ব্যাবিটি র্যাবিটি অ্যান্ড হার ক্যাকলিং স্টাম্প

ব্যাবিটি র‍্যাবিটি অ্যাণ্ড হার ক্যাকলিং স্টাম্প

অনেক কাল আগে, দূরের এক দেশে একজন বোকা রাজা ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে জাদুর ক্ষমতা তিনি একাই ভোগ করবেন। আর কেউ করতে পারবে না। আর তিনি তার প্রধান সেনাপতিকে আদেশ দিলেন একটি মহিলা জাদুকর-শিকারী বাহিনী তৈরি করতে। এবং তাদের জন্য বরাদ্দ করলেন কতগুলো ভয়ঙ্কর ব্লাক হাউণ্ড কুকুর। রাজা একই সঙ্গে তার রাজ্যের শহরে, গ্রামে সর্বত্র ঢোল বাজিয়ে ঘোষণা করলেন, ‘রাজার একজন জাদু প্রশিক্ষক প্রয়োজন।’

সত্যিকারের কোনো জাদুকর বা মহিলা জাদুকর এ পদটি গ্রহণ করতে এগিয়ে আসার সাহস করল না। কারণ তারা মহিলা জাদুকর শিকারী বাহিনীর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল।

কিন্তু একজন অত্যন্ত চতুর প্রকৃতির ভূয়া জাদুকর নিজেকে ধনী করার মতলবে রাজপ্রাসাদে গিয়ে হাজির হল। আসলে তার কোনো জাদুবিদ্যাই জানা নেই। এই ভুয়া জাদুকর নিজেকে জাদুকর প্রমাণ করার জন্য কয়েকটি অত্যন্ত সাধারণ জাদু দেখালো। তাতেই বোকা রাজা তার জাদু ক্ষমতার কথা বিশ্বাস করে নিল। এবং সঙ্গে সঙ্গে তাকে রাজার প্রধান ব্যাক্তিগত জাদু শিক্ষক হিসাবে রাজ্যের প্রধান জাদুকর পদে নিয়োগ দিয়ে দিল।

ভুয়া জাদুকর রাজাকে ঠকিয়ে তার কাছ থেকে জাদুদণ্ড এবং অন্যান্য জাদু সরঞ্জাম কেনার নাম করে বিরাট বস্তা ভরে সোনা বাগিয়ে নিল। এ ছাড়াও সে আরো কয়েকটি বড় বড় রুবি পাথর চাইল কিউরেটিভ চার্ম ব্যবহার করার জন্য এবং একটি বা দুটি রুপার পেয়ালা চাইল পোশন রাখার জন্য যাতে পোশন আরো বেশি পরিপক্ক হয়ে ওঠে। এসব জিনিস বোকা রাজা তাকে সরবরাহ করল।

ভুয়া জাদুকর এসব জিনিস নিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখল, তারপর রাজপ্রাসাদে ফিরে এল।

কিন্তু সে জানতো না যে একজন বৃদ্ধ মহিলা তাকে অনুসরণ করছে। মহিলা প্রাসাদের এক প্রান্তে ছোট্ট একটি কুঠুরিতে বাস করে। তার নাম ব্যাবিটি। সে রাজপ্রাসাদের ধোপা, কাপড়চোপড় ধুয়ে মুছে ধবধবে পরিস্কার রাখার কাজ করতো।

সে তার ধুয়ে শুকাতে দেয়া চাদরের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখল ভুয়া জাদুকর রাজপ্রাসাদের গাছের দু’টি ডাল ভেঙে নিল এবং প্রাসাদের ভেতর চলে গেল।

ভুয়া জাদুকর একটি গাছের ডাল রাজাকে দিল এবং তাঁকে নিশ্চিত করল যে ওটা একটা শক্তিশালী জাদুদণ্ড। সে রাজাকে বলল, ‘কিন্তু এটা তখনই কাজ করবে, যখন আপনি এটার জন্য উপযুক্ত হয়ে উঠবেন।’

এরপর থেকে প্রতিদিন সকালে রাজা এবং ভুয়া জাদুকর প্রাসাদের মাঠে বের হয়ে আসে। সেখানে তারা তাদের হাতের জাদুদণ্ড নামের গাছের সাধারণ ডালগুলোকে আকাশের দিকে উচু করে ধরে এবং অর্থহীন কিছু মন্ত্র উচ্চারণ করে। ওই ভুয়া জাদুকর যত্নের সঙ্গে কৌশল অবলম্বন করতে থাকল যাতে রাজা তার দক্ষতার ব্যাপারে আস্থা রাখে এবং অনেক অর্থের বিনিময়ে দেয়া জাদুদণ্ডটির উপর যাতে বিশ্বাস রাখে।

একদিন সকালে রাজা এবং ভুয়া জাদুকর যখন অর্থহীন কিছু বাক্য উচ্চারণ করে জাদুদণ্ড দিয়ে একটি চক্র তৈরি করতে চেষ্টা করছে তখন হঠাৎ রাজার কানে উচ্চস্বরে খিকখিক করে হাসির শব্দ ভেসে এল। ব্যাবিটি নামক ওই ধোপা মহিলা তার ছোট্ট কুঠুরি থেকে রাজা এবং ভুয়া জাদুকরকে দেখছিল। সে তাদের কাজকর্ম দেখে এমনভাবে হেসে উঠল যে রাজা দেখে ফেলল এবং সে সরে যেতে পারল না।

‘আমাকে নিশ্চয়ই খুব বেমানান লাগছে, যে কারণে ওই ধোপা মহিলা হেসে উঠেছে,’ রাজা বললেন। সে আশা ত্যাগ করে জাদুদণ্ড নামিয়ে স্থির হল। বললেন, ‘আমি এই প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে পড়েছি। জাদুকর কবে আমি সত্যিকারের জাদুর স্পেল ছুড়তে পারব?’

ভুয়া জাদুকর তার এই রাজা ছাত্রকে আস্থা রাখতে বলল। তাকে নিশ্চিত করল যে শীঘ্রই সে অবাক করার মত জাদু করতে পারবে। কিন্তু ধোপা ব্যাবিটির খিলখিল করে হাসি রাজাকে ভীষণ আঘাত করেছে। সেকথা ভুয়া জাদুকর জানে না।

রাজা বললেন, ‘কাল। আমরা আমাদের সভাসদদেরকে আমন্ত্রণ করবো তাদের রাজার জাদুর দক্ষতা দেখতে!’

প্রতারক লোকটি ভাবল, এখন সময় এসেছে ধন সম্পদগুলো নিয়ে কেটে পড়ার।

‘হায় হায় জাহাপনা, এটা অসম্ভব! আমি, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, বেশ কয়েকদিনের জন্য আগামী কাল অবশ্যই আমাকে অনেক দূরে যেতে হবে-’

রাজা বলল, ‘যদি তুমি আমার অনুমতি ছাড়া কোথাও বের হও, তাহলে আমার ডাইনি ধরা বাহিনী তোমাকে তাদের সঙ্গে থাকা কুকুর দিয়ে ধরে আনবে!’

কাল সকালে তুমি আমাকে সাহায্য করবে যাতে আমি আমার সভাসদদের জাদু দেখাতে পারি। যদি কেউ আমার জাদু দেখে হাসে, তাহলে তোমাকে শিরচ্ছেদ করা হবে!’

প্রতারক জাদুকরকে একা রেখে, ভয় দেখিয়ে রাজা দ্রুত পায়ে প্রাসাদের ভেতর চলে গেল। এখন প্রতারকের কোনো চালাকি তাকে রক্ষা করতে পারবে না। তার এখন পালিয়ে যাওয়ারও পথ নেই। আর সে রাজাকে কোনো নতুন জাদু দিয়ে সাহায্যও করতে পারবে না।

এ ভয় এবং ক্ষোভ থেকে নিজেকে উদ্ধার করার কথা ভাবতে ভাবতে প্রতারক জাদুকর ধোপা ব্যাবিটির জানালার কাছে এসে দাঁড়াল। ভেতরে উঁকি দিয়ে দেখল, ছোটখাটো ধোপা বুড়িটি টেবিল চেয়ারে বসে একটি জাদুদণ্ডে তেল মালিশ করছে। তার একপাশে রাজপ্রাসাদের পর্দা-কাপড় সব একটি কাঠের টিউবে একা একাই পরিস্কার হচ্ছে।

প্রতারক লোকটি সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই ব্যাবিটি বুড়ি একজন সত্যিকার নারী জাদুকর। এই মহিলাই তাকে সমস্যায় ফেলেছে এবং সেই তা সমাধান করতে পারে।

প্রতারক বুড়ির উদ্দেশে উচ্চস্বরে বলল, ‘এই বুড়ি! তোমার ওই কককক আওয়াজ আমাকে বিপদে ফেলেছে। এখন তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি আসলে একজন মহিলা জাদুকর। রাজা শুনতে পেলে তোমাকে ছিড়ে ফেলবে।’

বৃদ্ধ মহিলা হাসল এবং প্রতারককে আশ্বাস দিল যে তার সাধ্যমত সাহায্য সে করবে।

প্রতারক তাকে বুঝিয়ে দিল, কীভাবে রাজার অজান্তে রাজা যখন জাদু প্রদর্শন করবে তখন তাকে ঝোপের ভেতর লুকিয়ে থেকে সাহায্য করতে হবে। ব্যাবিটি এ পরিকল্পনায় রাজি হল। তবে একটি প্রশ্ন সে রাখল:

‘কিন্তু তখন কী হবে, যদি রাজা এমন কোনো জাদুর স্পেল ছোড়েন যা আমি নিজে জানি না?’

চতুর লোকটি একটু চিন্তা করল। তারপর বলল, তোমার জাদু বোকা রাজার কল্পনার চেয়ে বেশি শক্তিশালী।

এবার লোকটি তার চতুরতায় সন্তুষ্ট হয়ে দুর্গের ভেতর চলে গেল।

পরদিন সকালে সব ধনী শ্রেনীর লোকেরা রাজসভায় উপস্থিত হল রাজপ্রাসাদের মাঠে। রাজা তাদের সামনে একটি মঞ্চে উঠে এল। চতুর ওই ভুয়া জাদুকর তার পাশে।

‘আমি প্রথম ওই মহিলার মাথার টুপিটা অদৃশ্য করে দিচ্ছিা!’ উচ্চস্বরে রাজা বলল। সে তার হাতের সেই জাদুদণ্ড ভেবে ধরে রাখা গাছের ডালটি একজন ভদ্রমহিলার মাথার দিকে তাক করল। কাছাকাছি একটি ঝোপের ভেতর থেকে ব্যাবিটি তার হাতের জাদুদণ্ডটি তাক করে মহিলার মাথার টুপিটা উধাও করে দিল। উপস্থিত লোকজন অবাক হয়ে গেল। রাজাকে করাতালি দিয়ে উৎসাহিত করতে থাকল।

‘এরপর আমি ওই ঘোড়াটিকে উড়তে দেখাবো!’ উচ্চস্বরে রাজা বলল। সে তার হাতের লাঠিটা তার নিজের দুলকি ঘোড়ার দিকে তাক করল।

ঝোপের ভেতর থেকে একইভাবে ব্যাবিটি ঘোড়ার দিকে তার জাদুদণ্ড তাক করল এবং ঘোড়াটা শূন্যে উড়তে শুরু করল।

লোকজন আরো অবাক হয়ে গেল এবং বিস্ময় প্রকাশ করতে থাকল। তারা তাদের রাজার জাদুতে জয়ধ্বনি করতে থাকল।

‘এবার আমি দেখাবো’ রাজা চারদিকে তাকিয়ে নতুন কী দেখানো যায় তা খুঁজতে থাকলেন। এমন সময় তার জাদুকর শিকারী বাহিনীর অধিনায়ক দৌড়ে সামনে এল। ‘মহামান্য রাজা! আজই সকালে স্যাবে বিষাক্ত ফাঙ্গাস খেয়ে মারা গেছে। আপনার জাদুদণ্ড দিয়ে দয়া করে তার জীবন ফিরিয়ে আনুন!’

অধিনায়ক জাদুকর শিকারী বাহিনীর বিশাল কুকুরটিকে তার সামনে রাখল।

বোকা রাজা তার হাতের ডালটি তুলে মৃত কুকুরের দিকে তাক করল। কিন্তু ঝোপের ভেতর থেকে ব্যাবিটি মুচকি হাসল। জাদুদণ্ড তুলে চেষ্টা করে কোনো ঝামেলা পাকাতে চাইল না। কারণ সে জানে, কোনো জাদুই মৃতকে জীবিত করতে পারে না।

কুকুরটি যখন জীবন ফিরে পেল না তখন উপস্থিত লোকদের মধ্যে প্রথমে কানাকানি, ফিসফিস তারপর হাসি শুরু হল। তারা ধরে নিল যে প্রথম দুটি কাজ ছিল রাজার কোনো কৌশল।

রাজা চিৎকার করে ভুয়া জাদুকর লোকটির উদ্দেশ্যে বলল, ‘জাদু কাজ করছে না কেন!’

‘ওই যে! ওই যে মহামতি!’ চতুর লোকটি চিৎকার করে বলল। সে আঙুলের ইশারায় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা ব্যাবিটিকে দেখালো, ‘আমি পরিস্কার তাকে দেখতে পাচ্ছি। সে হচ্ছে একজন অশুভ মহিলা জাদুকর। সে তার অশুভ স্পেল দিয়ে আপনার জাদুগুলোকে বাধা দিচ্ছে। কেউ তাকে ধর কেউ তাকে ধর!’

ব্যাবিটি ঝোপের আড়াল থেকে দৌড়ে পালালো। জাদুকর শিকারী বাহিনী পেছনে পেছনে ছুটল। তারা কুকুরগুলোকে ছেড়ে দিল। ওগুলো ঘেউ ঘেউ করে ব্যাবিটির রক্তের ঘ্রাণ নিতে চেষ্টা করল। কিন্তু যখন সে একটি নিচু ঝোপের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার রাজা, ভুয়া জাদুকর এবং অন্যান্য লোকেরা অন্য পাশে গেল। তারা দেখতে পেল যে একটি পুরনো গাছকে ঘিরে কুকুরগুলো ঘেউঘেউ করছে এবং গাছের চারপাশে মাটিতে আঁচড় দিচ্ছে।

‘সে নিজেকে এই গাছে রূপান্তর করেছে!’ প্রতারক ভুয়া জাদুকর বলল। সে মনে মনে ভয় পেল, পাছে যদি ব্যাবিটি নারীর বেশে ফিরে এসে সত্যি ঘটনা বলে দেয়! ‘প্রতারক বলল, তাকে কেটে টুকরো করে ফেলুন জাহাপনা! এটাই অশুভ জাদুকরের একমাত্র শাস্তি!’

তাৎক্ষণিক একটি কুড়াল নিয়ে আসা হল। এবং সভাসদদের চিৎকার চেঁচামেচির মধ্যে পুরাতন গাছটি কেটে ফেলা হল।

কিন্তু যখন তারা রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে ঘুরে রওয়ানা দিল তখন একটি উচ্চশব্দ হল পেছন থেকে। কেটে ফেলা গাছের গোড়া থেকে ব্যাবিটির গলা শোনা গেল, ‘বোকার দল! দু টুকরো করার ভেতর দিয়ে কোনো জাদুকর বা মহিলা জাদুকরকে হত্যা করা যায় না! যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে কুড়াল দিয়ে ওই রাজার জাদুকরকে কেটে দেখ!’

জাদুকর শিকারি বাহিনীর অধিনায়ক পরীক্ষা করার জন্য আগ্রহের সঙ্গে এগিয়ে গেল। সে যখন কুড়ালটি উচু করল তখন প্রতারক ভুয়া জাদুকর তার পায়ের উপর পড়ল। চিৎকার করে কেঁদে দয়া ভিক্ষা করল এবং সে যা করেছে তা সব স্বীকার করল। তাকে যখন টেনে গুপ্তঘরের দিকে নেয়া হচ্ছিল তখন ব্যাবিটি গাছের গোড়া থেকে আরো উচ্চস্বরে কককক শব্দ করে উঠলঃ

‘একজন জাদুকরকে দ্বিখণ্ডিত করে তুমি তোমার রাজ্যের জন্য ভয়ানক অভিশাপ ডেকে আনলে!’ সে রাজার উদ্দেশে বলল, সে জন্য যে কয়টি আঘাত আমার সমগোত্রীয় জাদুকর বা মহিলা জাদুকরের উপর এ পর্যন্ত করেছ তার সব কয়টির উপযুক্ত জবাব সমানভাবে পেতে হবে। যে পর্যন্ত না তুমি ওই যন্ত্রণায় নিজে মরে যেতে না চাইবে!’

এ সময় রাজা হাঁটুর উপর বসে পড়ল এবং গাছের গোড়ার উদ্দেশে বলল, ‘সে জাদুকর এবং মহিলা জাদুকরকে তার রাজ্যে রক্ষা করার ঘোষণা দেবে। এবং শান্তির সঙ্গে রাজ্যে জাদুচর্চা করার অনুমোদন দেবে।’

‘খুব ভাল কথা, গাছের গোড়া থেকে আওয়াজ এল। কিন্তু তুমি এখনো ব্যাবিটির ব্যাপারে কোনো সমাধান দাওনি!’

রাজা গাছের গোড়াটির সামনে হাত জোড় করে বলল, ‘যা কিছু, যা চাই তাই হবে!’

গাছের গোড়াটি বলল, তুমি ওই ব্যাবিটির স্মরণে আমার উপর তার একটি মূর্তি দাড় করাবে। এবং একইসঙ্গে সেই মূর্তি তোমার বোকামির জন্যও স্মরণীয় হয়ে থাকবে!’

রাজা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। প্রতিজ্ঞা করল শ্রেষ্ঠ স্থপতি দিয়ে মূর্তি তৈরি করা হবে এবং সেই মূর্তি হবে খাটি সোনার তৈরি। তারপর লজ্জিত রাজা এবং সভাসদগণ প্রাসাদে ফিরে এল।

জায়গাটি যখন নির্জন হয়ে গেল তখন গাছটির শেকড় এবং গোড়ার মাঝখান দিয়ে একটি পশমী খরগোশ বেরিয়ে এল। তার দু দাঁতের ফাঁকে একটি জাদুদণ্ড ধরে আটকানো। ব্যাবিটি অনেক গভীর থেকে বের হয়ে এল। এবং সেই ধোপার সোনার মুর্তিটি তৈরির পর থেকে এ রাজ্যে আর কখনো জাদুকরদের উপর নির্যাতন করার চেষ্টা করা হয়নি।

.

ব্যাবিটি র‍্যাবিটি অ্যান্ড হার ক্যাকলিং স্ট্যাম্প বিষয়ে

অ্যালবাস ডাম্বলডোর

অনেক দিক দিয়েই ব্যাবিটি র‍্যাবিটি অ্যান্ড হার ক্যাকলিং স্টাম্প হল বিডল কাহিনীর মধ্যে সবচেয়ে বাস্তবমুখী। জাদু আইনের জানা সব জাদুর সঙ্গে এর কাহিনী সঙ্গতিপূর্ণ।

এই কাহিনীর ভেতর দিয়ে আমরা অনেকে প্রথম জানতে পারি যে জাদু কখনো মৃতকে ফিরিয়ে আনতে পারে না। এটা ছিল আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আঘাত দেয়ার মত সংবাদ। আমরা ছোটবেলায় জানতাম যে আমাদের বাবা-মায়েরা বলতেন জাদুকরেরা ইঁদুর বা বিড়ালকে তাদের হাতের জাদুদণ্ড দিয়ে এক লহমায় মৃত থেকে জীবিত করতে পারেন। বিডল-এর এ কাহিনী লেখার পর ছয় শতাব্দী পার হয়ে গেছে, আমরা আমাদের ভালবাসার মানুষকে অসংখ্য উপায়ে ধরে রাখতে চেষ্টা করেছি। কিন্তু কারো একবার মৃত্যু হলে তার দেহ এবং আত্মার পুনরায় সমন্বয় ঘটানোর কোন উপায় জাদুকররা বের করতে পারেনি। বিখ্যাত জাদু দার্শনিক বার্ট্রান্ড ডি পেনফিস প্রোফনডেস তার বহুল সমাদৃত গ্রন্থ ‘এ স্টাডি ইন টু দ্য পসিবিলিটি অব রিভার্সিং দ্য অ্যাকচুয়াল এণ্ড মেটাফিজিক্যালি ইফেক্টস অব ন্যাচারাল ডেথ উইথ পার্টিকুলার রিগার্ড টু দ্য রি-ইন্টিগ্রেশন অব এসেন্স এন্ড ম্যাটার’-এ লিখেছেন: এ চেষ্টা ত্যাগ করতে হবে। এটা কখনোই সম্ভব করা যাবে না।

ব্যাবিটি র্যাবিটির কাহিনী আমাদের প্রথম দিকের অ্যানিমেগাস সাহিত্যের পরিচয় দেয়। ধোপা ব্যাবিটি একটি অত্যন্ত ব্যাতিক্রম জাদু ব্যবহার করে নিজেকে একটি প্রাণীতে পরিণত করে। অ্যানিম্যাগি ব্যবহারকারীরা জাদুকর জগতের একটি ছোট গোষ্ঠি। মানুষকে সঠিকভাবে এবং স্বতস্ফূর্তভাবে পশুতে রূপান্তর করতে হলে প্রয়োজন প্রচুর গবেষণা ও চর্চা। অনেক জাদুকর মনে করে তাদের সময়টাই হয়তোবা এক হিসাবে সবচেয়ে ভাল সময়। অবশ্যই কারো নিজেকে লুকিয়ে ফেলার প্রয়োজন না হলে বা ছদ্মবেশ ধরার প্রয়োজন না হলে এ ধরনের জাদুর খুব একটা ব্যবহার হয় না। সে কারণেই মিনিস্ট্রি অব ম্যাজিক অ্যানিম্যাগির উপর একটি তালিকা তৈরি করতে চেয়েছিল। কারণ এতে কোনো সন্দেহ নেই যে এ ধরনের জাদু সাধারণত বড়বড় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারাই এটা করে, যারা চোখের আড়ালে লুকিয়ে পড়তে চায় অথবা বড়বড় অপরাধের সঙ্গে জড়িত থাকে। নিজেকে একটি খরগোশে পরিণত করতে সক্ষম এমন কোনো ধোপা মহিলা আদৌ ছিল কিনা তা নিয়ে প্রায়শই সন্দেহ প্রকাশ করা হয়ে থাকে। তবে কিছু জাদু বিষয়ক ঐতিহাসিকের মতে বিডেলের এ গল্পটি বিখ্যাত ফরাসি জাদুকর লিসেটে ডি ল্যাপিনের ঘটনার অনুকরণে করা হয়েছে। জাদু ক্ষমতার কারণে ১৪২২ সালে প্যারিসে ল্যাপিনকে অভিযুক্ত করা হয়েছিল। যেদিন তাকে ফাঁসি দেয়া হবে তার আগের দিন রাতে মাগল গার্ডদের অবাক করে দিয়ে সে জেল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। যদিও এটা কোনো দিনই প্রমাণ হয়নি যে ল্যাপিন, যে কিনা জানালা দিয়ে সরু হয়ে পালিয়ে গিয়েছিল সে একজন এনিগমাস। তবে ঘটনা পরম্পরায় একটি সাদা রঙের বড় সাইজের খরগোশকে একটি পাতিলে করে ইংলিশ চ্যানেল পার হতে দেখা গেছে। এবং একই রকম একটি খরগোশকে পরে রাজা ষষ্ঠ হেনরির বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে কাজ করতে দেখা গেছে।

বিডল-র রাজা ছিল একজন বোকা মাগল। সে ছিল জাদু শেখার ব্যাপারে আগ্রহী এবং একই সঙ্গে জাদুর ব্যাপারে ভীতু। সে বিশ্বাস করে যে শুধুমাত্র কিছু জাদুর মন্ত্র এবং জাদুদণ্ড তুলে ধরা শেখার মাধ্যমে নিজে একজন জাদুকর হতে পারে। আসলে সে জাদুর সত্যিকার বৈশিষ্ট্য এবং জাদুকরদের সম্পর্কে একেবারে অজ্ঞ ছিল। সেকারণেই সে ভুয়া জাদুকর এবং ব্যাবিটি দুজনেরই উদ্দেশ্য প্রণোদিত উপদেশ গ্রহণ করেছে। এটা হল এক প্রকারের মাগলদের টিপিক্যাল চিন্তার ধরণ। অজ্ঞতার কারণে তারা জাদুর সব অসম্ভব বিষয়কেও বিশ্বাস করে। যেমন সে বিশ্বাস করেছে যে ব্যাবিটি নিজেকে একটি বৃক্ষে পরিণত করেছে, যে গাছটি আবার চিন্তা করতে পারে এবং কথা বলতে পারে! (এখানে একটি গুরুত্বপূর্ণ যুক্তি আছে। রাজা কতটা অজ্ঞ সেটা বোঝানোর জন্য বিডল একটি কথা বলা বৃক্ষকে ব্যবহার করেছে, আবার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়েছে যে ব্যাবিটি একটি খরগোশ হয়েও কথা বলতে পারে। হয়তো এটা গল্পের স্বার্থে হয়ে থাকতে পারে, কিন্তু আমার ধারণা বিডল অ্যানিম্যাগি সম্পর্কে শুধু শুনেছে। তার কখনো কোনো অ্যানিম্যাগির সঙ্গে দেখা হয়নি। সেই অভিজ্ঞতাটাই কাহিনীতে জাদুর নিয়মাবলী সম্পর্কে ব্যবহার করা হয়েছে। অ্যানিম্যাগিরা যখন মানুষ থেকে পশুতে রূপান্তর হয় তখন তারা কথা বলার ক্ষমতা ধরে রাখতে পারে না। তবে তারা মানুষের চিন্তা এবং বিবেচনা ক্ষমতা ধরে রাখতে পারে। স্কুলের সব শিক্ষার্থীরাও জানে, এটাই হলো অ্যানিম্যাগি এবং পশুতে পরিণত হওয়ার ট্রান্সফিগারের মধ্যে পার্থক্য ট্রান্সফিগারের ক্ষেত্রে একজন মানুষ পুরোপুরি পশুতে পরিণত হয়। তার আর কোনো জাদু জানা থাকে না, সে সম্পূর্ণ ভুলে যায় যে এক সময় জাদুকর ছিল এবং তাকে আবার মানুষের রূপে ফিরতে হলে অন্য কারো ট্রান্সফিগার করতে হবে )

আমি মনে করি গল্পের মুল একটি চরিত্র বৃক্ষে পরিণত হওয়া এবং রাজাকে কুঠারের আঘাতের অনুভূতির আঘাত দেয়ার এ ধারণাটি বিডল সম্ভবত পেয়েছে জাদুর ঐতিহ্য ও চর্চা থেকে। যেসব গাছ থেকে ভাল জাদুদণ্ড তৈরি হয় সে গাছগুলোকে জাদুদণ্ড প্রস্তুতকারীরা অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষা করে এবং দেখাশোনা করে রাখে। এসব গাছ চুরি করার জন্য কাটার ফলে শুধু যে অনিষ্টের সম্ভাবনা থাকে তাই নয়, এসব গাছের মালিকদের চারপাশে থাকা রক্ষাকারী জাদুর উপরও নেতিবাচক প্রভাব পড়ে। সেই বিডল-এর সময়ের ক্রুসিয়াটাস কার্স মিনিস্ট্রি অব ম্যাজিকের দ্বারা অবৈধ ঘোষিত হয়নি। সুতরাং ব্যাবিটি যে রাজাকে হুমকি দিয়েছে তা থেকে মারাত্মক গোলোযোগ দেখা দিতে পারতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *