মেলানকোলির রাত – কৌশিক সামন্ত
মেলানকোলির রাত – কৌশিক সামন্ত
Melancholyr Raat
A Collection of Horror Srories by Kousik Samanta
প্রথম প্রকাশ – বইমেলা, ২০২০
প্রচ্ছদ – কৃষ্ণেন্দু মন্ডল
.
তানিয়াকে ….
.
“এই!”
“আরেহ! কখন এলে?”
“এই তো। সন্ধ্যাতারা ফুটল, কালীবাড়িতে কাঁসর-ঘণ্টা বাজল, আমিও পড়তে যাব বলে বেরিয়ে একদৌড়ে চলে এলাম বোসদের এই পুকুরটার পাশে।”
“কেন এলে মউ?”
“ও মা! এ আবার কী কথা? দিনে অন্তত একবার তোমায় না দেখলে আমার একদম ভাল্লাগে না।”
“আচ্ছা, তোমায় না দেখতে পেলেও কি কারও কষ্ট হয়?”
“হুঁউউউ। হয় বইকি।”
“তাই নাকি! কে সেই ভাগ্যবান? ধরে আনো তো তাকে আমার সামনে।”
“এই যে… আরেহ! এই! আমাকে ধরো! না…!”
একটা মানুষের শরীর গড়িয়ে পড়ে যায় এঁদো পুকুরে। পানা আর ঝাঁঝির ফাঁসে বন্দি হয়ে সেটা তলিয়ে যায় সবুজ জলের নিরাপদ আশ্রয়ে।
আকাশ থেকে মুছে যাওয়া রঙের কষ্টে জ্বলজ্বল করে তারাদের চোখ।
শনশন হাওয়া আর ইতিউতি জোনাকির দলকে সাক্ষী রেখে পুকুরের ধার থেকে সরে আসে মৃত্যু। বুকভাঙা দীর্ঘশ্বাস ফেলে সে চলে যায় অন্য কোনোখানে।
“মরণ রে, তুঁহু মম শ্যামসমান” গেয়ে ওঠা, মউ নামের মেয়েটা হারিয়ে যায় এই দুনিয়া থেকে দূরে, অনেক দূরে। তার যে সময় হয়েছিল চলে যাওয়ার।
না। ওপরের গল্পটা এই বইয়ে নেই। কিন্তু ভয়, কষ্ট, বিষাদ, আর অমোঘ পরিণতি হয়ে আসা মৃত্যু তাদের স্বাক্ষর রেখেছে এই বইয়ের প্রতিটি রেখায়।
কালো রঙের রাজত্ব যে জগৎ, সেই আতঙ্ক আর অলৌকিক নিয়ে লেখার ব্যাপারে গত কয়েকবছরে আমাদের সবাইকে মুগ্ধ করেছেন কৌশিক সামন্ত। তাঁর কলম যে মৃত্যুর নীল আর সবুজ রং ফুটিয়ে তোলাতেও এত দক্ষ, তা এই বইয়ের লেখাগুলো না পড়লে বিশ্বাসই হত না। সেই লেখাগুলোকে আলাদা মাত্রা দিয়েছেন স্বপন চন্দ তাঁর অসামান্য অলংকরণের সাহায্যে। আর সব শেষে অরণ্যমন সযত্নে নির্মাণ করেছে বইটিকে।
এদের সাহচর্য থেকে আপনাকে দূরে রাখা আর উচিত হবে না। পাতা ওলটান, হে পাঠক
শুরু হোক আপনার মেলানকোলির রাত।
ঋজু গাঙ্গুলী
ডিসেম্বর, ২০১৯
.
আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক একটা করে রাত্রি আসে, যার যাত্রী হওয়ার সাধ আমাদের জাগলেও, যাত্রা সম্পূর্ণ করার মতো সাধ্য আমাদের থাকে না!
কী হলে কী হত, কী বিসর্জন দিলে কী পেতাম কিংবা ওই ব্লেডের ধারালো দিকটা আর কবজির দূরত্বটা যদি আরেকটু বেশি হত তাহলে কী হত, এরকম অজস্র প্রশ্ন ওই রাতগুলোকে ঘিরে থাকে। কিন্তু উত্তর মেলে না। কেউ উত্তর দেয় না, দিতে পারে না। উত্তর আমরা নিজেদের মতো করে খুঁজে নিই, নিজেদের ফ্র্যাজাইল ইগোকে স্যাটিসফাই রাখতে! কিন্তু প্রতিটা উত্তরই, একগলা দলা পাকানো দীর্ঘশ্বাসে গিয়ে শেষ হয়! এরকমই যাত্রীবিহীন কিছু রাত্রির সমষ্টি হল এই ‘মেলানকোলির রাত’ আশা করি আপনাদের ভালো লাগবে!
.
লেখক পরিচিতি
কৌশিক সামন্ত যোগ্যতায় ইঞ্জিনীয়ার, পেশায় ব্যাংকার, আর নেশায় শখের গল্প লিখিয়ে। প্রথম দুটোয় ডাহা ফেল, আর শেষেরটার মূল্যায়ণ আপনাদের হাতে তুলে দিলাম!




কৌশিক সামন্তর লেখা নিয়ে অনেকেই উচ্ছ্বসিত দেখছি! এনার লেখা বেশ উপভোগ্য। এনার আরও বই পারলে আপলোড করুন..
Please upload ১.৬১৮ written by Samiran Samanta
এনার মেলানকোলির রাত ২ বইটি পেলে দেবেন।
কৌশিক সামন্তর ব্লু চেয়ার বইটা সম্ভব হলে দিন, অনুরোধ রইল..