সৈয়দ শাহনূরের গান
১
বন্ধুরে প্রেমের পিয়াসি বন্ধুরে
বন্ধুরে তোর সনে পিরিতি করি
ঘরে মুই না রইতে পারি। ধুয়া।।
দিবানিশি ঝুরিয়া মরি, তুই বন্ধের লাগিয়া ॥
রাইতে দিনে চাইয়া থাকি পথ নিরখিয়া।
বন্ধুরে সইতে না পারি দুখে সদা জ্বলে হিয়া
স্বপনে দেখিলু বন্ধু, না পাই জাগিয়া।
বন্ধুরে সৈয়দ শাহনূরে কয় উদাসিনী হইয়া।
কী দোষে পরানের বন্ধু না চাও ফিরিয়া ॥
শব্দার্থ : : ১. তোর সনে = তোর সঙ্গে। ২. মুই = আমি। ৩. ঝুরিয়া মরি = চিন্তা করি। ৪. পথ নিরখিয়া = পথের দিকে চেয়ে থাকি। ৫. দেখিলু = দেখলাম।
২
অকালে মরিব নাও সমুদ্রে ডুবাই
আল্লাহ কতদিনে লওয়াইবায় কূল ॥
থিত নাই বেথিতে রইলাম আল্লাহ সদায় চঞ্চলমতি
ইষ্টি নাই কুটুম নাই মুরশিদ সারথি ॥
লং ফুল মালতি ফুল আল্লা ফুটিয়া রইছইন ডালে
বাও নাই বাতাস নাই আপনি ঝইরা পড়ে ॥
হাওয়া নাই বাতাস নাই আকাশে উড়ে ধুলি
এই দুনিয়া ভাঙিয়া যাইব শিমুলের তুলি
সৈয়দ শাহনূরে কইন, বইয়া জৈন্তাপুরে
সকল যাইন মুর্শিদের বাড়ি আমি অধম দূরে ॥
শব্দার্থ : ১. লওয়াইবায় কূল = কূলে নেবে। ২. থিত নাই = স্থিতি নেই। ৩. বেধিতে = স্থিতিহীন। ৪. বাও নাই = বাতাস নেই।
৩
না লাগিছে কাষ্ট পাট না লাগিছে মুড়া
বিনা রশিয়ে দিল বান্দ না ছুটে যার জুড়া
আনা সূতে বিনা পাটে কে বলিল দড়ি।
বিনা লুয়ায় বিনা কামারে পায় লাগিল বেড়ি ॥
মুরশিদ মুরশিদ ডাকি তুমি সরগর চান্দ
শাহানূরের পায়ে লাগিল শরিয়তের ফান্দ ॥
সৈয়দ শাহনূরে কইন শাহ মঞ্জুর ঠাকুর
কয়েদ ছাড়াইয়া রাখো বালক তোমার নূর।।
শব্দার্থ : : ১. কাষ্ট পাট = কাঠ দিয়ে জোড়া। ২. দিল বান্দ = বাঁধল। ৩. বিনা লুয়ায় লোহা ছাড়া। ৪. ফান্দ = ফাঁদ।
৪
তুই শামে কলঙ্কিনী কইলে মোরে
কলঙ্কিনী কইলে।
ধ্বনি আল্লাহর কুদরত বাণী বুঝিতে না পারি
উড়াল পঙ্খী হইয়া আমি ফান্দে বাজি মরি ॥
আন্ধায় পাইয়া মানিক না কৈলা যতন।
হেলায় গওয়াইয়া দিলা অমূল্য রতন ॥
হস্তে মানিক লৈয়া আনধা নয়ান ভরি চায়।
আন্ধায় বলে পন্থের খাক উড়াইয়া পালায় ॥
আঙ্খিয়ে না দেখে আন্ধায় বুইধি তার থুড়া।
মানিক হাতে লইয়া আন্ধায় বলে কঙ্কর গুড়া ॥
লাল মানিক না চিনিয়া আন্ধা অইল ধান্ধা।
ভালায় যদি পায় মানিক মুইট কইল বান্ধা ॥
দরিদর যদি পায় পরশ পাথর।
চউখে দেখি লইয়া যাইব মানিক আপন ঘর ॥
সৈয়দ শাহনূরে কয় আমি আন্ধা বড়ো
কী করে রাখিমু মানিক বুইধি নাই দড়ো ॥
শব্দার্থ : ১. ফান্দে বাজি মরি = ফাঁদে পড়ে মরি। ২. না কৈলা = করল না। ৩. হেলায় গওয়াইয়া দিলা = অবহেলায় হারাল। ৪. পন্থের খাক = পথের মাটি। ৫. আঙ্খিয়ে = চোখে। ৬. বুইধি = বুদ্ধি। ৭. কঙ্কর গুড়া = ছোট ঝুরি পাথর। ৮. মুইট কইল = মুঠো করল। ৯. দরিদর = দরিদ্র; অভাবি। ১০. দড়ো = মাথায়।
৫
ও ভাই! না চিনিলামরে সঙ্গে আইলাম কার
দুই আঙ্খি মুঞ্জিলে ঘর হইব অন্ধকার ॥
তিনে তিনে জুড়িয়াছে চাইরে কইল মূল
শহরে বসতি নাই কোথায় শুনি বোল্ ॥
তিন কানি দূরে ভাইরে বান্ধিয়াছে ঘর
তার মাঝে সুজন পঙ্খি খেলে সরোবর ॥
পবন ভরে বান্ধিয়াছে সবানের শরীর
আমি রইলু তাতে জান এক মুসাফির ॥
সৈয়দ শাহনূরে কইন মিছা এ সংসার
রহিম বক্স বালক লৈয়া মাঙ্গি যে দিদার ॥
শব্দার্থ : ১. আঙ্খি মুঞ্জিলে = চোখ মুদলে। ২. কইল = করল। ৩. তিন কানি =ভূমির হিসাববিশেষ। ৪. রইলু = রইলাম। ৫. লৈয়া = নিয়ে। ৬. মাঙ্গি = প্রার্থনা করি।
৬
পাক পানি চিনিয়া নাও বাইও-রে
হায়রে! আমার আউশের নাইয়া—
ও ভাইরে পাক পানি চিনিয়া নাও বাইও ॥
আড়ি কোনায় কইল সাজ, ঈশানিয়া বাও
দখিনাল বাতাসে মাইলো ময়ুর পঙ্খী নাও-রে ॥
উজান গাঙের মুড়ামুড়ি টেক কাটিয়া বাইও
শরিয়তের লাম্বা বাঁকে নাও খানি দৌড়াইও-রে ॥
কইন সৈয়দ শাহনূরে তনের লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ান ভইরা চাই-রে ॥
শব্দার্থ : ১. আড়ি কোনায় = উত্তর-পশ্চিম কোণ। ২. ঈশানিয়া বাও = ঈশানি বাতাস। ৩. মাইলো = মারল। ৪. টেক কাটিয়া বাইও = চিন্তা করে নৌকা বাইবে। ৫. নয়ান ভইরা = চোখ জুড়িয়ে।
৭
বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর
মনে লয় চলিয়া যাইতাম ছাড়িয়া বাড়িঘর ॥
অরণ্য জঙ্গলার মাঝে আমার ভাঙা ঘর
বাপ নাই বান্ধব নাইরে—কে লইত খবর ॥
বটবৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
ডাল ভাঙিয়া রইদ পোয়াইলাম আপন কর্ম দোষে ॥
সৈয়দ শাহনূরে কান্দইন গাঙের কূলে বইয়া
পার হইমু পার হইমু করি দিনত যায় মোর গইয়া ॥
শব্দার্থ : ১. তনু = দেহ; শরীর। ২. জর জর = নষ্ট। ৩. রইদ পোয়াইলাম = রোদ পোহালাম।
৮
তুমি চিনলায় না রে মন-
একই মন্দিরে বাসা না হইল মিলন।
একই আশা একই বাসা একই ঘরর ধন
একই ঘরে থাকতে কেন না হইল মিলন।
আসিতে আসিলায় মনা একই সঙ্গ হইয়া
ভবেতে আসিয়া মনা রহিলায় ভুলিয়া।
ভবেতে পরবেশ করলায় না চিনিলায় গিরি
নিশ্চয় জানিও তনু পরার অধিকারী।
মায়া মধুর রস পাইয়া রহিলায় ভুলিয়া
যাইতে বাসর ছাড়ি, না চাইব ফিরিয়া ॥
অজুদে মজুদ সাঁই লীলার কারখানা
সৈয়দ শাহনূরে কইন দেহার তনু ফানা।
শব্দার্থ : ১. পরবেশ = প্রবেশ। ২. তনু = দেহ; শরীর। ৩. পরার = পরের; অন্যের। ৪. অজুদে মজুদ = অস্তিত্বে বিরাজমান। ৫. ফানা = পাগলপারা; তন্ময়।
৯
নামে কত মধু আছে দেখরে নাম লইয়া
নামের গুণে দয়াল মৌলায় নিবা তরাইয়া
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
গাছে পাতায় জপে নাম সয়াল সংসারে
আল্লাহু আল্লাহু নাম জপরে জিকিরে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
ভিখারি কইরাছ বন্ধু রাখ পদতলে
লাহুল দরিয়ায় ভাসি তুলিয়া লও কোলে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারিলাম মানিক আপন কর্ম দোষে
নাম জপরে লা-ইলাহা ইল্লাল্লাহু ॥
কইন সৈয়দ শাহনূরে দুনিয়া মিছামায়া
বাজিকরে বাজি দিয়া বন্দি কৈল কায়া
নাম জপরে লা ইলাহা ইল্লাল্লাহু ॥
শব্দার্থ : ১. কইরাছ = করেছ। ২. লাহুল দরিয়ায় = অকূল সাগরে। ৩. কৈল = করল।
১০
দমে জপ আল্লাহ নাম ভাই
জীবন কেবল থুড়া
মুরশিদ ভজিয়া ভাই
নামের লও মুড়া ॥
নাম দেখ ধিয়ান কর
নাম দেখ সার
পির মুর্শিদ ভজিয়া লও
কুন কুলে দিদার ॥
নামের মাঝে আছে কাম
বন্দেগি ধিয়ান
যে ভাই চতুর হৈবত
মুরশিদ বুঝে জান ॥
ভজরে মুমিনগণ
চিনিয়া লও ধন।
যেই নাম জপিলে পাইবে
তনের মহাজন ॥
কুনকালে জপিতায় নাম
পুছিয়া লওঁ এরে।
কীরূপে ধিয়ান কৈলে
দেখিবায় বন্ধুরে ॥
উল্টা করি ভরিও দম
দেখিবায় মুরশিদরে।
নাম জপিলে দেখা হইব
তরিবায় কয়বরে।।
সৈয়দ শাহনূরে কয়
মুই না করলু কাম
কুপুতরু জনম লৈয়া
ডুবাইনু বাপের নাম।।
শব্দার্থ : ১. নামের লও মুড়া = নামের মর্যাদা নাও। ২. ধিয়ান = ধ্যান। ৩. হৈব = হইবে। ৪. তনের = দেহের। ৫. কুনকালে = কোনো সময়। ৬. পুছিয়া লও = জিজ্ঞেস করে জানো। ৭. কৈলে = করলো। ৮. করবরে = কবরে। ৯. মুই = আমি। ১০. কর = করলাম। ১১. কুপুতরু= কুপুত্র। ১২. লৈয়া = নিয়ে; হয়ে। ১৩. ডুবাইনু = ডোবালাম।
১১
আইসরে পরানের বন্ধু নিকুঞ্জ মন্দিরে।
নিতি নিতি পরানের বন্ধু ঘরে বারে চরে ॥
ঘরে বারে চরে রে বন্ধু দেখা না দেয় মোরে
দিনে রাইতে ঝুরিয়া মরি দেখিতাম তোমারে ॥
ছৈতে আছ পরাণ বন্ধু ধরতে কেনে নাই
একই ঘরে থাক বন্ধু দেখা নাহি পাই।
শুনিতে বন্ধুয়ার বুলি বড় মিঠা লাগে
দেখিতে বন্ধুয়ার রূপ আছে যার ভাগ্যে।
আরবারে বয়রে একহাত ঘরে এক হাত রৈলা।
বুঝিতে না পাইল নূরে বন্দের অন্তঃলীলা।
আর তনের মাঝে পাঁচ ভাই শুইয়া নিদরা যায়।
নিকুঞ্জ মন্দিরে বন্ধু আরাম আয়াস পায় ॥
আর কি বুল বুলরে বন্ধু কি বুলি যাও ঘরে।
ধান্দাবাজির দুনিয়াই বন্ধু কেও না চিনে তারে ॥
না চিনিলাম পরান বন্ধু দিন তো যায় গইয়া।
মুই অভাগি ঝুরিয়া মরি পন্থ পানে চাইয়া ॥
সৈয়দ শাহনূরে বুলৈন আমার ধড় খালি।
বুঝাইলে বুঝে না কেনে বালক কুরবান আলী ॥
শব্দার্থ : ১. আইসরে = এসো। ২. নিতি নিতি = সবসময়। ৩. ঘরে বারে = ঘরে বাইরে। ৪. ঝুরিয়া মরি = কেঁদে মরি। ৫. ছৈতে আছ = ছুঁইতে পারি। ৬. রৈলা = থাকল। ৭. পানচ = পাঁচ। ৮. নিদরা = নিদ্ৰা। ৯. দিন তো যায় গইয়া = দিন চলে যায়। ১০. মুই = আমি। ১১. বুলৈন = বলেন। ১২. ধড় = মাথা।
১২
নূরর কলিজা খাইল ঘুণে
সাজুর বালকে নূরর মহব্বত নাই জানে
যেইবালা আইলো বালক শাহ নূরের দাস
সকলই ছাড়িয়া তোমার কৈলু আশ
তোমার আমার মহব্বত হইছিল পাড়ারি আলপথে ছা
ড়বায় না করিয়া বালক হস্ত দিছলায় মাথে
মুর্শিদের মাথায় হাত দি কইতে ছাড়ি না যাইব দূরে।
জিতা থাকতে একৈ সাথে মৈলে একৈ গোরে
এই কথা শুনিয়া মুই বড় খুশী হইলু
মুরশিদের নিয়ামত তারে মুই কিছু দিলু
তালিম হইতা আদমি আইন মুই আদমের গেছে
কইয়া দিতু তালিম হও মছুর পাছে
মুরিদ তালিম করিয়া বালক চলিয়া গেল দূরে
দাগা করি ফকির হইছে দুজখের করিগুরে
সৈয়দ শাহনূরে কইন কইলে নিরাশ
মুরশিদরে দাগা করি গেলে দুজখে মছুর বাস।
শব্দার্থ : ১. যেইবালা = যে সময়ে। ২. দিছলায় = দিয়েছিলে। ৩. মাথে = মাথায়। ৪. হাত দি = হাত দিয়ে। ৫. একৈ সাথে = একসঙ্গে। ৬. মৈলে = মরলে। ৭. ঐকৈ গোরে = একই কবরে। ৮. মুই = আমি। ৯. কইয়া দিতু = বলে দিত। ১০. দাগা করি = ধোঁকা দিয়ে। ১১. করিগুরে = ভেতরে। ১২. কইলে = করলে।
১৩
আমার বুদ্ধি নাইরে নাই আমার আকল
এক গাছেনি লাগি যায় আর গাছের বাকল
পরার পুত আপন কৈলু পিরিতির লাগিয়া
দুনিয়ার বেকারের লাগি আমারে গেল পালাইয়া
ইষ্টি নাই কুটুম নাই নাই দেশ খেশ
লাহুলে বসতি করি নানা দেশে দেশে।
সমুদ্দুরের ফেনা হইয়া ভাসি ভাসি ফিরি
কাফিরের সাথে দুস্তি করি দিবানিশি ঝুরি।
তালগাছ নিকলায় বাকল আকলে না কয়
সাজুর কি শত্রুতান আছিল মোর মনে লয়।
কলিকাল ছাড়িয়া যাইতে বলিত পাইবা
মুরিদি তালিমি কাম চোরে চুট্টায় নিবা
পরার পুত আপনা মুই মিছা কাজে কৈলু।
সোনা, রুপা, শাল, পটু পিন্দাইয়া রং চাইলও
সোনার বদন তনের মাঝে পরবেশিল ঘুণ।
নূর মইলে মিলিয়া খাইবা শিয়াল শকুন।
পরার পুত আপনা করি গলে দিল সোনা
তন মন ছাড়ি রইলু না হইলু আপনা।
সৈয়দ শাহনূর কইন ছাড়িব আমার কুটা
দাগা করি ফকিরি নিছে কাফির সাজুর বেটা।।
শব্দার্থ : ১. আকল = জ্ঞানবুদ্ধি। ২. এক গাছেনি = একটি গাছে কি। ৩. আর গাছের বাকল = অন্য গাছের ছাল। ৪. পরার পুত = অন্যের পুত্র। ৫. আপন কৈলু = আপন করল। ৬. লাহুলে বসত করি = অকূলে বাস করি। ৭. ঝুরি = কাঁদি; চিন্তা করি। ৮. নিকলায় = বের হয়ে। ৯. বাকল = ছাল। ১০. আকলে = বুদ্ধিতে। ১১. শত্রুতান দুশমনি। ১২. বলিত পাইবা = বলতে পারবে। ১৩. নিবা = নেবে; নিয়ে যাবে। ১৪. মুই = আমি। ১৫. কৈলু = বললাম। ১৬. তনের মাঝে = দেহের মাঝে। ১৭. পরবেশিল = ঢুকল। ১৮. মইলে = মরলে। ১৯. দিলু = দিলাম। ২০. কুটা = বাঁশের লম্বা কঞ্চি।
১৪
নূরে কান্দে কান্দে নূরে ইমানের লাগিয়া
হেলায় হারাইলে ইমান পাইমুনি খুঁজিয়া।
হায় হায় রতন ধন হারিলু বিফলে
কি জুয়াব দিমু আমি হাশরের কালে।।
হুব লোভ ক্ষুধা নিদ্রা, সঙ্গে হইল বৈরী
লোভ ডাকাইত সঙ্গে, ইমান হৈল চুরি।।
ষোলো আনা লইয়া আইলু এক আনাও নাই
ইমান ছাড়াইয়া দেও, তিরিপুতরু ভাই।।
ভবের ধনের কিম্মত আছে ইমানের নাই
ইমান দুর্লভ ধন বিফলে হারাই।।
সৈয়দ শাহনূরে কান্দে ইমান বড় ধন
হেলায় হারাইলু ইমান অমূল্য রতন।।
শব্দার্থ : ১. পাইমুনি = পাব কি। ২. হারিলু = হারালাম। ৩. জুয়াব = জবাব; উত্তর। ৪. হুব = মায়া মমতা। ৫. হৈল = হইল; হলো। ৬. আইলু = আসলাম। ৭. তিরিপুতরু = স্ত্রী-পুত্র। ৮. কিম্মত = মূল্য। ৯. হারাইলু = হারালাম।
১৫
আঙ্খির নিকটে আছে আল্লা নিরঞ্জন
সামনে মানিক থইয়া, কেনে ভাঙ্গ বন?
কাজল কোঠা ঘরর মাঝে বইছইন, কোনজন
দিল দরিয়ার মাঝে বসি খেলে অনুক্ষণ
লীলার রূপ চাইতে গেলু, ভুলিয়া আইলু রঙ্গে
কি রূপ দেখিনু আমি, কে যাইব মোর সঙ্গে।
যে বলে বন্ধের কথা তার দিকে ধাই
মস্তকেতে হস্ত মারি ভূমিতে লুটাই।
সুজনে সুজনের সাথে পিরিত যদি করে
পিরিতি না ছাড়ে তারার, ডুবিলে সায়রে।।
তন রাধা মন কানু শাহনূরে বোলে
রাধা কানুর মিলন হইল আড়াই হাতের তলে।।
শাহনূরের তনে বলে আমি লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ন ভরি চাই।।
শব্দার্থ : ১. আঙ্খির = চোখের। ২. কেনে = কেন। ৩. বইছইন = বসেছেন। ৪. চাইতে গেলু = দেখতে গেলাম। ৫. বন্ধের কথা = বন্ধুর কথা। ৬. ধাই = যাই। ৭. তারার = তাদের। ৮. বোলে = বলে। ৯. রাধা = রাধিকা। ১০. কানু = শ্ৰীকৃষ্ণ। ১১. তন = শরীর; দেহ। ১২. লাগাল = নাগাল।
১৬
ও ভাই না চিনিলামরে সঙ্গে আইলাম কার
দুই আঁখি মুদিলে ঘর হইব অন্ধকার ॥
ধুয়া তিনে তিনে জুড়িয়াছে চাইরে কইল মূল
শহরে বসতি নাই কোথায় শুনি বোল।
তিন কানি দূরে ভাইরে বান্দিয়াছে ঘর
তার মাঝে সুজন পঙ্খি খেলে সারাক্ষণ।
পবন ভরে বান্ধিয়াছে সমানের শরীর
আমি রইলু জান তাতে, এক মুছাফির।
বরজখত মাতা, বরজখ পিতা, বরজখ গুরুপতি
এই তিন ছাড়িয়া যাইতে কেহ নাই সাথি।
সৈয়দ শাহনূরে কইন মিছা এ সংসার
রহম বখশ বালক লইয়া মাগী যে দিদার।
শব্দার্থ : ১. তিন কানি দূরে = জমির মাপবিশেষ। ২. রইলু = রইলাম; থাকলাম। ৩. বরজখ = মৃত্যুপরবর্তী কবরের জীবন। ৪. মাগী = মাগন করি; প্রার্থনা করি।
১৭
উদাসিনী কইলে মোরে পাগলিনী কইলে—
কেন তোমার পিরিতে মোরে উদাসিনী কইলো।।
ভিখারি কইরাছ বন্ধু রাখ পদের তলে
লাহুল দরিয়ায় ভাসি তুলি নেও কূলে।।
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারাইলাম মানিক আপন করম দোষে।।
লাহুল দরিয়ার মাঝে পরান বন্ধুর খেলা
ধরিমু ধরিমু করি বেরথা জনম গেলা।।
তনের মধ্যে সপ্ত দরিয়া বস্তি জঙ্গল আছে
তনের মাঝে মক্কা মদিনা চন্দ্ৰ সূৰ্য নাচে।।
কইন সৈয়দ শাহনূরে দুনিয়া মিছামায়া-
বাজিকরের বাজি দিয়া বন্দি কইল কায়া।।
শব্দার্থ : ১. কইলে = করলে। ২. লাহুল দরিয়ায় = অকূল সাগরে। ৩. কূলে = তীরে; পাড়ে। ৪. আশে = আশায়। ৫. করম দোষে = কর্মদোষে। ৬. বেরথা = ব্যর্থ। ৭. তনের মধ্যে = দেহের মাঝে। ৮. কইল = করল।
১৮
আমার শাহনূর থাকইন চাড়ালপাড়া
পরান বন্ধুয়া কালা
আমার শাহনূর থাকইন চাড়ালপাড়া।।
দুই পাওয়ে চরে মুরগা, মুরগার মাথায় চোট
একপর রাইত থাকতে জপে এশকে আল্লাহু।।
বাড়ির না পূব ধারে বাঁশের না আড়া
তার না পূব ধারে নমশুদের পাড়া।।
কদমহাটা বিনাছিরি, শাহনূরে না পাইলা বাড়ি
বাসা দিলা আশা নাথের বাড়ি।।
কইন ফকির শাহনূরে মুর্শিদ চিকন কালা
শাবাশ, শাবাশরে মুরগা শাহনূর থাকি ভালা।।
শব্দার্থ : ১. মুরগা = মোরগা। ২. রাইত = রাতের এক প্রহর। ৩. আড়া = ঝাড়। ৪. নমশুদ = নমশূদ্র
১৯
সু বুল্লি বল চাই শুনিরে সুজন পঙ্খি
পঙ্খিরে সুবুল্লি বল চাই শুনি।। ধুয়া।।
সু বুল্লি বোলরে পঙ্খি কাজল বরণ আখি
কোথায় থাকি বল পাখি নয়নে না দেখি।
আম ডালে থাক পঙ্খি কদমডালে বাসা
শূন্যে আও শূন্যে যাও তোমার কি ভরসা।।
দেখিতাম দেখিতাম করি কপালে নাই মোর
লেখা কাজ কই মিনতি করি একবার দেও দেখা।
সৈয়দ শাহনূরে কইন পঙ্খি দেখা দেও আমারে
তোর লাগি উদাসী পঙ্খি, দেখা দেও আমারে।।
শব্দার্থ : ১. সু বুল্লি = সুকথা; সুবচন। ২. কাজ কই = কাকুতি করি।
২০
বন্ধু কই যাওরে দেখি লই তোমারে
ঐ জন্ম হনে বিদায় দিয়া যাও আমারে
বন্ধু কই যাওরে। ধুয়া।।
যাও যাও আরে বন্ধু না পাই দুইটি আঁখি
একবার ফিরিয়া চাও, চান্দ মুখ দেখি ॥
ডাকিলে না শোনো বন্ধু না শুনিলাম বোল
আর না শুনিমু আমি ওই মুখের বোল ॥
উঠিতে না পারে মনা হস্তে লইয়া লাঠি
সৈয়দ শাহনূরে কইন আমার তনে দিছে ভাটি ॥
বন্ধু কই যাওরে।
শব্দার্থ : ১. হনে = হতে; থেকে। ২. তনে দিছে ভাটি = শরীরে শক্তি কমতে শুরু করেছে।
২১
দমে দমে জপ আল্লাহর নাম ভাই জীবন কেবল থুড়া
মুর্শিদ ভজিয়া ভাই নামের লও মুড়া ॥
নাম দেখ ধিয়ান কর নাম দেখ সার।
পির মুরশিদ ভজিয়া লও কুন কলে দিদার ॥
নামের মাঝে আছে কাম বন্দেগি ধিয়ান।
যে ভাই চতুর হৈব মুরশিদ বুঝে জান ॥
ভজরে মুমিনগণ চিনিয়া লও ধন।
যেই নাম জপিলে পাইবে তনের মহাজন।
কুন কলে জপিতায় নাম পুছিয়া লও এরে।
কিরূপে ধিয়ান কইলে দেখিবায় বন্ধুরে ॥
উল্টা করি ভরিও দম দেখিবায় মুরশিদরে।
নাম জপিলে দেখা হইব তরিবায় কয়বরে ।।
সৈয়দ শাহনূরে কয় মুই না কইলু কাম।
কুপুতরু জনম লইয়া ডুবাইলু বাপের নাম ॥
শব্দার্থ : ১. কুন কলে = কোনভাবে; কোন কৌশলে। ২. তনের = দেহের। ৩. পুছিয়া লও = জেনে নাও। ৪. কইলে = করলে। ৫. তরিবায় = উদ্ধার পাবে। ৬. কয়বরে = কবরে। ৭. মুই = আমি। ৮. কুপুতরু = কুপুত্র। ৯. ডুবাইলু = ডোবালাম।
২২
লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে।
রাধার মন শান্ত রইছে বন্ধুয়ার ঘরে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর নাই পরকাশ।
তোমারে দেখিবার তরে মনে রাখি আশধ ॥
মনে আশা রাখি বন্ধু তোমারে দেখিবার।
অনাথ জানিয়া মোরে দেখাও দিদার ॥
দিদারে দরশন মিলে দিদারে সকল।
তুমি বন্ধু দেখিবারে হইলু বিফল ॥
বিফল হইয়া মুই রইলাম লাহুলে।
রাইতে দিনে ঝরে পরানি, বন্ধু আইস কূলে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর দরজা নাই তার।
খনে আয় ঘরের ভিতর খনে ঘরের বার।
আউতি জাউতি করি ভানু হয় ঘরের বার।
রাধায় বলে পরানের বন্ধু মুররি বাজার ॥
সৈয়দ শাহনূরে কয় যদি দয়া হয়।
তুমি কালা জুনাবের তলে রাখ দয়াময় ॥
শব্দার্থ : ১. লাহুলে = জগৎসংসারে। ২. রাধার = রাধিকার। ৩. পরকাশ = প্ৰকাশ। ৪. আশ = আশা। ৫. দিদার = দর্শন। ৬. হইলু = হলাম; হইলাম। ৭. ঝরে পরানি = পরান কান্দে। ৮. আইস = এসো। ৯. খনে = ক্ষণে। ১০. ঘরের বার = ঘরের বাইরে। ১১. আউতি জাউতি করি = আসা যাওয়া করে। ১২. কালা = কৃষ্ণ। ১৩. জুনাবের তলে = চরণ তলে।
২৩
নবীন যৌবনের কালে ঘরে জোড় বাতি
আর গগনের চান্দ ঘরে, দেখ নিতি নিতি।
আর তেলে উঠিয়া বলে, আমি বাতির লাগাল পাই
প্রকাশ করিয়া ঘর, সর্বস্থান চাই।
আর শানুরের তনে বুলে, আমি মনের লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ন ভরি চাইরে।
আর নয়ন ভরিয়া রূপ চাইতে না পারি
ধিয়ানে চাইতে রূপ সঙ্গে হইয়া বৈরী।
বন্ধের রূপ চাইতে আমার সঙ্গে দুরাচার
পরান নাথের দয়া হইলে হইব পরচার
মুর্শিদের জুনাব বিনে আশা কর কার।
মুরশিদে চেতাইলে বাতি হইব পরকাশ।
মিছা ধান্ধা ভরে কর যাইতে নাই আশ।।
সৈয়দ শাহনূরে বুলইন মুরশিদ শাহ মঞ্জুর।
চেরাগ বাতি জুড়িয়া দিবায় দেখিতাম ধুর ॥
শব্দার্থ : ১. নিতি নিতি = প্রতিদিন; সবসময়। ২. লাগাল = নাগাল। ৩. বুলে = বলে। ৪. চাইতে না পারি = দেখতে না পারি। ৫. বন্ধের = বন্ধুর। ৬. রূপ চাইতে রূপের চেয়ে। ৭. পরচার = প্রচার। ৮. চেতাইলে = বাড়িয়ে দিলে। ৯. পরকাশ = প্রকাশ। ১০. আশ = আশা। ১১. ধুর = পথ; উপায়।
২৪
ধেনু লইয়া চল মাঠে যাইরে রঙিলা ভাই
ধেনু লইয়া চল মাঠে যাই।।
হইল অনেক বেলা উড়িল পথের ধুলা।
আমি মাঠে যাইমু একেলারে ॥
সঙ্গের রাখাল ভাই, ধুরিয়া না অন্ত পাই
বল আমি কোন স্থানে যাইরে ॥
বাঁশিতে সমবাদ দূরে, ডাক ছাড়ে উনচা সুরেধ
সাড়া পড়ে গকূল নগরেরে ॥
সঙ্গের রাখাল যত আচম্বিতি৬ মিলিয়া পথ
চল যাই ধেনু চরাইবারে রে ॥
গোষ্ঠেত সাজিলা কানু, দগ্ধে রাধার তনু
আজি মাঠে কি হইব না জানিরে।
সৈয়দ শাহনূরে কয় রাধা-কালু ভিন্ন নয়
রাধা কানু আপনার তনেরে ॥
শব্দার্থ : ১. ধেনু = নবপ্রসূতা গাভী। ২. ধুরিয়া = চিন্তা করে। ৩. সমবাদ = সংবাদ; খবর। ৪. উনচা সুরে = উচ্চ সুরে। ৫. গোকুল নগরে = কৃষ্ণের বাল্য লীলাভূমি। ৬. আচম্বিতি = হঠাৎ। ৭. গোষ্ঠেত = মিলন স্থান। ৮. কালু = কৃষ্ণ। ৯. আপনার তনেরে = নিজ দেহে।
২৫
তোমরানি বন্ধুয়ার রূপ দেখ গো সজনী সই
তোমরানি বন্ধুয়ার রূপ দেখ।
আমারে ছাড়িয়া হরি, রইলায় গিয়া মধুপুরি
আমি রইলাম পন্থের দিকে চাইয়া গো ॥
মুইত হইলু কুলনাশী, বন্ধু মরে ভিনবাসি
আমি রইলাম বন্ধুয়ার আশে গো ॥
শাশুড়ি ননদি বৈরী, ঘরে না মুই রইতে পারি
বিরহ অনলে জ্বলি মরি গো ॥
শুনিয়া বাঁশির ধ্বনি উল্লসিত রাধার পরানি
কোথায় পাইমু নিলয় না জানি গো ॥
সৈয়দ শাহনূরে কয়, সে কালা মিলিবার নয়
বল সখী না দেখি উপায় গো ॥
শব্দার্থ : ১. তোমরানি = তোমরা কি। ২. হরি = কৃষ্ণ; নারায়ণ; বিষ্ণু। ৩. মুই = আমি। ৪. হইলু = হলাম; হইলাম। ৫. পরানি = মন; হৃদয়। ৬. নিলয় = ঘর, আবাস; বাসস্থাল।
২৬
ও মন বিচারিয়া চাও, বাণিজ্যের যত ধন বিফলে খোয়াও
মনরে পরার ধন লইয়া আইলুত করিতে বেপার
ছাড়িলাম লাখের পসার না গেলাম বাজার।
মনরে পরার ধন করিয়া মনে, কেনে নাই ডর
মহাজন জিংগাসিলে কি দিব উত্তর ॥
মনরে যার ধন লইয়া রইলু তার নাই চিন
লাভের সঙ্গে দেখা নাই টুটে রাত্রি দিন ॥
মনরে সৈয়দ শাহনূরে কইন মুরশিদের দিকে চাও
আউয়ালে আখেরে মাঙ্গি মুরশিদের পদের ছাও।
শব্দার্থ : ১. বিচারিয়া চাও = বিবেচনা করে দেখো। ২. পরার = অন্যের; অপরের। ৩. আইলু = এলাম; আসলাম। ৪. কেনে নাই = কেনো নেই। ৫. রইলু = রইলাম; থাকলাম। ৬. টুটে রাত্রি দিন = রাত দিন যায়। ৭. মুরশিদের দিকে চাও = মুরশিদের দিকে তাকাও। ৮. পদের ছাও = পায়ের ছায়া।
২৭
ধীরে ধীরে নাওখানি বাইও, ও ভাই মাঝিরে
ধীরে ধীরে নাওখানি বাইও ॥
আকাষ্টা কাঠের নাও, সোনা রুপার গলই
পাইকের হাতে বৈঠা দিয়া, মাঝি রইলা চাইয়া
বিষম সমুদ্দুরের ঢেউ, তরাসে যাও বাইয়া ॥
পাগেলা পাইকের মতি, কিনা কাম কইলা,
বেভুল হইয়া সবে নৌকা ডুবাইলা ॥
সৈয়দ শাহনূরে কইন কাতর হইয়া,
চিনিতে না পাইলু মুরশিদ, নায়ের কোনজন নাইয়া ॥
শব্দার্থ : ১. গলই = নৌকার গলুই। ২. বিষম ভীষণ। ৩. তরাসে = দ্রুত। ৪. পাইক = পেয়াদা। ৫. কইলা = করলেন। ৬. নাইয়া = মাঝি।
২৮
হায়রে রঙিলা নায়ের মাঝি
কোন দিন খুলিবায় নাও, অভাগিয়ে না জানি।
রে উল্টা নায়ের মাঝি
ও মাঝিরে উজানে থাকেরে কন্যা আউলাইয়া মাথার কেশ
পানি চাইতে না দেয় কন্যায় রে
ও মাঝি এ কোন দামর দেশ।
ও মাঝিরে বাড়ির মাঝে পুষ্করিণী, শানের বান্দাইল ঘাটখানি
হস্তি ঘোড়ায় না খায় জল, কলসি না হয় তল।
সেই পুষ্করিণীর পানি খাইলে, নাগর হয় পাগল ॥
রে মাঝি নাওয়ে থাক নাওয়ে চর নাওয়ের নাই যে সীমা
বুঝিতে না পারি মাঝি তোমার মহিমা ॥
নাওয়ে নাওয়ে থাকে যে জন সে কি পানি চায়?
দেখিবার পিয়াসে মাঝি হলকম শুকায়।।
সৈয়দ শাহনূরে কয় হইয়া উদাসী
দেখিবার পিয়াসে ও মাঝি মুই হইলু পিয়াসি ॥
শব্দার্থ : : ১. শানের = পাথরের। ২. হলকম = গলা।
২৯
কে শুনাল কানে ভাই অপরূপ কথা
ডাকাতির ঘাটে নাও ঠেকিল সর্বদা ॥
দিলালপুরে যাইতে নাও চৌকিদারে ডাকে।
গুন কাছি ছিড়িয়া নাও বালুচরে ঠেকে ॥
ছিরিপুরে দিলালপুরে মধ্যে সমুদ্দর।
তিন পুনিয়ার ঘাটে বুঝি সর্বজন চোর ॥
সকল চোরের মাঝে আছে এক চোর দানা।
তিন পুনিয়ার ঘাটে বুঝি চোরের মুদিখানা ॥
তিন পুনিয়ার ঘাটে যদি না থাকিত চোর।
কেমনে বসতি হইত শহর ছিরিপুর ॥
মহাজন বেপারি বইছইন মছলন্দের উপর।
সৈয়দ শাহনূর হইলা চিন্তায় কাতর ॥
শব্দার্থ : ১. গুন কাছি = গুন দিয়ে নৌকা টানার রশি। ২. এক চোর দানা = চোরের সরদার।
৩০
এমন বসন্তের কালে হে এ নাই সে পাইলু।
গাঁথিয়া পুষ্পের মালা পন্থে চাইয়া রইলু ॥
ফুটিছে নানান ফুল ডালের উপর।
ফুলের মালা গাঁথিয়া আমি যাইমু কোন্ শহর ॥
সুগন্ধ খোশবয় পাইয়া ভমরা পাগল।
বন্ধু বন্ধু করিয়া রাধা হইছে বিফল ॥
কি বলিমু কুথায় যাইমু দুঃখ রইল মনে।
রাধার মনের ব্যথা ওগো পরান কালায় জানে ॥
সৈয়দ শাহনূরে বলে রাধা মহামতি।
ছাড়াইলে না ছাড়ান যায় সুজনের পিরিতি ॥
শব্দার্থ : ১. পাইলু = পেলে; পাইল। ২. রইলু = থাকল; রইল। ৩. রাধা = রাধিকা। ৪. কুথায় যাইমু = কোথায় যাব। ৫. পরান কালায় জানে = পরান কৃষ্ণ জানে।
৩১
পরথম বসন্তের দিনে, বন্ধু গেলায় রে ছাড়িয়া।
মুই অভাগি ঝুরিয়া মরি, তুই বন্ধুর লাগিয়া ॥
পিরিতে আকুল হইয়া, ডাকি বার বার।
তুষের অনলে জলে, পরানি আমার ॥
আসিবায় পরান বন্ধু দুঃখ যাইব দূরে।
বন্ধুর শোকে পরানি মোর, দিবানিশি ঝুরে ॥
আইস রে পরান বন্ধু জ্বলিয়া যায় বুক।
হিয়াতে রাখিয়া হিয়া দেখি চান্দ মুখ ॥
মুই অভাগির মনের দুঃখ অপরে না জানে।
বন্ধু বিনে মনের দুঃখ, নিবারিব কুনেত ॥
দেখা দেও পরান বন্ধু, দেখা দেও আমারে।
তোমার শোকে জলে হিয়া, রাইতে দিনে ঝুরে।।
সৈয়দ শাহনূরে বুলে, শাহ মনজুর ঠাকুর।
ঠাকুরের পদতলে রাখ বালক নূর ॥
শব্দার্থ : ১. পরথম = প্রথম। ২. ঝুরিয়া মরি = কেঁদে মরি। ৩. নিবারিব কুনে = কে নেভাবে।
৩২
নারে নারে নারে নারে, নারে নারে না আরে
ও নারে নারে না আরে নারে রে বসন্ত নতুন।
নতুন বসন্তকালে, ঘরে আসি সবে মিলে;
রিতু আমি সানচার বুঝায় রে! বসন্ত নতুনে।
আসিল বসন্তের বাও, নানান পঙ্খি কাড়ে রাও।।
নানান ফুল দেখি, বিকশিত রে।
ফুটিল নানান ফুল, ভমরা হইল বিয়াকুল।
মধু রসে দিল দরশন রে।
গগনে চমকে ভানু, নগরে চমকে কানু
সখীগণ হৈলা উল্লসিত রে।
বসন্ত সময় কালে, মদনে কামিনী ভুলে।
সখী সঙ্গে পুরিয়া সমবাদ রেঃ।
সৈয়দ শাহনূরের বাণী, বসন্ত টুটিল পানি
পাছে মনার দোষ কিনি রে ॥
শব্দার্থ : ১. নানান পঙ্খি কাড়ে রাও = নানা পাখি গান গায়। ২. বিয়াকুল = ব্যাকুল। ৩. হৈলা = হলো; হইল। ৪. সখী সঙ্গে পুরিয়া সম্বাদ রে = সখী সঙ্গে থাকার সংকট। ৫. কিনি রে = কেন রে।
৩৩
আর নারে নারে নারে নারে নারে নারে
নায়রে নারে নারে নারে নারে নারে নারে
আইস গো সরস্বতী লামিয়া দেও গো বর।
গায় দিবায় বল জুর কুকিলার স্বর।
মাঘ ও পঞ্চমীর দিন বসন্তের রাইত।
সরস্বতী বন্দিয়া গাও বসন্তের গীত ॥
এক বিনে দুই নাই আদমের তরান।
এক নাম জপরে ভাই পাইবায় তরান ॥
সর বিনে গতি নাই তিনকুমে চাইও
সরব নাম জপ করি ধিয়ান করি রৈও৬ ॥
মনের মাঝে তরাস করি ধিয়ান করি লৈও।
পছিমে পিছ দিয়া নাম ডাক দিও।
মন না হিলাইও ভাই করিও ধিয়ান
যে মানে মুরশিদের আওয়াজ, সে বড় সিয়ান।।
এক নাম বিনে ভাই দুই নামে না ধরিও।
বাঘের সমান খাপ ধরি, মুরশিদের মুখ চাইও।।
আসন ধরিয়া ভাই নামে দিও ডাক।
আসমান জমিন ঘুরিয়া আইব কুমারের চাক ॥
যবে দেখ বাম দিয়া দেখা আসি দিব।
লা হাওলা পড়িয়া ভাই তওবা পড়িও ॥
মনজুরের বালকে কয় আমার খালি হাড়ি।
না দেখিলাম স্বামীর পদ জিতে আছি রাড়ি ॥
শব্দার্থ : ১. সরস্বতী = হিন্দুদের মতে বিদ্যা কলার দেবী। ২. লামিয়া = নেমে; নামিয়া। ৩. বর = আশির্বাদ। ৪. বন্দিয়া গাও = বেঁধে গাও। ৫. তরান = উপায়; উদ্ধার। ৬. রৈও = থাকিয়া; থেকো। ৭. পছিমে = পশ্চিমে। ৮. মন না হিলাইও = মন সারাবে না; ধ্যান ভাঙবে না। ৯. সিয়ান = সেয়ানা। ১০. বাঘের সমান খপ ধরি = বাঘের মতো শক্ত করে ধরে। ১১. রাড়ি = বিধবা।
৩৪
নিনদে কইলায় মন, নিনদে বেভুল হৈলায় পাগল মনরে
নিনদে বেভুল রইলায়, ঘিরিল মায়ার জালে।
ঘরের ধন সকলই চোরায় লইয়া যায়, লইয়া যায় লাভে-মূলে ॥
ঘরের মাঝে থাকে চোরা, সদা চুরিত মন।
সেই না পন্থে চোরার সঙ্গে সদায় গমন ॥
ঘরের মাঝে থাকেরে চোরা বারে তার সঙ্গী।
দুই না চোরার মিলন হৈলে বাজার যাইব ভাঙি ॥
সৈয়দ শাহনূরে বুলৈন চোরার লাগি ঝুরি।
চোরার সঙ্গ লইবায় সাধ চৌদ্দজন বৈরী ॥
শব্দার্থ : ১. নিনদে = ঘুমে; নিদ্রায়। ২. কইলায় = করলে। ৩. হৈলায় = হলে; হইলো। ৪. বুলৈন = বলেন।
৩৫
তুমি আমার কলিজার জিগর রে বন্ধু
তুমি আমার কলিজার জিগর ॥
না দেখিয়া তোমারে বন্ধু-রে জ্বলিয়া যায় বুক।
তোমার আমার দুই কথা জিগরে লাগে দুখ ॥
তন মন সঁপিলাম রে বন্ধে ও কালা তোমার হাতে।
ছাড়বায় না ছাড়বায় না করি কালা হস্ত দিলায় মাথে ॥
তুমি কালায় আমার তনে—বন্ধুরে আপনে কৈলায় ছায়া
ভাবে বুঝি বন্ধের আছে থুড়া থুড়া মায়া ॥
তোমার শোকে তনু আমার হইল জর জর।
দিবানিশি রাখিমু বন্ধু কলিজার উপর ॥
পরান ডুরি বন্ধের হাতে—ও কালা আমি সঙ্গের চেলা।
কেনে আইমু যমুনার জলে কলসি লৈয়া কালা ॥
তুমি বন্ধু দেখিবার মনে আছিল সাধ।
নয়ানে না দেখিলাম লীলা নাকে চলে বাদ (বায়ু)
নাকে আছে বাদর কালা তুমি উত্তম সোনা।
ভাঙিয়া বুঝিয়া চাইলাম বন্ধু তুমি যে আপনা ॥
সৈয়দ শাহনূরে কইন বন্ধু বড় ধন।
বন্ধু বন্ধু করি ডাকি বন্ধু নিরঞ্জন ॥
শব্দার্থ : ১. কলিজার জিগর = কলিজার টুকরো। ২. জিগড়ে লাগে দুখ = মনে দুঃখ লাগে। ৩. বন্ধে = বন্ধু। ৪. মাথে = মাথায়। ৫. কৈলায় = করলে। ৬. জর জর = জর্জরিত। ৭. পরান ডুরি = মনের রশি। ৮. কেনে = কেন। ৯. লৈয়া = নিয়ে।
৩৬
আমার বন্ধু হৈলায় নিঠুর রে।
নিষ্ঠুর হৈলায় পরান বন্ধু আমারে তেজিয়া।
নিরবধি ঝুরে পরান তুই বন্ধের লাগিয়া ॥
তুই হেন বন্ধু-আরে কালা পরকাশিত ঘরে।
পুরে তার মনের সাধ রে বন্ধু সদায় মন্দিরে ॥
যে দেখিছে এক দিনরে সে কি পাশরিব
কি কইমু মোর দুঃখের কথা কেবা নিবারিব ॥
কইতে মনের দুঃখরে বন্ধু জ্বলিয়া উঠে হিয়া।
নিদয়া নিষ্ঠুর বন্ধে না চায় ফিরিয়া ॥
কোনো স্থানে রৈলায় পরান বন্ধু ধুড়িয়া না পাই।
হিয়ার আতসে জ্বলি আরে বন্ধু তনু কৈলু ছাই ॥
নিরলে বসিয়া রৈছ-রে বন্ধু নাই তোর বাসনা।
অবলার কাকুতি দেখিরে বন্ধুয়া না লাগে বেদনা ॥
বন্ধু বন্ধু ডাকি আরে বন্ধু বড় ধন।
বন্ধুর লাগি ঝুরিরে বন্ধু নাই তোর বেদন ॥
সৈয়দ শাহনূরে বুলৈন-রে কালা মুইসে অভাগিনী
ননদিনি বুলে রাধা শ্যামের সোহাগিনী ॥
শব্দার্থ : ১. হৈলায় = হলো; হইল। ২. পরকাশিত = প্রকাশিত। ৩. পাশরিব = ভুলবে। ৪. নিবারিব = নিবারণ করবে। ৫. নিদয়া = নির্দয়। ৬. রৈলায় = থাকলে, আছ। ৭. ধুড়িয়া = খোঁজে, সন্ধান করে। ৮. তনু = দেহ। ৯. কৈলু = করলাম। ১০. রৈছ = রয়েছ। ১১. ঝুরিরে = কাঁদিরে। ১২. বুলৈন = বলেন। ১৩. বুলে বলে। ১৪. শ্যাম = শ্রীকৃষ্ণ।
৩৭
আইস আইসরে পরানের বন্ধু করি নিবেদন।
অবুলা রাধারে বন্ধে দেও দরশন ॥
মিনতি করিয়া রাধে কইলা চরণে।
তোমার শোকে ঝুরে পরানি দয় কামবানে ॥
জোড় মন্দিরে বাজাও বাঁশি দেখিরে তোমারে।
রাধার মনের অনল বন্ধু ধরিব গিয়া তরে ॥
আমারে ছাড়িয়া বন্ধু রইলায় মধুপুর।
না শুনি কওরে বন্ধের বচন মধুর ॥
তোমার উদ্দেশ আমি রে বন্ধু পাইমু কুন কলে।
রাধিকার মনের অনল নিরবধি জ্বলে ॥
অবুলা বেভুলা নারী অল্প বুইধি লইয়া।
চাইতে পরানের নাথ যায় পালাইয়া ॥
সৈয়দ শাহনূরে বলে হিয়া ধরাইতাম না পারি।
একেলা মন্দিরখানি রাধায় বসিয়া ঝুরি ॥
শব্দার্থ : ১. অবুলা = অবলা। ২. রাধে = রাধা; রাধিকা। ৩. কইলা = বললেন; কইলেন। ৪. কুন কলে = কোনকালে। ৫. অল্প বুইধি = কম বুদ্ধি। ৬. নাথ = স্বামী; প্রভু। ৭. ঝুরি = কাঁদি।
৩৮.
জাগলায় নারে মন বানাইয়া মাটির ঘর ভরিছে পবন।
জাগিমু জাগিমু করি হারাইলাম সকল ॥
জাগাইতে না জাগে মন-মন আরে বেভুর নিদ্ৰা যাও
ঘরেত হামাইল চোরা আঙ্খি মেলি চাও ॥
সবে তো উজাইছে চোরা সিঁধ দিয়া উঠিয়াছে ঘরের মাজার।
দরজায় দরান (দারওয়ান) থৈয়া লুটিল পসারী ॥
নিভাইয়া ঘরের বাতি করব অন্ধকার।
সঙ্গে সঙ্গে ফিরে বৈরী কি দোষ চোরার।।
সৈয়দ শাহনূরে বলে আললাত ভজিয়া।
ভবেত জনম লৈলু চোরা সঙ্গে লইয়া ॥
শব্দার্থ : ১. বেভুর = বিভোর। ২. হামাইল = ঢুকল; প্রবেশ করল। ৩. আঙ্খি মেলি চাও = চোখ খুলে তাকাও। ৪. উজাইছে = ঢুকেছে। ৫. সিঁধ = সিঁধ। ৬. থৈয়া = রেখে। ৭. পসার = মালামাল। ৮. জনম লৈলু = জন্ম নিলাম।
৩৯
তোর শরীরে দয়ামায়া নাই রে বন্ধুয়া
তোর শরীরে দয়ামায়া নাই
অতদিন আছিলায় বন্ধু আমার ঘরে বৈয়া।
যাইতে কেনে পরান বন্ধু না গেলায় বুলাইয়া ॥
পরবাসী আসিয়া তুমি রইলায় আমার ঘরে।
কলঙ্কিনী করিয়া গেলায় গোকুল নগরে ॥
শুনরে পরানের বন্ধু অবলায় ডাকে তরে।
তোর লাগি গোকুলের লোকে ঘুসনা কৈল মোরে ॥
শশুড়ি ননদি জাল তারা হৈলা বৈরী
শশুড়ির সেবায় থাকি গুলামিটি হারি ॥
ওউ কথা শুনিয়া কানু দিলাত উত্তর।
শশুড়ি ননদি সেবা কর গিয়া তোর ॥
সৈয়দ শাহনূরে কইন সৈয়দ নবুর বেটা।
কানাই ছাড়িয়া যাইতে খাইল পেরেম ঝাটা ॥
শব্দার্থ : ১. বৈয়া = বসে। ২. কেনে = কেন। ৩. বুলাইয়া = বলে। ৪. পরবাসী প্রবাসী। ৫. গোকুল নগরে = শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি। ৬. ঘুসনা = ঘোষণা। ৭. কৈল = করল। ৮. জাল = ভাশুর বা দেবরের স্ত্রী। ৯. হৈলা = হলেন; হইলেন। ১০. কানাই = শ্রীকৃষ্ণ।
৪০
ও পরান দূতী এ এ এ, তোমরা কানাইরে আনরে।
আর কানাইয়ার শোকে তনু আমার হৈল জর জর।
দূতীয়ে আনিয়া দেও বন্ধুয়ার খবর ॥
আরে যাও যাও ওগো দূতী বন্ধু আন চাইয়া।
দেখিলৈমু বন্ধুয়ার রূপ নয়ান ভরিয়া ॥
থাক গো কিশোরী পিয়ারি এইখানে বসিয়া।
চলিলা কিশোরী দূতী বার তার লাগিয়া ॥
কানাইয়ার সামনে গিয়া দূতী হইলা খাড়া।
কানাইয়ে বুলইন দূতী কও কথার মুড়া ॥
দ্রুতি বলে শোন কানাই তুমি আমার কথা।
অবলা তেজিয়া তুমি বসি রৈছ কোথা-রে ॥
কিশোরী দুতীর কথা শুনি বুলে হায় হায়।
যুললশ গোপিনী কানাই কেমনে পালায় ॥
কানু যায় বাধার ঘরে ধরি দূতীর গলে।
রাধা কানুর মিলন হৈল কদম্বের তলে ॥
তন রাধা মন কানু শাহনূরে বুলে।
রাধা কানুর মিলন হৈল আড়াই হাতের তলে ॥
শব্দার্থ : ১. দূতী = সংবাদবাহিকা; প্রণয়ী ও প্রণয়িনীর মধ্যে যে মহিলা খবরাখবর আনা নেওয়া করে। ২. হৈল = হলো। ৩. জর জর = জর্জর, বিনষ্ট। ৪. দেখিলৈমু = দেখে নেব। ৫. বুলইন = বলেন। ৬. কথার মুড়া = কথার সারাংশ। ৭. রৈছ = রয়েছ। ৮. গোপিনী = গোয়ালিনি; গোপবধূ। ৯. বুলে = বলে। ১০. রাধা রাধিকার। ১১. কানু = শ্ৰীকৃষ্ণ।
৪১
আমার বন্ধু রইলায় কার বাসর ও আহারে
বন্ধু তুমি রইলায় কার বাসরে ॥
কুনখানে গেলায়রে বন্ধু না পাইলু উদেশ।
বালক থইয়া রে বন্ধু গেলায় কোন দেশ ॥
আহারে কোন দেশে গেলায় বন্ধু নিদয়া হইয়া।
অনাথ বালকে ঝুরি পন্থ পানে চাইয়া ॥
কোন স্থানে রইলায় গিয়া আমার কালা চান্দ।
অধম বালকেরে দিলায় পেরেম রসের ফান্দ ॥
কথায় গেলায় পরান বন্ধু ধুড়িয়া না পাই।
মনে কয় সামনে রাখি চান্দ মুখে চাই ॥
দুখিতে ফইরাদ করি বন্ধু পরানের হরি।
শাহনুরে কান্দন করইন হইয়া ভিখারি ॥
ভিখারি হইলু ঠাকুর পদের তলে আশ।
ফকির নাম দিয়াছ বন্ধু না কর বিনাশ ॥
ভিখারি করিছ বন্ধু রাখ পদের তলে।
লাহুল দরিয়ায় বন্ধু তুমি লও কূলে ॥
সৈয়দ শাহনূরে বুলৈন ঠাকুর শাহ মনজুর।
পদের দলে বাসা মাঙ্গি নাকিছ তোমার নূর
শব্দার্থ : ১. কুনখানে = কোথায়। ২. না পাইলু = পেলাম না। ৩. উদেশ = খোঁজ; সন্ধান। ৪. থইয়া = রেখে। ৫. নিদয়া = নির্দয়। ৬. ঝুরি = কাঁদি। ৭. পেরেম রসের = প্রেমের রসের। ৮. ধুড়িয়া না পাই = খুঁজে না পাই। ৯. ফইরাদ = ফরিয়াদ। ১০. হরি = বিষ্ণু; নারায়ণ; কৃষ্ণ। ১১. করইন = করেন। ১২. হইলু = হলো। ১৩. লাহুল দরিয়া = কিনারাহীন সাগর। ১৪. বুলৈন = বলেন। ১৫. মাঙ্গি = প্রার্থনা করি; চাই। ১৬. নাকিছ = অধম।
৪২
বন্ধুরে পাইমু কুন কলে গো সজনি সই।
বন্ধুরে পাইমু কুন কলে।।
জঙ্গল ধুড়িয়া চাইলু নগরে বাজার।
কুঞ্জবন বিচারি চাইলুত হিয়ার মাঝার ॥
হাটে ঘাটে বিচারিলু না পাইলু তুল।
ফুল বিচারিয়া চাইলু না পাইলু ফুল ॥
ফুলবনে গেলাম আমি ফুল পাইবারে।
আমার ফুল কললি রইলা দোষ দিমু কারে ॥
বাগিচায় গেলাম আমি ফুল পাইবার আশে।
বাগিচায় কললি রইলা আপন কর্ম দোষে।।
সৈয়দ শাহনূরে বুলৈন মুলুক হৈছৈল বললি।
আমল বুরা খাছলত বুরা ফুল রইল কললি ॥
শব্দার্থ : ১. কুন কলে = কীভাবে। ২. ধুড়িয়া = খোঁজে। ৩. চাইলু = দেখলাম। ৪. বিচারিলু = খোঁজ করলাম। ৫. না পাইলু = পেলাম। ৬. তুল = তুলনা। ৭. ফুল কললি = ফুলের কলি। ৮. বুলৈন = বলেন। ৯. মুলুক দেশ। ১০. বুরা = মন্দ; খারাপ।
৪৩
তুমি চিনলায় নারে তন।
একৈ মন্দিরে বাসা না হইল মিলন ॥
একৈ আশা একৈ বাসা একৈ ঘরের ধন।
একৈ ঘরে থাকিতে কেনে না হইল মিলন।
আসিতে আসিলায় মনা একৈ সঙ্গী হইয়া।
ভবেতে আসিয়া কেনে রৈলায় ভুলিয়া ॥
ভবেতে না বাস হইলাম না চিনিলাম গিরি।
নিছয় জানিও তনু পরার অধিকারী ॥
মায়া মধুর রস পাইয়া রইলায় বসিয়া।
যেই বেলা পাইবায় তনু আশি মণের ভর।
ডাকিতে না চাইব ফিরি না দিব উত্তর ॥
সৈয়দ শাহনূরে কইন এই যে মনের ডর।
কেমনে রইমু আমি কয়বরের ভিতর ॥
শব্দার্থ : ১. একৈ একই। ২. রৈলায় = থাকলে। ৩. গিরি = গুরু। ৪. নিছয় = নিশ্চয়। ৫. পরার = অন্যের; অপরের। ৬. রইলায় = থাকলে। ৭. তনু = তন; দেহ; শরীর। ৮. কয়বরের = কবরের।
৪৪
ভাবের পিয়ারা তুমি ধড় রে পরানের বন্ধু
ভাবের পিয়ারা তুমি ধড়।
ভাবের মালা গাঁথিয়া বন্ধে যে পরাইব তোরে।
নিছয়ত জানিলাম বন্ধে তুমি তার ঘরে ॥
ভাবুক ফুল যার আছে সে পাইব তোমারে।
ভাব নাই অবুলা নারী সুস্বামী বলি কারে-রে ॥
ভাবের পুষ্প আনিয়া বন্ধু যে রাখিব মাথে।
নিছয় জানিছি বন্ধু তুমি তার সাথে রে ॥
ভাবুক ফুলের মধু খাও তুমি ভাবের বন্ধু।
ভাবে তরাইয়া লইবায় এই ভব সিন্ধুরে ॥
সৈয়দ শাহনূরে কয় ভাবে কর খেলা।
ভাব নাই অবুলা নারী লাহুলে রইলা রে।।
শব্দার্থ : ১. ধড় = মাথা; মস্তক। ২. পরাইব = পরাবে; পিন্দাবে। ৩. নিছয় = নিশ্চয়। ৪. বন্ধে = বন্ধু। ৫. অবুলা = অবলা। ৬. মাথে = মাথায়। ৭. জানিছি = জেনেছি। ৮. তরাইয়া লইবায় = তরিয়ে নেবে; উদ্ধার করবে। ৯. লাহুলে = সংসারে।
৪৫
আর ভবে আইলাম পরার ধন লইয়া।
না করিলাম বিকিকিনি মুরশিদ দিন যায় গইয়া ॥
মুরশিদ যার হাট তার বাজার তার এ বেসাতি।
কেনে দিলায় ভাবের হাটে না পাইলাম থিতি ॥
মুরশিদ এ সকলি পরার ধন আমি তো বেপারি।
আসল হনে টুয়া পড়লো মুরশিদ না চিনিলাম গিরি।।
আমার মুরশিদ কানচা সোনা
আর মুর্খ গওয়ারে বলে এ তনু আপনা ॥
মুরশিদ যে ভাই চাতুরী করে একই হয় তার দুনা।
যতন করি লইয়া যায় ধরব রতন সোনা।।
মুরশিদ যেজন ভবে আসি তনু কয় আপনা।
কাচ মূলে উড়াইয়া পালায় আব রতন সোনা ॥
সৈয়দ শাহনূরে কইন দিন গেল হেলে।
কি জওয়াব দিমু গিয়া মুরশিদ মিছিলের কালে ॥
শব্দার্থ : ১. পরার = অন্যের; অপরের। ২. দিন যায় গইয়া = দিন চলে যায়। ৩. কেনে = কেন। ৪. থিতি = স্থিতি। ৫. হনে = হতে, থেকে। ৬. টুয়া = টান; চাহিদা। ৭. গিরি = গুরু। ৮. কানচা সোনা = কাঁচা সোনা। ৯. গওয়ার = গোঁয়ার। ১০. তনু = শরীর। ১১. আপনা = নিজের। ১২. দুনা = দ্বিগুণ। ১৩. আব = পানি; জল।
৪৬
আন্ধায় মানিক পাইয়া না কইলা যতন।
হেলায় গওয়াইয়া দিলাম অমূল্য রতন ॥
হস্তে মানিক লইয়া আন্ধা নয়ান ভরি চায়।
আন্ধায় বলে পন্থের খাক উড়াইয়া পালায় ॥
আঙ্খিয়ে না দেখে আন্ধায় বুইধি তার থুড়া।
মানিক হাতে লইয়া আন্ধায় বুলে কঙ্কর গুড়া ॥
লাল মানিক না চিনিয়া আন্ধা হইল ধন্ধ।
ভালায় যদি পায় মানিক মুইটে কইল বন্ধ ॥
দরিদর যদি পায় পরশ পাথর।
চৌখে দেখি লইয়া যাইব মানিক আপন ঘর ॥
সৈয়দ শাহনূরে কয় আমি আন্ধা বড়।
কি বলে রাখিমু মানিক বুইধি নাই ধড় ॥
শব্দার্থ : ১. কইলা = করল। ২. হেলায় গওয়াইয়া = অবহেলায় হারিয়ে ফেলা। ৩. নয়ান = নয়ন; চক্ষু। ৪. বুইধি = বুদ্ধি। ৫. কঙ্কর = ছোট পাথর। ৬. ভালায় যদি = ভালো লোক যদি। ৭. মুইটে কইল = মুঠো করল। ৮. দরিদর = দরিদ্র; গরিব। ৯. চৌখে = চোখে। ১০. ধড় = মাথা।
৪৭
শ্যাম বন্ধুরে! রাত্রি হইল ভোর, চল যাই সরোবর।
শয্যায় রইলায় বন্ধু নিদরায় কাতর।
রজনি প্রভাত হইল ননদিনির ডর।
শশুড়ি ননদি জালে বলে কুবচন।
শ্যামের কলঙ্কিনী খোঁটা দেইন সর্বজন।।
রাধা বুলইন জাগ কানু যাও রাখালের সাথ।
কত নিদরা যাও বন্ধু না শুন আমার বাত ॥
গোকুলের যত লোক জাগিল ঘরে ঘরে।
বেভুল রইলায় কেনে রাধার মন্দিরে ॥
জাগিয়া গোকুলের নারী জলেতে গমন।
উঠ উঠ পরান বন্ধু রাধার পরান ধন ॥
লজ্জায় না বুলিলা বন্ধু ননদিনির ডর।
কত নিদরা যাও ও বন্ধু রাধিকার বাসর ॥
লজ্জায় রইলায় বন্ধু গোকুলের নাথ।
আগর, চন্দন, আতর গোলাব আনিলা সাক্ষাৎ।।
আগরে চন্দনে বদন পাখালিলা কানু।
রাতরি হইল ভোর পুবে উদয় ভানু ॥
বিরস বদনে রাধে১২ থাকে মন্দিরে।
রাধারে মিলিয়া যাইন ধেনু চরাইবারে ॥
সৈয়দ শাহনূরে কইন ভব কুলে আসি।
রাধার মন্দিরে শ্যাম আছিলা পরবাসী ॥
শব্দার্থ : ১. সরোবর = জলাশয়, দীঘি। ২. নিদরায় = ঘুমে; নিদ্রায়। ৩. জালে = জা, ভাশুর বা দেবরের স্ত্রী। ৪. বুলইন = বলেন। ৫. নিদরা যাও = ঘুমিয়ে পড়ো। ৬. বাত = কথা। ৭. গোকুল = শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি। ৮. বুলিলা = বললেন; কইলেন। ৯. বদন পাখালিলা = শরীর সুবাস দেন। ১০. রাতরি = রাত। ১১. ভানু = সূর্য। ১২. রাধে = রাধা; রাধিকা।
৪৮
শুন শুন গো ননদি জাল, কোকিল স্বরে বলে।
কাঙ্খে কলস লইয়া চল যমুনার জলে ॥
শুন যাইবে কি না যাইবে সই বল জলদি করি।
শুননি বাজায় বন্ধে মোহন মুরলী ॥
রাধায় বুলে ননদি জাল জল ভরিলে দুনা।
বুঝি তোমরা কানে শুন মনে ভাবনা।
চল চল সরব সখী ভরি গিয়া জল।
যমুনাতে লাগলে তনু হইব শীতল ॥
ননদিয়ে বুলে তুমি রাধা বিনোদিনী।
শ্যামের সোহাগিণি তুমি রাজার ননদিনি ॥
রাধিকা জলেতে যায় কদমতলা দিয়া।
কানাইয়া পাতিছে ফান্দ রাধিকার লাগিয়া ॥
সৈয়দ শাহনূরে বুলে রাধার ভাব বন্ধে।
যমুনার জলে যাইতে ঠেকিল কানাইর ফান্দে ॥
শব্দার্থ : ১. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ২. মুরলী = বাঁশি। ৩. বুলে = বলে। ৪. দুনা = দ্বিগুণ। ৫. তনু = শরীর। ৬. ফান্দ = ফাঁদ। ৭. কানাই = শ্ৰীকৃষ্ণ।
৪৯
চল চলরে ননদি জাল আমরা যাই জলে।
কদমতলে বসিয়া কানাই বাঁশিয়ে কি বোল বুলে ॥
জলে যায় রে রাধিকা সুন্দর ললিতা যায় আগে।
কদমডালে বসিয়া কানাই রাধা ডাকে রাগে।।
রাধায় বুলৈন শুন ললিতা আমরা যাই জলে।
কদমডালে কুনজন আছে কইল স্বরে বুলে ॥
মহাকুটিলা সঙ্গে আর সখীগণ।
জল ভরিয়া পারে থৈয়া সকল হইল ধন্ধ ॥
কলসি ভরিয়া গো সখী থৈলা উনচা পাড়ে।
আচমবিতি কানাই আসি ধৈলা রাধার ছিরে ॥
ছাড়িয়া দেওরে ও কালা কানু দেখিলা কুটিলা।
বাড়িত গেলে কইয়া দিব মারিব জটিলা।।
রাধিকায় উঠিয়া বুলে সঙ্গে বৈরী মোর।
ছাড়িয়া দেওরে নির্লজ্জা কানাই চলিয়া যাই ঘর ॥
কুখেনে জলেরে আইলু পন্থ বহুত দূর।
জল সংবাদ কথা বুলে সৈয়দ শাহনূর ॥
শব্দার্থ : ১. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ২. ললিতা = রাধার এক সখী। ৩. বুলৈন = বলেন। ৪. কুনজন = কোন জন; কেবা। ৫. কুটিলা = রাধার ননদ ও আয়ানের ভগিনি। ৬. থৈয়া = রেখে। ৭. উনচা পাড়ে = উঁচা পাড়ে। ৮. আচমবিতি হঠাৎ; আকস্মাৎ। ৯. ধৈলা = ধরলেন। ১০. ছিরে = হাতে। ১১. মারিব জটিলা = খুব মারবে। ১২. কানাই = শ্রীকৃষ্ণ। ১৩. কুখেনে = অসময়ে; কুক্ষণ। ১৪. আইলু = এলাম; আসলাম। ১৫. বুলে = বলে।
৫০
ও পির মুর্শিদজি
পড়িলাম সংকটে তরাই লইবায়নি ॥
সংকটে পড়িয়া মুরশিদ ডাকি বারে বার।
অভাগিনির পাপ খেম সংকটের মাঝার ॥
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে।
পাইয়া হারাইলাম মানিক আপন করম দোষে ॥
নূরে ডাকে পির মুর্শিদ কর যে উদ্ধার।
মুরশিদ বিনে এ দরিয়া কে করিব পার ॥
দরিয়ার পারে পারে ডাকি বারে বার।
খেওয়ানিয়ে না করে পার মুই যে গুনাগার ॥
নাও নাই বৈঠা নাই জানি না সাঁতার।
পির বিনে এ দরিয়া কে করিব পার ॥
সৈয়দ শাহনূরে বুলে দরিয়ার পারে রইয়া।
রহম বখস বালক সঙ্গে লও তরাইয়া ॥
শব্দার্থ : ১. তরাই লইবায়নি = উদ্ধার করবে কি। ২. খেম = ক্ষমা করো। ৩. করম দোষে = কর্মদোষে। ৪. খেওয়ানিয়ে = যিনি খেয়া পারাপার করেন। ৫. মুই = আমি। ৬. বুলে = বলে। ৭. লও তরাইয়া = উদ্ধার করো; পার করে নাও।
৫১
এ ঘর বানাইয়া দিল কুনে পরান বন্ধু-রে
রংরাজ দেখাইয়া দেও মোরে ॥
লাল জরদা রং তার মাঝে আছে ছিয়া।
তার মাঝে তার রং তার লীলা দিয়া ॥
রং রাজের মহিমা বন্ধু কিছু বুঝতে চাই।
কুন কলে বানাইল ঘর নিলয় না পাই ॥
বন্ধে বলে রংরাজ দেখিতায় যদি চাও।
মনের সাধ পুরাও গিয়া মুরশিদের পাও ॥
রংরাজ দেখাওরে বন্ধু অবলায় ডাকি তোরে।
ফরিঙ্গের পাখের উপর কেমনে রং ভরে
রংরাজ বানাইছে ঘর সেও জানে ছনদি।
আপনে বানাইয়া ঘর আপনে হইছে বন্দি ॥
সৈয়দ শাহনূরে বুলে বুইধি নাই মোর ধড়ে।
হুকমেত রংরাজে সয়াল সংসার গড়ে ॥
শব্দার্থ : ১. কুনে = কেমনে। ২. ছিয়া = কাঠের শক্ত ও লম্বা কাণ্ড। ৩. কুন কলে = কোন কৌশলে। ৪. নিলয় = দিশা; বোধ। ৫. ফরিঙ্গের = ফড়িংয়ের; প্রজাপতির। ৬. পাখের উপর = পাখনার উপর। ৭. ছনদি = ছন্দ। ৮. বুইধি = বুদ্ধি; জ্ঞান। ৯. ধড়ে = মাথায়।
৫২
সাউদের নাও ডুবাইলায় রে গহিন সাগর।
পাইকে ডুবাইয়া নাও হইলায় অন্তর ॥
তল্লিত ছাড়া নাওরে গলৈ ভরা ধন।
বনিজে আসিয়া সাধুর হৈল বিড়ম্বন ॥
নাওর নাই তল্লি রে সমুদ্দুরের নাই মোর।
বনিজে আসিলা সাধুসঙ্গে লইয়া চোর ॥
সাধু বনিজে আইলা বেপার করিবারে
খন্নাছে ডুবাইল নাও দোষ দিমু কারে ॥
শশুড়ি, ননদি, জাল দেওরা হৈল বৈরী।
নওকার মাঝি কি ধন ছিল চিনিতে না পারি।
নওকার মাঝে মহাজন না বুঝিও দূর।
বসিয়া বিরাজ করৈন কর্তা ঠাকুর ॥
সৈয়দ শাহনূরে বুলৈন এই সে দুখে মরি।
রহম বখস বালক লইয়া মুরশিদের পদে তরি ॥
শব্দার্থ : ১. সাউদের নাও = গৃহস্থের নৌকা। ২. পাইক = পেয়াদা। ৩. তল্লি = তলা; তলদেশ। ৪. নাওরে = নৌকাখানি। ৫. গলৈ = নৌকার গলুই। ৬. বনিজে বাণিজ্যে। ৭. হৈল = হলো। ৮. নাওর নাই তল্লি = নৌকার তলা নেই। ৯. খন্নাছ = দুষ্টু; দুর্বৃত্ত। ১০. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ১১. দেওরা = দেবর। ১২. নওকার = নৌকার। ১৩. করৈন = করেন। ১৪. বুলৈন = বলেন।
৫৩
খনে আছে খনে নাই রে পাগলা মনা।
খনে আছে খনে নাই।
মনরে এ ঘরের দুয়ার দেখ চাও পরকাশ।
থাকিতে শক্তি আছে ছাড়িলে বিনাশ।
মনরে তনেँ-মনে দেখা হইলে সদায় বাজার।
সুকামে-মুকামে মৌলায় পাতিছৈন পসার ॥
মনরে আব, আতশ, খাক রাদ চারি চিজে খাড়া।
বিচার করিয়া দেখ ভাঙা নাও জোড়া ॥
মনরে সুজন বাজিকরে পাতিছে ধান্দাবাজি।
খনে হয় লাখপতি খনে নওকার মাঝি।
মনরে সৈয়দ শাহনূরে কইন মনজুরের বালক।
নওকায় বসিছে সাধু গলইয়ে তিলক ॥
শব্দার্থ : ১. খনে আছে খনে নাই = এই আছে এই নেই। ২. পরকাশ = প্ৰকাশ। ৩. তনে = দেহে। ৪. সুকাম = সুকর্ম। ৫. মুকাম = বাসস্থান; আস্তানা। ৬. পাতিছৈন = পেরেছেন। ৭. পসার = দোকান; পণ্যসম্ভার। ৮. আব = পানি; জল। ৯. আতশ = আগুন। ১০. খাক = মাটি। ১১. রাদ = বাতাস। ১২. নওকার = নৌকার। ১৩. গলইয়ে = নৌকার গলুইয়ে।
৫৪
শাহ নূরের পিরিতি ভালা নায় রে ও বন্ধু।
শাহ নূরের পিরিতি ভালা নায় ॥
পরার সাথে পিরিতি করি গলে দিমু সোনা।
তন-মন ছাড়িয়া দিমু না হইল আপনা ॥
পরার সাথে পিরিতি কোন আম্মুকে করে।
ভূষির অনল গাটিত বান্ধি জ্বলিয়া পুড়িয়া মরে ॥
আশিকের যদি দুখ মাশুকে না জানে।
পিরিতের অনলে দহে কিবা রাত্রি দিনে।।
সুজনে সুজনের সাথে পিরিতি যদি করে।
পিরিতি না ছাড়ে তারার ডুবিলে সাগরে ॥
নাকিছে পিরিতি কইলু তনু খাইল ঘুণে।
পিরিতি যে জন করে আশিক লোকে জানে।।
সৈয়দ শাহনূরে কইন সকল পিরিতি ছার।
পির মুরশিদে পিরিতি কৈলে আখেরে তরিবার ॥
শব্দার্থ : ১. দিমু = দেব; দিব। ২. আম্মুকে = আম্মক; বোকা। ৩. ভূষি = শস্যের চোকলা বা খোসা। ৪. অনল = আগুন। ৫. গাটিত বান্ধি = গাঁইটে বেঁধে। ৬. দহে = জ্বলে পুড়ে। ৭. তারার = তাদের। ৮. নাকিছে = অধমে। ৯. কইলু = বলল। ১০. তনু = দেহ। ১১. কৈলে = করলে। ১২. তরিবার = উদ্ধার পাওয়ার।
৫৫
ও ভাই জাগরে বেভুলে যাও নিদ।
অসময়ে পাইয়া চোরে ঘরে দিব সিদ ॥
সঙ্গে সঙ্গে থাকি চোরা ঘরে পরবেশিব।
আঙ্খির পলকে চোরায় মানিক লইয়া যাইব।
রবিতে মিলিব রবি শশি নিব পাশে।
বিন্দ পাপ্পুরের সুয়া উড়িব আকাশে ॥
ভয়ংকর রূপ ধরি পন্থে হইব খাড়া।
নওকায় চড়ক দিয়া উকাড়িব পাড়া ॥
কোলাহল শব্দ করি হইবা কাতর।
মনুরায় ছাড়িলে কথায় রইব পঞ্জর ॥
ঘরেতে সামাইয়া চোরায় সকল নিব হরি।
মনুয়ায় ছাড়িলে বাসর না আসিব ফিরি ॥
সঙ্গের সঙ্গিলা সবে যাইবা পালাইয়া।
এমন বান্ধব নাই আনিত ফিরাইয়া।
সৈয়দ শাহনূরে কইন বালক রহম মোর
আইতে আইলাম পানচে মিলি যাইতে একাসর ॥
শব্দার্থ : ১. নিদ = নিদ্রা; ঘুম। ২. সিদ = সিঁধ। ৩. পরবেশিব = প্রবেশ করবে; ঢুকবে। ৪. পন্থে = পথে। ৫. নওকায় = নৌকায়। ৬. চড়ক দিয়া = ঘূর্ণি দিয়ে। ৭. উকাড়িব = উৎপাটন করবে; বিনাশ করবে। ৮. কোলাহল = অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। ৯. পঞ্জর = কঙ্কাল। ১০. সামাইয়া = ঢুকে। ১১. পানচে মিলি পাঁচজন মিলে। ১২. একাসর = একাকী।
৫৬
পরানের নাথ ও ও কেবলি আস কি করিতে রোদন।
কোথায় গেলায় পরানের বন্ধু—উদয় গগন।।
আমায় ছাড়ি পরান বন্ধু—রইয়াছ কোথায়।
জ্বলন্ত অনল আমি অভাগিনির গায় ॥
রিদয়েতে অনল জ্বালা সহিতে না পারি।
মনে লয় উদেশ করি কোথায় পরানের হরি।।
যে কয় বন্ধের কথা তার দিকে ধাই।
মস্তকেতে হস্ত মারি ভূমিতে লুটাই ॥
মিনতি করিয়া সখী করি নিবেদন।
তোরা নি দেখিয়াছ আমার ছিরিত মধুসূদন ॥
কলিজা দগ্ধে আমার সহন না যায়।
নিশি নিশি ঝুরিয়া মরি কি হইব উপায় ॥
অনলেতে ঝম্প দিলে যদি পরানি যায়।
বন্ধের শোকে পরানি দিমু যে করে খোদায়।।
যার ঘরে গিয়াছৈন বানছা খলপতি।
সৈয়দ শাহনূরে বুলইন সে করে পিরিতি।।
শব্দার্থ : ১. নাথ = পালনকর্তা; অধিপতি। ২. রিদয়েতে = হৃদয়ে; মনে। ৩. অনল = আগুন। ৪. উদেশ করি = খোঁজ করি। ৫. তার দিকে ধাই = তার দিকে যাই। ৬. ছিরি = শ্রী; হিন্দুদের শ্রদ্ধাজ্ঞাপক সম্বোধন। ৭. ঝুরিয়া মরি = কেঁদে মরি। ৮. পরানি = প্রাণ। ৯. গিয়াছেন = গিয়েছেন। ১০. বুলইন = বলেন।
৫৭
ও শ্যাম কালারে বন্ধু
তুমি নি তরাইয়া লইবায় এই ভবসিন্ধু ॥
কালারে চিনিতাম গেলাম রে বন্ধু গগন মন্দিরে।
ধরিতে না পাইলাম কালা শূন্যে উড়া করে ॥
হাটে ঘাটে বিচারিলাম নগরে বাজার।
কুঞ্জবন বিচারিলাম হিয়ার মাঝার ॥
তন লতিফ তন খফি তন বকা, তন ফানা।
সেই ফানাতে ধিয়ান করি দেখিলাম কালা ॥
সৈয়দ শাহনূরে কইন কালা আছৈন ঘরে।
স্বরূপে ধিয়ান করি দেখ আপন মন্দিরে ॥
শব্দার্থ : ১. শ্যাম কালা = শ্রীকৃষ্ণ। ২. তরাইয়া লইবায় = তরিয়ে নেবে; উদ্ধার করবে। ৩. ভবসিন্ধু = সংসাররূপ সমুদ্র। ৪. কালারে = শ্রীকৃষ্ণকে। ৫. বিচারিলাম = খোঁজ করলাম। ৬. কুঞ্জবন = লতাপাতায় ঘেরা স্থান। ৭. লতিফ, খফি, বকা = আধ্যাত্মিক শাস্ত্রের তিনটি স্তর। ৮. তন = দেহ। ৯. ফানা = তন্ময়; আত্মহারা, পাগলপারা। ১০. ধিয়ান = ধ্যান। ১১. আছৈন = আছেন। ১২. আপন মন্দিরে = নিজ দেহে বা হৃদয়ে।
৫৮
ও ভাই মনারে ও কালা চান্দ
আমি বেভুলে ডুবাইয়া যাইরাম সাউদের নাম।।
দমের উপর আওরে মনা ভাই পেরেমের গুনে টানে।
এই কলে থাকরে মনা আমার সকল স্থানে ॥
বেরথা কামে ভবে আইলাম আকিবত না চাইলাম।
মায়া জালে বন্দি হইয়া আকিবত হারাইলাম ॥
সাগরে সানতার দিলাম মুরশিদ কিনার পাইবার আশে।
কিনারা না পাইলাম মুরশিদ আপন কর্মদোষে ॥
গহিন সাগরের মাঝে মুরশিদ ঘনে ডাকি তোরে।
অকূল দরিয়ায় ডাকি তরাই লও মোরে ॥
তনে বুলে মনারে ভাই আমার লক্ষ্য নাই।
তুমি যাইবায় তোমার দেশে আমি সঙ্গে নাই ॥
আব দিয়া বানাইয়া ঘর খাকে দিছে ছানি।
আব ছাড়িয়া গেলে তনের না রইব নিশানি ॥
সৈয়দ শাহনূরে কইন নিন পথ ভালা।
কেনে আইলু ভবের হাটে বেরথা জনম গেলা ॥
শব্দার্থ : ১. কালা চান্দ = আদরার্থে শ্রীকৃষ্ণের নামান্তর। ২. যাইরাম = যাচ্ছি; করছি। ৩. সাউধের = গৃহস্থের। ৪. পেরেমের = প্রেমের। ৫. গুনে = নৌকা টানার গুন। ৬. এই কলে = এভাবে। ৭. বেরথা = বৃথা। ৮. আকিবত = পরিণতি; পরকাল। ৯. সানতার = সাঁতার। ১০. তরইয়া লও = তরিয়ে নাও; উদ্ধার করো। ১১. তনে = দেহে। ১২. বুলে = বলে। ১৩. আব দিয়া = পানি দিয়ে। ১৪. খাকে দিছে মাটি দিয়ে। ১৫. ছানি = ছাদ। ১৬. তনের = দেহের। ১৭. নিশানি = চিহ্ন; অস্তিত্ব। ১৮. কেনে = কেন। ১৯. আইলু = এলাম; আসলাম।
৫৯
কত দুখ সইব শরিলেরে পরানের বন্ধু
কত জ্বালা সইব শরিলে ॥
তুষের মাঝে অনল দিলে ও বন্ধু ধীরে ধীরে জ্বলে।
ও বন্ধু শুকনা কাষ্ঠে জ্বালাইলে আগুন জোরে জ্বলে রে ॥
যদি লাকড়ির আগুন হইত ও বন্ধু জ্বলিয়া পুড়িয়া নিভিয়া যাইত।
ও বন্ধু মনের অনল নিভাইলে না নিভেরে ॥
বন পুড়ে সয়ালে দেখে ও বন্ধু মন পুড়ে কেউ না দেখে ॥
ও বন্ধু মনের অনল জলে নিরবধি রে।
তুই বন্ধু ভাড়িলে ও বন্ধু ঘরের মাঝে অনল ধরে ॥
ও বন্ধু চাইয়া দেখ ঘর পোড়ার পালারে।
তুই বন্ধু চিকন কালা ও বন্ধু
আমিতো ঘরের পোড়া পালা ও বন্ধু।
চারিধার জ্বলিয়া অঙ্গার রে।
সৈয়দ শাহনূরে বুলে ও বন্ধু
আমার তনে আগুন দিলে।
ও বন্ধু নিভাইতায় নি পার কুন কলে ॥
শব্দার্থ : : ১. শরিলে = শরীরে। ২. অনল = আগুন। ৩. সয়ালে = সকলে। ৪. ভাড়িলে = আগুন নেভানোর চেষ্টা করলে। ৫. চিকন কালা = শ্রীকৃষ্ণ। ৬. বুলে = বলে। ৭. তনে = শরীরে। ৮. কুন কলে = কোনোভাবে।
৬০
বন্ধুয়া মিলিবা ফুল বনে গো সজনি সই।
বন্ধুয়া মিলিবা ফুল বনে ।।
জিবাই এ কইবার লাগৈন হুসাইরে ডাকিয়া।
চল যাই ফুল বনে ফুল তুলি গিয়া ।।
ফুল যে ফুটিয়া রইছে কদম গাছের জড়ে।
ফুলের খবর হুনিয়াত হুসাই আইলা লড়ে।।
ফুল যে ফুটিয়া আছে এওলা বনের কাছে।
ফুল যে ফুটাইতে পারে খুশির উপর আছে ॥
কদম গাছের জড়ে ফুল রইছে ফুটিয়া।
জিবাই বলে হুসাইরে ফুল দেখি গিয়া ॥
হুসাই বলে জিবাই ওরে লইয়া যাইতায় মোরে।
আখাইরে ডাকিয়া লও বুঝাই আউকা করে।।
হুসাই, বুধাই, আখাই কুয়াই চারি চলৈন মানে।
জিবাইরে লইয়া যাইন ফুল বৃন্দাবনে।।
চারিজন চলিয়া যাইন জিবাইরে সাথে লইয়া।
মুরশিদ ভজিয়া ফুল চাও বিচারিয়া।
জিবাই যাইতা ফুলবনে খন্নাছ হইল বলি।
দরখততুবা গাছের মাঝে ধরিয়াছে কলি ॥
আয়াতুল কুরছি হাজার বার দমে পুরাইব।
তনের মাঝে ফুল ভাই আপনে ফুটিব ॥
মুরশিদ ভজিয়া ফুল যে জন ফুটাইব।
সৈয়দ শাহনূর তার জুনাবে লাগিব ॥
শব্দার্থ : ১. কইবার লাগৈন = বলতে থাকেন। ২. জড়ে = মূলে। ৩. হুনিয়া = শুনে। ৪. বুঝাই আউকা = বুঝিয়ে আসুন। ৫. চলৈন = চলেন। ৬. লইয়া যাইন = নিয়ে যান। ৭. বিচারিয়া = খুঁজে। ৮. খন্নাছ = দুষ্টু; দুর্বৃত্ত। ৯. জুনাবে = চরণে।
৬১
মন তুই কেনে বাউল, মন তুই কেনে বাউল
শহর জুড়িয়া দেখ কীসের কোলাহল।
মনরে কীসের কোলাহল।
মন তুই কেনে বাউল।
তনে মনে নাই দেখা ঘর অন্ধকার।
শশুড়ি ননদি জালে সদায় বিহার ॥
মন মেঘের সাজনে হৈল তোমার গমন।
খনে আইস মধুপুর খনে বৃন্দাবন ॥
সৈয়দ শাহনূরে কইন কি হইল আমার।
সকলের প্রকাশ আছে আমার অন্ধকার ॥
শব্দার্থ : ১. কেনে = কেন। ২. কোলাহল = অনেক মানুষের মিলিত শব্দ। ৩. জালে = জায়ে; দেবর বা ভাশুরের স্ত্রীতে। ৪. হৈল = হলো। ৫. খনে = ক্ষণে; কখনো।
৬২
তুমি নি পরান মনুরায় পবন মন রে।
তুমি নি পরান মনুরায়।
ভখে না ভৈখন করে পিয়াছে না পিওয়।
থিরি পুরুষ নায় রে পরান বিনা জিউয়ে জিওয় ॥
শূন্যে আয় আরে পবন শূন্যে চলি যায়।
পলকের মাঝে মনা ভুবন বেড়ায় ॥
তনের মাঝে থাকে পবন বারে করে খেলা।
পলকের মাঝে মনা কাবা শরিফ গেলা।।
সৈয়দ শাহনূরে বুলৈন জীবনের নাই আশ।
মিছা গরব কর বন্দা পলকের নাই আশ।।
শব্দার্থ : ১. ভখে না ভৈখন করে = ভুখের সময় ভক্ষণ করে না। ২. পিয়াছে না পিত্তয় = পিয়াসা হলে পানি পান করে না। ৩. থিরি = স্ত্রী; নারী। ৪. বিনা জিউয়ে জিওয় = জীবন ছাড়া জীবিত থাকে। ৫. পলকের মাঝে = মুহূর্তের মধ্যে। ৬. তনের মাঝে = শরীরের মধ্যে। ৭. পবন বারে করে খেলা = বাইরে বাতাস খেলা করে। ৮. বুলৈন = বলেন। ৯. বন্দা = বান্দা।
৬৩
মুই অভাগি কীসের বারা বানুরে কীসের বারা বানু।
ঝাড়িয়া না পাইলাম চাউল ঝুরিয়া মৈলাম তনুরে।।
নিছয় জানিলাম আমি ধানটি রইছে কাড়ে।
চাউল ভাঙিয়া হইল গুড়া উচা ছিয়ার পাড়ে ॥
কাকুয়া কাষ্ঠের ঘাইল মন কাষ্ঠের ছিয়া।
অসকালে জুড়িলাম বারা উগার তলে গিয়া ॥
সাত দিন ধরি জুড়িলাম বারা চাউলের উদেশ নাই।
লাড়িয়া চাড়িয়া মুই অভাগি তুষের লাগাল পাই ॥
বারা বানতে বানতে আমার গায় যায় ফোয়ারা।
কুলা দিয়া ঝাড়িয়া চাইলু২ ধান না দুআরা ॥
বয়ারে ধরিলু ধান বান্ধিয়া দিমু মচা।
কুলা দিয়া ঝারিয়া চাইতে উড়াই নিল চুচা।।
সৈয়দ শাহনূরে বুলৈন বারা বানি লাসে।
রাইতে দিনে বানি বারা চাউল পাইবার আশে ॥
শব্দার্থ : ১. মুই = আমি। ২. বারা বানু = ছিয়া ও ঘাইল দিয়ে বারা বানা। ৩. ঝুরিয়া মৈলাম তনুরে = শরীর ক্ষয় করলাম। ৪. নিছয় = নিশ্চয়। ৫. ছিয়ার পাড়ে = ছিয়ার গুঁতো। ৬. কাকুয়া কাষ্ঠের কাঠবিশেষ। ৭. অসকালে জুড়িলাম বারা = অসময়ে বারা দেওয়া শুরু করলাম। ৮. উদেশ নাই = খোঁজ নেই। ৯. লাড়িয়া চাড়িয়া নেড়েচেড়ে। ১০. তুষের লাগাল = ধানের খোসা। ১১. গায় যায় ফোয়ারা = শরীরে ঘাম ঝরে পড়ে। ১২. চাইলু = দেখলাম। ১৩. দুআরা = তুশ; চুচা। ১৪. বয়ারে = বাতাসে। ১৫. ধরিলু = ধরলে। ১৬. মচা = প্যাকেট। ১৭. চুচা = তুশ; শস্যের খোসা। ১৮. বুলৈন = বলেন।
৬৪
আমি যারে চাইরে নাথ সে বড় নিঠুর।
আমি যারে চাইরে নাথ সে অত নিঠুর ॥
ধুড়িয়া না পাইরে নাথ ডাকি বারে বার।
দেখা দিয়া পরান রাখ দুখিনি রাধার ॥
নওরং জল তনে করে ঝলমল।
না দেখি পরানে মরি হৈয়াছি পাগল ॥
ধিয়ানে না পাইরে বন্ধু তোমার দিদার।
যোগিনীর মতো আমি হৈমু ঘরের বার ॥
ডাকিতে না শুন বন্ধু না দেও উততর।
তুমারে দেখিবার শোকে তনু জর জর ॥
শশুড়ি, ননদি, জাল দেওরা হইলা বৈরী।
দেখা না পাই রে বন্ধু নিরবধি ঝুরি ॥
সৈয়দ শাহনূরে বুলৈন একি পরমাদ।
শশুড়ি ননদি জালে কই সম্বাধ ॥
শব্দার্থ : ১. নাথ = প্রভু; পালনকর্তা। ২. ধুড়িয়া না পাইরে খুঁজে পাই না। ৩. হৈয়াছি = হয়েছি। ৪. হৈমু = হব। ৫. উততর উত্তর; জবাব। ৬. জর জর = জর্জরিত; কাতর। ৭. জাল = জা; দেবর বা ভাশুরের স্ত্রী। ৮. দেওরা = দেবর। ৯. ঝুরি = কাঁদি। ১০. বুলৈন = বলেন। ১১. পরমাদ = প্রমাদ; বিপত্তি। ১২. সম্বাধ = বিপদ; সংকট; বাধা।
৬৫
নূর নছিয়ত পুথি শাবানের চান্দে।
নেড়া লুড়িয়া নুরে এই পুথি বান্দে।।
ধান দাইয়া যেই মতে কিরানে লৈয়া যায়।
নেড়ার মাঝে লুড়িয়া যেমন দুঃখিত জন খায়।।
সকল ফকিরে যবে পুথি রচিয়া ছিলা।
আনামত যত কথা লেখিয়া ফালাইলা।।
ধান দাইয়া ঘরো নিলা ভরা কিত্তা পাইয়া।
সাধু সকল রচিলা পুথি ভরা কথা পাইয়া।।
পির মুর্শিদের বন্দে মুই নেড়া লুড়িয়া আইলু।
চান্দ মঞ্জুরের মেহেরবানিয়ে পুথি রচিলু।
শব্দার্থ : ১. নেড়া = ধান কাটার পর মাটির সঙ্গে যে অংশ থাকে। ২. লুড়িয়া = ধান কাটার সময় মাটিতে যে ধান ঝরে পড়ে। ৩. ধান দাইয়া = যারা লুড়িয়া কুড়ায়। ৪. কিরান = জমিদার যুগে প্রজাবিশেষ। ৫. আনামত = অবিকল; হুবহু। ৬. লেখিয়া ফালাইলা = লিখে ফেললেন। ৭. ভরা কিত্তা = খোলা মাঠ। ৮. বন্দে = ফসলের মাঠে। ৯. আইলু = এলাম; আসলাম। ১০. রচিলু = রচনা করলাম।
৬৬
কেউ যুদি চায় এই পুথি লেখিবার।
ছারা লেখিয়া পুথি করহ শমার।।
পয়ার থইয়াত যেই, রাগধ নিত চাইব।
নিছয় জানিও তার রুহ ছিয়া হইব।।
তবে যদি চায় কেউ ভাঙিয়া লিখিবার।
আউয়ালে আখেরে সেই হৈব গুনাগার।।
বেশরায় বেমুরদায় যদি নিয়া পড়ে।
গুপ্ত কথা পাইব সেই দোজখে গিয়া ধরে।।
সৈয়দ শাহনূরে কয় তনে রাখো ইমা।
পির মুর্শিদ ভজিয়া পুথি পড় খাতির জমা।।
শব্দার্থ : ১. করহ = করো। ২. শমার = গণ্য। ৩. থইয়া = রেখে। ৪. রাগ = সুরের বিন্যাসের পদ্ধতি। ৫. নিছয় = নিশ্চয়ই। ৬. ছিয়া = কালো। ৭. হৈব = হবে। ৮. বেশরায় বেমুরদায় = যে জন শরিয়ত পালন করে না। ৯. তনে = দেহে। ১০. খাতির জমা = নিশ্চিন্তে; নিরুদ্বেগে।
৬৭
তনের মাঝে সপ্ত দরিয়া বস্তি জঙ্গল আছে
তনের মাঝে মক্কা মদিনা চন্দ্ৰ সূৰ্য নাচে।
কৈন সৈয়দ শাহনুরে দুনিয়া মিছা মায়া
বাজিকরে বাজি দিয়া বন্দি কৈল কায়া।
উদাসিনী কৈলেরে মোরে পাগলিনি কৈলে
কও তোমার পিরিতে কেনে উদাসিনী কৈলে।
ভিখারি করিয়াছ বন্ধু রাখ পদের তলে
লাহুল দরিয়ায় ভাসি তুলি নেও কোলে।
আঙ্খির নিকটে আছেন আল্লাহ নিরঞ্জন
সামনে মানিক থৈয়া কেনে ভাঙ্গ বন।
কাজল কোঠা ঘরের মাঝে বৈছৈন কোন জন
দিল দরিয়ার মাঝে বসি খেলে অনুক্ষণ।
লীলার রূপ চাইতে গেলু ভুলিয়া আইলু রঙ্গে
কি রূপ দেখিলু আমি কে যাইব মোর সঙ্গে।
শাহনুরের তনে বলে, আমি লাগাল পাই
নিরলে বসিয়া রূপ নয়ান ভরিয়া চাই।
যে বলে বন্ধের কথা তার দিকে ধাই
মস্তকেতে হস্ত মারি ভূমিতে লুটাই।
সুজনে সুজনের সাথে পিরিত যদি করে
পীরিতে না ছাড়ে তারার ডুবিলে সাগরে।
দরিয়ায় পড়িলাম আমি মানিক পাইবার আশে
পাইয়া হারিলাম মানিক আপন করম দোষে।
ধরিমু ধরিমু করি বেরথা জনম গেলা।
অজুদে মজুদ আছে লীলার কারখানা
সৈয়দ শাহনূরে কইন দেখলে তনু ফানা ॥
শব্দার্থ : ১. তনের মাঝে = দেহের মাঝে। ২. কৈন = বলেন। ৩. বন্দি কৈল = বন্দি করল। ৪. কৈলে = করলে। ৫. লাহুল দরিয়ায় = অনন্ত সাগরে। ৬. আঙ্খির নিকট : চোখের সামনে। ৭. থৈয়া = রেখে। ৮. বৈছেন = বসেছেন। ৯, আইলু = এলাম; আসলাম। ১০. লাগাল পাই = নাগাল পাই; দেখা পাই। ১১. নয়ান = নয়ন; চক্ষু। ১২. বন্ধের কথা = বন্ধুর কথা। ১৩. তার দিকে ধাই = তার কাছে যাই। ১৪. তারার = তাদের। ১৫. করম দোষে = কর্মদোষে। ১৬. বেরথা = বৃথা; অনর্থক। ১৭. অজুদে মজুদ আছে = অস্তিত্বে বিরাজ করছে। ১৮. তনু ফানা = শরীর ধ্বংস।
৬৮
মন্দোদরী মাই গো
তোমার বিলাই কেনে বান্ধ না
তোমার বিলাইর যন্ত্রণা
আমি সইতে পারি না।
ও সে ছিকা ভাঙ্গি
খাইলো ননি গো
তোমার বিলাইরে দিমু জেলখানা
তোমার বিলাইর যন্ত্রণা
আমি সইতে পারি না।
শব্দার্থ : ১. ছিকা = শিকা
৬৯
বুঝিতে না পাইল নূরে বন্ধের অন্তলীলা।
আর তনের মাঝে পাঁচ ভাই শুইয়া নিদ্ৰা যায়।
নিকুঞ্জ মন্দিরে বন্ধু আরাম আয়াস পায় ॥
আর কি বুল বুলরে বন্ধু কি বুলি যাও ঘরে।
ধান্ধাবাজি দুনিয়াই বন্ধু কেউ না চিনে তারে ॥
না চিনিলাম পরান বন্ধু দিন তো যায় গইয়া।
মুই অভাগি ঝুরিয়া মরি পন্থ পানে চাইয়া ॥
সৈয়দ শার নূরে বুলৈনত আমার ধড় খালি।
বুঝাইলে বুঝে না কেনে বালক কুরবান আলী ॥
শব্দার্থ : ১. বন্ধের = বন্ধুর। ২. পাঁচ = পাঁচ। ৩. কুলৈন = বলেন। ৪. ধড় = মাথা। ৫. কেনে = কেনা।
৭০
বাড়ির মাঝে পুষ্করিণী
শান বান্ধাইল ঘাটখানি
হাতি ঘোড়ায় না খায় পানি
কলসি না হয় তল।
সেই পুকুরের পানি খাইলে
নাগর হয় পাগল।।
শব্দার্থ : ১. শান বান্ধাইল = পাথর দিয়ে বাঁধানো।
