জাদুকর এবং হপিং পট
একদা এক বৃদ্ধ দয়ালু জাদুকর ছিলেন। তিনি দয়াপরবশ হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর জাদুকে প্রতিবেশীদের উপকারে ব্যবহার করতেন। তাঁর শক্তির প্রকৃত উৎসের কথা কাউকে না জানিয়ে বরং তিনি এমন একটা ভাব করতেন যেন তাঁর পোশণ (জাদুর শরবত), জাদু এবং সুস্থ করে তোলার পানীয় এসব এমনিতেই তিনি তাঁর একটি পাতিলের ভেতর থেকে পেয়ে যান। পাতিলটিকে তিনি বলতেন ভাগ্যের পাতিল। আশেপাশের কয়েক মাইল এলাকার লোকজন তাঁর কাছে ছুটে আসতো তাদের সমস্যা নিয়ে। জাদুকর খুশির সঙ্গে তাঁর ওই পাতিলের ভেতর একটু নাড়ানাড়ি করে তারপর সমস্যার সঠিক সমাধান করে দিতেন।
দীর্ঘ জীবন লাভ করে এই জাদুকর একসময় মারা যান। মারা যাবার সময় তিনি সব সম্পদ এবং ক্ষমতা তাঁর একমাত্র ছেলেকে দিয়ে যান। এই ছেলেটি ছিল তাঁর বাবার থেকে সম্পূর্ণ আলাদা। যারা জাদু জানে না তাদের ছেলেটি কোনো মূল্যই দিত না। এমনকি তার বাবা যখন জাদুর মাধ্যমে মানুষজনকে সহায়তা করতো সেটা নিয়ে সে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া বাধিয়ে দিত।
বাবার মৃত্যুর পর ছেলেটি পাতিলের ভেতর লুকানো তার নাম লেখা একটি প্যাকেট দেখতে পেল। ওই প্যাকেটের ভেতর সোনা থাকতে পারে মনে করে সে তাড়াতাড়ি প্যাকেটটা খুলল। কিন্তু কই! সে হতাশ হয়ে দেখল, প্যাকেটে মোড়ানো ছিল একটি স্যান্ডেল। তাও আবার সাইজে ছোট এবং জোড়া নেই, এক পায়ের একটি। স্যান্ডেলটির একটি অংশে খোদাই করে লেখা, ‘আশা করি পুত্র, তোমার এ স্যান্ডেলটি কখনো কাজে লাগবে না।’
বয়ঃবৃদ্ধ বাবার আত্মা উদ্দেশ্য করে গালি দিয়ে তারপর স্যান্ডেলটি ছুড়ে পাতিলের ভেতর ফেলে দিল। ভাবল, এটা ঘরের কোনো ছোটখাটো কাজে লাগবে।
ওই রাতেই এক কৃষক মহিলা এসে বাইরে থেকে দরজায় টোকা দিল। মহিলা বলল, ‘আমার নাতনির গায়ে অসংখ্য ফোসকা উঠেছে স্যার, আপনার বাবা রান্নার একটি পাতিলের ভেতর থেকে বিশেষ ধরনের ওষুধ তৈরি করে দিতেন-’
পুত্রটি ধমক দিয়ে বলল, ‘ভাগো! আমি তোমার ওই ফোসকা সারাতে যাবো কেন?’
সে কৃষক মহিলাটির মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল।
সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ঝনঝন, ধুমধুম শব্দ আসতে থাকল। জাদুকর পুত্রটি তার হাতের জাদুদণ্ডটির আলো জ্বালিয়ে পাক ঘরের দরজা খুলল। বিস্ময়ের সঙ্গে সে বাবার রেখে যাওয়া পাতিলটার দিকে তাকালো। পাতিলের নিচে একটি পিতলের পা বেরিয়ে এসেছে এবং পাতিলটি মেঝের উপর এক জায়গায় দাড়িয়ে লাফাচ্ছে। এবং ভয়ানক শব্দ করছে। জাদুকর অবাক হয়ে সেটার দিকে এগিয়ে গেল। কিন্তু পাতিলের ভেতরের দিকের গায়ে বড় বড় ফোস্কার মত দেখে সঙ্গে সঙ্গে সে পিছিয়ে গেল।
‘একেবারে বিরক্তিকর!’ চিৎকার করে উঠল। সে প্রথমে জাদুর মাধ্যমে পাতিলটিকে ধবংস করতে চেষ্টা করল। তাতে সফল না হয়ে জাদু দিয়ে পাতিলটি পরিস্কার করতে চেষ্টা করল। যখন তাও পারল না, তখন পাতিলটিকে ঘর থেকে বের করতে চেষ্টা করল। কিন্তু কিছুতেই কিছু হল না। অবশেষে সে পাতিলটির লাফানো বন্ধ করতে না পেরে বিছানায় উঠে গেল। তখন পাতিলের ভেতরে আরো জোরে জোরে ধুমধাম শব্দ শুরু হলো।
পুরাতন পাতিলের সেই শব্দে জাদুকর সারারাত ঘুমাতে পারল না। পরদিন সকালে পাতিলটি লাফাতে লাফাতে তার পিছু পিছু নাস্তার টেবিলের কাছে গেল। একপেয়ে পাতিল থেকে ক্ল্যাঙ ক্ল্যাঙ শব্দ হতেই থাকল। জাদুকর নাস্তা তখনো শেষ করতে পারেনি,ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ল।
জাদুকর দরজা খুলে দেখে, একজন বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বলল, ‘আমার বহু পুরানো গাধাটির নাম টিজ। সেটি হারিয়ে গেছে, অথবা চুরি হয়ে গেছে জনাব। ওকে ছাড়া আমার মালপত্র বাজারে নিতে পারছি না। এ কারণে আমার পরিবারকে আজ রাতে না খেয়ে থাকতে হবে।’
‘আমি এখন খেতে বসছি!’ জাদুকর ধমক দিয়ে মুখের উপর দরজা আটকে দিল।
‘ক্ল্যাঙ ক্ল্যাঙ ক্ল্যাঙ!’ পাতিলটি এক পায়ের উপর লাফাতে থাকল। কিন্তু এবার সেই আগের শব্দের সঙ্গে গাধার ডাক যোগ হল এবং একই সঙ্গে ক্ষুধার্ত মানুষের গোঙানির শব্দ আসতে থাকল। পাতিলের ভেতর থেকে সে শব্দ প্রতিধ্বনি হয়ে বের হতে থাকল।
‘শান্ত হ! একদম চুপ!’ তীক্ষ্ণ কণ্ঠে জাদুকর বলল। কিন্তু তার কোনো জাদুশক্তিই পাতিলটিকে থামাতে পারল না। সারাদিন ভরে পাতিল এক পায়ে লাফাতে থাকল। ঘরঘর শব্দ, গাধার শব্দ এবং মানুষের গোঙানির শব্দ আসতেই থাকল। সে যেখানেই যাক বা যে কাজই করতে চেষ্টা করুক না কেন, পাতিল তার পিছু পিছু যায় আর বিরক্তিকর ওইসব শব্দ করে। কান ঝালাপালা করে তোলে।
ওইদিনই সন্ধ্যাবেলা আবার দরজায় টোকা পড়ল। জাদুকর দেখল, দরজার সামনেই দাড়িয়ে আছে অল্পবয়সের এক মহিলা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যেন তার হৃদয়টা ভেঙে গেছে। মহিলা বলল, ‘আমার মেয়েটা ভয়ানক অসুস্থ। আপনি কি দয়া করে সাহায্য করবেন না? আপনার বাবা থাকতে আমরা কোনো সমস্যায় পড়লে তার কাছে ছুটে আসতাম, তিনি আমাদের আন্তরিকভাবেই সাহায্য করতেন।’
কিন্তু জাদুকর আবার মহিলার মুখের উপর দরজা বন্ধ করে দিল।
এবার দেখা গেল জাদুকরকে জ্বালাতনকারী পাতিলটিতে লবনাক্ত চোখের পানি যোগ হল এবং পাতিলের লাফালাফির সময় ঘরের পুরো মেঝে চোখের পানিতে ভিজতে থাকল।
যদিও পরের এক সপ্তাহে আর কোনো লোক সাহায্যের জন্য জাদুকরের কাছে এল না, কিন্তু পাতিলটি অনেক লোকের অসুস্থতার খবর ওই বিরক্তিকর শব্দ করে জানান দিল। পাতিলের ভেতর থেকে শুধু চিৎকার এবং গোঙানির শব্দই না, একে একে আসতে শুরু করল বমি করার শব্দ, ফুপিয়ে কান্না, শিশুর মত তারস্বরে চিৎকার, কুকুরের চিৎকার। পাতিলের ভেতর থেকে বের হয়ে আসতে থাকল বমির মত, পচা মাখনের মত এবং টক হয়ে যাওয়া দুধের মত নানান নোংরা জিনিস। জাদুকর ওই পাতিল পাশে নিয়ে না পারল খেতে, না পারল ঘুমাতে। পাতিলটিকে থামাতে পারল না, দূর করতে পারল না, পারল না স্থির করতেও। জাদুকরের ধৈর্যের বাধ ভাঙলো। এই যন্ত্রণার অবসান চাই। সে রাতে পাতিলটাকে সাথে নিয়ে হাটতে হাটতে গ্রামের লোকদের উদ্দেশে বলল, ‘তোমাদের যার যা সমস্যা এবং যন্ত্রণা আছে সব নিয়ে এসো! এসো আমি তোমাদেরকে সারিয়ে তুলছি, তোমাদের দুঃখ ভুলিয়ে দিচ্ছি। আমার কাছে আমার পিতার রান্নার পাতিলটি আছে, সেটা দিয়ে আমি তোমাদের ভাল করে তুলবো।’
নোংরা পাতিলটি তখনো তার পাশে। সে গ্রামের রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে দু’ দিকে জাদুর স্পেল ছুড়তে থাকল।
তখন সব কিছু পাল্টে যেতে থাকল। একটি বাড়ির ভেতরে একটি ছোট মেয়ের ঘুমে থাকা অবস্থাতেই গায়ের ফোস্কা সেরে গেল। গাধাটি ফিরে এল একটি দূরের ঝোপ থেকে। নীরবে আস্তাবলে ঢুকল। লতাপাতার চিকিৎসা দেয়া শিশুটি রোগ থেকে সেরে উঠল। প্রতিটি বাড়ির দুঃখ যন্ত্রণা যখন জাদুকর সারিয়ে তুলতে থাকল তখন পাতিলটির ভেতর থেকে পর্যায়ক্রমে সব আবর্জনা দূর হতে থাকল। ধীরে ধীরে সেটি শান্ত, পরিষ্কার এবং উজ্জল হয়ে উঠল।
ততক্ষণে সূর্য উঠতে শুরু করেছে। জাদুকর কাঁপতে কাঁপতে বলল, ‘এবার ঠিক আছে পাতিল?’
পাতিলের ভেতর থেকে এক পায়ের এক পাটি সেন্ডেল বের হয়ে এল। একসঙ্গে তারা বাড়ি ফিরল। ফেরার সময় পাতিলের পা থেকে মৃদু আওয়াজ হল। কিন্তু সেদিন থেকে জাদুকর তার বাবার মত গ্রামের মানুষকে সাহায্য করতে শুরু করল। বলা যায় না, পাছে আবার যদি পাতিল থেকে পা বের হয়ে এসে লাফালাফি শুরু করে!
.
জাদুকর এবং হপিং পট সম্পর্কে
অ্যালবাস ডাম্বলডোর
একজন জাদুকর তাঁর কঠিন হৃদয় ছেলেকে গ্রামের মাগলদের দুঃখ যন্ত্রণা সম্পর্কে জ্ঞান দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তরুণ জাদুকর ছেলেটির নতুন করে বোধ জন্মাল। সে রাজি হল, সর্বদা জাদু না জানা প্রতিবেশীদের ভালোর জন্য সাহায্য করবে। কেউ হয়তো ভাবতে পারে, হৃদয় উষ্ণ করা কাহিনী— যে কাহিনীতে একজন ওই ছেলেটিকে নির্দোষ বোকা মনে করতে পারে। এমন একটি মাগলদের পথের গল্পে দেখা যায় যে, একজন মাগলপ্রেমি বাবা জাদুর ক্ষেত্রে মাগলদের ঘৃণা করে এমন ছেলের চেয়ে উন্নত? বিস্ময়ের কোনো শেষ থাকে না যখন দেখা যায়, তারা সরিয়ে নিতে চাওয়া সত্ত্বেও এসব কাহিনী টিকে গেছে।
বিডল-এর কাহিনীগুলো ছিল এমন কিছু যা নিজের সময় থেকে বের হয়ে এসে মাগলদের সঙ্গে ভাতৃত্বের বা সখ্যতার বার্তা বয়ে বেড়াচ্ছে। পঞ্চদশ শতাব্দীর শুরু থেকে জাদুকর এবং ডাইনিদের বিরুদ্ধাচরণ ইউরোপে বাড়তে থাকে। অনেক জাদুকর গোষ্ঠি নিজেদের মঙ্গলের স্বার্থে ভাবে যে মাগলদের জন্য জাদুর স্পেল করা একটা অসুস্থ চিন্তা; অনেকটা নিজের শেষ কৃত্যানুষ্ঠানের আগুনের কাঠ নিজে সংগ্রহ করার মত। তারা মনে করতো, জাদুকরদের সাহায্য ছাড়া মাগলদের নিজেদের জীবন নিজেদের মত করে চলতে দেয়া উচিত। এই রব ওঠার কারণে কিছু জাদুকর তাদের সহযোগিদের কাছ থেকে আরো দূরে সরে যায়। এবং এ ধারণা থেকে ১৬৮৯ সালে জাদুবিদ্যার গোপনীয়তা আন্তর্জাতিক আইনে রূপ নেয়। তখন জাদুকররা অনেকে স্বেচ্ছায় আন্ডারগ্রাউন্ডে চলে যায়।
শিশুরা তো শিশুই। কিন্তু লাফালাফি করা অদ্ভুত ওই পাতিল তাদের কল্পনায় রয়ে গেল। তাদের একমাত্র সমাধান ছিল মাগল সমর্থনের নীতিকে ঝেড়ে ফেলা, কিন্তু জাদুকর পরিবারগুলোর মধ্যে ফোস্কাওয়ালা পাতিলের কাহিনী ধরে রাখে। সুতরাং ষষ্ঠদশ শতাব্দীর মাঝামাঝি দেখা গেল, জাদুকর পরিবারগুলোর ভেতর অন্যরকম রূপ নিয়ে কাহিনীটি ব্যাপকভাবে বিস্তৃত হল। রূপ নেয়া সে গল্পে দেখা গেল, হপিং পট নিরিহ একজন জাদুকরকে কাটাওয়ালা ধান নিড়ানি হাতে প্রতিবেশীদের আক্রমণের হাত থেকে রক্ষা করছে। জাদুকরদের বাড়ির কাছ থেকে তাড়িয়ে, ওদের পেছনে ধাওয়া করে কাউকে কাউকে ধরে ফেলেছে এবং গিলে ফেলেছে। কাহিনীর শেষে দেখা যায়, যখন অধিকাংশ প্রতিবেশীকে পাতিলটি হজম করে ফেলেছে, তখন বাকী থাকা অল্প কয়েকজন গ্রামবাসী জাদুকরকে কথা দিল যে, তারা শান্তিপূর্ণভাবে বাস করবে এবং তার মত করে সে জাদুবিদ্যা চর্চা করবে। বিনিময়ে জাদুকর পাতিলটিকে নির্দেশ দিল ওই প্রতিবেশিদের ছেড়ে দিতে, যারা পাতিলের পেটের ভেতরে চিৎকার চেচামেচি করছিল। তাদের অনেকেই তখন কাহিল হয়ে পড়েছিল। এই সময় থেকে জাদুকর পিতা-মাতারা শিশুদেরকে এ ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করতে থাকে। যখনই তারা এ ঘটনা জানল বা পড়ল তখনই তারা বিস্মিত হতে থাকল।
যে কথা আগেই আমি ইঙ্গিতে বলেছি, শুধুমাত্র মাগলপক্ষের মানসিকতার কারণেই যে জাদুকর এবং লাফঝাপ করা পাতিল রাগাম্বিত হয়ে উঠেছিল তা নয়। জাদুকরদের ধাওয়া করার ঘটনা বেড়ে যাওয়ায় দেখা গেল, জাদু পরিবারগুলো দুটি করে জীবন যাপন করতে শুরু করল। চার্ম ব্যবহার করে নিজেদের এবং পরিবারের জীবন রক্ষা করতে চাইল। সপ্তদশ শতাব্দীর দিকে যেসব জাদুকর মাগলদের সঙ্গে অযাচিত চলাফেরা করতো তাদেরকে সন্দেহের চোখে দেখা হতো। এমনকি যাদের নিজেদের সম্পপ্রদায়ের সঙ্গে কোনো সঙ্গে সম্পর্ক নেই তাদেরকেও৷ মাগলদের পক্ষের হিসাবে বহু জাদুকর এবং ডাইনিকে ছোটখাটো জাদু ব্যবহারের অভিযোগ এনে বিপদগ্ৰস্ত করা হয়েছে।
সে সময়ের ওয়ারলক অ্যাট ওয়ার নামক সাপ্তাহিক পত্রিকার এডিটর ব্রুটাস ম্যালফয়ের মত প্রভাবশালী মাগল বিরোধী জাদুকররা মাগলদের প্রতি সহানুভূতিশীল জাদুকরদের বহু তিরস্কার করেছে। ১৬৭৫ সালে ব্রুটাস লিখেছিল:
নিশ্চিত করেই বলা যায়, যেসব জাদুকররা মাগল সমাজের প্রতি দরদ অনুভব করে তারা অতি স্বল্প বুদ্ধির। যে মাগলদের দ্বারা বেষ্টিত হয়ে নিজেকে উচুস্তরের ভাবে
তাদের দুর্বলতা দুঃখজনক।
জাদুহীনদের সঙ্গ গ্রহণের মত এত দুর্বলতা আর নেই।
এ কুসংস্কার পরবর্তীতে একবারে উঠে গেছে। বহু মেধাবী জাদুকরকে মাগল প্রেমী বলে আখ্যায়িত করতে দেখা গেছে।
জাদুকর এবং লাফালাফি করা পাতিলের চূড়ান্ত কাহিনী এখন খুব অল্পসংখ্যক লোকের মধ্যে টিকে আছে। সম্ভবত এ বিষয় সবচেয়ে ভাল ব্যাখ্যা করেছেন কুখ্যাত টোডলসটুল টেইলস’র লেখক বিয়েট্রিক্স ব্রোক্সান। মিসেস ব্রোক্সান বিশ্বাস করতেন যে বিডল দ্য বার্ড শিশুদের জন্য ক্ষতিকর। কারণ ভয়ানক সব বাজে বিষয় শিশুদের চিন্তা জগতে ঢুকে যায়। যেমন মৃত্যু, রোগ, রক্ত, অশুভ জাদু, শরীরের বজ্য এসবের মত বিরক্তিকর বিষয়। ব্লিসে ব্লোক্সান রিডলসহ বেশ কিছু পুরাতন গল্প শিশুদের উপযোগী করে পুনরায় লিখেছেন। পরিবর্তিত এসব গল্প সুস্থ চিন্তা ও হাসি আনন্দে ভরপুর। এসব গল্প শিশুদের চিত্তের বিকাশে সহায়ক।
মিসেস ব্লোক্সান সেই স্বচ্ছ ও মুল্যবান ‘দ্য উইজার্ড এন্ড দ্য বিডল দ্য বার্ড’ এর শেষ প্যারায় লিখেছেন:
অবশেষে ছোট সোনালী রঙের পাতিলটি আনন্দের সঙ্গে নাচল গোলাপী ছোট ছোট পায়ে -হপিটি হপিটি হোপ! উইলকিনস সবগুলো ছোট বাচ্চাকে সারিয়ে তুলেছে। তাই ছোট পাতিলটি এত আনন্দিত হল যে ছোট বাচ্চা এবং উইলকিনসের জন্য প্রচুর মিষ্টি দিয়ে ভরে গেল! পাতিলটি বলল, ‘তাই বলে হুকগুলো পরিষ্কার করতে ভুলে যেও না!’
এবং উইলিকিনস হপিটি পাতিলটাকে চুমু খেল, জড়িয়ে ধরল। প্রতিজ্ঞা করল, সবসময় শিশুদের সাহায্য করবে এবং আর কখনো গোমরা মুখ করে থাকবে না।
মিসেস ব্লোক্সামের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম জাদুকরদের শিশুদের কাছে একই রকম সাড়া ফেলেছে: তাদের কাছ থেকে এ কাহিনীর বই সরিয়ে নিয়ে গেলে তারা সেটি ফেরত পাওয়ার জন্য একেবারে কেঁদে কেটে একাকার করে ফেলে।
