জাগ্রত স্বপ্ন

আজ    একেলা বসিয়া , আকাশে চাহিয়া , 
            কী সাধ যেতেছে , মন! 
    বেলা চলে যায় — আছিস কোথায় ? 
           কোন্ স্বপনেতে নিমগন ? 
    বসন্তবাতাসে আঁখি মুদে আসে , 
          মৃদু মৃদু বহে শ্বাস , 
    গায়ে এসে যেন এলায়ে পড়িছে 
    কুসুমের মৃদু বাস । 
যেন   সুদূর নন্দনকাননবাসিনী , 
    সুখঘুমঘোরে মধুরহাসিনী , 
    অজানা প্রিয়ার ললিত পরশ 
         ভেসে ভেসে বহে যায় , 
অতি     মৃদু মৃদু লাগে গায় । 
      বিস্মরণমোহে আঁধারে আলোকে 
           মনে পড়ে যেন তায় , 
     স্মৃতি-আশা-মাখা মৃদু সুখে দুখে 
         পুলকিয়া উঠে কায় । 
     ভ্রমি আমি যেন সুদূর কাননে , 
         সুদূর আকাশতলে , 
     আনমনে যেন গাহিয়া বেড়াই 
         সরযূর কলকলে । 
     গহন বনের কোথা হতে শুনি 
         বাঁশির স্বর-আভাস , 
     বনের হৃদয় বাজাইছে যেন 
          মরমের অভিলাষ । 
     বিভোর হৃদয়ে বুঝিতে পারি নে 
         কে গায় কিসের গান , 
     অজানা ফুলের সুরভি মাখানো 
         স্বরসুধা করি পান ।
     যেন রে কোথায় তরুর ছায়ায় 
         বসিয়া রূপসী বালা , 
     কুসুমশয়নে আধেক মগনা 
     বাকল-বসনে আধেক ন গনা , 
     সুখদুখগান গা ই ছে শুইয়া 
         গাঁথিতে গাঁথিতে মালা । 
     ছায়ায় আলোকে , নিঝরের ধারে , 
     কোথা কোন্ গুপ্ত গুহার মাঝারে , 
     যেন হেথা হোথা কে কোথায় আছে 
         এখনি দেখিতে পাব — 
     যেন রে তাদের চরণের কাছে 
         বীণা লয়ে গান গাব । 
     শুনে শুনে তারা আনত নয়নে 
           হাসিবে মুচুকি হাসি , 
     শরমের আভা অধরে কপোলে 
         বেড়াইবে ভাসি ভাসি । 
     মাথায় বাঁধিয়া ফুলের মালা 
         বেড়াইব বনে বনে । 
     উড়িতেছে কেশ , উড়িতেছে বেশ , 
     উদাস পরান কোথা নিরুদ্দেশ , 
     হাতে লয়ে বাঁশি মুখে লয়ে হাসি , 
         ভ্রমিতেছি আনমনে । 
     চারি দিকে মোর বসন্ত হসিত , 
     যৌবনকুসুম প্রাণে বিকশিত , 
     কুসুমের'পরে ফেলিব চরণ 
         যৌবনমাধুরীভরে । 
     চারি দিকে মোর মাধবী মালতী 
         সৌরভে আকুল করে । 
     কেহ কি আমারে চাহিবে না ? 
     কাছে এসে গান গাহিবে না ? 
     পিপাসিত প্রাণে চাহি মুখপানে 
         কবে না প্রাণের আশা ?
     চাঁদের আলোতে দখিন বাতাসে 
     কুসুমকাননে বাঁধি বাহুপাশে 
     শরমে সোহাগে মৃদুমধুহাসে 
         জানাবে না ভালোবাসা ? 
     আমার যৌবনকুসুমকাননে 
         ললিত চরণে বেড়াবে না ? 
     আমার প্রাণের লতিকা-বাঁধন 
         চরণে তাহার জড়াবে না ? 
     আমার প্রাণের কুসুম গাঁথিয়া 
         কেহ পরিবে না গলে ? 
     তাই ভাবিতেছি আপনার মনে 
         বসিয়া তরুর তলে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *