তোমার গোপন কথাটি সখী রেখো না মনে (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার গোপন কথাটি, সখী, রেখো না মনে।
শুধু আমায়, বোলো আমায় গোপনে॥
ওগো ধীরমধুরহাসিনী, বোলো ধীরমধুর ভাষে–
আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণের শ্রবণে॥
যবে গভীর যামিনী, যবে নীরব মেদিনী,
যবে সুপ্তিমগন বিহগনীড় কুসুমকাননে,
বোলো অশ্রুজড়িত কণ্ঠে, বোলো কম্পিত স্মিত হাসে–
বোলো মধুরবেদনবিধুর হৃদয়ে শরমনমিত নয়নে॥
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply