চিরন্তন আয়ুর্বেদ – আয়ুর্বেদাচার্য নির্মলচন্দ্র রায়
(পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পরামর্শদাতা এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের সহ-সভাপতি)
অনুলিখন : অপূর্ব চট্টোপাধ্যায়
ভূমিকা : সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৪
CHIRANTAN AYURVED
Ayurvedic Rituals for a Healthy Life
by Ayurvedacharya Nirmal Chandra Roy
.
.
ভূমিকা
মানুষ পৃথিবীতে এল, সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি এল। এল রোগ জীবাণু, বীজাণু। জার্মস, ভাইরাস। ধরে আর মরে। মানুষ ভাবতে বসল। মৃত্যু এক মহা সমস্যা। অকালে মানুষ মরবে কেন? শুরু হল অনুসন্ধান। অসুখের কারণ ও নিরাময়ের উপায় উদ্ভাবনের চেষ্টা। দেখা গেল ঈশ্বর প্রকৃতির মধ্যেই লুকিয়ে রেখেছেন ভেষজ।
অনুসন্ধানী মানুষ একটি ধারা তৈরি করে ফেললেন। সেই সব মানুষকে বলা হল বৈদ্য। বেরিয়ে এল আয়ুর্বেদ। এটিও একটি বেদ। বিস্তারিত হল এই ধারা। চর্চার গুণে পরিণত হল বিজ্ঞানে। তৈরি হল শাস্ত্র।
প্রকৃতি থেকে আহরণ করা হল ভেষজ। দেখা গেল সমস্ত অসুখের ওষুধ প্রকৃতিতে রাখা আছে। ঋষিদের বিদ্যা নেমে এল আধুনিক জীবনে। নাম হল ‘হার্বাল মেডিসিন’। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথির পাশাপাশি কবিরাজি। প্রশ্ন হল, কবিরাজি বিজ্ঞানভিত্তিক কি না! বেদ কি বিজ্ঞান! বিজ্ঞানই সমাধান করে দিল সমস্যার। একালের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন, হার্বাল মেডিসিন কার্যকরী তো বটেই, সেই সঙ্গে পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত। আয়ুর্বেদীয় ওষুধ শুধু ওষুধ নয়—আহার। মানুষের সমগ্র ‘সিস্টেমে’ কাজ করে। সম্পূর্ণ নির্মূল করে যাবতীয় ব্যাধি। অলৌকিক নিরাময়ও সম্ভব।
আধুনিক কালে আয়ুর্বেদ চর্চার জোয়ার এসেছে। আয়ুর্বেদ যেন মাতা, অ্যালোপ্যাথি অনেকটা চণ্ড পিতা। হত্যাকারীর মতো। আয়ুর্বেদ কেন মাতা? রোগীকে কোমল আবেশে রেখে ধীর আরোগ্যের দিকে নিয়ে যায়। মুছে দেয় রোগের কারণ।
এই বিরাট দেশে হাতের কাছে, বাড়ির পাশেই ওষুধ আছে। সেকালের মায়েরা জানতেন। আমরা বলি টোটকা। একটু তাচ্ছিল্যের ভাব। যেই ইউরোপ, আমেরিকা ‘সিন্থেটিক’ থেকে ‘ন্যাচারাল-হার্বালে’ সবে এসে তার মহিমা ব্যক্ত করলেন, আমাদের টনক নড়ল। আচার্য নির্মলচন্দ্র রায় প্রাচীন ধারার বরেণ্য ধারক। দেশ-বিদেশে তাঁর খ্যাতি। তিনি এই গ্রন্থটি সাধারণের জন্যে তৈরি করলেন এই কারণে—
১। আমরা রোজ যা আহার করি তার মধ্যেই ওষুধ আছে এটি যেন আমরা স্মরণে রাখি।
২। ঋতু অনুসারে খাদ্য তালিকার সচেতন পরিবর্তনে দেহ সুস্থ থাকবে।
প্রশ্ন হল—অসুস্থ হবেন কেন? অজ্ঞতাই অসুস্থতার কারণ—মা হয়ে নিজেই নিজেকে পালন করুন। প্রকৃতিকে জানুন, হাত বাড়ান, আপনার মুঠোতেই ওষুধ।
সঞ্জীব চট্টোপাধ্যায়
বরানগর
২৪শে ডিসেম্বর ২০২৩





Leave a Reply