সাতকাহন (২য় পর্ব) – উপন্যাস – সমরেশ মজুমদার
.
ভূমিকা
ভাবিনি এর প্রয়োজন হবে কিন্তু আমার ভাবনায় ভুল ছিল।
‘দেশ’ পত্রিকায় সাতকাহন ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ার সময় আমি প্রতি সপ্তাহে লেখা জমা দিতাম। শেষ করেছিলাম দীপাবলী এবং অলোকের সমঝোতায়। কিন্তু পরে সমস্ত লেখাটি একসঙ্গে পড়ার পর মনে হল এই শেষ আরোপিত। জীবন এভাবে শেষ হয় না বেশির ভাগ ক্ষেত্রেই। যে মেয়েটি সারাজীবন নিজের আদর্শ বাঁচাবার জন্যে লড়াই করে গেল তা থেকে সরে আসার মতো কোনও কারণ ঘটেনি। এই কারণেই সাতকাহন দ্বিতীয় পর্বের শেষটুকু নতুনভাবে লিখলাম বই বেরুবার আগে। ভেবেছিলাম জবাবদিহির প্রয়োজন হবে না।
কিন্তু আমাকে কৃতজ্ঞ করে এপার বাংলা ওপার বাংলার অনেক পাঠক-পাঠিকা এই পরিবর্তন সম্পর্কে মন্তব্য করে চিঠি পাঠাচ্ছেন। মহিলাদের অনেকেই পছন্দ করছেন না দীপাবলী একা থাকুক। তাঁদের কাছে পত্রিকায় প্রকাশিত সমাপ্তিই বেশি ভাল লেগেছে। আবার আমাকে সমর্থনও করেছেন কেউ কেউ।
কিন্তু আমার বিশ্বাস যতক্ষণ দীপাবলী অলোকের কথায় এবং কাজে যুক্তি খুঁজে পাচ্ছে ততক্ষণ তার একা থাকা উচিত। বাংলাদেশের মেয়েরা যে আত্মমর্যাদাসম্পন্ন এটা শ্রদ্ধার সঙ্গেই আমাদের মনে রাখা দরকার।
সমরেশ মজুমদার






Leave a Reply