সে যে মনের মানুষ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?
ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে ॥
যখন নিভবে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি–
আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে ॥
তার আসা-যাওয়ার গোপন পথে
সে আসবে যাবে আপন মতে।
তারে বাঁধবে ব’লে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন–
সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে ॥
রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply