ঘুম

     ঘুমিয়ে পড়েছে শিশুগুলি , 
      খেলাধুলা সব গেছে ভুলি । 
  
ধীরে নিশীথের বায় আসে খোলা জানালায় , 
     ঘুম এনে দেয় আঁখিপাতে , 
     শয্যায় পায়ের কাছে খেলেনা ছড়ানো আছে , 
     ঘুমিয়েছে খেলাতে-খেলাতে । 
এলিয়ে গিয়েছে দেহ , মুখে দেবতার স্নেহ 
     পড়েছে রে ছায়ার মতন , 
কালো কালো চুল তার বাতাসেতে বার বার 
     উড়ে উড়ে ঢাকিছে বদন । 
তারার আলোর মতো হাসিগুলি আসে কত , 
     আধো-খোলা অধরেতে তার 
     চুমো খেয়ে যায় কত বার । 
সারা রাত স্নেহসুখে তারাগুলি চায় মুখে , 
     যেন তারা করে গলাগলি , 
     কত কী যে করে বলাবলি! 
যেন তারা আঁচলেতে আঁধারে আলোতে গেঁথে 
     হাসিমাখা সুখের স্বপন , 
ধীরে ধীরে স্নেহভরে শিশুর প্রাণের'পরে 
     একে একে করে বরিষন । 
কাল যবে রবিকরে কাননেতে থরে থরে 
     ফুটে ফুটে উঠিবে কুসুম , 
ওদেরো নয়নগুলি ফুটিয়া উঠিবে খুলি , 
     কোথায় মিলায়ে যাবে ঘুম । 
প্রভাতের আলো জাগি যেন খেলাবার লাগি 
     ওদের জাগায়ে দিতে চায় , 
আলোতে ছেলেতে ফুলে এক সাথে আঁখি খুলে 
     প্রভাতে পাখিতে গান গায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *