বৃষ্টি রৌদ্র

ঝুঁটি - বাঁধা ডাকাত সেজে 
দল বেঁধে মেঘ চলেছে যে 
          আজকে সারাবেলা । 
কালো ঝাঁপির মধ্যে ভরে 
সুর্যিকে নেয় চুরি করে , 
          ভয় - দেখাবার খেলা । 
বাতাস তাদের ধরতে মিছে 
হাঁপিয়ে ছোটে পিছে পিছে , 
          যায় না তাদের ধরা । 
আজ যেন ওই জড়োসড়ো 
আকাশ জুড়ে মস্ত বড়ো 
          মন - কেমন - করা । 
বটের ডালে ডানা - ভিজে 
কাক বসে ওই ভাবছে কী যে , 
          চড়ুইগুলো চুপ । 
বৃষ্টি হয়ে গেছে ভোরে 
শজনেপাতায় ঝরে ঝরে 
          জল পড়ে টুপটুপ । 
লেজের মধ্যে মাথা থুয়ে 
খাঁদন কুকুর আছে শুয়ে 
          কেমন একরকম । 
দালানটাতে ঘুরে ঘুরে 
পায়রাগুলো কাঁদন - সুরে 
          ডাকছে বকবকম । 
কার্তিকে ওই ধানের খেতে 
ভিজে হাওয়া উঠল মেতে 
          সবুজ ঢেউয়ের ‘পরে । 
পরশ লেগে দিশে দিশে 
হিহি করে ধানের শিষে 
          শীতের কাঁপন ধরে । 
ঘোষাল - পাড়ার লক্ষ্মী বুড়ি 
ছেঁড়া কাঁথায় মুড়িসুড়ি 
          গেছে পুকুরপাড়ে , 
  দেখতে ভালো পায় না চোখে 
বিড়বিড়িয়ে বকে বকে 
          শাক তোলে , ঘাড় নাড়ে । 
ঐ ঝমাঝম বৃষ্টি নামে 
মাঠের পারে দূরের গ্রামে 
          ঝাপসা বাঁশের বন । 
গোরুটা কার থেকে থেকে 
খোঁটায় - বাঁধা উঠছে ডেকে 
          ভিজছে সারাক্ষণ । 
গদাই কুমোর অনেক ভোরে 
সাজিয়ে নিয়ে উঁচু ক'রে 
           হাঁড়ির উপর হাঁড়ি 
চলছে রবিবারের হাটে , 
গামছা মাথায় জলের ছাঁটে 
          হাঁকিয়ে গোরুর গাড়ি । 
বন্ধ আমার রইল খেলা , 
ছুটির দিনে সারাবেলা 
          কাটবে কেমন করে ? 
মনে হচ্ছে এমনিতরো 
ঝরবে বৃষ্টি ঝরোঝরো 
          দিনরাত্তির ধরে ! 
এমন সময় পুবের কোণে 
কখন যেন অন্যমনে 
          ফাঁক ধরে ওই মেঘে , 
মুখের চাদর সরিয়ে ফেলে 
হঠাৎ চোখের পাতা মেলে 
          আকাশ ওঠে জেগে । 
ছিঁড়ে - যাওয়া মেঘের থেকে 
পুকুরে রোদ পড়ে বেঁকে , 
          লাগায় ঝিলিমিলি । 
বাঁশবাগানের মাথায় মাথায় 
তেঁতুলগাছের পাতায় পাতায় 
          হাসায় খিলিখিলি । 
হঠাৎ কিসের মন্ত্র এসে 
ভুলিয়ে দিলে একনিমেষে 
           বাদলবেলার কথা । 
হারিয়ে - পাওয়া আলোটিরে 
নাচায় ডালে ফিরে ফিরে 
          বেড়ার ঝুমকোলতা । 
উপর নিচে আকাশ ভরে 
এমন বদল কেমন করে 
          হয় , সে - কথাই ভাবি । 
উলটপালট খেলাটি এই , 
সাজের তো তার সীমানা নেই , 
          কার কাছে তার চাবি ? 
এমন যে ঘোর মন - খারাপি 
বুকের মধ্যে ছিল চাপি 
          সমস্ত খন আজি — 
হঠাৎ দেখি সবই মিছে 
নাই কিছু তার আগে পিছে 
          এ যেন কার বাজি । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *