ভালোবাসা মন্ত্রণালয় – ৪

অধ্যায় চার

আগের চেয়ে বেশ ভালো আছে, গায়ে গতরে কিছুটা বাড়ছে আর শক্তিও ফিরে পাচ্ছে, এখনের কথা এমনটাই বলা যথার্থ হবে।

সাদা আলোটা আর টানা ঝিমধরা শব্দটা সেই একইরকম, তবে এবারের কয়েদখানাটি আগেরগুলোর চেয়ে অপেক্ষাকৃত আরামের। তক্তার খাটিয়ার ওপর একটা তোশক পড়েছে, শিথানে একটা বালিশও মিলেছে। আর বিছানা ছাড়ার বসার জন্য একটা চৌকি পেয়েছে। গোসলেরও ব্যবস্থা হয়েছে, আর টিনের বেসিনে যখন ইচ্ছা ধোয়াধুয়িও করার অনুমতি আছে। ওরা তাকে নতুন কিছু অন্তর্বাস আর পরিষ্কার একটা আলখেল্লাও দিয়েছে। একটা মলম লাগিয়ে পায়ের দগদগে ঘায়ের অংশটি ড্রেসিং করে দিয়েছে আর বাদবাকি যে ক’টা দাঁত ছিল ওগুলোও তুলে ফেলে পুরো দুই পাটি কৃত্রিম দাঁত লাগিয়ে দিয়েছে।

কয়েক সপ্তাহ কিংবা হতে পারে কয়েক মাস গত হয়েছে। এখন অবশ্য সময়ের বয়ে চলার হিসাব কষা চলে, যদি আদৌ সে কষতে চায়। যেহেতু এখন তার পেটে দানাপানি পড়ে আর একটি নিয়মমাফিক বিরতি দিয়ে দিয়ে তা দেওয়া হয় তাই এই হিসাব সহজ। তার হিসেবে প্রতি চব্বিশ ঘণ্টায় তাকে তিন দফা খাবার দেওয়া হচ্ছে, তবে কখনো কখনো তার মনে সামান্য হলেও কৌতূহল জাগে কোন বেলার খাবার সে খাচ্ছে- দিনের নাকি রাতের। খাবারের মেন্যু বিস্ময়করভাবেই ভালো, প্রতি তৃতীয় বেলায় মাংস থাকছে। একবার তো এক প্যাকেট সিগারেটও মিলল। তার কাছে দেয়াশলাই ছিল না, কিন্তু মুখে সদা কপাট লাগিয়ে রাখা যে কারারক্ষীটি তাকে খাবার এনে দেয় সেই একটা লাইটারের ব্যবস্থা করে দিল। প্রথমবার ধূমপান করতে গিয়ে একটু অসুস্থও হয়ে পড়েছিল সে। তবে প্যাকেটটা যত্ন করে রাখল আর প্রতিবেলা খাবারের পর আধখানা করে সিগারেট ফুঁকে বেশ কিছুদিন এক প্যাকেটে চালিয়ে দিল। একটি স্লেট আর একটি পেন্সিলও দিয়েছে তাকে। কামরার এক কোনায় বেঁধে ঝুলিয়ে রাখা। প্রথম দিকে ব্যবহারও করেনি। সে সময় জেগে থাকার সময়টিতেও অলস পড়ে থাকত বিছানায়। কখনো কখনো এক বেলা খাবারের পর আরবেলা খাবার আসা অব্দি সামান্য নড়াচড়াটুকুও করত না, কতকটা ঘুমিয়ে, কতকটা অস্পষ্ট দিবাস্বপ্ন দেখে দেখে কাটিয়ে দিত। চোখ দুটো সামান্য খুলেও তাকাত না। মুখের ওপর প্রকট আলো রেখেও ঘুমিয়ে পড়ার দীর্ঘ অভ্যাস হয়ে গেছে, আলোর কারণে কিছুই আটকায় না, তাছাড়া স্বপ্নগুলোও আসত আসঞ্জনশীলতায়। পুরো সময়টা জুড়ে ম্যালা স্বপ্ন সে দেখেছে, তার সবগুলোই ছিল আনন্দ স্বপ্ন। সেই সোনালি দেশে সে আছে, ভীষণ গৌরবময় সূর্যালোকিত কোথাও সে বসে আছে, তার মা, জুলিয়া, ও’ব্রায়েনের সঙ্গে— কোনো কাজ নয়, স্রেফ বসে শান্তিময় বিষয়াদি নিয়ে কথা বলে কাটছে তাদের সময়। আর যখন জেগে থাকত তখনও তার চিন্তা জুড়ে থাকত স্বপ্নে দেখা বিষয়গুলো। বুদ্ধিবৃত্তিক কোনো কিছু ভাবার বা করার শক্তি হারিয়ে ফেলেছে, এমনটাই বোধ করত সে, তবে সেই ভয়াবহ ব্যথাটাও এখন উবে গেছে। একঘেঁয়ে লাগছে না, কারো সঙ্গে কথা বলতে মন চায় তেমনও নয়, কিংবা চিত্তবিনোদনেরও নেই আকাঙ্ক্ষা। স্রেফ একা একা পড়ে থাকা, জিজ্ঞাসাবাদ নেই, মারধর নেই, উদোরপূর্তি খাবার আছে, পরিচ্ছন্ন গা-গতর, সব মিলিয়ে পূর্ণ সন্তুষ্টি।

ধীরে ধীরে ঘুমিয়ে থাকার ভাগটা কমে এল, তবে বিছানা ছাড়তে মন চায় না। তখন তার একটাই চাওয়া শান্ত হয়ে শুয়ে থাকা, আর শরীরে ধীরে ধীরে যে শক্তি ফিরে আসছে তা অনুভব করা। শরীরের বিভিন্ন অংশে আঙুল ঘঁষে ঘঁষে দেখত আর বুঝতে চেষ্টা করত তার পেশিগুলো যে ডাঁটো হয়ে উঠছে, চামড়াগুলো যে টানটান হচ্ছে তা কোনো বিভ্রম নয়। অবশেষ, সন্দেহের ঊর্ধ্বে গিয়ে নিশ্চিতভাবেই প্রতিষ্ঠিত হলো যে সে মোটা হচ্ছে যখন দেখতে পেল তার হাঁটুর তুলনায় রানের দিকটা অপেক্ষাকৃত মোটা। এরপর প্রথম দিকে ছাড়া ছাড়া, পরে বেশ নিয়মিতই ব্যায়াম শুরু করল সে। কিছু দিনের মধ্যে দিনে তিন কিলোমিটার করে হাঁটতে শুরু করল। কামরার ভেতরেই এর মাপ রেখে হাঁটার এই দূরত্ব মাপত সে। আর তার ঝুঁকে পড়া কাঁধও ততদিনে অনেকটা সোজা হয়ে উঠল। এরপর আরও কিছু শারীরিক কসরত করার উদ্যোগ নিল কিন্তু লক্ষ্য করল ওগুলোর কোনোটাই করা তার পক্ষে সম্ভব নয়। স্রেফ হণ্টন ছাড়া আর কিছুই করতে পারছে না। হাতের নাগালের মধ্যে ছোট্ট টুলখানিরে তুলে সরাতে পারছে না, একপায়ে দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছে। গোঁড়ালিতে ভর দিয়ে একবার একটু বসেছিল, আর তাতে পায়ের গুল ও ঊরুতে ভীষণ ব্যথা পেল, তখন কোনোরকমে নিজেকে তুলে দাঁড় করাল। একবার পেটের ওপর চাপ দিয়ে শুয়ে পড়ে হাতে ভর দিয়ে শরীরটাকে তোলার চেষ্টা করল। কিন্তু বৃথাই সে চেষ্টা, এক সেন্টিমিটার ও উপরে তুলতে পারল না নিজেকে। তবে আর কিছু দিন পর- আরও কিছুদিন খেয়েদেয়ে— শরীরের এই দুর্বলতাও কাটিয়ে উঠল সে। একটা সময় এল যখন সে আরও ছয়গুণ বেশি দৌড়াতে পারে। এসময় সে তার শরীর নিয়ে গৌরব বোধ করতেও শুরু করল, আর ভেতরে ভেতরে এক বিশ্বাসও লালন করতে লাগল তার মুখমণ্ডলও ফিরে পেয়েছে স্বাভাবিক রূপ। তবে যখনই টাক মাথার ওপর হাত রাখত তার মনে পড়ে যেত আয়নার ভেতরে দেখা সেই বিধ্বস্ত মুখখানির কথা।

মনটা ধীরে ধীরে আরও সক্রিয় হয়ে উঠছিল। তক্তার বিছানায় দেয়ালে পিঠ ঠেস দিয়ে বসে হাঁটুর ওপর স্লেট রেখে, নিজেকে ফের শিক্ষিত করে তোলার কাজ শুরু করল।

এটা সম্মত যে সে আত্মসমর্পণ করেছে। বাস্তবে, ঠিক এখন যেমনটা দেখছে, সে আসলে সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই এই আত্মসমর্পণে প্রস্তুত হয়ে ছিল। যে মুহূর্তে ভালোবাসা মন্ত্রণালয়ে সে প্রথম ঢুকল সেই মুহূর্ত থেকে- আর হ্যাঁ বিশেষ করে সেই মুহূর্ত থেকে তো বটেই, যখন জুলিয়া আর সে নিশ্চুপ অসহায় দাঁড়িয়ে আর লৌহকঠিন কণ্ঠটি বলে যাচ্ছিল তাদের কী করতে হবে। পার্টির বিরুদ্ধে নিজেকে দাঁড় করতে যাওয়ার ছেবলামি, ছেলেমানুষি সে নিজেই উপলব্ধি করতে পেরেছে। সে জানে সাতটি বছর থট পুলিশ তাকে আঁতশ কাচের মধ্য দিয়ে মৌমাছির মতো নজরদারি করে গেছে। একটিও শারীরিক অঙ্গভঙ্গি নেই, নেই একটি শব্দেরও সশব্দ উচ্চারণ যা তারা লক্ষ করেনি, এমন কোনো চিন্ত াধারাও ছিল না যার ভেতর ওরা ঢুকে পড়েনি। এমনকি তার দিনপঞ্জীর মলাটে সাদা ধুলোর আবছা আবরণটিও তারা অতি যত্নে নিশ্চিত করে রেখেছে। তারা তাদের নেওয়া রেকর্ডের সাউন্ড ট্র্যাক তাকে বাজিয়ে শুনিয়েছে, দেখিয়েছে সব ধরনের আলোকচিত্র। তার মধ্যে জুলিয়া আর তার একান্তের ছবিগুলোও রয়েছে। হ্যাঁ, এমনকি… পার্টির বিরুদ্ধে এতটুকু লড়াইও সে আর করতে পারবে না। তাছাড়া, পার্টিই তো সঠিক কাজটি করেছে। তেমনটা হতেই হবে; কারণ কী করেই-বা একটি অবিনশ্বর, সমন্বিত মস্তিষ্ক ভুল করতে পারে? কোন বাহ্যিক মানদণ্ডের আলোকে আপনি এর বিচারগুলোর বিচার করবেন। শুদ্ধবাদিতা পরিসংখ্যানিক। এ স্রেফ এক পদ্ধতি যার মাধ্যমে ওরা যা ভাবে সেই ভাবনাটিই ভাবার কৌশল রপ্ত করা। কেবলই—!

পেন্সিলটিকে হাতের আঙুলের মাঝে কিছুটা মোটা আর অস্বাভাবিক বোধ হচ্ছিল। মস্তিষ্কে যে ভাবনাগুলো আসছে সেগুলোই লিখতে শুরু করল সে। প্রথম অবিন্যস্তভাবে বড় হরফে সে লিখল:

স্বাধীনতাই দাসত্ব

এরপর একেবারে না থেমেই এর নিচে লিখল:

দুই আর দুই মিলে পাঁচ হয়।

ঠিক তখনই কামরা পরিদর্শনের কিছু একটা বিষয় এলে ভাবনাটা বিঘ্নিত হলো। আর এ বিষয়ে ধ্যান রাখা গেল না। সে জানে এরপরে কী আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মনে করতে পারল না। যখন মনে এল, তখন তা আবার সচেতনতার যুক্তিতে যা হওয়া উচিত তাই এল: স্বপ্রোণোদিত হয়ে কিছু এল না। সে লিখল:

ঈশ্বরই শক্তি

সব মেনে নিয়েছে। অতীত পাল্টে দেওয়া যায়। তবে অতীত কখনোই পাল্টানো হয়নি। ওশেনিয়ার যুদ্ধ ইস্টেশিয়ার বিরুদ্ধেই। বরাবরই ইস্টেশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধ চলে আসছে ওশেনিয়ার। জোন্স, অ্যারনসন আর রাদারফোর্ড তাদের বিরুদ্ধে আনীত অপরাধেই অপরাধী ছিলেন। তাদের অপরাধ অপ্রমাণ করে এমন কোনো ছবি কস্মিনকালেও দেখেনি। এর কোনো অস্তিত্ব ছিল না, ও ছিল তারই আবিষ্কার। পরস্পর বিরোধী যেসব বস্তু মনে আসত সেসবও এখন তার মনে পড়ে যায়, তবে সেগুলোর সবই ভ্রান্ত স্মৃতি, আত্মপ্রতারণার ফসল। কত সহজেই এসব তার ক্ষেত্রে ঘটে গেছে! কেবল আত্মসমর্পণ, এরপর সবকিছুই এসেছে তার অনুসরণে। এ ছিল স্রোতের বিপরীতে সাঁতার কেটে চলার সামিল, তা যতই কঠোর সংগ্রামই তুমি করো না কেন তোমাকে পিছনের দিকেই টেনে নিয়ে যাবে, আর অবশেষে দৈবাৎ তুমি উল্টোঘুরে স্রোতের অনুকূলেই চলতে শুরু করবে। তাতে তোমার নিজের আচরণটুকু ছাড়া আর কিছুই পাল্টাবে না; যা কিছু অবশ্যম্ভাবী তা ঘটবেই। সে কদাচই জানত কেন সে বিদ্রোহী হয়েছিল। সবকিছুই ছিল সহজ, কেবল—!

যেকোনোটাই সত্য হতে পারে। তথাকথিত প্রকৃতির বিধান স্রেফ ফালতু কথা। মহাকর্ষের তত্ত্বও ফালতু। ‘আমি যদি চাই,’ বলেছিলেন ও’ব্রায়েন, ‘এই কামরার মেঝেটিকে স্রেফ বুদ্বুদের মতো ভাসিয়ে দিতে পারি।’ কথাটির মানে বুঝেছে উইনস্টন। ‘যদি তিনি ভাবেন মেঝেটিকে ভাসিয়ে দেবেন, আর একই সঙ্গে আমিও যদি ভাবি, তিনি মেঝেটিকে ভাসিয়ে দিয়েছেন, তাহলেই এটি ভাসবে।’ পানির ওপর ঝপাৎ শব্দে কোনো কিছু পড়লে যেমন হকচকিয়ে যেতে হয়, তেমনি হকচকিয়ে দিয়ে একটি ভাবনা শব্দ তুলল তার মনের গভীরে: ‘বাস্তবে ঘটনাটি ঘটে না। আমরা কল্পনা করি মাত্র। এটা স্রেফ মতিভ্রম।’ দ্রুতই ভাবনাটি ধাক্কিয়ে সরিয়ে দিল। এই ভ্রান্তি অবশ্যম্ভাবী। আর তা বলে দেয়, কোথাও কিংবা অন্য কোনোখানে, কারো নিজ জগতের বাইরে, রয়েছে এক ‘আসল’ জগত যেখানেই ‘আসল’ ঘটনাগুলো ঘটে। কিন্তু কীভাবেই থাকবে এমন এক জগত? এমন কোন জ্ঞান রয়েছে যা আমাদের মন দিয়ে সংরক্ষিত? আসলে সকল ঘটনার বাস আমাদের মনে। আর মানুষের মনে মনে যা কিছু ঘটে চলে, সত্যিকারের ঘটনা সেসবই।

এসব ভ্রান্তি পরিত্যাগে কষ্ট হয় না তার, আর এমন ভ্রান্তিতে বশীভূত হওয়ার বিপদও তার নেই। সে বুঝতে পারছে, এমনটা ঘটা তার ক্ষেত্রে উচিতও নয়। মনকে স্রেফ একটি অন্ধ পর্দা তৈরি করতে হবে যা দিয়ে যখনই কোনো বিপজ্জনক ভাবনা ভেতরে জেগে ওঠে তখনই ঢাকা দিতে পারে। আর সে প্রক্রিয়াটি হতে হবে স্বয়ংক্রিয়, সহজাত। নিউস্পিকে ওরা যাকে বলে ‘ক্রাইমস্টপ’।

নিজে নিজেই ক্রাইমস্টপের কিছু চর্চা করবে বলে মনোস্থির করল সে। চর্চাগুলো এরকম— ‘পার্টি বলছে পৃথিবী চ্যাপ্টা’, ‘পার্টি বলছে বরফ পানির চেয়েও ভারী’- এখন তার কাজ হচ্ছে— নিজেকে প্রশিক্ষিত করে তোলা যাতে সে একটি যুক্তিও বুঝতে বা দেখতে না পায়, যা দিয়ে এই বক্তব্যের বিরোধীতা করা চলে। কাজটা সোজা নয়। এর জন্য যুক্তিবোধ আর প্রত্যুৎপন্নমতিতা দরকার। গাণিতিক জটিলতাও রয়েছে, যেমন, ‘দুই আর দুই মিলে পাঁচ হয়’ কথাটি তার বুদ্ধিবৃত্তিক উপলব্ধির ঊর্ধ্বে। এর জন্য মনেরও এক ধরনের মল্লক্রীড়া দরকার হয়ে পড়ে। এইমাত্র যৌক্তিকতার সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যবহার আর পরমুহূর্তেই ভ্রান্ত যুক্তির স্থুল অসচেতন ব্যবহারের যোগ্যতা থাকতে হয়। এখানে বুদ্ধিমত্তার পাশাপাশি নির্বুদ্ধিতারও সমান প্রয়োজন, যা অর্জন করা কঠিন।

সারাটি ক্ষণ, মনের একটি অংশ দিয়ে সে ভাবে, কত দ্রুত ওরা তাকে গুলি করে মারবে। ‘সবকিছুই তোমার ওপর নির্ভর করছে,’ বলেছিলেন ও’ব্রায়েন; কিন্তু তিনিও জানেন, সচেতনতায় এমন একটি কাজও সে করতে পারবে না, যা দিয়ে ঘটনাটি কাছাকাছি নিয়ে আসা যায়। হতে পারে দশ মিনিটে, আবার দশ বছরও লেগে যেতে পারে। এভাবে একা বন্দীদশায় ওরা তাকে রেখে দিতে পারে বছরের পর বছর, কোনো জবরদস্তিমূলক শ্রম-ক্যাম্পে পাঠিয়ে দিতে পারে, কিছু দিনের জন্য মুক্তিও দিতে পারে; ঠিক যেমনটা ওরা মাঝেমধ্যে করে। এও সম্ভব, হত্যা করার আগে এই গ্রেফতার হওয়া আর জিজ্ঞাসাবাদের দীর্ঘ নাটক আরও একবার পুরোমাত্রায় মঞ্চস্থ করা হবে। একটি বিষয়ে সে সুনিশ্চিত, মৃত্যু কখনোই কোনো প্রত্যাশিত মুহূর্তে আসবে না। প্রচলিত আছে- অব্যক্ত এক প্রচলন: কোনোভাবে সে জেনে গেছে, তবে কখনো কাউকে বলতে শোনেনি— পেছন থেকে গুলিটা করে ওরা। সবসময়ই মাথার পেছনের দিকটাতে, সামান্য সতর্ক না করেই, এক কয়েদখানা থেকে অন্য কয়েদখানায় নেওয়ার সময় ঘটনাটি ঘটে যায়।

একদিন- ‘একদিন’ বলা সঠিক হবে না, কারণ সেটা হতে পারে কোনো মধ্যরাতেও: একদা— একটি সময়ে এক অদ্ভুত পরমানন্দ বোধ করছিল উইনস্টন। বারান্দা ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, আর তখনই মনেপ্রাণে একটি বুলেটের অপেক্ষা করছিল সে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই আসতে পারে সেই কাঙ্ক্ষিত বুলেটের আঘাত। সবকিছুই ঠিকঠাক, যথাবিহিত, মিটমাট হয়ে গেছে। সন্দেহ বলে আর কিছু নেই, নেই যুক্তি-তর্কের বালাই, আর কোনো কষ্ট নয়, নয় কোনো ভয়ও। তার শরীরও তখন বেশ হৃষ্টপুষ্ট। স্বাভাবিকভাবেই হেঁটে চলছিল, মনের মধ্যে আনন্দ খেলা করে যাচ্ছিল, অনুভব হচ্ছিল যেন সূর্যালোকে হেঁটে চলেছে। তার মন আর সেই ভালোবাসা মন্ত্রণালয়ের সরু করিডোরে পড়ে থাকল না, বরং তা ছুটে গেল কোনো বিস্তৃত সূর্যালোকে আলোকিত পথে, সে পথ এক কিলোমিটার প্রশস্ত, মাদকাসক্তির চিত্তবিভ্রমে ঠিক যেমনটা হয় তার তেমনই মনে হচ্ছিল। ততক্ষণে সে সেই সোনালি দেশে, খরগোশের আঁচড়ে তোলা মাটির ঢিবির মধ্য দিয়ে সৃষ্ট পায়ে চলা পথ ধরে হাঁটছে। পায়ের তলায় সে অনুভব করছে ছোট লাফানো স্প্রিংয়ের টার্ফটিও, হালকা সূর্যালোক এসে পড়েছে তার মুখমণ্ডলে। মাঠের কিনারে ঝিরিঝিরি হাওয়ায় দেবদারু গাছেদের হালকা দোল খাওয়া, আর তার ওপাশে কোথাও একটি ছোট্ট ঝরনাধারার বয়ে চলা যেখানে উইলো গালোর নিচে সবুজ ছায়ায় মাছেরা সাঁতার কাটছে।

হঠাৎ প্রচণ্ড ভীতিময় এক ধাক্কা খেল। মেরুদণ্ড বেয়ে ঘাম ঝরতে শুরু করল। নিজে নিজেই শুনতে পেল সজোরে চিৎকার করে চলছে

‘জুলিয়া! জুলিয়া! জুলিয়া! আমার জুলিয়া!

এক লহমার জন্য তার মতিভ্রম ঘটে গিয়েছিল আর বোধ হচ্ছিল জুলিয়াও সেখানে উপস্থিত। তবে সে তার সঙ্গে নয়, তার ভেতরে অবস্থান করছে। যেন মনে হচ্ছিল তার ত্বকের জেল্লাইয়ের মধ্যেই জুলিয়া ফিরে এসেছে। ঠিক ওই মুহূর্তে জুলিয়ার জন্য তার যতটা ভালোবাসা বোধ হচ্ছিল তেমনটা আর কখনোই হয়নি, যখন তারা একসঙ্গে ছিল, মুক্ত ছিল তখনও না। এও জানে, কোথাও নয়তো অন্য কোনোখানে সে এখনও বেঁচে আছে, আর তার সহায়তাই জুলিয়ার প্রয়োজন।

বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ল আর নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। এ কী করেছে সে? মাত্র ক’মুহূর্ত দুর্বলতায় কত বছরের কারাবাস যোগ করল সে?

পরমুহূর্তেই কামরার বাইরে বুটের ভারী শব্দ শুনতে পেল। এমন একটা ঘটনায় ওরা তাকে শাস্তি না দিয়ে ছাড়তেই পারে না। আগে যদি না জেনেও থাকে এখন ঠিক জেনে যাবে যে, ওদের সাথে করা সন্ধির শর্ত ভঙ্গ করেছে সে। পার্টির সে অনুগত ঠিকই, কিন্তু এখনও ভেতরে ভেতরে পার্টিকে ঘৃণাই করে। অতীতে প্রথাপন্থী চেহারার আড়ালে এক ধরনের প্রথাবিরোধী মনোভাব সে লুকিয়ে রাখত। এবার সে আরও এক ধাপ এগুলো। মনটাকে সে সমর্পণ করে দিলেও, ভেতরের হৃদয়টাকে রেখে দিয়েছে স্রেফ অক্ষত। সে জানে ভুল করছে, কিন্তু সেই ভুলটাই সে করতে চাইছে। ওরা এখন ঠিক বুঝে যাবে- ও’ব্রায়েন ঠিক ঠিক বুঝে যাবেন। ওই একমাত্র বোকার ক্রন্দনে এখন সব কিছুই স্পষ্ট, সব কিছুই স্বীকার করে নেওয়া হয়ে গেছে।

সবকিছু ফের গোড়া থেকে শুরু করতে হবে। যা শেষ হতে লেগে যাবে আবারও বছরের পর বছর। একটি হাত মুখমণ্ডলে বুলিয়ে নিল সে, নিজের মুখের নতুন আকারটি বুঝে নিতে চেষ্টা করল। গালের ওপর গভীর বলিরেখা হাতে লাগল, আর গালের হাড্ডি দুটো দুদিক থেকে তীক্ষ্ণ উঁচু হয়ে আছে, নাকটি চ্যাপ্টা মনে হলো। শেষ যখন নিজেকে আয়নায় দেখেছে তারপর মুখে দুইপাটি নতুন দাঁত বসেছে তার। মুখমণ্ডলটা দেখতে ঠিক কেমন তা না জানা থাকলে চেহারার রহস্যময়তা ধরে রাখা যায় না। এটা সে বুঝেছে, অভিব্যক্তিতে নিয়ন্ত্রণ রাখাই শেষ কথা নয়। এই প্রথমই তার মনে হলো, কিছু গোপন রাখতে হলে, নিজের কাছ থেকেও তা লুকিয়ে রাখতে হবে। সারাক্ষণই জানা থাকবে, বিষয়টি আছে, কিন্তু যতক্ষণ না দরকার পড়বে ততক্ষণ তা এমন কোনো আকার নিয়ে সচেতনতাবোধে জাগ্রত হবে না, যার নাম দেওয়া চলে। এখন থেকে তাকে কেবল সঠিক ভাবলেই হবে না, সঠিক অনুভবও করতে হবে, স্বপ্নটিও দেখতে হবে সঠিক। আর সারাটিক্ষণ তাকে তার ঘৃণাবোধগুলোকে নিজের ভেতরে তালা লাগিয়ে রাখতে হবে, শরীরের ভেতরে যেমন কোনো মাংসপিণ্ড আলাদা হয়ে বেড়ে উঠে লুকিয়ে থাকে ঠিক তেমনি, যা শরীরের অংশ কিন্তু শরীর থেকে আলাদা।

একদিন ওরা গুলি করার সিদ্ধান্ত নেবেই। কিন্তু বলার জো নেই কখন ঘটবে সে ঘটনা। তবে ঘটনাটি ঘটার ঠিক কয়েক সেকেন্ড আগে বিষয়টি টের পাওয়া যায়। এটা জানা সব সময়ই ঘটনাটি ঘটে আসছে বারান্দা পথে। হেঁটে যাওয়ার সময় পেছন থেকেই গুলিটা আসবে। দশ সেকেন্ড আগে বুঝতে পারলে তা কিন্তু কম সময় নয়। এই সময়টুকুর মধ্যেই তার ভেতরের জগতটি উল্টে যেতে পারে। এরপর হঠাৎ, একটি শব্দও উচ্চারণ না করে, ঠিক ঠিক পা ফেলতে ফেলতে, মুখের একটি বলিরেখায়ও পরিবর্তন না এনে- আচমকা কপটবেশ ঝেড়ে ফেলে বিকট শব্দে ফেটে পড়তে হবে! ঘটিয়ে চলতে হবে সকল ঘৃণার প্রকাশ। ঘৃণার গর্জনে তখন হয়ে উঠবে এক জ্বলন্ত লেলিহান শিখা। আর অনেকটা সেই বিকট শব্দের সঙ্গে সঙ্গেই গর্জে উঠবে ওদেরও বুলেট। অনেক দেরিতে, নয়তো খুব কাছাকাছি সেই ক্ষণ। তখন তাকে বাঁচিয়ে রাখা দরকার এমনটি ভাবার আগেই ওরা তার খুলিটি উড়িয়ে দেবে। আর তার উৎপথগামী ভাবনাগুলো থেকে যাবে শাস্তিহীন, অনুশোচনাহীন। চিরতরের জন্য তা চলে যাবে ওদের নাগালের বাইরে। এর মধ্য দিয়েই ওরা ওদের নিজেদের শুদ্ধবাদিতায় নিজেরাই ক্ষত সৃষ্টি করবে। ওদের ঘৃণা করতে করতে কারো মৃত্যু যখন ঘটবে, সেটাই হবে তার স্বাধীনতা।

চোখ বন্ধ হলো তার। বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা মেনে চলার চেয়েও কঠিন একটি কাজ। নিজেকে নিজে ছোট করা আর নিজেকেই ক্ষতিগ্রস্ত করা ছাড়া এ আর কিছু নয়। জঘন্যতার মাঝে জঘন্যতম সব কাজ। আর সবচেয়ে ভয়াবহ ও অসুস্থ দিকটি হচ্ছে বিগ ব্রাদার নিয়ে তার ভাবনা। সেই অতিকায় মুখ (সারাক্ষণ পোস্টারটি চোখে পড়ায় তার মনে হতো মুখটি এক মিটার প্রশস্ত হবে), সেই ঘন কালো গোঁফ, আর সারাক্ষণ পাকিয়ে থাকা দুটি চোখ নিজে নিজেই তার মনের গহিনে ঢুকে সাঁতার কাটতে থাকে। বিগ ব্রাদারের প্রতি তার সত্যিকারের অনুভূতি কী?

বাইরে পথে বুটের ভারী শব্দ শোনা যাচ্ছে। বিকট ক্যাচ শব্দ করে ইস্পাতের দরজা খুলে গেল। ও’ব্রায়েন ঢুকলেন কয়েদখানায়। তার পেছনে মোমের মুর্তিমুখো দুই অফিসার আর কয়েকজন কালো উর্দিধারী নিরাপত্তারক্ষী।

‘ওঠো,’ বললেন ও’ব্রায়েন। ‘এদিকে এসো।’

তার সামনে উইনস্টন উঠে দাঁড়াল। শক্তিশালী দুটি হাতের মাঝখান দিয়ে উইনস্টনের কাঁধের দিকে তাকিয়ে ও’ব্রায়েন।

‘তুমি আমাকে বিভ্রান্ত করার কথা ভেবেছ,’ বললেন তিনি। ‘স্রেফ নির্বোধের কাজ। সোজা হয়ে দাঁড়াও। আমার চোখের দিকে তাকাও।’

একটু থামলেন, অপেক্ষাকৃত শান্ত স্বরে এবার বললেন:

‘তোমার উন্নতি হচ্ছে। বুদ্ধিবৃত্তিক দিক থেকে তোমার মাঝে ত্রুটি আর সামান্যই আছে। স্রেফ আবেগের জায়গাটিতে তুমি অগ্রগতি করতে পারছ না। আমাকে বলো, উইনস্টন— মনে রেখো কোনো মিথ্যা বলা চলবে না: তুমি জান মিথ্যা আমি সহজেই ধরে ফেলতে পারি- আমাকে বলো- বিগ ব্রাদারের প্রতি তোমার সত্যিকারের ভাবনাটি কী?’

‘আমি তাকে ঘৃণা করি।’

‘তুমি তাকে ঘৃণা করো। বেশ ভালো। তাহলে তোমার জন্য শেষ পদক্ষেপটি নেওয়ার সময় এসে গেছে। বিগ ব্রাদারকে তোমার ভালোবাসতেই হবে: তুমি অবশ্যই তাকে ভালোবাসবে।

উইনস্টনের গায়ে হাল্কা ধাক্কা দিয়ে রক্ষীদের দিকে ঢেলে দিলেন তিনি। ‘রুম নম্বর ১০১,’ বললেন ও’ব্রায়েন।