সৃষ্টিরহস্য – সুধীন্দ্রনাথ দত্ত

সৃষ্টিরহস্য

আয়ুর সোপানমার্গ বহু কষ্টে অতিক্রম করি
উন্মুক্ত মৃত্যুর প্রান্তে ঊর্ধ্বমুখে দাঁড়ায়েছি এসে;
সিন্ধুর ভাস্বর আঁখি খোঁজে মোরে নিম্নে নিরুদ্দেশে;
আমার আরতিদীপ মহাশূন্যে সাজায় শর্বরী।।

সম্মুখে নিখিল নাস্তি; পৃষ্ঠদেশে মৌন নীরবতা;
প্রশান্তি দক্ষিণে, বামে; জনহীন অন্তর, বাহির।
তবু কার আবির্ভাবে কণ্টকিত আমার শরীর;
অবচেতনার তলে গুমরে কী জাতিস্মর কথা?

তবে কি বিরাট শূন্য শূন্য নয়, সাগরের প্রেত;
উদ্বেল বিক্ষোভ তার পরিণত বিদেহ ঈথারে?
তবে কি দুর্মর মর্ত্য ক্রন্দসীতে ক্রন্দন বিথারে;
শস্যের মিসরী শবে উপ্ত সম্ভাবনার সংকেত?

নির্লিপ্ত আলোর দ্বীপ নয় ওই দিব্য নীহারিকা,
কালের প্রপাতে মগ্ন বাসনার ভাসমান ফেনা?
অবচ্ছিন্ন তারারাশি, ওরা চিরদিনকার চেনা
পশুদের স্থূল সত্তা, লালসার মূর্ত বিভীষিকা?

নাই নাই মৌন নাই, সর্বব্যাপী বাঙ্ময় জগৎ;
নির্বাণ বুদ্ধির স্বপ্ন, মৃত্যুঞ্জয় জ্বলন্ত হৃদয়;
হয়তো মানুষ মরে, কিন্তু তার বৃত্তি বেঁচে রয়;
জন্ম হতে জন্মান্তরে সংক্রমিত প্রত্ন মনোরথ।।

কপোল কল্পনা ত্যাগ; নিরাসক্তি অসাধ্যসাধন;
অনন্তপ্রস্থান মিথ্যা; সত্য শুধু আত্মপরিক্রমা;
বিদ্রোহে স্বাতন্ত্র্য নাই; মুক্তি মানে নিরুপায় ক্ষমা;
সৃষ্টির রহস্য মাত্র আলিঙ্গন, পুনরালিঙ্গন।

১৫ নভেম্বর ১৯৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *