ও শ্যাম কালারে বন্ধু
তুমি নি তরাইয়া লইবায় এই ভবসিন্ধু ॥
কালারে চিনিতাম গেলাম রে বন্ধু গগন মন্দিরে।
ধরিতে না পাইলাম কালা শূন্যে উড়া করে ॥
হাটে ঘাটে বিচারিলাম নগরে বাজার।
কুঞ্জবন বিচারিলাম হিয়ার মাঝার ॥
তন লতিফ তন খফি তন বকা, তন ফানা।
সেই ফানাতে ধিয়ান করি দেখিলাম কালা ॥
সৈয়দ শাহনূরে কইন কালা আছৈন ঘরে।
স্বরূপে ধিয়ান করি দেখ আপন মন্দিরে ॥
শব্দার্থ : ১. শ্যাম কালা = শ্রীকৃষ্ণ। ২. তরাইয়া লইবায় = তরিয়ে নেবে; উদ্ধার করবে। ৩. ভবসিন্ধু = সংসাররূপ সমুদ্র। ৪. কালারে = শ্রীকৃষ্ণকে। ৫. বিচারিলাম = খোঁজ করলাম। ৬. কুঞ্জবন = লতাপাতায় ঘেরা স্থান। ৭. লতিফ, খফি, বকা = আধ্যাত্মিক শাস্ত্রের তিনটি স্তর। ৮. তন = দেহ। ৯. ফানা = তন্ময়; আত্মহারা, পাগলপারা। ১০. ধিয়ান = ধ্যান। ১১. আছৈন = আছেন। ১২. আপন মন্দিরে = নিজ দেহে বা হৃদয়ে।
Leave a Reply