দ্য ফাউন্টেইন অব ফেয়ার ফরচুন
একটি জাদু করা বাগানের ভেতর, উঁচু উঁচু দেয়ালের ওপারে শক্তিশালী জাদু দিয়ে নিরাপদ করা রয়েছে একটি সৌভাগ্যের ঝর্না। বছরে একবার, সবচেয়ে লম্বা দিন সকালে সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মাত্র দুৰ্ভাগাকে সুযোগ দেয়া হয় ঝর্নার কাছে যেতে এবং ঝর্নায় গোছল করে সারা জীবনের জন্য ভাগ্য ফিরিয়ে আনতে।
ওই নির্দিষ্ট দীর্ঘ দিনটিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শতশত লোক এসে হাজির হয়। ভোর হওয়ার আগেই বাগানের দেয়ালের কাছে পৌছতে চেষ্টা করে। নারী-পুরুষ, ধনী-গরিব, বৃদ্ধ-যুবক, জাদুঅলা-জাদু ছাড়া সবাই অন্ধকারে জড়ো হয়। প্রত্যেকেই আশা করে যে, তারা বাগানে প্রবেশের সুযোগ পাবে।
তিনটি দুর্ভাগা ডাইনি ভীড় থেকে একটু দূরে মিলিত হয়ে একে অপরকে তাদের দুঃখের কথা শোনাতে থাকল। তারা তিনজনই সূর্য ওঠার অপেক্ষা করছিল।
এই তিন ডাইনির প্রথমটির নাম আশা। সে এতটাই অসুস্থ্য যে, কোনো চিকিৎসাই কাজে আসছে না। তার আশা, ঝর্নার জল তাকে রোগমুক্ত করবে এবং সে সুখে বসবাস শুরু করবে।
দ্বিতীয়টির নাম আলথেডা। তার ঘরে ডাকাতি হয়ে গেছে। তার জাদুদণ্ড এবং সোনা-দানা একটি অশুভ জাদুকর চুরি করে নিয়ে গেছে। সে বহু আশা নিয়ে এসেছে যে, ঝর্না তাকে এই ক্ষমতাহীন অবস্থা থেকে উদ্ধার করবে।
আর তৃতীয়টির নাম হল অমতা। সে যাকে গভীরভাবে ভালবাসতো, তার কাছ থেকে বঞ্চিত হয়েছে। তার মনে হয় যেন তার ভাঙা হৃদয় আর কখনো জোড়া লাগবে না।
একে অপরকে দুঃখ জানিয়ে তিনজন মহিলাই একমত হল, তাদের সামনে একটা সুযোগ এসেছে। তারা একত্রে একসঙ্গে ঝর্নার কাছে পৌঁছতে চেষ্টা করবে।
সকালের প্রথম সুর্যরশ্মি আকাশে ঝলমল করে উঠল। দেয়ালের গায়ের ফাটল খুলে যেতে শুরু করেছে। সবাই ঠেলাঠেলি করে সামনে যাবার চেষ্টা করল। প্রত্যেকে চেঁচামেচি করে ঝর্নার কাছে পরিত্রাণ চাইল। বাগানের মধ্যে ছোট ছোট সাপের মত লতাগুলোকে লাফিয়ে লাফিয়ে পাশ কাটালো আশা নামের মহিলা জাদুকর। সে শক্ত করে দ্বিতীয় জাদুকর আলথেডার হাতের কব্জি ধরে রেখেছে। আর আলথেডা শক্ত করে আমতার গায়ের জোব্বা পোষাকটা ধরে আছে। আর আমতাকে ধরে আছে বিষন্ন দেখতে এক ঘোড়সওয়ার বা নাইট। সে নাইট বসে আছে একটি হাড়ের মত পাতলা ঘোড়ার উপর। ক্রিপারগুলো দেয়ালের ফাটল দিয়ে তিন জাদুকরকে বাগানের ভেতর নিয়ে গেল। নাইট তার ঘোড়াটিকে টেনে নিয়ে ওদের পেছনে পেছনে গেল। বহু হতাশ লোকের চিৎকারে ভারী হয়ে উঠেছে সকালের বাতাস। সবাই ভেতরে ঢুকতে চায়। কিন্তু বাগানের দেয়ালটি আবার জোড়া লাগার সঙ্গে সঙ্গে ভীড়ের চিৎকার চেঁচামেচি উধাও হয়ে গেল। নীরবতা নেমে এল।
আশা এবং আলথেডা অমতার উপর খুবই রাগ করল। কারণ তাকে ধরে রেখে দুর্ঘটনাবশত ঘোড়াওয়ালা ঢুকে পড়েছে।
‘আমাদের মধ্যে মাত্র একজন ঝর্নায় স্নান করার সুযোগ পাবে! তাছাড়া আমাদের নিজেদের মধ্যেই তো সমস্যা দেখা দিয়েছে যে, কে স্নান করবে! এরমধ্যে আবার আরো একজন যোগ করা!’
দেয়ালের বাইরে সবার কাছে এই নাইট স্যার লাকলেস হিসাবে পরিচিত। সে চিন্তা করে দেখল এই তিনজনই হল মহিলা জাদুকর। তাদের কাছে কোনো জাদু নেই। ওদের মোকাবেলা করার মত কোনো তলোয়ারও নেই। তাছাড়া তার নিজেরও এমন কিছু নেই যাতে একজন জাদুহীন পুরুষকে বিশেষ রকমের আকর্ষণীয় মনে হবে। সে নিশ্চিত যে এই তিন মহিলাকে পাশ কাটিয়ে ঝর্নায় তার স্নান করার কোনো সুযোগই নেই। তাই সে নিজে দেয়ালের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করল।
এতে অমতা খুবই রেগে গেল। সে চিৎকার করে বলল, ‘দুর্বল চিত্তের লোক! তোমার তলোয়ার বের করো! আমাদেরকে লক্ষে পৌঁছতে সাহায্য কর!’
অবশেষে তিন জাদুকর নারী এবং অসহায় নাইট জাদু দিয়ে বেঁধে দেয়া বাগানের দিকে এগোল। সামনে প্রচুর গাছগাছালি। সূর্যালোকিত পথের দু’ধারে ফল ও ফুল ধরে আছে। তারা পাহাড়ের পাদদেশে যেখানে ঝর্না রয়েছে সেখানে পৌঁছানো পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হল না। কিন্তু কাছে যেতেই দেখল পাহাড়ের পাদদেশ ছেয়ে আছে বিশাল আকারের সব সাদা লম্বা কেঁচোর মত বিশাল বিশাল প্রাণী। সেগুলোর কোনো চোখ নেই এবং শুধু দুলছে। সেগুলোর ভেতর থেকে কুৎসিত একটি মুখ বের হয়ে এল। এবং একটি বাক্য উচ্চারণ করল:
তোমাদের ব্যথার প্রমাণ দাও
স্যার লাকলেস টান দিয়ে তাঁর তলোয়ার বের করল এবং প্রাণীটাকে হত্যা করতে উদ্যোত হল। কিন্তু তাঁর তলোয়ারটা ঠাস করে ভেঙে গেল। আথেলডা তখন পাথর তুলে বিশাল পোকাগুলোর দিকে ছুড়ে মারল। আশা এবং অমতা সব ধরনের জাদুর স্পেল ছুড়ে ওগুলোকে বশে আনতে চেষ্টা করল। কিন্তু ওদের জাদুর চেষ্টা এবং আথেলডার পাথর নিক্ষেপ নাইটের অকেজো তলোয়ারের মত নিস্ফল হলো। ওই বড়বড় কেচোর মত প্রাণীগুলো ওদেরকে কোনোক্রমেই অতিক্রম করে যেতে দিচ্ছে না।
আকাশে সূর্য আরো উপরে উঠে যাচ্ছে। আশা হতাশ হয়ে কাঁদতে শুরু করল। ঠিক তখনই বিশালাকৃতির প্রাণী ওর মুখের উপর মুখ নিয়ে এলো এবং চোখের পানি গালের উপর থেকে চুষে নিতে থাকল। এই প্রচণ্ড অস্বস্তিকর বিষয়টি থেকে প্রানীটির তৃষ্ণা মেটার কারণে ওরা পরিত্রাণ পেয়ে গেল। প্রাণীটি সঙ্কুচিত হয়ে গর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
প্রাণীটি অদৃশ্য হয়ে যাওয়ার কারণে তিন মহিলা জাদুকর এবং ওই নাইট খুবই আনন্দিত হল এবং পাহাড় বেয়ে উঠতে শুরু করল। এবার ওরা নিশ্চয়ই ঝর্নার কাছে গিয়ে দুপুরের আগেই পৌঁছতে পারবে। কিন্তু খাড়া ঢাল বেয়ে অর্ধেক ওঠার পর একটা ভৌতিক আওয়াজ শুনে আবার থেমে গেল ওরা। অদৃশ্য কণ্ঠে বলছে-
তোমাদের শ্রমের ফল আমাকে দাও
স্যার লাকলেস তাঁর পকেটের একমাত্র কয়েনটি বের করে সামনের পাহাড়ী ঢালের ঘাসের উপর রাখল। কিন্তু সেটি গড়িয়ে নিচে পড়ে হারিয়ে গেল। আবারো উপরে উঠতে শুরু করল তারা। কিন্তু কয়েক ঘণ্টা হাঁটার পর দেখল, ওরা এক চুলও জায়গা থেকে নড়েনি। চূড়ার কাছে যেতে পারল না। নিচের দৃশ্যই চোখের সামনে রয়ে গেছে।
সূর্য মাথার উপর উঠে একসময় দূর দিগন্তে মিলিয়ে গেল। কিন্তু আলথেডা সবার চেয়ে আরো জোরে এবং আরো পরিশ্রম করে হাঁটতে থাকল। সে অন্যদেরও তাগিদ দিল তার মত জোরে হাঁটতে। কিন্তু জাদু দিয়ে আটকে রাখা পাহাড়ে একটুও এগোতে পারল না।
‘সাহস রাখো, বন্ধুরা, থেমে না!’ সে চিৎকার করে বলল। তার কপাল ঘেমে গেছে। যেই না এক ফোঁটা চকচকে ঘাম মাটিতে পড়ল, সঙ্গে সঙ্গে তাদের সামনের স্থির হয়ে থাকা দৃশ্য উধাও হয়ে গেল এবং আবারও ওরা উপরের দিকে উঠতে শুরু করল।
দ্বিতীয় বাধাটি পার হয়ে ওরা আনন্দের সঙ্গে দ্রুত উপরে উঠতে থাকল। শেষ পর্যন্ত ঝর্না ওদের চোখে ধরা দিল। ঝর্নার চারপাশে গাছ, ফুল সব ক্রিস্টালের মত ঝলমল করছে। ঝর্নার কাছে পৌছানোর আগে চূড়ার চারদিকে একটি স্রোত দেখা গেল। আর খালের মত সে স্রোতের কারণে ওরা বাধাগ্রস্ত হল। ওই স্রোতের চকচকে পানির নিচে পাথরে ফুটে উঠল একটি বাক্য:
আমাকে তোমাদের অতীতের ধন দাও
স্যার লাকলেস হাতের শিল্ড দিয়ে পানির স্রোতের জায়গাটা পার হতে চেষ্টা করল। কিন্তু সেটি পানিতে ডুবে গেল। তিন মহিলা জাদুকর মিলে লাকলেসকে পানি থেকে টেনে তুলল। তারপর ছোট স্রোতের জায়গাটা লাফিয়ে পার হতে চেষ্টা করল। কিন্তু লাফিয়ে পার হতে পারল না। ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে একেবারে ঢলে পড়েছে।
কী আর করা, কোনো উপায় না দেখে এবার ওরা পাথরের লেখাটির অর্থ বুঝতে চেষ্টা করল। এবং আমতা প্রথমেই অর্থটা বুঝে ফেলল। জাদুদণ্ডটি হাতে নিয়ে মন দিয়ে অতীতের সুখের দিনগুলোর কথা স্মরণ করল। সে তার হারিয়ে যাওয়া প্রেমিকের সঙ্গে কীভাবে সময় কাটিয়েছে সে কথা স্মরণে আনল। এবং সে স্মৃতিগুলোকে মনে মনে জাদুদণ্ড দিয়ে পানিতে নিক্ষেপ করল। ছোট পানির ধারাটি সঙ্গে সঙ্গে তা লুফে নিল। এবং পানির ধারা থেকে পা ফেলার জন্য পাথর বের হয়ে এল। নাইট এবং তিন মেয়ে জাদুকর পার হয়ে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হল।
ঝর্নার জায়গাটি ওদের সামনে জ্বলজ্বল করে উঠল। লতা পাতা এবং নানা রকমের ফুল এত চমৎকারভাবে ঘিরে আছে যে ওরা কোনোদিন এত সুন্দর দৃশ্য দেখেনি। মাথার উপর আকাশ রক্তিম হয়ে আছে। এবার ওদের সিদ্ধান্ত নেয়ার পালা যে, ওদের মধ্যে কে ঝর্নায় স্নান করবে।
ওরা সিদ্ধান্ত নেয়ার আগেই দুর্বল হয়ে পড়া আশা মাটিতে পড়ে গেল। চূড়া পর্যন্ত পৌঁছতে এতটাই কষ্ট হয়েছে যে সে মৃতপ্রায় হয়ে পড়েছে। বাকি তিনজন মিলে তাকে ধরাধরি করে ঝর্নার কাছে নিয়ে যেতে পারতো, কিন্তু আশা এমন মৃত্যু যন্ত্রণা পাচ্ছিল যে ওকে না ছোয়ার জন্য সবাইকে অনুরোধ করল।
আলথেডা দ্রুত লতাপাতা তুলতে গেল। সে লাকলেসের তোলা ফলের সঙ্গে সেগুলো মিশিয়ে পোশণ তৈরী করে আশাকে খাইয়ে দিল।
প্রায় সঙ্গে সঙ্গে আশা উঠে দাঁড়াল। শুধু তাই নয়, তার সব ক্লাস্তি অবসাদ দূর হয়ে গেল।
আশা উল্লসিত হয়ে বলল, ‘আমি সেরে উঠেছি! আমার ঝর্নার পানিতে গোসলের আর কোনো দরকার নেই। তোমরা আলথেডাকে গোসল করতে দাও!’
কিন্তু আলথেডা তখন আরো লতাপাতা তুলে পকেটে পুরতে ব্যস্ত। সে বলল, ‘আমি যদি রোগ সারাতে পারি, তাহলে অর্থ উপার্জন করা আমার জন্য কোনো বিষয় নয়। বরং আমতাকে স্নান করতে দাও।’
স্যার লাকলেস মাথা নাড়িয়ে সায় দিল এবং অমতাকে ঝর্নার দিকে যেতে ইশারা করল। কিন্তু আমতা মাথা নেড়ে না করল। ছোট পানির ধারা তার প্রেমিকের জন্য পাওয়া সব দুঃখ ধুয়ে নিয়ে গেছে। এখন সে বুঝতে পারছে যে, তার প্রেমিকটি ছিল নিষ্ঠুর এবং অবিশ্বাসী। তার কাছ থেকে সরে আসাটা এখন তাকে যথেষ্ট স্বস্তি দিচ্ছে। সে নাইটের দিকে তাকিয়ে বলল, ‘ঠিক আছে স্যার, আপনার সব আদর্শের পুরস্কার হিসাবে
এখন আপনি ঝর্নায় স্নান করুন।’
সুতরাং নাইট সূর্যাস্তের সময়ের শেষ আলোতে ভাগ্যের ঝর্নার নিচে গোসল করল। সে অবাক হয়ে ভাবল, তার ভাগ্যের কারণেই সে শতশত মানুষের মধ্যে একা এখানে স্নান করার সুযোগ পেয়েছে!
সূর্য তখন দূর প্রান্তে অস্ত গেছে। ঘোড়সওয়ার বা নাইট লোকটি ঝর্নার নিচ থেকে গর্বের সঙ্গে উঠে এল। স্যার লাকলেস বিজয়ের আনন্দ নিয়ে পানি থেকে সরে এল। সে আমতার পায়ের কাছে চলে এল। আমতা নাইটের দেখা সবচেয়ে দয়ালু এবং সুন্দরী নারী। সাফল্যের উচ্ছ্বাসে সে আমতার হাত বাড়িয়ে দেয়ার জন্য মিনতি জানালো। সঙ্গে আমতার হৃদয়টাও চায়। আমতাও তখন খুবই খুশি। সে অনুধাবন করল, এবার সে সত্যিই একজন ভাল মানুষ পেয়েছে।
তিন নারী জাদুকর এবং নাইট পাহাড় থেকে হাতে হাত ধরে নেমে এল। তারা চারজনই দীর্ঘ সুখী জীবন যাপন করল। তাদের কেউই কখনো জানতে পারেনি যে ঝর্নার ওই পানিতে আসলে কোনোরকম জাদুর গুণাগুণ ছিল না।
.
দ্য ফাউন্টেন অব ফেয়ার ফরচুনের বিষয়ে
অ্যালবাস ডাম্বলডোর
সৌভাগ্যের ঝর্নার কাহিনী বহুকাল ধরে এতটাই জনপ্রিয় ছিল যে, হগোয়র্টের উৎসবের সময় এককভাবে একে উপস্থাপন করা হতো।
আমাদের তখনকার হারবোলজি শিক্ষক প্রফেসর হার্বাট বিরি ছিলেন একজন সৌখিন নাট্যকার। তিনি প্রস্তাব করেছিলেন, শিশুদের এই প্রিয় কাহিনীকে শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে ইউলিটাইড হিসাবে বিবেচনা করার জন্য। আমি তখন ছিলাম ট্রান্সফিগারেশনের তরুণ শিক্ষক৷ হারবার্ট আমাকে স্পেশাল ইফেক্টের উপর অ্যাসাইনমেন্টের দায়িত্ব দিয়েছিলেন। সে অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল একটি পুরোদস্তুর সৌভাগ্যের ঝর্না তৈরি করা, যেখানে থাকবে একটি ঘাসে পরিপূর্ণ পাহাড়। তিন মহিলা জাদুকর থাকবে হিরোইন এবং এক হিরো থাকবে যাদেরকে পাহাড়ে আসতে দেখা যাবে। এরপর ধীরে ধীরে মঞ্চ থেকে অদৃশ্য হয়ে যাবে।
গর্ব না করেও একথা আমি বলতে পারি যে, আমার সে পাহাড় এবং ঝর্না যথেষ্ট বিশ্বস্ততার সঙ্গেই পারফর্ম করেছে। আহা, এই একই কথা অন্য ভূমিকাগুলোর ব্যাপারে বলা যায় না। কেয়ার অফ তত্ত্বাবধানে তৈরি করা বিশালাকৃতির কেঁচোগুলো প্রদর্শনীকে একেবারে ধ্বংস করে ফেলে। প্রফেসর বিপদজনকভাবে ভুলেই গিয়েছিলেন যে, তার চোখের সামনে আবেগ ছড়িয়ে পড়তে পারে। অমতা এবং স্যার লাকলেসের ভূমিকায় যে ছাত্র-ছাত্রী অভিনয় করছিল ওরা পর্দা ওঠার একঘণ্টা আগে পর্যন্ত ছিল বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। ঠিক পর্দা ওঠার সময় স্যার লাকলেসের ভূমিকায় অভিনয় করা ছাত্র আশার প্রতি তার ভালবাসা পাল্টে ফেলে।
এটুকু বলাই যথেষ্ট যে সৌভাগ্যের এই মঞ্চে আমাদের লোকেরা সৌভাগ্যের চূড়া কখনোই স্পর্শ করতে পারেনি। পর্দা কোনোক্রমে ওঠার সঙ্গে সঙ্গে প্রফেসর কেটেলবার্নের কেঁচোর মত সরীসৃপগুলো বিস্ফোরিত হয়ে সারা হলঘর ধুলো, গরমপানি এসবে ভরে ফেলতো। অনেকদিন পর এখন জানা গেছে যে অ্যাসউইন্ডার এর উপর একটি এনগোর্জমেন্ট চার্ম ছিল। সারা হলরুম গন্ধে ভরে যেত। যখন ভয়ানক ডিমের আঠা আমার পায়ের কাছে পড়তো তখন অনুভব করতাম পায়ে যেন আগুন ধরে যেতো। অমতা এবং আশা দু’জন দু’জনের দিকে ফিরে ভীষণ ঝগড়া বাধিয়ে দিত। এমন ঝগড়া যে প্রফেসর বিরি মুশকিলে পড়ে যেতেন। সমস্ত স্টাফদের হল থেকে বের হয়ে যেতে হতো। কারণ তখন পুরো ঘর আগুনে জ্বলে যাওয়ার মত অবস্থা হতো। রাতের বিনোদন শেষ পর্যন্ত একটি হাসপাতালের অংশ হয়ে যেতো। গ্রেট হলে কাঠ পোড়া গন্ধ চলে যাওয়ার আগে, এমনকি প্রফেসর বিরির সাধারণ অবস্থায় ফেরার আগেই প্রফেসর কেটেলবার্ন তার দায়িত্ব ছেড়ে দেন। এরপর হেডমাস্টার আরমান্ডো ডিপেট ভবিষ্যতে কোনো নাটক মঞ্চায়িত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন। হগোয়ার্টের সেই নাটকবিহীন ঐতিহ্য আজবধি বহাল আছে।
আমাদের সেই অবমাননাকর ব্যর্থতা সত্ত্বেও দ্য ফাউন্টেন অব ফেয়ার ফরচুন বা সৌভাগ্যের ঝর্না বিডল কাহিনীর মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় হয়ে আছে। যদিও উইজার্ড এন্ড দ্য হপিং পটের কাহিনীর মত এরও অনেক তীব্র সমালোচক রয়েছে। একাধিক অবিভাবক হগোয়ার্ট লাইব্রেরি থেকে এই কাহিনী সরিয়ে ফেলার দাবি করেছেন। কাকতালীয়ভাবে এরমধ্যে ব্রুটাস ম্যালফয়ের উত্তরাধিকারী এবং একসময়ের হগোয়ার্টস বোর্ড অব গভর্নরসের সদস্য লুসিয়াস ম্যালফয়ও রয়েছে। মি. ম্যালফয় এ কাহিনী নিষিদ্ধ করার জন্য লিখিতভাবে দাবি জানায়:
যে ফিকশন অথবা ননফিকশনে জাদুকর এবং মাগলদের মেলামেশার মাধ্যমে জন্মের কথা রয়েছে, সেগুলো হগোয়ার্টের বইয়ের তাক থেকে নিষিদ্ধ করা উচিত। আমি চাই না যে আমার সন্তান এসব জাদুকর এবং মাগলদের বিয়ের কাহিনী পড়ে বংশের রক্তের শুদ্ধতা সম্পর্কে কোনোভাবে প্রভাবিত হোক।
সে সময় আমি এ বইগুলো লাইব্রেরি থেকে সরিয়ে ফেলার প্রস্তাব অস্বীকার করি এবং বোর্ড অব গভর্নরসের অধিকাংশ সদস্য আমাকে সমর্থন করে। কারণ ব্যাখ্যা করে আমার সিদ্ধান্ত জানিয়ে মি.ম্যালফয়কে লিখেছিলাম:
তথাকথিত পিওর ব্লাডরা (খাঁটি রক্ত) মাগলদের সম্পর্কে মিথ্যা কথা বলে, মাগলদের নিষিদ্ধ করে, তাদের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে অথবা তাদের বংশে মাগল রক্তের কথা অস্বীকার করে নিজেদের শুদ্ধতা ধরে রাখতে চায়। সত্যকে তারা অস্বীকার করে, সেই ভণ্ডামি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। এমন কোনো জাদুকর বা মহিলা জাদুকর নেই যার রক্তে ওই মাগলদের কিছু রক্তের কিছু মিশ্রণ নেই। তাই শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার থেকে আমি এ অংশকে বাদ দেয়া অযৌক্তিক এবং অনৈতিক বলে মনে করি।
আমাকে হগোয়ার্ট স্কুলের হেডমাস্টার পদ থেকে তাড়ানোর ম্যালফয়ের দীর্ঘ প্রচেষ্টার সুত্রপাত এই চিঠি বিনিময় থেকেই। আমিও তাকে তার পদ থেকে সরিয়ে লর্ড ভল্ডেমর্টের প্রিয় ডেথ ইটার-এ পরিণত করেছি।
