জাদুঘর – সুধীন্দ্রনাথ দত্ত

জাদুঘর

এক উপবাসী কবি নাটকীয় উনিশ শতকে
অপণ্য গ্রন্থের মৌনে বলেছিল, সাক্ষী অন্তর্যামী—
“রাজন্যের কেলিকুঞ্জে শিল্পজাত উৎস নই আমি;
হেরিবে না মুখচ্ছবি রঙ্গিণীরা এ-চিত্তফলকে।।”
“আমি অব্যাহত নদ; পিপাসার্ত পশুদের ক্ষুরে
যদিও আবিল, তবু চরিতার্থ আমার প্রবাহ,
ঘুচায় কর্মের ক্লেদ পল্লীস্ত্রীর সান্ধ্য অবগাহ;
চাষীরা গৃহাভিমুখী; খেয়ামাঝি তটস্থ সবুরে॥”

সে-দিন হাসায়েছিল দুর্গতের রিক্ত দৈন্যবাদ।
অন্ধকার অবরোধে বিষায়িত আজি প্রাণবায়ু,
আকাশকুসুম প’চে বাড়ে শুধু অশ্রুকূপে গাদ;
আমার উৎকর্ষ হায়, মূলাভাবে হয়নি চিরায়ু।।

মিসরী সমাধিসম মরুগ্রস্ত এই জাদুঘরে
রোমন্থক মহাকাল আপনারে পরিপাক করে।।

২৭ জুলাই, ১৯৩২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *