এই তো ভরা হল ফুলে ফুলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা।
ভরা হল– কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি–
নবমালতীগন্ধ-ঢালা।।
বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে।
নববধূ, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে–
উপবনের সৌরভভাষা,
রসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা–
করবী রূপসীর অলকানন্দা–
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।।
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
Leave a Reply