দ্রব্যগুণ (আয়ুর্বেদ)

দ্রব্যগুণ

বেল

বাংলায় একটা কথা আছে—‘বেল পাকলে কাকের কী’? বেল কাকের কোনও উপকারে না লাগলেও এই ফলটি কিন্তু আমাদের নানাভাবে সুস্থ থাকতে সাহায্য করে। বেল, বিল্ব, শ্রীফল বা সদাফলের কোনও অংশই ফেলে দেবার নয়। পাতা থেকে মূল—সবকিছুই আমাদের উপকারে লাগে। বাজারে প্রচুর পাকা বেল পাওয়া যায়। অন্যান্য সব ফল পাকলে তবেই তার গুণ বৃদ্ধি হয়। কিন্তু বেলের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উলটো। পাকা বেল অন্ত্রদোষকে ভালো করতে পারে না। এই ব্যাপারটা সকলের জানা না থাকায় আমরা এই সময় পাকা বেলকে নানাভাবে, অর্থাৎ পানা করে বা এমনি খেয়ে থাকি। পাকা বেলের কোনও যে গুণ নেই, তা কিন্তু নয়। পাকা বেল পেটের দোষ নষ্ট করতে পারে না ঠিক কথা। তবে পাকা বেল জোলাপের মতো কাজ করে। তাই পাকা বেল খেলে অর্শরোগীদের যথেষ্ট উপকার হয়। পাকা বেল আমাদের তেমন উপকারে লাগে না বলেই প্রাচীন মুনিরা বলেছেন—‘পক্কং বিল্বং বিষোপমম্, আমং তুং অমৃতোপমম্’। অর্থাৎ পাকা বেল শরীরের ক্ষতিসাধন করে। কিন্তু কাঁচা বেল অমৃতের সমান গুণযুক্ত, কাঁচা বেল পাচক ও অগ্নিবল বাড়িয়ে দিয়ে আমাদের পরিপাক ক্ষমতাকে বৃদ্ধি করে। বেল বা বিল্ব দশমূলের অন্যতম। কচি বেলকে বিল্বকর্কটী ও বিল্বপেষিকা বলে। কচি বেল ধারক, অগ্নিদ্দীপক, আমের পাচক, কটু-কষায়-তিক্তরস, উষ্ণবীর্য, লঘু, স্নিগ্ধ এবং বায়ু ও কফনাশক। কিন্তু পাকা বেল গুরু, ত্রিদোষজনক, দুষ্পাচ্য, পূতিবায়ুজনক, মধুর রস ও অগ্নিমান্দ্যকর। কচি বেল চাকা চাকা করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে বেলশুঁট তৈরি করা হয়। এই বেলশুঁট পেটের রোগ সারাতে সাহায্য করে। বেল গাছের সবথেকে বড় গুণ হল এই গাছে সবসময় ফল হয়। সেইজন্যই এর অপর নাম সদাফল। বেলশুঁট ধারক, অগ্নিদ্দীপক এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে। দীর্ঘদিন আন্ত্রিকক্ষতে কষ্ট পাওয়া রোগী যদি বেলশুঁট সিদ্ধ করে সেই জল বার্লির সঙ্গে মিশিয়ে খান তাহলে বিশেষ উপকার পাবেন। আগেই বলেছি বেলগাছের সবকিছুই আমাদের নানাভাবে সুস্থ থাকতে সাহায্য করে। তাই কচি বেল বা বেলশুঁট শুধু নয় মূলের ছাল, পাতা, ফুল সবকিছুই আমাদের কাজে লাগে।

বেলপাতা :

গ্রীষ্মকালে আমাদের সকলেরই কম বেশি ঘাম হয়। ঘাম মানেই সমস্যা। অনেকেরই গায়ে এইসময় ভয়ঙ্কর দুর্গন্ধ হয়। গায়ের গন্ধ দূর করতে বেলপাতা অব্যর্থ কাজ দেয়। বেলপাতার রস জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত গা মুছলে গায়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে।

সর্দি হয়েছে। মাথা নিচু করা যাচ্ছে না, নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, সঙ্গে জ্বর জ্বর ভাব রয়েছে। এক্ষেত্রে এক চামচ করে বেলপাতার রস নিয়মিত খেতে হবে। বেলপাতার রস কাঁচা সর্দি দূর করবে এবং জ্বর ভাব উধাও হবে।

হাত পা ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে দু চামচ বেলপাতার রস এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ালে হাতে নাতে উপকার পাবেন।

কিছুই মনে থাকছে না সকালের কথা বিকেলে ভুলে যান। ঘাবড়াবেন না। বেলপাতা ঘিয়ে ভেজে গুঁড়ো করে ভাতের সঙ্গে খেলে হারানো স্মৃতিশক্তি ফিরে আসবে। শুধু তাই নয় ঘিয়ে ভাজা বেলপাতা খেলে শুক্ররক্ষা হবে।

শর্করা রোগীদের রোগ উপশমে বেলপাতা সক্রিয় ভূমিকা নেয়। চার-পাঁচটি বেলপাতা থেঁতো করে সেই রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে দিলে এই রোগে বিশেষ উপকার পাওয়া যাবে।

বেলফুল :

দু’গ্রাম মাত্রায় বেলফুলের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে পিপাসা কমবে এবং বমি ও অতিসার প্রশমিত হবে।

বেলমূলের ছাল :

শিশুদের বমি ও অতিসার বন্ধ করতে বেলমূলের ওপর নির্ভর করতে পারেন। বেলমূলের ছাল, চার, পাঁচ ঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জল ছেঁকে নিয়ে বার্লি বা খইয়ের সঙ্গে চিনি সহযোগে মিশিয়ে খাওয়ালে বিশেষ ফল পাওয়া যাবে।

বেলমূল ছাল আতপ চাল আদা ও ছাগ বিষ্ঠা সমানভাবে নিয়ে ভালোভাবে বেটে ঈষৎ গরম করে বাত শ্লেষ্মাজনিত বেদনাস্থলে প্রলেপ দিলে উপকার পাবেন।

পাঁচ ছয় গ্রেন বিল্বমূলের ছালের সঙ্গে একচামচ জিরে গুঁড়ো মিশিয়ে প্রথমে বেটে নিন। এরপর এই মিশ্রণটি ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে শুক্র তারল্যের সমস্যা নিয়ে আর নাজেহাল হতে হবে না।

বেলপোড়া :

অর্শ আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভয়ঙ্কর রক্ত পড়ছে। ভেঙে পড়বেন না বা ভয় পাবেন না। কাঁচা বেল পুড়িয়ে ঘোলের সঙ্গে মিশিয়ে খেলে রক্তপড়া বন্ধ হবে এবং উপকারও পাবেন।

রক্ত আমাশয় ও আমাশয় রোগে বেল পুড়িয়ে চিনি বা আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে দারুণ উপকার পাবেন।

বেলের মোরব্বা :

অতিসার ও গ্রহণী রোগাদিতে বেলের মোরব্বা ঔষধ ও পথ্যরূপে ব্যবহার করা হয়।

যখন বেল পাওয়া যাবে না তখন আপনাকে ভীষণভাবে সাহায্য করবে বেলশুঁট। বেলশুঁট শরীরের নানা ব্যাধি দূর করে। এমনকী রক্তপড়া অর্শও কমিয়ে দেয় এবং স্মৃতিশক্তি বাড়ায়। যেমন কচি বেল শুকিয়ে চূর্ণ করে দু’বেলা খাবার পর যদি সেই চূর্ণ খাওয়া যায় তাহলে আমাশায় দোষ নষ্ট হবে এবং পেটের গণ্ডগোল সেরে যাবে। তাই এখনই বাড়িতে বেলশুঁট তৈরি করে রেখে দিন। প্রত্যেকদিন আহারের পর দুবেলা দু’চামচ করে শুট চূর্ণ জল সহ খেতে শুরু করুন। কয়েকদিনের মধ্যে উপকার বুঝতে পারবেন।

আমলকী

আমলকী অতি সাত্ত্বিক ফল। সাধনোক্ত পঞ্চবটীর একটি বট। সাধকরা আমলকী গাছের তলায় বসে সাধন করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একটি আমলকী বৃক্ষের তলায় বসে দীর্ঘকাল নিবিড় সাধনা করেছিলেন। আমাদের দেশের মুনি ঋষিরা আমলকী ফলকে সঙ্গের সাথী করে রাখতেন। বায়ু, পিত্ত, কফ-এই ত্রিদোষের সমতা আনায় আমলকী ঈশ্বরপ্রদত্ত একটি অদ্বিতীয় ফল। আয়ুর্বেদে আমলকীর একটি গুরুত্বপূর্ণ স্থান আছে।

আমলকীর অপর নাম ধাত্রী ফল। এই ফলের রস খেলে পুষ্টি হয় বলেই আমলকীকে ধাত্রী ফল বলে। এই ফলের রস খেলে অকালবার্ধক্য রোধ হয়। সেইজন্য আমলকীকে বয়স্থা বলা হয়। আমলকী অরুচি নাশ ও রক্ত সৃষ্টিতে ভীষণ ভাবে সাহায্য করে। আকৃতিতে ছোট বা বড় হলেও এর গুণের কোনও তারতম্য হয় না।

আমলকী এমন একটি ফল যার মুখ্য রস অম্ল হলেও আরও পাঁচটি রসকে সে ধারণ করে। সেইজন্য অম্লজনিত রোগ নাশ করার অদ্ভুত শক্তি আছে আমলকীর। তাই আমলকীর আর এক নাম অমৃত ফল।

আয়ুর্বেদ শাস্ত্রে অম্ল রোগকে অম্লপিত্তক রোগ নামে অভিহিত করা হয়৷ অম্লপিত্তক রোগে আমলকী ব্যবহারে ভীষণ উপকার পাওয়া যায়। শুকনো আমলকী অন্তত বারো ঘণ্টা জলে ভিজিয়ে রেখে দুপুর বেলায় ভাত খাবার সময় ওই জল ছেঁকে খেলে বিশেষ উপকার পাওয়া যায়। তবে কখনই ধাতুর পাত্রে আমলকী ভিজানো উচিত নয়।

প্রস্রাব সংক্রান্ত কোনও রোগে এমনকী সুগারেও আমলকী ব্যবহারে দারুণ কাজ হয়। কাঁচা আমলকী সিদ্ধ করে ঘি মিশিয়ে খেলে বিষম জ্বর কমে যাবে। বিষম জ্বর অর্থাৎ যে জ্বর কিছুতেই ছাড়ছে না।

কিছুতেই বমি বন্ধ হচ্ছে না। কী করবেন ভেবে পাচ্ছেন না। সেক্ষেত্রে তিন চার গ্রাম শুকনো আমলকী এক কাপ জলে ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই জল ছেঁকে খাওয়ালে বমি বন্ধ হয়ে যাবে।

শ্বেতপ্রদর নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন। ঘাবড়াবেন না। দুটি কাঁচা আমলকীর ওপর ভরসা করতে পারেন। আমলকীর রসের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে খেলে উপকার হবে।

আধচামচ আমলকীর রস অল্প চিনি মিশিয়ে খেলে পিত্তশূল উপশম হবে। দুই-তিন চামচ আমলকীর রস মধু মিশিয়ে সকালের দিকে খেলে দৃষ্টিহীনতার সমস্যা কাটানো যায়।

দুচোখের পাতা কিছুতেই এক করা যাচ্ছে না। ঘুম যেন কোথায় পালিয়ে গেছে। এক্ষেত্রে কাঁচা বা শুষ্ক আমলকী দুধ বা মাখনের সঙ্গে মিশিয়ে ভালোভাবে বেটে মাথায় লাগালে হারানো ঘুম আবার ফিরে আসবে।

বায়ুর সমস্যায় নাজেহাল অবস্থায়। মনে হচ্ছে প্রাণটা যেন এক্ষুনিই বেরিয়ে যাবে। আমলকী বেটে নাভির নীচে লাগালে বায়ু কমে যাবে।

প্রবল কোষ্ঠকাঠিন্য হয়েছে, সঙ্গে ভয়ঙ্কর অম্বল, এক্ষেত্রে সমপরিমাণ আমলকী ও যষ্টিমধু নিয়ে রাতে শোবার আগে ভিজিয়ে দিন। সকালে ওই জল খেলে সমস্যা মুক্ত হবেন। আমলকী স্তনে দুগ্ধ আনতে সাহায্য করে। তাই বোধহয় একে ধাত্রী বলা হয়। শিরঃপীড়ায় আমলকী দারুণ কাজ দেয়। আমলকীর রস শ্বেত চন্দনের সঙ্গে মিশিয়ে কপালে প্রলেপ দিলে শিরঃপীড়া অবশ্যই কমবে।

চর্মরোগেও আমলকী ভীষণ কাজ দেয়। আমলকী চূর্ণ ও নিমপাতা চূর্ণ সমপরিমাণে মিশিয়ে খেলে চুলকানির উপশম হবে।

ব্রণের সমস্যায় ভয়ানক ভুগছেন কী? এক্ষেত্রে সমপরিমাণ আমলকী ও নিমপাতা চূর্ণ একত্রে মিশিয়ে অল্প জল দিয়ে সেবন করলে কিছুদিনের মধ্যে ব্রণ সেরে যাবে।

প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে। কাঁচা আমলকী ও আখের রস সমপরিমাণে মিশিয়ে মধু সহ বারে বারে খেলে রক্ত বন্ধ হবে।

প্রত্যেক দিন ভাতের সঙ্গে একটি সিদ্ধ আমলকী খেতে পারলে দুর্বল হৃৎপিণ্ড সবল হয়। আমলকী অনিয়মিত ব্লাডপ্রেসারকে নিয়ন্ত্রণে আনে।

আগেই বলেছি আমলকী হচ্ছে একটি বহুগুণ বিশিষ্ট ফল। আমলকী যেমন ত্রিদোষ নাশ করে তেমনই শ্রম, তৃষ্ণা, দাহ ও ঘুম রোগ নিবারণ করে। কমলালেবুর রসে যে ভিটামিন আছে তার দশগুণ বেশি আছে এই ফলটিতে। প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে আমলকীকে এককভাবে বা অন্যান্য দ্রব্যের সঙ্গে মিশিয়ে ব্যবহার করে বহু রোগ সারানোর কথা উল্লেখ আছে। দেহকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য অবশ্যই আমলকীর ওপর ভরসা করা যেতে পারে। কারণ এই ফলটির মধ্যে দেহ সুস্থ রাখার প্রচুর উপাদান আছে। আয়ুর্বেদের সর্বশ্রেষ্ট ঔষধ চ্যবনপ্রাশের প্রধান উপাদান হল আমলকী।

হলুদ

ভালো নাম হরিদ্রা, আমরা বলি হলুদ। যে কোনও রান্নায় হলুদ অপরিহার্য। স্বাদ তেমন না থাকলেও রঙ আছে আর আছে অসাধারণ ভেষজ গুণ। হলুদ বীজাণু নাশ করে ভিতরের এবং বাইরের। হলুদ শুধু মশলা নয়, হলুদ শুধু রঙ নয়, হলুদ একটি আয়ুর্বেদিক ঔষধ। হিন্দুরা হলুদকে মাঙ্গলিক হিসেবে যে মর্যাদা দিয়েছেন তার কারণ এই একটাই। আধুনিক জীবনে রূপচর্চায় ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে হলুদ ব্যবহার করা হয়। দূর অতীত থেকে এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে চলে এসেছে।

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে দুধ আর হলুদ রূপচর্চায় ব্যবহার করা হতো। তার আগেও বৌদ্ধযুগে, তারও আগে ঋষিদের কালে রমণী জীবনে হলুদই ছিল অতি নিরাপদ এক প্রসাধনী। আমরা বলি রূপচর্চায় বাইরের প্রলেপের চেয়ে ভিতরের সিস্টেমকে বিশেষ করে লিভারকে চাঙ্গা করার কথা। একটুকরো কাঁচা হলুদ, এক চামচে আখের গুড় সকালবেলায় খালি পেটে খেলে লিভার ঠিক থাকে। আর লিভার ভালো থাকলে জরা কাছে আসতে পারে না। হলুদ সমন্বিত ফেসক্রিম বাজারে অনেক আগেই এসে গেছে।

হলুদ হল ওষুধ। আমরা হলুদ সম্পর্কে যতটাই অজ্ঞ, বিদেশীরা ততটাই বিজ্ঞ। হলুদের ভেষজগুণ নিয়ে বিদেশীদের গবেষণার অন্ত নেই। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে হলুদ একটি বহুমুখী ভেষজ দ্রব্য। নানা রোগে, নানাভাবে হলুদের ব্যবহার। কখনও ঔষধ হিসেবে কখনও অনুপান হিসেবে।

কটু ও তিক্ত রস যুক্ত হলুদ রুক্ষ ও উষ্ণবীর্য। এই হলুদ রক্তদুষ্টি, কুষ্ঠ, চুলকানি, প্রমেহ, চর্মরোগ, ব্রণ, শোথ, পাণ্ডুরোগ, ক্রিমি, বিষদোষ, অরুচি প্রভৃতি রোগ নাশ করে। চরক সংহিতায় এই হলুদকে ব্যবহার করা হয়েছে রক্তের সঞ্চালন শক্তি বাড়াবার জন্য। সুশ্রুত সংহিতার সময় থেকেই হলুদের শক্তির কথা জানা যায়। হলুদ খাদ্যের পচন ও বিষক্রিয়া রোধ করে।

বায়ু, পিত্ত ও কফ—এই ত্রিদোষের ওপরই আমাদের দেহ পুরোপুরি নির্ভরশীল। এই ত্রিদোষের ভারসাম্য হারিয়ে গেলে হলুদ সেই ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।

হলুদ অনেকসময় অ্যালার্জি প্রতিরোধ করে। একভাগ নিম্ব চূর্ণ, দুইভাগ হলুদ চূর্ণ ও তিনভাগ আমলকী চূর্ণ একত্রে মিশিয়ে খালি পেটে এক চামচ খেলে খাদ্যবিশেষের অ্যালার্জিতে উপকার হয়।

চর্মরোগ আক্রান্ত হয়েছেন। ত্রাহি ত্রাহি অবস্থা। বাড়ির বাইরে বেরনো যাচ্ছে না। এইরকম অবস্থায় কাঁচা হলুদ ও নিমপাতা একসঙ্গে বেটে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে গায়ে মাখলে যে কোনও চর্মরোগ সেরে যায়।

কাঁচা হলুদ জলে ফুটিয়ে সেই জল দিয়ে চোখ ধুলে চোখওঠা রোগের কষ্ট কমবে এবং উপশম হবে।

প্রমেহ রোগ হলুদবাটা, মধু ও আমলকী রসের সঙ্গে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যাবে।

গিমে শাক ও হলুদ একসঙ্গে বেটে নিয়ে খাবার আগে সামান্য পরিমাণে খেলে পেটের রোগের উপশম হবে।

জণ্ডিস হয়েছে, শরীর প্রায় হলুদ হয়ে গেছে, এইসময় দু চামচ হলুদের রস আপনাকে ভীষণভাবে সাহায্য করবে।

হলুদ জীবাণু নাশ করে। তাই শাকসবজি রন্ধনের পূর্বে হলুদ মেশালে শাক সবজির অনিষ্ট শক্তি নষ্ট এবং পোকামাকড় দূর হয়।

গরম পড়বে পড়বে করছে। অর্থাৎ সিজন চেঞ্জের সময় কাঁচা হলুদের রস মধু সহ খেতে দিলে বসন্ত; জলবসন্ত প্রভৃতি রোগে আক্রান্ত হবার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।

বসন্ত রোগের প্রকোপ শুরু হয়েছে, রোগীর ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, এইসময় হলুদের রস তেঁতুল পাতার সঙ্গে মিশিয়ে বেটে খাওয়াতে হবে। এই মিশ্রণটি খেলে রোগ উপশম হবে।

হলুদ বাটা অনেক সময় প্রলেপ দেবার কাজেও ব্যবহৃত হয়। পা মচকে গেছে, ভয়ঙ্কর ব্যথাও রয়েছে। সমপরিমাণ চুন ও হলুদ গরম করে আক্রান্ত স্থানে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। আগে তো চোট, আঘাত লাগলেই চুন, হলুদ ব্যবহার করা হতো। এছাড়াও হলুদের বীজাণু নাশ করার ক্ষমতা আছে বলেই সর্বাঙ্গে হলুদ মাখা হয়৷

উপযুক্ত মাত্রায় গোমূত্রের সঙ্গে হলুদ সেবন করলে কুষ্ঠ সেরে যায়।

কফ ও পিত্তজ ব্যাধির ক্ষেত্রে হলুদ অত্যন্ত সক্রিয় ভূমিকা নেয়। রোগ সৃষ্টির মুখে এই হলুদ সেবন করলে অত্যন্ত ভালো কাজ দেবে।

ব্রণর সমস্যায় ভুগিনি একথা কেউই জোর গলায় বলতে পারবেন না। বয়ঃসন্ধির প্রাক্কালে প্রত্যেকেই এই সমস্যায় ব্যতিব্যস্ত হন। ব্রণ খোঁটার ফলে মুখে দাগও হয়ে যায়। তাই ব্রণ বা যে কোনও চুলকানির ক্ষেত্রে দুই চামচ হলুদের রস বা সমপরিমাণ কাঁচা হলুদ আধচামচ আখের গুড় সহ দিনে দু’বার সেবন করলে নিশ্চিত ফল পাওয়া যাবে। ব্রণ ও চুলকানির হাত থেকে সহজেই পরিত্রাণ মিলবে। প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ মতে বিসর্গ (গ্র্যাংগ্রিন) রোগেও হলুদ অব্যর্থ কাজ দেয়। এক্ষেত্রেও প্রয়োজন মতো প্রলেপ লাগাতে হবে। রক্ত, রস ও মাংস কোনও কারণে দূষিত হলে তখন আমাদের দেহ রোগের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়। এই সময় হলুদ ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।

বাসক

উদ্ভিদ জগতে বাসকের জাতি হল—গুল্ম। বাসক সাধারণত দুরকমের। একটিতে সাদা রঙের ফুল হয় সেটি হল শ্বেত বাসক, আর যেটিতে তামাটে রঙের ফুল হয় তাকে বলে তাম্র বাসক। আর একটি জাতি আছে যার পাতা খুব বড় বড়। তাকে বলে রাম বাসক।

এই রাম বাসকের ডালে শির থাকে। শ্বেত ও তাম্র পুষ্পী বাসকের গাছ খুব একটা বড় হয় না—ঝোপের মতো। ডালগুলো সোজা সোজা, আর পাতার আকৃতি লম্বাটে। তাম্রপুষ্পী বাসকের পাতা সামান্য কালচে রঙের। ফুল ছাড়াও একটি গাছকে আর একটি গাছ থেকে চিনে নেওয়ার সহজ উপায় হল—পাতা রগড়ে জলে ভেজানো হলে জল যদি লাল হয় তাহলে বুঝতে হবে সেটি তাম্র বাসক।

বাসকের রসের স্বাদ হল তিক্ত এবং কষায়। এটি কণ্ঠস্বর বর্ধক, বায়ুজনক।

উপকারিতা সম্পর্কে বলা হয়েছে—কফ, রক্ত, পিত্ত, শ্বাস, কাশি, জ্বর, তৃষ্ণা, বমি, প্রমেহ, কুষ্ঠ ও ক্ষয়রোগ নাশক। ক্ষুদ্র ক্ষুদ্র কৃমি জাতীয় প্রাণীদের নিমেষে নিরোধ করে।

কীভাবে প্রয়োগ করা হবে? বাসকের শুকনো পাতা তামাকের মতো সেজে যদি খাওয়া যায় তাহলে টানের কষ্ট কমে যাবে। শ্বাসকষ্টে যাঁরা ভোগেন তাঁরা একবার পরীক্ষা করে দেখতে পারেন।

প্রচণ্ড কাশি, এক মুহূর্তের জন্য রেহাই মিলছে না। সঙ্গে আবার সর্দিও আছে। এক্ষেত্রে গোটা দশেক বাসক পাতা, মিছরি ও গোলমরিচ সহযোগে ভালোভাবে ফুটিয়ে নিন। এই জল ছেঁকে খেলে বুকে বসে থাকা সর্দি উঠে আসবে। কাশির হাত থেকে রেহাই পাবেন।

পুরোনো কাশি বেশ জাঁকিয়ে বসেছে, সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে। এই সময় বাসকের মূলত্বক চূর্ণের সঙ্গে মধু মিশিয়ে ভালোভাবে মেড়ে চেটে চেটে খেয়ে নিন। বাসকের মূলত্বক ও মধু বুকে জমে থাকা কফ বের করে দেবে।

জ্বর হয়েছে। টেম্পারেচার বেশ হাই। সঙ্গে রয়েছে প্রবল জল পিপাসা। এইরকম সমস্যায় কয়েকটি বাসক পাতা প্রথমেই অল্প থেঁতো করে নিন। তারপর ওই থেঁতো করা পাতা ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখুন। ঘণ্টা দুয়েক বাদে ওই জল ছেঁকে রোগীকে খাওয়ালে প্রবল তৃষ্ণা কমে যাবে।

এই গরমে অনেকেই এই সমস্যায় ভোগেন। অনেকেরই গায়ে ভয়ানক গন্ধ হয়। বাসক পাতার রসের সঙ্গে শঙ্খভস্ম মিশিয়ে ওই মিশ্রণ গায়ে মাখলে গাত্র দুর্গন্ধ চলে যাবে। এর সঙ্গে বাসক পাতা ফুটিয়ে সেই জলে স্নান করলে আরও তাড়াতাড়ি উপকার পাবেন।

বাসক জীবাণুনাশক। তাই গ্রামাঞ্চলের মানুষ তাঁদের পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য বাসক পাতার শরণাপন্ন হন। তাঁরা জলে বাসক পাতা ফেলে রাখেন।

শ্বাস ও কাশি রোগে বাসক চমৎকার কাজ করে। সামান্য সর্দিকাশি থেকে ক্ষয়রোগ পর্যন্ত সারাবার ক্ষমতা আছে বাসকের। তাই ইচ্ছা করলে আপনারাও বাসক সিরাপ বাড়িতে তৈরি করতে পারেন। এক কিলোগ্রাম বাসক ছাল চার লিটার জলে ভালোভাবে সিদ্ধ করে এক লিটার অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিন। এরপর ওই জলে পাঁচশো মতো চিনি ঢেলে ফের ফোটান। যখন দেখবেন ওই মিশ্রণটি বেশ ঘন হয়েছে, এবং আঙুলে লাগলে চটচট করছে, ঠিক তখনই নামিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডার হলে শিশিতে ভরে রেখে দিন। কাশি ও শ্বাসকষ্ট দূর করতে এই বাসক সিরাপ খেতে পারেন। হাতেনাতে ফল পাবেন।

তুলসী

তুলসী বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অতি পবিত্র একটি গাছ। তুলসীর পুজো করলে বিষ্ণুর দর্শন পাওয়া যেতে পারে। তুলসীকে বলা হয় নারায়ণের স্ত্রী। অতীতে প্রতিটি গৃহে একটি তুলসী মঞ্চ থাকতই, সেই মঞ্চে সন্ধ্যায় প্রদীপ দেওয়া হতো। সকালে শুদ্ধ বস্ত্রে জলসিঞ্চন। নারায়ণের পায়ে দুটি তুলসীপত্র চন্দন চর্চিত করে পেতে দেওয়া নারায়ণ পুজোর একটি বিশিষ্ট অঙ্গ। নৈবেদ্য এবং পানীয় জলে তুলসীপত্র না দিলে নিবেদন অশুদ্ধ। বলা হয় তুলসী গাছ যেখানে থাকে সেই অঞ্চলের বায়ু দূষণমুক্ত হয়। পরিবেশ নিরাপদ ও সুন্দর হয়।

বহু বহু বছর আগে আয়ুর্বেদাচার্যরা সকলেই ছিলেন ঋষি। তাঁরা বনৌষধি নিয়ে নিবিড় গবেষণা করতেন, সে সবের উপকারিতা ও প্রয়োগবিধি লক্ষ করতেন। সেই দূর অতীতে বসে তাঁরা ভবিষ্যদ্বাণী করেছিলেন—‘আগামী দিনের পৃথিবীতে এমন সব রোগ ব্যাধি দেখা যাবে যার প্রকৃতি নির্ধারণ কষ্টসাধ্য হবে। সেইসব অসুখের আক্রমণে রক্ষা পাওয়া অতি কঠিন হবে। এই সমস্ত ব্যাধি হবে রাক্ষসের মতো শক্তিশালী।’ তাঁরা একটি অভয়বাণীও রেখে গেছেন। সেটি হল তুলসীর মতো উপকারী ও নিরাময়কারী বৃক্ষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। তাঁরা বলেছিলেন, তুলসীর কৃপায় ভবিষ্যতের মানুষ রক্ষা পেতে পারেন। তাঁরা তুলসীর নাম দিয়েছিলেন রাক্ষস হরণকারী।

তুলসী সাধারণত চার প্রকার—সাদা তুলসী, কালো তুলসী, রাম তুলসী, বাবুই তুলসী। আমরা প্রধানত সাদা তুলসীর সঙ্গেই পরিচিত। যে তুলসীপাতার রঙ কালো তাকেই বলা হয় কালো বা কৃষ্ণ তুলসী। এক ধরনের তুলসীপাতা চোখে পড়ে যার আকার সাধারণ তুলসীর চেয়ে বড়। তারই নাম রাম তুলসী। বাবুই তুলসীতে এক ধরণের সুগন্ধ থাকে। এতে পুজো হয় না। তবে তুলসীর গোত্রভুক্ত অন্যান্য তুলসীর মতোই এরা যত্রতত্র জন্মায়। এখন কথা হল প্রকারভেদ যাই হোক না কেন, গুণের সামান্য তারতম্য হলেও প্রত্যেক জাতের তুলসীই উপকারী। তবে রোগ বালাইয়ে বাবুই তুলসীর ব্যবহারই বেশি।

স্বাদে কটু ও তিক্ত, গুণে উষ্ণবীর্য, হৃদয়গ্রাহী, দাহজনক, ক্ষুধা বৃদ্ধি করে, পিত্ত বৃদ্ধি করে। কুষ্ঠ রোগে উপকারী, প্রস্রাবের গোলযোগে ব্যবহার করে সুফল পাওয়া যেতে পারে। রক্তদোষ প্রশমন করে আর সবচেয়ে বড় কথা তুলসী কফ ও বায়ু নাশক।

একটি বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে। তুলসীর শুকনো পাতা অথবা পাকা পাতায় তেমন কাজ হয় না। ব্যবহার করতে হবে অতি সতেজ ও সরস পাতা।

তুলসী মঞ্জরী বেশ শুষ্ক বা প্রায় শুষ্ক হলেই ভালো। সদ্য গজাচ্ছে এই রকম মঞ্জরী মোটেই ভালো নয়। তুলসী মূল সবসময়েই মধ্য প্রকৃতির, অর্থাৎ শুষ্ক নয়। আবার সরসও নয়, এমনই ভালো।

এবারে তুলসীর গুণাগুণের কথায় আসি। ছোট বাচ্চারা ভীষণ সর্দি কাশিতে ভোগে। সর্দিকাশির হাত থেকে আপনার আদরের সন্তানটিকে বাঁচাতে আপনি তুলসীর শরণাপন্ন হতে পারেন।

শ্বেত বা কৃষ্ণ তুলসী অথবা তুলসীর সঙ্গে বাসক পাতা সমপরিমাণে নিয়ে থেঁতো করে একটা কাপড়ে মুড়ে পুঁটলির মতো করে বারবার নাকে ধরে শ্বাস নিলে নাকের সংক্রমণ ভালো হবে।

শ্বেত তুলসীর শিকড়ের গুঁড়ো অথবা রাম তুলসীর রস রগড়ে লাগিয়ে দিলে বিছে, বোলতা অথবা ভীমরুলে কামড়ানোর ক্ষতস্থানের যন্ত্রণা কমে যাবে। তবে হুলটা যে কোনওভাবে আগে বের করে নিতে হবে, না হলে ঘা হয়ে যাবে।

যে জায়গায় বাতের ব্যথা, সেই জায়গায় রাম তুলসীর রসে ভেজানো কাপড়ের টুকরো বেঁধে রাখলে ব্যথা অনেক কমে যাবে, নাকের ক্ষতে কালো তুলসীর স্তবক গুঁড়ো করে নাসা করলে উপকার হবে। বাবুই তুলসীর রস কানে ফোঁটা ফোঁটা দিলে কানের ব্যথা কমবে।

দাদ একটি বিরক্তিকর অসুখ, তুলসী ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে রগড়ে দিলে দাদ সেরে যাবে। অথবা তুলসীর রসের সঙ্গে নুন মিশিয়েও ব্যবহার করা যায়।

দশ-বারো গ্রামের মতো বাবুই তুলসীর রস অল্প চিনি মিশিয়ে খেলে রক্তমূত্র জনিত কোষযন্ত্রণা কমবে।

ক্রণিক রক্ত আমাশায় বাবুই তুলসী অত্যন্ত উপকারী। চব্বিশ গ্রাম পাতা, চব্বিশ গ্রাম আদা একসঙ্গে বেটে চব্বিশটি বড়ি করতে হবে। সকালে ও সন্ধ্যায় একটি করে বড়ি জল সহ খেলে নিশ্চিত আরোগ্য লাভ হবে।

ম্যালেরিয়ায় তুলসী পাতার রস উপকারী।

হাম বা বসন্ত বসে গেলে বা গুটি বেরোতে দেরি হলে সাদা তুলসীর রস দু’চামচ খাইয়ে দিতে হবে। এর ফলে খুব শীঘ্রই হাম বা বসন্ত বেরিয়ে যাবে।

কোনও কারণে রক্ত দূষিত হলে কালো তুলসীর রস খাওয়ালে উপকার হবে। তুলসীপাতা ও কাঁচা হলুদের রসের সঙ্গে একটু আখের গুড় মিশিয়ে খেলে আমবাত সেরে যায়।

আধ ইঞ্চি পরিমাণ কালো তুলসীর মূল পান দিয়ে সকালে ও বিকেলে চিবিয়ে খেলে শরীরে ও মনে উদ্দীপনা উপলব্ধি করবেন। অকালে শরীরে ও মনে বার্ধক্য চেপে বসবে না।

কাঁচা সর্দি ও যে-কোনও প্রকার জ্বরে আদা ও তুলসী পাতার রস দারুণ কাজ দেয়।

দূর্বা

‘কোন দেশেতে চলতে গেলে দলতে হয়রে দূর্বা কোমল।’ সে দেশের নাম ভারতবর্ষ। যাবতীয় গুল্ম ও ভেষজের জন্মভূমি। দলিত দূর্বা রোগ দলনে অদ্বিতীয় ক্ষমতার অধিকারী। দু’ধরনের দূর্বা আমরা দেখতে পাই। একটি হল সহজ, সরল। যা সর্বত্র দেখা যায়। দ্বিতীয়টি হল বহুগাঁট যুক্ত লতার মতো।

দূর্বা স্বাদে মধুর। এর রস তিক্ত এবং কষায়। আয়ুর্বেদ শাস্ত্রে দূর্বা শীতবীর্য ও তৃপ্তিদায়ক, যে সমস্ত সমস্যায় দূর্বা ব্যবহৃত হয় তা হল কফ এবং পিত্তজনিত ব্যাধি, শরীরের দাহ, তৃষ্ণা, বমন, শ্রান্তি, মূর্ছা, অরুচি ইত্যাদি।

এইবার আমরা আমাদের মতো করে দূর্বাকে কী ভাবে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করতে পারি তা দেখব। প্রথম হল—ধরুন হঠাৎ আপনার হাত পা কেটে গেছে। খুব রক্তপাত হচ্ছে। ঘাবড়াবেন না, দূর্বা বেটে বা চিবিয়ে ওই জায়গায় লাগিয়ে ভালো করে বেঁধে রেখে দিন। রক্তপড়া খুব তাড়াতাড়ি বন্ধ হবে। শুধু তাই নয় দূর্বা যেমন কাটা জায়গা জোড়া লাগাবে, তেমনই পুঁজ ও ব্যথা হবে না। তবে জল না দিয়ে দূর্বাঘাস বাটতে হবে।

• ব্রণ থেকে যে ক্ষতের সৃষ্টি হয়, যাকে ইংরেজিতে বলে সেপটিক। সেই ঘায়ের ক্ষেত্রে দূর্বার ব্যবহারে উপকার লাভের কথা চরকে উল্লেখ আছে। চার ভাগ দূর্বার রস ও একভাগ ঘি এক সঙ্গে জ্বাল দিয়ে ওই ক্ষতে লাগালে নিরাময় হবে।

• বমি বন্ধ করার ক্ষমতা এই দূর্বার আছে। সর্বদা গা বমি বমি করছে। বাড়ির বাইরে বেরতে ইচ্ছা করছে না। ভয় না পেয়ে দূর্বার দ্বারস্থ হন। এক চামচ মতো দূর্বার রস নিয়ে তাতে অল্প একটু চিনি মেশান। এরপর চেটে চেটে রসটা খেয়ে নিন। তবে একবার খেলে হবে না। বারে বারে খেতে হবে। এক সময় দেখবেন সমস্যা কোথায় উধাও হয়ে গেছে।

• স্টোন নেই অথচ প্রস্রাব করতে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। দূর্বা বেটে তার রস তৈরি করিয়ে নিন। দেড় চামচ দূর্বার রসের সঙ্গে জল ও খানিকটা দুধ মিশিয়ে খেয়ে দেখতে পারেন। দেখবেন কষ্ট কোথায় পালিয়ে গেছে। কিন্তু অর্শ থাকলে না খাওয়াই ভালো।

• মুখে দুর্দান্ত গন্ধ, আপনার পাশে লোক দাঁড়াতে পারছেন না। লজ্জা পাচ্ছেন কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না। দূর্বার দাপটে পায়োরিয়া পালিয়ে যায়। শুকনো দূর্বা ঘাস গুঁড়ো করে নিয়মিত সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজুন। আর লজ্জা পেতে হবে না।

• যে ধরনের আমাশাই হোক না কেন জামপাতা ও দূর্বা থাকতে ভয় কীসের? জামপাতা ও অল্প দূর্বা বেটে সেই রস অল্প গরম করে দুধ মিশিয়ে দিন তিনেক খেয়ে দেখুন আমাশা সেরে যাবে।

• নাক দিয়ে রক্ত বেরচ্ছে। এক্ষেত্রে দূর্বা থেঁতো করে এক টুকরো কাপড়ে পুঁটলি বেঁধে তার নস্য নিলে রক্ত বেরনো বন্ধ হবে।

• দূর্বা চর্মরোগে অসাধারণ কাজ করে। দুশো গ্রাম খাঁটি সরষের তেল বা তিল তেলে পঞ্চাশ বা ষাট গ্রাম দূর্বার রস মিশিয়ে সেটাকে দিন পনেরো ভালোভাবে রোদ খাওয়ান। এরপর সেই তেল গায়ে মাখলে খোস, চুলকানি প্রভৃতি নানাবিধ চর্মরোগ বিনষ্ট হবে।

• চুল উঠে যাচ্ছে, বন্ধু-বান্ধবের রসিকতা, হাসিঠাট্টা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। মনে মনে কষ্ট না পেয়ে বেশ খানিকটা দূর্বা সংগ্রহ করে আনুন। এরপর দূর্বার রস তেলে মিশিয়ে ভালোভাবে জ্বাল দিন। ওই তেল মাথায় মাখলে অবশ্যই চুল ওঠা বন্ধ হবে।

ডুমুর ও বেগুন

আমাদের সবথেকে বড় অসুখ হল রক্তহীনতা। ইংরেজিতে যাকে অ্যানিমিয়া বলে। এই রক্তহীনতা দূর করার জন্য আমাদের প্রকৃতিতে পথ্যের ব্যবস্থা আছে। আপাতত এই পর্যায়ের আলোচনায় আমি দুটি জিনিসের কথা বলব। একটি হল ডুমুর এবং অন্যটি বেগুন।

ডুমুর

ডুমুর গাছটির ফল, মূল, মূলের ছাল ও পাতা থেকে দুধের মতো একরকম আঠা নির্গত হয়। এই আঠা বিভিন্নভাবে ওষুধে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এই আঠা নানা রোগ নিরাময়েও সাহায্য করে। কোনও জায়গা কেটে গেলে বা রক্তপাত বন্ধ না হলে ক্ষতস্থানে ওই আঠা লাগালে রক্তপাত বন্ধ হবে এবং ব্যথাও কমে যাবে।

বেড়াল, ইঁদুর বা কোনও পোকামাকড় আঁচড়েছে বা কামড়েছে— সেক্ষেত্রে ওই আঠা অব্যর্থ কাজ দেয়। আক্রান্ত স্থানে আঠা লাগালে যন্ত্রণার উপশম হবেই। দেহের কোনও স্থানে আঘাত লেগে ফুলে গেছে, ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে কোনওকিছু চিন্তা না করে অল্প জলের সঙ্গে ডুমুরের আঠা মিশিয়ে ওই স্থানে লাগালে ব্যথা ও ফোলার উপশম হবে।

মাড়ি ফুলেছে, গলায় প্রবল ব্যথা, মুখে ঘা হয়েছে। এক্ষেত্রে ডুমুরের আঠা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। ডুমুর আঠা অল্প জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দু-তিনবার গার্গল করলেই হাতে হাতে ফল পাবেন। ফোলা, ব্যথা বা ঘা একদম সেরে যাবে।

শরীরের নানা স্থান দিয়ে রক্তপাত হচ্ছে, এমনকী রোমকূপ দিয়েও রক্ত বেরচ্ছে। ভয় পাবেন না, কাউকে দিয়ে ডুমুর আঠা সংগ্রহ করান। এর এক চামচ পরিমাণ আঠা এক ছটাক জলে মিশিয়ে খেয়ে নিন। সারাদিনে বার তিনেক খেলেই উপকার পাওয়া যাবে। অর্শের রক্তপাতেও এটি কাজ দেবে। ব্যবহারের পদ্ধতি একইরকম।

ডুমুর পাতার কুঁড়ি, অর্থাৎ সদ্য প্রকাশিত হচ্ছে এইরকম পাতা আতপ চালের সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে চিবিয়ে খেলে আমাশা সেরে যাবে।

টিবি বা অন্য কোনও কারণের জন্য মুখ দিয়ে রক্ত উঠছে। এক্ষেত্রে কচি ডুমুর থেঁতো করে সেই রস মিছরির সঙ্গে মিশিয়ে সারাদিনে দু-তিনবার খেলে রক্ত ওঠা বন্ধ হবে। এবার আসছি পরিণত ফলের কথায়, ডুমুর তরকারি করে খেলেও তার গুণ নষ্ট হয় না। এই ফলটি অত্যন্ত উপকারী।

মনে রাখবেন ডুমুরে প্রচুর আয়রন আছে। তাই কোষ্ঠকাঠিন্য থাকলে ডুমুর না হওয়াই ভালো। আগেই তো বলেছি, ডুমুর অত্যন্ত সুখাদ্য এবং ঔষধিগুণে ভরপুর। কোষ্ঠকাঠিন্য না থাকলে পথ্য হিসেবে সবসময়ই ডুমুর খাওয়া যায়। যাঁরা রক্তহীনতায় ভুগছেন তাঁরা যদি নিয়মিত ডুমুরের তরকারি খেতে পারেন তাহলে তাঁদের এইসমস্যা চলে যাবে।

বহুমুত্র রোগে যে-কোনও ওষুধের থেকে ডুমুর বেশি কাজ দেয়। নিয়মিত ডুমুরের তরকারি খেলে অবশ্যই রোগের উপশম হবে।

গনোরিয়া রোগেও ডুমুর ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রেও ডুমুরের তরকারি খাওয়াতে হবে।

দীর্ঘদিন রোগে ভুগে রোগী শীর্ণকায় ও দুর্বল হয়ে পড়েছেন, এইরকম অবস্থায় পথ্য হিসেবে নিয়মিত ডুমুর খাওয়ালে উত্তম ফল পাওয়া যায়।

বেগুন

বেগুন শুধু খাদ্য নয়, নানা খাদ্যগুণে ভরা একটি উৎকৃষ্ট ফল। বেগুন অনেক অসুখ নিরাময়ও করে। যেমন বেগুন খিদে বাড়ায়, কফ কমায়, মূত্রকারক এবং বাতনাশক। কচি বেগুন শুক্রবর্ধক। আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে কফ, বায়ু ও পিত্তের ভারসাম্য নষ্ট হলেই নানা রোগ হয়। বেগুন এই বায়ু, কফ ও পিত্ত অর্থাৎ ত্রিদোষ নষ্ট করে।

বেগুন অত্যন্ত হালকা বা লঘু, কফ, মেদ ও আমদোষ কমাতে ভীষণভাবে সাহায্য করে। এক ধরনের ছোট সাদা বেগুন পাওয়া যায় যেগুলো পুড়িয়ে খেলে অর্শ রোগের উপশম হয়।

বেগুন পাতা শরীরের সবরকম বিষদোষ নষ্ট করে। বেগুন পাতা বেটে খাওয়ালে আফিং-এর বিষদোষ নষ্ট হয়। যক্ষ্মা বা অন্য কারণের জন্য মুখ দিয়ে রক্ত উঠলে বেগুন পাতা বেটে সেই রস খাওয়ালে উপকার পাওয়া যায়।

একটা বয়েসে কম বেশি সবাই ব্রণের সমস্যায় ভোগেন। ব্রণ মুখের সৌন্দর্য হানি করে। ব্রণ হয়েছে, একভাগ বেগুনের ফুল আধখানা গোলমরিচ একসঙ্গে জল দিয়ে বেটে ব্রণের ওপর প্রলেপ দিলে উপকার হবে।

বাতের সমস্যায় জর্জরিত হচ্ছেন, হাত বা পায়ের বোধশক্তি নষ্ট হয়ে গেছে। সেই অঙ্গে কোনও সাড় নেই। এক্ষেত্রে বেগুন সিদ্ধ করে বা তেলে ভেজে নিয়মিত খেলে সুন্দর ফল পাওয়া যায়, বোধশক্তি ফিরে আসবে। তবে দীর্ঘদিন খেতে হবে। যেহেতু বেগুন নিয়মিত খেলে কোনও অপকার হয় না, তাই নিয়মিত বেগুন খাওয়া যেতে পারে।

রাতে বিছানায় গিয়ে শুচ্ছেন, সবাই ঘুমিয়ে পড়েছে, অথচ আপনি ঘুমতে পারছেন না। সে কী ভয়ঙ্কর কষ্ট। নিদ্রাহীনতায় ভুগছেন। এক্ষেত্রে বেগুন হিতকারী বন্ধুর ভূমিকা পালন করবে। প্রতিদিন সকালে সিদ্ধ বেগুনের সঙ্গে মধু মিশিয়ে খেলে ঘুম আবার আপনার কাছে ফিরে আসবে।

আঙুলহাড়া হয়েছে, যন্ত্রণায় মাথা খারাপ হবার উপক্রম, একটি বেগুনের ভিতর গর্ত করে তার মধ্যে আক্রান্ত আঙুলটি পুরে রাখলে যন্ত্রণার হাত থেকে রেহাই মিলবে।

বেগুন পোড়া খেলে খোস, পাঁচড়া প্রভৃতি চর্মরোগ সেরে যায়। বসন্তকালে নিম বেগুন ভাজা খান না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই নিম বেগুন ভাজা বসন্ত রোগের একটি বড় প্রতিষেধক।

এছাড়াও কচি বেগুন রক্তবৃদ্ধি ও রক্তশোধন করতে ভীষণভাবে সাহায্য করে।

হিঞ্চে

এক সময় বাঙালি পরিবারে ছোটদের ধরে হিঞ্চে শাক ভাতে খাওয়াবার রেওয়াজ ছিল। হিঞ্চেতে বায়ু, পিত্ত, কফ তিনটেই বশীভূত থাকে। আয়ুর্বেদ শাস্ত্র সমস্ত মানুষকেই এই তিনটি মাত্রায় বিভক্ত করেছেন—পিত্ত প্রধান, কফ প্রধান, বায়ু প্রধান অথবা বিভিন্ন পরিমাণে যাবতীয় মিশ্রণ।

এই হিঞ্চের ভয়ে অনেক শিশুই প্রমাদ গুনত। বড়রা প্রবল আস্ফালনে আলু ভাতের সঙ্গে খানিকটা হিঞ্চে শাক সিদ্ধ তাল পাকিয়ে শিশুদের মুখে ঢুকিয়ে দিতেন। স্বাস্থ্য সচেতন বড়রা মুখ বুজে গলাধঃকরণ করতেন, মাঝে মাঝে কপালে হাত রেখে দেখতেন পিত্তজনিত উত্তাপ কমে দেহ শীতল হচ্ছে কিনা? বাঙালি পরিবারে অনেক আতঙ্কের সঙ্গে এই হিঞ্চে আতঙ্কটিও কিছু কম যেত না। আর একটি ছিল কালমেঘ এখন সে রেওয়াজ অনেকটা কমেছে। কারণ যৌথ পরিবার আর নেই।

অথচ হিঞ্চের কত ভালো ভালো নাম। হিন্দিতে একে হুরহুল, মুম্বাইতে হুরহুচী, ওড়িশায় হিরমিচা ও অসমে মনোয়া শাক নামে ডাকা হয়।

হিঞ্চে জলজ শাক, অসম, ওড়িশা ও বিহার ছাড়া পশ্চিমবাংলার খাল, বিল, পুকুরে এই অতি উপকারী শাকটি জন্মায়।

ব্যবহার বিধি

যাঁর বাত আছে তিনি ছাড়া আর অন্য কেউই বাতের যন্ত্রণার কষ্ট যে কী ভয়ঙ্কর তা বুঝতে পারবেন না। এখন যদি এই রোগটি কারুর শরীরে এসে বাসা বাঁধে তাহলে তিনি কী করবেন? তিনি কী ভাববেন এই বয়েসে বাত হবার তো কথা নয়। এদিকে তাঁর কোমরের নীচের অংশে ব্যথা শুরু হয়েছে। যাকে বলে আড়ষ্ট ব্যথা এবং কোনও কোনও সময় রাতের দিকে পায়ের পেশীতে টানও ধরে।

মনে রাখবেন বায়ু, পিত্ত ও কফ কুপিত হলেই সমস্যার শুরু হয়। কফ বিকৃত হওয়ার জন্যই কোমরের নীচ থেকে ব্যথা ও টান ধরে। ভয় পাবেন না। হিঞ্চের রস আপনাকে বাঁচিয়ে দেবে। হিঞ্চে জলের কিনারায় জন্মায়। যিনি এই শাকটি চেনেন তাঁকে দিয়ে কিছুটা এই শাক জোগাড় করে আনান, তারপর বাকি কাজটা করে ফেলুন। প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে হিঞ্চে শাক থেঁতো করে দু’চামচ মতো রস সংগ্রহ করুন। তারপর ওই রস একটু গরম করে খেয়ে নিন। সকালের দিকে কিছুদিন গরম করে খেলেই উপকার পাবেন।

• খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। কোনও কিছু খেতেই ইচ্ছে করছেন না। অপরিষ্কার জিভ। হিঞ্চে আপনার মুখের স্বাদ ফিরিয়ে দেবে। দু’চামচ মতো রস গরম করে কিছুদিন খেলেই হিঞ্চের উপকারিতা বুঝতে পারবেন।

• এখন আপনার হাঁটতে, চলতে কষ্ট হয়। অথচ আপনি ভয়ঙ্কর মোটাও নন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার চেহারার প্রশংসা করেন। কিন্তু বর্তমানে আপনার মনে হয়, এই শরীরটা আপনার নিজের নয়। এক্ষেত্রেও হিঞ্চে আপনাকে বাঁচাবে। দিনকয়েক হিঞ্চের রস একটু গরম করে দু’বেলা খেয়ে দেখুন সমস্যা পালাবার পথ পাবে না।

• শীত ও বর্ষাকাল এই দুটি ঋতুর আগমন সংবাদেই অনেকের বুক কেঁপে ওঠে। কারণ অনেকে এই দুই ঋতুতে খোস ও চুলকানিতে আক্রান্ত হন। এক্ষেত্রেও হিঞ্চে আপনাকে বাঁচাবে। তিন চামচ হিঞ্চের রস গরম করে সকালের দিকে ক’দিন খেয়ে দেখুন। হাতে হাতে উপকার পাবেন। শুধু কি খোস বা চুলকানি! কোনও জায়গা কেটে গেলেই ঘা হয়ে যায়। কিছুতেই সেটা সারতে চায় না। এই সমস্যা থেকে হিঞ্চে আপনাকে উদ্ধার করবে। দুই চামচ মতো রস অল্প গরম করে খাওয়া শুরু করুন।

• একটা সময় কী পরিশ্রমই না করতে পারতেন। আর এখন প্রায় রোজই কোমর থেকে পুরো পা পর্যন্ত ফুলে যাচ্ছে। বিশ্রাম করলে অবশ্য সেই ফোলো কমে যায়। অনেক সময় হার্টের গোলযোগ থাকলে এইরকম সমস্যা হতে পারে। কিন্তু হার্ট যদি এর জন্য দায়ী না হয় তাহলে এই ফোলার মোকাবিলা হিঞ্চের সাহায্যে করতে পারেন। হিঞ্চে শাক বেটে পায়ে ও কোমরে কদিন প্রলেপ দিন। উপকার পাবেন।

• শীতকালে অনেকের গায়ে ছোট ছোট কাঁটার মতো এক প্রকার চর্মরোগ বেরোয়। এই চর্মরোগ ও ঘামাচিকে কিন্তু হিঞ্চে কাবু করে ফেলে। হিঞ্চে বেটে গায়ে মাখলে এগুলি সেরে যাবে।

• মুখ থেকে গরম ভাপ বেরোচ্ছে, সঙ্গে চোখ জ্বালাও রয়েচে। এই সমস্যার শুরু বর্ষাকালে হলেও শরৎকালে ভোগায় বেশি। এক্ষেত্রে দু’চামচ হিঞ্চের রস গরম করে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে দেখুন। অবশ্যই সমস্যা কেটে যাবে।

• পেট কিছুতেই পরিষ্কার হয় না। সারাদিন একটা অস্বস্তি বোধ থেকেই যায়। এর সঙ্গে আরও কিছু সমস্যা রয়েছে। এবারও হিঞ্চে আপনাকে বাঁচাবে। দিনের মধ্যে একবার একটু গরম করে হিঞ্চের রস খেয়ে দেখুন। সমস্যা পালাবার পথ পাবে না।

নিম আর পটল

দ্রব্যগুণ শব্দটিকে ভাঙলে যা পাওয়া যায় তা হল দ্রব্যের গুণ। অর্থাৎ আমাদের পৃথিবীতে বহু ধরনের গাছপালা, শাক, সবজি, ধাতু, মৃত্তিকা প্রভৃতি আছে। এদের প্রত্যেকের নিজস্ব গুণ যেমন আছে, সেই রকম দোষও আছে। স্রষ্টা এই পৃথিবীকে একেবারে ভরে রেখেছেন। মানুষের জৈব প্রয়োজন মেটায় শাক, সবজি, ফল, মূল। আবার মানুষের ব্যাধি নিরাময়ের জন্য রেখে দিয়েছেন বহু ওষধি এবং খনিজ পদার্থ। যেমন, আমরা প্রতিদিন আমাদের আহার্যে যে সমস্ত সবজি ব্যবহার করি তার প্রত্যেকটির নিজস্ব গুণ আছে। আলু, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, কুমড়ো, পেঁপে, উচ্ছে, লাউ প্রভৃতি আমাদের শুধু খিদে মেটায় না, আমাদের শরীরকে, স্নায়ুকে, আমাদের দেহগত সমস্ত যন্ত্রকে সুস্থ থাকার উপাদান জোগায়। একালে চিকিৎসাশাস্ত্র এবং নিউট্রিশান তত্ত্বে দুটি জিনিসের ওপর অতিশয় গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হল ভিটামিন এবং অন্যটি হল মিনারেলস। শুধু ভিটামিন হলেই হবে না তার সঙ্গে পরিমাণমতো ধাতব উপাদানের জোগানও অপরিহার্য। যেমন দস্তা, তামা এবং ক্ষার জাতীয় লবণ, যথা—সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম।

আমাদের শস্যজগৎ থেকে অতি সহজেই এইসব উপাদান আমরা জোগাড় করতে পারি। নিউট্রিশানিস্টরা সেই কারণেই রোগ, রোগের চিকিৎসা এবং রোগারোগ্যের সঙ্গে সুষম আহারের ওপর অত্যন্ত জোর দিচ্ছেন। এর বাইরে আহার্য নয় কিন্তু ওষুধে ভরপুর বহু ওষধি আছে যা আমাদের প্রায় সমস্ত অসুখই ভালো করতে পারে। যেমন, কালমেঘ, নিম, কুলেখাড়া, পুদিনা, হিঞ্চে, গুলঞ্চ, থানকুনি, গাঁদাল প্রভৃতি। এর পাশেই রয়েছে ধাতু। এই ধাতু কাঁচকলা, ঝিঙে, ঢ্যাঁড়স, শাঁকালু, আম, লেবু প্রভৃতিতে আছে। এছাড়াও বিভিন্ন অম্লজ দ্রব্য বা অ্যাসিড সংগৃহীত হয় লেবু থেকে। এর পাশাপাশি আছে পিপুল, আদা, মরিচ, বেলপাতা, তুলসীপাতা, শশা। বহুবিধ দ্রব্য ও তার গুণাবলি আয়ুর্বেদ শাস্ত্রে নানাভাবে পরীক্ষিত ও প্রযুক্ত হয়েছে।

বহু দ্রব্যের বহুগুণ। গবেষণা ঠিক পথে চালিত হলে রোগ নিরাময়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন নতুন দিগন্ত খুলে যেতে পারে। আমাদের প্রথম আলোচনার বিষয় দুটি অতি সুপরিচিত দ্রব্য নিম ও পটল।

নিম

আয়ুর্বেদ শাস্ত্রে নিম অথবা নিম্ব অত্যন্ত উপকারী ভেষজ। ঘি, চর্বি, মিষ্টি ও অম্লজাতীয় খাদ্যবস্তু অত্যাধিক খাওয়ার ফলে শরীরে রসধাতুর পরিমাণ বৃদ্ধি পায়। এবং এই রসধাতুই সমস্ত রসবহনকারী স্রোতের পথ রুদ্ধ করে দেয়। এর ফলে বহুরোগের সৃষ্টি হয়। এইসব ক্ষেত্রে নিম বা নিম্ব প্রতিষেধক ও প্রতিরোধকের ভূমিকা পালন করে। বসন্তকালে হাম, বসন্ত প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই আমরা এইসময় নিম ব্যবহার করতে বলি। কচি নিমপাতা ভাজা যে অত্যন্ত উপাদেয় ও সুস্বাদু একথা সবাই স্বীকার করবেন। কচি নিমপাতা হাম, বসন্ত প্রতিরোধে দারুণ সাহায্য করে। শুধু তাই নয়। নিম জীবাণুনাশকও বটে। হাম বা বসন্ত রোগে আক্রান্ত রোগীর ঘরে নিমডাল রাখা হয় যাতে এই ছোঁয়াচে রোগটি অন্য কারুর শরীরে সংক্রামিত হতে না পারে সেই জন্য। শুধু হাম বা বসন্ত নয় বিভিন্ন রোগ উপশমের জন্য আমরা নিমের শরণাপন্ন হই। শুধু রোগ কেন গ্রীষ্মকালে অত্যাধিক ঘাম ও শরীরে ঘামের দুর্গন্ধ দূর করতে আমরা নিম রস ব্যবহার করতে বলি। নিমপাতার রসের সঙ্গে অল্প কাঁচা হলুদের রস মিশিয়ে দিনে যদি একবার করে খাওয়া যায় তাহলে দুর্গন্ধ ও ঘাম নির্মূল হবে।

তাই নিমের উপকারিতা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই। কারণ নিমের কোনও কিছুই ফেলা যায় না। পাতা, ছাল, আঠা, মূল, মূলের ছাল সবকিছুই আমাদের প্রয়োজনে লাগে। আয়ুর্বেদ শাস্ত্রে নিমের এই বিভিন্ন অংশ ব্যবহারের কথা বলা আছে। চৈত্র, বৈশাখ, জৈষ্ঠ মাসে নিমের ছাল ও কাঠ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দাহজনিত রোগে নিমের এই অংশ বিশেষ উপকারী। আবার বর্ষায় নিমমূলের ছালের রস প্রধান ভূমিকা নেয়। এছাড়া পিত্ত ও শ্লেষ্মানাশে নিম ভীষণ কার্যকারী। তাই নিমকে অনায়াসেই ভেষজ সম্রাট বলা যেতে পারে।

কামলা রোগ : নিমপাতার রস মধু দিয়ে সকালে খালি পেটে খেতে হবে। তবে ডোজ এবং ক’দিন খেতে হবে তা রোগীকে দেখে চিকিৎসক ঠিক করে দেবেন।

অরুচি : কিছু খেতে ভালো লাগছে না। রসগোল্লা এত প্রিয় অথচ সেই রসগোল্লা দেখে শরীর শিউরে উঠছে। এক্ষেত্রে নিমপাতা চূর্ণ ব্যবহারে আবার রুচি ফিরে আসবে।

কৃমি : কুঁচো কৃমির উপদ্রবে নিমপাতা গুঁড়ো অব্যর্থ কাজ দেয়।

অল্পজ্বরে : নিমপাতা গুঁড়ো, মকরধ্বজ ও মধু সহযোগে খেলে ফল হাতে হাতে মিলবে।

যকৃতের ব্যথা : চিকিৎসকের নির্দেশমতো নিমের ছাল, কাঁচা হলুদ ও আমলকী একসঙ্গে নিয়ে জল দিয়ে অল্প কিছুদিন খেলেই ব্যথা উধাও হয়ে যাবে।

সুগারে : নিমপাতা ও গোলমরিচ সকালে খালি পেটে চিবিয়ে খেলে ফল মিলবে।

রক্তদূষণ : রক্তদূষণের ফলে গায়ে চুলকানি বা দাদ থাকলে নিমপাতা জলে সিদ্ধ করে সারাদিনে অল্প অল্প করে খেতে হবে।

চর্মরোগ : নিমতেল চর্মরোগে দারুণ কাজ দেয়। আক্রান্ত স্থানে নিমতেল নিয়মিত ব্যবহার করলে উপকার মিলবেই।

পটল

অদ্ভুত একটি সবজি হল পটল। বন্য এই গাছটির ফল একসময় তিক্তস্বাদ যুক্ত ছিল। পরবর্তীকালে নানাপ্রকার গবেষণার মাধ্যমে তিক্তস্বাদ দূর করে পটলকে খাদ্যের উপযোগী করে তোলা হয়। লতানে এই গাছটির মধ্যে একাধারে তিনটি গুণ রয়েছে। যেমন, এই লতানে গাছটির পাতা অর্থাৎ পলতা পাতা পিত্তনাশ করে। গাছের কাণ্ডটি নাশ করে কফ। এবং সেই গাছের ফল পটল একসঙ্গে বায়ু, পিত্ত, কফকে দমন করে। এর মূল জোলাপ হিসেবে ব্যবহৃত হয়।

পলতা বা পটল লতা অম্ল পিত্ত রোগে বিশেষ উপযোগী। কাঁচা ডাঁটা ও পাতা আন্দাজ মতো থেঁতো করে গরমজলে সিদ্ধ করে সকালে খালি পেটে খেলে দারুণ কাজ দেয়। এবং পেট পরিষ্কার না হলে হরীতকীর শাঁস ওই সিদ্ধ জলে ফেলে দিলে অবশ্যই উপকার পাওয়া যাবে।

আগেই বলেছি পটল পেটের পক্ষে অত্যন্ত উপকারী। কচি পটলের ঝোল বা সিদ্ধ পটল অথবা পটলের রস ব্যবহারে আন্ত্রিকের লক্ষণ থাকলে অনেক সময় কমে যায়। শুধু তাই নয় পটল অত্যন্ত বলকারক। টাইফয়েডের সময় পটল ও ঝিঙে দিয়ে ঝোল করে খাওয়ালে উপকার হয়।

পটল কোথায় এবং কীভাবে

বসন্তের খোসা ফেলতে বা দাগ দূর করতে পটল পোড়ার রস অব্যর্থ। দরকচা মারা ফোঁড়ায় পটলের শাঁস ন্যাকড়ায় লাগিয়ে আক্রান্ত স্থানে লাগালে ফোঁড়া ফাটবে। পটল পোড়ার রস ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে কিছুক্ষণ রাখলে ভয়ঙ্কর মুখের দুর্গন্ধ কমে যাবে।

পটলের খোসা ছাড়িয়ে উনুনে সেঁকে তার রস মধুসহ খেলে জ্বর, হাত-পা জ্বালা, বমি বমি ভাব দূর হবে। বীজ ফেলে খোসাসমেত পটল সেঁকে আক্রান্ত আঙুল ওই পটলে ঢুকিয়ে রাখলে আঙুলহারার মতো যন্ত্রণাদায়ক ঘাও সেরে যায়। সবশেষে যে কথাটি বলব তা হল পটলের মূল থেকে শুরু করে সবকিছুই আমাদের কাজে লাগে।

আখ

পর্তুগিজরা আজ থেকে চার-পাঁচশো বছর আগে ভারতবর্ষে এসে তাঁদের বৃত্তান্তে লিখেছিলেন, এদেশের আখ ও সুন্দর সাদা চিনির কথা। আমাদের মসলিনের মতো এই চিনিও বিদেশিদের প্রলুব্ধ করেছিল। আমাদের ভেষজ সম্পদকে বেদে বলা হয়েছে ওষধি। চিনি ছাড়া আমাদের জীবন কতটা অপূর্ণ হতো তা সহজেই অনুমান করা যায়। নুন ও চিনি প্রায় একই রকম দেখতে, বিপরীতধর্মী স্বাদ এবং দুটি অপরিহার্য বস্তু। আখের ছিবড়ে, তারও কত ব্যবহার। এই ফাইবার শুধু জ্বালানি নয়, এর ছাইও নানা গুণে ভরপুর।

আমরা বাংলায় যাকে আখ বলি সংস্কৃতে তাকে ইক্ষু বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে এটি একটি সুমিষ্ট তৃণ বিশেষ। হিন্দিভাষীরা ইক্ষুকে বলেন গন্না, ইখ, গাণ্ডা বা পোংডা। অসমিয়রা বলেন কুঁহিয়ার। মহারাষ্ট্রে আখকে বলা হয় উংস, গুজরাতে শেরডি।

যদিও আখ থেকে তৈরি চিনিকে মহাত্মা গান্ধী বলেছিলেন ‘হোয়াইট পয়জন’। কিন্তু আখের রসের প্রচুর গুণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে, আখের রস রক্তপিত্ত নাশক, বলকারক, শুক্রবর্ধক। আবার এও বলা হয় যে, আখের রসে কফ বৃদ্ধি হয়। আখের রস শরীর স্নিগ্ধ করে। এটি মূত্রবর্ধক, শীতবীর্য। অতএব গুণের তালিকায় আমরা পাচ্ছি— আখের রসে মূত্রকৃচ্ছতা দূর করে, পিত্ত নাশ করে।

একই আখের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম গুণ। যেমন—কচি আখ কফকারক, মেদবর্ধক ও প্রমেহজনক। মাঝবয়সি আখ বাতনাশক, মধুর রস, ঈষৎ তীক্ষ্ণ এবং পিত্তনাশক। বৃদ্ধ আখ অর্থাৎ যে আখের রস থেকে গুড় ও চিনি তৈরি হতে পারে তা শরীরের বল ও বীর্য বাড়ায়। কোথাও ক্ষত থাকলে কমায় এবং রক্তপিত্ত নাশ করে।

আখ থেকে রস যদি যন্ত্রে ফেলে নিংড়ে বের করা হয় তা শরীরের পক্ষে ক্ষতি কারক হতে পারে। তার কারণ এই রসে মাছি বসতে পারে এবং তার বর্জ্যপদার্থের দ্বারা খুব সহজেই রস দূষিত হতে পারে। এছাড়াও আখের রস কিছুকাল কোনও পাত্রে ধরা থাকলে পচনজনিত বিকৃতি ঘটে। আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে—যন্ত্র নিষ্পীড়িত ইক্ষু রস বিদাহী, বিষ্টম্ভী এবং গুরু। আখের রস কখনও রেখে খেতে নেই। বাসি আখের রস অহিতকারী, এতে অম্লরস থাকে। তবে একটু গুণও আছে। বায়ুনাশক ও অত্যন্ত মূত্রবর্ধক।

আখ মূলত মূত্র সংক্রান্ত পীড়াতেই দারুণভাবে কাজ করে। একটু বয়েস হলেই বহু পুরুষই প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যায় নাজেহাল হন। অনেক সময় পুরোনো আমাশা রোগের জন্য প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায়। এইরকম সমস্যায় তিন-চার চামচ করে আখের রস বেশ কিছুদিন খেতে হবে। কিন্তু রুগির রক্তে যদি শর্করার পরিমাণ বেশি থাকে তাহলে আখের রস খাওয়া চলবে না।

প্রস্রাবের রঙ সাদা, গায়ের রঙ ফ্যাকাসে হয়ে যাচ্ছে এই রকম সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের পাণ্ডুরুগি বলা হয়। এই সমস্যায় আক্রান্তদের যদি মূত্রকৃচ্ছ হয় তাহলে সাত-আট চামচ আখের রস এক কাপ জলের সঙ্গে মিশিয়ে কিছুদিন খাওয়াতে হবে। এতে অবশ্যই ফল পাবেন।

কারুর চোখ মুখ, হাত, পা জ্বালা করে। বিকেলের দিকে নিয়মিত জ্বর আসে। কোনও কিছুই খেতে ভালো লাগে না কারণ মুখে তিক্তস্বাদ বর্তমান। এক্ষেত্রে দিনে দু’বার করে তিন-চার চামচ আখের রস খাওয়ালে উপকার মিলবে।

গর্ভে সন্তান আসার পর মা তেমন পুষ্টিকর খাবার খেতে পাননি, এবং সন্তান ভূমিষ্ট হবার পরও তাঁকে পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব হয়নি। ফলে শিশুর শরীর কিছুতেই ভালো হচ্ছে না। এই রকম সমস্যা থাকলে বাচ্চাকে ছ’-সাত চামচ আখের রস দু-তিন চামচ চুনের জলের সঙ্গে মিশিয়ে খাওয়ালে অবশ্যই উপকার পাওয়া যাবে।

প্রায়ই নাক বন্ধ হয়ে যায়, ওষুধ দিলে কিছুক্ষণের জন্য খুলে যায়, তারপর আবার যে কে সেই। মাঝে মাঝে নাক দিয়ে রক্তও পড়ে। এইরকম সমস্যায় যাঁরা ভোগেন তাঁরা যদি দিনে দু-তিনবার আখের রসের নস্যি নিতে পারেন তাহলে দীর্ঘদিনের সমস্যার অবসান হবে।

বহুবার চিকিৎসক দিয়ে বুক পরীক্ষা করানো হয়েছে। বুকে সর্দি নেই, কিন্তু কাশি হচ্ছে এবং ব্যথাও আছে। এই সমস্যা যদি কোনও পুরোনো আঘাতের জন্য হচ্ছে বলে মনে হয় তাহলে সাত আট চামচ আখের রস, দু-তিন চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে অবশ্যই কাশি কমবে।

আখ আমাদের নানাভাবে উপকার করে। জণ্ডিসে আক্রান্ত হয়ে বিছানা ছেড়ে ওঠার শক্তি পর্যন্ত নেই। গায়ের রঙ হলুদ বর্ণ ধারণ করেছে। চিকিৎসকরা এই সময় আখের রস খেতে বলেন। তবে রাস্তা ঘাটে যে রস বিক্রি হয় তা কিন্তু কখনই খাবেন না। এই রস খেলে নানাবিধ সমস্যা শুরু হবে। রুগিকে আখ টুকরো টুকরো করে খেতে দিন। ওইভাবে যে রস শরীরে ঢুকবে তাতেই উপকার হবে।

হরীতকী

হরীতকী হল সাধকের ফল, সাধন জগতে হরীতকীর মর্যাদা অসীম। যে কোনও পূজায় একটি হরীতকীর উপস্থিতি অবশ্যই দেখা যাবে। এটি ত্রিদোষ নাশক। বায়ু, পিত্ত, কফ—এই নিয়েই মানুষের শরীর। আয়ুর্বেদ এই তিনটির মিলিত, মিশ্রিত রূপই দেখতে পান জীব শরীরে।

আয়ুর্বেদ শাস্ত্রে সাত রকমের হরীতকীর উল্লেখ থাকলেও আমরা মাত্র দুটি ধরনের সঙ্গেই পরিচিত। একটি বড়, আর একটি ছোট। ছোট হরীতকীর রঙ কালো। আমাদের কাছে এটি জাঙ্গী হরীতকী নামেই পরিচিত। অবশ্য বড় এবং ছোট এই দুই হরীতকী কোনও পৃথক গাছে জন্মায় না। একই গাছের ফল। ছোট হরীতকী কাঁচা অবস্থায় সংগ্রহ করে শুকিয়ে নেওয়া হয়। তাই আয়ুর্বেদ শাস্ত্রে ছোট হরীতকীকে অনেকই চেতকী হর্তুকীও বলেন।

আমাদের শাস্ত্রে ওষুধে হরীতকী প্রয়োগের যাবতীয় নির্দেশ আছে। যে হরীতকী আকারে বেশ বড়, যার শাঁস বেশি এবং আঁটি ছোট ও সেই আঁটি জলে ফেললে ডুবে যায়—সেইরকম হরীতকীই ওষুধ হিসেবে গ্রহণ করতে হয়। অবশ্য গ্রহণের ক্ষেত্রে বড় ও ছোট উভয়ই ব্যবহার করা চলে। তবে দেখতে হবে সেগুলি যেন পোকা ধরা না হয়৷

হরীতকী জিভে ফেললেই পাঁচটি রসের আস্বাদ পাওয়া উচিত। যেমন অম্ল, মধুর, কটু, তিক্ত ও কষায়। একটি মাত্র স্বাদ এতে নেই, সেটি হল লবণ। প্রবল রস হল কষায়। যার তলায় অন্য চারটি চাপা পড়ে যায়।

আমাদের শাস্ত্র এই ফলটির বিশ্লেষণে বলছেন, হরীতকী গুণে রুক্ষ ও লঘু, উষ্ণবীর্য, স্বাদে-মধুর রস বিশিষ্ট। যার ফলে হরীতকী হল, অগ্নিদ্দীপক, মেধাজনক, পুষ্টিকারক, আয়ুবর্ধক, রসায়ন, চোখের পক্ষে হিতকর এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

যেসব অসুখে হরীতকী উপকারী তা হল শ্বাসকষ্ট, কাশি, প্রমেহ, অর্শ, কুষ্ঠ, শোথ, উদরী, কৃমি রোগ, গ্রহণী, বিষম জ্বর, গুল্ম, তৃষ্ণা, বমন, হিক্কা, চুলকানি, হৃদরোগ, কামলা, শূল, প্লীহা, যকৃতের গোলযোগ, পাথুরী, মূত্র কৃচ্ছ্রতা প্রভৃতি। এছাড়া হরীতকী পেট ফাঁপাও কমায়।

হরীতকী প্রয়োগের আরও কয়েকটি দিক আছে। যেমন লবণের সঙ্গে খেলে কফ কমে যায়। চিনি সহযোগে খেলে পিত্ত কমে, আর ঘি মিশিয়ে খেলে বায়ু কমে যায়। এছাড়া গুড়ের সঙ্গে খেলে সমস্তরকম রোগে উপকার পাওয়া যায়। এমন অভ্যাস করা যেতে পারে প্রতিদিন খাবার পর একটুকরো হরীতকী মুখে রাখা। এতে হজমের গোলযোগ নিয়ন্ত্রণে থাকবে এবং অন্যান্য অসুখ সহজে কাছে ঘেঁষতে পারে না।

ব্যবহার

কোষ্ঠবদ্ধতা এক বড় সমস্যা। এখন এই সমস্যায় প্রায় কম বেশি সবাই নাজেহাল হন। ছ’-সাত গ্রাম হরীতকী চূর্ণ সমান পরিমাণ চিনির সঙ্গে মিশিয়ে গরম জল সহযোগে খেলে সমস্যা দূর হবে। চিনির পরিবর্তে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে গরম জলের সঙ্গে খেলে একই ফল পাওয়া যায়।

• হরীতকী চূর্ণ বাসক পাতার রসে ভিজিয়ে ছায়ায় শুকিয়ে আবার বাসক পাতার রসে ভিজিয়ে ছায়ায় শুকিয়ে নিতে হবে। এইভাবে সাতবার ভাবনা দিয়ে চূর্ণ করে তার তিন গ্রাম মতো নিয়ে সামান্য পিপুলের গুঁড়ো ও মধু মিশিয়ে দিনে একবার করে একমাস টানা খেতে পারলে ভয়ঙ্কর রক্তপিত্তও কমে যাবে।

• চার চামচ নিশিন্দা পাতার রসের সঙ্গে হরীতকী চূর্ণ মিশিয়ে খেলে চর্মরোগে উপকার পাওয়া যায়।

• ঘি কিংবা গুড়ের সঙ্গে হরীতকী খেলে অম্ল বা পিত্ত শূলে এবং গুল্ম রোগে উপকার পাওয়া যায়।

• দুটি গোটা হরীতকী দুধে সেদ্ধ করে কেবলমাত্র দুধটুকু ছেঁকে খেলে পাথুরী রোগে উপকার পাবেন।

• মধু সহ হরীতকী চূর্ণ খেলে সর্বদা গা বমি বমি ভাব কেটে যাবে। তবে সন্তানসম্ভবাদের বমি কমাতে এটি ব্যবহার করা উচিত নয়।

• গাওয়া ঘিয়ে হরীতকী ভেজে চোখের বাইরে প্রলেপ দিলে চোখ দিয়ে জল পড়া প্রভৃতি নানা চক্ষু রোগ ভালো হয়ে যাবে।

• কোনও লোহার পাত্রে হরীতকী বারে বারে ঘষে সেই ক্বাথ আঙুল হাড়ায় দিনের মধ্যে কয়েকবার প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

• দেহের কোনও স্থান পুড়ে বা কেটে গিয়ে ক্ষত হলে সেখানে হরীতকী চূর্ণ রেড়ির তেলে মিশিয়ে প্রলেপ দিলে খুব তাড়াতাড়ি ক্ষত শুকিয়ে যাবে।

পেঁপে লাউ কুমড়ো নারকেল

পেঁপে, লাউ, কুমড়ো ও নারকেল। এই চারটি ফল আমাদের খুবই পরিচিত এবং আমরা খেয়েও থাকি। কিন্তু উপকারিতা জানি কি?

পেঁপে

পেঁপের মতো উপকারী ফল খুব কম পাওয়া যায়। পেঁপের অনেক গুণ। শিশুদের সুস্থ রাখতে পেঁপে সব সময়ই সক্রিয় ভূমিকা নেয়। এই ফলটি কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায়। রুগ্ন শিশু, স্বাস্থ্য ভালো নয়, অসুখ বিসুখ লেগেই আছে, তাদের কেবলমাত্র পেঁপে খাওয়ালেই উপকার হবে। তাছাড়া পাকা পেঁপে সবসময়ই খাওয়া যায়।

যকৃৎ খারাপ, অর্শ আছে, কোষ্ঠকাঠিন্য ও অজীর্ণ নিত্যসঙ্গী সেক্ষেত্রে পাকা ও কাঁচা পেঁপে বিশেষ কাজ দেয়। তবে কাঁচা পেঁপের উপকারিতা বেশি। কাঁচা পেঁপে ছোট ছোট করে কেটে ভিনিগারে ডুবিয়ে বেশ কিছুদিন রোদে শুকিয়ে আচার তৈরি করে চারপাঁচ টুকরো দিনে দুতিনবার খেলে প্লীহার রোগ সম্পূর্ণ সেরে যায়।

যে কোনও রোগেই পথ্য হিসেবে পেঁপে ব্যবহার করা হয়। পেঁপের তিন চার ফোঁটা আঠা একচামচ চিনি বা বাতাসার সঙ্গে মিশিয়ে খেলে জণ্ডিস (কামলা) রোগের উপশম হয়। এছাড়াও পেঁপের বীজ উদরাময় সারাতে ব্যবহার করা যায়। পেঁপের বীজ, শুকনো আদা, হিং ও সৈন্ধব লবণ গুঁড়ো করে তাতে পাতিলেবুর রস মিশিয়ে বড়ি তৈরি করে জলের সঙ্গে দিনে চারবার খেলে উদারময় অবশ্যই সারবে।

লাউ

আমাদের শাস্ত্র এত সুন্দর যে আমাদের ঋতু অনুযায়ী কোন সময় কী খেলে শরীর সুস্থ থাকবে কি অসুস্থ হবে তা নির্ণয় করে লিপিবদ্ধ করা আছে।

যেমন ধরুন, ভাদ্র মাসে কেন লাউ খাওয়া উচিত নয়? এই সময় সৌরতেজের যেমন হ্রাস বৃদ্ধি ঘটে তেমনই দেহেরও তাপ বৃদ্ধি পায়। আর্দ্রতার জন্য শরীরের অভ্যন্তরের তাপও তাড়াতাড়ি বেরতে পারে না। তাছাড়া উত্তারায়ণ শুরু হয়ে যাওয়ায় সূর্যের তাপ অপেক্ষকৃত কম থাকলেও আর্দ্রতার জন্য নানা অসুবিধা হয়। লাউয়ের জলীয় অংশ ভীষণই গাঢ়। তাই ভাদ্র মাসে লাউ খেলে পেট গরম বা অগ্নিমান্দ্য অবশ্যই হবে। অন্যসময় এই লাউ কিন্তু শরীর শীতল রাখতে সাহায্য করে। ভাদ্র মাসে লাউ মানুষের শত্রু। কিন্তু অন্য মাসে এই শত্রু লাউ মানুষের উপকারী বন্ধুর ভূমিকা পালন করে।

লাউ-এর পাতা, বীজ, ফল ও মূলকে বিভিন্নভাবে আয়ুর্বেদে কাজে লাগানো হয়েছে। লাউ ঝলসে নিয়ে তার তিন-চার চামচ রস আধ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে গায়ের জ্বালা, বমি ও জ্বর দূর হবে।

অম্বল : পেটে বায়ু রয়েছে, ঢেঁকুর তুলতেও ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। সঙ্গে কোষ্ঠকাঠিন্য আছে। ঝলসানো লাউ-এর দু-তিন চামচ রস একটু মধু সহযোগে খেলে ভালো ফল পাওয়া যায়। শীত ও গ্রীষ্মকালে অনেক সময় গায়ে হাত দিলে গরম বোধ হয় সেক্ষেত্রে ঝলসানো লাউ-এর রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে অবশ্যই উপকার হবে।

পেট পরিষ্কারে : পেট পরিষ্কার হচ্ছে না, মলদ্বারে জ্বালা যন্ত্রণা আছে। এইরকম সময় ঝলসানো লাউ-এর রস চিনি সহ খেতে হবে। অনেক সময় মল শক্ত হয়ে যায়, সেইসময় লাউডাঁটা থেঁতো করে চার-পাঁচ চামচ রস জলের সঙ্গে মিশিয়ে খেলে অসুবিধা দূর হবে।

জণ্ডিস : সবে শুরু হয়েছে, সেই সময় ঝলসানো লাউ পাতার রস চার-পাঁচদিন খাওয়ালে উপকার পাওয়া যাবে।

মুখের লাবণ্য : লাউ-এর ভিতরকার নরম অংশ রোজ মুখে ঘষলে মুখের হারানো লাবণ্য অবশ্যই ফিরে আসবে।

ছুলি : এক টুকরো লাউ ঝলসে নিয়ে আক্রান্ত স্থানে কয়েকদিন ঘষলে সাময়িকভাবে ছুলি সেরে যায়।

চোখে ছানি : চোখে সবে ছানি পড়ছে, হাত ভীষণভাবে পরিষ্কার করে, লাউফুলের সাদা অংশ হাতে রগড়ে নিয়ে একফোঁটা করে দুই চোখে কিছুদিন দুদিন অন্তর, তারপর একদিন অন্তর ব্যবহার করলে অবশ্যই সুফল পাওয়া যাবে।

শ্বেতী : সবে শ্বেতীর লক্ষণ দেখা যাচ্ছে, আক্রান্তস্থানে রোজ লাউফুল রগড়ে লাগালে উপকার হবে।

কুমড়ো

কুমড়ো ভীষণই পুষ্টিকারক, শুক্রবর্ধক, রক্তপিত্ত এবং বায়ুনাশক। কচি কুমড়ো শরীর স্নিগ্ধ করে, মাঝারি কুমড়ো কফ বর্ধক, যাঁদের কফের ধাত নেই তাঁরা নির্ভয়ে মাঝারি কুমড়ো খেতে পারেন। আবার পাকা কুমড়ো ক্ষুধা বৃদ্ধি করে এবং সহজে হজম হয়। পাকা কুমড়ো সর্বদোষ নষ্ট করে, শুধু তাই নয় কুমড়ো খুব গরমও নয় এবং ঠান্ডাও নয়।

নারকেল

নারকেল পুষ্টিকারক ও বলকারক। নারকেল একটু ঠান্ডা ধরনের। এর শাঁস ও জল বাত, পিত্ত, রক্তদোষ এবং গায়ের জ্বালা দূর করে। কচি নারকেল পিত্তের তারতম্যে যেসব রোগ হয় তা দূর করে। আগেই বলেছি ডাবের জল শীতল, শুক্রবর্ধক, পিপাসানাশক ও ক্ষুধা বৃদ্ধি করে।

কিডনিকে শোধন করে দোষমুক্তও রাখে ডাবের জল।

ডালিম

ডালিম, অ্যানিমিয়ায় যাঁরা আক্রান্ত তাঁদের রক্তবৃদ্ধির জন্য আয়ুর্বেদিক চিকিৎসক এই ফলটি খেতে বলতেন। আমাদের দেশে ডালিমের ফলন হলেও এই ফলটি কিন্তু আমদানিকৃত অর্থাৎ কাবুল ও পারস্যের ডালিমের ধারেকাছে যেতে পারে না। স্বাদে ও গুণে অবশ্যই প্রথম স্থান দখল করে আছে বিদেশি ডালিম।

ডালিমকে আমরা নানা নামে চিনি। যেমন এই ফলটিকে দাড়িম, দম্ভবীজ, লোহিতপুষ্পক নামেও ডাকা হয়। আমাদের দেশের বিভিন্ন প্রদেশের মানুষ ডালিমকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আবার বিদেশে, যেমন ফরাসি দেশে ডালিমকে অনার এবং আরবিতে রুমানহাসীজ নামে ডাকা হয়।

রসভেদে ডালিমকে আমরা মধুর, অম্লমধুর ও অম্ল এই তিন ধরনে ভাগ করেছি। মধুর ডালিম বায়ু, পিত্ত, কফ, পিপাসা, দাহ, জ্বর, কণ্ঠগত রোগ, মুখরোগনাশক, তৃপ্তিকারক, শুক্রবর্ধক, লঘু, ঈষৎ কষারসযুক্ত, মেধা এবং বলবর্ধক।

অম্লমধুর ডালিম অগ্নি দীপ্তিকারক, রুচিকর, অল্প পিত্তবর্ধক ও লঘু। আবার অম্ল ডালিম পিত্ত বৃদ্ধি করে, অম্লরস, কফনাশ করতে সাহায্য করে। ডালিমের রসে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ ও ‘সি’ থাকে।

কোনও কোনও ফলের কোনও কিছুই ফেলা যায় না। ফল থেকে শুরু করে সেই গাছের পাতা, ছাল ও মূলত্বক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ডালিমের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। ডালিমের খোসা, ফুল, গাছের ছাল, মূলের ছাল ও পাতা আমাদের উপকারে লাগে।

ডালিমের রস দুর্বল রোগীর যকৃতের ক্রিয়াশক্তি বাড়াতে সাহায্য করে। ফলে রোগীর হজম শক্তি বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি তাঁর শরীরের বলবৃদ্ধি হয়। পাকা ডালিম যদি মিষ্টস্বাদযুক্ত হয় তাহলে যে কোনও রোগীকেই পথ্য হিসেবে এই ফলের রস দেওয়া যেতে পারে। তবে রস করার আগে বীজ বাদ দিতে হবে।

সর্দি, কাশিতে ডালিমের রস খেলে উপকার পাওয়া যায়। আমাশা বা অজীর্ণ রোগীদের অবশ্যই ডালিমের রস খাওয়া উচিত। শুধু আমাশা বা অজীর্ণ নয়, যাঁদের নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে তাঁদেরও ডালিমের রস খেতে হবে। এক্ষেত্রে তাঁদেরও আহার ও পথ্য হবে ডালিমের রস।

অর্শের সমস্যায় যাঁদের জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, তাঁদের পীড়ার উপশমে ডালিম রস ব্যবহার করা যায়। জ্বরে আক্রান্ত হলে অনেক সময়ই খাবার রুচি একদম চলে যায়। কোনও কিছুই খেতে ভালো লাগে না। ডালিম রস হারিয়ে যাওয়া রুচি ফিরিয়ে আনে এবং হজম শক্তি বাড়ায়।

রক্ত আমাশয়ে আক্রান্ত হয়েছেন, ভীষণই দুর্বল লাগছে, এক্ষেত্রে ডালিম ও কুরচি গাছের ছাল একত্রে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। সেই ক্বাথের সঙ্গে মধু মিশিয়ে খেলে ভীষণ তাড়াতাড়ি উপকার পাবেন।

ডালিমের খোলা অতিসার, রক্তাতিসার এবং অজীর্ণ রোগে দারুণ কাজ দেয়। তাই ফলটির খোলা ভালোভাবে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে বাড়িতে রেখে দিন। বিপদের সময় ডালিম খোলার গুঁড়ো আপনাকে সমস্যার মোকাবিলা করতে সাহায্য করবে।

ডালিমের খোলা হজম শক্তি বাড়ায় এবং আমাশা ও অতিসারে ধারকরূপে কাজ করে। আমাশা, রক্তআমাশা ও অজীর্ণ রোগীদের বার্লি অথবা ছাগলের দুধের সঙ্গে ডালিম খোলা চূর্ণ মিশিয়ে খাওয়া উচিত।

ডালিম খোলার মিহি গুঁড়ো ও বেল শুঁঠ চূর্ণ একসঙ্গে মিশিয়ে মধুসহযোগে কয়েকদিন খাওয়ালে অতিসার বন্ধ হবে।

রক্ত আমাশয়ে যাঁরা বারে বারে আক্রান্ত হন তাঁরা যদি কয়েকটি ডালিমের কচিপাতা ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই দুধ নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই রোগ নিরাময় হবে। কচি ডালিম পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে রক্তাতিসার বন্ধ হয়ে যাবে।

আমাজীর্ণে জেরবার হচ্ছেন। শুধু শরীর নয় তার সঙ্গে মনও ভাঙছে। এইসময় আপনি ডালিমকে আপনার পরিত্রাতা হিসেবে পাশে পাবেন। ডালিমের রস ও পুরোনো গুড় একসঙ্গে মিশিয়ে খেলে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।

কোনও কিছু খেতে ভালো লাগছে না, খাবার দেখলেই শিউরে উঠছেন। খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। শরীর ভেঙে যাচ্ছে। ভয় পাবেন না, ভেঙে পড়বেন না। এক্ষেত্রেও সাহায্য নিন ডালিমের। ডালিমের রসের সঙ্গে মধু ও বিট লবণ মিশিয়ে বেশ কিছুক্ষণ মুখে রেখে দিন। অল্প কয়েকদিনের মধ্যে অরুচি বিদায় নেবে।

অজীর্ণ ও অগ্নিমান্দ্য এখন আধুনিক জীবনের প্রায় সঙ্গী হয়ে উঠেছে। ভীষণ খিটখিটে হয়ে উঠেছেন। আপনার পরিবার, পরিজনও এখন আপনাকে এড়িয়ে চলেন। আপনি রোজ ঘোল খাওয়া শুরু করুন। খাবার আগে ঘোলের সঙ্গে খানিকটা ডালিমের রস ও সামান্য বিট লবণ মিশিয়ে নিন। এবার ঘোলটা খেয়ে ফেলুন। অল্পদিনের মধ্যে উপকার বুঝতে পারবেন।

ডালিম গাছের মূলের ছাল ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার সেই গুঁড়োর সঙ্গে চুনের জল মিশিয়ে খেয়ে ফেলুন। এটি ফিতা ক্রিমির বংশ ধ্বংস করবে।

নাক দিয়ে রক্ত পড়ছে, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। এইসময় ডালিম ফুলের নস্য নিতে পারেন। নস্য নিতে না পারলে ডালিম ফুলের রস নাক দিয়ে টানলেও রক্ত পড়া বন্ধ হবে। মুখ দিয়ে রক্ত উঠলেও ফুলের রস খাবেন। অবশ্যই উপকার পাবেন।

সজিনা

বসন্তকালকে ঋতুরাজ বলা হয়। কিন্তু একটু অসাবধান হলেই এই ঋতুরাজের কোপে পড়ার সম্ভাবনা ভীষণরকম থেকে যায়। এই সময় হাম ও বসন্তের প্রকোপও বেড়ে যায়। বসন্তকালে শরীরে পিত্ত, শ্লেষ্মার উপদ্রব যেমন বেড়ে যায়, তেমনই বায়ুর দ্বারা প্রভাবিত ব্যাধির প্রকোপও বৃদ্ধি পায়। যেমন হাম, বসন্ত। আবার এইসময় প্রকৃতিই আমাদের এইসব রোগপ্রতিরোধ করার শক্তি জোগান। এইসময়ে—সজিনা, নিম, উচ্ছে, এঁচোড় প্রভৃতি সবজি নানাবিধ রোগের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র আমাদের হাতে তুলে দেয়। তাই চরকসংহিতায় বলা হয়েছে— যার জন্ম যেখানে তার ভেষজও সেখানেই জন্মগ্রহণ করে। অর্থাৎ যা মুশকিল তা দূর করার জন্য প্রকৃতিই উপযুক্ত ভেষজের জোগান দেন। আয়ুর্বেদ মতে সজিনা নিম, উচ্ছে, এঁচোড় প্রভৃতি সবজিগুলি ওষুধ হিসেবে খাদ্যতালিকায় রাখা উচিত। অথর্ববেদে বলা হয়েছে সজিনা দেহজ শত্রুর বিনাশ সাধন করে। দেহজ শত্রু অর্থাৎ অর্শ, ক্রিমি প্রভৃতি। বহু প্রাচীনকাল থেকেই চরক, সুশ্রুত, চক্রদত্ত প্রমুখ বৈদ্যরা সজিনা গাছের বিভিন্ন অংশকে বিভিন্ন রোগ নিরাময়ের কাজে ব্যবহার করতেন।

সজিনা পাতা : শাকের মতো রান্না করে খাওয়া উচিত। অর্থাৎ সিদ্ধ করে। তেল দিয়ে ভেজে খেলে উপকার পাওয়া যাবে না। সিদ্ধ সজিনা পাতা আমাদের শরীরকে বহু রোগাক্রমণ থেকে বাঁচায়। আদিবাসীদের অত্যন্ত প্রিয় খাদ্য হল এই সজিনা শাক। এই শাকটি যে ভীষণ উপকারী বন্ধু তা কিন্তু না জেনেই তারা খায়।

সজিনা ফুল : শাক যেভাবে রান্না করা হয় সেইভাবেই সজিনা ফুল খাওয়া উচিত। সজিনা ফুল বসন্ত রোগ প্রতিরোধ করে। এছাড়াও এই ফুল খেলে সর্দি, কাশি, শোথ রোধ হয়, দুর্বল যকৃৎ ও প্লীহার শক্তি বৃদ্ধি করে। শুধু তাই নয় সজিনা ফুল ক্রিমি নাশ করে।

ডাঁটা : সজিনা ডাঁটা এইসময় আমাদের সুস্থ থাকতে ভীষণভাবে সাহায্য করে। যাঁরা বাত ও শিরাগত বাত ব্যাধিতে ভুগছেন তাঁদের খাদ্যতালিকায় ডাঁটা অবশ্যই রাখা উচিত।

সজিনাবীজের তেল : এই তেল আমাদের দেশে তৈরি হয় না। এই তেল তৈরি হয় আফ্রিকাতে। বাতের ব্যথা নিবারণে এই তেল ভালো কাজ দেয়। সজিনা বীজের তেল ব্যবহারের কথা মহাভারতের অষ্টাদশ পর্বে উল্লেখ আছে।

রোগ নিরাময়ে সজিনা

ব্লাডপ্রেসার : হাইব্লাডপ্রেসারে ভুগছেন, সমস্যা বাড়ছে বই কমছে না। এক্ষেত্রে সজিনা পাতার রস ব্যবহারে দারুণ উপকার পাওয়া যায়। এই পাতার রস বেটে খাবার আগে দু, তিন চামচ সেবন করলে প্রেসার কমে যাবে। তবে ব্লাডসুগার থাকলে এই রস খাওয়া উচিত নয়।

ফোঁড়া, অর্বুদ বা টিউমারে : ফোঁড়ার প্রথম অবস্থায় সজিনা পাতা বেটে অল্প গরম করে আক্রান্ত স্থানে লাগালে দারুণ উপকার পাওয়া যাবে। আঘাতজনিত ব্যথা ও ফোলায় পাতা বেটে গরম করে লাগালে ব্যথা ও ফোলা কমে যাবে।

হাম, বসন্ত : বসন্তকালের শুরু থেকেই সজিনার ডাঁটা ও ফুল নিয়মিত খেতে পারলে হাম ও বসন্ত আপনার ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না।

সাময়িক জ্বরে : অল্প পাতা নিয়ে ঝোল বা শাক রান্না করে খেলে জ্বর অবশ্যই কমবে।

হিক্কা : ভয়ঙ্কর উঠছে। ঘটি ঘটি জল খেয়েও হিক্কা বন্ধ করা যাচ্ছে না, এক্ষেত্রে সজিনা পাতার চার পাঁচ ফোঁটা রস দুধের সঙ্গে মিশিয়ে দিনে তিন-চারবার খেলে হিক্কা কমে যাবে।

অর্শ : অর্শের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন? তাহলে তিল তেল ও সজিনা পাতা একসঙ্গে জলে মিশিয়ে ফোটাতে হবে। এরপর সেই ক্বাথ আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যাবে।

চোখ দিয়ে জল পড়া : চোখ দিয়ে জল বা পিচুটি পড়ছে। এক্ষেত্রে সজিনা পাতা সিদ্ধর জল দিয়ে চোখ ধুলে উপকার হবে।

শ্লেষ্মা : শ্লেষ্মার জন্য মাড়ি ফুলেছে, ভীষণ ব্যথা। কোনওকিছুই ভালো লাগছে না। এক্ষেত্রেও আপনাকে বাঁচাতে পারে সজিনা পাতা। এই পাতার ক্বাথ কিছুক্ষণ মুখে রাখলে ফোলা কমে যাবে।

দাদ রোগে : সজিনামূলের ছাল বেটে আক্রান্ত স্থানে প্রলেপ লাগালে অবশ্যই উপকার পাওয়া যাবে।

আদা

আদা বর্ষজীবী কন্দ জাতীয় উদ্ভিদ। কার্তিক মাসের শেষে এবং অগ্রহায়ণের শুরুতেই আদায় কন্দ পরিপুষ্ট হয়ে ওঠে। স্যাঁতসেঁতে বা আর্দ্রভূমিতে আদা জন্মায় বলেই আদার অপর নাম আদ্রক। কটুরস, তীক্ষ্ণ, রুক্ষ ও গুরুগুণযুক্ত এই কন্দটির পরিপাক করার শক্তি আছে, তবে নিজে পরিপাক হতে বেশ কিছুটা সময় লাগে।

আদাকে সুপর্ণ ভেষজ বলা হয়। অতি প্রাচীন কাল থেকেই এই কন্দটিকে মাংসভক্ষক হিসেবে অভিহিত করা হয়। মাংসের সঙ্গে আদা যুক্ত হলে মাংসের তেজ কিছুটা খর্ব হয়।

আগেই বলেছি আদার মধ্যে তেজ ও অগ্নিগুণের আধিক্য লক্ষ করা যায়। শুধু তাই নয়, আদা বায়ু ও কফ প্রশমন করে। তবে শুধু আদা কেন, আদা শুঁটও আমাদের নানাভাবে উপকার করে। শুকনো আদাকেই আমরা শুঁট বলি। যখন কোনও ঔষধের অনুপান হিসাবে আদা ব্যবহার করা যায় না, তখন অনায়াসেই আমরা শুঁটের শরণাপন্ন হতে পারি। শুঁট হজমশক্তি বাড়াতে সাহায্য ও অম্বলনাশ করে। আধকাপ জলে আধচামচ শুঁট চূর্ণ মিশিয়ে খেলে অম্বল নাশ হবেই।

আদা ক্ষুধাবর্ধক। আহারের পূর্বে এক টিপ সৈন্ধব লবণ সহযোগে অল্প আদা চিবিয়ে খেলে ক্ষুধা বৃদ্ধি হয়।

কফের আধিক্য ও শরীরের জড়তা আদা নষ্ট করে। হৃদগ্রন্থির পক্ষে আদা অত্যন্ত হিতকারক। হৃদগ্রন্থি সবল হবে আদা ব্যবহারে।

সর্দি জ্বরে নাজেহাল অবস্থা, কোনও কিছুই ভালো লাগছে না। এক চামচ মধুর সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে খেলে উপকার হবে।

এক চামচ আদার রস, এক চামচ তুলসী পাতার রসের সঙ্গে মিশিয়ে খেলে বসন্তের গুটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

প্রবল হিক্কা উঠছে, মাথা খারাপ হবার উপক্রম, ঘটি ঘটি জল খেয়ে পেট ফুলে জয়ঢাক। এক্ষেত্রে অল্প পরিমাণ ছাগ দুগ্ধের সঙ্গে আদার রস মিশিয়ে খেলে হিক্কা বন্ধ হবে।

শরীরের কোনও জায়গা কেটে গেছে। রক্ত বেরচ্ছে, ক্ষতস্থানে শুঁটের গুঁড়ো টিপে দিলে রক্ত বেরনো বন্ধ হয়।

ভয়ঙ্কর কাশি হচ্ছে, সঙ্গে বুকে ব্যথাও আছে। ভয় পাবার কোনও দরকার নেই। একটা পান পাতার সঙ্গে অল্প আদা, গোটা চারেক কৃষ্ণ তুলসী ও অল্প কর্পূর মিশিয়ে পুরোটা মুখে ফেলে চিবিয়ে খেয়ে নিন। দিনে তিনচারবার খেলে বুকের ব্যথা তো কমবেই, জমা সর্দিও বেরিয়ে যাবে।

বুকে অত্যধিক সর্দি জমে আছে। এক্ষেত্রে একচামচ পুরানো ঘি ও আধচামচ আদার রস একসঙ্গে মিশিয়ে গরম করে বুকে মালিশ করুন। তারপর কাপড় গরম করে বুকে সেঁক দিলে বুকের ব্যথা ও শ্লেষ্মাজনিত কষ্ট দূর হবে।

এক চামচ আদার রসের সঙ্গে সামান্য সৈন্ধব লবণ চূর্ণ ও এক চামচ লেবুর রস মিশিয়ে সেবন করলে আহারের রুচি ফিরে আসে ও ক্ষুধা বৃদ্ধি পায়।

এক চামচ আদার রস ও এক চামচ গাওয়া ঘি পৃথক ভাবে গরম করে একটি পাত্রে রেখে কিছুক্ষণ পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ বাদে সেই মিশ্রনটি খেলে বুক ও গলায় যে সর্দি আছে সেটি বেরিয়ে যাবে।

বাতের ব্যথায় দু’চোখের পাতা এক করতে পারছেন না। কী করবেন? পেনকিলার খাবেন কি না তাও ভাবছেন। একটু কষ্ট করে আদা, সৈন্ধব লবন ও জয়ন্তী পাতা সমান ভাগে নিয়ে থেঁতো করুন। তারপর সেটি কাপড়ের পুঁটলিতে পুরে আক্রান্ত স্থানে সেঁক দিলে বাতের ব্যথা দূর হবে।

পুরোনো আখের গুড় ও আদা সমান ভাগে মিশিয়ে একমাস খেলে শোথ রোগে ভীষণ উপকার হয়।

চিতামূল ও শুঁটচূর্ণ সমান ভাগে মিশিয়ে সিদ্ধ করে সেই জল খেলে অর্শ রোগের প্রকোপ কমে যায়।

গলা ভেঙে গেছে, গলা দিয়ে বিচিত্র স্বর বেরোচ্ছে। এইরকম অবস্থায় একচামচ শুঁটচূর্ণ ও একচামচ যষ্টিমধু চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে একমাসের মধ্যে গলার স্বর স্বাভাবিক হবে। শুধু তাই নয়, শরীরে বল বৃদ্ধি পাবে।

গরম জলের সঙ্গে একচামচ শুটঁ চূর্ণ মিশিয়ে খেলে আমাশা সেরে যায়।

কামলা বা জণ্ডিসে আক্রান্ত হয়েছেন। একচামচ পুরোনো আখের গুড়ের সঙ্গে এক চামচ শুঁটচূর্ণ মিশিয়ে খেলে উপকার হবে।

আমবাত বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, সঙ্গে ফোলাও আছে। এক্ষেত্রে এককোয়া রসুন, শুঁট ও নিশিন্দা পাতা চূর্ণ আপনার উপকারে আসবে। প্রত্যেকটি জিনিস একচামচ করে মিশিয়ে ছয়গ্রেন মাত্রায় দিনে দু’বার খেলে আশ্চর্য রকম কাজ হবে।

কণ্ঠরোগ অর্থাৎ গলার কোনও সমস্যা থাকলে আদার রস অল্প গরম করে কিছুক্ষণ মুখের ভিতর রেখে দিলে শ্লেষ্মা উঠে আসবে এবং গলা পরিষ্কার হবে।

জলশূন্য আদার রসে (অর্থাৎ জল না মিশিয়ে আদা থেঁতো করে রস বের করতে হবে) জায়ফল ঘষে ব্যথার জায়গায় প্রলেপ দিলে বাতের বেদনা কমে যাবে।

এক চামচ আদার রস, এক চামচ মধু বা চিনির সঙ্গে মিশিয়ে খেলে আধকপালে বা মাথার যন্ত্রণা কমে যাবে। এক চামচ জবা পাতার রসের সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে রোজ সকালে একটানা কিছুদিন খেলে হাঁপের টান কমে যাবে। এছাড়াও সর্দি কাশি বা অন্যান্য রোগের ক্ষেত্রে বিভিন্ন অনুপান সহযোগে আদা ব্যবহার করেও দারুণ উপকার পাওয়া যায়।

শাক

আমাদের শাস্ত্রে শাকের দুটি বিভাগ। একটি হল শাক ও অন্যটি ফল শাক। ফলশাক হল লাউ, কুমড়ো ইত্যাদি।

সমস্ত দ্রব্যের গুণও যেমন আছে, দোষও সেইরকম। আমাদের করণীয় হল দোষকে সরিয়ে গুণের অংশ বের করে নেওয়ার পদ্ধতিটি জানা। যেমন, কলমি শাক। বর্ষাকাল ছাড়া অন্য সময় কলমি শাকের গুণ প্রচুর। সেই কারণে কলমিশাক বর্ষাকাল বাদ দিয়ে ব্যবহার করা উপকারী। গ্রীষ্ম ও বর্ষাকালে ঋতুর প্রভাবে অগ্নিমান্দ্য আসতে পারে, পেট গরম হতে পারে; যার ফলে মানুষের স্বাভাবিক রঙ কালচে হয়। আমাশা দেখা দেয়, খিদে কমে যায়। সেই কারণে এই দুটি ঋতুতে খুব হিসেব করে খেতে হয়। কিন্তু প্রকৃতি আমাদের এমন ভাবে রক্ষণাবেক্ষণ করছেন যে রোগের পাশাপাশি রোগ প্রতিষেধকও রেখেছেন। সব ঋতুতেই কিছু কিছু শাক জন্মায়, সেই সব শাক রোগ নিরাময়ের ওষুধ।

কলমি শাক

কলমি, অতি পরিচিত শাক, জলে জন্মায়। ঠান্ডা প্রকৃতির এই শাক বায়ু প্রতিরোধ ও ঘুমোতে সাহায্য করে। এই শাকের বিভিন্ন অংশ আমরা বিভিন্ন রকম রোগ উপশমে ব্যবহার করি।

• হাত-পা জ্বালা করছে, অগ্নিমান্দ্য আছে, মুখে জল উঠছে, পড়াশুনা মনে থাকে না ইত্যাদি উপসর্গ থাকলে দু’চামচ কলমি শাকের রস, এক চামচ অশ্বগন্ধা চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে অব্যর্থ ফল পাওয়া যায়।

• অনেক শিশু রাত্রে জাগে, দিনে ঘুমোয়, মুখ দিয়ে দুধ ওঠে, সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকে—সে ক্ষেত্রে দুধের সঙ্গে কুড়ি-পঁচিশ ফোটা কলমির রস মিশিয়ে খাওয়ালে উপকার হবে।

• কলমি শাক বসন্ত প্রতিরোধ করার ক্ষমতা রাখে। দু’চামচ কলমির রস গরম দুধের সঙ্গে মিশিয়ে রোজ সকালে ও সন্ধ্যায় কিছুদিন খেলে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বাড়ির সবাই এটি খেতে পারেন।

• বুকের দুধ হচ্ছে না, বা কম দুধ, বাচ্চার অসুবিধা হচ্ছে সেই সময় তিন চার চামচ কলমির রস সাঁতলে খেলে হাতে হাতে ফল পাওয়া যাবে।

• ফোড়া পেকে গেছে, অথচ পুঁজ বেরোতে পারছে না, বসে যাচ্ছে সেক্ষেত্রে কলমির শিকড় ও ডগা একসঙ্গে বেটে লাগালে ফোঁড়ার মুখও হবে এবং শিগগিরই ফেটে যাবে।

• মনে রাখতে হবে শাক মাত্রই গুরু এবং রুক্ষ। তাই শাক সিদ্ধ করে জল ফেলে একটু সাঁতলে নিলে শাকের দোষ কেটে যায়, সব শাকের ক্ষেত্রেই এটা করা দরকার।

পুঁইশাক

যাঁরা বারে বারে আমাশায় ভোগেন তাঁদের পুঁইশাক খাওয়া একদম উচিত নয়। কারণ পুঁই ভীষণই গুরুপাক। তবে পুঁইশাকের কতগুলি বিশেষ গুণ আছে। ব্রণ বা টিউমার হলে সেই স্থানে পুঁইপাতার রস ও পুঁইপাতা চাপা দিয়ে রাখলে বেশ ভালো কাজ হয়।

• আমবাত হয়েছে, সর্বাঙ্গ চুলকাচ্ছে, সেইসময় পুঁইপাতার রস গায়ে মাখলে অব্যর্থ ফল পাওয়া যায়।

• কোনও কোনও চিকিৎসক পুঁইবীজের রস খেতে বলেন, রক্তাল্পতায় বীজের রস চমৎকার কাজ দেয়।

• দু-চামচ পুঁইপাতার রস একটু গরম করে খাওয়ালে শিশুদের সর্দিতে ভালো কাজ দেয়।

• পায়োরিয়া হয়েছে, মুখে ভীষণ দুর্গন্ধ, পুঁইপাতা ও ডাঁটা পুড়িয়ে ছাই করে দাঁত মাজলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

থানকুনি

আমাশা বা পেটের রোগে থানকুনি দারুণ কাজ দেয়। থানকুনি পাতার রস চার-পাঁচ চামচ এককাপ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ালে হারানো লাবণ্য এবং ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসে। শুধু তাই নয় অপুষ্টির কারণে যদি চুল পড়ে যাচ্ছে বোঝা যায় তাহলে থানকুনি ব্যবহারে হাতে হাতে ফল মেলে।

• বারে বারে বাথরুমে যেতে হচ্ছে, পেট ভয়ানক খারাপ, পেটে বায়ু আছে সেক্ষেত্রে তিন-চার চামচ থানকুনির রস ছাগলের কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

• অনেক সময় দেখা যায় কোনও কিছুই মনে থাকছে না, আজ মনে থাকলেও পরদিন সেটা কীভাবে যেন ভুলে গেলাম। এইরকম সমস্যা হলে দু-তিন চামচ থানকুনির রস, আধকাপ দুধ, এক চামচ মধু ও এক চামচ ব্রাহ্মীর রসের সঙ্গে মিশিয়ে খাওয়ালে স্মৃতি আবার আগের মতো সতেজ হয়ে উঠবে।

• কোনও কোনও বাচ্চা বয়স হওয়া সত্ত্বেও দেখা যায় পরিষ্কার কথা বলতে পারে না। এক্ষেত্রে এক চামচ থানকুনির রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ঠান্ডা অবস্থায় কিছুদিন খাওয়ালে অসুবিধা চলে যাবে।

• অনেক মহিলাই অনিয়মিত ঋতুতে ভোগেন, এইরকম সমস্যা থাকলে চার চামচ থানকুনি পাতার রস কিছুদিন খাওয়ালে ফল অবশ্যই মিলবে।

আমাশা হয়েছে সঙ্গে জ্বর আছে, সেক্ষেত্রে থানকুনি পাতার রস গরম করে ছেঁকে খাওয়াতে হবে।

• অনেক কারণে মুখে ঘা হয়। এইরকম ঘা হলে থানকুনি পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে দিনে চারবার কুলকচি করলে উপকার পাওয়া যাবে।

• নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঘন ঘন সর্দি হচ্ছে। এইরকম লক্ষণ থাকলে থানকুনির ডাঁটা ও শিকড় শুকিয়ে মিহিগুঁড়ো করে নস্যির মতো ব্যবহার করতে হবে।

গিমেশাক

গ্রীষ্মের শেষ ও বর্ষার প্রারম্ভে গিমে শাকের দেখা পাওয়া যায়। এই শাক আমাদের শরীরের পিত্ত ও উত্তাপকে প্রশমিত করে। গিমে শাক ক্ষিদে বাড়ায়, পেট পরিষ্কার ও শরীরের বিষ দোষ নষ্ট করে। স্বাদে তিক্ত এই শাকের মূল পাঁচ-ছ’টি গোলমরিমচের সঙ্গে বেটে খেলে পক্সের গুটি ফেটে যাবে এবং খুব তাড়াতাড়ি শুকবে।

• লিভার বেড়েছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ শাক যদি রান্না করে কিছুদিন খাওয়া যায় তাহলে যকৃৎ পূর্বের অবস্থায় ফিরে আসে। যকৃৎ-এর দূষিত অংশ সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে গিমে দারুণ সক্রিয় ভূমিকা নেয়।

• অম্ল ও পিত্ত রোগে ভুগছেন, সঙ্গে বমিও হচ্ছে, কী করবেন ভেবে পাচ্ছেন না। একটুও ঘাবড়াবেন না। একচামচ গিমে পাতার রস আধকাপ আমলকী ভিজানো জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার হবেই।

• চোখ উঠেছে বা চোখ দিয়ে পিচুটি পড়ছে সেইসময় গিমে পাতা সেঁকে নিয়ে তার রস ফোঁটা ফোঁটা চোখে দিলে চোখ জ্বালা ও পিচুটি পড়া বন্ধ হবে।

• চুলকানি বা চর্মরোগ হয়েছে। গিমে শাক বেটে আক্রান্ত স্থানে লাগালে চুলকানি বা চর্মরোগ অবশ্যই সারবে।

আম আর জাম

অমৃত ময়ানি জম্বু ফলানি। অর্থাৎ জাম হল অমৃতময় ফল। আর তার সঙ্গেই আছে বাংলার বিখ্যাত আম। বাঙালি মাছ পাগল এবং আম পাগল। আম অত্যন্ত পুষ্টিকর ও রসাল একটি ফল। কথিত আছে স্বয়ং হনুমান শ্রীলঙ্কা থেকে আম এদেশে নিয়ে এসেছিলেন। আর জম্বুদ্বীপ থেকে এসেছিল জাম। মজা এই যে আমের প্রতিষেধক হল জাম। আম খুব গরম আর আমের আঠা খুবই ক্ষতিকারক। সেই কারণে অতিরিক্ত আম খাওয়া হলে জাম খাওয়ার বিধান আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা এদেশে এসে আম খেয়ে বিভোর হয়ে গিয়েছিলেন। এদেশের নবাবরা আম নিয়ে রীতিমতো গবেষণা করতেন। সেই গবেষণার সাক্ষী মুর্শিদাবাদের কিছু শৌখিন ও আদুরে আম। তার মধ্যে একটি হল কহিতুর।

আম

আম খাওয়ার আগে চরকের সাবধান বাণীটি অবশ্যই স্মরণে রাখা উচিত। যাঁদের হজম ক্ষমতা মোটেই সুবিধার নয়, অথচ আম দেখলে নিজেকে স্থির রাখতে পারেন না, তাঁদের উদ্দেশেই বহুবছর আগে চরক বলেছিলেন, হিতং অপি মিতং ভুজ্ঞাৎ, অর্থাৎ উপকারী হলেও আম পরিমিত খাওয়া উচিত। আম তিন প্রকারেই পাওয়া যায়। যেমন কচি বা কাঁচা আম, পাকা আম এবং আমসত্ত্ব বা পাকা আমের আমসি। দ্রব্যগুণ হিসেবে পাকা আমে যে গুণ থাকে তা কাঁচা আম, আমসত্ত্ব বা আমসিতে পাওয়া যায় না।

আমের যেমন অনেকগুণ তেমনই অপরিমিত আহারে অনেক ক্ষতিও হয়। তবু প্রাচীন ঋষিগণ আমকে অমৃতফল হিসেবে চিহ্নিত করে গেছেন। অন্য ফলে আমের মতো এত গুণ নেই বললেই চলে। আয়ুর্বেদ শাস্ত্রে আমগাছের গুরুত্ব অপরিসীম।

কেশ পতনে : আমের আঁটির শাঁস জলে ভিজিয়ে সেই জল চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হয়। এইসময় তেল ব্যবহার বন্ধ রাখতে হবে।

অকালপক্কতায় : থেঁতো করা আমের আঁটি ও আমলকী জলের সঙ্গে মিশিয়ে সারারাত লোহার পাত্রে ভিজিয়ে সকালে সেই জল শুকনো চুলের গোড়ায় নিয়মিত লাগালে ফল পাওয়া যাবে।

খুসকি : আমের কুসি, হরিতকী (বীজ বাদ দিয়ে) একসঙ্গে বেটে দুধ সহযোগে মাথায় লাগালে খুসকি কমবে, লাগাবার আগে ছেঁকে নিতে হবে।

আমাশা : আম ও জাম পাতা একসঙ্গে বেটে দুচামচ রস গরম করে খেলে খুব তাড়াতাড়ি সমস্যামুক্ত হওয়া যায়।

রক্ত আমাশা : এক চামচ আম গাছের ছালের রস, ছাগল দুধ, চিনি ও জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার হবে। তবে আরও ভালো ফল পাওয়া যায় চিনি ও মধু সহযোগে খেতে পারলে।

উদরাময় : আমের আঁটির ক্বাথ (থেঁতো বা সিদ্ধ করে) আদার রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে।

যকৃৎ বাড়ায় : এক চামচ মধুর সঙ্গে চার পাঁচ চামচ পাকা আমের রস কিছুদিন খেলে যকৃৎ আবার পূর্বাবস্থায় ফিরে আসবে।

বহুমূত্র : আমের পাতা শুকিয়ে গুঁড়ো করে দুবেলা খাওয়ার পর একচামচ জলের সঙ্গে খেলে রোগ কমে বা প্রশমিত হয়।

দাঁতনড়া : কচি আমপাতা চিবিয়ে দাঁত মাজলে অকালে দাঁত নড়বে না।

প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসকগণ ‘আম্রখণ্ড’ নামক ঔষধের সাহায্যে নানারকম পেটের রোগ সারাতেন। শুধু তাই নয়, এইসব রোগ ছাড়াও আমগাছের সাহায্যে আরও নানা রোগ যেমন অম্লপিত্ত, অতিসার (ডায়েরিয়া), গর্ভশূন্য, অজীর্ণ প্রভৃতি রোগ সারানো যায়। রোগ ছাড়াও বিভিন্ন মাঙ্গলিক কর্মেও ব্যবহৃত হয় আম্রপল্লব।

জাম

প্রকৃতির ইচ্ছানুসারেই আমরা আম ও জামকে একসঙ্গে পাই। আমের যা দোষ জাম তা খণ্ডন করে। যেমন এই দুটি গাছের পাতা। এই দুটি পাতার রস গরম করে খেলে আমাশা সারে। এইসব নানা কারণের জন্য জামকে ফল শ্রেষ্ঠ হিসেবে আখ্যা দেওয়া হয়। এই গাছের ছাল, পাতা, ফল, ফলের বীজের দ্রব্যশক্তি অপরিসীম। তবে আধপাকা জাম খাওয়া কখনওই উচিত নয়। আধপাকা জাম খেলে ব্লাড সুগার বেড়ে যাবার সম্ভাবনা থাকে।

আমাশা : কচি জামপাতার রস ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খেলে আমাশা সেরে যাবে।

পেটের রোগ : যে সব বাচ্চা পেটের গোলমালে খুব ভোগে, এবং স্বাস্থ্যও যাদের খারাপ, তাদের এক চামচ বীজ চূর্ণ, পাঁচফোঁটা গাওয়া ঘি, অল্প চিনি ও জল দিয়ে একসঙ্গে মিশিয়ে কদিন খাওয়ালে পেটের রোগ সারবে ও স্বাস্থ্যও ভালো থাকবে।

বমি : বারে বারে বমি হচ্ছে। সেক্ষেত্রে দু-তিনটি কচি পাতা জলে সিদ্ধ করে ছেঁকে নিয়ে মধু মিশিয়ে খাওয়ালে বমি বন্ধ হয়।

রক্তরোধে : কেটে গেছে, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। সেই সময় ক্ষতস্থানে জামপাতার রস লাগালে রক্তপড়া সঙ্গে সঙ্গে বন্ধ হবে।

ক্ষত (ঘায়ে) : জাম ছালের মিহি গুঁড়ো ক্ষতের ওপর কিছুদিন লাগালে খুব তাড়াতাড়ি ঘা সেরে যায়।

দাঁত দিয়ে রক্তপাত : জাম ছাল ও জামপাতার গুঁড়ো সমানভাবে মিশিয়ে দাঁত মাজলে মাড়ির ক্ষত ও দাঁত দিয়ে রক্তপড়া বন্ধ হয়।

শয্যামূত্র : অনেক বড় বয়সের বাচ্চাও ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলে। এক্ষেত্রে দু-চামচ জামপাতার রসের সঙ্গে আধচামচ গাওয়া ঘি মিশিয়ে টানা এক সপ্তাহ খেলেই উপকার যে হচ্ছে তা বোঝা যাবে।

সুগার : আয়ুর্বেদে জাম বীজের ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। দুবেলা খাওয়া দাওয়ার পর একচামচ জামবীজ চূর্ণ জলের সঙ্গে মিশিয়ে খেলে রক্তে চিনির আধিক্য কমবে। কিন্তু যাঁদের ব্লাডপ্রেসার হাই তাঁদের এই ওষুধটি খাওয়া উচিত নয়।

জামতেলও আমাদের বিভিন্ন কাজে লাগে। এই তেল ব্লাড সুগার কমায়। জণ্ডিস বা লিভার সংক্রান্ত যে-কোনও রোগে জামের আরক বা জাম্যদারিষ্ট বিশেষ উপকারী। এটি জামের রস থেকে তৈরি হয়। একটা সময় উত্তরপ্রদেশ থেকে যেসব ব্যবসায়ী শাল বা আলোয়ান বিক্রি করতে কলকাতায় আসতেন, তাঁরা বোতল ভর্তি জামের রস সঙ্গে করে আনতেন। তাঁরা ওই রস ওষুধ হিসেবে বিক্রি করতেন। এবং সেই সময় বহু মানুষই ওই রস কিনতেন। পেটের ব্যথা, হজমের ব্যাঘাত বা অম্বল হলে তাঁরা ওই রস ঔষধ হিসেবে সেবন করতেন।

শিউলি

শরৎ আর শিউলি। কেন শরৎকালেই শিউলি ফোটে? এই প্রশ্নের সুচিন্তিত উত্তর প্রকৃতির রহস্যের মধ্যেই লুকিয়ে আছে। শিউলি ফোটার মধ্যে দিয়েই যেন বাঙালির মহোৎসবের সূচনা হয়ে যায়। কী বিচিত্র এই প্রাকৃতিক খেয়াল। তবে শিউলি কী শুধুই পুজোর উপকরণ? তা কিন্তু নয়। শিউলির অনেক ভেষজগুণ। পাতা, ফুলের বোঁটা আমাদের নানাভাবে উপকার করে। অতীতে শিউলি ফুলের বোঁটা ব্যবহার করা হতো পোলাও তৈরির সময়। ভেষজ হালকা হলুদ রঙে শোভিত হতো পলান্ন। এটি খুব সম্ভবত জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির আবিষ্কার।

এইবার আমরা আসি শিউলি পাতায়। সেকালের মা, ঠাকুমারা জানতেন বাড়িতে একটি শিউলি গাছ থাকার কত উপকারিতা। শিউলি পাতার রস, শিউলি পাতা বেসন মাখিয়ে ভাজা ও শিউলি পাতার শুক্তো, একদিকে যেমন ওষুধ, অন্যদিকে রসনা উদ্রেককারী ক্ষুধাবর্ধক একটি আহার্য। শিউলি পাতার রস পিত্ত দমন ও ক্রিমি নাশ করে। যাঁরা অরুচিতে ভুগছেন তাঁদের জিভে রুচি আনে।

আয়ুর্বেদ শাস্ত্রে শিউলির অনেক অপূর্ব নাম আছে। যেমন শেফালি, রজনীহাসা, শুক্লাঙ্গী, রগুবৃন্তা, বিজরা ও শীতনঞ্জরী।

শিউলির চরিত্র হল এর রস কটু এবং তিক্ত! গুণাবলি হল উষ্ণবীর্য ও রুক্ষ। শিউলি বাত, ক্ষয়রোগ, শরীরের বিভিন্ন অংশের বিশেষ করে সন্ধির বাত ভালোকরে।

শিউলির ব্যবহার

শিউলি পাতার রস দু-চামচ মতো একটি কাপে সংগ্রহ করুন এবং তার সঙ্গে অল্প মধু মিশিয়ে খেলে পিত্ত প্রধান জ্বরে উপকার পাবেন।

পিত্ত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে শিউলি পাতা। মাঝে মাঝে শিউলি পাতা ভেজে খান। পিত্তবৃদ্ধিতে ভীষণই উপকার পাবেন।

বাতের সমস্যায় কম বেশি কষ্ট বহু মানুষই পান। এবং বহু রাত জেগে কাটাতেও হয়। গোটা পনেরো শিউলি পাতা একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিন। এবং এক কাপ থাকতে নামিয়ে ভালো ভাবে ছেঁকে খেয়ে ফেলুন। কোমরের বাত এতে ভালো হয়ে যাবে। এছাড়াও গোটা আটেক শিউলি ও শালপাণী পাতা একসঙ্গে বেটে খেলেও উপকার পাবেন। শিউলি বীজ গুঁড়ো করে পাঁচ-ছ’ গ্রেনমাত্রায় পানের সঙ্গে মিশিয়ে খেলে শ্লেষ্মাজ বিকারে উপকার পাবেন। শ্লেষ্মা শুকিয়ে গিয়ে কষ্ট দিচ্ছে, কিছুতেই বেরোচ্ছে না। সেক্ষেত্রে শিউলি বীজ ও পান শ্লেষ্মা বের করতে সাহায্য করবে।

খুসকি আপনার জীবনের হাসি চিরতরে মুছে দিয়েছে। হেন শ্যাম্পু নেই যা আপনি ব্যবহার করেননি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শিউলি বীজের গুঁড়ো মাথায় মাখুন খুসকি নাশ হবে।

শিউলি পাতার রস অল্প গরম করে মাঝে মাঝে কয়েকবার খেলে বিষক্রিয়াজনিত বমি বন্ধ হবে।

হঠাৎই গলা দিয়ে স্বর বেরচ্ছে না। এক্ষেত্রে গোটা কয়েক শিউলি পাতা দিনের মধ্যে কয়েকবার ভালোভাবে চিবিয়ে রসটা খেয়ে ফেলুন। ছিবড়েটা ফেলতে কিন্তু ভুলবেন না। রাত্রের মধ্যেই কণ্ঠস্বরের উন্নতি হয়েছে বুঝতে পারবেন। যদি চিবিয়ে খেতে অসুবিধা হয়, তাহলে রস করে খেলেও কাজ হবে।

কুল

আমরা যাকে কুল বলি, সেই কুলের অনেক নাম। যেমন বদরী, কোল, ফেনিল, কুবল, ঘোণ্টা, সৌবীর। এসবই হল বড় কুলের নাম। যাকে আমরা বলি নারকেলে কুল। ছোট জাতের কুলের নাম অজাপ্রিয়া, কুহা, কলী ইত্যাদি।

হিন্দিভাষীরা বলবেন, রেরী কা পেড, বের, ছোটে বের, বড়ে বের ইত্যাদি। দক্ষিণ ভারতে দক্ষিণীরা বলবে্‌ রেগুচেট্টু, রঙ্খ, উৎকলবাসীরা বলবেন কুড়ি, মহারাষ্ট্রে বোরীচেংঝেড়ে, গুজরাটে মোটি বোরদী।

যে যাই বলুন কুল সেই একই কুল। ল্যাটিন ভাষাতেও এর উল্লেখ রয়েছে—Zizyphus Jujuba.

প্রথমেই নারকেলে কুলের কথা বলি। এই কুল শীতবীর্য। জোলাপের কাজ করে। গুরু, শুক্রবর্ধক, স্বভাবতই পুষ্টিকারক। এই কুল আমরা ব্যবহার করি, যেসব কারণে সেগুলি হল—পিত্ত, দাহ, রক্তদোষ, ক্ষয় ও পিপাসা নাশ করার জন্য।

এক ধরনের কুল আছে আকারে একটু ছোট, যা পাকলে খুব মিষ্টি লাগে। এই কুলের নামটি জেনে রাখা ভালো। একে বলে কোল। এর অনেক গুণ। এটি ধারক, রুচিকারক। আবার দোষও আছে। যেমন এটি উষ্ণবীর্য। বায়ু বৃদ্ধি করে, কফ তৈরি করে, সহজে হজম হয় না, উদরাময় হবার সম্ভাবনা থেকে যায়।

এরপরে আসি আমাদের অতি পরিচিত দিশি টোপাকুলের প্রসঙ্গে। শাস্ত্র একে বলছে—কর্কঞ্চু। অর্থাৎ ঈষৎ মধুর, কষায়, তিক্ত, রসান্বিত। এটি টক ফল। কিন্তু স্নিগ্ধ, গুরু অথচ বায়ু ও পিত্তনাশক। এই কুল শুকনো করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, অগ্নিবর্ধক, সহজে হজম করা যায়, পিপাশা নাশ করে, ক্লান্তি দূর করে, রক্তদোষ সারায়।

মাঘের শেষ, ফাল্গুনের শুরু—এই সময়েই কুল পাকে। মোটামুটি ধরে নেওয়া হয়, সরস্বতী পুজোর দিন থেকে তার পরবর্তী কিছুকাল কুল আমাদের খাদ্য উপযোগী হয়। এবং যেসব গুণ বলা হল সেইসব গুণে গুণান্বিত হয়ে ওঠে। সেই কারণেই হয়তো অলিখিত এই নিষেধ— সরস্বতী পুজোর আগে কুল খেয়ো না।

ওষুধ হিসেবে কুলের ফল, বীজ, মূল, গাছের ছাল ও পাতা অর্থাৎ সবকিছুই কাজে লাগে। এবং পাকা, শুকনো কুল ব্যবহারেই ভালো কাজ হয়। ধরা যাক আপনার কোনও কিছুই খেতে ভালো লাগছে না। সঙ্গে রয়েছে বায়ুর প্রকোপ। প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা। এক্ষেত্রে শুকনো কুলের গুঁড়োর সঙ্গে সৈন্ধব লবণ, গোলমরিচের গুঁড়ো এবং চিনি মিশিয়ে হাতের কাছে রেখে দিন। বারে বারে খেয়ে দেখুন। মুখে রুচি আসবে এবং বায়ুর সমস্যাও কমে যাবে।

রক্ত আমাশায় কুল ভালো কাজ দেয়। কুলগাছের কাঁচা ছাল ভালোভাবে বেটে নিয়ে তার সঙ্গে একটু দুধ মিশিয়ে খেয়ে নিন। খুব তাড়াতাড়ি উপকার পাবেন।

বারে বারে মলত্যাগ করতে হচ্ছে। সঙ্গে মিউকাস ও নানা উপসর্গ আছে। এইরকম অতিসারে শুকনো কুল অল্প জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে খেতে দিতে হবে। তবে এর সঙ্গে একটু সাদা দই মিশিয়ে খেলে আরও ভালো কাজ হবে। এছাড়াও দই-এর সঙ্গে কুলের বীজ চূর্ণ মিশিয়ে খেলেও চমৎকার কাজ দেবে।

কোষ্ঠবদ্ধতা হঠাৎই সমস্যা শুরু করেছে। মনে হচ্ছে অর্শের আক্রমণ শুরু হবে। এক্ষেত্রে মিষ্টি পাকা কুল চটকে ভালোভাবে ছেঁকে নিন। এরপর তার সঙ্গে অল্প জল মিশিয়ে রোগীকে খাওয়াতে পারেন। পাকা কুল না পেলে শুকনো কুল জলে সিদ্ধ করে চিনি বা নুন মিশিয়ে খেলেও চলবে।

গলার স্বর হঠাৎই ভেঙে গেছে। কুলের পাতা বাটা এক চামচ ঘিয়ে অল্প ভেজে তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিনচারেক খেলেই উপকার হবে।

রোদ বা তাপ লাগার জন্য যদি মাথায় যন্ত্রণা শুরু হয় তাহলে কুলের কচি পাতা ও ডগা বেটে মাথায় প্রলেপ দিলে যন্ত্রণার উপশম হবে।

অর্শ ও তার যন্ত্রণা—যাঁদের আছে তাঁরা ছাড়া এর কষ্ট কেউই উপলব্ধি করতে পারবেন না। এক্ষেত্রে কুলপাতা সিদ্ধর জল যন্ত্রণা ও দপদপানি কমাতে সাহায্য করবে। তবে এবার খাওয়া নয় নেকড়ায় ভিজিয়ে লাগাতে হবে।

বোলতা ভীমরুল বা কোনও বিষাক্ত পোকায় কামড়েছে অথবা শুঁয়োপোকার রোঁয়া গায়ে লেগেছে। এই সময় যজ্ঞডুমুর ও কুলপাতা একসঙ্গে বেটে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা ও ফোলা কমে যাবে।

পিত্তশ্লেষ্মার জন্য মুখে ছোট ছোট লাল ফুসকুড়ি হয়। কিছু খেলেই জ্বালা করে। কুলপাতা সিদ্ধর জল মুখে নিয়ে কিছুক্ষণ রেখে ফেলে দিন। কমে যাবে।

দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় কেউ শুয়ে আছেন। বিছানা ছেড়ে তিনি একদমই উঠতে পারেন না। ফলে তাঁর পিঠের দিকে ঘা হয়ে যায়। যাকে আমরা বেডসোর বলে জানি। অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি রোগ। নজর না দিলে ঘা বেড়ে যাবে। এই রকম অবস্থায় কুল কাঠকে ভালোভাবে পুড়িয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এরপর সেই চূর্ণ একটা কাপড়ে ঢেলে ক্ষতস্থানে বেঁধে দিন। ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

প্রচুর খাচ্ছে অথচ গায়ে লাগছে না, ভীষণ রকমের পেট রোগা। প্রাচীন মানুষরা বলেন, অন্ত্রে বড় বড় ক্রিমি আছে। এক্ষেত্রে কাঁচা মিষ্টি কুলের শাঁস জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই ক্বাথটি দিনে একবার করে খেতে দিলে দাস্ত পরিষ্কার হবে এবং ভীষণ খিদেটাও প্রশমিত হবে।

কুলের গুণ বর্ণনা করতে বসলে শেষ করা মুশকিল। এইসব রোগ ছাড়াও কুল ব্যবহার করে ফোঁড়া, বসন্ত, প্লীহা, হৃদরোগ ইত্যাদির মোকাবিলা করা যাবে।

কুড়চি

ডাক নাম কুড়চি, ভালো নাম ইন্দ্রযব। ইন্দ্র শব্দের অর্থ হল জল। অর্থাৎ যে ঋতুকে আমরা বর্ষাকাল বলি সেই ঋতুতে কুড়চির জন্ম। ইন্দ্রের আর একটি মানে আছে। তিরের ফলাকে ইন্দ্র বলা হয়। কুড়চি ফলের অগ্রভাগ তীরের অগ্রভাগের মতো সরু। তার ফলে এই ফলের মধ্যে বীজগুলির আকৃতি হয় যবের মতো। তাই নাম দেওয়া হল ইন্দ্রযব।

নামটি সুন্দর হলেও ফলটি স্বাদে অত্যন্ত তিক্ত। কুড়চির একটি অপেক্ষাকৃত কম তিক্ত প্রজাতি আছে। যাকে বলা হয় মিঠা ইন্দ্রযব। এর উর্দু নামটিও ভীষণ সুন্দর ‘জবানকুনজুস্ক’। দেখতে ছোট পাখির জিভের মতো। আরবিতে একে বলে ‘লিসান-উল-আসাফির।’ লিসান মানে জিভ, আসাফির হল ছোট পাখি।

অতশত আমরা জানি না। আমরা বলি কুড়চি। একটি পৌরাণিক গল্প না বলে পারছি না—হনুমান প্রচণ্ড মার খেয়ে মৃতবৎ পড়ে আছেন। ইন্দ্র এসে অমৃত দিয়ে তাঁকে জীবিত করলেন। তখন হনুমানের শরীর থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়। সেই অমৃত বিন্দু থেকে কুড়চি গাছের জন্ম। এই পৌরাণিক কাহিনির মধ্যে যে সত্যটি প্রচ্ছন্ন, তা হল পেটের অসুখে কুড়চি অমৃতের কাজ করে।

এতক্ষণ আমরা গাছ গাছ করছি, কিন্তু কুড়চি গাছটি কেমন দেখতে— মাঝারি ধরনের। কুড়ি-পঁচিশ ফুটের বেশি হয় না। পাতা হয় ছয় থেকে সাত ইঞ্চি লম্বা, দেড় থেকে আড়াই ইঞ্চি চওড়া। বোঁটা ছোট। ডিমের আকারে ক্রমশ সরু। বসন্তে গাছের পাতা ঝরে যায়, বৈশাখ জৈষ্ঠে নতুন পাতা আসে। আষাঢ়ে গাছভরা সাদা ফুল। ফুলে সুন্দর গন্ধ থাকে।

তেতো কুড়চির কথা বলা হল, এবার মিঠা কুড়চির কথা বলা যাক, দুটি গাছের পার্থক্য তার ফুলে, গাছের ছাল, পাতার রঙে ও গঠনে। একটি পার্থক্যের কথা বলে রাখা ভালো। তেতো কুড়চির পাতা শুকিয়ে গেলে কালো হয় না, মিঠা কুড়চির পাতা কালো হয়ে যায়।

কুড়চির ব্যবহার

পেটের রোগ, হজম বৃদ্ধিতে এবং রক্ত শুদ্ধিতে কুড়চি দারুণ কাজ করে। তাহলে প্রথমেই পেটের সমস্যায় কুড়চিকে কীভাবে ব্যবহার করতে হবে তা জেনে রাখুন।

পেটে প্রবল যন্ত্রণা রয়েছে এবং মল নির্গত হচ্ছে অসাড়ে। মলে রক্তের ছিটে রয়েছে। এইরকম অবস্থায় কুড়চির শুকনো ছাল একটু ছিড়ে নিয়ে দুই কাপ মতো জলে সিদ্ধ করতে বসান। এবং আধকাপ থাকতে মিশ্রণটি নামিয়ে ছেঁকে ফেলুন। ওই জলটা দিনে দু’বার খেলেই আপনার সমস্যা কোথায় পালিয়ে যাবে। রক্ত আমাশা সারাতেও কুড়চির জুড়ি মেলা ভার। দশ গ্রাম মতো শুষ্ক কুড়চির ছাল চার কাপ মতো জলে ফেলে সিদ্ধ করুন। এরপর এককাপ অবস্থায় মিশ্রণটি নামিয়ে ছেঁকে ফেলুন। ওই মিশ্রণটি সকালে আধকাপ এবং বিকেলে আধকাপ খেলেই রোগ পালাবার পথ পাবে না।

• প্রায় সময়ই মুখ দিয়ে জল ওঠে। সারাদিনই গা গুলোয়। বুঝতে হবে ক্রিমির উপদ্রবেই আপনার এরকম হচ্ছে। এরকম অবস্থায় একগ্রাম কুড়চি বীজ (তিক্ত) গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলুন। প্রচণ্ড তেতো লাগবে, মধুর মিষ্টত্ব কিছুতেই বুঝতে পারবেন না। তাহলেও কষ্ট করে খেতে হবে।

• দরকচা মেরে যাওয়া ফোঁড়ায় কুড়চির ছাল বেটে অল্প গরম করে প্রলেপ লাগান। ফোঁড়া ফেটে যাবেই।

• সর্দি, কাশি, অর্শ বা অন্য সমস্যা নেই তবু মুখ দিয়ে, মলদ্বার দিয়ে বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে। বুঝতে হবে রক্তপিত্তের জন্যই এরকম হচ্ছে। দেড় গ্রাম কুড়চির ছাল দু’বেলা জলের সঙ্গে মিশিয়ে কিছুদিন খেলেই রোগ সেরে যাবে।

• প্রস্রাব করতে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরকম অবস্থায় কুড়চির শরণাপন্ন হতে পারেন। দশগ্রাম কুড়চির ছাল আগের দিন রাত্রে এক গ্লাস গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর দিন সকালে ওই জলটা ছেঁকে নিন। তারপর সারাদিনে চার-পাঁচ বারে ওই জলটা খেয়ে ফেলুন। এটাতে ওই কষ্টটা চলে যাবে।

• অনেকেই মুখের ঘায়ে ভীষণ কষ্ট পান। যখন ঘা হয়, তখন কিছুতেই খাওয়া যায় না। এক্ষেত্রেও কুড়চির ছাল আট দশ গ্রাম চারকাপ মতো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর সেটাকে উনুনে বসিয়ে ভালোভাবে ফোটান, যখন জলটা শুকিয়ে এককাপ মতো হবে, তখন নামিয়ে ছেঁকে ফেলুন। তারপর সেই জলটা দিয়ে সারাদিনে চার-পাঁচ বার কুলকুচো করুন। প্রত্যেকবারই জলটা খানিকক্ষণ মুখে রেখে দেবেন।

এখন প্রশ্ন হল কুড়চি কোথায় পাবেন? গ্রামের মানুষের কুড়চির গাছের ছাল, ফুল বা বীজ সংগ্রহ করতে কোনও অসুবিধা হবে না। কারণ গ্রামের দিকে প্রচুর কুড়চি গাছ জন্মায়। কিন্তু শহরে? যাঁরা গাছের শিকড় বিক্রি করেন তাঁদের কাছ থেকেই কুড়চি সংগ্রহ করতে পারেন। এছাড়া পাবেন বিভিন্ন বাজারে, যাঁরা আয়ুর্বেদ গাছ, পাতা, মূল বিক্রি করেন, তাঁদের কাছে।

পেঁয়াজ ও রসুন

পেঁয়াজ এবং রসুনকে অনেকে মনে করেন আমিষ। কিন্তু বৈষ্ণবদের গ্রন্থতালিকায় একটা বই আছে-রসুন তত্ত্ব। উত্তরভারতে নিরামিষাশীরা পেঁয়াজকে তাঁদের খাদ্য তালিকা থেকে বাদ দেননি। এর একমাত্র কারণ প্রকৃতিদত্ত এই কন্দ দুটি ওষুধ। একাধিক রোগে এর ভেষজ গুণাবলী রোগ নিরাময়ে সাহায্য করে।

পেঁয়াজ

পেঁয়াজ বহুগুণ বিশিষ্ট একটি কন্দ। পেঁয়াজের গন্ধ অনেকে সহ্য করতে পারেন না। মুখ দিয়ে গন্ধ ছাড়বে বলে তাঁরা পেঁয়াজকে তেমন পাত্তাই দিতে চান না। তরিতরকারিতে যদিও বা সহ্য করতে পারেন কিন্তু কাঁচা অবস্থায় নৈব নৈব চ। অথচ এই কন্দটি আমাদের কত উপকারই না করে। ভিটামিন বি ও সি সমৃদ্ধ এই পেঁয়াজ অত্যন্ত বলকারক, রুচিকারক, রক্তশোধক, মূত্রকারক, বীর্যবর্ধক, ক্ষুধা-উদ্দীপক, ঋতুস্রাবকারক। কিন্তু পেঁয়াজ অবশ্যই কফবর্ধক।

তবে যে কোনও জিনিসই অপরিমিত মাত্রায় ব্যবহার করা ঠিক নয়। পেঁয়াজও অতিমাত্রায় খেলে নানাবিধ সমস্যা হতে পারে। অধিক ব্যবহারে বমি বমি ভাব এমনকী বমি পর্যন্ত হতে পারে। শুধু তাই নয় হৃদযন্ত্রের গতিও মন্দীভূত হয়ে যায়। তাই পরিমিতমাত্রায় পেঁয়াজ খেলে নানারকম রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মনে রাখতে হবে কাঁচা পেঁয়াজ খেলেই তবে তার গুণ পুরোপুরি পাওয়া যাবে।

ইউরিক অ্যাসিড বেড়েছে, বাতের সমস্যায় নাজেহাল অবস্থা, কী করবেন ভেবে পাচ্ছেন না। চিন্তা না করে পেঁয়াজের শরণ নিন। পেঁয়াজ আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে।

রক্তহীনতা বা অ্যানিমিয়ায় ভুগছেন পেঁয়াজ খেলে উপকার পাবেন। নিয়মিত একটি করে পেঁয়াজ খেলে মাথার দুর্বলতা দূর হবে, চিন্তাশক্তির ক্ষমতা বাড়বে ও মাথা ঘোরা কমে যাবে। পেঁয়াজ শরীরকে সতেজ রাখে ও ক্লান্তি দূর করে। এই কন্দটির মধ্যে রক্তশোধনের ক্ষমতা আছে।

শুকনো কফে পেঁয়াজের রস ভীষণ কাজ দেয়। অল্পমাত্রায় পেঁয়াজের রস খাওয়ালে জমা কফ বেরিয়ে যাবে।

নাক দিয়ে রক্ত পড়ছে, এইসময় কন্দটির রসের নস্য নিলে রক্ত বন্ধ হবে। মারাত্মক হিক্কা উঠছে, ঘটি ঘটি জল খাবার পরও থামছে না। পেঁয়াজ রসের নস্য ব্যবহারে উপকার হয়।

অর্শ আছে, ভয়ঙ্কর রক্তস্রাব হচ্ছে, এই সময়ও পেঁয়াজ আপনাকে সাহায্য করবে।

মূত্রগ্রন্থির সমস্যায় জেরবার, ক্রমশ কাবু হয়ে পড়ছেন। নির্ভয়ে পেঁয়াজ খান।

পেঁয়াজ বিপদ থেকে উদ্ধার করবে। মূত্রগ্রন্থির দোষে পেঁয়াজ কলিও ব্যবহারে দারুণ কাজ হয়।

প্রস্রাব পেলে আর বেগ ধারণ করা যায় না। বাসে ট্রামে উঠতে গেলে ভয় লাগে। একচামচ করে পেঁয়াজের রস কিছুদিন খেলে নির্ভয়ে দূরপাল্লার বাসে ট্রামে চড়তে পারবেন, কোনও সমস্যাই হবে না।

অজ্ঞান ব্যক্তির নাকে পরিমাণ মতো পেঁয়াজের রস দিলে তাঁর জ্ঞান ফিরে আসবে।

ছাঁচি পেঁয়াজের রস খুসকি নির্মূল করে, টাকে চুল গজায়।

বোলতা বা ভীমরুল কামড়েছে, যন্ত্রণায় ছটফট করছেন। আক্রান্ত স্থানে ছাঁচি পেঁয়াজ থেঁতো করে লাগালে জ্বালা যন্ত্রণা কমে যাবে।

গরমকালে পশ্চিমের মানুষরা লু-এর হাত থেকে বাঁচার জন্য পেঁয়াজের রস বা কাঁচা পেঁয়াজ সেবন করেন। এবং লু-এর হাত থেকে রক্ষা পাবার জন্য তাঁরা পকেটেও গোটা পেঁয়াজ রাখেন।

শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজ কলিও আহার্য হিসেবে ব্যবহৃত হয়। তবে পেঁয়াজ কিন্তু পরিমিত মাত্রাতেই খাওয়া উচিত।

রসুন

পেঁয়াজের মতো রসুনের মধ্যেও ওষধিগুণ প্রবল ভাবে রয়েছে। রসুনের কন্দ ছাড়াও পুষ্পমাল বা কলিও আহার্য হিসেবে ব্যবহৃত হয়। দু-ধরনের রসুনের সঙ্গে আমাদের পরিচয় আছে। বহুকোষীর থেকে এককোষী রসুনই আমাদের বেশি উপকারে লাগে। অবশ্য রসুনের গন্ধ বহুমানুষই সহ্য করতে পারেন না। যাঁরা নিয়মিত রসুন ব্যবহার করেন, তাঁদের শরীর থেকে রসুনের তীব্র গন্ধ নির্গত হয়। রসুনে অম্লরস নেই বলেই এর রস দুধে দিলে, দুধ কেটে যায় না।

রসুন পিত্ত বর্ধক, ঋতুস্রাবকারক, বলকারক ও শুক্রবর্ধক। অর্শ, কুষ্ঠ, কাশ ও শ্বাসরোগ নিরাময় করে। ক্রিমি নাশ ও কফ প্রশমিত করে। খাদ্যদ্রব্যের সঙ্গে নিয়মিত রসুন সেবন করলে হৃৎপিণ্ড সবল হয়। হৃদরোগের সম্ভাবনা কমে যায়৷ এই কন্দটি মূত্র তৈরি করতে সাহায্য করে। চর্বিযুক্ত কোনও খাদ্যবস্তুর সঙ্গে রসুন ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায়। রসুন খেলে চোখ ভালো থাকে।

রসুন বাত রোগ নাশ করে। সন্ধি বাতে আক্রান্ত হয়েছেন, জায়গাটা ফুলে আছে সঙ্গে ব্যথাও রয়েছে। রসুন বেটে গরম করে ন্যাকড়ায় পুরে সেঁক দিলে আরাম পাওয়া যাবে।

রসুন ক্রিমি নাশ করে, সাধারণ পক্ষাঘাত, শ্বাসরোগ ও বিবিধ বাত রোগে ব্যবহারে উপকার হয়।

নুন সহযোগে রসুন খেলে শূল, বায়ু ও শিরঃপীড়া কমে যাবে। এক্ষেত্রে একটিপ লবণ একচামচ রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে। এই রস বাতের ব্যথা ও ফোলায় লাগালেও কাজ হয়।

রসুনের ক্বাথ অর্থাৎ রসুন বাটা দুধের সঙ্গে মিশিয়ে অল্পমাত্রায় খেলে পেট ফাঁপা, হৃদযন্ত্র সম্বন্ধীয় রোগ প্রশমিত হয়।

সারা শরীর ম্যাজম্যাজ করছে, কাজ করতে ভালো লাগছে না। রসুন ব্যবহারে এইসব সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

রসুন রক্তবাহী ধমনীর শক্তি বাড়ায়। বলা যেতে পারে বেশি বয়েসের নানাবিধ রোগব্যাধি রোধ করে রসুন।

এই কন্দটির মধ্যে ক্ষয়রোগ রোধ করার ক্ষমতা আছে। এক্ষেত্রে একচামচ রসুনের রস একটিপ নুন ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার হবে।

চর্মরোগ! গায়ে রসুনের রস মাখুন। চর্মরোগ সেরে যাবে।

সরষের তেলে রসুন ভেজে সেই তেল বুকে ও আক্রান্ত স্থানে মালিশ করলে শ্লেষ্মা ও বাতের ব্যথা কমে যাবে।

বুকে কফ জমেছে, আপনার বাড়ির সবথেকে খুদে সদস্যটি ভয়ানক কষ্ট পাচ্ছে। বুকে, পিঠে রসুন তেল মালিশ করলে ভালো হয়। তবে শিশুদের রসুন খাওয়ানো উচিত নয়।

অজীর্ণ রোগ আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। ভেঙে পড়বেন না। দশ ফোঁটা রসুন রস, অল্প পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে খেলে অজীর্ণ রোগী উপকার পাবেন।

রসুনের মধ্যে অতিমাত্রায় জীবাণুনাশ করার ক্ষমতা আছে। তবে আগেই বলেছি কেবলমাত্র এককোষী রসুনের মধ্যেই ভরপুর ওষধিগুণ রয়েছে।

শাস্ত্রে বলা হয়েছে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত রসুনের ওপর থাকলে অনেক অসুখ এড়ানো যায়। বর্ষা ও বসন্তকালে, রসুন খাওয়া যেতে পারে তবে এইসময় এর গুণ কিছুটা নষ্ট হয়ে যায়। এবং গ্রীষ্মে ও শরৎকালে শাস্ত্রে রসুন ভক্ষণ নিষিদ্ধ। কারণ এই সময় উপকারের থেকে অপকারই বেশি হয়।

পদ্ম

একশ আটটি পদ্মের একটি হারিয়ে যাওয়ায় শ্রীরামচন্দ্রের অকালবোধন ও লঙ্কাবিজয় পণ্ড হতে বসেছিল। তখন তিনি তাঁর পদ্মপলাশ লোচনের একটি উৎপাটিত করতে গিয়েছিলেন। শ্রীভগবানের চোখ দুটিকে আমরা প্রস্ফুটিত পদ্মের সঙ্গে তুলনা করি।

বাংলা ভাষায় পদ্ম সম্পর্কে এইসব শব্দ পাওয়া যায়—পাদপদ্ম, পদ্মলোচন ইত্যাদি। পদ্ম ও পবিত্রতা, পদ্ম ও পূজা জড়িত শব্দ। আমাদের দেহরোগ নিরাময়ের ক্ষমতা রাখে এই পদ্মফুল। যার জন্মবৃত্ত্যান্ত অতি অদ্ভুত। পঙ্ক ছাড়া পদ্ম ফোটে না। আমরা বলি—পাঁকেই পদ্মের জন্ম।

এটি জলজ উদ্ভিদ। পদ্মফুলের চাষের জন্য পুরোনো পুকুর বিল অথবা ঝিলের প্রয়োজন। যার তলদেশে থাকবে প্রচুর পাঁক। শাস্ত্রে বহু ধরণের পদ্মের উল্লেখ থাকলেও সচরাচর আমরা যা দেখি তা হল—শ্বেত পদ্ম ও রক্ত পদ্ম।

আয়ুর্বেদ শাস্ত্রে পদ্মের কচি পাতা, ফুল, নাল ও কন্দ ব্যবহারের কথা বলা আছে। পদ্মের গুণাবলি হল—মধুর রসযুক্ত, শীতবীর্য ও বর্ণপ্রসাদক (দেহের কালিমা দূর করে)। এর প্রয়োগে কফ, পিত্ত প্রশমিত হয়। এবং পদ্ম তৃষ্ণা, দাহ, রক্তদুষ্টি, ব্রণ, বিসর্প রোগ ও বিষ নাশ করে। শ্বেত ও রক্ত উভয় পদ্মের ক্রিয়াগত সাম্যতা থাকলেও শাস্ত্রে শ্বেতপদ্মের গুণ কিছু অধিক বলে উল্লেখ পাওয়া যায়।

রঙ অনুসারে শ্বেতপদ্মের নাম পুণ্ডরীক, রক্ত পদ্মকে কোকনদ এবং নীলপদ্মকে ইন্দীবর নামে ডাকা হয়৷

ব্যবহার

মুখ দিয়ে রক্ত উঠছে। রোগী ক্রমশ তাঁর মানসিক বল হারিয়ে ফেলছেন। আপনি কিন্তু হতাশ হবেন না। এইসময় পদ্মই আপনাকে মানসিক শক্তি জোগাবে। পদ্মের কেশর বারো গ্রেন মাত্রায় চিনির সঙ্গে মিশিয়ে দিনে তিন চার বার খাওয়ালে রক্ত ওঠা বন্ধ হবে।

পদ্মের কেশর চূর্ণ চিনি ও মাখনের সঙ্গে মিশিয়ে খেলে অর্শের ভয়ঙ্কর যন্ত্রণা প্রশমিত হবে।

প্রস্রাব বন্ধ হয়ে গেছে। ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। প্রাণ প্রায় যায় যায় অবস্থা।

এক্ষেত্রেও পদ্ম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে। পদ্মের গেঁড়ো তিল তেলে ভেজে গোমূত্র দিয়ে ভালোভাবে পিষে সেবন করলে মূত্র সহজে নির্গত হবে। এই সমস্যায় স্থলপদ্মও ভালো কাজ দেয়। স্থলপদ্ম পাতার রস দুচামচ চিনির সঙ্গে মিশিয়ে খেলেও উপকার হবে। এটি যেমন মূত্রকারক, তেমনই জ্বালা যন্ত্রণা কমায়।

দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন। এইরকম অবস্থায় দুর্বলতা কাটাতে চিনি ও পদ্মবীজ চূর্ণের শরণাপন্ন হতে পারেন। দু’গ্রেন পদ্মবীজ চূর্ণ চিনির সঙ্গে মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যে দুর্বলতা কেটে যাবে।

পদ্ম পাতা শাকের মতো রান্না করে খেলেও দাহ যুক্ত জ্বরে অত্যন্ত আরাম পাওয়া যায়। যেহেতু এটি ঠান্ডা গুণ যুক্ত তাই বসন্ত রোগের জ্বর থাকাকালীন খেলেও কষ্ট লাঘব হয়। পদ্ম পাতার ওপর শুয়ে থাকলেও গায়ের জ্বালা কমে।

হাত ও পায়ে ভয়ঙ্কর জ্বালা করছে। এই সমস্যার ভালো ওষুধ হল পদ্মের ফুল ও কচি পাতা। যাঁদের বিকেলবেলা থেকে হাতে পায়ে জ্বালা শুরু হয় তাঁরা পদ্মফুল ও কচিপাতা একসঙ্গে বেটে হাতে পায়ে ভালোভাবে ঘষতে পারেন। এতে অবশ্যই আরাম পাবেন। এর সঙ্গে দু’তিন চামচ পদ্ম ডাঁটার রস ও চিনি মিশিয়ে খাওয়ালে জ্বালা কমবে। বিকেলের দিকে যাঁদের মাথায় যন্ত্রণা শুরু হয়, তাঁরাও পদ্ম ডাঁটার রস খেতে পারেন।

বারে বারে যাঁদের গর্ভপাত হয়ে যায় তাঁরা গর্ভাবস্থার মধ্যে মধ্যে পদ্মের বীজ দু’গ্রাম মাত্রায় খেলে গর্ভপাতের আশঙ্কা অনেকটাই কমে যাবে।

অধিক সন্তান ধারণ বা অন্য যে কোনও কারণে যদি কারুর গর্ভাশয় ঝুলে পড়ে তাহলে তাঁরা পদ্মপাতার শরণাপন্ন হতে পারেন। কচি পদ্মপাতা ভালোভাবে বেটে চিনির সঙ্গে মিশিয়ে খেলে অবশ্যই উপকার হবে।

যাঁদের পাতলা ও সবুজাভ দাস্ত হয়। তাঁরা দু-তিন চামচ পদ্মের মৃণালের রস, চালধোয়া জল ও মধু সহযোগে খেয়ে দেখতে পারেন।

বিকৃত কফ ও পিত্ত ধাতু দুটি রক্তাশয় বা হৃদগত হলে বায়ু সাবলীলভাবে চলাফেরা করতে পারে না। ফলে শূলের মতো ব্যথা শুরু হয়। এক্ষেত্রে পদ্মফুলের পাপড়ির রস খেতে পারেন। এই রস হৃদগত বিকৃত কফ ও পিত্তকে স্বাভাবিক করে। ফলে ব্যথা কমে যায়।

পানিফল

দুপুরবেলা পথে হেঁকে যায় ফেরিওয়ালা। কেউ হাঁকে পানিফল, কেউ হাঁকে পাঁড়িফল। বাঙালি ফেরিওয়ালা দেখা যায় না। বেশিরভাগই অবাঙালি। অবাঙালিরা পানিফলের গুণ সম্পর্কে আমাদের থেকে বেশি সচেতন। ভাসমান জলজ উদ্ভিদ এই পানিফল। পানি বা জলে জন্মায় বলেই পানিফল। অথচ কী আশ্চর্য এর গুণ। কী আশ্চর্য এর ধর্ম। জলে জন্মালেও পানিফল শরীরে উষ্ণতা সৃষ্টি করে। যাঁরা গ্রামের দিকে গেছেন, একটু লক্ষ করলেই দেখতে পাবেন পানিফলের চাষ। বিশ্রী কোনও পুকুরে জলজ উদ্ভিদের জটলায় একাধিক মানুষ এই জলীয় লতা ঠেলে ঠেলে, কাঁটার খোঁচা খেতে খেতে পানিফল তুলছেন। অনেকে একে বলেন শিঙাড়া ফল। তিনকোনা আবরণ যুক্ত একটি ফল যার নিজস্ব কোনও সৌন্দর্য নেই। খোসা ছাড়াবার পর ভিতর থেকে বেরিয়ে আসে অদ্ভুত সুন্দর, সাদা, কোমল একটি শাঁস। কচি অবস্থায় অতি সুস্বাদু। যে স্বাদের সঙ্গে অন্য কোনও ফলের স্বাদ মেলে না। আকার আকৃতিতে যেমন বিশিষ্ট, স্বাদেও সেইরকম। আহামরি কিছু নয় খেতে, তবু শুরু করলে থামা যায় না। উদরে অদ্ভুত এক শীতল আমেজ আসে। কিন্তু ফলটি উষ্ণ এবং ওষুধও বটে। খুব কাছ থেকে পানিফলের উৎস অনুসন্ধান করতে গেলে দেখা যাবে জলে ভাসছে দুই থেকে তিন ইঞ্চি চওড়া এবং তিন থেকে চার ইঞ্চি লম্বা পাতার দঙ্গল। পাতার কিনারায় করাতের মতো বড় বড় দাঁত কাঁটা। পাতার বোঁটা চার থেকে ছয় ইঞ্চি লম্বা। ত্রিকোণাকার পানিফলের দুকোণে দুটি ধারাল কাঁটা। দ্বিতীয় আর এক শ্রেণীর পানিফল দেখা যায়, যেগুলি চারকোনা এবং চারদিকেই চারটি কাঁটা। এই ফলের কী কী গুণ? পানিফল শীতবীর্য, মধুর রস, গুরু, পুষ্টিকারক ও ধারক, বায়ুবর্ধক, কিন্তু কফকারক, পিত্তদোষ, রক্তদোষ ও দাহকনাশক। আয়ুর্বেদ শাস্ত্রে পানিফলের একাধিক নাম—শৃঙ্গাটক, জলফল। ত্রিকোণ ফল, শরৎকালেই পানিফল ফলে।

পানিফল বহু রোগ নিরাময় করতে পারে। যেমন—

পেটের সমস্যায়

পেটের দোষ এবং তার সঙ্গে প্রমেহ আছে। ঘাবড়াবার কিছু নেই। এক্ষেত্রে শুকনো পানিফল গুঁড়ো করে ভালোভাবে ছেঁকে নিয়ে সিকি কাপ গরম দুধের সঙ্গে সকালে ও বিকেলে খেলে পেটের দোষ অবশ্যই সারবে। এবং মেহরোগ থাকলে আস্তে আস্তে সেরে যাবে।

পিত্তের জ্বালায়

শরৎকালে পিত্ত যাঁদের স্বস্তিতে থাকতে দেয় না। পিত্তের জ্বালায় যাঁরা কষ্ট পান তাঁরা যদি সাত-আটটা পানিফল বেটে দুবেলা খান তাহলে পিত্তের জ্বালা থেকে মুক্তি পাবেন। অবশ্য শুধু খেলে হবে না স্নানের আগে পানিফল বাটা গায়েও মাখতে হবে। পানিফল বাটা মেখে স্নান করলে জ্বালা দূর হবে।

আমাশায়

অনেকেই শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত পেটের সমস্যায় জেরবার হয়ে যান। আমাশা, রক্তপাত ইত্যাদি নানা উপসর্গ লেগেই থাকে। নানাবিধ ওষুধ খেয়েও কোনও উপকার হচ্ছে না। এ ক্ষেত্রে পানিফল আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। বাড়িতে যদি পানিফল চূর্ণ না থাকে তাহলে বাজার থেকে পানিফল চূর্ণ কিনে আনুন। বড়বাজারে পানিফল চূর্ণ কিনতে পাওয়া যায়। পানিফল চূর্ণ ময়দার মতো দেখতে। সেই পানিফল চূর্ণ ঠান্ডা জলে আট দশ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবং পরদিন সকাল থেকে সেই জল খেতে শুরু করুন। তিন-চার ঘণ্টার মধ্যে ওই জল পান করতে হবে। চূর্ণ ভেজানো জল খাবার কিছুক্ষণের মধ্যে নরম দাস্ত বন্ধ হয়ে যাবে।

স্মৃতি নষ্টে

পেটে আসছে কিন্তু কিছুতেই নাম, বা দরকারি কথা মনে পড়ছে না। আবার দেখা যায় সব সময় সব কথা মনেও থাকছে না। সকালে বাড়ি থেকে বেরোবার সময় গৃহিণী কিছু আনতে বলেছিলেন, দুপুর পর্যন্ত সব কথাই মনে ছিল, কিন্তু বাড়ি ফেরার পথে বেমালুম সব ভুলে গেলেন। বাড়ি ফেরা মাত্রই তুমুল অশান্তি হয়ে গেল। চিন্তা করবেন না, পানিফল আপনার নড়বড়ে স্মৃতিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে। তবে হারানো স্মৃতি ফেরানোর ব্যাপারে, আপনাকে আপনার বাড়ির মহিলাদের শরণাপন্ন হতে হবে। পানিফল চূর্ণ ঘিয়ে ভেজে চিনি দিয়ে হালুয়ার মতো রান্না করে খেলে সমস্যা কেটে যাবে।

অ্যালার্জি

অনেক সময় বিশেষ দ্রব্য খেলে বা স্পর্শ করলে দেহের বিভিন্ন স্থানে শোথের সৃষ্টি হয় এবং চুলকোয়। এরকম ক্ষেত্রে কচি পানিফল খেলে ভীষণ উপকার হবে। কচি পানিফল পাওয়া না গেলে তখন পানিফল চূর্ণ গমের সঙ্গে মিশিয়ে রুটি করে খেলেও অসুবিধা দূর হবে। এছাড়াও পানিফল বেটে অল্প চিনি মিশিয়ে খেলে অ্যালার্জির উপশম হতে দেখা যায়।

পানিফল মূত্ররোগ অর্থাৎ মূত্ররোধে বিশেষ কার্যকরী। অম্ল, অজীর্ণ ও পেটে বায়ু হলে অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যায়। এইরকম হলে পানিফল বেটে ব্লাডারে প্রলেপ দিলে উপকার হবে।

পানিফলের ধর্ম হল উষ্ণতার সৃষ্টি করা। সেইজন্য বাতের রোগীদের পানিফল খেতে বলা হয়। পানিফল খেলে যন্ত্রণা ও সমস্যা অনেকটা দূর হয়।

পানিফলের মধ্যে স্নেহ পদার্থ নেই বললেই চলে। তাই পানিফল খেলে শরীরে মেদবৃদ্ধির সম্ভাবনা একদমই থাকে না। অথচ পেট ও শরীর ঠান্ডা হয়।

দুর্বল ও পেটরোগা মানুষের অন্যতম বন্ধু হল পানিফল। কারণ এই ফলটি খুব সহজেই হজম হয়। তাছাড়া পানিফলের মধ্যে কোনও উগ্রতা নেই বলে যে কোনও রুগীকেই নির্ভয়ে পানিফল খেতে দেওয়া যায়।

সমস্ত দিন উপবাস করে আছেন। আর কিছুক্ষণ বাদে উপবাস ভঙ্গ করবেন। অনায়াসে পানিফল খেতে পারেন। পানিফল একমাত্র ফল যা খালি পেটে খেলে পেটে কোনও সমস্যা হবে না। পানিফল শুধু রোগই সারায় না, অনেক ভালো খাদ্যবস্তু প্রস্তুত করতে এই পানিফলের শরণাপন্ন হতে পারেন। অমৃতি বা জিলিপি তৈরি করার আগে যদি মিশ্রণের সঙ্গে পানিফল চূর্ণ মেশানো হয় তাহলে স্বাদও যেমন বাড়ে তেমনই মুচমুচে একটা ব্যাপার চলে আসে।

মুলো

আমাদের আহার্য তালিকায় অনেক সবজি আছে। আমরা খাই কিন্তু অতি অল্পক্ষেত্রেই তার গুণাগুণ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। মুলো শীতের ফসল। পৌষমাস পর্যন্ত নির্বিচারে খাওয়া যায়। অনেকে মুলো খেতে চান না, তার কারণ মুলো খেলে মুলোর ঢেঁকুর ওঠে। অনেকের ধারণা পেটে বায়ু হয়। অথচ মুলোর কত গুণ।

সংস্কৃত কবি এই ফসলটিকে তাঁর কবিতায় স্থান দিয়েছেন। এবং সেই রচনাটি অনবদ্য। ভাবার্থ হল—সব ফসলেরই জন্ম বীজ থেকে ও তার স্থিতি হল মূলে। কিন্তু এতই তারা অকৃতজ্ঞ—মূলের নামে কেউই পরিচিত হতে চায় না। সকলেই ভিন্ন নামের পরিচয়ে গর্বিত। এইবারে মুলো বলছে—হে মূল! আমি কিন্তু অকৃতজ্ঞ নই। তাই আজও আমার নাম মূলকম্।

মুলোর দুটি জাত। ছোট আর বড়। মুলোর বিভিন্ন ধরনের বিভিন্ন নাম শাস্ত্রে বর্ণিত। যেমন—মূলক, হরিপর্ণ, ভূমিকাক্ষার, নীলকণ্ঠ, মহাকন্দ, রুচির, হস্তিদন্তক।

শাস্ত্র বলছেন—দোষত্রয়হরণ, স্বর্য্যং, জ্বর-শ্বাসবিনাশনম। নাসিকাকণ্ঠরোগঘ্নং। নয়নাময়নাশনম্। অর্থ হল মুলো জ্বর, শ্বাসকষ্ট, নাসিকারোগ, কণ্ঠরোগ ও নেত্ররোগ বিনাশক।

ছোট জাতীয় মুলো কটুরস, উষ্ণবীর্য, রুচিকর, লঘু, পাচক, ত্রিদোষনাশক ও স্বরপ্রসাদক। বড় জাতীয় মুলো রুক্ষ, উষ্ণবীর্য, গুরু ও ত্রিদোষজনক। এটি তেলে ভেজে খেলে ত্রিদোষ নাশ হয়। তবে আমাদের অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসকগণের কাছে শুকনো মুলোর কদর বেশি।

ব্যবহার

কফজ শোথের কথা নিশ্চয়ই শুনেছেন। দেহের যেখানে হয়েছে সেই জায়গাটা টিপে দিলে বসে যায়। এবং পূর্বাবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে। পনেরো থেকে কুড়ি গ্রাম শুকনো মুলো এই সমস্যা দূর করতে সাহায্য করবে। ওই মুলো চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে নিন। এরপর সেটি ছেঁকে সকাল, বিকেল দুবেলা খেয়ে দেখুন। সমস্যা পালাবার পথ পাবে না।

শুধু শুকনো মুলো নয়, মুলোশাকও আমাদের এক উপকারী বন্ধু। মূত্রথলির পাথুরী রোগে মুলোশাক চমৎকার কাজ করে। মুলোশাক বেটে প্রথমে রস করুন। তারপর ওই তিন-চার চামচ রস একটু গরম করে কিছুদিন সকাল ও বিকেল খেতে হবে। হাতে হাতে উপকার পাবেন।

নাভির চারপাশে প্রবল যন্ত্রণা রয়েছে, সঙ্গে আছে ভয়ঙ্কর কোঁথানি। বারে বারে বাথরুমে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বোঝা যাচ্ছে আমাশায় আপনি কাবু হয়ে পড়েছেন। কিন্তু বিন্দুমাত্র ঘাবড়াবেন না। আপনার হাতের কাছে মুলো রয়েছে। আপনি এ ব্যাপারে মুলোর ওপর ভরসা করতে পারেন। ঠিক দশ গ্রাম মতো শুকনো মুলো সংগ্রহ করে চার কাপ জলে সিদ্ধ করতে বসিয়ে দিন। এবং মিশ্রণটি এককাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন। এরপর সারাদিনে তিন-চার বারে মিশ্রণটি খেয়ে ফেলুন। হাতে হাতে ফল পাবেন। যন্ত্রণা এবং কোঁথানি সেদিনই চলে যাবে। এবং আমাশার সমস্যা দু-একদিনের মধ্যে বিদায় নেবে।

বাতজ্বর আমাদের যথেষ্ট কাবু করে ফেলে। এক্ষেত্রে শুধু জ্বর থাকে না। জ্বর যত বাড়ে রোগীর চিৎকার ও বকবকানিও তত বাড়ে। এইরকম অবস্থায় চল্লিশ, পঞ্চাশ গ্রাম কচি মুলো তিন কাপ জলে সিদ্ধ করে দু’কাপ থাকতে নামিয়ে নিন। এরপর ওই ক্বাথটি ছেঁকে সারা দিনে চার-পাঁচ বার খেলে জ্বর বাদে অন্য সব সমস্যার উপশম হবে। তবে সঙ্গে জ্বরের চিকিৎসা করতে হবে।

এই শীতে কানের যন্ত্রণায় কাহিল হন না এমন মানুষের সংখ্যা খুবই কম। শুধু যে কানের সমস্যায় কানে যন্ত্রণা হবে তা কিন্তু নয়। সর্দিতে নাক পুরো বন্ধ হয়ে থাকলে যেমন কানে যন্ত্রণা হবে তেমনি কানের পুঁজ শুকিয়ে গেলে বা কানের পর্দায় যে স্নেহজাতীয় পদার্থ থাকে তা শুষ্ক হয়ে গেলেও কানে প্রবল বেদনা হতে পারে। এক্ষেত্রে মুলো আপনাকে রক্ষা করবে।

প্রথমে মুলোর রস বের করুন। তারপর সেই রস অল্প গরম করে দুই কানে দিনে দু’বার করে দিন। উপকার না পেলে বলবেন। তবে এক্ষেত্রে কাঁচা মুলো না পেলে শুকনো মুলো দিয়েও কাজ চালাতে পারেন। শুকনো মুলো জলে সিদ্ধ করে একটু থেঁতো করে রস বের করে নিন। মুলোর রস কানের যন্ত্রণা বন্ধ করতে অব্যর্থ কাজ করে।

গরমে বহু মানুষ ছুলির আক্রমণে নাজেহাল হন। খুবই বাজে রোগ। তবে এই ছুলিটিকে গ্রামের মানুষরা ধুলোটে ছুলি বলেন। গায়ে হাত দিয়ে ঘষলে ধুলোর মতো ঝরে পড়ে। এক্ষেত্রে ছ-সাত গ্রাম মুলো বীজ জলে বেটে গায়ে ভালোভাবে মাখলে ওই ছুলি অবশ্যই মিলিয়ে যাবে।

কাঁকুড়, খরমুজ ও তরমুজ

আমাদের দেশে বছরের শুরুতে গ্রীষ্মের প্রবল উত্তাপে বাজার ভরে যায় বিশেষ একটি ফলে। যার নাম তরমুজ। এই ফলটি সম্পর্কে আমাদের তেমন কোনও আকর্ষণ আছে কি? আকৃতিতে বিশাল, ভেতরে অসংখ্য বীজ। খাওয়ার আগে কাটাকুটিরও একটি বিশেষ পদ্ধতি থাকে, স্বাদ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। প্রচুর জল, একটি মাত্র স্বাদ—স্নিগ্ধ। কোনওটি সুমিষ্ট, কোনওটি তেমন নয়। দেবতার নৈবেদ্যে নিবেদিত হয়। এই ফলের প্রবল প্রতিদ্বন্দ্বী হল—আম আর লিচু। প্রায় একই সময়ে পাশাপাশি অবস্থান। তরমুজের শরবত একটি সুন্দর পানীয়। কিন্তু প্রস্তুতে অনেক তরিবতের প্রয়োজন। কম সময়ে এই ব্যস্ততার কালে তরমুজকে সহজগ্রাহ্য একটি ফল বলতে দ্বিধা হয়।

তরমুজের কথা বলে আরও দুটি ফলের কথা বলব—খরমুজ আর কাঁকুড়। প্রত্যেকটি ফলই গরমকালে বাজারে পাওয়া যায়। আর প্রতিটিরই গুণের শেষ নেই।

তরমুজ

পক্ক ও অপক্ক দুভাবেই তরমুজ খাওয়া যায়। অপক্ক তরমুজ শীতল এবং পিত্ত ও শুক্র নাশ করে। কিন্তু পক্ক তরমুজ ঈষৎ উষ্ণ ও ক্ষার বিশিষ্ট। পাকা তরমুজ শরীরে জল বৃদ্ধি করলেও কফ ও বায়ু নাশ করে। শুধু তাই নয় পক্ক তরমুজ মূত্রনাশক, বলকারক, কোষ্ঠশোধক, পিত্তবীর্য ও শুক্র বর্ধক।

খরমুজ

খরমুজকে খুর্ব্বুজ বা দশাঙ্গুল নামেও ডাকা হয়। খরমুজ মূত্রকারক, বলকারক, কোষ্ঠ শোধক। এই ফলটি গুরু, স্নিগ্ধ, মধুর রস যুক্ত। খরমুজ শুক্রবর্ধক এবং পিত্ত ও বায়ুনাশক। যে সব খরমুজ ক্ষার যুক্ত অর্থাৎ সক্ষার ও অম্ল মধুররস প্রধান সেগুলি রক্তপিত্ত ও মূত্রকৃচ্ছকারক।

কাঁকুড়

কাঁকুড় বা ফুটিকে কচরিয়া, ভকুর, চিবুড়, রাজগরা প্রভৃতি নামে ডাকা হয়। চক্রপানি দত্ত কাঁকুড় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ‘এটি কচি অবস্থায় রুচিকর, পিত্ত প্রশমনকারী এবং পাকলে বিপরীত ফল দেয়। এর পাতার রস মূত্রকর। ফলেরও সেই স্বভাব। এই ফলের বীজ প্রস্রাবের রোগনাশ করে।’ অপক্ক কাঁকুড় মধুররস, রক্ষ ও গুরু। এটি পিত্ত ও কফনাশ করে। শুধু তাই নয় অপক্ক কাঁকুড় ইষৎ উষ্ণধারক।

বাংলায় এর কাঁচা ফলকে কাঁকুড় এবং পাকলে ফুটি বলে। ফুটি কিন্তু উষ্ণবীর্য ও পিত্তবর্ধক। মাঘমাসে এই গাছের বীজ মাটিতে পুঁততে হয়। পনেরো কুড়ি দিনের মধ্যে সেই বীজ থেকে গাছ বেরয়। এই গাছের ফল পাকলে তার গাত্রবর্ণ হলদে হয় এবং আপনিই ফেটে যায়। মোটামুটি বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে এই ফলের আমরা দেখা পাই। কাঁকুড় কাঁচা অথবা তরকারি হিসেবে রান্না করেও খাওয়া যায়।

কাঁকুড় ও ফুটি ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তা তো আগেই বলেছি। এর কোনও কিছুই ফেলা যায় না। বীজ, পাতা, মূল সবকিছুই ওষুধ হিসাবে আমাদের উপকারে লাগে। কাঁকুড় আমাদের রসবহ ও মূত্রবহ স্রোতে কাজ করে। কিন্তু যেখানে বায়ু ও পিত্ত দুটি ধাতুই এক সঙ্গে কুপিত থাকে সেখানে তেমন কোনও উপকার পাওয়া যায় না।

প্রস্রাব প্রায় হচ্ছে না বললেই চলে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এইরকম অবস্থায় কচি কাঁকুড়ের রস মিছরির সরবতের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেলে প্রস্রাব স্বাভাবিক হবে।

কোনও কিছুই খেতে ইচ্ছে করছে না, সঙ্গে বমিও হচ্ছে। খাবার দেখলেই আপনি শিউরে উঠছেন, ঘাবড়াবেন না। এই রকম অবস্থায় আপনি অনায়াসেই কচি কাঁকুড়ের ওপর ভরসা করতে পারেন। তিন চার চামচ কচি কাঁকুড়ের রসের সঙ্গে একটু মিছরি মিশিয়ে রোজ সকালে একবার করে খেলে অসুবিধা দূর হয়ে যাবে।

অনেকেই একটু বয়স হবার পর প্রস্রাবের বেগ চেপে রাখতে পারেন না। রাস্তাঘাটে তাঁরা সমস্যায় পড়ে যান। আপনার স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে দিতে পারে কচি কাঁকুড়ের রস। মিছরির সরবতের সঙ্গে চার পাঁচ চামচ কচি কাঁকুড়ের রস মিশিয়ে খেলে উপকার পাবেন। এটি শুধু প্রস্রাব সংক্রান্ত সমস্যাই দূর করে না অগ্নিমান্দ্য কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনার খিদে কমে গেছে, এটি খেলে আপনার খিদে অবশ্যই বাড়বে।

বায়ুর ক্রিয়া একবারে কমে গেলে ঠিকমতো মলমূত্র নির্গত হতে পারে না। এর ফলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় ও বিশাল শব্দ যুক্ত ঢেঁকুর ওঠে। বহুদূর থেকে সেই শব্দ শোনা যায়। এই অস্বস্তি দূর করতে আপনাকে সাহায্য করবে কাঁকুড়ের বীজ। পাঁচ গ্রাম কিসমিস আধপোয়া জলে ভালোভাবে ফুটিয়ে সেটাকে চটকে ছেঁকে নিয়ে সেই জলের সঙ্গে পাঁচ গ্রাম কাঁকুড় বীজ মিশিয়ে ছেঁকে দিনে একবার করে খেতে হবে। এতে দাস্ত ও প্রস্রাব-দুই ই পরিষ্কার হবে এবং ঢেঁকুর ওঠাও কমে যাবে। এই ব্যবস্থাটি চরকের।

মূত্রনালীতে ক্ষত হলে প্রাচীন আয়ুবের্দীয় চিকিৎসকগণ কাঁকুড়ের বীজকে ঘানিতে পিষে তেল করে রাখতেন। এবং তাঁরা মূত্রনালীর ক্ষততে যাঁরা ভুগছেন তাঁদের ওই তেল ব্যবহারের নির্দেশ দিতেন। তাঁরা দু-চার ফোঁটা তেল দুধের সঙ্গে মিশিয়ে রোগীকে দিনে তিন-চারবার খেতে বলতেন। এর ফলে রোগীর রোগ যন্ত্রণা অনেক কমে যেত। অনেক আরাম পেতেন তাঁরা।

এই ফলটির বীজের অভূতপূর্ব গুণ থাকার জন্য চলতি কথায় বলা হয়, বারো হাত কাঁকুড়ের তেরো হাত বীজ। এর থেকেই বীজের গুণ ও শক্তি বোঝা যায়।

আমড়া

আমরা যাকে আমড়া বলি সংস্কৃতে তার খুব ভালো নাম আম্রাতক। এই ফলটিকে আমরা তেমন শ্রদ্ধা করি না। এমন কথাও বলি আমড়া আঁটি ও চামড়া, সার নেই কিছু। খেলেই অম্বল। আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু এই লোক অপবাদ থেকে আমড়াকে শুধু মুক্তই করেনি, বরং যথেষ্ট খাতির করেই বহুগুণে গুণান্বিত করেছে। চরক সংহিতা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা এই ফলটিকে বলেন কপিতন। কপিতন মানে বানরকুলের লক্ষ্মী। বানর যখন প্রসব বেদনা অনুভব করে তখন সে ছুটে যায় এই আমড়া গাছের কাছে। এই গাছের পাতা বানরের অতিপ্রিয় খাদ্য ও পথ্য। সেই কারণেই চরকীয় সম্প্রদায় ফলটিকে বলেন কপিতন।

আমড়া গাছ আমরা অনেকেই দেখেছি। হয়ত চিনতে পারিনি। বেশ লম্বা গাছ। পঁচিশ থেকে ত্রিশ ফুট উঁচু। এক একটি ডাঁটায় সমান্তরাল কয়েকজোড়া পাতা, আর ডাঁটার আগায় একটি মাত্র পাতা। এইবার দেখলেই চিনতে পারবেন। মাঘ ফাল্গুনে গাছ মুকুলে ছেয়ে যায়। তারপরেই ফল। এই কচি আমড়ার একরকম স্বাদ, ফলের বীজ তখন অত্যন্ত নরম। ফল পুষ্ট হলে আঁটি শক্ত হয়ে যায়। বাংলাদেশের সর্বত্র এই ফল পাওয়া যায়। বহু সময়েই এই গাছ বেড়া তৈরির কাজ করে। আমড়ার আর একটি জাতকে বলে বিলিতি আমড়া। দেশি আমড়ার চেয়ে মিষ্টি। এটির জন্মস্থান ফিজি আইল্যান্ড। তাই এটি বিলিতি আমড়া। ইংরেজিতে আমড়াকে বলা হয় ‘দি হগ পাম’।

এই সামান্য ফলটির অসামান্য গুণাবলি এবার বলছি। কাঁচা আমড়া বায়ুনাশক, গুরু, উষ্ণবীর্য্ ও রুচিকারক। পাকা আমড়া শীতবীর্য্, তৃপ্তিকারক, কফবর্ধক, স্নিগ্ধ, শুক্রবর্ধক, পুষ্টিকর, গুরু ও বলকারক।

আমড়া বায়ু, পিত্ত, ক্ষত, দাহ ক্ষয় ও রক্তদোষ নাশ করে।

পেটে প্রবল খিদে, কিন্তু খেতে পারছেন না। মানে খাবার ইচ্ছেটা একদম চলে গেছে। এইরকম অবস্থায় আমড়া গাছের মধ্যেকার অংশের খানিকটা ছাল সংগ্রহ করে ভালোভাবে থেঁতো করুন। দেখবেন যেন এক চামচ মতো রস হয়। এরপর ওই রসটা আধ কাপ বা পৌনে এক কাপ জলে মেশান, এবং এরপর তাতে অল্প নুন ও চিনি ফেলে দিন। ভালোভাবে নেড়ে নিয়ে মিশ্রণটি খেয়ে ফেলুন। দেখবেন অরুচি আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে।

রোগটা শরৎকালেই মাথা চাড়া দিয়ে ওঠে। গোদা বাংলায় রোগটিকে আমরা পিত্তবমি বলি। এক্ষেত্রেও আমড়ার শুকনো ছাল লাগবে। এই ছাল আপনাকে কোনও কবিরাজের কাছ থেকেই সংগ্রহ করতে হবে। চার-পাঁচ গ্রাম ছাল জোগাড় করে খানিকটা গরম জলে সেটিকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ওই জলটা দিনের মধ্যে কয়েক বার খেলেই বমি বন্ধ হয়ে যাবে।

অজীর্ণ রোগের মোকাবিলা করতে আমড়ার জুড়ি মেলা ভার। একটি পাকা আমড়ার শাঁস ও কিছুটা চিনি খানিকটা জলে মিশিয়ে পরপর কদিন খেলেই আপনার রোগ সেরে যাবে।

নিজের গায়ে নিজে হাত রাখতে পারছেন না। গায়ের চামড়া দিন দিন খসখসে হয়ে যাচ্ছে। চিন্তায় চিন্তায় আপনার শরীর খারাপ হচ্ছে। আপনি আমড়া গাছের ছাল থেঁতো করে সেই রস কিছুদিন খেলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

কারুর ওপর কোনও রাগ নেই, কিন্তু গায়ের জ্বালা কিছুতেই কমছে না। দিনের মধ্যে বহুবার স্নান করছেন, তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। এক্ষেত্রে আপনি বেশ খানিকটা আমড়ার ছাল জোগাড় করুন। তারপর তার রস এককাপ জলে মিশিয়ে ওই জলটা দিয়ে আপনার শরীরটা মুছে ফেলুন। গা মোছার পরই কিন্তু স্নান করবেন না। ঘণ্টাখানেক অপেক্ষা করে স্নান করুন। দিনকয়েক করলেই রোগটা সেরে যাবে।

বর্ষা আর হাজা, এই দুটো বস্তুকে অনেক মহিলাই বেশ ভয় পান। এক্ষেত্রে পাকা আমড়ার শাঁস ওই হাজায় লাগিয়ে রাত্রে শুয়ে পড়ুন। পরের দিন রোগ অনেকটাই কমে যাবে। তবে জল ঘাঁটা বন্ধ না করলে হাজা সারান খুবই মুশকিল।

পান

ভারতীয় জীবনে পান একটি বিলাস। পানের শুদ্ধ বাংলা হল তাম্বুল। তাম্বুল বিলাসিতায় বাঙালিরা বোধহয় অদ্বিতীয়। শ্রীরামকৃষ্ণ বলতেন—আহারের পর একটি পান খেলে ভালো হয়। মুখের দুর্গন্ধ দূর হয়। পানের রসে হজমের শক্তি থাকে। আয়ুর্বেদে পানের রস একটি গুরুত্বপূর্ণ অনুপান।

পানের শুধু তাম্বুল নয়, আরও অনেক নাম আছে। হিন্দুস্থানে যা পান, নাগরবেলা, তামিল দেশে তার নাম বেট্টিলী, মহারাষ্ট্রে নাগবেল, গুজরাটে নাগরবেলা ইত্যাদি, ইত্যাদি।

ডাক্তারি শাস্ত্রে এর নাম পাইপার বিটল। পানের কী কী গুণ? প্রথমত মুখের রুচি ফেরায়, বেশ ঝাঁঝালো, উষ্ণবীর্য। যাঁরা পান খান তাঁরা জানেন এর রসে তিনটি স্বাদ মিশে আছে। কষায়, তিক্ত ও কটু।

পানের রস সারক অর্থাৎ শুধুই রস নয়, সেই রসে নানান গুণ আছে। পান বশীকরণ করার ক্ষমতা রাখে, আবার রক্ত পিত্তজনক। যেহেতু হজমে সাহায্য করে সেই কারণে এর রসকে বলা হয় লঘু এবং বলকারক।

পান কিন্তু স্বগম বাড়ায়। ক্ষতও সারায়। পানের সবচেয়ে বড় গুণ— কফ দূর করে। আগেই বলেছি পান খেলে মুখের দুর্গন্ধ চলে যায়, পেটের বায়ুনাশ, শ্রান্তি দূর করে। যাঁরা রাতকানা অর্থাৎ রাতে দেখতে পান না, তাঁরা পান খেলে উপকার পাবেন। পেটের অসুখে পান উপকারী।

এক জাতির পান আছে যার রঙ কালো। একে বলা হয় কালা পান। এই পানের রসও তিক্ত-কটু-কষায়, উষ্ণবীর্য। তরল দাস্ত বন্ধ করে। খেলে মুখ জ্বালা করে, জিভে জড়তা আসবে। সুতরাং কালো পান সম্পর্কে সাবধানতা অবলম্বন করা উচিত।

আর একটি পান আছে যাকে বলা হয় শ্বেত পান বা ছাঁচি পান। এটি অত্যন্ত সুপথ্য, খাদ্যে রুচি আনে, হজমে সাহায্য করে। শুধু তাই নয় কফ ও বাত নাশ করে।

কারা কারা পান খাবেন না বা কখন খাবেন না? জ্বর হলে পান না খাওয়া উচিত। মুখে কোনওরকম ঘা থাকলে পান খাওয়া চলবে না। যাঁদের রক্তে পিত্ত আছে তাঁরা পান খাবেন না। মদের সঙ্গে পান চলে না। যাঁদের মূর্ছা রোগ ও চোখের সমস্যা আছে তাঁরা পান খাবেন না। যাঁরা দুর্বল ও শরীর শুকনো তাঁদের কখনই পান খাওয়া উচিত নয়।

পান যাঁদের নেশা, যাঁরা প্রচুর পান খান, তাঁদের মনে রাখতে হবে বেশি পান খেলে বায়ু, পিত্ত, কফ তিনটেই বাড়বে, শরীরের ক্ষতি হবে, দৃষ্টিশক্তির সমস্যা হবে, চুলের সমস্যা হবে, দাঁত তো যাবেই, কানে কম শোনাও বিচিত্র নয়, খিদেও কমে যাবে, রঙ কালো হবে এবং ক্রমশ দুর্বল হয়ে পড়বেন। অর্থাৎ পরিমিতিতে যা ওষুধ, অপরিমিতিতে তাই বিষ। আর একটি কথা এ প্রসঙ্গে বলা দরকার আছে বলে মনে করি। পানের সঙ্গে জর্দা, দোক্তা ইত্যাদি মেশালে উপকারের বদলে অপকার হবে।

রোগ প্রতিকারে পান

মাড়ি ফুলে গেছে, এবং তাতে পুঁজ জমে রয়েছে। এইরকম অবস্থায় অল্প জলের সঙ্গে পানের রস মিশিয়ে দিনের মধ্যে বারকয়েক কুলকুচি করুন। পুঁজ জমা এবং যে কারণের জন্য এটি হচ্ছে তা সেরে যাবে।

কানে অসহ্য ব্যথা রয়েছে, এবং তার থেকে রস বেরোচ্ছে। এইরকম অবস্থায় পান পাতার রস গরম করে আক্রান্ত কানে দু-এক ফোঁটা দিতে পারেন। ব্যথা ও রস বেরনো বন্ধ হবে।

পুরোনো দাদ ও চুলকানি যাঁর আছে তিনি ছাড়া এর কষ্ট আর কারুর পক্ষেই বোঝা সম্ভব নয়। এই কষ্ট থেকে পরিত্রাণ দেবে পান। আক্রান্ত স্থানে দিন কয়েক পানের রস ঘসে ঘসে লাগালেই উপকার পাবেন।

বর্ষা আসছে, যারা জলের মধ্যে বেশি কাজ করেন তাদের হাজা হওয়াটা অস্বাভাবিক নয়। পানের রস অল্প গরম করে হাজায় লাগালে রোগ পালাবার পথ পাবে না। তবে জল ঘাঁটা বন্ধ করতেই হবে।

নখকুনির কষ্টেও পানের রস পরিত্রাতার ভূমিকা পালন করে। পানের রস গরম করে তিন-চারবার নখের কোণে লাগালে ব্যথা চলে যাবে। তবে নখের বাড়তি অংশ অবশ্যই কেটে ফেলবেন।

ফোঁড়া সারাতে পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাতার সোজা পিঠে পুরোনো ঘি মাখিয়ে ফোঁড়ার ওপর বসিয়ে দিন। ফোঁড়া পেকে ফেটে যাবে। কিন্তু পানের অন্য পিঠ একটু গরম করে বসালে তখন পান ফোঁড়া থেকে পুঁজ টেনে বের করে আনবে।

ঝাল পান পাতার রস মাথায় লাগালে উকুন পালিয়ে যায়।

দুধ

দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য। শিশু থেকে বৃদ্ধ—সব বয়েসের মানুষই দুধ থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকেন। দুধের সঙ্গে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেরও সুন্দর একটি সম্পর্ক রয়েছে। দুধ যেমন মানুষের খাদ্য তেমনই রোগীর প্রয়োজনীয় পথ্য। আমাদের বহু ওষুধের অনুপান হচ্ছে দুধ। আগে আমি সে সম্পর্কে আলোকপাত করব।

বাচ্চাদের মুখে ঘা হলে দুধের সরের সঙ্গে খয়ের মিশিয়ে মুখে লাগালে ঘা সেরে যাবে।

কফের সমস্যায় নাজেহাল হচ্ছেন। এইরকম সময় চ্যবনপ্রাশ খেয়ে আধকাপ গরম দুধ খেতে হয়। বৃদ্ধ বয়েসে শরীরে নানারকম রোগ এসে বাসা বাঁধে। দুর্বল হয়ে পড়েন তাঁরা। শরীর সতেজ ও সবল রাখতে দুধ সহযোগে মকরধ্বজ খেতে বলি আমরা। হৃদযন্ত্রের গোলযোগ শুরু হয়েছে। এইরকম অবস্থায় দু’চামচ অর্জুন ছালের গুঁড়ো চিনি সহ এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে আধকাপ থাকতে নামিয়ে নিন। এরপর ওই মিশ্রণটি খেয়ে ফেলুন। দুধ সহ অর্জুন ছাল হৃদরোগীদের ওষুধ এবং পথ্য। একে আমরা অর্জুন পয়োধি বলি। দুর্বল হার্টের পক্ষে অত্যন্ত শক্তিশালী ওষুধ হল হৃদয়ার্ণব বা যোগেন্দ্র রস। এই দুটি ওষুধ দুধ সহযোগেই খেতে হয়।

তাহলে বুঝতেই পারছেন দুধ আমাদের কতটাই উপকারী বন্ধু। তবে কোনও কোনও সময় দুধ না খাওয়াই ভালো। তখন অবশ্য দুধ থেকে তৈরি অন্য জিনিস খেতে পারেন।

পেট খারাপ হয়েছে, ঘন ঘন দাস্ত হচ্ছে এইরকম অবস্থায় দুধ না খাওয়াই উচিত। এইসময় ছানার জল খেতে পারেন। ছানার জল পেট ঠান্ডা রাখতে এবং রোগ প্রশমনে সাহায্য করবে।

অম্বল বা পেটের গন্ডগোলে দুধ খাওয়া উচিত নয়। অম্বলের রোগীরা দুধের বদলে ছানা খাবেন। তবে লেবুর বদলে ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহার করেই ছানা কাটানো উচিত। কারণ টক খেলে যাঁদের সমস্যা হয়, তাঁদের ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহারে অসুবিধা হবে না।

পেটের গোলমালে দুধের বদলে ঘোল খেতে পারেন। এবং বায়ুর প্রাবল্য থাকলে কখনই শুধু দুধ খাবেন না। দুধের সঙ্গে খই বা রুটি খেতে পারেন। মুড়ি সহযোগে দুধও একটি ভালো খাবার।

মনে রাখবেন চাল, দুধ, গুড় বা চিনি সহযোগে যে পরমান্ন বা পায়েস তৈরি হয় তা কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট ও শক্তিবর্ধক খাবার। তাই মাঝে মাঝেই আমাদের পায়েস খাওয়া উচিত।

দুধ আমাদের উপকারী বন্ধু হলেও অনেকের কিন্তু এই দুধ একদম সহ্য হয় না। অনেকের দুধে অ্যালার্জি থাকতে পারে। অনেক বাচ্চার গোরুর দুধ সহ্য হয় না। হৃদরোগীদের মাখন তোলা দুধই খাওয়া উচিত। তবে দুধ কিন্তু কখনই না ফুটিয়ে খাওয়া উচিত নয়। দুধ না ফোটালে দুধের জীবাণু নষ্ট হয় না। ফলে দেখা দেয় নানা সমস্যা। তবে বাইরে থেকে যাঁরা দুধ কেনেন, তাঁদের একটু বেশি মাত্রায় দুধ সম্পর্কে সতর্ক থাকা উচিত। কারণ দুধের পরিমাণ বাড়াবার জন্য অনেকেই গোরু, মোষকে ইনজেকশন দেন এবং জল মেশান। এর ফলে দুধের পুষ্টিগুণ যথেষ্টই কমে যায় ও সেই দুধ নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *