দুই আমি

বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায় 
          উড়ো মেঘের দল হয়ে , 
সেই দেখা দেয় আর - এক ধারায় 
          শ্রাবণ - ধারার জল হয়ে । 
আমি ভাবি চুপটি করে 
          মোর দশা হয় ওই যদি ! 
কেই বা জানে আমি আবার 
          আর - একজনও হই যদি ! 
একজনারেই তোমরা চেন 
          আর - এক আমি কারোই না । 
কেমনতরো ভাবখানা তার 
          মনে আনতে পারোই না । 
হয়তো বা ওই মেঘের মতোই 
          নতুন নতুন রূপ ধরে 
কখন সে যে   ডাক দিয়ে যায় , 
          কখন থাকে চুপ করে । 
কখন বা সে পুবের কোণে 
          আলো - নদীর বাঁধ বাঁধে , 
কখন বা সে আধেক রাতে 
          চাঁদকে ধরার ফাঁদ ফাঁদে । 
শেষে তোমার ঘরের কথা 
          মনেতে তার যেই আসে , 
আমার মতন হয়ে আবার 
          তোমার কাছে সেই আসে । 
আমার ভিতর লুকিয়ে আছে 
          দুই রকমের দুই খেলা , 
একটা সে ওই আকাশ - ওড়া , 
          আরেকটা এই ভুঁই - খেলা । 
1 Comment

That’s too good I like that…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *