সংশয়ী

কোথায় যেতে ইচ্ছে করে 
          শুধাস কি মা , তাই ? 
যেখান থেকে এসেছিলেম 
          সেথায় যেতে চাই । 
কিন্তু সে যে কোন্‌ জায়গা 
          ভাবি অনেকবার । 
মনে আমার পড়ে না তো 
         একটুখানি তার । 
ভাবনা আমার দেখে বাবা 
          বললে সেদিন হেসে , 
' সে - জায়গাটি মেঘের পারে 
          সন্ধ্যাতারার দেশে । ' 
তুমি বল , ' সে - দেশখানি 
          মাটির নিচে আছে , 
যেখান থেকে ছাড়া পেয়ে 
          ফুল ফোটে সব গাছে । ' 
মাসি বলে , ' সে - দেশ আমার 
          আছে সাগরতলে , 
যেখানেতে আঁধার ঘরে 
          লুকিয়ে মানিক জ্বলে । ' 
দাদা আমার চুল টেনে দেয় , 
          বলে , ' বোকা ওরে , 
হাওয়ায় সে - দেশ মিলিয়ে আছে 
           দেখবি কেমন করে ?' 
আমি শুনে ভাবি , আছে 
          সকল জায়গাতেই । 
সিধু মাস্টার বলে শুধু 
          ' কোনোখানেই নেই । ' 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *