গৃহচিকিৎসা (আয়ুর্বেদ)

গৃহচিকিৎসা

ম্যালেরিয়া

ম্যালেরিয়া শব্দটি এসেছে ইতালি থেকে, ম্যালেরিয়ার প্রকৃত অর্থ হচ্ছে দূষিত বাষ্প। গাছগাছড়া পচে গিয়ে বা ভিজে স্যাঁতসেঁতে মাটি থেকে যে বাষ্প ওঠে তাকেই আমরা দূষিত বাষ্প বলি। এই দূষিত বাষ্প থেকে যে জীবাণু নির্গত হয় তা অ্যানোফিলিস জাতীয় মশার মাধ্যমে এক শরীর থেকে অপর শরীরে ছড়িয়ে পড়ে। এর ফলে জ্বর হয়। আয়ুর্বেদ মতে ম্যালেরিয়া জ্বর বিষম বা জীর্ণ জ্বরের অন্তর্ভুক্ত। আয়ুর্বেদে বলা হয়েছে জীবাণু রোগ নৈমিত্তিক কারণ মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে ত্রিদোষ অর্থাৎ বায়ু, পিত্ত ও কফের ভারসাম্যের পরিবর্তন।

লক্ষণ

অত্যন্ত শীত, কম্প দিয়ে জ্বর এবং নির্দিষ্ট সময় অন্তর বারে বারে জ্বর এলে ধরতে হবে রোগী ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন। তবে অনেক সময় ম্যালেরিয়া বা কালাজ্বর রক্তপরীক্ষা না করে বোঝা যায় না, সেই সময় চূড়ান্ত সিদ্ধান্ত রক্ত বিশ্লেষণ করেই বুঝতে হয়। এই জ্বরে যকৃৎ ও প্লীহা খুব তাড়াতাড়ি বাড়ে না। কিন্তু খিদে কম ও কোষ্ঠবদ্ধতা থাকে। এই রোগে রোগীর গায়ের চামড়া কিঞ্চিৎ হলদেটে দেখায়। পায়ে খোস পাঁচড়া জাতীয় চর্মরোগ হতে পারে।

পথ্য

জ্বর থাকলে রোগীকে সাবু, বার্লি, অ্যারারুট জাতীয় লঘু পথ্য দেওয়া উচিত। জ্বর ছেড়ে গেলে পুরোনো চালের ভাত, ছোট জ্যান্ত মাছের ঝোল এবং অল্প মশলা ও তেল যুক্ত তরকারি দেওয়া যেতে পারে। এছাড়াও রোগী দুধ সাবু, দুধ ও আটার রুটি বা তরকারি ও আটার রুটি খেতে পারেন। এই সময় রোগী অবশ্যই শীতল জলে স্নান করবেন। তবে অধিক পরিশ্রম, দিবানিদ্রা, রোদে ঘোরা সম্পূর্ণ নিষিদ্ধ।

চিকিৎসা

সর্বজ্বরহর বটি ম্যালেরিয়া জ্বর সমূলে বিনাশ করে। এছাড়াও অমৃতারিষ্ট এই জ্বরের সর্বশ্রেষ্ঠ ওষুধ। এতে গুলঞ্চ, দশমূল, খেতপাপড়া, ছাতিম ছাল এবং কৃষ্ণাজিরা প্রভৃতি নানা ভেষজাদি থাকে। এই ওষুধটি সবরকম জ্বরেই প্রয়োগ করা যায়। তবে এই ওষুধটি সবথেকে বেশি কাজ দেয় টাইফয়েড, নিউমোনিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে। এই ওষুধটি বিশেষ করে ম্যালেরিয়া ও আনুষাঙ্গিক প্লীহা ও যকৃৎ রোগেও দারুণ কাজ করে।

অল্প সময়ের মধ্যে যখন জ্বরের কারণ নির্ণয় করা যায় না, সেখানে এই অমৃতারিষ্ট ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায়। এই ওষুধটি কোষ্ঠ পরিষ্কার এবং খিদে ও হজম বৃদ্ধিতে সাহায্য করে। এবং ধীরে ধীরে জ্বরের প্রকোপ কমিয়ে রোগীকে জ্বরমুক্ত করে। বয়স্কদের অর্ধআউন্স অমৃতারিষ্ট সম পরিমাণ জল দিয়ে দু’বেলা খাওয়াতে হবে এবং অল্প বয়স্ক ও শিশুদের একের চার আউন্স অমৃতারিষ্ট সম পরিমাণ জল দিয়ে খাওয়াতে হবে।

ম্যালেরিয়া জ্বরে কোষ্ঠশুদ্ধির প্রতি বিশেষ নজর রাখা দরকার। তাই এই সময় রোগীর কোষ্ঠশুদ্ধি বটি সেবন অত্যন্ত জরুরি। এই ওষুধটি জ্বরনাশক ওষুধের অতীব সহায়ক কারক। ম্যালেরিয়া জ্বরে প্লীহা ও যকৃৎ বৃদ্ধি থাকলে অভয়ালবণ খেতে হবে।

অনেক সময় অবহেলা ও অবজ্ঞার ফলে সামান্য জ্বর কঠিন জ্বরে পরিণত হয়। তাই সর্বজ্বর হর বটি জ্বর ছেড়ে গেলেই বন্ধ করা অনুচিত। জ্বর ছেড়ে যাবার পরও এই ওষুধটি এক সপ্তাহ খেতে হবে। কারণ এই জ্বর ছেড়ে গেলেই অনেকে ভাবেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ পুনরায় এই জ্বর আক্রমণ করতে পারে বা করে থাকে। এই সময় খাওয়া ও ঘুরে বেড়ানোর ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে সামান্য জ্বর, বিষম জ্বর, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা কালাজ্বরে পরিণত হতে পারে।

ম্যালেরিয়া জ্বর থাকাকালে অথবা ছেড়ে যাবার পর যদি পেট ফাঁপে বা অগ্নিমান্দ থাকে তাহলে শ্রীরামবানরস, হীরাচূর্ণ ও মধুসহ সেবন করা যায়। বেশিদিন ম্যালেরিয়াতে ভুগলে রক্ত খারাপ হয়ে যায়। চেহারা ফ্যাকাসে ও বর্ণ অনুজ্জল হয়ে পড়ে। সেই সময় লৌহসব বা অমৃতারিষ্ট খেতে হবে। তবে ম্যালেরিয়াপ্রবণ এলাকায় সকাল বা সন্ধ্যাতে কখনই খালি পেটে যাওয়া উচিত নয়। কারণ পেট খালি থাকলে রোগ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। এবং এই রোগ জীবাণু যেহেতু বহন করে মশারা, তাই রাত্রে মশারি টাঙিয়ে শোওয়াটা অত্যন্ত জরুরি।

রক্তাল্পতা

অ্যানিমিয়া বা রক্তাল্পতা। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ মারাত্মক রকম কমে গেলেই বলা হয় মানুষটি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় আক্রান্ত হয়েছেন। সাধারণত একশ সি সি রক্তে বারো থেকে পনেরো গ্রাম হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিনের পরিমাণ দশের নীচে নেমে গেলে রক্তাল্পতা হয়েছে বলা হয়। এই অ্যানিমিয়ার আবার ভাগ আছে। একশ সি সি রক্তে হিমোগ্লোবিন চার-পাঁচ গ্রাম থাকলে তখন তাকে সিভিয়ার অ্যানিমিয়া বলে। আয়ুর্বেদ শাস্ত্রে রক্তাল্পতা নিরাময়ে নানাধরনের ওষুধ ব্যবহার করা হয়। তবে সেইসব ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই খাওয়া উচিত নয়। কারণ বিভিন্ন কারণে রক্তল্পতা হতে পারে। তাই কারণ না জেনে ওষুধ খেলে কোনও কাজই হবে না। আগেই বলেছি বিভিন্ন কারণে রক্তাল্পতা হতে পারে। যেমন অস্বাস্থ্যকর স্থানে বাস, পুষ্টিকর খাদ্যের অভাব, রক্তস্রাব, কোষ্টবদ্ধতা, পুরোনো অজীর্ণ, কালাজ্বর, ম্যালেরিয়া বা যক্ষ্মারোগে ভুগলে রক্তাল্পতায় আক্রান্ত হবার আশঙ্কা থাকে। এবং রুগির নানারকম সমস্যা ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। যেমন গাত্রত্বক ঈষৎ হলুদ হয়ে যায়, শরীর শীর্ণ হয়ে পড়ে, শরীরের তন্তুসমূহ কোমল হওয়া ছাড়াও শারীরিক দুর্বলতা, অবসাদ, শরীরের তাপবৃদ্ধি, অস্থিরতা, বুক ধড়ফড়, মূর্ছা, নাক থেকে রক্ত পড়া, শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, খিদে কমে যাওয়া, উদরাময় প্রভৃতি লক্ষণ দেখা দেয়। রক্তের প্রধান উপাদান হল লোহা। সুতরাং লোহাঘটিত ওষুধ রক্তল্পতায় বিশেষভাবে কাজ দেয়। আয়ুর্বেদীয় লৌহ মানে শক্তিশালী লোহা যেমন বয়লারের স্প্রিং বা ইস্পাতের গুঁড়োকে বিভিন্ন প্রথায় পাঁচশ থেকে পনেরোশ বার ভস্ম করে আয়ুর্বেদীয় লৌহভস্ম তৈরি করা হয়। এই ভস্মলৌহ এত সূক্ষ্ম অণুতে পরিণত হয় যে শরীরে প্রবেশ করে অতি সহজে রক্তকণিকা তৈরি করে। এইজন্য আয়ুর্বেদীয় লৌহযুক্ত ওষুধ অন্যান্য লৌহঘটিত ওষুধ থেকে হাজার গুণ ভালো ফল দেয়।

ম্যালেরিয়া বা কালাজ্বরে ভুগে দেহ রক্তশূন্য হলে নবায়স লৌহ কুলেখাড়ার পাতার রস দিয়ে, বা বৃহৎ লোকনাথ রস, লৌহাসব বা বৃহৎসর্বম্বরহর লৌহ প্রভৃতি ওষুধ ভীষণ ভালো কাজ দেয়। শোত্থ রুগির রক্তাল্পতায় চ্যবণপ্রাশ ও রোহিতকারিরিষ্ট খেলে ভালো ফল পাওয়া যায়। যক্ষ্মা, পুরোনো উদরাময়, জ্বর, প্লীহা ও যকৃতের বৃদ্ধি, ম্যালেরিয়া, অর্শ বা সন্তান প্রসবের পর ভয়ানক রক্তপাতের ফলে রক্তহীনতা হলে শোণিতামৃত অমৃতের মতো কাজ দেয়। চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ সেবন করলে অল্পদিনের মধ্যেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে।

ডায়াবিটিস

রক্তে শর্করার আধিক্যকেই আমরা বহুমূত্র বা সোমরোগ বলি। বর্তমানে এই রোগের প্রকোপ যথেষ্টই বেড়ে গেছে। বিভিন্ন কারণের জন্য এই রোগ হতে পারে। যেমন টেনশন। আমাদের এখন যেভাবে জীবনযাপন করতে হয় তার সঙ্গে অনেকেই তাল মিলিয়ে চলতে পারেন না। চিন্তা, মানসিক উদ্বেগ, ভয় সব মিলেমিশে একটা বিশ্রী সমস্যার সৃষ্টি করে। তবে একবার যদি কারুর এই রোগটি ধরা পড়ে তাহলে তাঁকে অবশ্যই নিয়মিত জীবনযাপন করতে হবে। কারণ সোমরোগের আক্রমণে আমাদের শরীরের অনেক দরকারি অরগান নষ্ট হতে পারে।

আয়ুর্বেদ শাস্ত্রে সোমগুণ যুক্ত জলীয় পদার্থ বিকৃত ও স্থানচ্যুত হয়ে মূত্রাশয়ে উপস্থিত হয় এবং ওই জল মূত্ররূপে পরিণত হয়ে অধিক পরিমাণে শরীর থেকে বেরোতে থাকে। একেই আমরা ডায়াবিটিস বা বহুমূত্র রোগ বলি। কবিরাজি মতে এই রোগের চিকিৎসা করার সময় কবিরাজকে রোগীর বিভিন্ন শারীরিক লক্ষণ দেখেই চিকিৎসা করতে হয়।

রোগলক্ষণ

রোগীর শারীরিক দুর্বলতা থাকবে এবং পাশাপাশি এসে যাবে আরও নানা উপসর্গ। যেমন সর্বাঙ্গে শিথিলতা, মস্তিষ্কের বিকার, প্রবল জল পিপাসা, ক্ষুধামান্দ্য, শরীর দিয়ে টক গন্ধ নির্গত হবে। এছাড়াও রোগী রোগা হয়ে যাবেন, তাঁর ঘাম বেরবে, এমনকী শরীরের রঙ হলুদ হতে পারে। অরুচি ও হাত পা জ্বালা থাকবে। এবং মূত্রত্যাগের পরিমাণ বেড়ে যাবে। সঙ্গে থাকবে প্রবল কোষ্ঠবদ্ধতা।

চিকিৎসা

কোষ্ঠকাঠিন্য এই রোগের একটি বড় উপসর্গ। আয়ুর্বেদ মতে সোমরোগের খুব ভালো চিকিৎসা করা যায়। তাই চিকিৎসা চলাকালীন বিরেচক খেতেই হবে।

জাম্বদ্যারিস্ট সকালে ও বিকেলে দুইবার করে খেতে হবে। এটি অত্যন্ত ভালো ওষুধ। তবে রোগের প্রথমাবস্থায় সোমনাথ রস ও সোমেশ্বর রস দারুণ কাজ দেয়। এক চামচ সোমনাথ রস ও এক চামচ যজ্ঞডুমুর চূর্ণ এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেতে হবে। এছাড়া সোমেশ্বর রসের একটি বড়ি দু’চামচ মোচার রস ও এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে দিনে দু’বার খেতে হবে। এই দুটি ওষুধ রোগের প্রথমাবস্থায় চমৎকার কাজ করে। এই দুটি ওষুধ চলাকালীন বিরেচক অর্থাৎ জোলাপ খেতেই হবে।

এই রোগের আর একটি বিশেষ লক্ষণ হল ক্ষুধামান্দ্য। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য ভাস্কর বজ্র অথবা মহাশঙ্খবটি খাবার আগে খেতে হবে।

আয়ুর্বেদ মতে এই রোগের সর্বশ্রেষ্ঠ ওষুধ হল বসন্তকুসুমাকর রস। এই রোগ প্রতিরোধ করার ব্যাপারে এই ওষুধটি ভীষণ ভালো কাজ দেয়। বসন্তকুসুমাকর রস একটি বড়ি, কালো জামের বীজচূর্ণ ও মধুর সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। এই রোগে স্বাস্থ্য ভীষণই ভেঙে যায়।

এছাড়া প্রত্যেক দিন সকালে এবং রাতে দু’চামচ নবায়স লৌহ, দু’চামচ মেথিচূর্ণ এক কাপ গরম জল দিয়ে খেলে বহুমূত্র রোগে বিশেষ উপকার হয়।

এই রোগে রোগী প্রায়ই অগ্নিমান্দ্যে ভোগেন, তাই এই উপসর্গ দেখা দিলে রোগীকে আমরা দিনে দু’বার মহাশঙ্খবটি জল দিয়ে খেতে বলি।

কবিরাজি চিকিৎসায় ওষুধ ছাড়া অনুপানের সাহায্যেও রোগ প্রশমন করা সম্ভব। তবে রোগ যদি পুরোনো ও জটিলাকার ধারণ করে তখনই ওষুধ প্রয়োজন হয়। এবার আমি অনুপান নিয়ে আলোচনা করব। খালি পেটে এক কাপ গরম জলের সঙ্গে দু’চামচ মেথিচূর্ণ মিশিয়ে খান। দুপুরে ও রাত্রে খাওয়ার পর দুচামচ জামের বীজচূর্ণ পুরোনো মধুর সঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়ান। এবং রাতে শুতে যাওয়ার আগে দু’চামচ নিম্বাদি (পঞ্চনিম) চূর্ণ এক চামচ জল সহ খেতে হবে। এই অনুপানটি সোমরোগে দারুণ কাজ করে।

সোমরোগ বা বহুমূত্রে এই পদ্ধতির দ্বারা চিকিৎসা করলে নিশ্চিত উপকার পাওয়া যাবে। তবে শুধু ওষুধ বা অনুপান খেলেই চলবে না। তার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারেও সতর্ক হতে হবে। রোগী দুপুরে পুরাতন চালের ভাত, কাঁচা মুগ বা ছোলার ডাল, থোড়, মোচা, কাঁচকলা, পেঁপে সিদ্ধ, তিক্ত শাক, পটল, সুপাচ্য তরকারি ও গরমমশলা ছাড়া পাঁঠার মাংস খেতে পারেন।

রাত্রে খেতে হবে গম বা ছোলার ছাতুর রুটি, তরকারি কখনও কখনও পাঁঠার মাংস। কিন্তু অজীর্ণ বা অম্ল হলে পাঁঠার মাংস খাওয়া চলবে না।

রোগীর যদি বারে বারে জল পিপাসা পায় তাহলে আনারস, আঙুর, কমলালেবুর রস, বেদানা, ডালিম, পেঁপে, বেল ও জাম খেতে পারেন।

তবে একটা কথা সমসময়ই খেয়াল রাখা দরকার তা হল রোগীকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। লোভ অবশ্যই পরিত্যাগ করুন। আগে যা খেতে ভালো লাগত এখনও সেইসব খাবারই খাব তা করলে চলবে না। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ যেমন খেতে হবে তেমনই অবলম্বন করতে হবে সাবধানতা। তাহলেই মুক্তি পাওয়া যাবে রোগের হাত থেকে।

হাঁপানি

আবহাওয়া এবং পরিবেশ এখন যেভাবে দূষিত হচ্ছে, দূষণ যেভাবে বাড়ছে তাকে অচিরেইএই হাঁপানির আক্রমণে আমাদের নাজেহাল হতে হবে। হাঁপানি বা অ্যাজমা অত্যন্ত কষ্টদায়ক রোগ, কলকাতার বেশিরভাগ মানুষই এখন এখন এই রোগের শিকার হচ্ছেন।

আমাদের ফুসফুসের বায়ু বহনকারী নালীগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা আবৃত থাকে। এই পেশির স্বাভাবিক অবস্থার পরিবর্তন হলেই শ্বাসকষ্ট শুরু হয়। আমরা একেই হাঁপানি বলি। শ্বাসকষ্টের বেশির ভাগ ক্ষেত্রেই বুকে কফ জমে যায়।

এই কফ ফুসফুসকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয় না। তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে গেলে জমা কফকে তরল করতে হবে। তা না হলে শ্বাসকষ্ট কিছুতেই কমানো যাবে না।

কফ জমে যখন ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করে তখন চিন্তামণি চতুর্মুখ পানের রস মধু সহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। হাঁপানির সঙ্গে সঙ্গে আর একটি উপসর্গ অনেকের ক্ষেত্রেই দেখা যায়। সেটি হল হিক্কা। হাঁপানি এবং হিক্কা যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে রোগীর অবস্থা কতটা খারাপ হতে পারে তা সহজেই অনুমান করতে পারছেন।

এইরকম সমস্যায় হাঁপানির আগে হিক্কা বন্ধ করতে হবে। চিনি ও মরিচচূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে বারে বারে খাওয়ালে হিক্কা ওঠা কিছুক্ষণের মধ্যে কমে যাবে। এছাড়াও মুখবন্ধ করা পাত্রে ময়ূরপুচ্ছ ভস্ম করে সেই ভস্ম পিপুল চূর্ণ ও মধুর সঙ্গে মিশিয়ে বারে বারে খাওয়ালে প্রবল হিক্কা যেমন বন্ধ হবে তেমনই শ্বাসকষ্ট কমে যাবে।

শীতের সময় হাঁপানি ও হাঁপের কষ্ট ওষুধ ছাড়া কমাবার জন্য বয়েড়ার বাদামের শরণাপন্ন হতে পারেন। চার পাঁচটি বয়েড়ার বাদাম মিছরি সহ ভালোভাবে খলে মেড়ে প্রত্যেকদিন দু’বার করে খাওয়ালে অবশ্যই উপকার পাবেন। এছাড়া দু’চামচ পানের রস ও এক চামচ মধু এবং দু’চামচ বাসক পাতার রস একসঙ্গে মিশিয়ে দিনে দু’বার করে খাওয়ালে হাঁপানি ও কাশির উপশম হবে।

এখন খুব ছোট ছোট বাচ্চাকেও ইনহেলার নিতে দেখা যায়। হাঁপানির আক্রমণে এখন বাচ্চারাও কষ্ট পায়। এরকম হলে বাসক ও কণ্টিকারি পাতা এবং একচামচ পিপুল চূর্ণ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে নিন। এবং সেই জল দিনের মধ্যে চার পাঁচ বার অল্প অল্প করে বাচ্চাকে খাওয়ান। দেখবেন কত তাড়াতাড়ি উপকার পাবেন। এছাড়া বাড়িতে যদি খুব পুরোনো ঘি থাকে তাহলে সেই ঘি অল্প একটু নিয়ে বাচ্চার বুকে পিঠে ভালোভাবে মালিশ করে সেঁক দিলে রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়।

হাঁপানির রোগীর প্রবল শ্বাসকষ্ট ছাড়াও জ্বর, বুকে যন্ত্রণা, পার্শ্ববেদনা, শরীর ও হাতপায়ের শিথিলতা, শরীরে জ্বালা এবং নাড়ির গতি অনিয়মিত হয়ে যায়। এইসব উপসর্গ থাকলে বসন্ত তিলক, শ্বাসহরযোগ, আদার রস মধুর সঙ্গে মিশিয়ে বারে বারে খাওয়ালে উপকার পাবেন।

যদি জ্বর থাকে তাহলে শিউলি বা পান পাতার রস এবং মধুর সঙ্গে মৃত্যুঞ্জয় রস মিশিয়ে খাওয়াতে হবে। হাঁপানির হাত থেকে বাঁচতে গেলে পেট পরিষ্কার রাখতেই হবে। কোষ্ঠবদ্ধতা থাকলে মৃত্যুঞ্জয় রসের সঙ্গে আদার রস ও সৈন্ধব লবণ মিশিয়ে খেতে পারেন।

শীতে পেট গরম হওয়াটা স্বাভাবিক। তাই খাওয়া দাওয়ার পর জল দিয়ে ভাস্কর বজ্রজ খেলে রোগ উপশম হবে। হাঁপানি রোগীর বুকে কফ জমে যায়। এই অবস্থায় বৃহৎসার চন্দনাদি তেল দু’বেলা বুকে মালিশ করতে হবে। এবং শ্বাসকষ্ট যদি ভয়ঙ্কর আকার ধারণ করে তাহলে চার ফোঁটা চন্দনাদি তেল গরম দুধে মিশিয়ে খেলে কফ নরম হয়ে বেরিয়ে যাবে।

আয়ুর্বেদে শ্বাসকষ্ট কমাবার অনেক ওষুধ আছে। আমি একটি ওষুধের কথা এখানে উল্লেখ করছি। ব্রহ্মযষ্টি মূলের রস, ষড়গুণ বলিজারিত মকরধ্বজ, বসন্ততিলক, পিপুলচূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

যদি ভয়ঙ্কর কাশি থাকে তাহলে সকাল এবং সন্ধ্যাবেলার শীতপলা চূর্ণ বচ্চুর্ণ ও মধু মিশিয়ে খেলে কাশির কষ্ট কমে যাবে। শীতে দারুণ সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও রোগাক্রমণ ঠেকানো যায় না। তখন মধু সহ চব্যনপ্রাশ খেলে অনেকটা আরাম পাওয়া যায়। এছাড়া মহাভৃঙ্গরাজ তেল মাথায় ভালোভাবে মাখলে উপকার হয়।

যদি দেখা যায় স্বরভঙ্গ হয়েছে তাহলে কল্যাণ অবলেহ ও ব্রাহ্মী রসায়ণ খেলে ভালো কাজ পাওয়া যায়।

মনে রাখবেন নতুন সর্দিকাশি থেকেই হাঁপানি শুরু হয়। তাই শুরু থেকেই সাবধান হতে হবে। এই সামান্য কথাটি কিন্তু ভুলে গেলে চলবে না।

যাঁরা হাঁপানিতে ভোগেন তাঁদের খাওয়া দাওয়া একটু নিয়ম মেনে করতে হবে। এমন খাদ্য খাওয়া ঠিক হবে না যাতে শ্লেস্মা ও বায়ু বৃদ্ধি পায়। এই সময় ডিম, চিংড়ি, কাঁকড়া, ফুলকপি, মূলো না খাওয়াই ভালো। এগুলো ছাড়াও ঠান্ডা জল, অম্বল, শাক, বোয়াল মাছ, মুসুর ডাল, কলা খাবেন না।

পুরোনো চালের ভাত, মাংসের জুস, ঘি দিয়ে সাঁতলানো ডাল, কিসমিস, গোলমরিচ, পান ও উষ্ণ জল হাঁপানি রোগের উৎকৃষ্ঠ পথ্য। হাঁপানিতে ছাগলের দুধ অত্যন্ত ভালো পথ্য। শীত ও ঋতু পরিবর্তনের সময় হাঁপানি রোগী ঠান্ডা জলে স্নান করবেন না। উষ্ণ জলে স্নান করবেন। তেল মশলা যুক্ত খাবার বর্জন করুন এবং একটু সাবধানে থাকুন। এই নিয়মগুটি মানলে অবশ্যই ভালো থাকবেন।

হেপাটাইটিস

পাণ্ডু বা কামলা রোগকেই চলতি কথায় জণ্ডিস বলা হয়। প্লীহা ও যকৃৎ-এর রোগের জন্য পিত্ত দূষিত হলে এবং পিত্তের নিঃসরণ ক্রিয়ার অভাব ঘটলেই এই রোগটি হয়। এই রোগটির জন্য রোগীর শরীর পিত বা পাণ্ডুবর্ণ ধারণ করে।

প্লীহা বা যকৃৎ রক্তের আধার। তাই এই দুটি বৃদ্ধিপ্রাপ্ত হলে রক্তের ক্রিয়ার হানি হয়। মানে রক্তের বিকৃতি ঘটে। কামলা রোগ দীর্ঘস্থায়ী হয়ে দেহের সমস্ত ধাতুকে আশ্রয় করলে কুম্ভকামলা রোগে পরিণত হয়। হলিমক রোগ পাণ্ডু রোগের বিশেষভেদমাত্র।

লক্ষণ

রোগীর দেহ ও প্রস্রাব পাণ্ডুবর্ণের হয়। এছাড়াও উদরে বেদনা, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, বমন, অগ্নিমান্দ্য, পিপাসা, অরুচি, বিমর্ষতা, মুখে জল ওঠা, অবসন্নতা, নিদ্রাহীনতা, রক্ত কফ মিশ্রিত মলত্যাগ প্রভৃতি ব্যাপারগুলি এই রোগের বিশেষলক্ষণ।

চিকিৎসা

আয়ুর্বেদ চিকিৎসা কতকগুলি পদ্ধতি অনুসারে করা হয়। পাণ্ডু বা কামলা রোগে কেউ আক্রান্ত হলে কোন রোগের জন্য এটি হয়েছে প্রথমে সেটিকে খুঁজে বার করতে হবে। কারণ উৎপত্তিস্থল খুঁজে পাওয়া না গেলে রোগীর সুচিকিৎসা করা যায় না। রোগের মূল খুঁজে আয়ুর্বেদে চিকিৎসা করা হয়। তবে যেখানে পাণ্ডু রোগের উৎপত্তিস্থল খুঁজে পাওয়া যায় না অর্থাৎ বাতাপি রোগের প্রকোপে দেহে পাণ্ডু রোগ হয়েছে বোঝা যায় সেখানে এই রোগের মূল ঔষধ হল নবায়স লৌহ। এছাড়াও পুনর্নবারিষ্টও এই রোগে দারুণ ফল দেয়।

একটি নবায়স লৌহ কুলেখাড়া রসের সঙ্গে মিশিয়ে দিনে দু’বার খাওয়ালে রোগের উপশম হয়। দু’বেলা আহারের আগে বা পরে পুনর্নবারিষ্ট চার চামচ করে দিলেও ভালো ফল পাওয়া যায়। পাণ্ডু রোগে উদরে কৃমি সঞ্চিত হলে বৃহঙ্গাদিলৌহ বা কৃমিঘাত বটি খেতে হবে। মলের সঙ্গে আমের আধিক্য থাকলে পীযূষপল্লীরস বা কাঁচা বেল পোড়ার গুঁড়ো সেবন করতে হবে। গরম জলে ভাস্কর বজ্রজ দু’বেলা পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই সময় জ্বর বাড়লে সর্বজ্বরবটি শিউলি পাতার রস সহযোগে খেলে কিছুক্ষণের মধ্যেই জ্বরের উপশম হবে। পাণ্ডু বা কামলা রোগে যকৃৎ ও প্লীহাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বা সুস্থ করে তুলতে নবায়স লৌহ, কুলেখাড়ার রস ও পুনর্নবারিষ্ট অর্ব্যথ কাজ দেয়। এই ওষুধগুলো নিয়মিত খেলে শতকরা নব্বইভাগ রোগ উপশম হয়।

যকৃৎ বা প্লীহা বৃদ্ধি পেলে এবং যকৃৎ-এর উপরে বেদনা, মাথাব্যথা, বমন বা বমনেচ্ছা, কোষ্টবদ্ধতা প্রভৃতি উপসর্গ থাকলে যকৃৎদারি লৌহ অপূর্ব ফল দেয়। শিশুদের ক্ষেত্রে বৃহৎ গুরু পিপ্পুলি ও মহাশঙ্খদ্রাব দারুণ ফল দেয়। মহাশঙ্খদ্রাব ওষুধটি বহু পুরোনো ও শাস্ত্রীয় ওষুধ, তবে এটি সব জায়গায় পাওয়া যায় না। সুচিকিৎসকরাই শুধুমাত্র এই ওষুধটি তৈরি করেন। দশফোঁটা করে এই ওষুধটি দু’বেলা খেলেই শিশুদের রোগ উপশম ঘটবে।

পথ্য

পাণ্ডু বা কামলা রোগে আক্রান্ত রোগী পুরোনো চালের ভাত, মুগ, অড়হর বা মুসুর ডাল, মাংসের জুস, পটল, কাঁচকলা, ঝিঙে, গুলঞ্চ, নটেশাক, পুনর্নবা শাক, বেগুন, শিঙি ও শোল মাছ খেতে পারেন। তবে এইসময় ভাজা খাবার একদম না খাওয়াই উচিত।

করণীয়

স্নানের সময় সারা শরীরে তেল মেখে রোগীকে স্নান করতে হবে। তবে জ্বর বা উদরাময় থাকলে স্নান না করাই ভালো। তবে শারীরিক ও মানসিক বিশ্রাম রোগীকে সুস্থ হতে ভীষণ সাহায্য করে।

অতিরিক্ত মেদ কমাতে

স্নেহজাত দ্রব্য বেশি খেলে যে অন্নরস উৎপন্ন হয় সেই রস ঠিকমতো পরিপাক না হলে শরীরে মধুর রস তৈরি করে আমাদের কবিরাজি শাস্ত্র বলে সেই মধুর রসের অর্থাৎ অপক্ক অন্নরসের স্নেহ থেকে মেদ পদার্থের বৃদ্ধি ঘটে। মেদ বৃদ্ধির ফলে রসরক্তাদি বাহি স্রোত ধীরে ধীরে রুদ্ধ হয়ে যায়। ফলে অন্য ধাতু পুষ্ট হতে পারে না। কেবলমাত্র মেদ ধাতুই বাড়তে থাকে। মেদ ধাতুর অত্যধিক বৃদ্ধি হলে সেই মানুষটি নানা সমস্যার সম্মুখীন হন। যেমন তৃষ্ণা, মূর্ছা, নিদ্ৰাধিক্য, অর্শ, অকস্মাৎ অবসাদ, ক্ষুদা ও ঘর্মবৃদ্ধি, শরীরে দুর্গন্ধ, বলের হ্রাস, বিভিন্ন ধরনের বাত, হার্টের অসুখ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।

প্রথমেই বলেছি মেদ বৃদ্ধির ফলে নানা ধরনের বাতজনিত রোগ হয়। সর্বাঙ্গে বাতের আক্রমণ। এর ফলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় হৃদযন্ত্র। সেই জন্য মেদযুক্ত ব্যক্তিদের প্রথম থেকেই সমপরিমাণ দুধ ও জলে অর্জুন ছাল সিদ্ধ করে খাওয়া দরকার। প্রথম থেকেই সাবধান না হলে পরবর্তীকালে হৃদযন্ত্রের ক্রিয়া যে-কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ বাত জনিত পীড়া হার্টকে আক্রমণ করলে ফল অত্যন্ত ক্ষতিকারক হয়। মেদ প্রতিরোধ করার অনেকরকম পথ অবশ্য আয়ুর্বেদ শাস্ত্রে আছে। তবে কায়িক পরিশ্রম, চিন্তা, হাঁটা চলা, মধুসেবন এবং শ্যামতণ্ডুলকৃত অন্ন খেলে মেদ হ্রাস পায়। প্রাতে মধু জল এবং উষ্ণ অন্নের মণ্ড খেলে মেদ হ্রাস পাবে। মেদ হ্রাস ও ক্ষুধা বৃদ্ধির জন্য চৈ (একরকম ঝাল স্বাদ যুক্ত ফল), জিরা, ত্রিকূট (শুট, পিপুল, মরিচ), হিং, লবণ ও চিতা (গাছের ছাল) একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে ঘোলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। ত্রিফলা ও ত্রিকূট গুঁড়ো সর্ষের তেল ও লবণের মিশিয়ে ছ’মাস খেলে কফ মেদ ও বায়ু খুব সহজেই নষ্ট হয়। বিরঙ্গ (ধনের মতো দেখতে) শুঁট যবক্ষার কান্তলৌহভস্ম যব ও আমলকী চূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে খেলেও অতিরিক্ত মেদ নষ্ট হয়। এছাড়াও শুকনো মুলো, ত্রিফলা চূর্ণ মধুর সঙ্গে মিশিয়ে কিংবা সমমাপে জল ও মধু অথবা বিল্বাদি পঞ্চমূলের ক্বাথ মধুর সঙ্গে মিশিয়ে খেলে মেদ ঝরে যায়।

শিলাজতু, কূড় (গাছ), অগুরু, দেবদারু, রেণুকা (ফুল), মুথা, পঞ্চপত্র (আম, জাম, কদবেল, চোলঙ্গ ও বেলপাতা) সরল বৃক্ষ, পিপড়িংশাক, বাবুই তুলসী ও লবঙ্গ ধুতরা পাতার রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে খেলে মেদ নাশ হয়। মেদ রোগে কফ ও বায়ু অত্যধিক বৃদ্ধি পায়। ত্রিকূট, চিতা, মুথা, বিরঙ্গ ও বচ ভালোভাবে গুঁড়ো করে সমপরিমাণ ঘি ও গুগ্গুলের সঙ্গে মিশিয়ে খেলে বায়ু ও মেদ নষ্ট হয়। তেজপাতা, বালা (গাছের আঠা), অগুরু, শ্বেতচন্দন ও বেনার মূল (বেতের মতো) বেটে গায়ে মাখলে বা ওই মিশ্রণ দু’চামচ এক কাপ জলে মিশিয়ে খেলে গায়ের দুর্গন্ধ কমে যায়। তবে আরও বেশি উপকার পেতে হলে চিকিৎসকের দ্বারা নাড়ি পরীক্ষা করিয়ে সঠিক ওষুধ নির্বাচন করিয়ে নেওয়া উচিত।

প্রেসার বা রক্তচাপ

আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে বায়ু, পিত্ত ও কফের অসমতা হলে মানুষ রোগগ্রস্থ হয়ে পড়েন। বায়ু, পিত্ত, কফ হল আয়ুর্বেদের মূল তত্ত্ব। আয়ুর্বেদ শাস্ত্রে স্থান ও কার্য ভেদে উদান বায়ু, প্রাণ বায়ু, সমান বায়ু, আপাং বায়ু ও ব্যান বায়ুর কথা বলা হয়েছে। এই পাঁচ বায়ু কুপিত হলেই রক্তের চাপ বৃদ্ধি পায়।

আয়ুর্বেদ শাস্ত্রে রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কতকগুলো ঔষধ ও অনুপান আছে। এবং সেগুলি এই রোগে অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করে। অনেক সময় অবশ্য ওষুধ ছাড়া অনুপানেও যথেষ্ট ভালো কাজ হয়।

আমি প্রথমে অনুপান নিয়ে আলোচনা করব। দুপুর ও রাত্রে পঞ্চনিম এক চামচ জল সহ খেতে হবে এবং প্রত্যেক দিন রাতে জটামাংসী ভেজা জল ও সর্পগন্ধা ক্বাথ এক গ্লাস জল সহ সেবন করলে দারুণ ফল পাওয়া যায়। তবে রোগ জটিলাকার ধারণ করলে তখন শুধু অনুপান নয় তার সঙ্গে ওষুধও খেতে হবে।

এবার আসা যাক ওষুধের প্রসঙ্গে। সকালে বৃহৎ বা চিন্তামণি, জটামাংসীর ভেজা জল সহ খেতে হবে। দুপুর ও রাতে খাওয়ার পর পঞ্চনিম এক চামচ জল সহ খেতে হবে এবং রাতে রসরাজ বড়ি এক গ্লাস সর্পগন্ধার ক্বাথ সহযোগে নিত্য সেবন করলে দারুণ ফল পাওয়া যায়। রসরাজ রস উচ্চ রক্তচাপ কমানোয় ভীষণ কাজ দেয়। উচ্চ রক্তচাপের সঙ্গে রোগীর যদি মাথায় যন্ত্রণা থাকে তাহলে এক চামচ আদার রস, এক টিপ মধু সহ মহালক্ষ্মী (শিরঃ) সেবন করলে অব্যর্থ ফল পাওয়া যায়।

নিম্নমুখী রক্ত চাপের ক্ষেত্রে রুগীকে সকাল বেলা জটামাংসী ভেজা জল মকরধ্বজ সহযোগে ও যোগেন্দ্র রস দুধের রস ও মিছরি সহযোগে খেতে হবে। বিকেলে ও সন্ধেবেলায় পূর্ণচন্দ্র রস দুধ মধু সহযোগে এবং রাত্রে বসন্ত কুসুমাকার রস দুধ সহ সেবন করলে ভালো ফল পাওয়া যায়।

টেনশন থেকে মুক্তি পেতে

মানুষেরই মন আছে, অন্য কোনও প্রাণীর মন থাকলেও সে মনের কোনও সমস্যা নেই। মানুষের মন দেহের কোথায় আছে জীব বিজ্ঞানীরা তা বলতে পারবেন না। জনৈক বিখ্যাত জীববিজ্ঞানী বলেছিলেন—মানুষের মন বুকে আছে না হাঁটুতে আছে, মাথায় আছে না পায়ের আঙুলে আছে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি মন সর্বত্র আছে। দেহে আছে দেহের বাহিরে আছে।

মন বড় চঞ্চল। কখনও ভালোতে, কখনও খারাপে, কখনও গঠনে, কখনও ধ্বংসে। প্রাচীন এবং আধুনিক মনস্তত্ত্ববিদরা মনের তিনটে স্তরের সন্ধান পেয়েছেন। একটি কনসাস, একটি সাবকনসাস এবং একটি আনকনসাস। এই কনসাস মনে সাবকনসাস থেকে সূক্ষ্ম প্রবাহ অনবরতই ধাক্কা মারছে। আর আনকনসাসটা তো আমরা জানি সেই কারণে যাঁর মন সে বুঝতেই পারে না মনের গতি প্রকৃতি কখন কী দাঁড়াবে। অনেক সময় মানুষ বিব্রত হয়ে নিজেকেই প্রশ্ন করে—আমার মন না মনের আমি।

আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বায়ু, পিত্ত, কফ ছাড়াও মন এবং মানসিকতা নিয়ে অনেক প্রাচীন ভাবনা আছে। যা আধুনিক চিকিৎসা শাস্ত্র গ্রহণ করতে বাধ্য হয়েছে। এখন বলা হচ্ছে সমস্ত রকম অসুখের উৎস অসুস্থ মন। মন ভালো তো সব ভালো, মন অসুস্থ তো সব অসুস্থ।

আধুনিক জীবন মানুষের মনের ওপর অনবরত একমুখী চাপ সৃষ্টি করছে। সেটি হল ভয়, নানারকমের আশঙ্কা। মন যাঁদের শক্ত নয়, মনকে নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি যাঁদের অজানা তাঁরা কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে মনোবিকলনের রুগি হয়ে যেতে পারেন। সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমি দুনিয়ায় মনোবিকারের রুগির সংখ্যা হু হু করে বেড়ে চলেছে।

বায়ু, পিত্ত ও কফ—এই তিনের সাম্য অসাম্যের ওপর শরীরের সুস্থতা ও অসুস্থতা নির্ভর করে। আয়ুর্বেদের যেটা সবথেকে বড় সুবিধা তা হল আমরা শুধু রোগ নয় রোগের কারণটিকে নির্মূল করার চেষ্টা করি।

বিজ্ঞানের যত অগ্রগতি হবে ততই বেড়ে চলবে মানসিক চাপ। তাই আমাদের প্রতি পদে সাবধানে পা ফেলতে হবে। তা সত্ত্বেও যদি মন ভারাক্রান্ত হয়ে পড়ে তখন অবস্থা বুঝে চিকিৎসা করতে হবে।

আগেই বলেছি মানসিক চাপ যদি অত্যন্ত বেড়ে যায় তাহলে মানসিক ব্যাধির সৃষ্টি হওয়া অসম্ভব নয়। তাই শুধু ওষুধ নয় রুগিকে সুস্থ করার জন্য আরও কয়েকটি জিনিসের প্রয়োজন। দরকার হলে রুগিকে বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে। পাহাড় অথবা সমুদ্র যে কোনও জায়গায় যেতে পারেন।

মনকে সুস্থ করার জন্য রুগির আপনজনদেরও সচেষ্ট হতে হবে। রুগি যাঁদের পছন্দ করেন সেইসব মানুষকে তাঁর পাশে থাকতে হবে। এইভাবে অনেকটাই মনের ওপর চাপ কমানো যেতে পারে। তবে প্রথম থেকেই আমরা চড়া ওষুধ প্রয়োগ করতে পারি না। রুগির আত্মীয়স্বজনের কাছ থেকে রুগির খুঁটিনাটি, পছন্দ, অপছন্দ ইত্যাদি জেনেই চিকিৎসা শুরু করা হয়।

দু’প্রকারের চিকিৎসা করার বিধান আছে আয়ুর্বেদ শাস্ত্রে। ১) বাতজ ও পিত্তজ ২) শ্লেষজ। প্রথম ক্ষেত্রে স্নিগ্ধ এবং দ্বিতীয় ক্ষেত্রে রুক্ষ ওষুধ ব্যবহার করতে হয়। বাতজ ও পিত্তজ রোগে সারিবাদি সালসা, অশ্বগন্ধারিষ্ট, রসরাজ, ভৃঙ্গরাজ রস এবং মধু দিয়ে উন্মাদ শান্তি যোগ, কিংবা আদার রস ও মধু দিয়ে বাতকুলান্তক রস প্রভৃতি ওষুধ দেওয়া যেতে পারে।

বায়ুর রুক্ষতা এবং পিত্তের প্রবলতা থাকলে বৃহৎ বাতচিন্তামণি ত্রিফলার জল ও মধু সহ খেতে হবে। এই ওষুধের সঙ্গে শুক্র শুক্র সঞ্জীবন ব্যবহার করলে ভালো হয়। শ্লেষজ রোগীকে সারিবাদি সালসা, অশ্বগন্ধারিষ্ট, নারদীয় মহালক্ষ্মীবিলাস খাওয়াতে হবে।

তালশাঁসের রস ও মধু সহযোগে চতুর্ভূজ রস ওষুধটি খাওয়াতে হয়। রোগের প্রথমাবস্থায় এই ওষুধটি অত্যন্ত ভালো কাজ দেয়। তবে পরবর্তী সময়ে আট দশটি বড় এলাচের দানা ও মধু বৃহৎ বাতচিত্তামণির সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

এছাড়াও মকরধ্বজ, অশ্বগন্ধারিষ্ট, কৃষ্ণচতুর্মুখ, শান্তি বটি প্রভৃতি ওষুধ বিভিন্ন সময়ে বিভিন্ন অনুপান সহ খেলে ভালো কাজ হয়। এবং এই অনুপান ব্যাপারটি অর্থাৎ কী অনুপান রুগির ক্ষেত্রে চলবে তা চিকিৎসক নাড়ি পরীক্ষা করেই ঠিককরবেন।

যদি অজীর্ণ এবং অগ্নিমান্দ্য থাকে তাহলে মহাশঙ্খবটি এবং কোষ্ঠ কাঠিন্য কমাবার জন্য অবিপত্তিকর চূর্ণ খেতে হবে।

সিদ্ধ মকরধ্বজ এবং শান্তিবটি এই রোগের একটি উপকারি ওষুধ।

জরায়ু ঘটিত রোগের জন্য যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে অশোকারিষ্ট এবং অবলাবান্ধব যোগ প্রভৃতি ওষুধ খাওয়ালে বিশেষ উপকার হয়।

মানসিক চাপ বা টেনশনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। ভালো ঘুম হয় না। তাই রাত্রে শোওয়ার আগে বৃহৎ বাত চিন্তামনি আতপ চাল ভেজা জলের সঙ্গে মিশিয়ে খেলে রাত্রে ভালো ঘুম যেমন হবে তেমনই রোগ উপশম ও চিন্তা দূর হয়ে যাবে।

স্নানের আগে মাথায় বিষ্ণু তেল মাখলে ভালো কাজ দেবে।

এই সময় রুগিকে সাধ্যমতো পুষ্টিকর খাবার দাবার খাওয়াতে হবে। এবং এই রোগের হাত থেকে বাঁচতে গেলে নিয়মিত ওষুধ যেমন খেতে হবে তেমনই স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ, গান বাজনা ও আমোদ প্রমোদের মধ্যে রুগিকে রাখতে হবে। রুগিকে তার পছন্দের পরিবেশে রাখলে মানসিক রোগের অনেকটাই উপশম হয়।

এই প্রসঙ্গে আমি মার্টিন লুথার কিং-এর একটি বিখ্যাত উক্তি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন—‘সুখ আর শান্তির মুহূর্তে মানুষকে আর কতটুকু চেনা যায়। মানুষের সত্যিকারের পরীক্ষা তো সংঘাতে আর দ্বন্দ্বে। প্রতিকূলতার মধ্যেই মানুষকে সত্যি করে চেনা যায়।’

তাই মানসিক চাপকে মোকাবিলা করার শক্তি প্রথমেই অর্জন করতে হবে। দেখবেন তখন আর সমস্যাকে সমস্যাই মনে হবে না।

গ্যাস-অম্বল

কী করে বুঝবেন অম্বল হয়েছে :

অম্বল হলে সাধারণত— বুক জ্বালা করে  পেটে ও মাথায় যন্ত্রণা হয়  মাথা ঘুরতে পারে  পিপাসা বেড়ে যায়  শরীর আনচান করে  বমি বমি ভাব  খিদে কমে যায়  খাবারে অনীহা  কপাল টিপ টিপ করে ব্যথা করে  ঢেকুর ওঠে  পেট ফাঁপে  খিদে কমে যায়  আহারে অরুচি আসে  হাত-পায়ের শক্তি কমে আসে  হাঁটা-চলার অনিচ্ছা দেখা দেয়  দুঃখজনক চিন্তা আসে  মনের প্রফুল্লতা নষ্ট হয়ে যায়  হাত-পা জ্বালা করে প্রভৃতি।

অম্বলের কারণ

অম্বলের পেছনে লুকিয়ে আছে নানা শারীরিক উপসর্গ। যেমন—

হজমশক্তি কমে যাওয়া : লিভারের কোনও রোগে, প্রস্রাব-পায়খানা পরিষ্কার না হলে, খাওয়া-দাওয়ায় অনিময় ঘটলে, নিদ্রায় ব্যাঘাত ঘটলে হজমশক্তি কমে যায়।

কোনও কারণে হজমে ব্যাঘাত ঘটলে : অম্লজনিত পথ্য বেশি খেলে ঠিকমতো ঘুম না হলে, গুরুপাক দ্রব্য বেশি খেলে, কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যা সকলের সহ্য হয় না, এমন খাদ্যদ্রব্য খেলে (যেমন কারো টকে অম্বল তো কারও মিষ্টিতে) হজমে ব্যাঘাত ঘটে।

শরীরের অসুবিধা সৃষ্টিকারী খাদ্যদ্রব্য : ব্যক্তি বিশেষ এমন কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যা খেলে শরীরে অসুবিধার সৃষ্টি করে। যা বায়ুর উৎপত্তি ঘটায়।

চিকিৎসা

আয়ুর্বেদে গ্যাস-অম্বলের স্থায়ী সমাধান আছে। এসব রোগে আয়ুর্বেদ চিকিৎসা খুবই ফলপ্রসূ।

• প্রতিদিন রাতে আমলকী দু’তোলা পরিমাণ, যষ্ঠীমধু দু’তোলা পরিমাণ নিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকাল-সন্ধেতে ওই জল ছেঁকে পানকরতে হবে।

• কাচের বা পাথরের গ্লাসে পাকা বেল ভেঙে রাতে ভিজিয়ে সকালে ছেঁকে কেবলমাত্র ওই জল পান করবেন।

• একমুঠো আতপ চাল না ধুয়ে হাতে পরিষ্কার করে এক গ্লাস জলে ভিজিয়ে ওই জল ছেঁকে পরদিন সকালে ও রাতে খাবার পরে খেলে বায়ুর প্রকোপ কমবে। রাতে ঘুম ভালো হবে। অহেতুক চিন্তা হবে না।

• অম্বল হলে অনেক সময় রাগের ভাব বেড়ে যায়।

• কথায় কথায় অহেতুক দুর্ব্যবহারও এসে পড়ে। এর প্রতিকারের জন্য রাতে এক গ্লাস জলে একমুঠো জটামাংসি ভিজিয়ে সকালে কেবল জলটা পান করলে বায়ুর চাপ কমে। মাথা ও শরীর সুস্থ থাকে। রাতে এক মুঠো কুলত্থ কলাই (ডাল) অথবা গোক্ষুর একগ্লাস জলে ভিজিয়ে সকালে পান করলে কিডনি দোষমুক্ত হবে। এগুলো শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বায়ুর প্রকোপ থেকেও রক্ষা পাওয়াযায়।

• শিশুদের ক্ষেত্রে অম্বল বা বমি রোধ করার জন্য পরিষ্কার চুনের জল এক চামচ, মৌরি ভেজানো জল এক চামচ, মিছরি ভেজানো জল এক চামচ করে দিনে দু’বার খাওয়ালে বিশেষ উপকার পাওয়া যায়।

• দেহকে সাধারণত সুস্থ রাখতে হলে সপ্তাহে অন্তত তিনদিন নিয়মিত ত্রিফলার জল পান করলে কোষ্ঠকাঠিন্য থাকবে না। শরীর সাধারণভাবে সুস্থ রাখা যাবে।

• হঠাৎ করে পেট খারাপ হলে আগে লক্ষ্য করতে হবে এটা প্রায়ই হচ্ছে নাকি বিরূপ আহারের জন্য হঠাৎ করে হয়েছে। প্রায়ই এরকম হলে বেলুশুঁঠ সিদ্ধ করে সকালে ও রাতে খেতে হবে। বেল শুঁঠের সঙ্গে এক তোলা পরিমাণ কুরচি গাছের ছাল একসঙ্গে সিদ্ধ করে সেই জল পান করলে ভালো ফল মেলে।

• হঠাৎ করে খুব চোরা অম্বলে কষ্ট পেলে বিটনুন সিকি চামচ পরিমাণ নিয়ে একগ্লাস জলে মিশিয়ে পান করলে ভালো ফল মেলে।

কী করবেন

• আহারে-বিহারে সমতা বজায় রাখবেন।

• সুস্থ মানুষেরাও প্রতি পনের দিন অন্তর ত্রিফলা ভেজানো জল খাবেন। এতে বায়ু-পিত্তের বিকার কম হবে।

• খালি পেটে বেলশুঁঠ ও কুরচি গাছের ছাল একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করে সেইজল পান করবেন।

• খাওয়ার পর জোয়ান ভেজানো জল অথবা শুধু জোয়ান খেলে ভালো হয়। নারকেলের জলও ভালো কাজ দেয়।

কী করবেন না

• খাবার-দাবারে অনিয়ম করবেন না।

• বেশি তেল-ঘি-মশলাযুক্ত খাদ্য খাবেন না। গুরুপাক দ্রব্য বেশি খেলে বিপদ বেশি হয়।

• যাদের অম্বলের রোগ, বায়ুর প্রকোপ জনিত রোগ আছে তাদের অম্লজাতীয় কোনও ফল খাওয়া উচিত নয়।

• যে যে খাদ্যবস্তু খেলে অসুবিধে সৃষ্টি হয় সেগুলো না খাওয়াই ভালো।

• আয়েসে দিন কাটাবেন না। অল্প-বিস্তর হাঁটাচলা-ব্যায়াম-পরিশ্রম অবশ্যই করবেন।

কিডনি

আমাদের শরীরে কিডনি বা বৃক্ক অবিরাম কাজ করে চলেছে। রক্ত থেকে দূষিত পদার্থ ছেঁকে নিয়ে সে রক্তকে করে তোলে পরিষ্কার ও শুদ্ধ। কিন্তু সেই ছাঁকনি যদি খারাপ হয়ে যায় তা হলেই শুরু হয়ে যায় সমস্যা। দূষিত রক্তের প্রবাহে শরীর বিপন্ন হয়ে যায়।

আমাদের আয়ুর্বেদে কিডনি অসুস্থ হলে আমরা বলি ‘কুপিত’ হয়েছে। ‘কুপিত’ কিডনি নানা রোগের সৃষ্টি করে। তার মধ্যে একটি হল শোথ অর্থাৎ শরীর ফুলে যাওয়া। বিশেষ করে মুখ, চোখের তলা ও পায়ের পাতা ফুলে যায়। শোথ শব্দের অর্থ জলসঞ্চার হেতু দেহের ফোলা রোগ। ইংরেজিতে যাকে বলে ড্রপসি। এরও আবার লক্ষণ আছে। যেমন ফোলা জায়গা সে পা হতে পারে আবার হাত হতে পারে, আঙুল দিয়ে টিপলে বসে যায়, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আর একটি লক্ষণ সকালে বা দিনের বেলায় ফোলা বাড়ে আবার রাতে স্বাভাবিক হয়ে যায়। রোগীর দেহলক্ষণে যা ফুটে ওঠে তা হল জ্বর, অতিরিক্ত ঘাম, ভীষণ পিপাসা, চোখ রক্তবর্ণ আর সবশেষে ভ্রম। বিশেষ একটি শোথের নাম পাণ্ডুবর্ণ শোথ। এতে অরুচি আসে, অনিদ্রা হয়, গা বমি বমি করে। এই শোথ কমতে অনেক সময় লাগে। এই শোথ বৃদ্ধি পায় ঠান্ডা বাতাসে, সমুদ্রের হাওয়ার, আলুকুশির গুঁড়োর স্পর্শে। শোথ সর্বাঙ্গেও হতে পারে। এইবার শোথের বিভিন্ন প্রকারের উল্লেখ করছি এবং সেই সঙ্গে নিরাময়।

১) পিত্তজনিত শোথ : তেউড়ি, গুলঞ্চ, ত্রিফলার ক্বাথ, চাকুলে, মুথা, বালা একসঙ্গে মিশিয়ে ক্বাথ তৈরি করে পান করলে ফল পাওয়া যায়৷

২) শ্লেষ্মাজনিত শোথ : পুনর্ণবা, শুঁট, তেউড়ি, গুলঞ্চ, দেবদারু- ক্বাথ পান করলে ফল অবশ্যই মিলবে।

৩) কফজ শোথ : পিপুল, পুরোনো সর্ষের তেল, সজনের ছাল, তিসি, গোমূত্রে পেষণ করে সেই প্রলেপ লাগালে উপকার হবে।

৪) সান্নিপাতিক শোথ : মরিচচূর্ণ দিয়ে নিমপাতার রস পান করলে উপকার আশা করা যায়। আর একটি বিধান হল চিরতা ও দেবদারু চূর্ণ খাওয়ার পর পুনর্ণবার রস পান করলে বিশেষ ফল পাওয়া যাবে। এই জাতীয় শোথ থেকে উদর-রোগের সৃষ্টি হয়। সেই সময় পুনর্ণবা, নিম, পটলের পাতা, শুঁট, কটকি, গুলঞ্চ, দেবদারু, হরিতকী একসঙ্গে ক্বাথ প্রস্তুত করে খেলে উপকার হয়।

কিডনির অবস্থা খারাপ হলে যেমন রোগ হয় তেমনই প্রস্রাবের ব্যাঘাত ঘটে। যার ফলে পাথুরি রোগের সৃষ্টি হতে পারে। দুর্বল কিডনিকে সতেজ করার যাবতীয় বিধান আয়ুর্বেদে আছে। একটির উল্লেখ করছি। যা ফলদায়ক। কুলত্থ কলাই ভেজানো জল ও গোক্ষুর ভেজানো জলের সঙ্গে পুনর্ণবার ক্বাথ মিশিয়ে সারাদিনে যতবার পারা যায় পান করতে হবে। সব মিলিয়ে একসেরের মতো পানীয়। এর ভীষণ উপকার। পাথর চূর্ণ হয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে।

কিডনির দুর্বলতা হেতু দেহের স্থূলতা বেড়ে গেলে, দেহের নানা স্থান স্ফীত হলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায়: একটি ক্বাথ প্রস্তুত করতে হবে। তাতে থাকবে পুনর্ণবা, দেবদারু, চিতা, হরিতকী, যবক্ষার, পঞ্চকোল ও দশমূল। এই ক্বাথটিকে ঘৃতসহ পাক করে খেলে দেহের ফোলা ভাব কমে যাবে।

কিডনির দুর্বলতা থেকে কী কী হতে পারে :

১) মাঝে মাঝে বমি, ২) শ্রমে অক্ষমতা অর্থাৎ আলস্য, ৩) চলাফেরায় অসুবিধে, ৪) অতিরিক্ত ঘুম, ৫) আহারে অনিচ্ছা, ৬) কোষ্ঠকাঠিন্য।

প্রতিবিধান—যখনই প্রস্রাবের রঙ বদলে গেছে মনে হবে, ঘন হয়েছে এবং পরিমাণে অল্প হচ্ছে তখনই বুঝতে হবে কিডনি দুর্বল হচ্ছে। তখনই পূর্বে যা বলেছি গোক্ষুর ও কুলত্থ কলাই ভেজানো জল সকালে ও সন্ধ্যায় অন্তত একবার করে খেতে হবে। তাছাড়া দিনে দু’বার চার চামচ শ্বেতপুনর্ণবার রস পান করুন।

এইবার একটা চরম অবস্থার কথা জানিয়ে রাখি। প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলাকুচোর শিকড় বেটে কলমি সোরার সঙ্গে মিশিয়ে তলপেটে প্রলেপ লাগাতে হবে। এছাড়াও তেলাকুচোর পাতা ও পাথরকুচির পাতা একসঙ্গে বেটে প্রলেপ দিলেও উপকার পাওয়া যায়।

সর্বশেষ—কিডনি আমাদের দেহের ছাঁকনি। এই ছাঁকনিটিকে ঠিক রাখতেই হবে, তা না হলে বহুতর সমস্যা, জীবন বিপন্ন হওয়া অবশ্যম্ভাবী।

অ্যালার্জি

অ্যালার্জি বলে কোনও নির্দিষ্ট রোগ কিন্তু আয়ুর্বেদে নেই। কোনও কিছু খাবার পর বা কোনও জিনিসের সংস্পর্শে আসার ফলে যদি শরীরের কোনও স্থান ফুলে যায়, চুলকানি শুরু হয়, কিংবা সর্দি বা চর্মজাতীয় কোনও রোগের লক্ষণ দেখা দেয় তাহলে তাকে অ্যালার্জিভুক্ত রোগ বলা হয়। বহুরকম বস্তু থেকে অ্যালার্জি হতে পারে। চিংড়ি, কাঁকড়া, দুধ, বেগুন কিংবা ওষুধ বা প্রসাধন সামগ্রী থেকেও অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জি কেন হয়? এবং তার চিকিৎসাই বা কী?

এই রোগের নির্দিষ্ট কোনও লক্ষণ থাকলেও কিন্তু কী কারণের জন্য এই রোগটি হচ্ছে তা বোঝা যায় না। ফলে এই রোগের চিকিৎসা করতে হয় লক্ষণ দেখে। তবে একথা ঠিক আয়ুর্বেদ শাস্ত্রে অ্যালার্জির কোনও চিকিৎসা নেই। আমাদের শাস্ত্রে সবসময়ই রোগের প্রধান কারণকে দূর করার কথা বলা হয়েছে। তাই এক্ষেত্রে প্রথমেই কারণটিকে দূর করতে হবে। কেন হচ্ছে তা জানতে হবে। এবং তারপরই আসছে সতর্কতার কথা। যে খাদ্যবস্তু বা যে কারণের জন্য অ্যালার্জি হচ্ছে তা যদি বুঝতে পারা না যায় তাহলে আলার্জি টেস্ট করে জেনে নিতে হবে। এই জানার পরই সেই সব বস্তু থেকে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন।

লক্ষণ দেখেই এই রোগের চিকিৎসা করতে হয়, তাই চিকিৎসক রোগীকে পরীক্ষা করে নির্দিষ্ট ঔষধ, নির্দিষ্ট অনুপানসহ প্রয়োগ করবেন। এবং ঠিকভাবে চিকিৎসা করতে পারলে রোগী অবশ্যই তাতে উপকার পাবেন।

বিশেষ কোনও খাদ্য গ্রহণের ফলে অ্যালার্জি হয়েছে। সারা শরীর চুলকোচ্ছে, চাকা চাকা হয়ে ফুলে উঠেছে, শুধু তাই নয় লাল হয়ে গেছে পুরো শরীর। এক্ষেত্রে একভাগ নিমপাতা চূর্ণ, দুভাগ কাঁচা হলুদ চূর্ণ ও তিন ভাগ আমলকী চূর্ণ একসঙ্গে মিশিয়ে একগ্রাম মাত্রায় সকালে খালিপেটে খেলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। এছাড়া শীতল বায়ু সেবন ও ঠান্ডা লাগানোর ফলে অনেকেরই ন্যাজাল অ্যালার্জি ও অ্যালার্জিক ব্রঙ্কোস্প্যাজম হয়। এর ফলে রোগী অত্যন্ত কষ্ট পান। আমাদের আয়ুর্বেদ বিজ্ঞান অনুসারে বায়ু, পিত্ত, কফ—এই ত্রিদোষের বিষম অবস্থার জন্যই সকল প্রকার রোগ হয়।

শীতল বায়ু সেবনের জন্য পিত্ত শীতল হলেই শীতপিত্ত রোগ হয়। পিত্তের স্বাভাবিক গুণ হল উষ্ণ। কিন্তু পিত্ত শীতল হলেই নানা সমস্যার সৃষ্টি হয়। শীত পিত্ত রোগে ত্বক বা চামড়ার ওপরে শোথ বা ফুলে উঠে। আক্রান্ত স্থান লাল হয়ে যায় ও জ্বালা করে। দেখলে মনে হয় ভীমরুল হুল ফুটিয়েছে।

উদর্দ রোগে ত্বকে গোলাকার বা মণ্ডলাকার শোথ উৎপন্ন হয়। এর ফলে বেদনা হয় এবং চুলকোয়। আবার কোঠ রোগে অনেক শোথ উৎপন্ন হয় এবং উৎকোঠ রোগে কিন্তু শোথগুলি বারে বারে ফিরে আসে।

আয়ুর্বেদ চিকিৎসা সিদ্ধান্ত অনুসারে সব রোগেরই প্রধান চিকিৎসা হল নিদান পরিবর্জন বা কারণকে দূর করা। সুতরাং এই অ্যালার্জি বা শীতপিত্তাদি রোগের চিকিৎসা সত্যিই কঠিন।

তাছাড়া আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, প্রসাধনী ঔষধ, বাতাবরণ দূষণ ও আহার ইত্যাদির জন্যও অ্যালার্জি হয় বা হতে পারে। সুতরাং অ্যালার্জির প্রকৃত কারণ বের করা ও তার চিকিৎসার দিকে নজর দেওয়া প্রয়োজন।

বর্তমানে আধুনিক পরীক্ষাগারে অ্যালার্জেন টেস্ট করে যে সমস্ত দ্রব্যের জন্য অ্যালার্জি হচ্ছে তা জানা যায়। জানার পর আমাদের সেইসব বস্তু বা খাদ্যদ্রব্য থেকে অবশ্যই দূরে থাকতে হবে।

আয়ুর্বেদ মতে এই রোগের নানারকম চিকিৎসাই করা হয়। এই চিকিৎসা সূত্র অনুযায়ী একসময় বমি বা বমন করানো হতো। যদিও এখন এই পদ্ধতি বিশেষ প্রচলিত নয়। এখন প্রধানত আমরা বিরেচন কর্ম ও কৃমির চিকিৎসা করি।

ওষুধ খাইয়ে প্রথমেই পেট পরিষ্কার করানো প্রয়োজন। এটা আমরা সবসময়ই প্রয়োগ করি। এছাড়াও কৃমির জন্যও অনেক সময় অ্যালার্জি হতে পারে। তাই কৃমি আছে কিনা জানার পরই আমরা কৃমির চিকিৎসার দিকে নজর দিই।

এই পদ্ধতি ছাড়াও কিছু দ্রব্য এককভাবে বা মিলিত ভাবে আমরা রোগীকে খাওয়াই। দ্রব্যগুলি হল—নিম, হলুদ, মঞ্জিষ্ঠা, আমলকী, সোমরাজি, ছাতিম ইত্যাদি। যদি কেউ আমলকী, নিমপাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে দুগ্রাম করে বড়ি করে শুকিয়ে নেন এবং প্রতিদিন দুটি করে বড়ি খান তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়াও অসংখ্য ঔষধি যৌগ একসঙ্গে মিশিয়ে এই রোগে ব্যবহার করা হয়। সেবনের জন্য ব্যবহার করা হয় হরিদ্রা খণ্ড, বৃহৎ হরিদ্রা খণ্ড, আদ্রক খণ্ড, সারিবাদ্যারিস্ট, মঞ্জিষ্ঠারিস্ট, পঞ্চ তিশুঘৃতগুগ্গুলের এবং সোমরাজি তৈল, গুরুচ্ছাদি তৈল অথবা কাঁচা হলুদ ও নিমপাতা একসঙ্গে বেটে গায়ে লাগানোর কথা আমরা বলি। এতে ভালো ফল পাওয়া যায়৷

অ্যালার্জির প্রধান কারণ

১) বিভিন্ন গাছ গাছড়া : ভেলা, বিছুটি ইত্যাদি।

২) পোশাক : নাইলন, টেরিলিন।

৩) গহনা : নিকেল ও গোল্ড প্লেটেড গহনা৷

৪) স্টোন।

৫) লিপস্টিক, হেয়ারডাই, কুমকুম ইত্যাদি।

৬) ঔষধ : মারকিউরোক্রোম, সালফার ও পেনিসিলিন জাতীয় ওষুধ।

৭) খাদ্য : শেলফিস, সামুদ্রিক মাছ, বেগুন, কাঁচা কলা, সোয়াবিন, দুধ এবং আরও নানা খাদ্যদ্রব্য।

ব্রঙ্কাইটিস

ব্রঙ্কাইটিস রোগটি এমনই একটি রোগ যাকে প্রশয় দিলে মাথায় চড়ে বসে। কিন্তু শুরুতেই যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় তাহলে এই রোগ দূরে সরে যেতে বাধ্য। সর্দি, কাশিকে বেশি প্রশ্রয় দিলে বা অবহেলা করলেই এই রোগ হয়।

স্বরযন্ত্রের যন্ত্রণায় স্বরযন্ত্র ও স্বরযন্ত্রের ঝিল্লী আক্রান্ত হয়। এবং বায়ুনালীর যন্ত্রণায় বায়ুনালী আক্রান্ত হয়। এই রোগ দুই ফুসফুসেই বাড়ে। যন্ত্রণা বেড়ে যতই ছোট ছোট নালী বেশি আক্রান্ত হয়, ততই বায়ুর সঙ্গে রক্ত ভালোভাবে পরিষ্কার শোধিত হতে পারে না। তাই রোগীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়। অল্পবয়সি এবং যুবকদের এই রোগ হলে অত্যন্ত খারাপ অবস্থা হয়। মাথা ব্যথা, অল্প অল্প কাশি, চঞ্চলতা এই রোগের পূর্বলক্ষণ। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব, কষ্টের সঙ্গে শ্বাস-প্রশ্বাস, রক্তের সঙ্গে আঠার মতো শ্লেষ্মাযুক্ত কাশি, গলায় ঘড়-ঘড় শব্দ, মাথায় ও চোখে ব্যথা, অত্যন্ত ক্লান্তভাব প্রভৃতি নানা লক্ষণ দেখা দেয়।

ওষুধ এবং খাওয়ার পদ্ধতি :

শ্বাসহরযোগ ও শ্বাসকাশচিন্তামনি বয়ড়ার শাঁস ও মিছরির সঙ্গে খেতে হবে। বুকে সারচন্দাদি তেল মালিশ করতে হবে। বুকে পুরোনো ঘি মালিশ করে আকন্দ পাতা বা পান পাতা গরম করে সেঁক দিলে উপকার হয়। বড় খাদির বটিও এই রোগে প্রচণ্ড উপকারী। অনেক কফ বেরোলে চন্দনামৃত লৌহ, ব্রাহ্মী রসের সঙ্গে খেতে হবে। মাথায়, চোখে, কপালে অসহ্য ব্যথা থাকলে আদার রস এক চামচ মধুর সঙ্গে খেতে হবে। শ্বাসের জন্য ফুসফুস আক্রান্ত হলে শ্বাসহরযোগ খেতে হবে। এতে সমস্ত উপসর্গ দূর হয়। কফ বের করার জন্য চন্দামৃত রস অথবা চন্দ্রামৃত লৌহ ও বাসক পাতার রস চার চামচ, এক চামচ মধুর সঙ্গে খেলে নিশ্চিত উপকার পাওয়া যাবে।

পথ্যাদি :

সাবু, বার্লি, অ্যারারুট, দুধ, মুগ ডালের জুস সুপথ্য। রোগীর শরীরে বিশেষ করে বুকে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য সারা শরীর বিশেষভাবে বুক ঢাকা দেওয়া অবশ্যই কর্তব্য। রোগীকে স্থিরভাবে শান্ত রাখা প্রয়োজন। রোগী দুর্বল হলে মাংসের জুস খেতে দিতে হবে। সকালে ও বিকেলে চ্যবনপ্রাস খেলে প্রচণ্ড উপকার হয়। কাশি রোগের প্রাথমিক অবস্থায় মকরধ্বজ পিপুলচূর্ণ ও মধুর সঙ্গে খেতে হবে। রাত্রে শোবার আগে চন্দ্রামৃত রস খেলে অত্যন্ত উপকার হয়। কফ খুব বেশি বেরোতে থাকলে, রোগীর শরীরে জ্বরভাব থাকলে শুঙ্গারাম্ভ্য আদার রস অথবা বাসক পাতার রসের সঙ্গে খেলে বিশেষ উপকার পাওয়া যাবে। আখ, শশা প্রভৃতি খাওয়া চলবে না এবং ধূমপান একেবারেই নিষিদ্ধ। কোনও ওষুধ হাতের কাছে না পেলে বাসক ছালের রস মধুর সঙ্গে খেতে হবে। এতে যাবতীয় উপসর্গ ও এই রোগ উপশম হয়। সব মিলিয়ে উপরিউক্ত নিয়মে চললে সুফল পাওয়া যাবেই। কিন্তু যতই হোক নিজের শরীরের প্রতি যত্নবান না হলে ব্রঙ্কাইটিস কেন, কোনও রোগই সারবে না।

নিদ্রাহীনতা

পাড়ার আর কোনও বাড়ির আলো জ্বলছে না, আপনার বাড়িতেও এই মুহূর্তে কেউ আর জেগে নেই, প্রত্যেকেই ঘুমের রাজ্যে তলিয়ে গেছেন। কিন্তু আপনি, ঘণ্টা দুয়েক ধরে বিছানায় খালি এপাশ থেকে ওপাশ করে যাচ্ছেন। কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছেন না। ছোটবেলায় শেখা যতরকম কৌশল—ভেড়া গোনা, বেড়া টপকানো সব করা হয়ে গেছে। কিন্তু ঘুম, না আপনার ধারে-কাছেও আসছে না।

এইরকম ব্যাপার আমাদের প্রত্যেকের জীবনেই মাঝে মাঝে ঘটে। তখন মনে হয় কী বিশাল রাত, সূর্য বোধহয় আর উঠবে না। এইরকম কোনও কোনওদিন ঘুমোতে না পারলে ঘাবড়াবার কিছু নেই। যে কোনও কারণের জন্য হয়তো ঘুম হয়নি। কিন্তু এই ঘুম না আসাটা যদি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়, ঘুমের ওষুধও যদি ব্যর্থ হয় আপনার চোখে ঘুম ফিরিয়ে দিতে তখন কিন্তু এই অনিদ্রা বা ইনসমনিয়া নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। তাছাড়া ঘুমের ওষুধের ‘দাস’ হয়ে পড়াটা আমাদের কারুরই মোটেই কাম্য নয়। এইসব ওষুধ আমাদের উপকারের বদলে অপকারই করে।

নিদ্রাদেবী যদি আপনার সঙ্গে নিয়মিত শত্রুতা করতে শুরু করেন তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ অনিদ্রা বিশেষ কোনও একটি কারণের জন্য হয় না। বিভিন্ন কারণের জন্য এই রোগ হতে পারে।

বিভিন্ন কারণের জন্য মস্তিষ্ক অস্থির হলে তখনই আমাদের অনিদ্রা বা অতি নিদ্রা শুরু হয়। মস্তিষ্কে রক্তের আধিক্য, পা ঠান্ডা হওয়া, অতিভোজন, উপবাস, অতিরিক্ত চাপ, কোষ্ঠবদ্ধতা, উত্তেজনা, মানসিক দুশ্চিন্তা ও কৃমির কারণে অনিদ্রা হতে পারে।

তাই যে কারণের জন্য ‘ঘুম’ আপনার জীবন থেকে বর্তমানে চলে গেছে প্রথমেই সেই কারণটিকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। কোষ্ঠবদ্ধতা যদি অনিদ্রা রোগের কারণ হয় তাহলে প্রয়োজন মতো ওষুধ খেয়ে কোষ্ঠ সাফ রাখলে আবার আপনি আগের মতো ঘুমোতে পারবেন। পেটে কৃমি থাকলে কৃমির ওষুধ বা বায়ুর প্রাবল্য থাকলে কিছু আয়ুর্বেদিক তেল নিয়মিত মাথায় মালিশ করলে আবার আপনার জীবনে ঘুম ফিরে আসবে।

আমি ওষুধ নয় প্রথমে কী ধরনের খাওয়া-দাওয়া করা উচিত সে বিষয়ে আলোচনা করব। অনিদ্রা রোগীকে তেল, মশলা, ঝাল পুরোপুরি বর্জন করতে হবে।

শুধু তাই নয়, লঘুপাক খাদ্য খাওয়া উচিত এবং কোনওরকম নেশা থাকলে সেই নেশার দ্রব্য পরিত্যাগ করতে হবে।

অনিদ্রা রোগীর ঘুমোতে যাবার আগে মুখ, কপাল, কান, ঘাড়, হাত ও পা ভালোভাবে জল দিয়ে ধুতে হবে এবং ভিজে কাপড় দিয়ে গা মুছে ঠান্ডা বাতাসে একটু ঘুরে বেড়িয়ে শুতে গেলে অবশ্যই উপকার পাবেন।

দুশ্চিন্তাকে অবশ্যই অনিদ্রার অন্যতম কারণ বলে মনে করা হয়। তাই অসম্ভব ব্যাপার হলেও দুশ্চিন্তাকে আপনার ধারেকাছে আসতে দেবেন না। কারণ এই দুশ্চিন্তার ফলে মস্তিষ্কের মধ্যে নানারকম আলোড়ন হয়। দেখা দেয় সমস্যা।

এখন যদি দেখা যায় বায়ুর প্রাবল্যের জন্য সমস্যা হচ্ছে—তাহলে কৃষ্ণ চতুর্মুখ অথবা বৃহৎ বাতচিন্তামণি শুষনি শাকের রস ও মধুর সঙ্গে মিশিয়ে খেলে চমৎকার উপকার পাবেন। এই সময় মধ্যমনারায়ণ তেল কিংবা বিষ্ণু তেল বা পুষ্পরাজ প্রসারণী তেল মাথায় মালিশ করলে উৎকৃষ্ট ফল পাবেন।

যদি কৃমির জন্য সমস্যা হচ্ছে বোঝা যায় তাহলে কৃমিঘাত বটি, বড় এলাচ চূর্ণ ও ধনে ভিজা জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে কৃমি নাশ হবে। কোষ্ঠবদ্ধতা কারণ হলে কোষ্ঠশুদ্ধ বটিকা বা হরিতকী খণ্ড সেবন করলে কোষ্ঠ সাফ ও সুনিদ্রা হবে। আয়ুর্বেদ শাস্ত্রে অনিদ্রা রোগের প্রচুর ওষুধের উল্লেখ আছে। এইসব ওষুধ নিয়মিত খেলে দারুণ ফল পাওয়া যায়। রাতে ঘুমোতে যাবার আগে বৃহৎ বাত চিন্তামণি আতপ চাল ভিজা জলের সঙ্গে মিশিয়ে কিছুদিন খেতে হবে।

এক মুঠো আতপ চাল সকাল বেলায় এক গ্লাস জলে সমস্ত দিন ভিজিয়ে রেখে রাতে ঘুমোতে যাবার আগে সেই জল খেলে চমৎকার ঘুম হবে।

কোনও ওষুধ যদি হাতের কাছে না থাকে তাহলে সকালে ও রাতে খাবার পর চার চামচ শুষনি শাকের রস মধু দিয়ে খেলে উপকার পাওয়া যাবে। অবশ্য শুষনি শাক পাওয়া না গেলে কলমি শাকের রস মৌরি ভিজা জলের সঙ্গে মিশিয়ে খেলেও চলবে।

অনিদ্রার কারণে রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। সেই সময় রোগীর বাড়ির লোকজনদের কয়েকটি ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রথমেই রোগীর মানসিক চিন্তা দূর করতে হবে। যাতে রোগীর মন প্রফুল্ল থাকে সে দিকে যেমন নজর রাখা দরকার তেমনই সুগন্ধীদ্রব্য ব্যবহার, গান বাজনা শোনা ও বন্ধুদের সঙ্গে গল্পগুজব করলে রোগ অনেকটাই কমে যাবে। রোগী না চাইলেও বাড়ির লোকদের এদিকে নজর দিতে হবে।

অনিদ্রা যাঁদের জীবন থেকে হাসি কেড়ে নিয়েছে তাঁদের শোক বা দুশ্চিন্তার খবর দেওয়া উচিত নয়। এতে রোগ বৃদ্ধি পাবে। তাঁদের নিয়মিত বেড়ানোর প্রয়োজন।

মোটামুটি এইসব নিয়ম পালন করলে ও ওষুধ খেলে অবশ্যই সমস্যার হাত থেকে বাঁচবেন। তবে রোগের কারণ না জেনে কিন্তু ওষুধ খাওয়া উচিত নয়।

বাত

বাতের কোনও ধরাবাধা বয়স নেই। যে-কোনও বয়সি মানুষের শরীরেই বাতের আক্রমণ হতে পারে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলে, যে দেহে শ্লেষ্মার মাত্রা বেশি, সেই দেহেই বাত আশ্রয় করে। খুব ছোট্ট বাচ্চাদেরও বাত হয়। কিন্তু তারা চঞ্চল শিশু। ছোটাছুটি, লাফঝাঁপ বেশি করে। তাই অনেক সময় টের পাওয়া যায় না। আবার তারা ব্যথা-যন্ত্রণার কথা বললেও বাড়ির লোকজন মনে করে ও কিছু নয়, নিজের থেকেই কমে যাবে। ছোট্ট বয়স থেকে বাতকে হেলাফেলা করলে বয়সকালে সেটাই মারাত্মক আকার ধারণ করে।

বাতের প্রধান লক্ষণই হচ্ছে ব্যথা-যন্ত্রণা এবং ফোলা। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় জলের বালতি তোলা, কাপড়-জামা কাচা, বাটনা বাটা, রান্না করা এমনকী চুল আঁচড়ানোর কাজটাও অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক সময় পুরোনো বাত বিনা চিকিৎসায় পড়ে থেকে অবশেষে হাড়গুলো বেঁকে যায়। দেহের অস্থি সন্ধিগুলোতে যেমন হাঁটু, কনুই, কোমর, আঙুলের গাঁট—এইসব অঞ্চলে বাতের প্রথম আক্রমণটা হয়।

আর একটা ব্যাপারও লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে রোগী স্থূলকায় কি না। দেখা যায় একই ধরনের বাত একজন রোগা মানুষের হয়েছে তিনি মোটামুটি সহ্য করছেন। কিন্তু আর একজন মোটাসোটা মানুষ ওই রোগে একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাঁর চলাফেরা, ওঠাবসা সবই কঠিন হয়ে পড়েছে। সেই জন্য দেহের স্থূলতা কমানোর জন্যও আমরা ওষুধ দিই। তবে মোটা হলেই যে সে বাতের রোগী—এমনটা ভাবার কোনও কারণ নেই।

বাতের বেদনায় যাঁরা কষ্ট পান তাঁদের পক্ষে রাতে ফল খাওয়া একেবারে নিষিদ্ধ। ডিমটাও তাঁদের পক্ষে স্বাস্থ্যকর নয়। দই এবং কলাই-এর ডালটাও না খেতে পারলে ভালো।

এইবার আসি আসল কথায়। আয়ুর্বেদে সম্পূর্ণরূপে বাতের নিরাময় সম্ভব। অভিজ্ঞ কবিরাজের পরামর্শ অনুযায়ী একটানা চিকিৎসা করালে বাত সারবেই। অনেকের স্বভাবই হল চিকিৎসা শুরু করল যেই একটু কমল, অমনি ওষুধ খাওয়া বন্ধ করে দিল। এটা করা অনুচিত। কেউ কেউ আবার যন্ত্রণার চটজলদি উপশম চায়। কিন্তু আমরা তো পেন কিলার দিই না। বাতের উৎস খুঁজে বের করে তার শেকড় ওপড়াবার চেষ্টা করি। তবে খুব অসহ্য বেদনা হলে, ওষুধ দিয়ে রোগীকে রিলিফ দিতে পারি।

ভেষজ গাছ-গাছড়া থেকে বাতের জন্য যে কবিরাজি তেল তৈরি হয়, তার মালিশ অব্যর্থ কাজ দেয়। ওই তেল মালিশ করার পর গরম সেঁক দিলে আরাম হয়। কিন্তু বোতলে ভর্তি গরম জল কিংবা হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক দেওয়া চলবে না। শুকনো সেঁক করতে হবে। পরিষ্কার কাপড় ভাঁজ করে অথবা নুনের পুঁটলি তৈরি করে সেটা তাতিয়ে নিয়ে সেঁক দিতে পারেন। আকন্দ পাতায় সৈন্ধব লবণ মাখিয়ে উনুনের গায়ে বা হ্যারিকেনের মাথায় রেখে গরম করে নিয়ে সেই পাতাটা দিয়ে সেঁক দিলেও খুব উপকার পাওয়া যায়। এর সঙ্গে অবশ্য কবিরাজি ওষুধ খেতে হবে। তবেই বাত পুরোপুরি সারবে।

এবার দুটি টোটকার কথা বলি। প্রথমটি হল সর্ষের তেলে রসুন দিয়ে গরম করে সেটা আক্রান্ত স্থানে মালিশ করা এবং শুকনো সেঁক দেওয়া। যদিও বিশেষ কবিরাজি তেল, রসুন তেলের থেকে ১০০ গুণ বেশি উপকারী। তবুও রসুন তেলের মালিশ অনেক সময় খুব কাজ দেয়। কারণ রসুন, বাতে আক্রান্ত স্থানের জলটা শুষে নিতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হল এক চামচ আদার রস, এক চামচ নিশিন্দা পাতার রস আর এক টিপ সৈন্ধব লবণের মিশ্রণ প্রত্যহ তিনবার করে খেলে বাতের কষ্ট অনেক কমে।

কোমরের বাতের ওষুধ

• বৃহদ বাত গজাঙ্কুশ, এরণ্ড মূলের রস মধু দিয়ে।

• আদার রস ও সৈন্ধব লবণ।

• নিতম্বদেশে প্রবল, যন্ত্রণা থাকলে ওপরের ওষুধসহ মহারসুন পিণ্ড অথবা আমবাতারি বটী, আদার রস ও মধুসহ সেবন।

• কোষ্ঠবদ্ধতা হলে সিংহনাদ গুগুল সপ্তাহে দুই বা তিনদিন খান।

• বৃহৎ সৈন্ধবাদি তেল বা মহামাস তেল পীড়িত অঙ্গে দু বা তিনবার মালিশকরতে হবে।

• তিল তেল মালিশ, সহ্যমত গরমজলে স্নান। কফ-জ্বরের উপদ্রব থাকলে ঠান্ডা জলে স্নান নিষেধ। মানসিক উদ্বেগ, রাতজাগা, মদ্যপান, মলমূত্রাদির বেগ ধারণ কারণে রোগ প্রবল হলে অঙ্গে হংসাদি ঘৃত মালিশে বিশেষ উপকার।

লিভার

যকৃৎ ও প্লীহা যেন স্বামী স্ত্রী। এই দম্পতি মানুষের দেহে সংসার সামলাচ্ছে। যকৃৎ হল রক্তের ভাণ্ডার। আমাদের উদরের বাঁ-দিকে থাকে প্লীহা ডান দিকে যকৃৎ। দীর্ঘকাল যাঁরা বিষম জ্বরে ভোগেন তাঁদের প্লীহা ও যকৃৎ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই উপসর্গে ঠিকমতো চিকিৎসা না করলে মূল রোগের উপশম হয় না। প্লীহা ও যকৃৎ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন হাত দিয়ে স্পর্শ করলে অনুভব করা যায় না। কিন্তু যখন বড় হয়ে যায় তখন হাত ছোঁয়ালেই বোঝা যায়। প্লীহা আর যকৃৎ যখন বৃদ্ধি পায় তখন নাড়ি উষ্ণ থাকে, অল্প অল্প জ্বরও হয়। কখনও কখনও এই জ্বর বাড়ে ও কমে। আবার কখনও প্রবল জ্বর হয়। এই প্লীহা ও যকৃৎ বাড়লে সেই জায়গায় বেদনা ও জ্বালা অনুভব হয়। সঙ্গে কোষ্ঠকাঠিন্য, অল্প প্রস্রাব, দেহের অবসাদ, দুর্বলতা, চোখ, আঙ্গুল প্রভৃতি স্থলে রক্তহীনতা, কাশি থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, বমি হতে পারে, পিপাসা পায়। এই দুটি যন্ত্র দুর্বল হলে আরও কয়েকটি খারাপ লক্ষণ দেখা দেয়। নাক ও মাড়ি দিয়ে রক্ত পড়ে, রক্তপায়খানা হয়, আমাশা দেখা দেয়, পা ফুলে যায়। এই রোগ প্রতিরোধ করার জন্য পেট পরিষ্কার রাখতে হবে। প্লীহা ও যকৃৎ রোগের চিকিৎসা একইরকম। উভয়ক্ষেত্রে একই ওষুধে ফল পাওয়া যায়। কোষ্ঠ পরিষ্কার রাখতে হবে। দুর্বল রোগী শিশু ও বৃদ্ধের ক্ষেত্রে বিরেচক বা জোলাপ দেওয়া উচিত হবে না। বিশেষ ওষুধ প্রয়োগ বিধেয়।

পিপুল একটি উৎকৃষ্ট ওষুধ। সিকি চামচ পিপুল চূর্ণ সিকি চামচ মধুর সঙ্গে মিশিয়ে সেবন করলে, আবার ওল খাওয়ালে প্লীহা ও যকৃৎ রোগ সারে। কেয়াপাতা পুড়িয়ে সেই ক্ষার একচামচ আখের গুড় দিয়ে সেবন করলে উপকার হবে। পিপুল চূর্ণ অল্প পরিমাণ বিট লবণ ও জল সহ পান করলে যকৃৎ রোগ নিবারিত হয়।

কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ সেবন করলে প্লীহা ও যকৃৎ রোগ সেরে যায়। যেমন মানবাদি গুলিকা, অভয়ালবণ, মহামৃত্যুঞ্জয় লৌহ, লোকনাথরস ইত্যাদি। কূটপাক বিষমজ্বরান্তক লৌহ, পানের রস, তুলসী পাতার রস, সৈন্ধব লবণ, হিং সহ সেবন করলে জ্বরের উপশম হয়। লোকনাথ রস ওষুধটি পাণ্ডু, কামলা, অগ্নিমান্দ্য ইত্যাদি উপদ্রবের উপশম করে। পুরাতন গুড়, ও জিরে ভাজার গুঁড়ো খেলে বিশেষ ফললাভ হয়।

যকৃদারি লৌহ যকৃৎকে সুন্দর করে। অনুপান গুড় ও ভাজা জিরে। প্লীহা ও যকৃৎ-এর অবস্থা খারাপ হলে পাণ্ডু ও কামলা রোগ হতে পারে। পাণ্ডুতে গায়ের চামড়া হলুদ হয়। কামলায় পায়ের তলা ও চোখ হলুদ হয়, প্রাকৃতিক ক্রিয়াকর্মাদিও হলুদ বর্ণের হয়। এই রোগের চিকিৎসার জন্য পুরোনো গুড়ের সঙ্গে হরীতকী চূর্ণ খেলে উপকার হয়। এছাড়াও গুলঞ্চের পাতা বেটে ঘোলের সঙ্গে মিশিয়ে খেলে এই রোগ কমে। ফলত্রিকাদি পাচন মধু মিশিয়ে পান করলে কুম্ভকামলা সারে। কামলা রোগের খারাপ অবস্থাকে কুম্ভকামলা বলে। প্লীহা ও যকৃৎ-এর অবস্থা খারাপ হলে অতিসারের উৎপত্তি হয়। এটা আহারের দোষেই হয়। গ্রহণী রোগ হলে কখনও কোষ্ঠকাঠিন্য হয় আবার কখনও ভীষণ লুজ মোশন হয়। পেটে বেদনা থাকে। গ্রহণী নাড়ি থেকে এই রোগের উৎপত্তি হয়। এই রোগের একটি সাধারণ চিকিৎসা হল উপবাস। উপবাসের থেকে ভালো ওষুধ এক্ষেত্রে কিছু হয় না।

এই রোগ পিপাসা থাকলে মুখ্য ও বালা সিদ্ধ করে অল্প অল্প পান করলে উপকার হবে। এই সময়ে খুব খিদে পায়। এই অবস্থা থেকে মুক্তি পাবার জন্য পানিফল গুঁড়ো, যবের মণ্ড, বার্লি বা এরারুট অল্প করে খাওয়ানো যেতে পারে। ছাগলের দুধ ও ঘোল এই রোগে বিশেষ উপকারী।

এই রোগে পেট গন্ডগোল হলে কর্পূর রস প্রয়োগ করতে হবে। এটা ধারক ওষুধ। ঘন ঘন বমি হলে তা নিবারণের জন্য দুই তোলা শ্বেতচন্দনের সঙ্গে আটতোলা আমলকীর রস মিশিয়ে খাওয়ালে উপকার হবে। এই সময় ডাবের জল বা বরফ জল দিলে ভালো কাজ দেয়।

তবে ওষুধ প্রসঙ্গে একটা কথা বলব, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়া উচিত নয়। চিকিৎসক রোগীকে পরীক্ষা করে রোগ লক্ষণ দেখেই ওষুধ দেবেন।

ক্যানসার

ক্যানসার রোগটি আজ আমাদের কাছে আর অপরিচিত বা নতুন নয়। বর্তমানে এটি একটি দুরারোগ্য ব্যাধি বলেই স্বীকৃত। অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো আয়ুর্বেদেও ক্যানসারের চিকিৎসা সম্ভব। এমনকী ঠিক মতো চিকিৎসা হলে এই রাজরোগ নির্মূল করাও অসম্ভব নয়।

রোগের উৎস

আয়ুর্বেদ শাস্ত্রে ক্যানসার কর্কট রোগ নামেই পরিচিত। প্রাচীন সংহিতাগুলিতে এই কর্কট রোগের বিবরণ পাওয়া যায়। মূলত কর্কট রোগকে প্রাচীন গ্রন্থ ও সংহিতায় ‘রাক্ষস রোগ’ বলে চিহ্নিত করা হয়েছে। সাধারণত কোনও রোগ যখন বার বার চিকিৎসা সত্ত্বেও কোনওভাবেই সারছে না, ক্রমশই রোগীর যন্ত্রণা বেড়ে চলেছে, আয়ুর্বেদিক চিকিৎসকরা তাকে রাক্ষস রোগ কিংবা কর্কট রোগ বলেছেন। চিকিৎসকরা আরও বলেছেন যে ভবিষ্যতে এই দুরারোগ্য ব্যাধি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এমনকী এই রোগের ফলে মৃত্যুও অবশ্যম্ভাবী।

চিকিৎসা পদ্ধতি

আয়ুর্বেদে কর্কট রোগের ভয়াবহ বর্ণনা পড়ে পাঠকেরা ঘাবড়ে যাবেন না। এই রাক্ষস রোগের অস্তিত্বও যেমন আছে তেমনি এর হাত থেকে মুক্তি পাবার রাস্তাটিও সব সময় খোলা। নির্দিষ্ট পদ্ধতিতে সুচিকিৎসার মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব।

অন্যান্য রোগের থেকে কর্কট রোগের ভয়াবহতা অনেক বেশি হওয়ায় এই রোগের উপশমে কিছু বিধিনিষেধও আছে। আয়ুর্বেদ চিকিৎসকদের মতে কর্কট রোগ একেবারে প্রথম অবস্থায় অর্থাৎ কোনওরকম অস্ত্রোপচারের আগে (বায়প্সি করাও চলবে না) চিকিৎসকের সুপরামর্শ ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। এক্ষেত্রে আমাদের কবিরাজি চিকিৎসার প্রাচীন পদ্ধতি অর্থাৎ ‘নাড়ি জ্ঞান পদ্ধতি’র (হাতের নাড়ি দেখে রোগ নির্ণয়) মাধ্যমে কোনও রোগী সত্যিই কর্কট রোগে আক্রান্ত কি না তা নির্ণয় করা যায়। এরপর শুরু হয় ভেষজের কারসাজি।

আয়ুর্বেদ চিকিৎসার সবচেয়ে বড় সুবিধা হল যে এই পদ্ধতিতে চিকিৎসার জন্য যেসব ঔষধের প্রয়োজন হয় তার মূল উপাদান বিভিন্ন ধরনের গাছপালা, গাছের শিকড়, ছাল, পাতা—যা অত্যন্ত সহজলভ্য। প্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত সমস্ত রোগের এমনকী কর্কট রোগের চিকিৎসাও এভাবে করার প্রচলন রয়েছে। ভেষজই কর্কট রোগ দূর করার মূল উপকরণ।

ভেষজের মধ্যে তুলসী গাছ আয়ুর্বেদ মতে ‘রাক্ষস শক্তি নাশকারী’ ঔষধ। তুলসীর রস সেবনে এই রোগের উপশম সম্ভব। শুধুমাত্র তুলসীর রস নয়, আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে কুলেখাড়ার রস কিংবা কাঁচা হলুদের রস, পঞ্চ নিম, নিম তেল, নিমের মধু উপযুক্ত মাত্রায় ব্যবহার কর্কট রোগ নির্মূলকরণের মহৌষধ। কিন্তু এই ওষুধের মাত্রা রোগের ভয়াবহতার উপর নির্ভর করে। তাছাড়া এটি উপযুক্ত চিকিৎসকের দ্বারা পরিমাপ্য হওয়া প্রয়োজন।

কর্কট রোগাক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে রক্তের তেজ বাড়ানো প্রয়োজন। রক্তে তেজ বৃদ্ধির জন্য বসন্ত রসের সঙ্গে দুধের সর, মিছরি ব্যবহারের চলন আছে। এক্ষেত্রেও ঔষধের মাত্রা রোগের গুরুত্ব বুঝে চিকিৎসকই নির্দিষ্ট করে দেবেন। শুধু কর্কট রোগই নয়, লিউকোমিয়ার ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। এ প্রসঙ্গে বলি, এডসের মতো ভয়ঙ্কর রোগও আয়ুর্বেদিক চিকিৎসার আয়ত্তাধীন। আমেরিকাবাসী স্টিফেন নারুলা নামে এক ভদ্রলোক দীর্ঘদিন এডসে ভুগছিলেন। বর্তমানে আয়ুর্বেদিক চিকিৎসায় আশ্চর্য ফল লাভ করে এখন তিনি ক্রমশ সুস্থতার পথে এগিয়ে চলেছেন।

অনেক সময় আমাদের কাছে কর্কট রোগাক্রান্ত রোগী একেবারে শেষ অবস্থায় আসেন চিকিৎসার জন্য। এক্ষেত্রে রোগ নিরাময় সম্ভব না হলেও উপযুক্ত ঔষধ ব্যবহারের মাধ্যমে রোগীর দেহে প্রবল যন্ত্রণা নিবারণ সহজেই সম্ভব।

আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে দেহের কিছু অংশ (বুক, যকৃৎ, পায়ুনালী) কর্কট রোগে আক্রান্ত হলে তা অ্যালোপ্যাথি অস্ত্রোপচারের মাধ্যমে সারানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। আয়ুর্বেদ পদ্ধতিতে উপযুক্ত ঔষধ প্রদানের মাধ্যমে এই রোগের পুনর্জন্ম রোধ সম্ভব হয়।

খরচ-খরচা

অনেকে হয়তো ভাবছেন ও শিউরে উঠছেন যে অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো আয়ুর্বেদিক চিকিৎসাতে কর্কট রোগ সারানো অত্যন্ত ব্যয়সাপেক্ষ। তাদের ভরসা দিয়ে বলি আয়ুর্বেদে রোগ সারানোর খরচ অত্যন্ত কম। সর্বসাধারণের পক্ষে তা সম্পূর্ণ আয়ত্তাধীন। রোগ নিরাময়ের জন্য প্রস্তুত ঔষধের উৎস গাছপালা হওয়ায় ঔষধের দাম বেশি নয়।

খাওয়া-দাওয়া

অসুখ যখন হয়েছে তখন খাওয়া-দাওয়াতেও কিছু বিধিনিষেধ থাকবে এ আর নতুন কি! তবে এই বিধিনিষেধ নিয়ে খুব একটা কড়াকড়ি নেই। রোগী মোটামুটি সব খাবারই খেতে পারেন। তবে আমিষের মধ্যে মাংস, ডিম, কাঁকড়া, চিংড়ি মাছ না খেলে ভালো হয়। খাবারে মশলার পরিমাণ কম হলে তা অতি উত্তম। সবুজ সব্জি, ফল রোগী যত বেশি খাবে ততই রোগের সঙ্গে লড়াই করার শক্তি পাবে।

পরিশেষে বলি পশ্চিম বাংলায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রসম্মত। রোগের মূল উৎস নির্ণয় করা হলে এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হলে এই ভয়াবহ রোগ নির্মূল সম্ভব। তবে এক্ষেত্রে রোগীর প্রধান দায়িত্ব নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা। যদি তিনি সেটি না করেন, তা হলে শত চেষ্টাতেও এই রোগ দূর করা সম্ভব নয়। আবার তিনি যদি নির্দেশ মেনে চলেন, তাহলে উপকার লাভ অনিবার্য।

চর্মরোগ ও ত্বকের সমস্যা

জীবনের চলার পথে প্রতি মুহূর্তে সৌন্দর্যের সন্ধান করে মানুষ। সৌন্দর্য স্পৃহা মানুষের রক্তে। জীবনের কঠিনতার মধ্যে সৌন্দর্য খোঁজে যে মানুষ, স্বভাবতই সে চায় নিজের শরীর স্বাস্থ্যের শ্রী, সৌন্দর্য অমলিন রাখতে। এই সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানুষের জীবনকে আলাদা করেছে অন্য প্রাণীদের থেকে। তাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে শরীরের সম্ভাব্য রোগ প্রতিরোধের জন্য আয়ুর্বেদ শাস্ত্র রচিত হয়েছে। আয়ুর্বেদের মতো প্রাচীন শাস্ত্রের রচয়িতারা দিনের পর দিন প্রকৃতি থেকেই খুঁজে বের করেছেন শরীরের স্বাস্থ্য সৌন্দর্য অমলিন রাখার কৌশল।

গায়ের ত্বকে কালচে ছোপ, ছুলি, ব্রণ, মেচেতা যেকোনও মানুষেরই সৌন্দর্য রক্ষার প্রধান বাধা। কিন্তু রোগ তো আর সাধ করে কেউ বয়ে বেড়ান না। যদি একান্তই এ সমস্ত রোগের শিকার হন, তবে নিম্নলিখিত নিয়মাবলি মেনে চলে আপনিও সৌন্দর্যের অধিকারী হতে পারেন।

ছুলি

আয়ুর্বেদিক ওষুধ ‘ছুলি জল’ লাগাবেন নির্দিষ্ট অংশে। ছুলি সাদা ফ্যাকাসে রঙ নিয়ে ত্বকের বিভিন্ন জায়গায় দেখা দেয়। ওই সাদা অংশে কেশুত পাতার রস দিনে দু থেকে তিনবার লাগাতে হবে। এছাড়া তুলসী পাতার রস মধু দিয়ে খেতে হবে দিনে দু’বার করে প্রতিদিন।

ব্ৰণ

অনন্তমূলের ক্বাথ সকালে ও বিকেলে খেতে হবে ১০ গ্রাম পরিমাণে প্রতিবার।

মেচেতা

শ্বেতচন্দন বেটে নিয়ে তুলসীপাতার রস ও মধু দিয়ে লাগাতে হবে। দিনে দু থেকে তিনবার যেখানে মেচেতা হয়েছে সে অংশ পরিষ্কার করে ধুয়ে তারপর ওই লেপন লাগালে সেরে যাবে। এছাড়া কুলেখাড়া পাতা ও কাঁচা হলুদের রস প্রতিদিন দু চা-চামচ করে খেতে হবে।

রোদে পোড়া

রোদে পোড়া ত্বকে ঘৃতকুমারীর রস, শ্বেতচন্দন ও কাঁচা হলুদের রস সমপরিমাণে মিশিয়ে নিয়ে লাগাতে হবে দিনে দু’বার করে প্রতিদিন।

চুলকানি

গায়ে চুলকানি হলে মঞ্জিষ্ঠা সিদ্ধ করে তার জল খেতে হবে। এক কাপ পরিমাণ জলে ১০ গ্রাম অনন্তমূল সিদ্ধ করে সকাল বিকাল খেতে হবে। এছাড়া নিমপাতা, মঞ্জিষ্ঠা, কাঁচা হলুদ ও অনন্তমূল সমপরিমাণে (১০ গ্রাম করে প্রতিটি) নিয়ে চার-কাপ জলে সিদ্ধ করে শেষে এক কাপ পরিমাণ হলে সেই জল সকালে এক কাপ খেলে অতি দ্রুত নিরাময় সম্ভব। চন্দনবাটা, তুলসী রস ও কাঁচা হলুদ বেটে সারা রাত চুলকানিতে লেপন করে রাখলে উপকার পাওয়া যায়।

শরীর সুস্থ ও সতেজ রাখতে

চিকিৎসকের সাহায্য ছাড়া আমরা সারা বছরই নীরোগ থাকতে পারি। এর জন্য আমাদের কিন্তু মোটেই পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র চোখ খোলা রেখে প্রকৃতির দিকে নজর রাখতে হবে। কেননা প্রকৃতিই আমাদের হাতে ঋতু অনুযায়ী বিভিন্ন রোগ প্রতিরোধ করার অস্ত্র তুলে দেন। শুধু রোগ প্রতিরোধ কেন? শরীরের প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায় প্রকৃতির সেই সব দান থেকে।

আজ থেকে বহু হাজার বছর আগে প্রাচীন ঋষিগণ শুধুমাত্র প্রকৃতির দেওয়া নানা দ্রব্য দিয়েই ওষুধ প্রস্তুত করতেন। সেইসব ওষুধ বহু কঠিন ব্যাধি যেমন নিরাময় করত তেমনই মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করত।

আমাদের অবশ্যই প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। প্রাচীন ঋষিগণ যেমন বিভিন্ন রোগের কথা বলেছেন তেমনই ঋতু অনুযায়ী প্রকৃতির দান বিভিন্ন ফসল, খাদ্যদ্রব্য ও বনৌষধির সাহায্যে কীভাবে সেইসব রোগ প্রতিরোধ করা যাবে তার উপায়ও বাতলেছেন।

প্রকৃতির দানের সাহায্যে কীভাবে ঋতুভিত্তিক নানা সমস্যার মোকাবিলা করবেন সে কথাই এখানে বলব। বসন্তকে প্রকৃতির ঋতুরাজ বলে। এইসময় প্রত্যেকের মনে থাকে বসন্তের ছোঁয়া। তাই ঋতুরাজ বসন্তকেই আমাদের আলোচনায় প্রথম অভ্যর্থনা জানিয়ে শুরু করছি।

বসন্তকালকে ঋতুরাজ বলা হলেও এই সময় হাম, বসন্ত ছাড়াও পেটের রোগে আমাদের নাজেহাল হতে হয়। এই সময় এইসব রোগ হয় বলেই প্রকৃতিও তার প্রতিকার হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছে সজনেফুল, সজনে ডাঁটা, নিমপাতা, হলুদ, মেথিশাক ইত্যাদি।

বসন্তকালে এইসব জিনিস অবশ্যই খাদ্যদ্রব্যের তালিকায় রাখতে হবে। তাহলে কিন্তু রোগ আপনার ধারে কাছে আসবে না। সজনে ফুল ভাজা যেমন খাওয়া যায় তেমনই তরকারিতে ব্যবহার করতে পারেন। আবার বেগুন সহযোগে কচি নিমপাতা ভাজার মতো উপাদেয় খাদ্য খুব কমই পাওয়া যায়।

নিমপাতা শুধু ভাজা নয়, নিমপাতা সিদ্ধর জল দিয়ে নিয়মিত স্নান করতে পারলে চর্মরোগের আতঙ্ক থেকে মুক্তি পাবেন। আবার মেথিশাক ব্লাডসুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

গ্রীষ্মকালে লিভার ও হজমের সমস্যায় বহু মানুষই ভোগেন, সেইজন্য এইসময় কচি পটল, কচি আমের ঝোল অবশ্যই খাওয়া উচিত। আম পোড়ার সরবতও ভীষণ উপকার।

গ্রীষ্মে কিন্তু শুধু জাম খাবেন না। মনে রাখবেন কচি জাম পাতা বহু রোগের সঙ্গে লড়াই করতে পারে। এছাড়া জাম বীজ চূর্ণ ব্লাডসুগার কমাতে সাহায্য করে।

আমকে কেন অমৃতফল বলা হয় তা না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। দেহ গঠন এবং শক্তি বাড়াতে আম ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ তো গেল আম, জামের কথা। এছাড়াও এই সময় কাঁকুড়, শশা, তরমুজ, পেঁপে, আনারস ও কাঁচা বেল খাওয়া উচিত।

কাঁচা ও পাকা পেঁপে ছাড়া পেঁপের আঠা জণ্ডিস প্রতিরোধ করে এবং লিভার সতেজ রাখতে সাহায্য করে। গ্রীষ্মের দাপট থেকে শশা ও তরমুজ আমাদের রক্ষা করে।

গ্রীষ্মে পাকা বেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে পাকা বেল তেমন উপকারী নয়। তাই পাকা বেল ডুমো ডুমো করে ভেঙে পাথরের বা কাচের গ্লাসে ভিজিয়ে রেখে পরদিন সকাল বেলায় সেই জল খালিপেটে খেলে কোষ্ঠকাঠিন্য কমে যাবে এবং লিভার সতেজ থাকবে। তবে কাঁচা বেল এবং মোরব্বা খাদ্য ও ওষুধের কাজ করে। গ্রীষ্মে কিন্তু পলতা পাতা খেতে ভুলবেন না। পলতা নানা পিত্তজনিত রোগসারাতে সাহায্য করে।

বর্ষাকালে কিন্তু খুব বেশি ফল পাওয়া যায় না। তাই এই সময় পানিফলের ওপর ভরসা করতে পারেন। পানিফল পেট ঠান্ডা রাখে। বর্ষাকালে লৌহগুণ সম্পন্ন সবজি যেমন কাঁচকলা, ডুমুর ও থোড় খুব বেশি করে খেতে হবে। এইসব খাদ্যদ্রব্য পেট সুস্থ রাখতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

বর্ষাকালে জল দূষিত হয়ে যাওয়ার দরুন পেটের রোগ ভীষণ ভাবে বেড়ে যায়। তাই এইসময় জলে ফটকিরি বা কর্পূর দিয়েই ব্যবহার করা উচিত।

এরপর দেখতে দেখতে এসে যায় শরৎকাল, অসাধারণ এক ঋতু। এই সময়ের নানা সমস্যা মোকাবিলা করার জন্য প্রকৃতি আমাদের শিউলি গাছ দিয়েছেন। শিউলির কচি পাতার রস ক্রিমি নাশ করে। শিউলি আমাদের উপকারী বন্ধু।

মুথা আমাশার একটি বিশেষ উপকারী ওষুধ। তাই মুথাকে অবহেলা করবেন না। শরৎকালে বাতাবিলেবু পাওয়া যায়। এই সময় বাতাবিলেবুর রস শর্করা উৎপাদনকারী শক্তিকে দমন করে। জণ্ডিস রোগীদের আমরা বাতাবিলেবু খেতে বলি।

শরৎকালে কচি ডাব পাওয়া যায়। কচি ডাবের জল পেট ও মস্তিষ্ক ঠান্ডা করে। শুধু ডাব কেন নারকেলের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। নারকেল দিয়ে সুন্দর একটি অম্বল নাশক ওষুধ তৈরি করা যায়। এটি কিন্তু আপনারাও তৈরি করতে পারেন। ছোট একটা ফুটো করে নারকেলের সমস্ত জল ফেলে দিন। এরপর সমপরিমাণ লবণ ও জোয়ান দিয়ে নারকেলটি ভরে ফেলুন। পুরো ভর্তি হয়ে যাবার পর নারকেলটির গায়ে মাটির প্রলেপ লাগিয়ে পুড়িয়ে নিন। এরপর বাইরের আবরণ ফেলে দিয়ে নারকেল, লবণ ও জোয়ানের মিশ্রণটি ভালোভাবে গুঁড়ো করে হাতের কাছে রেখে দিন।

অম্বল হলেই খানিকটা খেয়ে নেবেন। শুধু অম্বল কমবে না, হজম শক্তিও বাড়বে।

শীতকালে বেশিরভাগ অসুখ হয় শ্লেষ্মাজনিত। তাই এইসব সমস্যা প্রতিরোধ করার জন্য রয়েছে ব্রাহ্মীশাক, এছাড়াও আদা, বাসকপাতা, তেজপাতা, লবঙ্গ, শুঁট, পিপুল। এগুলিও শ্লেষ্মা রোধ করতে নানাভাবে সাহায্য করে।

শীতে যেমন খেয়ে মজা তেমনই মজা খাইয়ে। শীতের সমস্ত ফল ও সবজির মধ্যে কোনও না কোনও গুণ রয়েছে। ধরুন না কমলালেবু ও আতার কথা। কলকাতায় খেজুর রস তেমন পাওয়া যায় না। কিন্তু গ্রামের মানুষরা অনায়াসে খেতে পারেন। যদি না অন্য কোনও সমস্যা থাকে।

শীতকালে প্রচুর পরিমাণে শাক ও সবজি পাওয়া যায়। এই সময়কার পালং, কলমি, মুলো শাক, মুগ শাক, সরষে শাক, ধনে পাতা যেমন খাবেন তেমনই খাবেন পাতিলেবু, বিট, গাজর, পেঁয়াজকলি, ওলকপি ইত্যাদি। এসবে শুধু পুষ্টি হয় না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এইসব শাক, সবজি ও ফলমূল।

আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ষড়ধাতুর বৈষম্যের কারণেই রোগব্যাধি সৃষ্টি হয়। এইসব ফল, শাক, সবজি ষড়ধাতুর সমতা ফিরিয়ে আনে। প্রশমিত হয় রোগ। গড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা।

বসন্ত

আয়ুর্বেদ শাস্ত্রে বসন্ত রোগকে মসুরিকা বলা হয়। বহু প্রাচীনকালে সুশ্রুত সংহিতা, মাধব নিদান ও বাগভট্টে এই রোগের উল্লেখ আছে। যে কোনও বয়সের মানুষ, এমনকী গর্ভস্থ শিশু ও পশু, পক্ষী এই রোগে আক্রান্ত হতে পারে। এটি বায়ুবাহিত অত্যন্ত সংক্রামক ব্যাধি।

অধিক কটু, অম্ল, লবণ ও ক্ষার দ্রব্য ভোজন ও মিলিত ক্ষীর এবং মৎস্যাদি প্রভৃতি বিরুদ্ধ ভোজনের ফলে আমাদের ইমিউনিটি নষ্ট হয়ে যায়। সেই সময় যদি বিশেষত ঋতু পরিবর্তনের সময় দূষিত বায়ু ও জল সেবন করলে আমাদের রস ও রক্তবহ স্রোত দুষ্ট হয়ে কফজ দোষ প্রকটিত হয়। এবং এই জন্য শরীরে মসুর কলার মতো আকৃতি ও পরিমাণ বিশিষ্ট ‘পিড়কা’ দেখা যায়। একেই মসুরিকা বলে।

আমরা সাধারণত পাঁচপ্রকার মসুরিকার কথা জানি। সেগুলি হল বাতজ, পিত্তজ, রক্তজ, শ্লেষ্মিক ও ত্রিদোষজ। এছাড়া চর্মদল নামে আর এক ধরনের মসুরিকার উল্লেখ আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া যায়।

আবার রক্তবর্ণ বিশিষ্ট এক ধরনের পিড়কা এইসময় আমাদের শরীরে উৎপন্ন হয়। এই ধরনের পিড়কাকে রোমান্তি বা হাম বলে।

অন্য মতে সাত প্রকার শীতলা নামক বসন্ত রোগের কথা আমরা জানি। সেগুলি হল বৃহন্তী, কোদ্রব, পানিসহা, রাজিকাকৃতি, লোহিতোন্নত, মণ্ডলা ও চর্মজাভিধা। এইসব বসন্তের মধ্যে সান্নিপাতজ বসন্ত খুবই খারাপ। এদের মধ্যে কতকগুলি প্রবালের ন্যায় লোহিতবর্ণ, কয়েকটি জামফলের মতো চিক্কণ কৃষ্ণবর্ণ ও কিছু অতসী ফুলের মতো হয়।

বসন্ত রোগের পিড়কা দেখা দেবার আগে জ্বর, গায়ে ব্যথা, ভ্রম, চোখ লাল ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এরপরই রুগির বুকে, পিঠে লাল ফুসকুড়ির মতো গুটি বেরোয়। তৃতীয় দিনে সেই গুটি জল ভরা ফোসকার আকৃতি নেয়। সেই সময় তাকে দেখলে মনে হয় তার গায়ে কেউ গরম জলের ছিটে দিয়েছে। পঞ্চম দিনে সেই ফোসকা বড় হয় এবং এরপর গুটিগুলো শুকোতে শুরু করে এবং ছাল ওঠে।

এই রোগের চিকিৎসার চাইতে আমরা প্রতিরোধ কীভাবে করা যায় সে ব্যাপারেই বেশি ভাবনা চিন্তা করি। এইসময় প্রত্যেক বাড়িতে নিয়মিত ধুপ, ধুনো জ্বালানো উচিত। এর ফলে গৃহের পরিমণ্ডল জীবাণুমুক্ত থাকবে এবং রোগীকে অবশ্যই আলাদা ঘরে একাকী রাখতে হবে।

এই ঋতু পরিবর্তনের সময় প্রত্যেকেরই মিথ্যা আহার যেমন বর্জন করতে হবে তেমনিই কটু, তিক্ত, কষায় রস ও উষ্ণবীর্য যুক্ত দ্রব্য যেমন শুট পিপুল, গোলমরিচ, হিংচে শাকের রস মধু সহ, ভুঁই আমলার রস দুধ সহ এবং নিম, উচ্ছে, সজনে শাক প্রভৃতি ভেষজগুলি খেলে বসন্ত বা মসুরিকা রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়।

এছাড়া হরিতকী বীজ ও শ্বেত কণ্টিকারি মূলেও এই রোগ প্রতিরোধের ক্ষমতা লক্ষ করা যায়। বসন্ত রোগে সাধারণত কোনও ওষুধ খাবার প্রয়োজন হয় না। কিছু সাবধানতা, পুষ্টিকর খাদ্য ও বিরেচন অর্থাৎ জোলাপ ছাড়া কোষ্ঠ পরিষ্কার রাখতে পারলেই কাজ হয়।

তবে আয়ুর্বেদ শাস্ত্রে এই রোগের অনেক ওষুধ আছে। যেমন মহালক্ষ্মী বিলাস, কফ কেতুগুডুচ্যাদি লৌহ ও ভূধাত্রী বা ভুঁই আমলা দিয়ে তৈরি ট্যাবলেট বা সিরাপ চমৎকার কাজ করে। এছাড়া প্রয়োজনে অগ্নিমুখ চূর্ণ, অগ্নিকুমার রস প্রভৃতি অগ্নিবর্ধক ওষুধ, কাশি থাকলে শীতপলাদি চূর্ণ, দুর্বলতার জন্য কস্তুরী প্রবাল ভস্ম, মকরধ্বজ প্রভৃতি মধুসহ খেতে দেওয়া হয়।

আর দাগ মেলানোর জন্য তুলসি, চন্দন, দারু হরিদ্রা, জায়ফল প্রভৃতি ভেষজের শরণাপন্ন হতে পারেন। এগুলি দাগ মেলাতে অবৰ্থ্য কাজ করে।

অকালপক্কতা ও চুলপড়া

আয়ুর্বেদ শাস্ত্রে চুল পাকাকে পালিত্য এবং চুল পড়াকে ইন্দ্রলুপ্ত বা খালিত্য বলা হয়। এই খালিত্য ও পালিত্যকে সুশ্রুত সংহিতায় ক্ষুদ্র রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পিত্ত প্রকৃতি প্রধান ব্যক্তির মিথ্যা আহার, বিহার, অতিরিক্ত ক্রোধ ও অধিক পিত্তরস ক্ষরণ জনিত কারণে পিত্ত প্রকুপিত হয়। এই প্রকুপিত পিত্তের জন্যই চুল পাকে।

আমরা কিন্তু শত চেষ্টা করেও আমাদের দেহের প্রকৃতি কখনও পরিবর্তন করতে পারি না। তাই পিত্তজ প্রকৃতি ব্যক্তির চুল পাকাও অবশ্যম্ভাবী।

কিন্তু এই মানুষরা যদি সব ব্যাপারে সংযমী হতে পারেন অর্থাৎ আজেবাজে খাবার-দাবার বর্জন, ঠিক সময়ে ঘুমনো এবং নিয়মিত ব্রহ্মচর্য পালন ও প্রত্যেকদিন নিম তেলের নস্য নেওয়া অভ্যাস করেন তাহলে অকালপক্কতা কিছুটা হলেও রোধ করা যায়।

তবে অকালপক্কতা রোধ করতে হলে এইসব নিয়ম মানার পাশাপাশি প্রত্যেকদিন ভালো করে চুলের যত্ন নিতে হবে। নিয়মিত মাথা পরিষ্কার করে খুসকি নির্মূল করা আবশ্যক। এছাড়া কোষ্ঠপরিষ্কার ও অগ্নিবলের সমতা রক্ষা করার জন্য প্রচুর শাকসবজি, ফল ও সাবু খেতে হবে।

প্রথমে কীভাবে আপনারা চুলের বড় শত্রু খুসকিকে দূর করবেন সে ব্যাপারে আলোচনা করব। পরে চুল পড়া, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি এবং চুল পাকা রোধ করবেন কীভাবে সে ব্যাপারে আলোকপাত করব।

খুসকি কমাতে :

১) পলাশ পাতার রস একদিন অন্তর মাথায় কয়েকবার লাগাতে হবে। ২) কুঁচ ফলকে ভৃঙ্গরাজের রসে বেটে মাথায় লাগান। ৩) সোহাগার খই জলে মিশিয়ে মাথায় হালকা করে লাগান।

চুল পড়া :

১) ছোট লাল পেঁয়াজ অথবা তার রস যে অংশ থেকে চুল উঠছে সেখানে লাগান। ২) জবা ফুলের ভিতরের অংশ ব্যবহার করুন।

উজ্জ্বল চুল :

১) কেশুত পাতার রস ও হস্তিদন্ত ভস্ম লৌহপাত্রে একসঙ্গে মিশিয়ে রোদে রেখে ব্যবহার করুন। ২) আমলকী ও শুকনো জবা ফুল নারকেল তেলে ফুটিয়ে মাথায় মাখুন। ৩) আমলকী চূর্ণ মধু সহ ও কালমেঘ বটি এবং ভৃঙ্গরাজ বটি হলুদ রস দিয়ে সকালে খালি পেটে খেলে উপকার পাবেন।

চুল পাকা ও চুল পড়া রোধ করার জন্য আমরা রোগীকে কিছু ওষুধ খেতে ও ব্যবহার করতে দিই। মায়ুর ঘৃত সেবন ও মহানীল তৈল মাথায় মাখলে ভালো ফল পাওয়া যায়।

এছাড়া শোধিত হরিতাল, নবায়স লৌহ, আরোগ্য বর্জনী বটি, অমৃতাঙ্কর লৌহ, বৈশ্বানর চূর্ণ, আমলকী চতুঃসম অধিপত্তিকর চূর্ণ ও ফলত্রিকাদি পাচন সেবন এবং মহাভৃঙ্গরাজ তেল ব্যবহারে উপকার পাওয়া যায়।

তবে এইসব ওষুধ নিজের ইচ্ছামতো কখনও খাওয়া ও ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকই রোগীর প্রকৃতি ও অন্যান্য বিষয় দেখে ওষুধের মাত্রা ও অনুপান নির্ধারণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *