পুতুল ভাঙা

' সাত - আটটে সাতাশ ', আমি 
          বলেছিলাম বলে 
গুরুমশায় আমার ‘পরে 
          উঠল রাগে জ্বলে । 
মা গো , তুমি পাঁচ পয়সায় 
          এবার রথের দিনে 
সেই যে রঙিন পুতুলখানি 
          আপনি দিলে কিনে 
খাতার নিচে ছিল ঢাকা ; 
          দেখালে এক ছেলে , 
গুরুমশায় রেগেমেগে 
          ভেঙে দিলেন ফেলে । 
বললেন , ' তোর দিনরাত্তির 
          কেবল যত খেলা । 
একটুও তোর মন বসে না 
          পড়াশুনার বেলা! ' 
  
মা গো , আমি জানাই কাকে ? 
          ওঁর কি গুরু আছে ? 
আমি যদি নালিশ করি 
          এক্‌খনি তাঁর কাছে ? 
কোনোরকম খেলার পুতুল 
          নেই কি , মা , ওঁর ঘরে 
সত্যি কি ওঁর একটুও মন 
          নেই পুতুলের ‘পরে ? 
সকাল - সাঁজে তাদের নিয়ে 
          করতে গিয়ে খেলা 
কোনো পড়ায় করেন নি কি 
          কোনোরকম হেলা ? 
ওঁর যদি সেই পুতুল নিয়ে 
          ভাঙেন কেহ রাগে , 
বল দেখি মা , ওঁর মনে তা 
          কেমনতরো লাগে ? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *