বাদল

একলা ঘরে বসে আছি , কেউ নেই কাছে , 
     সারাটা দিন মেঘ করে আছে । 
     সারাদিন বাদল হল , 
     সারাদিন বৃষ্টি পড়ে , 
সারাদিন বইছে বাদল-বায়! 
     মেঘের ঘটা আকাশভরা , 
     চারি দিকে আঁধার-করা , 
তড়িৎ-রেখা ঝলক মেরে যায় । 
     শ্যামল বনের শ্যামল শিরে 
     মেঘের ছায়া নেমেছে রে , 
মেঘের ছায়া কুঁড়েঘরের'পরে , 
     ভাঙাচোরা পথের ধারে 
     ঘন বাঁশের বনের ধারে 
মেঘের ছায়া ঘনিয়ে যেন ধরে । 
  
     বিজন ঘরে বাতায়নে 
     সারাটা দিন আপন মনে 
বসে বসে বাইরে চেয়ে দেখি , 
      টুপুটুপু বৃষ্টি পড়ে , 
      পাতা হতে পাতায় ঝরে , 
ডালে বসে ভেজে একটি পাখি । 
      তালপুকুরে জলের'পরে 
      বৃষ্টিবারি নেচে বেড়ায় , 
ছেলেরা মেতে বেড়ায় জলে , 
      মেয়েগুলি কলসী নিয়ে 
      চলে আসে পথ দিয়ে , 
আঁধারভরা গাছের তলে তলে! 
  
      কে জানে কী মনেতে আশ , 
      উঠছে ধীরে দীর্ঘনিশাস ,
বায়ু উঠে শ্বসিয়া শ্বসিয়া । 
      ডালপালা হা হা করে , 
      বৃষ্টিবিন্দু ঝরে পড়ে , 
পাতা পড়ে খসিয়া খসিয়া ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *