মর্তবাসী

কাকা বলেন , সময় হলে 
          সবাই চ ' লে 
          যায় কোথা সেই স্বর্গ - পারে । 
বল্‌ তো কাকী 
          সত্যি তা কি 
                   একেবারে ? 
তিনি বলেন , যাবার আগে 
                   তন্দ্রা লাগে 
          ঘণ্টা কখন ওঠে বাজি , 
দ্বারের পাশে 
           তখন আসে 
                   ঘাটের মাঝি । 
বাবা গেছেন এমনি করে 
                   কখন ভোরে 
          তখন আমি বিছানাতে । 
তেমনি মাখন 
          গেল কখন 
                   অনেক রাতে । 
কিন্তু আমি বলছি তোমায় 
                    সকল সময় 
          তোমার কাছেই করব খেলা , 
রইব জোরে 
          গলা ধরে 
                   রাতের বেলা । 
সময় হলে মানব না তো , 
                   জানব না তো , 
          ঘণ্টা মাঝির বাজল কবে । 
  তাই কি রাজা 
          দেবেন সাজা 
                   আমায় তবে ? 
তোমরা বল , স্বর্গ ভালো 
                   সেথায় আলো 
          রঙে রঙে আকাশ রাঙায় , 
সারা বেলা 
          ফুলের খেলা 
                   পারুলডাঙায় ! 
হোক - না ভালো যত ইচ্ছে — 
                    কেড়ে নিচ্ছে 
          কেই বা তাকে বলো , কাকী ? 
যেমন আছি 
          তোমার কাছেই 
                   তেমনি থাকি ! 
ওই আমাদের গোলাবাড়ি , 
                   গোরুর গাড়ি 
          পড়ে আছে চাকা - ভাঙা , 
গাবের ডালে 
          পাতার লালে 
                   আকাশ রাঙা । 
সেথা বেড়ায় যক্ষীবুড়ি 
                   গুড়িগুড়ি 
          আসশেওড়ার ঝোপে ঝাপে 
ফুলের গাছে 
          দোয়েল নাচে 
                    ছায়া কাঁপে । 
নুকিয়ে আমি সেথা পলাই , 
                   কানাই বলাই 
          দু - ভাই আসে পাড়ার থেকে । 
  ভাঙা গাড়ি 
          দোলাই নাড়ি 
                   ঝেঁকে ঝেঁকে । 
সন্ধেবেলায় গল্প বলে 
                   রাখ কোলে , 
          মিটমিটিয়ে জ্বলে বাতি । 
চালতা - শাখে 
          পেঁচা ডাকে , 
                   বাড়ে রাতি । 
স্বর্গে যাওয়া দেব ফাঁকি 
                   বলছি , কাকী , 
          দেখব আমায় কে কী করে । 
চিরকালই 
          রইব খালি 
                   তোমার ঘরে । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *