যোগী

পশ্চিমে ডুবেছে ইন্দু ,               সম্মুখে উদার সিন্ধু , 
             শিরোপরি অনন্ত আকাশ , 
লম্বমান জটাজূটে                 যোগিবর করপুটে 
             দেখিছেন সূর্যের প্রকাশ । 
উলঙ্গ সুদীর্ঘকায় ,                    বিশাল ললাট ভায় , 
             মুখে তাঁর শান্তির বিকাশ । 
শূন্যে আঁখি চেয়ে আছে ,           উদার বুকের কাছে 
             খেলা করে সমুদ্র-বাতাস । 
চৌদিকে দিগন্তমুক্ত ,                বিশ্বচরাচর সুপ্ত , 
             তারি মাঝে যোগী মহাকায় । 
ভয়ে ভয়ে ঢেউগুলি              নিয়ে যায় পদধূলি , 
             ধীরে আসে , ধীরে চলে যায় । 
মহা স্তব্ধ সব ঠাঁই ,                বিশ্বে আর শব্দ নাই 
             কেবল সিন্ধুর মহাতান — 
যেন সিন্ধু ভক্তিভরে               জলদগম্ভীর স্বরে 
             তপনের করে স্তবগান । 
আজি সমুদ্রের কূলে ,                নীরবে সমুদ্র দুলে 
             হৃদয়ের অতল গভীরে । 
অনন্ত সে পারাবার                   ডুবাইছে চারি ধার , 
             ঢেউ লাগে জগতের তীরে । 
  
যোগী যেন চিত্রে লিখা —             উঠিছে রবির শিখা 
             মুখে তারি পড়িছে কিরণ , 
পশ্চাতে ব্যাপিয়া দিশি             তামসী তাপসী নিশি 
             ধ্যান করে মুদিয়া নয়ন । 
শিবের জটার 'পরে                   যথা সুরধুনী ঝরে 
             তারাচূর্ণ রজতের স্রোতে , 
তেমনি কিরণ লুটে                  সন্ন্যাসীর জটাজুটে 
             পুরব-আকাশ-সীমা হতে । 
বিমল আলোক হেন             ব্রহ্মলোক হতে যেন
              ঝরে তাঁর ললাটের কাছে , 
মর্তের তামসী নিশি         পশ্চাতে যেতেছে মিশি 
             নীরবে নিস্তব্ধ চেয়ে আছে । 
সুদূর সমুদ্রনীরে                 অসীম আঁধার-তীরে 
              একটুকু কনকের রেখা , 
কী মহা রহস্যময়                         সমুদ্রে অরুণোদয় 
              আভাসের মতো যায় দেখা । 
চরাচর ব্যগ্র প্রাণে                      পুরবের পথপানে 
             নেহারিছে সমুদ্র অতল — 
দেখো চেয়ে মরি মরি ,               কিরণমৃণাল-'পরি 
             জ্যোতির্ময় কনককমল । 
দেখো চেয়ে দেখো পুবে            কিরণে গিয়েছে ডুবে 
             গগনের উদার ললাট — 
সহসা সে ঋষিবর                 আকাশে তুলিয়া কর 
             গাহিয়া উঠিল বেদপাঠ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *