যুদ্ধোত্তর বাঙলাদেশ – বদরুদ্দীন উমর
যুদ্ধোত্তর বাঙলাদেশ – বদরুদ্দীন উমর
(প্রথম প্রকাশ: মার্চ, ১৯৭৫)
উৎসর্গ
যুদ্ধোত্তর বাঙলাদেশে যাঁরা
উগ্র বাঙালী জাতীয়তাবাদ
ও
সাম্প্রদায়িকতার
সর্ব প্রকার অভিব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে
জনগণের পক্ষে সংগ্রাম করেছেন তাঁদেরই উদ্দেশে
মুখবন্ধ
এই সংকলনের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলি ১৯৭২ সালের প্রথম থেকে ১৯৭৪ সালের প্রথম দিক পর্যন্ত বাঙলাদেশের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছিলো। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও এগুলির মধ্যে একটা ধারাবাহিকতা এবং ঐক্যসূত্র আছে।
১৯৭৪ সালের জানুয়ারীর পর থেকে বহুবিধ কারণে, যার মধ্যে প্রধান হলো এ ধরনের রচনা প্রকাশযোগ্য পত্রিকার জীবনাবসান, আমার পক্ষে বাঙলা ভাষায় প্রকাশিত কোন দৈনিক অথবা সাপ্তাহিকে কিছু লেখা সম্ভবপর হয়নি। এই অভাব অবশ্য কিছুটা পূরণ করা গিয়েছিলো সংস্কৃতি নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ করে। কিন্তু ‘সংস্কৃতি’র প্রবন্ধগুলির বিষয়বস্তুর মধ্যে কিছুটা স্বাতন্ত্র্য থাকার জন্য সেগুলি এই সংকলনের অন্তর্ভুক্ত করা হলো না।
বর্তমান সংকলনের প্রবন্ধগুলিতে আমি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পরবর্তী দুই বৎসরের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কতকগুলি সমস্যার পর্যালোচনা করেছি। এই পর্যালোচনার পরিধির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সমস্যারই প্রয়োজনীয় আলোচনা সম্ভব হয়নি। সেদিক থেকে সংকলনটির অপূর্ণতা অনস্বীকার্য। কিন্তু তবু আশা করি যে, এই ক্ষুদ্র পরিসরে সংক্ষিপ্তভাবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আলোচনা ও পর্যালোচনা এই প্রবন্ধগুলিতে করা হয়েছে তার থেকে পাঠকরা যুদ্ধোত্তর বাঙলাদেশের একটা সাধারণ ও সামগ্রিক চিত্রের সাথে পরিচিত হতে সক্ষম হবেন।
যেসব সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় আমার এই প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিলো তার মধ্যে একমাত্র দৈনিক আজাদ ব্যতীত অন্য সবগুলিই অধুনালুপ্ত। এই পত্রিকাগুলির সম্পাদনা কার্যে যাঁরা নিযুক্ত ছিলেন আমার প্রবন্ধগুলি তাঁদের পত্রিকায় প্রকাশের জন্য তাঁদেরকে এই সুযোগে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বশেষে এই সংকলনটি প্রকাশের দায়িত্ব গ্রহণের জন্যে ধন্যবাদ জানাচ্ছি ‘মুক্তধারা’র শ্রীচিত্তরঞ্জন সাহাকে।
বদরুদ্দীন উমর
ঢাকা
১৪ই মার্চ, ১৯৭৫






Leave a Reply