন্তনীয়। মট করে একটি শব্দ হলো এরপর খান খান করে ভাঙল কাচ। ছবিটি মেঝেতে পড়তেই তার পেছনে ঢেকে থাকা টেলিস্ক্রিনটি চোখে পড়ল।
‘এখন ওরা আমাদের দেখতে পাচ্ছে’—বলল জুলিয়া।
‘এখন আমরা তোমাদের দেখতে পাচ্ছি’—বলল কণ্ঠটি। ‘কামরার ঠিক মাঝখানটায় এসে দাঁড়াও। পীঠে পীঠ দিয়ে। তবে কোনো ছোঁয়াছুঁয়ি নয়। ’
তারা কেউ কাউকে ছুঁয়ে নেই কিন্তু তার মনে হচ্ছিল অনুভব করতে পারছে জুলিয়া শরীর থরথর করে কাঁপছে। অথবা হতে পারে আসলে তার নিজের শরীরই কাঁপছে। দাঁতের ঠক ঠক শব্দই কেবল আটকে রাখতে পারছে সে, কিন্তু হাঁটু একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। নিচে থেকে আসছে বুটের ভারী শব্দ, ঘরের ভিতরে এবং বাইরেও। মনে হচ্ছে আঙিনা ভরে গেছে মানুষে। পাথরের ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ পেল। নারী কণ্ঠের সেই গান থেমে গেছে অবধারিতভাবে, আগেই। দীর্ঘ একটা ঝন ঝন শব্দ এলো, বোঝা গেল কাপড় কাচার বালতিটি ছুঁড়ে দেওয়া হয়েছে আঙিনার ওপারে। এরপর একটি রাগান্বিত চিৎকার বেজে উঠল ঠিকই, কিন্তু শেষ হলো ব্যাথাতুর গোঙানির মধ্যদিয়ে।
‘বাড়িটি ঘিরে ফেলা হয়েছে’—বলল উইনস্টন।
‘বাড়ি ঘিরে ফেলা হয়েছে’—বলল লৌহ কঠিন কণ্ঠটিও।
জুলিয়ার দাঁত ঠকঠকানি তার কানে আসছে। ‘আমার মনে হয়, আমরা দুজন দুজনার কাছ থেকে বিদায় নিয়ে নিতে পারি’—বলল সে।
‘তোমরা বিদায় চেয়ে নিতে পারো’—বলল কণ্ঠটি। আর এরপর সম্পূর্ণ এক ভিন্ন কণ্ঠ ভেসে এলো, চিকন জোরালো সে কণ্ঠ, উইনস্টনের মনে হলো আগেও শুনেছে, কানে যেন লেগেই আছে।
‘আর এখন, যখন আমরা নিজেরাই বিষয়ে উপনীত, “হিয়ার কামস অ্যা ক্যান্ডল টু লাইট ইউ টু বেড, হিয়ার কামস অ্যা চপার টু চপ অফ ইওর হেড”!’
উইনস্টনের পেছনে বিছানার ওপর কিছু একটা এসে পড়ল। একটি মইয়ের মাথা জানালা ভেঙ্গে ঢোকানো হয়েছে, তাতে কাঠামোটি ভেঙ্গে পড়ল। কেউ একজন জানালা পথে উঠে আসছে। ওদিকে সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠা বুটের মচ মচ শব্দ। এক নিমেষে গোটা কক্ষ কালো উর্দি পরা কঠোরমুখো মানুষে ভরে গেল। তাদের পায়ে লোহার পাত লাগানো বুট, হাতে হাতে মোটা লাঠি।
ভয়ে আর কাঁপছে না উইনস্টন। তার চোখও নড়ছে না। একটিই কাজ, সোজা হয়ে থাকা, সোজা হয়ে থাকো, যাতে আঘাত করার জন্য একটি অজুহাতও ওরা না পেয়ে যায়, নিজেকে নিজে বলছে সে। লড়াকু চোয়ালের একজন, চেহারায় মুখখানি ছাড়া সবই যেন লেপ্টে আছে, ঠিক তার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে হাতের মুঠোয় লাঠির গোড়াটি শক্ত করে ধরে নিচ্ছিল। উইনস্টন চোখের দিকে তাকাল তার। মস্তিষ্ক, মুখমণ্ডল আর শরীরের চেয়ে হাতের নগ্ন চেহারাটিই অসহনীয় ঠেকল তার কাছে। লোকটি তার সাদা জিভের মাথাটি ঠিক যেখানে দুটি ঠোঁট থাকার কথা সেখান থেকে বের করে ওর সামনে দিয়ে এগিয়ে গেল। ঠিক তখনই আরেকটি ঝনঝন শব্দ। কেউ একজন কাচের পেপারওয়েটটি টেবিল থেকে তুলে নিয়ে আগুনে চুল্লির ওপর সজোরে মেরেছে। এতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ওটি।
কোরালের একটি খণ্ড, কেকের ওপর চিনির গোলাপী অঙ্কুরটি ঠিক যেমন হয়, তেমনি গোলাপী রঙের সামান্য একটি টুকরো ছিটকে এসে বিছানার ওপর পড়ল। কী ছোট! ভাবল উইনস্টন, কত ছোট ছিল এটি! অথচ কাচের ওপর থেকে কত বড় দেখাত! একটা থাবা তার পেছনে প্রস্তুত ছিল, আর ঠিক তখনই ভয়াবহ একটি লাথি এসে পড়ল তার গোঁড়ালির ওপর, এতে অনেকটাই ভারসাম্য হারিয়ে ফেলল। একজন এসে ঘুষি বসাল জুলিয়ার নাভীমূলে, কাঠপেন্সিলের মতো ছিটকে মেঝেতে পড়ে গিয়ে নিঃশ্বাস ফিরে পাওয়ার যুদ্ধে রত সে। উইনস্টন তার মাথাটি এক মিলিমিটারও ঘোরানোর সাহস করল না, তবে কৌণিকভাবে জুলিয়ার নীল-ধূসর ভয়ার্ত মুখখানি ঠেরে ঠেরে নজরে আসছে তার। এত ভয়ের মাঝেও নিজের শরীরের ব্যথা ছাপিয়ে তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জুলিয়ার নিঃশ্বাস ফিরে পাওয়ার বিষয়টি। নিজের ক্ষেত্রে না হলেও সে বুঝতে পারে কী ভয়াবহ যন্ত্রণাদায়ক হতে পারে এই আঘাত। কিন্তু এ সব ভাবনার চেয়ে জুলিয়ার শ্বাস নিতে পারাটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এরপর দুজন মিলে জুলিয়ার হাঁটু আর কাঁধের কাছে ধরে চ্যাংদোলা করে তুলল আর বস্তার মতো ঝুলিয়ে বাইরে নিয়ে গেল। তার নিচের দিকে ঝুলে থাকা হলদেটে দুমড়ে যাওয়া মুখখানি এক নজর দেখতে পেল উইনস্টন। নির্মিলিত চোখ, গালের গোলাপী রুজের আভা তখনও জ্বলজ্বলে। আর সেটাই ছিল তাকে তার শেষ দেখা।
তখনও সটান দাঁড়িয়ে সে। ততক্ষণেও কেউ তার ওপর চড়াও হয়নি। বরং চিন্তাগুলোই নিজে নিজে এসে চড়াও হচ্ছে আর অনিচ্ছাতেও তা মনের মাঝে বিচরণ করে চলেছে। কৌতূহল হলো, ওরা কি মি. চ্যারিংটনকেও ধরে ফেলেছে। তার জানতে ইচ্ছা হলো আঙিনার ওই নারীটিরে তারা কী করেছে। বুঝতে পারছে ভীষণ প্রস্রাবের বেগ চেপেছে, এক ধরনের বিস্ময়বোধও হচ্ছিল, কারণ মোটেই ঘণ্টা দুই কিংবা তিনেক আগে সে কাজটি করেছে। দেখল চুল্লির ওপর রাখা ঘড়িটিতে নয়টা বাজে, মানে একুশ ঘণ্টা। কিন্তু তখনও দিনের আলো রয়েছে। আগস্টের সন্ধ্যাগুলোতে একুশ ঘণ্টায়ও আলো নিভে আসে না? প্রশ্ন জাগল তার মনে। তার মনে হলো সে আর জুলিয়া কি এতদিন সময় গণনায় ভুল করেছে—তারা যে সময়টিকে বিশ ঘণ্টা ত্রিশ মিনিট বলে জেনেছে সেটি আসলে ছিল পরের দিনে সকাল সাড়ে আটটা। ভাবনাটিকে আর সামনে এগুতে দিল না সে। কারণ এই ভাবনায় মজার কিছু নেই।
আরেকটা অপেক্ষাকৃত হালকা পদশব্দ পাওয়া যাচ্ছে সিঁড়িতে। মি. চ্যারিংটনের কক্ষে প্রবেশ। কালো উর্দিধারীদের আচরণে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেল। মি. চ্যারিংটনের চেহারায়ও কিছু একটা পরিবর্তন পরিলক্ষিত। তার চোখ পড়ে আছে কাচের ভাঙা টুকরোগুলোর ওপর।
‘টুকরোগুলো ওঠাও’—কড়া গলায় উচ্চারণ তার।
একজন ঝুকে পড়ে তার কথা মতো কাজ শুরু করল। খাস লন্ডনি ভাষার ধরণটি আর নেই; উইনস্টন তখনই বুঝে ফেলল কিছুক্ষণ আগে টেলিস্ক্রিনে সে ঠিক কার কণ্ঠটি শুনেছিল। পুরোনো মখমলের জ্যাকেটটি তখনো পরে আছেন মি. চ্যারিংটন, কিন্তু তার চুল যা অনেকটা সাদাই ছিল তা এখন কালো। চোখে চশমাও নেই। উইনস্টনের দিকে এক ঝলক কড়া দৃষ্টিতে তাকালেন তিনি, যেন সে-ই কিনা তা দেখে নিলেন, এরপর আর তার দিকে ফিরেও তাকালেন না। এখনো তাকে মি. চ্যারিংটন বলেই মনে হয়, কিন্তু তিনি আর সেই একই ব্যক্তিটি নন। তার টানটান শরীর, আর মনে হচ্ছে আরো বেশি লম্বা-চওড়া। মুখে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছিল তাতেই তাকে পুরোপুরি ভিন্ন মানুষ মনে হয়েছিল। কালো ভুরু যুগল এখন কম ঘন আর মুখের দাগগুলো নেই, মুখের সবগুলো দাগই বদলে দেওয়া হয়েছে, নাকটাও অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে। এখন তাকে পয়ত্রিশের এক শীতল চেহারার মানুষই মনে হয়। উইনস্টনের মনে হলো, জীবনে এই প্রথম থট পুলিশের একজন সদস্যকে সে দেখল, যে মূলত জ্ঞানী।
