দ্য টেল অব থ্রি ব্রাদার্স
এক সন্ধ্যাবেলা তিন ভাই একসঙ্গে একটি নির্জন রাস্তায় হাঁটতে বেরুলো। হাঁটতে হাঁটতে তারা একটি নদীর ধারে এসে পৌছল। দেখা গেল নদীটি এত গভীর যে হেঁটে পার হওয়া সম্ভব নয়। আবার সাঁতরে পার হওয়াও খুবই বিপদজনক। যাই হোক, এ তিন ভাই জাদুবিদ্যা আগেই রপ্ত করেছে। তারা অতি সাধারণভাবে তাদের জাদুদণ্ড তুলে ধরল এবং দেখা গেল নদীর অত্যন্ত বিপদজনক পানির উপর একটি সেতু তৈরি হয়ে গেছে। ওরা ব্রিজের উপর দিয়ে অর্ধেক পথ অতিক্রম করেছে। ঠিক তখনই দেখল একটি কালো কাপড়ে ঢাকা শরীর ওদের পথ রোধ করে দাঁড়িয়েছে।
এ হলো ডেথ। ডেথ ওদের সঙ্গে কথা বলতে শুরু করল। সে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এখানে যারা আসে তারা সাধারণত পানিতে নেমেই মৃত্যুর সম্মুখীন হয়। কিন্তু এই তিন তিনটি শিকার পানিতে না নেমে তাকে ধোঁকা দিয়েছে। তবে ডেথও যথেষ্ট চতুর। সে এমন ভাব করল যে তিন ভাইকে তাদের জাদুর জন্য অভিবাদন জানাচ্ছে। এবং ওদেরকে জানাল যে তাকে পাশ কাটিয়ে যেতে পারার জন্য সে প্রত্যেককে একটি করে পুরস্কার দিতে চায়।
সবচেয়ে বড় ভাইটি ছিল গোয়ার ধরনের। সে এমন একটি জাদুদণ্ড চাইল, যেটি দুনিয়ার অন্য যে কোনো জাদুদণ্ডের চেয়ে শক্তিশালী। এমন জাদুদণ্ড হতে হবে যেটি সব সময় তার মালিককে দ্বন্দ্ব যুদ্ধে জিতিয়ে দেয়; এমন মূল্যবান একটি জাদুদণ্ড হতে হবে, যেটি তার মালিকের জন্য ডেথ-এর উপর জয় এনে দিতে পারে।
সুতরাং ডেথ ব্রিজ থেকে নেমে নদীর ধারে একটি বৃক্ষের কাছে গেল। গাছের ডালে ঝোলানো একটি বিশেষ জাদুদণ্ড টেনে নিয়ে সেটি সবচেয়ে বড় ভাইয়ের কাছে দিল।
এরপর মেজো ভাইটির পালা। মেজো ভাইটা বেশ উদ্ধত চরিত্রের ছিল। সে তখনো ডেথ-এর উপর ক্ষেপে আছে। সে ডেথ কে নাস্তানাবুদ করতে চাচ্ছে। সে এমন ক্ষমতা চাইল যাতে সে এই ডেথ-এর দ্বারা মৃতদের পুনরায় দুনিয়ায় নিয়ে আসতে পারে। সুতরাং ডেথ এগিয়ে গিয়ে নদীর কিনারা থেকে একটি পাথর তুলে আনল। এবং মেজো ভাইটির হাতে দিয়ে বলল, এই পাথরটি মৃতকে ফিরিয়ে আনতে পারে।
এবার ডেথ তৃতীয় এবং সবচেয়ে ছোট ভাইকে জিজ্ঞেস করল সে কি চায়। ছোট ভাই ছিল তিন জনের মধ্যে সবচেয়ে বিনয়ী এবং বুদ্ধিমান। সে এমন কিছু চাইল যেটা দিয়ে সে ডেথ-এর চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারে। কী আর করা, অনিচ্ছা সত্ত্বেও ডেথ তার গায়ের অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন আলখাল্লাটি খুলে দিল।
এবার ডেথ সরে দাঁড়াল এবং তিন ভাইকে সামনে এগিয়ে যেতে দিল। এবং তারা তিন ভাই সামনে এগিয়ে গেল। তারা তাদের অভিযানের কথা ভাবল এবং ডেথ-এর দেয়া পুরস্কারের প্রশংসা করল।
একসময় তিন ভাই আলাদা হয়ে গেল যার যার লক্ষে পৌঁছানোর জন্য। সবচেয়ে বড় ভাই এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় হেঁটে দূরের একটি গ্রামে গিয়ে পৌছল। সে একজন জাদুকরকে খুঁজে বের করল, যার সঙ্গে তার দীর্ঘকাল ধরে বিবাদ রয়েছে। স্বাভাবিকভাবেই তার এলডার জাদুদণ্ডটির দ্বন্দ্বে জেতার কথা। সে তার শক্রকে হত্যা করে মেঝেতে ফেলে রাখল। তারপর একটি রেস্টুরেন্টে ঢুকে সেখানে উচ্চস্বরে তার ডেথ-এর কাছ থেকে ওই জাদুদণ্ডটি আনার কথা বলল। সবাইকে সে শুনিয়ে বলল, এ জাদুদণ্ডটি কীভাবে তাকে অপরাজেয় করে তুলেছে। কেউ এখন তাকে পরাজিত করতে পারবে না।
ওই রাতেই বড় ভাইটি মদ পান করে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়লে এক জাদুকর কোনো শব্দ না করে ভেতরে প্রবেশ করল। চোর জাদুকরটি বড় ভাইয়ের জাদুদণ্ডটি তুলে নিল এবং চলে যাওয়ার আগে যৌক্তিক কারণেই সে বড় ভাইটার গলা কেটে হত্যা করল।
এভাবেই ডেথ প্রথম বড় ভাইটিকে নিজের করে নিল।
এদিকে মেজো ভাইটি তার নিজের বাড়িতে ফিরে এসেছে। সেখানে সে একাই বসবাস করতো। সে বাড়িতে এসে জীবিত করে তোলার ক্ষমতাসম্পন্ন পাথরটি বের করল এবং তিনবার সেটি হাতে নিয়ে ঘোরালো। পরম আনন্দে অবাক হয়ে সে দেখল যে মেয়েটিকে সে ভালবেসে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়েটি অকালে মারা যায়, সেই মেয়েটির শরীর আকার নিয়েছে। সে ভীষণ খুশি হলো তার প্রেমিকাকে পেয়ে। সে মরণশীল এই পৃথিবীতে ফিরেছে, কিন্তু সত্যিকারে এ জায়গা এখন তার নয় এবং এখানে এসে মেয়েটির ভীষণ কষ্ট হতে থাকল। অবশেষে মেজো ভাইটি নিরাশ হয়ে নিজে আত্মহত্যা করল মেয়েটির সঙ্গে অন্য জগতে মিলিত হওয়ার জন্য।
এভাবেই ডেথ দ্বিতীয় ভাইকে তার নিজের কাছে নিয়ে গেল। কিন্তু অনেক বছর খোঁজাখুঁজি করেও ডেথ ছোট ভাইটিকে আর কখনো খুঁজে পেল না। শেষ পর্যন্ত সেই ছোট ভাইটা বৃদ্ধ হয়ে গেল এবং মৃত্যুর আগে ওই অদৃশ্য হওয়ার আলখাল্লাটি তার নিজের ছেলেকে দিয়ে গেল। এরপর সে আপোষেই এবং আনন্দে ডেথ এর সঙ্গ গ্রহণ করল এবং আত্মসম্মান নিয়ে এ জীবন থেকে সরে গেল।
.
দ্য টেল অব দ্য থ্রি ব্রাদার্স সম্পর্কে
অ্যালবাস ডাম্বলডোর
ছোটবেলায় এ কাহিনী আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এ কাহিনী আমি প্রথম শুনেছিলাম আমার মায়ের মুখে। এটি আমার কাছে রূপকথা হয়ে গিয়েছিল। আমি প্রায়শই বিছানায় ঘুমাতে যাবার আগে মায়ের কাছে এ গল্প শুনতে চাইতাম। তা নিয়ে আমার ভাই আবারফোর্থের সঙ্গে প্রায়ই ঝগড়া বেধে যেত। ওর আবার পছন্দের গল্প ছিল ‘গ্ৰাম্বল দ্য গ্রাবি গোট।’
দ্য টেল অব দ্য থ্রি ব্রাদার গল্পের নৈতিক দিকটি পরিস্কার নয়; মৃত্যুকে মানুষের এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা সর্বদাই হতাশাজনক। গল্পের তৃতীয় বা একমাত্র ছোট ভাইটিই (বিনয়ী এবং বুদ্ধিমান) বিষয়টি বুঝতে পারে। একবার কোনোক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে তারপর সে চেষ্টা করেছে মৃত্যুর মুখোমুখি হতে যত দেরি করা যায়। সে বুঝতে পেরেছে বড় ভাইয়ের মত সহিংসতায় জড়িয়ে মৃত্যুকে খেপিয়ে, অথবা মেজো ভাইয়ের মত বিশেষ জাদুর মধ্যে হস্তক্ষেপ করা মানে ক্ষমতাবান শক্রকে উসকে দেয়া, যে শত্রু আবার হারতে জানে না।
পরিতাপের বিষয় হল, এ কাহিনীকে ঘিরে একটি কৌতুহল উদ্দীপক গল্প গড়ে উঠেছে। আর সে গল্প আসল গল্পের সঙ্গে এককথায় বৈপরিত্যে ভরা। এই গল্পের মধ্য দিয়ে বিশ্বাস তৈরি হয়েছে, ওই অপরাজেয় জাদুদণ্ড, পার্থিব জগতে জীবন ফিরে পাওয়ার পাথর এবং অদৃশ্য হওয়ার আলখাল্লার অস্তিত্ব রয়েছে। এ বিশ্বাসে আরো ঢুকে গেছে যে, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই তিনটি মূল্যবান জিনিসের অধিকারী হতে পারে তাহলে সে মাস্টার অব ডেথ-এ পরিণত হবে। মাস্টার অব ডেথ বলতে সাধারণত ধারণা করা হয়, ব্যাক্তিটি অপরাজেয়, এমনকি মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে।
আমরা এ নিয়ে হয়তো একটু দুঃখের সঙ্গে মুচকি হাসতে পারি। তবে এ কাহিনীর সবচেয়ে উদার ব্যাখ্যা হতে পারে: আশা চিরন্তন। বিডল-এর ভাষ্যমতে তিনটি বস্তুর দুটি অত্যন্ত বিপদজনক। শেষ পর্যন্ত মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত-এরকম পরিস্কার মেসেজ থাকা সত্ত্বেও জাদুকর সম্প্রদায়ের একটি ক্ষুদ্র অংশ বিশ্বাস করে যে বিডল-এর মাধ্যমে তাদেরকে একটি মেসেজ দেয়া হয়েছে। সে মেসেজটি আবার সম্পূর্ণ বৈপরিত্যে পূর্ণ। তারা মনে করে, এ মেসেজটি বোঝার মত চতুর শুধু তারাই। তাদের চিন্তার (হয়তো মরিয়া হয়ে আশা করা বললেই সঠিক হবে) পেছনে একটি প্রমাণ সমর্থন হিসাবে কাজ করে। খুব কম হলেও আমাদের এই পার্থিব জগতে কিছু অদৃশ্য আলখাল্লা আছে। কিন্তু গল্প অনুসারে ডেথ আলখাল্লা মাত্র একটাই রয়েছে। বিডলএর গল্পের সময় থেকে আমাদের এ সময় পর্যন্ত কয়েক শত বছর পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ সে ডেথের আলখাল্লাটি দেখেছে বলে দাবি করেনি। সত্য বলে বিশ্বাসীরা এ বিষয়টিকে ব্যাখ্যা করে এভাবে হয় তৃতীয় ভাইটির উত্তরসুরিরা জানে না যে, আলখাল্লাটি কোথা থেকে এসেছে, অথবা তারা জানে এবং দৃঢ় প্রতিজ্ঞ যে কাউকে বিষয়টি না জানিয়ে তাদের পূর্ব পুরুষের ধারা অব্যাহত রাখবে।
স্বাভাবিকভাবেই বোধগম্য, পাথরটি আর কখনোই দেখা যায়নি। আমি আগেই ব্যাবিটি র্যাবিটি গল্পে উল্লেখ করেছি, আমরা সবসময়ই মৃতকে জীবন দেয়ার ব্যাপারে অক্ষম। একথা মনে করার বহু যুক্তি আছে যে তা কখনোই সম্ভব হবে না। চতুর এবং কিছু আজেবাজে লোক ডার্ক উইজার্ড এর মাধ্যমে ইনফেরি (এক ধরনের ডার্ক ম্যাজিকের সৈনিক) সৃষ্টি করেছে। কিন্তু সেগুলো এক ধরনের পুতুল, সত্যিকারের জেগে ওঠা মানুষ নয়। তাছাড়া বিডলএর কাহিনীতেও এটা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় ভাইয়ের ভালবাসার মেয়েটি কিন্তু মৃত অবস্থা থেকে ফিরে আসেনি। তাকে পাঠিয়েছিল আলোচ্য ‘ডেথ’। ওই মেজো ভাইটাকে লোভে ফেলে তার নিজের হস্তগত করার জন্য। সেই মায়াবি মেয়েটির মাধ্যমে এক ধরনের শীতল, অধরা এবং এই আছে-এই নেই আচ্ছন্নতা দিয়ে তাকে প্ররোচিত করেছে।
গল্পে আমরা একটি জাদুদণ্ডের কথা পেয়েছি। বিডল-এর অন্ধ বিশ্বাসীরা মনে করে এরমধ্যে একটি গোপন মেসেজ রয়েছে। অন্তত কিছু ঐতিহাসিক প্রমাণ আছে তাদের দাবির পক্ষে। এই বিষয়টি হল, নিজেদের ভাবমূর্তি তারা উজ্জ্বল করতে চেষ্টা করুক বা সম্ভাব্য আক্রমণকারীকে আতঙ্কিত করতে চেয়ে থাকুক অথবা সত্যিই তারা যা বলছে তা নিজেরা বিশ্বাস করে থাকুক- সেই সময়ের জাদুকরেরা দাবি করেছিল যে সাধারণ জাদুদণ্ডের চেয়ে তাদের ওই জাদুদণ্ড অনেক বেশি শক্তিশালী। এমনকি সেটি অপরাজেয়। এসব জাদুকরদের কিছু কিছু দাবি এখনো শোনা যায়। তাদের ওই জাদুদণ্ড নাকি সবোচ্চ ক্ষমতাশালী। ‘ডেথ’-এর তৈরি জাদুদণ্ডটিকে তেমনি একটি বলে মনে করা হয়। এ ধরনের জাদুদণ্ডকে বিভিন্ন নাম দেয়া হয়েছে। যেমন দ্য ওয়ান্ড অব ডেসটিনি, দ্য ডেথস্টিক ইত্যাদি।
মোটেই অবাক হওয়ার বিষয় নয় যে, আমাদের জাদুদণ্ড ঘিরে পুরাতন বিশ্বাস গড়ে উঠেছে যা আমাদের জাদুর একটি মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কিছু জাদুদণ্ডকে (এবং পাশাপাশি সেই জাদুদণ্ডের মালিককে) মনে করা হয় অপ্রতিদ্বন্দ্বী:
When his wand’s oak and hers is holly then to marry would be folly
অথবা জাদুদণ্ডের মালিক সম্পর্কে বলা হয়
Rowan gossips, chestnut drones. Ash is stubborn, hazel moans.
এ ধরনের আরো কিছু অপ্রমাণিত কথা আমরা দেখতে পাই:
Wand of elder, never prosper.
বিডল-এর কাহিনীতে মৃত্যু পুরাতন গাছ থেকে কাল্পনিকভাবে জাদুদণ্ড তৈরি করেছে কিনা, অথবা ক্ষমতার জন্য কাতরতা আছে কিনা, অথবা বিশৃংখল জাদুকরেরা তাদের জাদুদণ্ড পুরাতন গাছের বলে দাবি করেছে কিনা সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হল, এই ধরনের কাঠ জাদুদণ্ড প্রস্তুতকারীদের কাছে তেমন একটা সমাদ্রিত নয়।
যে শক্তিশালী এবং বিপদজনক জাদুদণ্ডটির ব্যাপারে প্রথমে উল্লেখ রয়েছে সেটির মালিক ছিল এমেরিক, যাকে ডাকা হতো দ্য এভিল (শয়তান) বলে। এমেরিক খুব বেশিকাল জীবিত ছিল না, কিন্তু ভয়ানক আগ্রাসী জাদুকর ছিল। সে মধ্যযুগে দক্ষিণ ইংল্যাণ্ডে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যেভাবে সে জীবিত ছিল, ঠিক তেমনি ভয়ানকভাবে সে মারা যায় এগবার্ট নামের এক জাদুকরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে। এরপর এগবার্টের কী হয়েছিল তা জানা যায়নি। যদিও মধ্যযুগের সে সময়ে তাদের আয়ু ছিল স্বল্প। মিনিস্ট্রি অব ম্যাজিক প্রতিষ্ঠা হওয়ার আগের সেই সময়ে দ্বন্দ্ব ছিল ভয়াবহ ধ্বংসাত্মক।
এর পুরো একশত বছর পরে আরেকজন বিপদজনক চরিত্রের জাদুকরের উত্থান হয়েছিল। তার নাম ছিল গোডেলট। সে জাদুদণ্ডের সাহায্যে বিপদজনক স্পেল লিখে ডার্ক ম্যাজিকের চর্চা শুরু করেছিল। সে তার নোটবুকে লিখেছিল, ‘এলহর্ণের (এলডারের পুরাতন নাম) তৈরি সুক্ষ্ম ও চতুর বন্ধু জানে কী করে অশুভ ম্যাজিক করতে হয়।’
দেখা যায়, গোডেলট তার জাদুদণ্ডকে সহায়ক বন্ধু, এমনকি প্রশিক্ষক বলে মনে করতো। যারা ওয়াগুলোর (আমার মত) সম্পর্কে জানেন, তারা স্বীকার করবেন যে জাদুদণ্ড ব্যবহারকারীদের সঙ্গে তাদের দণ্ডটি সত্যিই অনেকটা এক্সপার্টের মত খাপ খেয়ে যায়। যদিও এটি অনিশ্চিত এবং অসঠিক কথা। জাদুদণ্ড এবং তার ব্যবহারকারীর মধ্যে সম্পর্কের মত বিষয়টি নিয়ে সবাইকে একটু ভেবে দেখতে হবে। বুঝতে হবে একজন স্বতন্ত্র ব্যাক্তির জন্য জাদুদণ্ড কতটা ভাল পারফর্ম করতে পারে। তারপরও একটি জাদুদণ্ড, যেটি অনেক ডার্ক উইজার্ডের হাত ঘুরে এসেছে সেটির একটি আলাদা কদর আছে। এমন জাদুদণ্ডকে ম্যাজিকের সবচেয়ে বিপদজনক জাদুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। অধিকাংশ জাদুকর এবং মহিলা জাদুকর সেকেণ্ডহ্যাণ্ড জাদুদণ্ডের চেয়ে বরং এমন জাদুদণ্ড চায়, যেগুলো তাদের নিজেদেরকে পছন্দ করে। কারণ সেকেণ্ডহ্যাণ্ড জাদুদণ্ডগুলো পুরোনো মালিকের কাছ থেকে কিছু অভ্যাস রপ্ত করে থাকে যা হয়তো বা নতুন জাদুকরের সঙ্গে ঠিক খাপ খাবে না। মালিক মারা গেলে তার সঙ্গে জাদুদণ্ডটিকে কবর দিয়ে দেয়ার (অথবা পুড়িয়ে দেয়া) প্রচলন শুরু হয়েছে সে কারণে। কিন্তু এলডার জাদুদণ্ডের মালিকরা সাধারণত এটা করে না। তার কারণ, এলডার জাদুদণ্ড এক মালিক পূর্ব মালিককে হত্যা করে দখল করে থাকে। একটি এলডার জাদুদণ্ড কখনোই পোড়ানো বা কবর দেয়া হয়নি। বরং তাজা থেকে সাধারণ জাদুদণ্ডের চেয়ে অনেক বেশি শক্তি, অভিজ্ঞতা এবং ক্ষমতা আয়ত্ব করেছে।
যাহোক, জানা যায় গোডেলট তার মাটির নিচের কুঠুরিতে মৃত্যুবরণ করেছে। তার পাগলা ছেলে হেয়ারওয়ার্ড তাকে সেখানে আটকে রেখেছিল। এখানে আমরা ধরে নিতে পারি যে হেয়ারওয়ার্ড অবশ্যই তার বাবার জাদুদণ্ডটি কব্জা করে নিয়েছিল। তা না হলে অবশ্যই তার বাবা জাদুদণ্ডের মাধ্যমে পালিয়ে যেতে সক্ষম হতো। কিন্তু পরে হেয়ারওয়ার্ড জাদুদণ্ডটি কী করেছে সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না। তবে এ ব্যাপারে নিশ্চয়তা আছে যে অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে বারবানাস ডেভেরিলএর মালিকানায় দ্য এলড্রন ওয়্যান্ড (জাদুদণ্ড) দেখা গেছে। ডেভেরিল এই জাদুদণ্ডটি ব্যবহার করে তার সুনাম নষ্ট করে ভীতিপ্রদ ওয়ারলকে পরিণত হয়েছিল। তার ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল তার মতই আরেক ভয়ঙ্কর লোক্সিয়াস। এই লোক্সিয়াসই তার জাদুদণ্ডটি নিয়ে নেয় এবং সেটিকে পুনরায় নামকরণ করে দ্য ডেথস্টিক নামে। সেই ডেথস্টিক জাদুদণ্ডটি সে যার উপর একটু অসন্তুষ্ট হয়েছে, তাকেই ধ্বংস করতে ব্যবহার করেছে। লেক্সিয়াসের জাদুদণ্ডটির পরবর্তী ঘটনা সঠিকভাবে জানা যায়নি। অনেকে দাবি করেছে জাদুদণ্ডটি তাকে, এমনকি তার মাকেও শেষ করে দিয়েছিল।
জাদুদণ্ডের তথাকথিত ইতিহাস পড়ে কোনো মেধাবী জাদুকর বা মহিলা জাদুকরের কাছে যে বিষয়টি হতাশাজনক বলে মনে হয় তা হল, এলডার জাদুদণ্ডের মালিকানা পাওয়া অনেকে দাবি করে যে- এই জাদুদণ্ড অপরাজেয়। পরিস্কার প্রমাণ আছে যে, অনেক মালিক শুধু পরাজিতই হয়নি, গ্রুম্বল দ্য গ্রাবি গোট-এ জাদুদণ্ডের মাধ্যমে উড়তে চেষ্টা করে সমস্যার মুখে পতিত হয়েছে। সুতরাং এলডার জাদুদণ্ড সম্পর্কে জানতে চাওয়াটা শুধুই একটি পর্যবেক্ষণ পর্যায়েই রয়ে গেছে। আমার দীর্ঘ জীবনে অনেকবার সুযোগ হয়েছে। আমি দেখেছি, মানুষের একটি দক্ষতা আছে তাদের জন্য কোনটা মন্দ সেটা সঠিকভাবে বুঝে ফেলার।
কিন্তু আমাদের মধ্যে এমন কেউ যদি ওই ছোট ভাইটির মত বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতাম, যদি আমাদের সামনে ডেথের পক্ষ থেকে কোনো পুরস্কারের প্রস্তাব আসতো? মাগল এবং জাদুকরেরা একইরকম ক্ষমতার ব্যাপারে প্রলুব্ধ। কয়জন আছে নিয়তির জাদুদণ্ডকে উপেক্ষা করতে পারে? মানুষ হিসাবে কোনো ভালবাসার মানুষকে জীবিত জগতে ফিরিয়ে আনার ব্যাপারে কয়জন লোভ সংবরণ করতে পারে? এই আমি, অ্যালবাস ডাম্বলডোর যদি অদৃশ্য হওয়ার ক্ষমতাসম্পন্ন আলখাল্লা সহসা প্রত্যাখ্যান করতে পারতাম তাহলে দেখা যেত, আমার মত চালাক মানুষও অন্য যে কারো মত সবার কাছে বড় ধরনের বোকা হিসাবে বিবেচিত হতাম। যে কোনো একটি জাদুদণ্ড যেন অনেক মালিকের কাছ থেকে শিক্ষা না পায়।
